বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

নিরপেক্ষ সরকারের দাবির আড়ালে বিএনপির ক্ষমতা দখলের পাঁয়তারা: ইনু

কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলায় ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
১৯ মে, ২০২৩ ১৭:৪৫
প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত
প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত : ১৯ মে, ২০২৩ ১৭:৪২

নিরপেক্ষ সরকার দাবির আড়ালে বিএনপি গণতন্ত্র ও রাজনীতিকে কুয়াশার মধ্যে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার যে গণতন্ত্র মেরামত করছে সেই গণতন্ত্রকে রক্ষা করতে জামায়াত, জঙ্গি, রাজাকারদের সঙ্গে জোটবদ্ধ অবৈধ সরকার গঠনের পাঁয়তারা রুখে দিতে হবে।’

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে শুক্রবার সকালে ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় জাসদ সভাপতি এসব কথা বলেন। এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ স্থানীয় জাসদ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘নিরপেক্ষ সরকারের দাবির আড়ালে শেখ হাসিনার বর্তমান সরকারকে উৎখাত করে দেশ বিরোধীদের নিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা চলছে।’

বিএনপির দাবি মেনে নেয়া সম্ভব নয় উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি এই মুহূর্তে অসাংবিধানিক, অগণতান্ত্রিক দাবি করছে যা নিয়ে আলোচনা সম্ভব নয়, মেনে নেয়াও সম্ভব নয়। সংবিধানবহির্ভূত এসব দাবি করে বিএনপি গণতন্ত্র ও রাজনীতিকে কুয়াশার মধ্যে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে।’

জাসদ সভাপতি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক করছেন তারা মূলত ভিন্ন সরকারের অধীনে নির্বাচন চান, সরকার অদল-বদল চান। কিন্তু নির্বাচনকালীন যে সরকারই আসুক না কেন তারা তো রুটিন কাজের বাইরে কমিশনের ওপর কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না। সংবিধানে এর কোনো সুযোগই নেই। তবে বর্তমান সরকার থাকলে সমস্যা কোথায়? সুতরাং নিরপেক্ষ নির্বাচনের যে বিতর্ক উত্থাপন করা হচ্ছে এর পেছনে কার্যত শেখ হাসিনার সরকার উৎখাত করার চক্রান্ত হচ্ছে। আর রাজাকারদের সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা হচ্ছে। যে কোনো মূল্যে এই পাঁয়তারা রুখে দিতে হবে।’


ভৈরবে চলন্ত ট্রেনের নিচে পড়েও অলৌকিক রক্ষা: সন্তানকে বাঁচাতে ঝাঁপ দিলেন বাবা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এক রোমহর্ষক ও অলৌকিক ঘটনার সাক্ষী হলেন শত শত যাত্রী। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া সন্তানকে বাঁচাতে নিচে ঝাঁপিয়ে পড়েন বাবা। ট্রেনের আটটি বগি তাদের ওপর দিয়ে চলে গেলেও অলৌকিকভাবে অক্ষত রয়েছেন বাবা ও শিশু সন্তান।

​মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ভৈরব রেলওয়ে জংশনের ১নং প্ল্যাটফর্মে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামের ওরিয়াদর বাজারে বলে জানা গেছে।

​প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা অভিমুখী ‘তিতাস কমিউটার’ ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে দিচ্ছিল। এ সময় এক দম্পতি তাদের এক বছরের শিশু সন্তান নিয়ে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। ​নামার মুহূর্তে বাবার হাত ফসকে শিশুটি ট্রেনের নিচে পড়ে যায়। চোখের সামনে সন্তান ট্রেনের নিচে পড়ে গেলে মুহূর্তের সিদ্ধান্তে বাবাও ট্রেন থেকে নিচে লাফ দেন। সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে তিনি প্ল্যাটফর্মের পাশঘেঁষে নিথর হয়ে শুয়ে পড়েন। একের পর এক ট্রেনের আটটি বগি তাদের ওপর দিয়ে চলে যায়। প্লাটফর্মে থাকা যাত্রীরা তখন ভয়ে ও আতঙ্কে চিৎকার শুরু করেন।

