বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

গ্রিডে বারবার বিপর্যয়, অজানাই থাকছে কারণ

ছবি: সংগৃহীত
আরিফুজ্জামান তুহিন
প্রকাশিত
আরিফুজ্জামান তুহিন
প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২২ ০৭:৫৬

আরিফুজ্জামান তুহিন

গত দেড় দশকে পাঁচটি বড় ধরনের গ্রিড বিপর্যয় ঘটেছে। এর মধ্যে দুটি হয়েছে প্রাকৃতিক কারণ ঝড়ের কবলে পড়ে। বাকি তিনটি বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ ও উৎস জানতে পারেনি সঞ্চালন লাইনের দায়িত্বে থাকা পিজিসিবি, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পাওয়ার সেল ও এ-সংক্রান্ত গঠিত তদন্ত কমিটি।

এর মধ্যে জাতীয় গ্রিড সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে ২০১৪ সালের ১ নভেম্বর। তখন এ বিষয়ে গঠিত কমিটি ৩২টি সুপারিশ দেয়। এর আগে ২০০৭ সালের সিডরের কবলে পড়ে বিপর্যয় ঘটে, সেবারও কমিটি সুপারিশ দেয়। তবে কোনো কমিটির সুপারিশ বাস্তবায়ন করা যায়নি। ফলে ঝুঁকিমুক্ত করা যাচ্ছে না জাতীয় গ্রিডকে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), পিডিবি ও পাওয়ার সেলের সাবেক এবং বর্তমান প্রকৌশলীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার বেলা ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন গ্রিড ট্রিপ করে বা বিপর্যয়ের মুখে পড়ে। এতে চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লা অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিকেল সাড়ে ৫টা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিপর্যয়ের ১০ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় তিনটি পৃথক তদন্ত কমিটি গঠনের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। একটি বিদ্যুৎ বিভাগের সমন্বয়ে, দ্বিতীয়টি পিজিসিবির পক্ষ থেকে আর তৃতীয়টি কোনো পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। এর একটি পিজিসিবির ছয় সদস্যের কমিটি গতকাল গ্রিডে বিপর্যয়ের কারণ খুঁজতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যায়।

পিজিসিবির প্রকৌশলীরা জাতীয় গ্রিডের কোথায় বিপর্যয় হয়েছে তার উৎস সম্পর্কে প্রকাশ্যে কিছু না বললেও দৈনিক বাংলাকে পরিচয় গোপন রাখার শর্তে দুজন প্রকৌশলী বলেছেন, নিয়মিত বিদ্যুৎ উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সংস্কারকাজ না করায় এসব উপকেন্দ্র ও গ্রিড এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলেও তাদের মত।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যেভাবে দ্রুত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে, সেভাবে বিদ্যুতের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা ঢেলে সাজানো হয়নি। ফলে বিদ্যুৎকেন্দ্রের সব তথ্য ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসি) কাছে থাকে না। অনেকটা অ্যানালগ পদ্ধতিতে ফোন করে বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছ থেকে তথ্য নিতে হয়। ফলে কোন এলাকায় কতখানি বিদ্যুতের প্রয়োজন, সেই অনুযায়ী ওই অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোকে স্বয়ংক্রিয়ভাবে নির্দেশ দেয়া সম্ভব হয় না। ফোনে অনেকটা আন্দাজনির্ভর হয়ে বিদ্যুতের উৎপাদন বাড়ানো বা কমানোর নির্দেশ দেয়া হয়। এই পদ্ধতি গোটা বিদ্যুৎ ব্যবস্থাকে যেকোনো সময় বিপদে ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন, বিতরণ ও গ্রাহক পর্যায় আধুনিক নেটওয়ার্কে আনা না গেলে ফের বিপর্যয় ঘটতে পারে। বিদ্যুতের এই আধুনিকায়নকেই স্মার্ট সিস্টেম বা আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা বলা হচ্ছে।

প্রকৌশলীরা আরও বলছেন, আধুনিক বিদ্যুৎ ব্যবস্থার মধ্যে বিদ্যুৎকেন্দ্র, জাতীয় গ্রিড, বিদ্যুতের বিতরণ ব্যবস্থা ও গ্রাহক পর্যায়ের ব্যবহারের পদ্ধতি বোঝানো হয়। গোটা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ দরকার। তবে সরকার ইতোমধ্যে পিজিসিবি ও ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে (ডিপিডিসি) স্মার্ট ব্যবস্থা আনার জন্য একটি করে আলাদা প্রকল্প নেয়া হয়েছে। এগুলোর কাজ চলছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ টেলিফোনে দৈনিক বাংলাকে বলেন, আধুনিক বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন ও বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে না পারলে প্রাকৃতিক কারণেও গ্রিড বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। এ জন্য বড় ধরনের বিনিয়োগ দরকার। ইতোমধ্যে পিজিসিবি ও ডিপিডিসির আধুনিকায়নে কাজ চলছে।

১৫ বছরে ৫টি বড় বিপর্যয়, কোনো সুপারিশ আমলে নেয়নি!

