বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩

২৫ এজেন্সির সিন্ডিকেট থেকে বেরোল মালয়েশিয়া

ছবি: সংগৃহীত
জেসমিন পাপড়ি
প্রকাশিত
জেসমিন পাপড়ি
প্রকাশিত : ১ অক্টোবর, ২০২২ ০৮:২২

জেসমিন পাপড়ি

কর্মী পাঠানোয় ২৫ এজেন্সির ব্যর্থতা ও সেগুলো নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে আরও ৫০টি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করেছে মালয়েশিয়া। ফলে বাংলাদেশের ৭৫টি এজেন্সি দেশটিতে কর্মী পাঠাতে পারবে। এর পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর বিকল্প প্রক্রিয়াও চালু থাকবে।

মালয়েশিয়ার মন্ত্রিসভায় অনুমোদনের পর গত ২৮ সেপ্টেম্বর নতুন করে ৫০টি এজেন্সির নাম যুক্ত হয়। সব মিলিয়ে ৭৫টি এজেন্সির তালিকা চূড়ান্ত করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। দুই দেশের মন্ত্রণালয় ও একাধিক সূত্র দৈনিক বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ দৈনিক বাংলাকে বলেন, ‘আমি শুনেছি আমাদের দেশের আরও ৫০টি এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।’

চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টি আবারও উন্মুক্ত হয় ২০২১ সালে। ওই বছর দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রীকে দেয়া চিঠিতে মাত্র ২৫টি এজেন্সি ও এর সঙ্গে সহযোগী (সাব-এজেন্ট) হিসেবে ১০টি করে এজেন্সি রাখার সিদ্ধান্ত জানান। কিন্তু তাতে রাজি হননি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বিষয়টি নিয়ে মালয়েশিয়ার অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনের এজেন্সিসহ ২৫টির তালিকা চূড়ান্ত করা হয়। বলা হয়, এসব এজেন্সির বাইরে কেউ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে না।

এই ২৫টি এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়টিকে সিন্ডিকেট আখ্যায়িত করে দুই দেশেই ব্যাপক সমালোচনা হয়। আবার ওই ২৫টি এজেন্সির সিন্ডিকেটও কর্মী পাঠাতে চরমভাবে ব্যর্থ হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক বাংলাকে বলেন, সিন্ডিকেটের শুরু হয়েছিল ১০টি এজেন্সি দিয়ে। এরপর ২৫টি নাম চূড়ান্ত করলে বাংলাদেশ আপত্তি জানায়। তখন তারা বলেছিল, আর একটিও বাড়বে না। সেই জায়গা থেকে মালয়েশিয়ার সরে আসাটাই বড় খবর। এর মাধ্যমে কর্মী পাঠানোতে গতি আসবে বলে মনে করেন ওই কর্মকর্তা।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান দৈনিক বাংলাকে বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির বদলে সবার জন্য উন্মুক্ত করলে প্রতিযোগিতা তৈরি হবে, খরচ কমবে।

তিনি মনে করেন, প্রক্রিয়াটি এমন হতে হবে, যারা মালয়েশিয়া থেকে চাহিদা আনতে পারবে এবং সক্ষমতা আছে, তারা সবাই কর্মী পাঠাতে পারবে। এই প্রক্রিয়ার মাঝখানে কোনো দুষ্টচক্র না থাকলে অর্থাৎ কোথাও যদি ঘুষ দিতে না হয়, তাহলে এমনিতেই খরচ ও সময় কমবে। এই প্রক্রিয়ার দুই দেশের সরকারের কাজ হলো- কর্মীরা নির্ধারিত খরচে যাচ্ছে কি না, গিয়ে কাজ ও বেতন পাচ্ছে কি না, সেটা দেখভাল করা।

বায়রা ও জনশক্তি ব্যবসায়ীদের বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন করে যে ৫০টি নতুন রিক্রুটিং এজেন্সি তালিকায় যুক্ত হয়েছে, তার ২৫টিই রুহুল আমিন স্বপনের প্যানেলের। বাকি ২৫টি বায়রার নতুন কমিটির সদস্যদের।

বায়রার কার্যনির্বাহী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে দৈনিক বাংলাকে বলেন, ‘বহুদিন ধরে দেনদরবার ও তদবিরের ফলে এই তালিকায় স্থান পেয়েছেন আমাদের সহকর্মীরা। রিক্রুটিং এজেন্সিপ্রতি সর্বনিম্ন খরচ করতে হয়েছে ৫ কোটি টাকা। এর বেশিও খরচ হয়েছে অনেকের।’

বায়রার সভাপতি আবুল বাশার নতুন ৫০টি এজেন্সির যুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে মন্তব্য করে বলেন, এটা সংগঠনের সদস্যদের চেষ্টার ফল। তবে এটা যদি সবার জন্য উন্মুক্ত হতো, তাহলেই ভালো হতো বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, তার এজেন্সিও নতুন তালিকায় স্থান পায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, সিন্ডিকেটের বিষয়ে মালয়েশিয়ার নমনীয় হওয়ার পেছনে এজেন্সিগুলোর তৎপরতার পাশাপাশি সরকারের কূটনৈতিক তৎপরতাও বড় ভূমিকা রেখেছে।

বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও কর্মী পাঠানোর ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হওয়ার একপর্যায়ে গত জুলাই মাসে এক সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়া গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তখন তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তুলেছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়। ওই সময় তিনি রিক্রুটিং এজেন্সির সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সিন্ডিকেটের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছেও স্পষ্ট ছিল না। তিনি জানতেন, এটা (সিন্ডিকেট) বাংলাদেশ চাইছে। অথচ বাংলাদেশকে বলা হয়েছিল, এটা মালয়েশিয়া চাইছে।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের রিক্রুটিং এজেন্সিদের একটি অংশ দেশে যে নুইসেন্স তৈরি করেছিল, সেটা বন্ধে আমরা তাদের অনুরোধ করি যেন সব পক্ষের কিছু রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেয়া হয়।’

