বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

নাটকীয়তার অবসান ঘটালেন আরিফুল

শনিবার বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে এক নাগরিক সভায় বক্তব্য রাখেন আরিফুল হক চৌধুরী। ছবি: দৈনিক বাংলা
সিলেট ব্যুরো
প্রকাশিত
সিলেট ব্যুরো
প্রকাশিত : ২০ মে, ২০২৩ ১৮:০৭

সময় গড়ালেও সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নেবেন কি না, তা পরিষ্কার করছিলেন না বর্তমান মেয়র আরিফুল হত চৌধুরী। কখনো বলছিলেন বিএনপি নির্বাচনে যাবে না, কখনো আবার বলছিলেন এলাকাবাসীর কথা ভেবে নির্বাচনে যাবেন তিনি। সব মিলিয়ে বেশ ধোঁয়াশা তৈরি করে রেখেছিলেন। অতঃপর নির্বাচনের ঠিক এক মাস আগে শনিবার রেজিস্ট্রারি মাঠে এক সমাবেশে ঝেড়ে কাশলেন আরিফুল হক চৌধুরী।

সিসিক নির্বাচনে প্রার্থী না হওয়ার ঘোষণা দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সদস্য। বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে এক নাগরিক সভায় তিনি জানালেন, ‘প্রহসনের এ নির্বাচনে’ অংশ নেবেন না তিনি।

২০ মে সমাবেশ করে তিনি নিজের অবস্থান স্পষ্ট করার কথা অবশ্য আগেই জানিয়ে রেখেছিলেন আরিফুল। তাই শনিবারের এই সমাবেশ ঘিরে আগ্রহ ছিল সবার। দুপুরের পর থেকেই সমাবেশস্থল রেজিস্ট্রারি মাঠে জড়ো হতে শুরু করেন নানা শ্রেণির মানুষ। মিছিল নিয়েও আসেন অনেকে। বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাও এই সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে মেয়র বলেন, এই মুহূর্তে সিলেট তথা সারা দেশেই নির্বাচনী কোনো পরিবেশ নেই। আপত্তি সত্ত্বেও সিলেটে ইভিএমে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে। অথচ সিলেটের মানুষ ইভিএমের সঙ্গে একেবারে অপরিচিত। এখানে ইভিএম নিয়ে আসাই ভোট ডাকাতির ইঙ্গিত। বর্তমান নির্বাচন কমিশনও সুষ্ঠু ভোট চায় না। তারা ডিজিটাল ভোট ডাকাতি চায়।

আরিফুল হক বলেন, ‘নির্বাচনে কারচুপির নীলনকশার অংশ হিসেবে পুলিশ প্রশাসনে রদবদল শুরু হয়েছে। একটি প্রহসনের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আমার নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে। এ রকম অবস্থায় আমি নির্বাচনে যেতে পারি না। আমি বিএনপির সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত। আমি প্রহসনের নির্বাচনে প্রার্থী হব না।’

বর্তমান মেয়র আরিফুল হক এবারের নির্বাচনে প্রার্থী হবেন কি না এ নিয়ে তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা-কল্পনা। আরিফুলের বিভিন্ন কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে তার আগ্রহও প্রকাশ পায়। তবে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে কঠোর অবস্থানে ছিল। এ অবস্থায় দল আর নির্বাচন- এই দুটির মধ্যেই একটিকে বেছে নিতে হতো মেয়র আরিফুল হক চৌধুরীকে। অবশেষে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দলে থাকার ঘোষণাই দিলেন আরিফুল।

শনিবারের নাগরিক সভায় তিনি বলেন, ‘বিএনপি আমার অস্থিমজ্জায়। ছাত্রজীবনে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সঙ্গে যুক্ত হয়েছিলাম। আজীবন বিএনপিই হবে আমার শেষ ঠিকানা।’

মেয়র আরিফুল বলেন, ‘কয়েক দিন ধরে নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আমার বাসায় গিয়ে আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করছেন। তাদের ‘এতিম অবস্থায়’ ফেলে না যাওয়ার অনুরোধ করছেন। আমি তাদের সবার কাছে, এই নগরবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। তবে মেয়র না থাকলেও এই নগরবাসীর যেকোনো প্রয়োজনে, সব ভালো কাজে এবং অধিকার আদায়ের সংগ্রামে আমি সব সময়ই থাকব।’

নগরবাসীকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচন আসলে নির্বাচন নয়, এটি প্রহসন। তাই আমার দলীয় নেতা-কর্মীসহ সব নাগরিককে এই নির্বাচন বর্জনের আহ্বান জানাই। দয়া করে আপনারা কেউ ভোটকেন্দ্রে যাবেন না।’

আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে এ পর্যন্ত আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন।