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের কারণে উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের বড় অংশের গ্রিড বিপর্যয়ের মধ্যে পড়ে। এই সময় একটি তদন্ত কমিটি গঠিত হয়। সরকারের ওই তদন্ত কমিটি বুয়েটের ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকদের কাছে বিপর্যয় রোধে পরামর্শ চেয়েছিল। বুয়েটের শিক্ষকরা তখন বিদ্যমান গ্রিডকে দুর্বল বলে জানিয়েছিলেন। পরামর্শে সরকারকে তারা বলেছিলেন, দেশজুড়ে বিস্তৃত গ্রিডকে বিচ্ছিন্ন করে কয়েকটি এলাকায় ভাগ করার কথা। সম্ভব। এটাকে বলা হয় আইল্যান্ডিং, যার অর্থ গ্রিডকে খণ্ডিত করে কয়েকটি দ্বীপের মতো করে রক্ষা করা। এতে দেশের কোথাও জাতীয় গ্রিডে বিপর্যয় হলে অন্য এলাকায় বিদ্যুৎ যাবে না। সে ক্ষেত্রে জাতীয় গ্রিডকে ছয়টি ভাগে ভাগ করার পরামর্শ দিয়েছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের সময় দেয়া ওই পরামর্শ অনুযায়ী দেশের গ্রিডকে ঢেলে সাজানো যায়নি। এরপরের বিপর্যয়টা আসে ২০১৪ সালের ১ নভেম্বর। ওই দিন সকালে কুষ্টিয়ার ভেড়ামারার উচ্চক্ষমতার গ্রিড উপকেন্দ্র (এইচভিডিসি) বিপর্যয়ের মধ্যে পড়ে। সে ঘটনার পর দেশের একটি অংশে বিদ্যুৎ চালু করতে এক দিন লেগেছিল। পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লেগেছিল প্রায় ৩৮ ঘণ্টা।

প্রথমে এইচভিডিসির পরিচালনার দায়িত্বশীলরা জানিয়েছিলেন, ভারত থেকে আসা বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, এতে আশুগঞ্জ-ভোড়ামারা গ্রিড ট্রিপ করে, তার পরই সারা বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। পরে অবশ্য সরকারের গঠিত কমিটি তাদের প্রতিবেদনে গ্রিড বিপর্যয়ে কারণ বের করতে পারেনি।

ওই কমিটির দুজন সদস্য দৈনিক বাংলাকে গতকাল বলেন, আমরা কারণ বের করতে না পারলেও ৩২টি সুপারিশ দিয়েছিলাম এর মধ্যে স্বল্পমেয়াদি সুপারিশ ২২টি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ ছিল ১০টি।

তারা বলেন, সুপারিশগুলো হলো গ্রিড নির্ভরশীল অক্সিলারি পাওয়ার নির্ভরশীলতা কমিয়ে বড় বড় বিদ্যুৎকেন্দ্রকে সেলফ অক্সিলারি পাওয়ারে চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সমগ্র গ্রিড নেটওয়ার্ককে ৯ ভাগে ভাগ করে পরিচালনা করা এবং প্রতিটি এলাকায় ন্যূনতম একটি সেলফ অক্সিলারি পাওয়ার স্টার্টিংয়ের ব্যবস্থা করা, ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা বিবেচনায় নিয়ে স্বয়ংক্রিয়ভাবে ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা এবং পিডিবি ও পিজিসিবিতে যৌথভাবে বিদ্যুৎকেন্দ্র শনাক্তের ব্যবস্থা করে কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ নেয়া।

অক্সিলারি পাওয়ার হলো, গ্রিড বিপর্যয়ের ফলে বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। ফের কেন্দ্রগুলোকে চালু করতে গেলে বিদ্যুৎকেন্দ্রের বাইরে থেকে বা অক্সিলারি বিদ্যুতের দরকার হয়। পরামর্শে বলা হচ্ছে, বিদ্যুৎকেন্দ্রগুলো নিজে চলতে পারে এমন বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা বা সক্ষমতা সেখানেই থাকতে হবে।

এ ছাড়া সুপারিশের মধ্যে ছিল বিদ্যুৎ সিস্টেমকে পূর্ণাঙ্গ আইসিটিভিত্তিক আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থার আওতায় নিয়ে আসার।

আট বছর আগে হওয়া ওই বিপর্যয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা গেলে মঙ্গলবারের মতো বড় বিপর্যয়ে পড়তে হতো না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাংলাদেশের পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রতি সেকেন্ডের তথ্য এনএলডিসির কাছে থাকে না। এ ছাড়া নতুন করে স্থাপিত রেন্টাল, কুইক রেন্টাল ও এমনকি কিছু আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) কেন্দ্রের মানও ভা্লো না। ফলে এসব কেন্দ্রের তথ্য সব এনএলডিসির কাছে যেতে সময় নেয়, এটা অ্যানালগ পদ্ধতিতে টেলিফোনে জানতে হয়। সে কারণে কোনো একটি বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র বা জাতীয় গ্রিডে ভোল্টেজ কমে গেলে বা বেড়ে গেলে অথবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে তা গোটা গ্রিডকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়।

২০১৭ সালের ১ মে ঝড়ে কিশোরগঞ্জের ভৈরবে আশুগঞ্জ-সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনের টাওয়ার ভেঙে পড়ে। এতে গ্রিড বিপর্যয় ঘটে। এর পরের দিন ২ মে ফের গ্রিড বিপর্যয় ঘটে, তবে ঝড়ে নয়, এটি যান্ত্রিক ত্রুটিতে। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ৩৮টি জেলার অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ওই অঞ্চলের প্রায় ২৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে ১০ ঘণ্টার বেশি সময় লেগেছিল।

