আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজশাহীতে যে কোনো ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ফলে কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি মঙ্গলবার পালন করতে পারেনি বিএনপি। বেলা ১১টায় তাদের কর্মসূচি পালনের কথা থাকলেও নগর বিএনপি কার্যালয় ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তাবলয়ের কারণে তাদের কর্মসূচি বাতিল হয়ে যায়।
আসন্ন রাজশাহী সিটি নির্বাচন (রাসিক) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সব ধরনের পদযাত্রা নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আরএমপি। ফলে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার দলটির কার্যালয়সহ রাজশাহী নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্তি পুলিশ। বিশেষ করে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট ও এর আশপাশের এলাকাসহ বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয় পুলিশের বিপুল সংখ্যক সদস্য। বেলা ১১টার পর নগরীর কল্পনা হলের মোড় ও হোসনীগঞ্জ মোড়ে ব্যারিকেড দেয়া হয়। নগরের মালোপাড়া এলাকায় যানবাহন চলাচল সীমিত করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তার স্বার্থে রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।’
সোমবার রাতে আরএমপির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ‘আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন-২০২৩-এর শিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা জরুরি। এমন পরিস্থিতিতে অননুমোদিত যে কোনো ধরনের পদযাত্রায় মহানগরীতে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকে। তাই আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তা প্রতিবিধানে ২৩ মে রাজশাহী মহানগরী আইন, ১৯৯২-এর ধারা-৩০ মোতাবেক আরএমপির পুলিশ কমিশনার সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।’
আরএমপির মুখপাত্র রফিকুল আলম আরও বলেন, ‘সিটি নির্বাচন উপলক্ষে পূর্বানুমতি ছাড়া একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েত হতে পারবে না—এমন বিধিনিষেধের কারণে মহানগর পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার বিএনপির পদযাত্রা কর্মসূচি ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়। এতে বিএনপির ঘোষিত পদযাত্রা কর্মসূচি বাতিল হয়ে যায়।
তবে বিএনপির দাবি, সিটি নির্বাচন নয়, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ঘটনার কারণে বিএনপিকে কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা নগরীর ভুবনমোহন পার্ক থেকে জিরো পয়েন্ট হয়ে রেলগেট পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলাম। কিন্তু আবু সাঈদ চাঁদের ঘটনার কারণে পুলিশ আমাদের কর্মসূচি নিষিদ্ধ করেছে। আমরা এখন বসে পরবর্তী করণীয় ঠিক করব।’
গত শুক্রবার সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানো’র হুমকির অভিযোগে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও পুঠিয়া থানায় দুটি মামলা হয়েছে। মামলার পর থেকে পলাতক রয়েছেন তিনি। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানা গেছে।
সরকারের আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনার অংশ হিসেবে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলায় ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধিপূর্বক ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ হ্রাসের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নের জন্য গৃহীত ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ শীর্ষক প্রকল্পটি গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটি জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার মোট ২৫টি উপজেলায় অক্টোবর ২০২৬ হতে জুন ২০৩০ পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে।
খাল পুন:খনন, প্রয়োজনীয় সেচ অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধ বিলসমূহের পানি নিষ্কাশনপূর্বক জলাবদ্ধতা দূর করে আধুনিক সেচ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ২১,৫০৫ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা প্রদানের মাধ্যমে ১,৩৯,৭৮২ মে.টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রকল্পটি বাস্তবায়িত হবে মর্মে প্রকল্পের ফোকাল পয়েন্টে কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী, বিএডিসি, বগুড়া জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম জানান।