মালয়েশিয়ায় ক্ষোভ

সূত্র জানায়, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১৫ লাখ কর্মীর চাহিদা আছে। এর মধ্যে অন্তত ৫ লাখ তারা বাংলাদেশ থেকে নিতে চায়। কর্মী না পাওয়ায় দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানানকে সে দেশের বিরোধী দলের সমালোচনার মুখেও পড়তে হয়। কোন প্রক্রিয়ায় ২৫টি এজেন্সি ঠিক করা হয়েছে, তার ব্যাখ্যাও দাবি করেন বিরোধী দলের সদস্যরা।

এমওইউ সই করার ১০ মাসেও কর্মী না পেয়ে ক্ষোভ জানিয়ে সম্প্রতি মালয়েশিয়া ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, বিদেশি কর্মী নিয়োগ-প্রক্রিয়ায় দেরির কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কোভিড-পরবর্তী বিশ্বব্যবস্থায় মন্দা সামলানোর পরিস্থিতিতে কর্মীর জন্য মরিয়া হওয়ার কথাও উল্লেখ করেন তারা।

বিবৃতিতে এই ব্যবসায়ী সম্প্রদায় ব্যবসার প্রয়োজনে কর্মী আনতে আরও সমন্বিত এবং সুবিধাজনক পদ্ধতি খোঁজার দাবি জানান। পুরো প্রক্রিয়া অনলাইনে পরিচালনা করা উচিত বলেও মত দেন তারা। অপর্যাপ্ত ফ্লাইটের কারণে মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া আরেকটি বাধা উল্লেখ করে স্থানীয় ফ্লাইটের অনুমোদন বাড়াতে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের কাছেও অনুরোধ জানান ব্যবসায়ীরা।

যুক্ত হলো যে ৫০ এজেন্সি

এবার যে ৫০টি এজেন্সি যুক্ত হয়েছে, তার মধ্যে রয়েছে বায়রার বর্তমান কমিটির মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমানের সাদিয়া ইন্টারন্যাশনাল, সহসভাপতি নোমান চৌধুরীর দাহমাশি করপোরেশন, জনসংযোগ সম্পাদক ফরিদ আহামেদের আল খামিস ইন্টারন্যাশনাল, তিন নির্বাহী সদস্য শাহাদাত হোসেনের ফোরসাইট ইন্টারন্যাশনাল, আরিফুর রহমানের অপরাজিতা ওভারসিজ ও রফিকুল ইসলাম পাটোয়ারীর আমান এন্টারপ্রাইজ। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের মেরিট ট্রেড ইন্টারন্যাশনালও জায়গা পেয়েছে নতুন তালিকায়।

এ ছাড়া রয়েছে জসিমউদ্দিন আহমেদের আহাদ ইন্টারন্যাশনাল লিমিটেড, আক্তার হোসেনের আক্তার রিক্রুটিং এজেন্সি, জাকের আহমেদ ভূঁইয়ার আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি, মো. রাশেদ খানের আল হেরা, রুহুল আমিনের আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।

বাকি এজেন্সিগুলোর মধ্যে আছে ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড, বিএনএস ওভারসিজ, বিডি গ্লোবাল বিজনেস, সেলিব্রেটি ইন্টারন্যাশনাল, গ্লোবাল ওভারসিজ, দেশারি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, এলিগেন্টস ওভারসিজ লিমিটেড, ফিউচার হোপ ইন্টারন্যাশনাল, জিএমজি ট্রেডিং, গ্যালাক্সি করপোরেশন, আইএসএমটি হিউম্যান রিসোর্স লিমিটেড, জান্নাত ওভারসিজ, জেজি আল ফালাহ ম্যানেজমেন্ট, কাশিপুর ওভারসিজ, মদিনা ওভারসিজ, ম্যানিজপাওয়ার করপোরেশন, মিডওয়ে ওভারসিজ, মোহাম্মদ নুরুজ্জামান অ্যান্ড সন্স লিমিডেট।

এ ছাড়া মৃধা ইন্টারন্যাশনাল, মুবিন এয়ার ইন্টারন্যাশনাল, নাভিরা লিমিটেড, অদিতি ইন্টারন্যাশনাল, পিএন এন্টারপ্রাইজ কোম্পানি, পিআর ওভারসিজ, প্রান্তিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, প্রভাতী ইন্টারন্যাশনাল, কিউকে কুইক সার্ভিস, রাব্বী ইন্টারন্যাশনাল, রুবেল বাংলাদেশ লিমিটেড, রানওয়ে ইন্টারন্যাশনাল, স্টানফোর্ট এমপ্লয়মেন্ট, সুলতান ওভারসিজ, দ্য গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল, দ্য জিএমজি অ্যাসোসিয়েটস, দ্য ইফতি ওভারসিজ, দ্য সুপার ইস্টার্ন লিমিটেড এবং ট্রান্স এশিয়া ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড নতুন তালিকায় জায়গা পেয়েছে।


অবৈধ গাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান ও জরিমানা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা ও টাঙ্গাইলে অবৈধ গ্যাস সংযোগ ও অনুমোদনবহির্ভূত গ্যাস ব্যবহার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন অপসারণ এবং জরিমানা আদায় করা হয়েছে।

গত বুধবার (১৭ জুন) তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকদের উপস্থিতিতে ঢাকা জেলার আমিনবাজারের সালেহপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় স্থানীয়দের অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস ব্যবহারের কারণে বৈধ গ্রাহকরা প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অভিযানে সালেহপুর এলাকার এক আবাসিক গ্রাহকের সংযোগ থেকে অবৈধভাবে ওয়াশিং কারখানায় গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংযোগ বিচ্ছিন্ন করে লক-উইং ককে প্লাস্টিক সিল লাগানো হয়। একইভাবে একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবৈধভাবে মডিফাইড বার্নারের মাধ্যমে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া পাঁচজন বৈধ গ্রাহকের প্রাঙ্গণে অনুমোদনবহির্ভূতভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।

অন্যদিকে, টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মির্জাপুর উপজেলার গোড়াইয়ের নাজিরপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৭৪০ ফুট দীর্ঘ ৩/৪ ইঞ্চি ব্যাসের জিআই পাইপ অপসারণ করা হয়। পাশাপাশি আনুমানিক ৫৬টি বাড়ির ৬৩টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অবৈধ গ্যাস সরবরাহের পাঁচটি উৎসস্থল স্থায়ীভাবে বিচ্ছিন্ন (কিলিং) করা হয় এবং দুটি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের দায়ে তিনজন গ্রাহকের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুই ব্যক্তির কাছ থেকে তাৎক্ষণিকভাবে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ ও চুরি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