নির্বাচিত

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাজু আহমেদ ফুয়াদ, জামালপুর

জামালপুরে দশ বছর পর আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড ও অপর সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলতাফুর রহমান আতা ও বিদ্রোহী প্রার্থী ইছাহাকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ওই ঘটনায় দায়ের করা মামলায় ইছাহাকের সমর্থক ও আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তফাকে গ্রেপ্তার করতে ওই বছরের ১০ এপ্রিল গজারিয়া গ্রামে যায় পুলিশ। মোস্তফার বাড়ি চিনতে না পেরে পুলিশ রাস্তার পাশে থাকা প্রতিবেশী মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়ার কাছে বাড়িটির অবস্থান জানতে চায়। তাদের দেখানো তথ্যের ভিত্তিতে পুলিশ মোস্তফাকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্ত হয়ে প্রতিশোধ নিতে মহর ও স্বপনকে হত্যার পরিকল্পনা করেন মোস্তফা। পরে ওই বছর ১৬ মে রাতে গান-বাজনার কথা বলে মহর আলী ও স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মোস্তফার সমর্থক সাখাওয়াত ও সোহেল।

সাদ্দামের কথিত প্রেমিকাকে তুলে আনার কথা বলে তাদের জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার ভানু ফকিরের পাট খেতে নেওয়া হয়। সেখানে মোস্তফার লোকজন মহর আলী ও তার ভাজিতা স্বপন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পরে জবাই করে হত্যা করে। ঘটনার তিন দিন পর পাট খেতে দুজনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মহর আলী গজারিয়া এলাকার আব্দুস সালাম দফদারের ছেলে ও মির্জা আজম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। ভাতিজা স্বপন মিয়া একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং সানাইবান্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা। এ ঘটনায় স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে সাতজন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- সাখাওয়াত, সোহেল, আল আমিন, সাদ্দাম, উজ্জল, অন্তর ও ফয়জুর। এ ছাড়া চাঁন মিয়া, মো. জিয়ার, শাহ আলম, কাওসার, রিফাত, সুমন ও মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেড়ে আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।


নির্বাচিত

পঞ্চগড়ে আধুনিক ধান উৎপাদনে গবেষণা জোরদারের নির্দেশ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মিজানুর রহমান, পঞ্চগড়

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড় পরিদর্শন করেছেন স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি স্টেশনের চলমান গবেষণা ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রকল্প পরিচালক স্টেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলএসটিডি প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণা, প্রাযুক্তিক পরীক্ষণ, প্রযুক্তি যাচাই এবং কৃষক পর্যায়ে প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের তত্ত্বাবধানে আয়োজিত ‘আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি’বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন ড. মো. আনোয়ার হোসেন। এতে তিনি সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়ের উপপরিচালক ড. মো. আব্দুল মতিন। এ ছাড়া ব্রি স্যাটেলাইট স্টেশনের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি, উন্নত জাতের ব্যবস্থাপনা, রোগবালাই নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ এবং কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রকল্প পরিচালক কৃষকদের মাঠপর্যায়ের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন। একই সঙ্গে গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে তিনি ব্রি স্যাটেলাইট স্টেশনের প্রযুক্তি গ্রাম ঘাটিয়াপাড়া পরিদর্শন করেন। সেখানে কৃষকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি আমন-২০২৬ মৌসুমের বিভিন্ন ধানের জাতের প্রাযুক্তিক পরীক্ষণ ও মূল্যায়ন, কৃষি যন্ত্রপাতির পরীক্ষণ এবং চলমান গবেষণা প্লট ঘুরে দেখেন।

সংশ্লিষ্টরা জানান, পঞ্চগড়ের কৃষি-জলবায়ু ও কৃষকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উপযোগী ধানের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন, যাচাই এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণে এলএসটিডি প্রকল্পের আওতায় গবেষণা চলছে। প্রকল্প পরিচালকের মাঠপর্যায়ের পরিদর্শন গবেষণাকে আরও কৃষকবান্ধব ও বাস্তবমুখী করবে বলে আশা করছেন তারা।


নির্বাচিত

মা হত্যায় মেয়ে গ্রেপ্তার, সাড়ে ৩ বছর পর রহস্য উদঘাটন

* প্রতিবেশীকে ফাঁসানোর অভিযোগ মেয়ের বিরুদ্ধে
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যা মামলায় ফাঁসিয়ে বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

ঘটনার সাড়ে তিন বছর পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অভিযুক্ত চাম্পা আক্তার (৪৮) সিন্দ্বীপ গ্রামের বাসিন্দা ফয়েজ উদ্দীনের স্ত্রী। তিনি ওই মামলার বাদী ছিলেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) কিশোরগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ এসব তথ্য জানান।