এ তো গেল প্রাকৃতিক বিপর্যয়, গত ৬ সেপ্টেম্বর ভেড়ামার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে নিয়মিত সংস্কারের অভাবে ব্রেকার পুড়ে ট্রিপ করে জাতীয় গ্রিড। এতে খুলনা, যশোরসহ দক্ষিণ-পশ্চিমের জেলাগুলো দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।

‍বিদ্যুৎ বিভাগের নীতি প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন গতকাল টেলিফোনে দৈনিক বাংলাকে বলেন, অতীতে জাতীয় গ্রিডে যেসব বিপর্যয় হয়েছে তার কারণ আমরা জানতে পেরেছি, কিন্তু ঠিক কোথায় কী কারণে হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। জাতীয় গ্রিডের বিপর্যয় নির্দিষ্টভাবে জানতে গেলে বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন, পরিবহন ও গ্রাহক পর্যায়ে স্মার্ট ব্যবস্থায় রূপান্তর করতে হবে।

তিনি বলেন, প্রতি সেকেন্ডে সারা দেশের বিদ্যুৎকেন্দ্রের ভোল্টেজ এনএলডিসিকে স্বয়ংক্রিয়ভাবে জানতে হবে। কোথাও কোনো ফল্ট বা চ্যুতি দেখা দিলে সেটা মনিটরে রেড লাইট জ্বলে উঠবে। সেটা ভোল্টেজ কমে যাক বা বেড়ে যাক কিংবা বিদ্যুৎ সঞ্চালন সম্পূর্ণ বন্ধ হয়ে যাক। এটি প্রতি সেকেন্ডে জানতে পারলে সেই অংশটুকুকে গোটা গ্রিড থেকে আলাদা করে ফেলা যাবে। তবে এসব করতে গেলে আমাদের গ্রিড ব্যবস্থাকে স্মার্ট গ্রিড করতে হবে।

এক প্রশ্নের উত্তরে বলেন, পিজিসিবির সব সঞ্চালন ব্যবস্থা বা দেশের সব জাতীয় গ্রিড একসঙ্গে স্মার্ট গ্রিডে নিতে গেলে অনেক টাকার প্রয়োজন। সেটার দরকারও নেই। এটা ধাপে ধাপে করতে হবে। পিজিসিবি ও ডেসকোর একটি অংশে এ রকম দুটি কাজ চলছে। আগামী তিন বছরের মধ্যে দেশের একটি উল্লেখযোগ্য অংশ স্মার্ট বিদ্যুৎ সঞ্চালন ও পরিবেশনের আওতায় আসবে।

ছোট বিপর্যয় অসংখ্য!

পিজিসিবির দুজন প্রকৌশলী দৈনিক বাংলাকে বলেছেন, বড় বিপর্যয়েরই শুধু খবর আসে, কারণ তাতে সারা বাংলাদেশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। কিন্তু এনএলডিসি সব সময় বিপর্যয়ের আতঙ্কে থাকে। সেখানে কর্মরত প্রকৌশলীরা তাদের ৮ ঘণ্টা কর্মসময়ে এক সেকেন্ডের জন্যও অমনোযোগী থাকার সুযোগ থাকে না। এনএলডিসিতে দিন-রাত পালা করে ৮ ঘণ্টা করে তিন শিফটে কাজ করেন প্রকৌশলীরা। পুরোনো বিদ্যুৎকেন্দ্র, রেন্টাল, কুইক রেন্টাল ও কিছু আইপিপি কেন্দ্রে তারা অনবরত ফোন করে ভোল্টেজ সমস্যা ঠিক রাখেন। এর পরও জাতীয় গ্রিডে ট্রিপ বা বিপর্যয় পুরোপুরি রোধ করা যায় না।

পিজিসিবির হিসাবে ২০১৭ সালে মোট ১৪ বার বিপর্যয় হয়েছিল, এতে মোট ২০ ঘণ্টা ১০ মিনিট বিদ্যুৎ ছিল না। ২০১৮ সালে ১৪ বার ট্রিপ হয়, এতে ১৬ ঘণ্টা ৩২ মিনিট বিদ্যুৎ ছিল না, ২০১৯ সালে ১৯ বার ট্রিপ হয়, এতে ৩২ ঘণ্টা ৫১ মিনিট বিদ্যুৎ ছিল না। ২০২০ সালে ১৩ বার ট্রিপ হয়, এতে ১৫ ঘণ্টা ২৭ মিনিট বিদ্যুৎ ছিল না। আর ২০২১ সালে ১১ বার ট্রিপ, তাতে ১১ ঘণ্টা ৩০ মিনিট বিদ্যুৎ ছিল না।

প্রকৌশলীরা বলছেন, গড়ে এসব ট্রিপে সামান্য সময় নির্দিষ্ট এলাকার মধ্যে বিদ্যুৎ বিপর্যয়কে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছিল সে কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় হয়নি। সে কারণে মানুষ এসব জানতেও পারেনি।

পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমাত উল্লাহ গতকাল রাতে দৈনিক বাংলাকে বলেন, বেসরকারি এমন কিছু বিদ্যুৎকেন্দ্র আছে যা অত্যন্ত নিম্নমানের। এসব কেন্দ্রের তথ্য এনএলডিসি কোনোভাবেই প্রতিক্ষণে পায় না। এসব কারণে গ্রিড ঝুঁকিপূর্ণ। তাছাড়া সবাই ঝাঁপিয়ে পড়েছে বিদ্যুৎকেন্দ্রের দিকে। কারণ ওখানে প্রচুর টাকা। নিয়মিত যে উপকেন্দ্র ও সঞ্চালন লাইন সংস্কার করতে হবে তাতে নজর নেই, কারণ ওখানে টাকা নেই তেমন। ট্রিপ হবেই, সেটাকে প্রতিরোধ করা এবং নির্দিষ্ট এলাকার মধ্যে ঠেকিয়ে রাখাই হলো মূল কথা। এনএলডিসিকে আধুনিককরণ করার পাশাপাশি পিজিসিবির অসাধু কর্মকর্তাদের বড় রকম শাস্তি না দিলে আগামীতেও এসব ঘটতেই থাকবে।


নির্বাচিত

ডেঙ্গুর ছোবলে প্রাণ গেল অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪১
দৈনিক বাংলা ডেস্ক

কোলজুড়ে সন্তান আসার অপেক্ষা ছিল। আর মাত্র কয়েক সপ্তাহ পরই প্রথম সন্তানের মুখ দেখার কথা ছিল নূর জাহানের। কিন্তু সেই অপেক্ষা আর শেষ হলো না। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের এই শিক্ষার্থী। মৃত্যুকালে তিনি ছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা। মায়ের মৃত্যুর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নূর জাহানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। আগামী মাসেই তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা ছিল। সন্তানকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যেও ছিল আনন্দের প্রস্তুতি।

নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন জানান, গত শুক্রবার মুরাদনগরের নিজ বাড়িতে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। শুরুতে চিকিৎসা নেওয়া হলেও পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নূর জাহান ছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা। ফলে তার শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি গর্ভের শিশুটিকেও নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মা ও অনাগত সন্তান—দুজনকেই হারাতে হলো পরিবারকে।

নূর জাহানের মৃত্যুতে পরিবার-স্বজনের পাশাপাশি শোক নেমে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজেও। সহপাঠী ও শিক্ষকদের কাছে তিনি ছিলেন মেধাবী, সৃজনশীল ও আন্তরিক একজন শিক্ষার্থী।

ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ জানান, নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তিনি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন।

তার অকালমৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহপাঠীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। যে শিক্ষার্থীকে ঘিরে ছিল ভবিষ্যতের নানা স্বপ্ন, হঠাৎ করেই তার জীবন থেমে যাওয়ায় সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে তৈরি হয়েছে গভীর বেদনা।

নূর জাহানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা।

তিনি বলেন, নূর জাহান অত্যন্ত আন্তরিক ও মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

নূর জাহানের মৃত্যুর মধ্য দিয়ে একটি পরিবারের স্বপ্ন যেমন থেমে গেল, তেমনি সন্তান জন্মের অপেক্ষায় থাকা একটি দম্পতির জীবনেও নেমে এলো অপূরণীয় শূন্যতা। মা ও অনাগত সন্তানের একসঙ্গে চলে যাওয়ার এই ঘটনায় শোকাহত পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকরা।


নির্বাচিত

মুরাদনগরে বোন-ভাতিজা হত্যা মূল আসামিসহ ৩ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে জায়গাসংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার অন্য দুজন হলেন আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম ও পালিত কন্যা ইতি। বুধবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে নিহত খালেদা আক্তার ও তার ভাই মোস্তাক আহমেদ আবু মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তার ও তার ভাতিজা মনজুরুল আলম তুতুর ওপর হামলা চালান আবু মিয়া। একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতদের স্বজন নাসিম হায়দার সুজন বাদী হয়ে তিনজনকে আসামি করে মুরাদনগর থানায় হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার এলাকা থেকে আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম ও পালিত কন্যা ইতিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় একটি ট্রেন থেকে মামলার মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।


নির্বাচিত

কিশোরগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, ওসি ক্লোজড

ছবি: ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন
আপডেটেড ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১৭
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। একই ঘটনায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিনকে শোকজ ও প্রশাসনিক কারণে ক্লোজড করা হয়েছে।
রেনু মিয়া উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মাধবদী এলাকার মৃত ইল্লাল মিয়ার ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর রেনু মিয়ার হাতে হাতকড়া পরানো হলে তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির মাধ্যমে তাকে ছিনিয়ে নেন। এ সময় উপপরিদর্শক (এসআই) শরাফিন মিয়া, কনস্টেবল বাবলু মিয়া ও কনস্টেবল সোহেল রানা আহত হন। পরে তারা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ঘটনার পর একাধিক দল নিয়ে অভিযান চালিয়ে সোমবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মাধবদী এলাকা থেকেই রেনু মিয়াকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই শরাফিন মিয়া বাদী হয়ে মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৮৬, ৩৩২, ২২৪, ২২৫, ৩৫৩ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
রেনু মিয়াকে আটকের পর তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ সাত নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মব সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, ঘটনার পরপরই প্রশাসনিক কারণে কুলিয়ারচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।