তিনি আরো বলেন, প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকায় ৩০০ কি.মি. সেচ ও নিষ্কাশন খাল পুন:খনন, বিদ্যুৎচালিত এলএলপি সোলার ও গভীর নলকূপ স্কিমের জন্য ৩৫০ সেট পাম্প ও মটর ক্রয়, বিভিন্ন ধরনের ১৫৫টি হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ, ফসলের মাঠ ও চর অঞ্চলের জন্য ৩৫ কি.মি. আরসিসি গোপাট নির্মাণ, ৫০ সেট সোলার সেচযন্ত্র ক্রয় ও স্থাপনসহ সময়োপযোগী এবং কৃষকবান্ধব বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
ফোকাল পয়েন্ট কর্মকর্তা আরো জানান, বিএডিসি’র চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম জানিয়েছেন যে, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো প্রকল্পের আওতাধীন সকল কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দিয়ে কৃষকের দোরগোড়ায় কোনরূপ হয়রানি ছাড়া পৌঁছে দেয়া এবং এক্ষেত্রেই একটি প্রকল্পের মূল উদ্দেশ্য নিহিত থাকে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর এবং বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের আর্থসামাজিক উন্নয়নে শুরু হয়েছে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’। ব্যাংকিং সেবা সহজীকরণ, ডিজিটাল রূপান্তর, ঋণ কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের সঙ্গে ব্যাংকের যোগাযোগ বাড়ানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে।
সেবা মাসে ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে বিশেষ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধান ও প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূল শক্তি বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য। অতীতে সদস্যদের সঙ্গে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা দূর করে তাদের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তনে ব্যাংককে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ এ জন্য ব্যাংকের কার্যক্রম আরও বেশি সদস্যকেন্দ্রিক করার নির্দেশনা দেন তিনি।
ডিজিটাল রূপান্তরে ২০২৭ সালের মার্চ লক্ষ্য
ব্যাংকের আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, ‘কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ৬০ শতাংশের বেশি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে পূর্ণাঙ্গ সিবিএস চালুর লক্ষ্য রয়েছে।’
এ ব্যবস্থা চালু হলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের বেতন-ভাতা এবং আভি-কারুপণ্যের বাংলা কিউআর পেমেন্ট নিজস্ব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। এতে ব্যাংকের নিজস্ব সক্ষমতা বাড়ার পাশাপাশি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।
ব্যাংকের সুশাসন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘এইচআর পলিসি সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের পেনশন স্থগিত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে পদোন্নতি ও প্রণোদনা দেওয়া হবে মেধা ও দক্ষতার ভিত্তিতে।’
সঞ্জীবন প্রকল্পে এক লাখ সদস্যকে যুক্ত করার লক্ষ্য
সদস্যদের স্বাবলম্বী করতে ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় মাত্র ৮ শতাংশ সুদে দলগত ও উৎপাদনমুখী ঋণ দেওয়া হচ্ছে। এ প্রকল্পে এক লাখ সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগে ঋণসুবিধার বাইরে থাকা ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও পাইলটিংয়ের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ঋণের ঝুঁকি ব্যবস্থাপনায় ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে শেয়ার রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।
মহাপরিচালক জানান, ডাটাবেজ ও ইআরপি নিবন্ধনের মাধ্যমে সদস্যদের জন্য ব্যাংক ও ওয়েলফেয়ার ট্রাস্টের সেবা সমন্বিত করা হয়েছে। এর আওতায় দক্ষতা উন্নয়ন, জাপানসহ বিদেশে নিরাপদ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং চাকরিজীবীদের সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’ দেওয়া হচ্ছে। রেমিট্যান্স ও কল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগও রয়েছে।
তিন প্রকল্পে ঋণ বিতরণ
সেবা মাসের উদ্বোধন উপলক্ষে সদস্যদের মধ্যে শেয়ার বণ্টন, কলেজ পর্যায়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় শেয়ার বিক্রয় কার্যক্রমের সনদ বিতরণ, সঞ্জীবন ঋণ বিতরণ এবং বৈদেশিক কর্মসংস্থান ঋণ কার্যক্রমের সূচনা করা হয়।