পিবিআই জানায়, ২০২৩ সালের ১৩ মার্চ রাতে করিমগঞ্জ উপজেলার সিন্দ্বীপ গ্রামের বাড়িতে ঘুমিয়ে ছিলেন ৬৫ বছর বয়সি হালিমা। পরদিন বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরের একটি পতিত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার মেয়ে চাম্পা বাদী হয়ে প্রতিবেশী বিল্লালসহ কয়েক জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্তে তথ্যপ্রযুক্তি, পারিপার্শ্বিক আলামত ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে চাম্পার ভূমিকা সন্দেহজনক বলে মনে হয় পিবিআইয়ের। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে দাবি সংস্থাটির।

পিবিআইয়ের ভাষ্য, প্রতিশোধ নেওয়া এবং প্রতিবেশীদের হত্যা মামলায় ফাঁসিয়ে বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৮ আগস্ট চাম্পা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে তদন্ত অব্যাহত রয়েছে জানিয়েছে পিবিআই।

সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক আশরাফুল আলম, খায়রুল বাশার, নবী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২০ আগস্ট, ২০২৬ ১৮:১৭
মাহবুব পিয়াল, ফরিদপুর

ফরিদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ছিনতাই, চুরি, যানজট ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড নিয়ন্ত্রণসহ জননিরাপত্তা জোরদারে নানা বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ফরিদপুরের নবাগত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

সভায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক পান্না বালা, জাহিদ রিপন, তমিজউদ্দিন তাজ, আশরাফুজ্জামান দুলাল, হাসানুজ্জামান, কামরুজ্জামান সোহেল সাজ্জাদ হোসেন রনি, আলিমুজ্জামান রনি, সঞ্জিব দাস, বিকে সিকদার সজল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, ডিআইওয়ান মোশাররফ হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগের নানা বিষয় তুলে ধরেন। বিশেষ করে মাদক, ছিনতাই, চুরি, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড, যানজট এবং রাতের বেলায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা মতামত ও পরামর্শ দেন।

সাংবাদিকরা বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি সাধারণ মানুষ যাতে পুলিশিসেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়েও পুলিশের আরও আন্তরিক ভূমিকা প্রয়োজন।’

পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


নির্বাচিত

বগুড়ায় নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রবীর মোহন্ত, বগুড়া

বগুড়ায় নিজ কন্যাকে ধর্ষণের দায়ে বাবা আব্দুল খালেক (৫১) নামের ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মারুফ হোসেন এই রায় দেন। একই সাথে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে খালেক তার ৯ বছর বয়সি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে মেয়েকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই ঘটনার পর শিশুটির আচরণে পরিবর্তন দেখা যায়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তার সৎ মা তাকে মারধর করতে থাকেন।

একপর্যায়ে শিশুটি সৎ মাকে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানায়। তবে তিনি বিষয়টি বিশ্বাস না করে শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। পরে নির্যাতন থেকে মুক্তি পেতে শিশুটি তার দুই সহপাঠীকে বিষয়টি জানায়। তাদের কাছ থেকে ঘটনা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন।

এরপর ভুক্তভোগীর মা (আসামির দ্বিতীয় স্ত্রী) ২০২০ সালের ৩১ অক্টোবর স্বামীর বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার (২০ আগস্ট) বাবার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আলী আসগর বলেন, মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে আদালত আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, আজকের এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।


নির্বাচিত

মাগুরায় দশ দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাগুরা প্রতিনিধি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় দশ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক বনায়ন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বনায়ন জোনের সহকারী বন সংরক্ষক মোছা. জুমুয়া জামান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, সিভিল সার্জন ডা. শামীম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

মেলায় মোট ৩০টি স্টলে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং ফলজ ও ঔষধি গাছের চাষে মানুষকে উৎসাহিত করতেই এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে।


নির্বাচিত

শিক্ষার্থীদের মেধা বিকাশে ক্রীড়া-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে : সড়ক প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়াতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর নবীয়াবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার বার্ষিক মেধা তালিকা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে। একইভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড তাদের সৃজনশীলতা ও মননশীলতা বিকশিত করে।

তিনি বলেন, শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। তাই তাদেরকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মধ্যে দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করতে শিক্ষক ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ দেওয়া হয়।

পুরস্কার বিতরণকালে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া যেমন আনন্দের, তেমনি অংশগ্রহণ করাটাও গুরুত্বপূর্ণ। যারা এবার পুরস্কার পেয়েছে, তাদের আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পায়নি, তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য আরও বেশি করে প্রস্তুতি নিতে হবে।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, অপরাধ ও বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য কাজ করে না; বরং শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। নবীয়াবাদ ইসলামিয়া দাখিল মাদরাসার এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে প্রধান অতিথি মেধা তালিকায় স্থান অর্জনকারী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।