অস্তিত্ব সংকটে হাওরের জেলে সম্প্রদায়

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মোহাম্মদ নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

খাল, বিল ও নদী-অধ্যুষিত কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম। এক সময়ের উত্তাল ধলেশ্বরীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এই হাওর জনপদ বর্ষায় প্লাবিত হয় বিশাল জলরাশিতে। আবার শুকনো মৌসুমে দেখা দেয় তীব্র খরা; খাল-বিল ফেটে হয় চৌচির।

প্রমত্তা ধলেশ্বরী তখন রূপান্তরিত হয় সবুজ ফসলের মাঠে। 'মাছের ভান্ডর' বলে খ্যাত এই হাওরে শুকনো মৌসুমে দেখা দেয় দেশীয় মাছের তীব্র সংকট। ফলে জেলেরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।

অষ্টগ্রাম উপজেলায় প্রায় ৮৭৭৯ জেলে পরিবারের বসবাস। খাল-বিল ও নদী-নালায় পানি না থাকায় বছরের প্রায় ৬ মাস তাদের বেকার থাকতে হয়। ফলে এই জনগোষ্ঠীর অধিকাংশই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে মেয়ের বিয়ে, সংসারের ভরণপোষণ এবং নৌকা-জাল কিনতে গিয়ে দিন দিন তাদের ঋণের বোঝা বাড়ছে। ঋণ পরিশোধের দুশ্চিন্তা ও গভীর উৎকণ্ঠায় কাটছে তাদের দিন।

জরাজীর্ণ টিন ও বাঁশের নড়বড়ে বাসস্থানে স্যাঁতসেঁতে পরিবেশ। বাসিন্দাদের চোখে-মুখে হতাশার স্পষ্ট ছাপ। নির্ঘুম চোখ, শরীরে ক্লান্তি আর রোগা জীর্ণ-শীর্ণ দেহ সবকিছুই যেন সাব্ষ্য দিচ্ছে তাদের নিদারুণ দৈন্যতার। চরম দারিদ্র্যের সাথে সংগ্রাম করে হাওরের নিভৃত পল্লীগুলোতে বংশপরম্পরায় বসবাস করছে মূলত হিন্দু ধর্মাবলম্বী এই মৎস্যজীবী গোষ্ঠী। আবহমান কাল ধরে মাছ শিকারই তাদের জীবিকার একমাত্র প্রধান উৎস।

জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ায় তাদের জীবন আজ দুর্বিষহ। উজান থেকে নেমে আসা পলি ও বালি জমে ভরাট হয়ে গেছে হাওরের নদী, নালা ও খাল-বিল। পর্যাপ্ত জলাধারের অভাব এবং নদীতে মাছের অপ্রতুলতার কারণে তারা উপার্জন ক্ষমতা হারাচ্ছেন। এক সময় ঘাটে ঘাটে সারি সারি মাছ ধরার ডিঙ্গি নৌকা বাঁধা থাকত, মাছ ধরার ক্ষেত্রও ছিল অবাধ। এখন আর সেই চিরচেনা দৃশ্য চোখে পড়ে না।

চলতি বছরের ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত হাওরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা চলছে। এই সময়টাতে জেলেরা সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন। কিন্তু নিষেধাজ্ঞাকালীন সময়ে কোনো সরকারি বিকল্প সাহায্য বা পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম খাদ্য সংকটে ভুগছেন।

জেলেরা জানান, নিষেধাজ্ঞার পর বর্ষাকালে মাছ ধরার সুযোগ থাকলেও জলমহালগুলো থাকে এক শ্রেণির প্রভাবশালী ইজারাদারদের দখলে। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও বন্ধ হয়নি জলমহাল ইজারা প্রথা; কেবল দখলদারদের হাতবদল হয়েছে। জেলেদের নৌকা প্রতি মোটা অঙ্কের টাকা ইজারাদারদের দিয়ে জলমহালের আশপাশে মাছ ধরার সুযোগ মিললেও পর্যাপ্ত মাছ না পাওয়ায় তাদের অভাব দূর হচ্ছে না।

পক্ষান্তরে, হাওরের অধিকাংশ কৃষক এখন কৃষি কাজের পাশাপাশি মাছ ধরার সকল কৌশল রপ্ত করে নিয়েছেন। বর্ষাকালে তারাও মাছ ধরায় নিয়োজিত হন। মাছ ধরার ক্ষেত্রে প্রভাবশালী ও কৃষকদের দাপটে দুর্বল প্রকৃতির পেশাদার জেলেরা যত্রতত্র জাল ফেলতে ভয় পান। নানা কারণে মাছ ধরা এখন জেলে সম্প্রদায়ের কাছে কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে বাধ্য হয়ে অনেকেই বংশানুক্রমিক এই পেশা ছেড়ে বেঁচে থাকার তাগিদে দিনমজুরির মতো বিকল্প পেশায় ঝুঁকছেন। জেলে পরিবারের নারী-পুরুষদের এখন দৈনিক কৃষি মজুর হিসেবে কাজ করতে দেখা যাচ্ছে। তবে অভ্যস্ত না হওয়ায় অন্য পেশায় তারা ঠিকমতো মানিয়ে নিতে পারছেন না।

গভীর রাত কিংবা সারা রাত ঝড়-বৃষ্টি ও কনকনে শীত উপেক্ষা করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে তাদের মাছ ধরতে হয়। দীর্ঘদিন এই অক্লান্ত পরিশ্রমের ফলে অনেকেই পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হয়ে পড়ছেন। অর্থের অভাবে সঠিক চিকিৎসা করাতে না পেরে পরিবারগুলো চরম দুর্ভোগে পতিত হচ্ছে। এছাড়া সামাজিক অবহেলা ও জাতিভেদ প্রথার কারণেও তারা সামাজিকভাবে এখনো বেশ পিছিয়ে।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি উদ্যোগে নদী খনন এবং হাওরের জলমহালগুলো ইজারাভুক্ত না করে সাধারণ জেলেদের জন্য উন্মুক্ত করে দিলে তারা অবাধে মাছ ধরার সুযোগ পাবেন। পাশাপাশি জেলেদের প্রশিক্ষিত করে টেকসই ও বিকল্প জীবিকার উৎস তৈরি করা এখন সময়ের দাবি। সহজ শর্তে ঋণ এবং সরকারি নানামুখী সুবিধা নিশ্চিত করার মাধ্যমেই কেবল এই জনগোষ্ঠীকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আশরাফুল ইসলাম রিয়েল জানান: "হাওরের হতদরিদ্র জেলেদের মানবেতর জীবনযাপনের বিষয়টি বিবেচনা করে আগামী বছর থেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে তাদের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে বিশেষ খাদ্য সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"