এ উপলক্ষে বরগুনার বেতাগীতে ‘বেতাগী সঞ্জীবন প্রকল্পের’ আওতায় ৩২ সদস্যের একটি দলকে আট লাখ টাকা এবং চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ‘পরিবার স্বনির্ভর সঞ্জীবন প্রকল্পের’ আওতায় ৪১ সদস্যকে আট লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।
এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দার আনসার-ভিডিপির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে জাপানে চাকরির সুযোগ কাজে লাগাতে তিন লাখ টাকা বৈদেশিক কর্মসহায়ক ঋণ দেওয়া হয়।
এসব উদ্যোগের মাধ্যমে সদস্যদের আত্মকর্মসংস্থান, উৎপাদনমুখী বিনিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি ব্যাংকের সঙ্গে তাদের আর্থিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানা থেকে বেরিয়ে আসা এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।
শ্রমিক অসন্তোষের কারণে এদিন গাজীপুরে মোট ১২২টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৪৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার ২২টি শ্রীপুর উপজেলায়। অন্যদিকে ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকাল সোয়া ৮টার দিকে বাঘের বাজার, মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মজুরি বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে কিছু সময়ের জন্য যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঘের বাজার এলাকার মণ্ডল ইন্টিমেটসের শ্রমিকেরা প্রথমে কারখানায় প্রবেশ করে হাজিরা দেন। এরপর সকাল সোয়া ৮টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাঁরা কারখানা থেকে বের হয়ে পাশের গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে জড়ো হন। পরে ওই কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে নামার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা বন্ধের দাবি জানান।
পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে সিলকেন সুইং, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস লিমিটেড ও এস এম নীট ওয়্যার লিমিটেড, শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গ্রিন টেক্সটাইল, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার চিটাগাং ডেনিম লিমিটেড ও মেঘনা গার্মেন্টস।
এ ছাড়া ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আনসার রোড এলাকার পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কালাকান, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্লান্ট এবং মেঘনা ডেনিম অ্যান্ড ইউনিগ্লোরি ওয়াশিং লিমিটেডসহ আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এরপর বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে শ্রীপুর ও মাওনা চৌরাস্তার দিকে চলে যায়। এতে ওই এলাকার সড়কেও কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
বেলা ১২টার দিকে সদর উপজেলার সালনা এলাকাতেও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, গত তিন সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজেন্দ্রপুরের বাংলাবাজার, হোতাপাড়া ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধের ঘটনা ঘটছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর বের হয়ে যান। পরে শ্রীপুরের দিকে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাজীপুর কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক রবিউল ইসলাম বাঁধন জানান, বৃহস্পতিবার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় ৪৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শ্রীপুরের ২২টি কারখানা রয়েছে। এ ছাড়া জেলার ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন, সাধারণ ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানার সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা দিতে পারবেন।
এদিকে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে শ্রীপুরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। মহাসড়ক ও আশপাশের এলাকায় দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নেন।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের কাশিমপুর কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তায় বর্তমানে ১৫ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন এসআরবি ও ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। তাঁরা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩০ শিশু।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৩১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৩৬ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে মুসাদ্দিক এ অভিযোগ করেন।