নির্বাচিত

ঢাকায় পাল্টেছে ডেঙ্গুর ধরন, বাড়ছে মৃত্যুঝুঁকি

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক  

দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বিশেষ করে ঢাকাতে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চোখে পড়ার মতো। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশব্যাপী মৃত্যুর ৭৪ জনের মধ্যে ঢাকাতেই ৩৪ জন। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ১০ হাজার। এরই মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলেছে, বিগত চার বছর ধরে দেশে ডেঙ্গু ভাইরাসের ধরন (সেরোটাইপ) ছিল ডেন-২। কিন্তু ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় এবার ডেন-৩ পাওয়া গেছে।

এদিকে দেশে নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে দুইজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৭৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪৪ জন নারী ও ৩২ জন পুরুষ। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৭২ জনে।

ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ৭১ জনের নমুনা বিশ্লেষণ করে ৯১ দশমিক ৫ শতাংশে ডেন-৩ ও ৮ দশমিক ৫ শতাংশে ডেন-২ পাওয়া গেছে। এর ফলে এবার ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বেশি হতে পারে বলে জানিয়েছেন রোগতত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সম্প্রতি আইইডিসিআরের একদল গবেষক দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর নমুনা সংগ্রহ করে একেক স্থানে একেক ধরনের সেরোটাইপের দেখা পেয়েছেন।

গবেষণা দলের একাধিক সদস্য জানান, এবার ঢাকাতে ডেঙ্গুর ধরন পুরোপুরি পাল্টে গেছে। গত বছর যেখানে ডেন-২ ছিল ৪৮ শতাংশ এবং ডেন-৩ ছিল ৩৫ শতাংশ। বিশেষ করে গত দুই বছর ধরে ডেঙ্গুর সেরোটাইপের আচরণগত পরিবর্তন লক্ষ্য করা গেছে। কিন্তু এবার পুরোপুরি ডেন-৩-তে শিফট করেছে। এছাড়া দেশের বিভিন্ন জেলাতেও ডেন-২ থেকে ডেন-৩-তে রূপ নিচ্ছে। কিন্তু ঢাকার মতো এভাবে শিফট করছে না।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর সেরোটাইপে এমন পরিবর্তন বড় ধরনের প্রাদুর্ভাবের ঝুঁকি বাড়াতে পারে। কারণ, আগে ডেন-২-এ আক্রান্ত হয়ে যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছিল, তারা এখন ডেন-৩-এ নতুন করে আক্রান্ত হতে পারেন। দ্বিতীয়বার ডেঙ্গু হলে রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি বেড়ে যায়।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, দীর্ঘদিন দেশে ডেন-২-এর আধিপত্য থাকায় অনেক মানুষের শরীরে ওই সেরোটাইপের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছিল। কিন্তু এখন ডেন-৩ বেশি ছড়ালে সেই অ্যান্টিবডি সুরক্ষা দিতে পারবে না। ফলে এবার মৃত্যুঝুঁকির আশঙ্কা বেশি করা যাচ্ছে। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত গড়াতে পারে। তাই ডেঙ্গু মোকাবিলা করার জন্য জনসচেতনতার বিকল্প নেই। যদি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব হয়, তাহলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব।

এ বিষয়ে আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী বলেন, এবার ডেন-৩ সেরোটাইপের কারণে রোগীদের মধ্যে দ্রুত ডেঙ্গু শক সিনড্রোমের মতো জটিলতা দেখা দিতে পারে। এর ফলে ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি বেড়ে যেতে পারে। আমরা আশঙ্কা করেছি, আগামী মাস থেকে দেশব্যাপী ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। বৃষ্টির পরিমাণ কমলেই বাড়ির আশপাশে জমে থাকা পানিতে মশার লার্ভার পরিমাণ বেড়ে যায়। তাই ডেঙ্গু মোকাবিলা করার জন্য জনসচেতনতার বিকল্প নেই। যদি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব হয়, তাহলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। আর কারও জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে।

এদিকে ডেঙ্গু দেশের ৬৪ জেলায় আক্রান্ত হয়েছে। জেলা বিবেচনায় পিরোজপুরে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। এ জেলায় বেশি হওয়ার পেছনে আইইডিসিআরের এক গবেষক নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, আমরা যখন পিরোজপুরে নমুনা সংগ্রহে যাই, সেখানকার প্রত্যন্ত এলাকায় কাটা সুপারি গাছের গোড়ায় গর্ত হয়ে সেখানে জমে থাকা পানিতে প্রচুর লার্ভা পাই। এরকম বিভিন্ন স্থানে গিয়ে একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গেছি। সেখানকার মানুষদের কাছে ডেঙ্গু সম্পর্কে জানতে চাইলে তারা এ সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন খুব শিগগিরই আমাদের গবেষণাপত্রটি প্রকাশ হবে তখন বিস্তারিত জানানো হবে।