নির্বাচিত

প্রভোস্টের পদত্যাগ দাবিতে চবির আলাওল হলে তালা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৩
চবি প্রতিনিধি

আবাসিক হলের নানা অনিয়ম, অব্যবস্থাপনা, আসন বণ্টনে অস্বচ্ছতাসহ নানা অভিযোগ নিয়ে প্রভোস্টের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হল সংসদের নেতৃত্বে প্রভোস্টকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে প্রভোস্ট রুমে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১টায় আলাওল হল সংসদ প্রতিনিধিদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা হল প্রভোস্টের রুম এবং হল অফিসে তালা ঝুলিয়ে দেয়।

শিক্ষার্থীরা জানায়, হল সংসদের সাথে সমন্বয়হীনতা, হল সংসদের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটানো, শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার, উন্নয়নমূলক কাজে দীর্ঘসূত্রতা, দীর্ঘ দিন ধরে হলের সিট বণ্টনে অস্বচ্ছতা, শিক্ষার্থীদের সাংবাদিক পরিচয়ে হুমকি এবং জরুরি সংস্কার কাজ থমকে থাকার প্রতিবাদে শিক্ষার্থীরা এই পদক্ষেপ নেন। হল সংসদের নেতাদের অভিযোগ, একাধিকবার মৌখিক ও লিখিত আবেদন জানানো হলেও হল প্রশাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়নি।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, প্রভোস্টের দায়িত্বে অবহেলা এবং শিক্ষার্থীদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কার্ড জমা নিয়ে রাখে, সব সময় নিজ মনমতো কাজ করে, হল সংসদকেও সমন্বয় করেন তিনি। এ ছাড়া প্রশাসনিক কাজে ঢিলেঢালাভাবের কারণে হলের সার্বিক পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা হল কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং একপর্যায়ে প্রভোস্টকে ভেতরে থাকা অবস্থায় প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি তাদের কল্যাণেই আমাদের কাজ করতে হয়, হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীদের নানা অভিযোগ রয়েছে এগুলো আপনারাও জানেন, শিক্ষার্থীরা উনার পদত্যাগ চায় তাই আমরা তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) হল প্রভোস্টের রুমে তালা দিয়েছি।’

রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী শাহিন বলেন, ‘প্রভোস্ট শিক্ষার্থীদের সাথে স্বৈরাচারী আচরণ করে আসছিল, এ জন্য শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। তার পদত্যাগ চাই আমরা।’


নির্বাচিত

ময়মনসিংহ মেডিকেলে আগুন, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

# মৃত্যু নিয়ে হাসপাতাল ও স্বজনদের ভিন্ন দাবি
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ময়মনসিংহ ও ফুলবাড়ীয়া প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামার সময় পদদলিত হয়ে মৃত্যুর অভিযোগ করেছেন নিহতদের স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনারের দাবি, আগুনের ঘটনায় কেউ পদদলিত হয়ে মারা যাননি; দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ফুলবাড়ীয়া উপজেলার পল্লিচিকিৎসক শাহজাহান মোল্লা ও সিএনজিচালক রমজান আলী মারা গেছেন। তাদের পরিবারের দাবি, আগুনের ঘটনায় সৃষ্ট আতঙ্ক ও হুড়োহুড়ির কারণেই তাদের মৃত্যু হয়েছে।

শাহজাহান মোল্লার বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামে। গত সোমবার তার মরদেহ সেখানে নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার পর শাহজাহানকে কাঁধে করে সিঁড়ি দিয়ে নামানোর সময় পেছন থেকে ধাক্কা দিলে তারা পড়ে যান। পরে মানুষের চাপের মধ্যে পদদলিত হন শাহজাহান।

শাহজাহানের স্ত্রী হারিছা বেগম বলেন, সন্ধ্যায় আগুন লাগার পর তিনি ও তার বড় বোন জাহানারা কাঁধে করে শাহজাহানকে সিঁড়ি দিয়ে নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ধাক্কা দিলে তারা সিঁড়িতে পড়ে যান। এরপর মানুষ তাদের ওপর দিয়ে চলে যায়। তিনি নিজেও আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন। পরে জানতে পারেন, শাহজাহান মারা গেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের সমালোচনা করে হারিছা বেগম বলেন, কর্তৃপক্ষ মিথ্যা বলছে। তারা ঘটনাটি দেখেনি, তিনি সেখানে ছিলেন।

অন্যদিকে রমজান আলী বেশ কিছুদিন ধরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তার স্ত্রী খাদিজা আক্তার বলেন, আগুন লাগার পর আতঙ্কে রমজান সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়ে যান। কয়েকজন তাকে ওপরে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

রমজান আলীর স্ত্রী খাদিজা আক্তার জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে অনেকটা সুস্থ হয়ে উঠে। হাসপাতালে আগুন লাগার খবরে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়িতেই আমার বুকে মৃত্যু হয় তার।

খাদিজা আক্তারের দাবি, আগুনের ঘটনা না ঘটলে এবং আতঙ্ক সৃষ্টি না হলে তার স্বামী হয়তো বেঁচে যেতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন তারা সর্বস্বান্ত।