পোস্টে মুসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পেট্রলবোমা নিক্ষেপের পর পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছিল; রিকশায় যাওয়ার সময় এক পথচারী আগুনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানিয়েছেন, আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছিরের বাসায় তল্লাশি চালানো হলেও সেখানে তাঁকে পাওয়া যায়নি।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেছেন, বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে যেতে আরও শক্তিশালী আর্থিক বাজার, উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন। পাশাপাশি এমন সংস্কারও প্রয়োজন, যা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম করে তুলবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে অর্থায়নযোগ্য বিনিয়োগে রূপান্তর করতে এডিবি তার সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞতাকে একত্র করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’
বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার জন্য শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৬ থেকে ১৮ নভেম্বর ঢাকা সফর করেছে।
এই প্রতিনিধিদলে ছিলেন এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে এবং প্রাইভেট সেক্টর অপারেশনস ডিপার্টমেন্টের সিনিয়র উপদেষ্টা ক্রেইগ লি রবার্টস।
সফরকালে যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে এডিবি ও বাংলাদেশ সরকার। অবকাঠামোয় বেসরকারি বিনিয়োগের বাধা শনাক্ত করতে এই মনিটর পাঁচ শতাধিক সূচক ব্যবহার করে।
এডিবি আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্পে তাদের লেনদেন-সংক্রান্ত পরামর্শমূলক সহায়তা সম্প্রসারণের জন্য একটি চুক্তিও সই করেছে।
সম্প্রসারিত এই প্রকল্প তালিকায় এখন ছয়টি প্রকল্প রয়েছে, যেগুলোর পরিকল্পিত উৎপাদন ক্ষমতা ১ হাজার মেগাওয়াটের বেশি। এটি এক বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ সংগ্রহে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির মালিকানায় রয়েছে ৬৯টি সদস্য দেশ, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
কর্মীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ, দক্ষতা বিকাশের সুযোগ ও উন্নত কর্মসংস্কৃতির স্বীকৃতি পেল মেটলাইফ। ফরচুন ম্যাগাজিনের ‘বিশ্বের সেরা কর্মস্থল’ তালিকায় এবার ১৩তম স্থান অর্জন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠান। নিজ খাতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি টানা তৃতীয়বারের মতো এ মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছে মেটলাইফ।
কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি তাদের যোগ্যতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরিতে গুরুত্ব দিচ্ছে মেটলাইফ। কর্মীরা যেন নিজেদের সেরাটা দিতে পারেন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন, সে ধরনের ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার।
মেটলাইফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশেল খালাফ বলেন, কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিদিন লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মেটলাইফের নতুন কৌশলগত পরিকল্পনা ‘নিউ ফ্রন্টিয়ার’ বাস্তবায়নে প্রতিষ্ঠানের কর্মসংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মীরা যখন নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে অবদান রাখার সুযোগ পান, তখন তারা গ্রাহক ও সহকর্মী উভয়ের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।
ফরচুনের ‘বিশ্বের সেরা কর্মস্থল’ তালিকাটি তৈরি করে ম্যাগাজিনটির গবেষণা সহযোগী প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’। কর্মীদের গোপন মতামত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এ তালিকায় প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণ করা হয়।
এ তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রতিষ্ঠানকে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফায়েড’ স্বীকৃতিপ্রাপ্ত হতে হয়। পাশাপাশি বিশ্বজুড়ে অন্তত পাঁচ হাজার কর্মী থাকা এবং ২০২৫ সাল বা ২০২৬ সালের শুরুর দিকে অন্তত পাঁচটি আঞ্চলিক ‘সেরা কর্মস্থল’ তালিকায় স্বীকৃতি পাওয়ার শর্ত রয়েছে।
নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কর্মপরিবেশের মান বিবেচনা করে চূড়ান্ত তালিকায় অবস্থান নির্ধারণ করা হয়।