আইইডিসিআরের কর্মকর্তারা বলছেন, ডেন-৩-এর বিস্তারের কারণে দ্রুত ডেঙ্গু শক সিনড্রোমের মতো জটিলতা দেখা দিতে পারে। ডেঙ্গুর প্রাদুর্ভাব নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত গড়ানোর আশঙ্কাও রয়েছে।

আইইডিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গুর সেরোটাইপের আধিপত্য সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ডেন-১ ও ডেন-২ বেশি ছিল। ২০১৯ সালে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় আক্রান্তের প্রায় ৯০ শতাংশের শরীরে ডেন-৩ শনাক্ত হয়েছিল। এরপর ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঢাকায় আবার ডেন-২ সবচেয়ে বেশি প্রচলিত ছিল। ২০২৩ ও ২০২৪ সালে পরীক্ষিত নমুনার প্রায় ৭০ শতাংশে ডেন-২ পাওয়া যায়। ২০২৫ সালে তা কমে ৪৮ শতাংশে নামে।


নির্বাচিত

হামে  আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশ ভুগছে পুষ্টিহীনতায়

* আরও ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

হামে আক্রান্ত শিশুদের মধ্যে ১২ শতাংশ তীব্র অপুষ্টি ও ৫৩ শতাংশ শিশুর শরীরে মাঝারি ধরনের পুষ্টিহীনতা ছিল; অর্থাৎ ৬৫ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছিল বলে এক গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত ৩৮ শতাংশ শিশু জন্মের পর প্রথম ছয় মাস পরিপূর্ণ বুকের দুধ পায়নি। গবেষণায় অন্তর্ভুক্ত শিশুদের মধ্যে যারা মারা গেছে, তাদের মধ্যে ৮২ শতাংশ শিশুই পরিপূর্ণ বুকের দুধ পায়নি।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। গবেষণাটি যৌথভাবে পরিচালনা করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আইসিডিডিআর,বি। এতে হামে আক্রান্ত হয়ে ভর্তি ৩৫৪ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়।

এদিকে, দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ এবং সন্দেহজনক হাম রোগে ৮২৩ জন শিশু মারা গেছে।

নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। একই সঙ্গে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক লাখ ৪৫ হাজার ৭১১ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জন।

গবেষণায় উঠে এসেছে, ৪৩ শতাংশ শিশু ৩ মাস থেকে ৯ মাসের মধ্যে হামে আক্রান্ত হয়েছে। গবেষকরা বয়স ও টিকা নেওয়ার ভিত্তিতে ৩৪১ শিশুকে চারটি দলে ভাগ করেন। নিয়মিত টিকা পাওয়ার বয়স হয়নি এমন—৯ মাসের কম বয়সী ১৪৬ শিশুর মধ্যে ১৪২ জন, অর্থাৎ ৯৭ দশমিক ৩ শতাংশের হাম শনাক্ত হয়। টিকা নেওয়ার বয়স হলেও কোনো ডোজ না পাওয়া এমন ১২৬ শিশুর মধ্যে ১২২ জন, অর্থাৎ ৯৭ শতাংশের পরীক্ষায় হাম শনাক্ত হয়। ১ ডোজ টিকা পাওয়া ৪৮ শিশুর মধ্যে ৪৪ জন বা ৯২ শতাংশ এবং সুপারিশকৃত ২ ডোজ টিকা পাওয়া ২১ শিশুর মধ্যে ১৬ জন বা ৭৬ শতাংশের হাম শনাক্ত হয়।

গবেষকরা বলেন, এর অর্থ এই নয় যে, পূর্ণ ২ ডোজ টিকা পাওয়া সব শিশুর ৭৬ শতাংশই হাম আক্রান্ত হচ্ছে। অনুসন্ধানে অংশ নেওয়া সব শিশুই সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ৭৬ শতাংশের হিসাবটি কেবল শিশু হাসপাতালভিত্তিক অনুসন্ধানে অন্তর্ভুক্ত ২ ডোজ টিকা পাওয়া ২১ সন্দেহভাজন রোগীর ক্ষেত্রে প্রযোজ্য।

তাদের মতে, দুই ডোজ টিকা পাওয়া ১৬ শিশুর হাম নিশ্চিত হওয়ার বিষয়টি আরও অনুসন্ধান করা প্রয়োজন।