​ট্রেনটি পুরোপুরি চলে যাওয়ার পর উপস্থিত জনতা দেখতে পান, বাবা ও ছেলে দুজনই অক্ষত অবস্থায় পড়ে আছেন। শরীরে সামান্য আঁচড় লাগলেও বড় কোনো আঘাত ছাড়াই তারা বেঁচে ফেরেন। এই দৃশ্য দেখে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা একে সৃষ্টিকর্তার অলৌকিক দান বলে অভিহিত করেছেন।

​উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা ভেবেছিলাম বাবা-ছেলে কেউই আর বেঁচে নেই। কিন্তু ট্রেন যাওয়ার পর যখন দেখলাম তারা নড়াচড়া করছেন, বিশ্বাসই করতে পারছিলাম না। এটি সত্যি মিরাকল!’

​এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ​

তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘চলন্ত ট্রেনে ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয়। সামান্য অসচেতনতা বড় ধরনের প্রাণহানি ঘটাতে পারত।’ যাত্রীদের প্রতি অনুরোধ, নিরাপদ ভ্রমণের জন্য সর্বদা সতর্ক থাকুন এবং রেললাইন পারাপারে ওভারব্রিজ ব্যবহার করার জন্য বলেন তিনি।


আমতলীতে বাসের চাপায় অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্য নিহত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আমতলী (বরগুনা) প্রতিনিধি

ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক আমতলীর কল্যাণপুর নামক স্থানে একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নুরুল আমিন (৪৭) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে।

নিহত বিমান বাহিনীর সদস্য মোটরসাইকেল আরোহী নুরুল আমিন বরগুনা সদর উপজেলার জেলখানা এলাকার আবুল কালাম মেলকারের ছেলে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, নিহত নুরুল আমিন নিজ মোটরসাইকেলযোগে বরগুনা থেকে কলাপাড়া যাচ্ছিলেন পথিমধ্যে সন্ধ্যায় ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক আমতলীর কল্যাণপুর নামক স্থানে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত পরিচয় বাস তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। তখন বাহিরে বৃষ্টি হচ্ছিল। পরে স্থানীয়রা সড়কে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, ‘অজ্ঞাত একটি বাসের চাপায় নিহত নুরুল আমিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’


বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চলছে চিকিৎসা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চট্রগ্রাম জেলা প্রতিনিধি

জ্বালানি সংকট ও তীব্র লোডশেডিংয়ের মধ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চরম দুর্ভোগে পড়েছে রোগীরা। বিদ্যুৎ না থাকায় মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোয় চিকিৎসাসেবা দিতে বাধ্য হচ্ছেন কর্তব্যরত চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এর আগেও গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় তীব্র লোডশেডিং চলছিল। ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে কোনো জেনারেটর নেই। আইপিএস থাকলেও তা প্রায়ই বিকল হয়ে পড়ে এবং বর্তমানে সেটিও অচল। ফলে বিদ্যুৎ চলে গেলেই পুরো হাসপাতাল অন্ধকার হয়ে যায়।

মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ না থাকায় হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড অন্ধকারে ঢেকে যায়। এ সময় চিকিৎসকেরা নিজেদের মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে রোগীদের সেবা দেন। জরুরি বিভাগে আগত রোগীদের ক্ষত পরীক্ষা, ড্রেসিং এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রমও সম্পন্ন করা হয় মোবাইলের আলোয়। এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্রে নোট লেখার কাজেও একই আলো ব্যবহার করতে হয়।

হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা অভিযোগ করেন, বিদ্যুৎ সমস্যার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং বাড়ছে ভোগান্তি।

চিকিৎসাসেবা নিতে আসা বদিউল আলম নামের এক রোগী বলেন, এই হাসপাতালে বিদ্যুৎ এক বড় সমস্যা। জেনারেটর নেই, আইপিএসও নষ্ট থাকে। এখন আবার ভয়াবহ লোডশেডিং। বাধ্য হয়ে এখানে আসতে হয়। কিন্তু এসব বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায় না।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া ইসলাম নিপুণ জানান, বিদ্যুৎ না থাকায় সারাদিন অন্ধকারে কাজ করতে হয়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে হাসপাতালে রাউন্ড দিতে হচ্ছে। কষ্ট হলেও রোগীদের সেবা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রামের ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর থাকলেও জ্বালানির অভাবে সেগুলো চালু রাখা যাচ্ছে না।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, জ্বালানির চাহিদা বৃদ্ধির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।


লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৭৩ রোগী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালগুলোতে ৭৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালেই ৫৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকটে এসব রোগীকে হাসপাতালের মেঝে, বারান্দা ও সিঁড়ির পাশে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে হাম রোগীর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সদরসহ ৫টি সরকারি হাসপাতালে বুধবার পর্যন্ত প্রায় ৩ মাসে ৪১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া রোগীদের মধ্যে ৩৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর মধ্যে ১৯ জন রোগীর হাম শনাক্ত হয়। এছাড়া রামগঞ্জে হামে আক্রান্ত এক শিশু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ৭৩ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে সদরে হাসপাতালে ৫৮ জন, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, রায়পুরে ৭ জনও রামগতিতে ২ জন চিকিৎসাধীন আছে। গত ২৪ ঘণ্টায় একজন রোগীরও হাম শনাক্ত হয়নি।

অন্যদিকে সদর হাসপাতালটি ১০০ শয্যা হলেও প্রায় ৩০০-৩৫০ রোগী ভর্তি থাকে সবসময়। বর্তমানে অতি সংক্রামক হাম রোগের উপসর্গ নিয়ে ৫৮ জন রোগীই ভর্তি রয়েছে। শয্যা সংকটে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের মেঝে, বারান্দা ও সিঁড়ির পাশে পাতানো বিছানায়।

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। কোনো শিশুর ৫-৭ দিন ধরে জ্বর, শরীরে চুলকানি, ঘন ঘন কাশি ও বমিভাব দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। হাম রোগে সাধারণত ৪ মাস থেকে ১১ মাস বয়সী শিশুরা বেশি আক্রান্ত হলেও বড় শিশুরাও ঝুঁকির বাইরে নয়।

শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোরশেদ আলম হিরু বলেন, এ মুহূর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে রোগীগুলো ভর্তি হয়েছে, তারা মোটামুটি আতঙ্ক মুক্ত। তাদের চিকিৎসা চলছে।

১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, সময়মতো চিকিৎসা ও সঠিক যত্ন নিলে এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। টিকাদান কেন্দ্রে টিকার কার্যক্রম চলছে। শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শহীন বলেন, হাম রোগীদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সদরসহ আমাদের ৪টি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় একজনেরও হাম শনাক্ত হয়নি।