ভোলায় তরুণীর মৃত্যুর ঘটনায় ৩ জন গ্রেপ্তার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইউসুফ হোসেন অনিক, ভোলা

ভোলা পৌরসভা এলাকার এক তরুণীর মৃত্যুর ঘটনায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।‎

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুন সকাল ১১টার দিকে ভোলা পৌরসভার উত্তরপাড়া এলাকায় একটি বাসার পঞ্চম তলার ফ্ল্যাটের পূর্ব পাশের রুমে খাটের ওপর মোছা. সুমাইয়া আক্তার মিতু (২২)-কে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

‎‎এ ঘটনায় নিহতের পিতা মো. বশির আহমেদ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০৬ ধারায় রুজু করা হয়।

‎‎পরে মামলার তদন্তের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। গত ১৭ জুন রাত আনুমানিক ১টার দিকে র‍্যাব-৮-এর সহায়তায় চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকা থেকে এজাহারভুক্ত তিন আসামি মো. সোহাগ (২৭), মোছা. কহিনুর বেগম (৫৫) এবং মো. মুলা আক্তার (২৭)-কে গ্রেপ্তার করা হয়।

‎ভোলা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎‎এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।


ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
​ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার রস্তোম পুর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন খাল খনন এবং মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও বিশিষ্ট শিক্ষাবিদ,অধ্যক্ষ এস এম আব্দুল আউয়াল।

​পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এস এম আব্দুল আউয়াল বলেন, ‘মাননীয় দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের টেকসই পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই খাল খনন ও মাটি ভরাট কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি তার বক্তব্যে বলেন, ‘আশ্রয়ন প্রকল্পের সার্বিক নিরাপত্তা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাল খননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি ভরাটকৃত ভূমিতে বাসিন্দাদের জন্য নতুন কর্মসংস্থান ও বসবাসের পরিবেশ তৈরি হবে।

​পরিদর্শন দলের অন্যান্য সদস্য: এই পরিদর্শনকালে মুখ্য সমন্বয়ক ও জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন— ​ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার, ডুমুরিয়া ​সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস

​পরিদর্শন শেষে অতিথিবৃন্দ প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং স্থানীয় উপকারভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস প্রকল্পের বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কর্মকর্তাদের সামনে তুলে ধরেন।

​স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ডুমুরিয়া আশ্রয়ন এলাকার দৃশ্যপট অনেকটাই বদলে যাবে এবং বাসিন্দাদের জীবনযাত্রার মান আরও বেগবান হবে।


পিরোজপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
 পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে একটি ‘অ্যাডভোকেসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে গত বুধবার (১৭ জুন) আয়োজিত এই অনুষ্ঠানে নারী ও শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতা কেবল একটি আইনি সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। সমাজ থেকে এই অন্ধকার দূর করতে হলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন তৃণমূল পর্যায় থেকে ব্যাপক সামাজিক সচেতনতা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নারী ও শিশু নির্যাতন রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন, ভুক্তভোগী নারীরা যাতে দ্রুত আইনি সহায়তা পেতে পারেন, সেজন্য সরকারি হেল্পলাইন নম্বর—১০৯, ৯৯৯ এবং ১০৯৮-এর প্রচার কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। একইসঙ্গে তিনি ভুক্তভোগীদের সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক উর্মি ভাদুড়ীর সঞ্চালনায় এবং ব্র্যাক ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ডায়ালগটিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান ,সাব ইন্সপেক্টর রাশিদা আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।


স্মার্ট কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে নীলফামারীতে পার্টনার কংগ্রেস

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নাসির উদ্দিন শাহ, নীলফামারী

স্মার্ট কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অব নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে কৃষক, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হোমায়রা মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আতিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারুক আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মণ্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব আবেদীন।

এসময় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা সৃষ্টি দেশের কৃষিকে আধুনিক ও টেকসই করতে গুরুত্বপূর্ণ। তারা জানান, পার্টনার ফিল্ড স্কুলের (পিএফএস) প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের জ্ঞান ও অভিজ্ঞতা অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, যা কৃষির আধুনিকায়নে ভূমিকা রাখছে।

শেষে আরেকটি অনুষ্ঠানে জাতীয় ফল মেলা উপলক্ষে ফল বাগান সৃজনে বিশেষ ভুমিকা রাখায় উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। এরপর ২০২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমনের বীজ, মরিচ বীজ, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং বিনামূল্যে সার বিতরণ করা হয়। এর আগে ফল মেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা।


দুগ্ধ শিল্পে বিনিয়োগ বাড়লে বদলে যেতে পারে ঠাকুরগাঁওয়ের অর্থনীতি

* নারীদের হাত ধরে এগোচ্ছে দুগ্ধ খামার * শিল্পনগরী ঘিরে নতুন আশায় খামারিরা * বাজার সংকটে ক্ষতির মুখে দুধ উৎপাদকরা
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সোহেল রানা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে এখনো বড় পরিসরে দুগ্ধ শিল্প গড়ে না উঠলেও স্থানীয় পর্যায়ে দুধ ও দুগ্ধজাত খাবার উৎপাদনে পিছিয়ে নেই এ জেলা। প্রত্যন্ত গ্রামাঞ্চলে পুরুষের পাশাপাশি দুগ্ধ খামার গড়ে তুলছে নারীরা। গবাদিপশু পালনে পারদর্শী হাজারো নারী-পুরুষ-যুবক। গ্রামীন অর্থনীতিকে মজবুত করতে প্রস্তুত তারা। প্রয়োজন শুধু সরকারি-বেসরকারি উদ্যোগে পরিকল্পিত বিনিয়োগ আর দুধের নিশ্চিত বাজার।