বিশ্লেষণে দেখা গেছে, সব ভাইরাসই বি৩ উপশাখার অন্তর্ভুক্ত (সাবক্লেড) এবং অন্যান্য দেশে শনাক্ত হওয়া বি৩ ভাইরাসের সঙ্গে এগুলোর মিল রয়েছে। গবেষকেরা ভাইরাসের এইচ প্রোটিনের অ্যান্টিবডি শনাক্ত করতে পারে এমন অংশ বা এপিটোপ অঞ্চলে ৪টি পরিবর্তন বা মিউটেশনও শনাক্ত করেছেন।


নির্বাচিত

মহাসড়কে নামছে ৬০ অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক  

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য দেশের মহাসড়কগুলোতে শিগগিরই ৬০টি অত্যাধুনিক বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) অ্যাম্বুলেন্স নামানো হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনের প্রধান কার্যালয়ে নিজ দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

সওজের প্রধান প্রকৌশলী বলেন, প্রাথমিক পর্যায়ে এই অ্যাম্বুলেন্সগুলো দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক করিডরে পাইলট কার্যক্রম শুরু করা হবে। দুর্ঘটনার খবর পাওয়ার পর কেন্দ্রীয় কল সেন্টারের মাধ্যমে সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হবে। পাশাপাশি মহাসড়কের পাশে নির্দিষ্ট দূরত্বে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বা ‘বাইস্ট্যান্ডার কেয়ার’ কর্মী রাখার পরিকল্পনাও করা হয়েছে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব। কিন্তু অনেক সময় দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স পেতে দেরি হয়, আবার দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত আহত ব্যক্তির জন্য প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকে না। এ কারণে মহাসড়কে একটি সমন্বিত জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ‘গোল্ডেন আওয়ার’ কাজে লাগানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে, আহত ব্যক্তিকে বেসিক লাইফ সাপোর্ট দেবে এবং দ্রুততম সময়ে নিকটস্থ উপযুক্ত হাসপাতালে নিয়ে যাওয়া হবে। পুরো পরিকল্পনার আওতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক করিডরে অত্যাধুনিক বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, একসঙ্গে পুরো ব্যবস্থাটি চালু না করে প্রথমে সীমিত পরিসরে পাইলটিং করা হবে। এজন্য ৬০টি অ্যাম্বুলেন্সকে প্রাথমিকভাবে নির্দিষ্ট করিডরে মোতায়েন করা হচ্ছে। পাইলট কার্যক্রমের আওতায় গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়ক করিডর নির্বাচন করা হয়েছে। এর মধ্যে চন্দ্রা-এলেঙ্গা হয়ে রংপুর পর্যন্ত হাইওয়ে করিডর, হাটিকুমরুল থেকে নাটোর হয়ে রাজশাহীর কাটাখালী পর্যন্ত করিডর এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রয়েছে।

সওজের প্রধান প্রকৌশলী বলেন, এসব করিডরে অ্যাম্বুলেন্সগুলো কৌশলগতভাবে অবস্থান করবে। নির্দিষ্ট অংশে প্রায় ১০ কিলোমিটার পরপর অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা রয়েছে। এতে কোনো দুর্ঘটনার খবর পাওয়ার পর দূরবর্তী কোনো স্থান থেকে অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করতে হবে না। নিকটস্থ অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে।

তিনি বলেন, চন্দ্রা-এলেঙ্গা হয়ে রংপুর পর্যন্ত হাইওয়ে করিডরে প্রতি ১০ কিলোমিটারে অ্যাম্বুলেন্স থাকবে। একইভাবে হাটিকুমরুল থেকে নাটোর হয়ে রাজশাহীর কাটাখালী পর্যন্ত করিডর এবং ঢাকা-ময়মনসিংহ সড়কের নির্ধারিত অংশেও অ্যাম্বুলেন্স থাকবে।

অ্যাম্বুলেন্স সেবাকে কার্যকর করতে একটি কেন্দ্রীয় কল সেন্টার স্থাপন করা হচ্ছে। এ কল সেন্টার ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন চালু থাকবে। সড়কে দুর্ঘটনা ঘটলে নির্ধারিত হটলাইন নম্বরে ফোন করার পর সেই কল সরাসরি কেন্দ্রীয় কল সেন্টারে চলে যাবে।

প্রধান প্রকৌশলী জানান, কল সেন্টারের দায়িত্বপ্রাপ্তরা দুর্ঘটনার সংবাদদাতার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। ফোনকারীর অবস্থান শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনাস্থলের অবস্থান ও আহতের সংখ্যা সম্পর্কে তথ্য নেওয়া হবে। এরপর কেন্দ্রীয় কল সেন্টার থেকে সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পাঠানো হবে।