ফেনীতে ইসলামধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শহরের কলেজ রোডসংলগ্ন গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে ও তার স্ত্রীকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা পারভেজকে মারধর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় পুলিশের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন ফেনী মডেল থানার দুই পুলিশ সদস্য।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেন পরিবহন মালিকরা।
একই দিন নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও রয়্যাল মোড়ের বিভিন্ন কাউন্টার থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে একদল যুবক আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে বাস কাউন্টারগুলোতে প্রবেশ করেন। পরে সাইনবোর্ডে থাকা টুঙ্গিপাড়া নাম কালো কালি দিয়ে মুছে দেন। কোথাও ব্যানার-ফেস্টুন উল্টে দেওয়া হয়, আবার কোথাও কালো কাপড় দিয়ে নাম ঢেকে রাখা হয়।
রয়্যাল মোড়ের একটি কাউন্টারে কালি না থাকায় কাপড় দিয়ে লেখাটি ঢেকে দেওয়া হয়। এ সময় মহানগর ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা খুলনায় টুঙ্গিপাড়া নামের কোনো কাউন্টার থাকতে দেবেন না বলে ঘোষণা দেন।
এর আগে গত ১৬ নভেম্বর নগরীর ফুলবাড়ীগেট এলাকার একটি কাউন্টার থেকেও টুঙ্গিপাড়া শব্দটি মুছে দেন যুবদল নেতাকর্মীরা।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বুধবার সন্ধ্যায় সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে ফাল্গুনী, সৌদিয়া, ইমাদ ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কাউন্টার বন্ধ দেখা যায়। গ্রিন লাইন ও ঈগল পরিবহনের কাউন্টার খোলা থাকলেও বাস ছাড়েনি। এনা পরিবহনের কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে নগরীর অভ্যন্তরীণ ও লোকাল বাস চলাচল স্বাভাবিক ছিল।
ফাল্গুনী পরিবহনের সোনাডাঙ্গা কাউন্টার ম্যানেজার আবিদ হাসান বলেন, বুধবার সকালে তাদের দুটি বাস ছেড়ে গেছে।
তবে বিকেলের বাসগুলো ছাড়েনি। বৃহস্পতিবারের শিডিউল থাকলেও পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সুপারভাইজার শহিদুল ইসলাম বলেন, অবরোধের কারণে বৃহস্পতিবার তাদের সব বাস চলাচল বন্ধ থাকবে। কাউন্টারের সাইনবোর্ড থেকে টুঙ্গিপাড়া নাম মুছে ফেলা হয়েছে। মূল প্রতিষ্ঠান করিম মোটরসের নাম থাকলেও টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নাম ঢেকে দেওয়া হয়েছে।
তবে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কাউন্টার থেকে নাম মুছে ফেলার বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাস চলাচল বন্ধের বিষয়েও পুলিশের কাছে কোনো তথ্য নেই। তার দাবি, বাস চলাচল স্বাভাবিক থাকবে।
চট্টগ্রামে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে সড়কের ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যরা পিকআপ ভ্যানটি সড়কের পাশে রেখে পাশের একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে তাঁরা গাড়িটি আর দেখতে পাননি।
পরে পুলিশ সদস্যরা আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। এতে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে পালিয়ে যাচ্ছেন।
পুলিশের গাড়ি প্রকাশ্যে সড়ক থেকে চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি হওয়া গাড়ি উদ্ধার ও জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল দলের সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন সদস্য ছিলেন। তাঁরা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে যান।
তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাই পৌর শহরের পাঁচশিরা বাজারে প্রতি বছরের ন্যায় এবারও বসেছে মাছের মেলা। থরে থরে সাজানো রুই, কাতলা, চিতল, সিলভার কার্প, বিগহেড কার্প, বোয়াল ও সামুদ্রিক মাছসহ নানা প্রজাতির দেশি মাছ। মাছের মেলার আরেক আকর্ষণ ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ। যার মাংস কিনতে মাংসক্রেতাদের উপচে পড়া ভিড়।
মেলায় এবার প্রচুর মাছের আমদানি হলেও এবার মাছের দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। মেলাকে ঘিরে সকাল থেকেই সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন মেলা প্রাঙ্গণে। মেলার দিনে এই এলাকার সকলেই জামাইদের আমন্ত্রণ করেন। এ কারণে এই মেলাটি জামাই মেলা নামেও পরিচিত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রঙিন কাপড়ের বিশাল প্যান্ডেল বেলুন দিয়ে সাজানো হয়েছে। সেই প্যান্ডেলের নিচে থরে-থরে দেশীয় প্রজাতির বড়-বড় মাছ সাজিয়ে রাখা হয়েছে। মাছের মেলায় ক্রেতা-বিক্রেতাদের প্রচুর ভিড়। মেলায় সারি সারি দোকানে চলছে হাঁকডাক, দরদাম। মিলছে তিন কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের কাতলা মাছ। লোকজনও উৎসাহ নিয়ে দেখছেন। কেউ কেউ মাছ কিনে বাড়িতে ফিরছেন।