অতিবৃষ্টিতে ডুবছে জমি, কাঁদছে কৃষক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাকিবুল হাসান রোকেল, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় শত শত একর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। কোথাও ভাসমান ধান কেটে নিচ্ছেন কৃষকরা, আবার অনেক জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যে ধান কয়েক দিনের মধ্যেই ঘরে তোলার কথা ছিল, তা এখন পানির নিচে ডুবে রয়েছে।
নদী ভরাট ও উজানের ঢলের কারণে সৃষ্ট এ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। হাঁটু থেকে কোমর পানিতে নেমে কষ্ট করে ধান কাটলেও অনেকেই আশা ছেড়ে দিয়েছেন। পানির কারণে বাড়তি শ্রমিক লাগায় উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েকগুণ। ফলে লাভ তো দূরের কথা, মূলধন নিয়েই শঙ্কায় রয়েছেন তারা।
অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আবদুল্লাপুর ইউনিয়নের কলিমপুর গ্রামের কৃষক ইকবাল হোসেন জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে কলিমপুর হাওরের বেশিরভাগ জমির ফসল তলিয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় হার্ভেস্টার ব্যবহার করা যাচ্ছে না, ফলে বাড়তি খরচে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে।
একই এলাকার কৃষক হযরত আলী বলেন, উজানের পানি নামলেই হাওরে পানি ঢুকে পড়ে। শিবপুর এলাকার খোয়াই নদী ভরাট হয়ে যাওয়ায় প্রতিবছরই জলাবদ্ধতা দেখা দেয়। এতে শ্রমিকের চাহিদা ও মজুরি দুটোই বেড়ে যায়।
কৃষক কামরুল ইসলাম বলেন, ফসল ভালো হয়েছিল, কিন্তু সব পানিতে তলিয়ে গেছে। এখন ঋণ কীভাবে শোধ করবো, সেই চিন্তায় আছি। সার ও কীটনাশকের উচ্চমূল্যের সঙ্গে এখন বাড়তি কাটার ও পরিবহন খরচ যোগ হওয়ায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। বাজারে ভেজা ধানের চাহিদাও কম।
স্থানীয় বাসিন্দা বেলাল ভূইয়ার অভিযোগ, খোয়াই নদী ভরাট হয়ে যাওয়ার কারণেই এ ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। আগেই প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
কৃষক রতন মিয়া বলেন, ঋণ নিয়ে ১০ একর জমিতে চাষ করেছি, কিন্তু ফসল কাটতেই পারলাম না। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।
আরেক কৃষক এংরাজ মিয়া বলেন, পুরো ফসল পানির নিচে। পচে যাওয়া ধানও কেটে নিতে হচ্ছে, না হলে একেবারেই কিছু থাকত না।
ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের ছিলনী গ্রামের কৃষক হারুন অর রশিদ জানান, তাদের পাশ্ববর্তী এলাকার কাকটেংগুর হাওরেও নদীর পানি ঢুকে পড়েছে। অনেক জমির ধান এখনো কাটা হয়নি, ফলে এসব ফসল নিয়ে কৃষকদের আশা প্রায় শেষ।
কাকটেংগুর গ্রামের কৃষক ফেরদৌস মিয়া বলেন, সারাবছরের খোরাকের জন্য এক একর জমিতে চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ পানি বাড়ায় সব তলিয়ে গেছে। এখন ঋণের বোঝা আর সংসারের চিন্তায় দিশেহারা তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাদিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে, যার মধ্যে হাওরাঞ্চলে ১ লাখ ৪ হাজার ৫৮১ হেক্টর। এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ধান কাটা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান কর্তনে ধীরগতি নেমে এসেছে।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, এখনো হাওরের পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে। আগাম বন্যার ঝুঁকি এড়াতে ৮০ শতাংশ পাকলেই ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক 

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ছয় শিশুর। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৭৬টি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম শনাক্ত হয়ে তিন শিশুই ঢাকায় মারা গেছে।

আর হাম উপসর্গে বরিশালে দুটি, ঢাকায় দুটি, রাজশাহীতে একটি ও সিলেটে একটি শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৭ শিশু।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৪ হাজার ৬৬২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ৯৯১ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।


চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বৌদ্ধ সন্যাসী রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি এক্স নোয়াহ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্যোগে আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি নাইক্ষ্যংছড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, সকাল সাড়ে ৯টার সময় মাইক্রোবাসটি অতিরিক্ত গতির কারণে একটি গাড়ি খাদে গিয়ে পড়ে। এতে তিনজন নিহত হয়েছে ও চারজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ থানায় নিয়ে আসা হয়েছে।


পাবনায় ৩ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পাবনা প্রতিনিধি 

পাবনায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) পাবনা সদর থানা এলাকায় এক সফল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস দল দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, তিন বছরের ওই নাবালিকা শিশুকে শারীরিক নির্যাতনের অভিযোগে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু করে (মামলা নং-৫৪, তারিখ: ২৮/০৪/২০২৬)। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণের কাজ চলমান রয়েছে।

পাবনার পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, নারীদের নিরাপত্তা ও শিশুদের সুরক্ষা নিশ্চিতে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অপরাধী যেই হোক, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাবনা জেলা পুলিশ অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর।

ভিকটিম শিশুর পরিবার এই দ্রুত পদক্ষেপের জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


সড়ক দুর্ঘটনায় পরীক্ষা দিতে পারেনি তিন পরীক্ষার্থী, আহত ৫ 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরিক্ষার্থী বহনকারী সিএনজির সঙ্গে ডাম্প ট্রাকের সংঘর্ষে পাঁচজন এসএসসি পরিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌঁনে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জাহিদ হাসান(১৬), আবির(১৬), সজীব(১৬), আহাদ(১৬) ও পাপ্পু(১৬)। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজে চলমান এসএসসি পরিক্ষার্থী।

হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আমার স্কুলের দুজন শিক্ষককে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন পরিক্ষায় বসেছে।

ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএসসি পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বলেন, দুপুর ১২ টার একটু আগে দুজন আহত পরিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করছেন।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনার খবর পেয়েছি। তিনজন চিকিৎসাধীন রয়েছে এবং দুজন পরীক্ষাতে বসেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত হয়ে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের সার্বিক চিকিৎসার বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।


ত্রিশালে বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিকের মজুরি মেটাতে বিপাকে কৃষক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে বোরো ধানের সোনালি শীষে মাঠ ভরে উঠলেও কৃষকের মুখে হাসি নেই। প্রতিকূল আবহাওয়া আর শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। বাজারে ধানের দামের তুলনায় শ্রমিকের মজুরি আকাশচুম্বী হওয়ায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা।

সরেজমিনে ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বর্তমানে এক জন ধান কাটা শ্রমিকের দৈনিক মজুরি গুনতে হচ্ছে ১১০০ টাকা। অথচ স্থানীয় বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে। অর্থাৎ, এক জন শ্রমিকের মজুরি মেটাতে কৃষককে প্রায় দেড় মণ ধান বিক্রি করতে হচ্ছে।

পৌর এলাকার কৃষক জুলহাস উদ্দিন জানান, সার, বীজ, সেচ এবং কীটনাশকের দাম বৃদ্ধির কারণে এবার ধান চাষে খরচ গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। বিঘা প্রতি ধান কাটতে যে পরিমাণ খরচ হচ্ছে, তাতে ধান বিক্রি করে শ্রমিকের মজুরি দেওয়াই দায় হয়ে পড়েছে।

কৃষক আলালউদ্দিন আক্ষেপ করে বলছেন, ‘ঘাম ঝরিয়ে ধান ফলালাম, কিন্তু এখন শ্রমিকের মজুরি দিতে গিয়ে পকেট খালি হয়ে যাচ্ছে। এক মণ ধান বেচে এক জন কামলার দামও হচ্ছে না।’ স্থানীয় শ্রমিকের অভাব থাকায় বাইরের জেলা থেকে আসা শ্রমিকদের ওপর নির্ভর করতে হয়। কিন্তু এবার শ্রমিকের টান পড়ায় মজুরি ১ হাজার টাকার নিচে নামছে না। অনেক জায়গায় পাকা ধান মাঠে পড়ে থাকলেও শ্রমিকের অভাবে কাটতে দেরি হচ্ছে, যা শিলাবৃষ্টিতে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।


খুলনায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন সফল করতে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কেসিসির স্বাস্থ্য বিভাগ অয়োজিত সভায় ইমাম পরিষদ-খুলনার নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন মন্দিরের পুরোহিত ও গির্জার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, দেশব্যাপী হাম-রুবেলায়, বিশেষ করে হামে অনেক শিশু মৃত্যুবরণ করেছে যা অত্যন্ত উদ্বেগের বিষয়। সরকারও এ বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশের সকল শিশুকে একযোগে টিকার আওতায় আনার জন্য কার্যক্রম শুরু করছে। সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের ব্যাপক ভূমিকা রয়েছে। সে কারণে মসজিদ-মাদরাসায়, মন্দির ও গির্জায় হামের ক্ষতিকর দিক তুলে ধরে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য তিনি ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, আগামী ২০ মে পর্যন্ত খুলনা মহানগরীতে হাম-রুবেলা ক্যাম্পেইন চলমান থাকবে। খুলনায় হামের সংক্রমণ হার দেশের অন্যান্য জেলাগুলির চেয়ে কম হলেও মহানগরীতে হাম-রুবেলা টিকাদানের অগ্রগতি সন্তোষজনক। বাকি দিনগুলিতে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে সভায় জানানো হয়। হামের সংক্রমণ যেন বৃদ্ধি না পায় এবং আমাদের শিশু সন্তানদের সুস্থ রাখতে ধর্মীয় নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: আশরাফ আলী, ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, বাংলাদেশ প্যাপ্টিস্ট চার্চ সংঘ-খালিশপুরের সাধারণ সম্পাদক পল প্রশান্ত বিশ^াস, খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি সুজনা জলি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএম নাজমুর রহমান সজিব সহ মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গীর্জার প্রতিনিধি সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।