তিনি বলেন, কল সেন্টার কলারের লোকেশন শনাক্ত করবে। তার কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে, সেই তথ্যের ভিত্তিতে সবচেয়ে কাছের অ্যাম্বুলেন্সকে সেখানে মোতায়েন করা হবে। এতে দুর্ঘটনার খবর পাওয়ার পর অ্যাম্বুলেন্স পাঠাতে সময় কমবে বলে মনে করেন তিনি।

মো. মনিরুজ্জামান বলেন, একই সঙ্গে কল সেন্টার থেকে দুর্ঘটনাস্থলের স্থানীয় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের কাছেও তথ্য পাঠানো হবে। অ্যাম্বুলেন্সে সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে স্বাস্থ্য প্রযুক্তিবিদ রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিটি অ্যাম্বুলেন্সে তিনজন করে স্বাস্থ্য প্রযুক্তিবিদ থাকবেন। তারা আট ঘণ্টা করে পালাক্রমে দায়িত্ব পালন করবেন। ফলে ২৪ ঘণ্টাই অ্যাম্বুলেন্সে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী পাওয়া যাবে। একইভাবে চালকদেরও শিফটভিত্তিক দায়িত্ব থাকবে। ফলে দিন বা রাত যেকোনো সময় দুর্ঘটনার খবর পেলে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশে রওনা হতে পারবে।

স্বাস্থ্য প্রযুক্তিবিদদের যোগ্যতার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সওজের প্রধান প্রকৌশলী।

তিনি বলেন, তারা সংশ্লিষ্ট পেশাগত প্রশিক্ষণ ও যোগ্যতা সম্পন্ন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধনসহ প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করবেন। এসব অ্যাম্বুলেন্সকে আইসিইউ অ্যাম্বুলেন্স হিসেবে বিবেচনা করা যাবে না। এগুলো মূলত বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। তবে দুর্ঘটনায় আহত রোগীকে হাসপাতালে নেওয়ার পথে জরুরি বেসিক লাইফ সাপোর্ট দেওয়ার জন্য অক্সিজেন বোতলসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম থাকবে।

প্রধান প্রকৌশলী জানান, জরুরি অ্যাম্বুলেন্স সেবাটি দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রোগীকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা জেনারেল হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতাল- যে প্রতিষ্ঠান সবচেয়ে উপযুক্ত হবে সেখানে নেওয়া হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় নেওয়ার প্রয়োজন হলে সেই ব্যবস্থাও করা হবে। পুরো সার্ভিসটি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগ পর্যন্ত সময়কে কাজে লাগাতে ‘বাইস্ট্যান্ডার কেয়ার’ ব্যবস্থা চালু করা হচ্ছে। এ ব্যবস্থার আওতায় মহাসড়কের পাশে বসবাসকারী স্থানীয় মানুষকে প্রশিক্ষণ দিয়ে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার উপযোগী করে তোলা হবে।

প্রধান প্রকৌশলী বলেন, মহাসড়কে দুর্ঘটনা ঘটলে আশপাশের মানুষই সাধারণত সবার আগে ঘটনাস্থলে ছুটে যান। তারা দোকানদার, পথচারী, স্থানীয় বাসিন্দা কিংবা অন্য যেকোনো ব্যক্তি হতে পারেন। কিন্তু প্রশিক্ষণ না থাকায় অনেক সময় তারা কীভাবে আহত ব্যক্তিকে সহায়তা করবেন, তা জানেন না। কখনো ভুলভাবে রোগীকে সরাতে গিয়ে ক্ষতিও হতে পারে। এ কারণে মহাসড়কের নির্দিষ্ট অংশে স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নির্ধারিত হাইওয়ে করিডরে প্রতি ২০০ থেকে ৩০০ মিটার পরপর দুজন করে স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এসব স্বেচ্ছাসেবক বিনা পারিশ্রমিকে কাজ করবেন। তাদের প্রত্যেককে ফার্স্ট এইড বক্স দেওয়া হবে এবং আলাদা পোশাক বা পরিচিতিমূলক ড্রেস থাকবে।

সওজের প্রধান প্রকৌশলী জানান, শুরুতেই বড় পরিসরে পুরো ব্যবস্থাটি চালু না করে পাইলট প্রকল্পের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা নেওয়া হবে। কারণ পরিকল্পনা করার সময় যে বিষয়টি কার্যকর মনে হয়, মাঠপর্যায়ে বাস্তবায়নের সময় সেখানে কিছু সমস্যা বা ঘাটতি দেখা দিতে পারে। পাইলটিংয়ের মূল উদ্দেশ্যই হলো এসব সমস্যা চিহ্নিত করা। বাস্তবে কোনো ব্যবস্থাপনা কাজ না করলে সেটি দ্রুত সংশোধন করা হবে।

মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনা ঘটার পর প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাম্বুলেন্স আসার আগেই যদি প্রশিক্ষিত স্থানীয় মানুষ আহত ব্যক্তিকে সঠিকভাবে প্রাথমিক সহায়তা দিতে পারেন এবং একই সময়ে কেন্দ্রীয় কল সেন্টারের মাধ্যমে নিকটস্থ অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পাঠানো যায়, তাহলে পুরো উদ্ধার প্রক্রিয়াটি দ্রুত করা সম্ভব হবে।

তিনি জানান, ৬০টি অ্যাম্বুলেন্সের পাইলটিং সফল হলে এর অভিজ্ঞতার ভিত্তিতে সেবাটি আরও বিস্তৃত করা হবে। পর্যায়ক্রমে মহাসড়কের গুরুত্বপূর্ণ করিডরগুলোকে এই ব্যবস্থার আওতায় এনে সারা দেশে অত্যাধুনিক বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিচালনার লক্ষ্য রয়েছে।


নির্বাচিত

কুমিল্লায় জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা আলোচিত একটি মামলার প্রায় ২০ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই আসামিকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক নারী আসামিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের বিচারক খাইরুন নেছা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—নওগাঁর মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু, ওরফে সামাদ, ওরফে রাজীব এবং গাজীপুরের শ্রীপুর থানার চকপাড়া এলাকার মোহাম্মদ দুরুল হুদা ওরফে হাসান। অপর দণ্ডপ্রাপ্ত আসামি দুরুল হুদার স্ত্রী খালেদা আক্তার রানী।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ ধারায় মামলা নম্বর-২১ দায়ের করা হয়। মামলার জিআর নম্বর-১০৬/০৬ এবং এসটি মামলা নম্বর-১৩৭/০৬

মামলার নথি অনুযায়ী, ২০০৬ সালের মার্চে কুমিল্লার বিষ্ণুপুর এলাকায় র‍্যাব-৭ অভিযান চালায়। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন বিস্ফোরক ও রাসায়নিক পদার্থ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধারের কথা মামলার এজাহার ও জব্দ তালিকায় উল্লেখ করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে ছিল সোডিয়াম সালফেট, লিড নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাসিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, সালফার পাউডার, পটাসিয়াম ক্লোরেট ও অ্যালুমিনিয়াম পাউডার। এছাড়া ইলেকট্রিক ডেটোনেটর, ব্যাটারি, বৈদ্যুতিক তার, সার্কিট ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দের কথাও মামলার নথিতে উল্লেখ রয়েছে।

মামলার নথিতে আরও বলা হয়, তৎকালীন র‍্যাবের হেফাজতে থাকা শায়খ আবদুর রহমানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছিল।

মামলার বিচারিক কার্যক্রমে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের জবানবন্দি, আসামিদের বক্তব্য, জব্দ তালিকা ও অন্যান্য নথি পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করেন।

রায়ে মো. মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ দুরুল হুদাকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুরুল হুদার স্ত্রী খালেদা আক্তার রানীকে দেওয়া হয় ৮ বছর সশ্রম কারাদণ্ড।

রায় নির্ধারণের ক্ষেত্রে খালেদা আক্তার রানীর তিন সন্তান থাকা, তার স্বামী কারাগারে থাকা এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকার বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে মামলার রায়সংক্রান্ত তথ্যে উল্লেখ রয়েছে।

রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে তিন আসামিকে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ প্রায় দুই দশকের বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৬ সালের বিষ্ণুপুরের অভিযান ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দায়ের করা আলোচিত মামলাটির নিষ্পত্তি হলো বুধবার।


নির্বাচিত

কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে প্রত্যাহার

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক 

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব থেকে সরিয়ে পুনরায় বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার (১৯ আগস্ট) এ বদলির আদেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে তার বর্তমান প্রেষণ পদ কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে বদলি করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগ অর্থাৎ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির এই আদেশ জনস্বার্থে এবং অবিলম্বে কার্যকর হবে।


নির্বাচিত

টাঙ্গাইলে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের অর্থদণ্ড

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল প্রভাবশালী একটি মহল। এতে নদীভাঙনের শিকার ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছিল নদীপাড়ের মানুষ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দী এলাকার বাগানবাড়ী নামক অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

এ সময় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ শ্রমিককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়।

তারা হলেন- উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের ছালাম (৪৫), পুনবার্সন গ্রামের চান মিয়া (৪০), কাওয়াখোলা গ্রামের রফিক (৪৮)। অভিযানে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম, উপপরিদর্শক (এসআই) লাল মিয়াসহ স্থানীয় নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন— যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করায় সিরাজকান্দি এলাকার বাগানবাড়ী নামক অবৈধ বালু ঘাটে অভিযান চালিয়ে ৩ জনকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নির্বাচিত

banner close