তার মা বিবি হওয়া জানিয়েছেন, সোমবার বিকালে সর্বশেষ তার সাথে কথা হয়েছে ছেলের। দোয়া চেয়েছে, চিন্তা করতে না করেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরবে। সেই ছেলে রাতে লাশ হয়ে বাড়ি ফিরছে।

এদিকে আগুনের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে নিহত ফুলবাড়ীয়ার শাহজাহান ও রমজান আলী এবং তারাকান্দার কুলসুম বেগমের দাফন সম্পন্ন হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনারের বক্তব্য অনুযায়ী, আগুনের ঘটনায় কেউ পদদলিত হয়ে মারা যাননি। যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তারা স্বাভাবিকভাবে মারা গেছেন।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে লিফট ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগ ওঠা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ দুজনকে তদন্ত কমিটিতে রাখায় কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। তিনি নিজেই সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের দুজন এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি আছেন।

ডা. মাইন উদ্দিন খান আরও বলেন, এতে তদন্তে কোনো প্রভাব পড়বে না।

মাইনউদ্দিন খান বলেন, লিফটে আগুন লাগার ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কি না, তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে। ঘটনায় কারও গাফিলতি থাকলে তা চিহ্নিত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তদন্তে অন্য কোনো বিষয় উঠে এলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস বলেন, অতিরিক্ত চাপের কারণে লিফটে দুর্ঘটনা ঘটেছে।

এদিকে আগুনের ঘটনার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আতঙ্কে হাসপাতাল ছেড়ে যাওয়া রোগী ও স্বজনরা সকাল থেকে আবার ওয়ার্ডে ফিরতে শুরু করেছেন। তবে আগুনের ভয়াবহতা দেখা রোগী ও স্বজনদের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। হুড়োহুড়িতে পদদলিত হয়ে আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, তদন্ত কমিটি আগুনের ঘটনার প্রকৃত কারণ বের করবে।

তবে নাগরিক নেতারা অভিযোগ ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।


নির্বাচিত

কিশোরগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, ওসির বিরুদ্ধে ব্যবস্থা

ছবি: দৈনিকবাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিনকে ক্লোজড করা হয়েছে।


রেনু মিয়া উপজেলার ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মাধবদী এলাকার মৃত ইল্লাল মিয়ার ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় গত সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রেনু মিয়ার হাতে হাতকড়া পরানো হলে তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশকে ঘেরাও করে ধস্তাধস্তির মাধ্যমে তাকে ছিনিয়ে নেন। এ সময় উপপরিদর্শক (এসআই) শরাফিন মিয়া, কনস্টেবল বাবলু মিয়া ও কনস্টেবল সোহেল রানা আহত হন। পরে তারা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।


ঘটনার পর একাধিক দল নিয়ে অভিযান চালিয়ে গত সোমবার রাত ১০টার দিকে মাধবদী এলাকা থেকেই রেনু মিয়াকে হাতকড়াসহ পুনরায় গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই শরাফিন মিয়া বাদী হয়ে মামলা করেন। রেনু মিয়াকে আটকের পর তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ সাত নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।


ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মব সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই প্রশাসনিক কারণে কুলিয়ারচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।’


নির্বাচিত

কুমিল্লায় দুই হত্যার রহস্য উদঘাটন, সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার

ছবি: দৈনিকবাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাহফুজ নান্টু, কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তার মানিকের বয়স ২৫ বছর। তিনি মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের গনিপুর গ্রামের আমিনুল ইসলাম ওরফে দুলালের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।


পুলিশ জানায়, গত ১২ আগস্ট নাঙ্গলকোট থানার আটিয়াবাড়ি এলাকায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত ব্যক্তি ১৮ বছর বয়সি মো. মেহেদী। তিনি অটোরিকশাচালক ছিলেন।


এ ঘটনায় নাঙ্গলকোট থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা তদন্তে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াদুদ ওরফে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা মেহেদীকে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এ ঘটনায় মানিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।


এরপর গত ২৪ আগস্ট নাঙ্গলকোটে অটোরিকশাচালক মো. আরমান হোসেন (১৫) নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে একটি অটোরিকশা কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আরমানকে অপহরণ করে হত্যার তথ্য দেন। পরে মানিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও আরমানকে হত্যার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর এলাকার একটি পুকুর থেকে আরমানের মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, দুটি হত্যাকাণ্ডের পেছনেই অটোরিকশা ছিনতাই ছিল মূল উদ্দেশ্য। পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে শাহজাহান ওরফে সাইমন (১৭) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করেন মানিক। ওই হত্যা মামলাটিও বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।


নির্বাচিত

খুলনায় ডেঙ্গু বাড়ছেই নতুন ওষুধেও মরেনি ১৫% লার্ভা

# ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ২৯০ # মশক নিধন ওষুধ ফেরত পাঠিয়েছে কেসিসি
ছবি: দৈনিকবাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সৈকত মো. সোহাগ, খুলনা

বর্ষা মৌসুমের আগে থেকে অতিবৃষ্টির কারণে খুলনায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে। প্রতিদিন গড়ে ২০০ রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে। আর সেপ্টেম্বর ও অক্টোবর মাস খুলনায় ডেঙ্গুর জন্য অধিকতর ঝুঁকিপূর্ণ। মহানগরীর ১০টি ওয়ার্ড, রূপসা ও পাইকগাছা উপজেলাকে লাল তালিকাভুক্ত করা হয়েছে।