এর আগে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৩১নং ওয়ার্ড অফিসে মনোনীত গর্ভকালীন ভাতাভোগীদের মাঝে ফরম বিতরণ করেন। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় সমাজসেবা কার্যালয় এ গর্ভকালীন ভাতা প্রদান করবে। কেসিসির ৩১নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি চুমকি স্যান্নালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।


ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ট্রাক চাপায় আরোবি আক্তার (১৫) নামের এক নবম শ্রেণির স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার (২৭ এপ্রিল) সকাল বেলা ১১টার সময় সদর ইউনিয়নের সরদারহাট চৌপতি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত ছাত্রী একই ইউনিয়নের কুটির ডাঙ্গা (বগুড়া পাড়া) গ্রামের আমিনুর রহমানের মেয়ে ও ডিমলা আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় ছাত্রীটি প্রাইভেট পড়া শেষে বাই-সাইকেল করে বাড়ি ফেরার সময় নাউতারা থেকে ডিমলা সদরগামী ঢাকা মেট্রো ট-১২-৬৮২৯ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক ছাত্রীটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা ছাত্রীটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিমলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সামসুল ইসলাম বলেন, ‘প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় নিহত হন ছাত্রীটি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘ঘটনার সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আমরা মামলা নিতে প্রস্তুত।’

এদিকে গোপন সূত্রে জানা জানা গেছে, ঘাতক ট্রাকটির মালিক ঘটনা স্থলের পাশের বাড়ির একজন বিজিবি সদস্যের। আর ঘাতক ট্রাকটির চালকের বাড়ি পার্শ্ববর্তী ডোমার উপজেলায়।


চেতনানাশক ওষুধ প্রয়োগের পর ছয় বছরের শিশুর মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি বেসরকারি ক্লিনিকে হাতের অস্ত্রোপচারের আগে চেতনানাশক ওষুধ প্রয়োগের পর তাসনিয়া (৬) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। স্বজনদের দাবি, চিকিৎসকের ভুলের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

নিহত তাসনিয়া কুমারখালী উপজেলার শানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের ছোট মেয়ে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগে পড়ে গিয়ে তাসনিয়ার ডান হাত ভেঙে যায়। চিকিৎসার জন্য গত সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া এলকায় অবস্থিত একতা ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে তাকে অস্ত্রোপাচার কক্ষে (ওটি) নেওয়া হয়। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের আগে অতিমাত্রায় অ্যানেস্থেশিয়া বা চেতনানাশক ওষুধ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাসনিয়ার মৃত্যু হয়।

অস্ত্রোপচার করার কথা ছিল কুষ্টিয়া মেডিকেল কলেজের হাড়জোড় বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আব্দুল হাদীর। আর অ্যানেস্থেশিয়া প্রদান করেন ডা. তাহেরুল আল আমিন (রেজি নং: এ৯১৯৪৩)। এ কাজের জন্য ক্লিনিক কর্তৃপক্ষ ২০ হাজার টাকা চুক্তি করেছিল বলে পরিবার জানায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ডা. তাহেরুল আল আমিন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার (রিঅ্যাকশন) কথা স্বীকার করেছেন। তিনি জানান, অ্যানেস্থেশিয়া দেওয়ার পর রিঅ্যাকশন হওয়ায় শিশুটির অবস্থার অবনতি হয় এবং একপর্যায়ে সে মারা যায়।

রাতেই পুলিশ শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং পরদিন মঙ্গলবার দুপুর ৩টার দিকে শিশু তাসনিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঘটনার পর থেকে ক্লিনিক মালিক সাইদুল ইসলামকে পাওয়া যায়নি। এদিকে শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে ভিড় করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে গত সোমবার মধ্যরাত পর্যন্ত সেখানে সেনাবাহিনী ও র‌্যাব-১২-এর একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

নিহত তাসনিয়ার বাবা তরিকুল ইসলাম আহজারি করে বলেন, ‘সামান্য হাত ভাঙার অপারেশন করাতে এসে আমার বুক খালি হলো। ডাক্তারদের ভুলের কারণেই আমার মেয়েটা মারা গেছে। আমি এর বিচার চাই।’

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


banner close