একসময় দেশের গম উৎপাদনের শীর্ষ জেলা ছিলো ঠাকুরগাঁও। কিন্তু সময় বদলেছে। গমের মাঠ এখন দখল করেছে ভুট্টা। ভুট্টা মানেই সহজ পশুখাদ্য। ঘাস ও খড়ের পাশাপাশি ভুট্টা থেকে উৎপাদিত সাইলেজ গরু পালন আরও সহজ করে তুলছে।

জেলার গ্রামগুলোতে এখন বাড়ছে ছোট-বড় গরুর খামার। অনেক পরিবার কৃষির পাশাপাশি বেছে নিচ্ছে দুগ্ধ খামারকে। বিশেষ করে গ্রামের নারীরা হয়ে উঠছেন এই পরিবর্তনের মূল শক্তি।

গৃহস্থালির কাজ সামলিয়ে, গরু পালন করে, দুধ উৎপাদনে ভূমিকা রাখছে নারীরা। সেই দুধ পরিবারের প্রধানগণ বাজারে বিক্রি করতে আনেন। কিন্তু এত শ্রমের বিনিময়ে উৎপাদিত দুধের বাজার না পাওয়ায় হতাশ হন দুধ উৎপাদন কারীরা। কখনো কখনো দুধ অবিক্রিত থেকে যায়।

সদর উপজেলার আকচা মুন্সিপাড়া গ্রামের নারী খামারি ও উদ্যোক্তা মাসুমা আক্তার বলেন, ছোট পরিসরে শুরু করেছিলাম গবাদি পশুর খামার। এখন ৭ টি গরু আছে। ভালো দুধ উৎপাদন করি। কিন্তু দুধ কখনো বিক্রি হয় কখনো হয়না। আমাদের এখানে ভালো কারখানা হলে আমরা দুধ দিতে পারবো।

খামারি রফবকুল ইসলাম বলেন, এত এত শ্রম দিয়ে দুধ পানির দামে বিক্রি করতে হয়। আমাদের এখানে এমন একটি কারখানা বা কোম্পানি নেই যারা ন্যায্য মূল্যে আমাদের থেকে দুধ নিবে।

শুধু তরল দুধ নয়—ঠাকুরগাঁওয়ে দক্ষ নারী ও পুরুষ কারিগর রয়েছে। যারা দুধ থেকে তৈরি করছে পনির, চিজ, ঘি, দই, মিষ্টিসহ নানা ধরনের খাবার। ছোট পরিসরে স্থানীয়ভাবে এসব প্রতিষ্ঠান গড়ে উঠায় জেলাতে দুগ্ধজাত খাবারের অপার সম্ভাবনা দেখা দিয়েছে। এই জেলায় দুগ্ধজাত খাবারের সম্ভাবনাকে আরাও তরান্বিত করতে বিনিয়োগ বাড়ালে এ অঞ্চলে খুলতে পারে নতুন অর্থনীতির সমৃদ্ধির দার।

খামারিদের প্রত্যাশা ঠাকুরগাঁওয়ে যেহেতু বড় পরিসরে খাদ্য পক্রিয়াজাত করণ শিল্পনগরীর জন্য ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ করছে সরকার। নিশ্চয় দেশের বড় বড় বিনিয়োগকারীরা কারখানা নির্মানে এখানে বিনিয়োগ করবে, জেলাতে উন্নতমানের দুগ্ধজাত খাবারের কারখানা তৈরি হবে খামারি আরও বাড়বে। নারীরা আরও গরুপালনে উৎসাহী হবে। বেকারত্ব কমে আসবে।

জেলার জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা, ঠাকুরগাঁও, ডা: ইজহার আহমেদ খান বলেন, কৃষি প্রধান জেলা হওয়ায় ঠাকুরগাঁওয়ে গাভী পালনে সহজে করা যায় এবং প্রচুর দুধ উৎপাদন হয়। এ জেলায় নিবন্ধিত অনিবন্ধিত প্রায় তিন হাজার খামার রয়েছে। যা থেকে প্রতিমাসে ৬০ হাজার মে:টন দুধ উৎপাদন হয়। দুগ্ধজাত খাবার উৎপাদনের জন্য এখানে কারখানা গড়ে উঠার ব্যপক সম্ভাবনা দেখছেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা।

উন্নত জাতের গাভী, সহজ ঋণ এবং দুধের বাজার সুবিধা নিশ্চিত করা গেলে নতুন অর্থনীতির দুয়ার খুলতে পারে এই জেলা। ধান-গম ও ভুট্টার পরে যেন এবার সাদা বিপ্লবের প্রতিক্ষায় উত্তর জনপদের এ অঞ্চল।


নওগাঁয় জাতীয় ফল ও আম মেলার উদ্বোধন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে মেলায় প্রায় ১০টি স্টলে শতাধিক বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়।

পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মেলন কক্ষে রপ্তানিযোগ্য আম উৎপাদন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমানের সভাপতিত্ব করেন।

এসময় সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা, জেলা বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণু পদ সাহাসহ কৃষি অফিসের কর্মকর্তাসহ কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ মেলার উদ্দেশ্য হলো দেশীয় ফল সবার কাছে পরিচিত করা এবং পাশাপাশি উন্নত জাতের ফল চাষাবাদে কৃষকরা উপকৃত হবে। মেলায় হর্টিকালচার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা ও আচার প্রদর্শন করা হয়েছে।


সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রূপগঞ্জ  প্রতিনিধি

প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার ইছাপুরা ও নগরপাড়া বালু সেতু পরিদর্শন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, কায়েতপাড়া ও নগরপাড়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এই সেতু।

‎একটি মহল এই সেতুর কাজটি বন্ধ করে রেখেছেন যাতে করে রূপগঞ্জের উন্নয়ন না হয়। প্রধানমন্ত্রী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার । তিনি চান সারা বাংলাদেশের যেন উন্নয়ন হয়। সেজন্য এই এলাকায় আসা আমাদের। এলাকার মানুষের দীর্ঘদিন ধরে দাবি এই ব্রিজটি কাজ সম্পন্ন করা।‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, সেতু দুটি চালু হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে, কমবে সময় ও ব্যয়। পাশাপাশি কৃষি ও ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এবং ঢাকা থেকে রূপগঞ্জে আমরা অল্প সময়ে আসতে পারবো। এখন ঢাকা থেকে সিলেট যাবে এই নগরপাড়ার সেতু ব্যবহার করে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, এড গোলজার হোসেন, মামুন মিয়া, ফরিদ াহমেদ যুবরাজ, আওলাদ, শিপলু জাহানসহ আরো অনেকে।