জনস্বাস্থ্যবিদরা মন্তব্য করেছেন গত আড়াই দশকে বিজ্ঞানসম্মতভাবে মশা নিয়ন্ত্রণ না করায় ডেঙ্গুর প্রকোপ প্রতি বছর বাড়ছে। আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ এবং ৩৮ ভাগ নারী। মৃত্যুর তালিকায় দেশের মধ্যে খুলনা বিভাগ শীর্ষে রয়েছে।

এদিকে সরকারি হিসাব মতে খুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজারের কাছাকাছি চলে গেছে। তবে প্রকৃতপক্ষে আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বেশি। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে মশক নিধনে নতুন ক্রয়কৃত ওষুধে ১৫ শতাংশ মশার লার্ভাও না মরায় ওই ওষুধ ফেরত পাঠিয়েছে খুলনা সিটি করপোরেশন। পাশাপাশি নতুন ওষুধ কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন চিকিৎসা নিতে ভর্তি হন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এবং ফলে চলতি বছরে খুলনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৩৯৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮১ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬০ জন রোগী। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ২২৫ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

এদিকে খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মশক নিধনের জন্য আনা ওষুধ পরীক্ষামূলক প্রয়োগে ১৫ শতাংশ মশার লার্ভাও মরেনি। কাজেই সেই ওষুধ ফেরত পাঠানো হয়েছে।

কেসিসি থেকে জানা গেছে, খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি বিপদজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় মশক নিধন কর্মসূচি জোরদার করে কেসিসি। গত ১ সেপ্টেম্বর থেকে মশার লার্ভা নিধনের জন্য নতুন করে ১৫৫ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। নগরীর প্রতিটি ওয়ার্ডে ৫ জনকে করে শ্রমিক প্রতিদিন ড্রেন, বদ্ধ জলাশয়সহ প্রয়োজনীয় স্থানে মশার লার্ভা নিধনে কাজ করছে।

এ ছাড়া কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের শ্রমিকরা ৩১টি ওয়ার্ডে একযোগে ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা নিধন এবং ওয়াসার ম্যানহোলে লাইট ডিজেল অয়েল বা কালো তেল ছেটাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সূত্রটি জানায়, আগামী সপ্তাহে এই কার্যক্রম আরও জোরদারের পরিকল্পনা সাজানো হচ্ছে। এ অবস্থায় মশক নিধনের জন্য তিন হাজার লিটার অ্যাডাল্টি সাইট এবং দুই হাজার লিটার লার্ভি সাইট ওষুধ কেনা হয়।

কেসিসির ওই সূত্রটি আরও জানায়, গত শনিবার কীটতত্ত্ববিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সামনে মশার ওষুধের মান পরীক্ষা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ওইদিন একটি পাত্রে মশার লার্ভার ওপর ওষুধ প্রয়োগ করে বদ্ধ ঘরে ৪৮ ঘণ্টা রাখা হয়।

একই সঙ্গে নতুন কেনা ওষুধ পরীক্ষার জন্য দেশের খ্যাতনামা তিনটি পরীক্ষাগারে পাঠানো হয়। গত সোমবার দুপুরে সেই পাত্র পরীক্ষা করে দেখা যায়, ১৫ শতাংশ লার্ভা মারা যায়নি।

ফলে মান যাচাইয়ের প্রাথমিক পরীক্ষায় ফেল করেছে খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মশক নিধনের জন্য আনা ওষুধ। পরীক্ষামূলক প্রয়োগে নতুন ওষুধে ১৫ শতাংশ মশার লার্ভাও মরেনি।

ফলে তাৎক্ষণিতভাবে ওই ওষুধ ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পাশাপাশি কীটতত্ত্ববিদদের সহযোগিতা নিয়ে দ্রুত নতুন ওষুধ কেনার নির্দেশ দিয়েছেন তিনি।

জানতে চাইলে কেসিসি প্রশাসক বলেন, ‘২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বেশিরভাগ লার্ভা মারা যাওয়ার কথা। কিন্তু ৪৮ ঘণ্টা পর ১৫ শতাংশ লার্ভা মরেনি। ওই ওষুধের চালান ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

একই সঙ্গে কীটতত্ত্ববিদদেরও সহযোগিতায় জরুরিভিত্তিতে কীভাবে আরও ভালো ওষুধ কেনা যায় এ জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রশাসক মঞ্জু।


নির্বাচিত

আমীর হামজার বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা মুফতি আমীর হামজার কথিত বক্তব্যের প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

সমাবেশে মহিলা দলের নেত্রীরা বলেন, একজন নারী সংসদ সদস্যকে নিয়ে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো নারী জনপ্রতিনিধিকে অসম্মান করে বক্তব্য দেওয়ার অধিকার কারও নেই। তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

বক্তারা বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনপ্রতিনিধিদেরও বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হওয়া প্রয়োজন। কোনো বক্তব্যে নারী সমাজের মর্যাদা ক্ষুণ্ন হলে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।

মিছিল চলাকালে মহিলা দলের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। হাতে ঝাড়ু নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন।