স্থানীয়রা জানান, ক্যালেন্ডার নয় পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসে প্রথম দিনে নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছর এখানে মাছের মেলা বসে। মাছ ব্যবসায়ীরা মূলত এই মাছের মেলা বসিয়ে থাকেন। আর এই মাছের মেলাকে কেন্দ্র করে অংশ নেন কালাই পৌর শহরে থুপসাড়া, নওপাড়া, মূলগ্রাম, দুরঞ্জ, আঁওড়া, সড়াইলসহ উপজেলার পুনট, বফলগাড়ী, মাদাই, পাঁচগ্রাম, মাদারপুর, বেগুনগ্রাম, হতিয়র, ঝামুটপুর, মাত্রাইসহ আশপাশের ৩০-৪০ গ্রামের মানুষ। এ উৎসবকে কেন্দ্র করে প্রতি বাড়িতে জামাইসহ স্বজনদের আগে থেকে দাওয়াত করা হয়। এ ছাড়া দূর-দূরান্ত থেকেও লোক আসেন মেলায় মাছ কিনতে।
মেলায় এবার প্রচুর মাছের আমদানি হয়েছে। মাছের সারি সারি দোকানে আকৃতি অনুযায়ী বিক্রি করছে মাছ ব্যবসায়ীরা। সিলভার কার্প প্রতি কেজি ২০০ থেকে ৪৫০ টাকা, বিগহেড কার্প প্রতি কেজি ৩০০ থেকে ৬০০ টাকা, রুই মাছ প্রতি কেজি ৩০০ থেকে ১,২০০ টাকা ও কাতলা মাছ প্রতি কেজি ৪০০ থেকে ১,৬০০ টাকা।
মেলায় বিশালাকৃতির একটি মাছ হাতে তুলে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছিলেন কালাইয়ের মাছ বিক্রেতা বায়েজিদ ইসলাম। ২৫ কেজি ওজনের কাতলা মাছটির দাম হাঁকেন ৪০ হাজার টাকা। এ ছাড়া ২০ কেজি ওজনের কাতলা মাছের দাম হাঁকেন ২৬ হাজার টাকা।
মেলায় মাছ কিনতে আসা কালাই পৌর শহরের নওপাড়া গ্রামের তাহমহল হোসেন বলেন, ‘প্রতি বছর এ মেলায় আসি। আর মেলা থেকে পছন্দসই মাছ কিনে বাড়িতে ফিরি। এবার মেলায় মাছের দাম বেশি। দুটি কাতলা মাছ ও একটি রুই মাছ কিনলাম ৯ হাজার ২০০ টাকায়।’
মেলায় ১২ কেজি ওজনের একটি রুই মাছ ১৪ হাজার ৫০০ টাকায় কিনে নিয়ে বাড়ি ফিরছেন নাহিদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রতি বছর এই মাছের মেলা থেকে মাছ কেনা হয়। এবারও মাছের মেলা থেকে মাছ কিনলাম।’
মেলায় কালাই পূর্বপাড়া থেকে বেড়াতে এসেছেন সাথী আক্তার। তিনি বলেন, ‘বাচ্চাদের নিয়ে মাছের মেলায় ঘুরতে এসেছি। পাঁচশিরা বাজারে মাছের মেলার নাম আগে থেকেই জানি। মেলায় এসে বড় বড় মাছ দেখছি। অনেক ভালো লাগছে। একটি রুই মাছ পছন্দ হওয়ায় সেটা ৩ হাজার টাকায় কিনলাম।’
মেলায় মাছ কিনতে আসা কালাম হোসেন নামে এক জামাই বলেন, ‘অন্য বছরের চেয়ে এবার মেলায় বড় মাছের আমদানি অনেক বেশি। মেলা থেকে ৭ কেজি ওজনের একটি কাতলা মাছ ৩ হাজার ৮৫০ টাকায় কিনলাম। এখন শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছি।’
মৎস্য খামারি উপজেলার ঝামুটপুর গ্রামের জুয়েল বলেন, মেলা সামনে রেখে এক বছর ধরে পুকুরে বড় বড় মাছ বাছাই করে চাষ করেছেন। তাই এবার পাঁচশিরা বাজারের মাছের মেলায় বড় বড় মাছ বিক্রি করতে পারছেন। এবার সকাল থেকে ক্রেতারা আসছেন মাছ কিনতে। তারা তাদের পছন্দ মতো মাছ কিনে বাড়িতে ফিরছেন।
মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বিক্রি সেই তুলনায় কম। তারপরও যেটুকু হয়েছে, সব খরচ বাদে তাতে লাভ সামান্যই টিকবে। তবে এবার অন্য বছরের তুলনায় ক্রেতা বেশি। তাই মাছও বিক্রি হচ্ছে বেশি।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. রফিকুল ইসলাম বলেন, ‘মেলায় ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ উঠেছে। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় বড় মাছ ব্যবসায়ীরা ও মাছ চাষিরা বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাছ নিয়ে আসেন। বড় বড় মাছ দেখে এ এলাকার চাষিদের আগ্রহ বাড়ছে। মেলায় কমপক্ষে এক কোটি টাকার মাছ ক্রয়-বিক্রয় হবে। মৎস্য বিভাগ চাষিদের সবসময় মাছ চাষে পরামর্শ দিয়ে যাচ্ছে। এ ছাড়া মেলায় যেন কেউ বিষযুক্ত মাছ বিক্রি করতে না পারেন, সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে দিবাগত রাতে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে নিরাপত্তা জোরদার করে। পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে অনেকে ঘুম থেকে উঠে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল বাড়িয়েছে এবং সন্দেহভাজনদের খোঁজ চালাচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুলিশ এসব নাশকতাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।