পরে প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ তারাবো পৌর অডিটোরিয়ামে উপকার ভোগীদের মাঝে ভ্যান ও ছাগল বিতরণ করেন।


গৃহকর্মীকে শারীরিক নির্যাতন এএসআই দম্পতি গ্রেপ্তার 

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
 খুলনা ব্যুরো

গৃহপরিচারিকা মিলন চন্দ্র দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) মামলাটি দায়ের করা হয়।

এরআগে গত বুধবার (১৭ জুন) বিকেলে এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে থানা হেফাজতে নেয় পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মিলনের মা বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার দুপুরে তরকারি পুড়ে যাওয়ার কারণে গৃহকর্মী মিলনকে মারধর করে সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্রের স্ত্রী পপি মিত্র। তার শরীরে গরম কড়াইয়ের ছেক্যাও দেন তিনি।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে মিলন চন্দ্র দাশ। গত ৫ বছর যাবত সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্রের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছেন।

গত বুধবার (১৭ জুন) তরকারি পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে অমানুষিক নিযাতন করা হয়।

বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গৃহকর্মী মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টার আনা হয়। বিকেলে ওই পুলিশ কর্মকর্তাদের থানা হেফাজতে নেওয়া হয়।

রাতে গৃহকর্মী মিলনের পরিবারকে খবর দেওয়া হয়। তারা সকালে খুলনার সোনাডাঙ্গা থানায় আসেন এবং ভিকটিমের মা মিনতি রানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনার ভিডিও চিত্র সারদেশে আলোচনায় স্থান পায় এবং বিষয়টি দেখে মেয়েটি মা খুলনায় আসার উদ্যোগ নেয়।

তিনি আরও জানান, বুধবার (১৭ জুন) থেকে পুলিশ দম্পত্তি গৃহকর্মী সম্পর্কে আমাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলতে থাকে। থানায় মামলা হয়েছে। তাদের দু’জনকে দুপুরের মধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, তারা দু জনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা যে এ ধরণের অপরাধ করবে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহায়তা প্রদান করা হবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।


জনগণের অর্থ পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৭ জুন, ২০২৬ ২৩:৪১
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না; বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। অনেকেই নানা কথা ও বিভ্রান্ত ছড়াতে চায়। এরা বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে? আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশে আমি বলতে চাই, বিগত এক যুগ ধরে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। আমরা জনগণের টাকা আর পাচার হতে দেব না।’ বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে। কাজেই ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না।’

তিনি বলেন, ‘যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এ দেশ থেকে জনগণের অর্থ বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সকলে চোখ-কান খোলা রাখি, তাহলে এ দেশের অর্থ কেউ বিদেশে পাচার করতে পারবে না। আমরা সকলে মিলে পরিশ্রম করব এবং সেই অর্থ দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করব।’

দেশের মানুষের ভাগ্য বদলে সরকারের উদ্যোগের সাথে সকলে আছেন কি না জানতে চাইলে উপস্থিত হাজার হাজার চা-শ্রমিকসহ শ্রীমঙ্গলের নারী-পুরুষরা সমস্বরে ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।

বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সবসময় জনগণের কাতারে ছিল, সে জন্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। সে জন্যই বিএনপি সবসময় বলে থাকে জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। যতবার ভোট দেওয়ার সুযোগ এসেছে দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এনেছে।’

বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন দেশের জনগণ যখন ফুঁসে উঠেছিল গণতন্ত্র রক্ষা করার জন্য, তখন অনেক বড় রাজনৈতিক নেতারা এ দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া দেশের জনগণকে রেখে কোথাও যাননি। খালেদা জিয়া বলেছিল বাংলাদেশই হচ্ছে আমার প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমাদের আমার শেষ ঠিকানা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটাই কাজ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। কাজেই আসুন এই দেশ আমাদেরই গড়তে হবে। এই দেশে আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে, তাহলেই আমরা এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারব।’

বক্তব্যের শুরুতে উপস্থিত জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার জন্য আজকে একটা খুব আনন্দের দিন। কেন জানেন? আজকে থেকে কয়েক মাস আগে যখন নির্বাচনের প্রথম প্রচার অভিযান শুরু হয়, আমি সিলেটের পবিত্র মাটি থেকে সেই প্রচার অভিযান কাজ শুরু করেছিলাম এবং সেই দিনই সিলেটের জনসভা মঞ্চ থেকে বলেছিলাম, বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে আমরা আমাদের চা-বাগানে শ্রমিক হিসেবে যে সকল মায়েরা কাজ করে তাদের জন্য ফ্যামিলি কার্ড দেব।’

তারেক রহমান বলেন, ‘আজকে আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া জানাই, লক্ষ শুকরিয়া জানাই যে, আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন। আমি আমার কথা রাখতে পেরেছি। আমার সরকার আজকে চা-বাগানের শ্রমিকদের মধ্যে যারা নারীশ্রমিক আছেন, তাদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে।’

আগামী এক বছরের মধ্যে প্রায় সকল নারীশ্রমিকের কাছে, চা-বাগানের সকলের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সকলকে একসাথে আমাদের সহযোগিতা করতে হবে। সকলকে একসাথে কাজ করতে হবে। সে জন্য পুরুষদের পাশাপাশি আমরা যদি নারীদের সাহায্য করতে না পারি স্বাবলম্বী হওয়ার জন্য, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।’

তিনি বলেন, ‘সে জন্যই নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। বাংলাদেশে প্রায় ৪ কোটির মতো পরিবার রয়েছে। আমরা বলেছিলাম, আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই তাহলে পর্যায়ক্রমিকভাবে সকল পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, বিশেষ করে নারীপ্রধানদের কাছে। আমরা নির্বাচন হওয়ার সাথে সাথে এক মাসেরও কম সময়ের ভেতরে আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে ফ্যামিলি কার্ড দেওয়ার পাশাপাশি চা-বাগানের নারীশ্রমিকদের ঘর প্রদানের জন্য ২ লাখ টাকা করে দিয়েছি। এখানে স্টেজের মধ্যে তিনজনের হাতে সেই ২ লাখ টাকার চেক তুলে দিয়েছি আর প্রশাসনের মাধ্যমে বাকিদের কাছে ইনশাআল্লাহ আমরা সেই টাকা পৌঁছে দেব।’

সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন তাহলে আজকের এই আনন্দের দিনে আমাদের প্রতিজ্ঞা হবে আমাদের প্রতিশ্রুতি হবে একটাই করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ সবার জন্য বাংলাদেশ।’ বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে একটি জাম ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। পরে কম্পিউটারে বাটন চেপে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায় কর্মসূচির উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে চা-শ্রমিক আবাসন সমস্যা সমাধানে শ্রমিকদের দুই লাখ টাকা করে অনুদান, চা-শ্রমিকদের সন্তানদের জন্য বৃত্তি প্রদান, প্রতিবন্ধীদের জন্য আর্থিক অনুদানের চেকও প্রদান করেন প্রধানমন্ত্রী।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক ফয়জুল করিম নয়ন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব কামাল উদ্দিন বিশ্বাস এবং ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের মধ্যে শিউলী রানি দাস ও ওয়াজেদা বেগম বক্তব্য রাখেন। ২০ বছরের অধিক সময় পরে তারেক রহমান শ্রীমঙ্গলে আসলেন।

একই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এই দেশের মালিক হচ্ছে জনগণ। দেশের মানুষ যদি সতর্ক থাকে তাহলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না, দেশ এগিয়ে যাবে। তাই আজ আমি জনগণের হাতেই এই দেশের নিরাপত্তা, উন্নয়ন ও ভবিষ্যৎ সঁপে দিয়ে গেলাম।’ এই অনুষ্ঠান থেকে সারাদেশে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকা মানুষের ভোট, ভাত ও কথা বলার স্বাধীনতা পুনরুদ্ধারের পর বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ে পদার্পণ করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার অভূতপূর্ব রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান এবং বীর শহীদদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই দ্বিতীয় স্বাধীনতা। ৫ আগস্ট দেশের মানুষ বুক টান করে দাঁড়িয়ে স্বৈরাচারী শাসনকে চিরতরে বিদায় করেছে। স্বৈরাচারের সেই কালিমালিপ্ত অধ্যায় পেরিয়ে দেশের মানুষ এখন চায় স্থিতিশীলতা, শান্তি, কর্মসংস্থান, উন্নত চিকিৎসা এবং শিক্ষার সমান সুযোগ।’

তারেক রহমান বলেন, ‘দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে সবাইকে পরিশ্রম করতে হবে। সরকারের পাশাপাশি জনগণকেও দায়িত্ব পালন করতে হবে। কারণ জনগণকে নিয়েই বাংলাদেশ। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত অলস হয়ে পড়ে থাকলে দেশ এগিয়ে নেওয়া যাবে না। দেশকে সামনে এগিয়ে নিতে হলে সকলকে হাতে হাত রেখে কাজ করতে হবে।’

দেশে বাক-স্বাধীনতা ফিরে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘আজকে যে কেউ সরকারের বিরুদ্ধেও নির্দিধায় বলতে পারে। সংবাদপত্র সরকারের বিরুদ্ধেও লেখতে পারে। আজকে গণতন্ত্র, বাক ও ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। একারণেই আজ আমরা জনগণের জন্য কাজ করতে পারছি।’

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছি। আগামী এক বছরে প্রতিটি উপজেলায় অন্তত ৮ হাজার নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এক বছরের মধ্যে ৪০ লাখ কৃষকদের মধ্যে কৃষক কার্ড প্রদান করা হবে। উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালেসিসের মেশিন নিয়ে আসা হবে। সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। আজকে আমরা একসাথে ফ্যামিলি কার্ড বিতরণ, দুস্থদের ঘর নির্মাণের টাকা প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান করেছি।’

তারেক রহমান বলেন, ‘১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা একটা দল ছিলাম। কিন্তু আমরা যখন সরকার গঠন করেছি তখন আমরা সব মানুষের সরকার। যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি সবার সরকার। আমরা সব মানুষের জন্য কাজ রতে চাই। বিএনপি সরকার সব জনগণের কল্যাণে কাজ করতে চায়।’

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে দেখেছি, যখন দেশ এগিয়ে চলে, অর্থনীতি ও শান্তিশৃঙ্খলা স্থিতিশীল থাকে তখনই দেশে অরাজকতা সৃষ্টি করা হয়েছে। অতীতে বিএনপির বিরুদ্ধে একত্র হয়ে যারা আন্দোলন খেলা করেছিল, তারা আজকে আবার বলছে, এই সরকারকে একদিনও সময় দেওয়া যাবে না।’

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘যারা বলে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? তারা নিজেদের স্বার্থে কথা বলছে।’

তিনি বলেন, ‘আমাদের শক্তির উৎস জনগণ। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি। জনগণ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে। যারা বলে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে কী করা উচিত? মনে আছে তো একাত্তরে তারা কী করেছিল? ৮৬ সালে কী করেছিল? গত এক যুগ আন্দোলনেও তাদের পাওয়া যায়নি। এই সময়ে যারা শহীদ হয়েছে, জেল খেটেছে তারা সবাই বিএনপির কর্মী।’

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেএমএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও স্থানীয় সংসদ সদস্য এম. নাসের রহমান প্রমুখ। ভিডিওকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


৪৫ হাজার ধারণক্ষমতার বিপরীতে কারাগারে বন্দি ৭৭ হাজার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে।

সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বুধবার (১৭ জুন) এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্যানুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭+ নারী ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬+ নারী ২ হাজার ৭৭) জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।’

তিনি বলেন, ‘ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকায় কিছু কিছু কারাগারে বন্দিদের আবাসন সমস্যা বিরাজ করছে। বন্দি আবাসন সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২, পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণকাজ চলমান রয়েছে। উল্লিখিত চারটি কারাগারের নির্মাণ পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হলে বন্দি ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে সর্বমোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি, খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে; যা বাস্তবায়িত হলে ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে।


গাছে গাছে সোনালি স্বপ্ন, দাম না পেয়ে হতাশ চাষি

* রপ্তানি বাড়লেই মিলবে স্বস্তি, বলছেন নওগাঁর বাগানিরা * খরচের চাপে দিশেহারা কৃষক
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মো. সবুজ হোসেন, নওগাঁ

দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁয় চলতি মৌসুমে গত ২ মে থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের সুস্বাদু আম। গুটি, নাগ ফজলি, হিমসাগর, আম্রপালি, ব্যানানা ম্যাংগোসহ বিভিন্ন জাতের আমে সরগরম হয়ে উঠেছে বাজার। ক্রেতারাও নিজেদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী আম কিনছেন। তবে মৌসুমের শুরুতে বাজারে কিছুটা মন্দাভাব বিরাজ করায় আশানুরূপ দাম না পেয়ে হতাশ অনেক চাষি।

নওগাঁর বিস্তীর্ণ আমবাগান ঘিরে প্রতি বছরের মতো এবারও কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজারে দামের অস্থিরতা নিয়ে শঙ্কা রয়েই গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রপ্তানির পরিধি বাড়ানো এবং আম প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা গেলে দেশের এই বৃহৎ আম উৎপাদন অঞ্চলের কৃষকরা আরও ন্যায্যমূল্য পাবেন এবং আম অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে।

আম ব্যবসায়ী ও চাষিদের আশা, আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা নওগাঁর মোকামগুলোতে আসতে শুরু করলে বাজারে চাহিদা বাড়বে এবং আমের দামও বৃদ্ধি পাবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০১৫ সালে নওগাঁ জেলায় আমের আবাদ ছিল মাত্র ৬ হাজার ২৬৮ হেক্টর জমিতে। এক দশকের ব্যবধানে সেই চিত্র বদলে গেছে। চলতি মৌসুমে জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এসব বাগান থেকে প্রায় ৪ লাখ ২২ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া রপ্তানিযোগ্য আম উৎপাদনের লক্ষ্যে জেলার ১৮৬ হেক্টর জমিতে আম্রপালি, ব্যানানা ম্যাংগো ও গৌড়মতি জাতের প্রায় ১ কোটি ১১ লাখ ৫১ হাজার ৫০০টি আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে। গত বছর জেলার সাপাহার ও পোরশা উপজেলা থেকে বিভিন্ন রপ্তানিকারকের মাধ্যমে ২৮৪ টন আম্রপালি, খিরসাপাত ও ব্যানানা ম্যাংগো মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়েছিল।

চাষিদের হিসাবে, এক বিঘা মাঝারি আকারের বাগান থেকে সাধারণত ৪০ থেকে ৫০ মণ আম উৎপাদন হয়। বর্তমানে জমির ইজারা, সার, কীটনাশক, শ্রমিক, পরিবহন ও প্যাকেজিংসহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজি আম মোকামে পৌঁছাতে গড়ে প্রায় ৩২ থেকে ৩৪ টাকা ব্যয় হচ্ছে। সে হিসেবে প্রতি মণ আম ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি হলে অনেক ক্ষেত্রেই চাষিদের লোকসানের মুখে পড়তে হয়।

নওগাঁর সাপাহারে দেশের অন্যতম বৃহৎ আমের হাটে বর্তমানে হিমসাগর আম প্রতি মণ ৯০০ থেকে ১ হাজার টাকা, নাগ ফজলি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, গুটি আম ১ হাজার ২০০ টাকা, আম্রপালি ১ হাজার থেকে ২ হাজার টাকা এবং ল্যাংড়া জাতের আম প্রায় ১ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারদরে অধিকাংশ চাষিই প্রত্যাশিত লাভ পাচ্ছেন না বলে জানিয়েছেন।

সাপাহার উপজেলার পাকুড়ডাঙ্গা গ্রামের আমচাষি মাহবুবুর রহমান বলেন, ‘দুই বিঘা জমিতে আম্রপালির বাগান করেছি। প্রতি বিঘায় সার, সেচ, কীটনাশক, শ্রমিক, পরিচর্যা ও আম সংগ্রহসহ প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি বিঘা থেকে ৫০ থেকে ৬০ মণ আম পাওয়ার আশা করছি। বর্তমান দরে বিক্রি করলে বিঘাপ্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হতে পারে।

একই উপজেলার সরদারপাড়া এলাকার চাষি আনিছুর রহমান বলেন, ‘এ বছর গাছে আমের পরিমাণ তুলনামূলক কম। গত বছর মৌসুমের শুরুতে আম্রপালি ১ হাজার ৫০০ থেকে সাড়ে ৩ হাজার টাকা মণ দরে বিক্রি করেছি। এ বছর দাম কিছুটা কম। ৩ হাজার টাকার নিচে আম্রপালি বিক্রি হলে উৎপাদন খরচ তুলতে কষ্ট হবে।’

বদলগাছী উপজেলার আমচাষি মোস্তাকিম বলেন, ‘তিন বিঘা জমিতে নাগ ফজলি চাষ করেছি। প্রতি বিঘায় ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়েছে। ৪০ থেকে ৫০ মণ আম পাওয়ার আশা করছি। বর্তমান বাজারদরে খুব বেশি লাভ নেই। তবে মৌসুমের শেষ দিকে দাম বাড়লে কিছুটা ভালো লাভ পাওয়া যাবে। রপ্তানি বাড়ানো গেলে চাষিরা আরও বেশি উপকৃত হবেন।’

সাপাহার উপজেলা আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন বলেন, ‘সাপাহারের আমের হাটে প্রতি মৌসুমে প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকার আম কেনাবেচা হয়। কিন্তু বর্তমানে সার, কীটনাশক, জমির ইজারা, শ্রমিক ও পরিবহন ব্যয় অনেক বেড়েছে। ফলে বর্তমান বাজারদরে চাষিরা কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছেন না। কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।’

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল বলেন, ‘আমের রপ্তানি বৃদ্ধি এবং আমভিত্তিক শিল্প গড়ে তোলা গেলে কৃষকরা আরও লাভবান হবেন। বর্তমানে সীমিত পরিসরে হলেও কিছু রপ্তানিকারক সরাসরি বাগানিদের সঙ্গে কাজ করছেন। ফ্রুট ব্যাগিং করা আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য হওয়ায় এসব আমের দামও ভালো পাওয়া যাচ্ছে। উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও মানসম্পন্ন আম উৎপাদনে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।’


banner close