ঝাড়ু মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

তবে সংসদ সদস্য মুফতি আমীর হামজার কথিত বক্তব্যের বিষয়ে তার বক্তব্য বা ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


নির্বাচিত

রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো দিনব্যাপী সরকারি সফরে মঙ্গলবার পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধানের এই প্রথম আগমনকে কেন্দ্র করে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও রাজসিক সংবর্ধনা জানাতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও সিলেট মহানগর বিএনপি। বিমানবন্দর থেকে সার্কিট হাউস এবং মাজার প্রাঙ্গণ পর্যন্ত সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা এই অভ্যর্থনা কার্যক্রমে অংশ নিচ্ছেন। গণমাধ্যম-কে দেওয়া বক্তব্যে নাসিম হোসাইন জানান, সিলেটের সাধারণ জনগণের অংশ হিসেবে চৌকিদেখী পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, দরগাহ গেইট, চৌহাট্টা পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট, টিলাগড় পয়েন্ট এবং শাহপরান পয়েন্টে অবস্থান নিয়ে নেতাকর্মীরা রাষ্ট্রপতিকে অভিবাদন জানাচ্ছেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুসারে, সকাল সোয়া ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বেলা ১১টা ৫০ মিনিটে সার্কিট হাউসে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত সম্পন্ন করবেন। মধ্যাহ্নবিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সম্মুখভাগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। দিনব্যাপী সফরের নানা আনুষ্ঠানিকতা শেষে রাত ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।


নির্বাচিত

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে গঠিত এই কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান নিশ্চিত করেছেন যে, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে সভাপতি এবং তাঁকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুজন প্রকৌশলী এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি মূলত আগুনের প্রকৃত উৎস, লিফটের যান্ত্রিক ত্রুটি কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত কারণ অনুসন্ধানের পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের কোনো অবহেলা ছিল কি না তা চিহ্নিত করে ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

এদিকে অগ্নিকাণ্ড-পরবর্তী হতাহতের সংখ্যা নিয়ে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বিভ্রান্তি দূর করে জানান, ঘটনাকে কেন্দ্র করে পদদলিত হয়ে ছয়জন নিহতের যে খবর ছড়িয়েছিল তা সঠিক নয়। প্রাথমিক যাচাইয়ে মৃতদের তালিকায় থাকা একজনকে জীবিত পাওয়া গেছে এবং অপর দুজন হাসপাতালে আনার পূর্বেই স্বাভাবিক অসুস্থতাজনিত কারণে মারা গিয়েছিলেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও পদদলিত হয়ে মৃত্যুর বিষয়টি নাকচ করা হয়েছে। তবে আতঙ্কে হুড়োহুড়ির সময় বেশ কয়েকজন আহত হন, যাঁদের মধ্যে ফুলবাড়িয়ার জাহানারা (৫০) নামের এক নারী বর্তমানে চিকিৎসাধীন। এ ছাড়া ফুলবাড়িয়ার শাহজাহান (৪০) ও তারাকান্দার কুলসুমা (৩৫) নামের দুজনের পরিবার দাবি করেছে যে হুড়োহুড়ির কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে আকস্মিক এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং নিমিষেই ভবনের বিভিন্ন তলায় বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।


নির্বাচিত

হাতকড়াসহ পালানো সেই আওয়ামী লীগ নেতা পুনরায় গ্রেপ্তার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়াকে ৯ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেনু মিয়া মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে। তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। তবে কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ। একপর্যায়ে লোকজনের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান রেনু মিয়া। পরে তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


নির্বাচিত

বরিশালে ৩১ নামজারি আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তা শোকজ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বরিশাল প্রতিনিধি

সদর উপজেলার বিএম ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে নামজারি ও হোল্ডিংয়ের আবেদন পেন্ডিং থাকায় দুই ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ আবেদন দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়ার বিষয়টি দেখতে পান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ।

পরিদর্শনকালে অফিসের নথিপত্র ও চলমান কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, ৩১টি নামজারি আবেদন ৩০ দিনের বেশি সময় ধরে পেন্ডিং রয়েছে। একই সঙ্গে ১১টি হোল্ডিং আবেদনেরও নিষ্পত্তি হয়নি। দীর্ঘদিন ধরে এসব আবেদন ঝুলে থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে প্রশাসনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিএম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিপন ভাবুক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে আবেদন নিষ্পত্তি না করা জনসাধারণের ভোগান্তির কারণ হচ্ছে এবং এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কেন দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য করা হবে না—সেই বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে নোটিশ পাওয়ার পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

প্রশাসনের এমন আকস্মিক পরিদর্শনের ফলে ভূমি অফিসগুলোতে সেবার মান বাড়বে এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেছেন, ‘ভূমি সেবার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও অধিকার জড়িত। কোনো আবেদন অযৌক্তিকভাবে দীর্ঘদিন পেন্ডিং রাখা হবে না। জনগণকে হয়রানি না করে নির্ধারিত সময়ের মধ্যে নামজারি ও হোল্ডিংসহ সব সেবা নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা, কর্মবিমুখতা কিংবা জনভোগান্তি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে দ্রুত সেবা প্রদান ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।’


নির্বাচিত

banner close