বিনা টিকিটে রেল ভ্রমণ করার ১০ বছর পর অবশেষে রেলের সেই টিকিটের টাকা কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন আবু রায়হান নামে এক যুবক।
রোববার তিনি তার টিকিটের ৮৯০ টাকা জমা দেন। পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
আবু রায়হানের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায় বলে জানা গেছে।
অসীম কুমার তালুকদার বলেন, আবু রায়হান নামে ওই যুবক রোববার হঠাৎ আমার অফিসে ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তাহার-রাজশাহী এবং রাজশাহী-ঢাকা রুটে টিকিট ছাড়াই ভ্রমণের কথা জানান। হিসাব করে দেখা যায়, ওই ভ্রমণ বাবদ রায়হানের কাছ থেকে ৮৯০ টাকা পাওয়া যাবে। এই টাকা সরকারি খাতে জমা দিয়ে তিনি দায়মুক্ত হলেন।
পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার আরও বলেন, ‘টিকিট না কেটে ভ্রমণে শুধু নিজেকেই ফাঁকি দেয়া হয় না, বরং জনগণকেও ঠকানো হয়। সেই চেতনা থেকেই ওই যুবক টাকা জমা দেয়ার জন্য আমার কাছে এসেছেন। টাকাটা পেপার টিকিটের মাধ্যমে গ্রহণ করার পরে তিনি জানান, বিরাট একটা বোঝা যেন তার মাথা থেকে নেমে গেছে। এখন তিনি খুবই হালকা বোধ করছেন। আমরা তার এই আত্মোপলব্ধি ও চেতনাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই।’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি, চিকিৎসা পরীক্ষার যন্ত্রপাতি অচল থাকা, দালালদের দৌরাত্ম্য ও পরিচ্ছন্নতা নিয়ে অবহেলার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসাসেবা নিতে হয়রানি, গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি অচল ফেলে রেখে সরকারি অর্থের অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের জেলা কার্যালয় অভিযান চালায়। এ সময় হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি জব্দ করা হয়।
দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, “বেশ কিছু অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা অভিযান চালিয়েছি। অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছি। জব্দ করা কাগজপত্র যাচাই-বাছাই করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের মিঠাপুকুরে আগাম শিমের বাম্পার ফলন হয়েছে। মাঠজুড়ে সবুজ শিমের সমারোহ। গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় শিম। ভালো ফলন আর বাজারে চাহিদা থাকায় আশার আলো দেখছেন কৃষকরা। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারদর কম হওয়ায় সেই আশায় দেখা দিয়েছে শঙ্কা। কৃষকের জমি থেকে কম দামে শিম কিনে বাজারে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এতে উৎপাদনস্থল থেকে খুচরা বাজার পর্যন্ত প্রতি কেজি শিমের দামের ব্যবধান দাঁড়িয়েছে ৪০ থেকে ৫০ টাকা। ফলে একদিকে ন্যায্যমূল্য না পেয়ে হতাশ হচ্ছেন কৃষক, অন্যদিকে বাড়তি দামে শিম কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার রানী পুকুর ইউনিয়নের বিভিন্ন মাঠে এখন আগাম শিমের বাম্পার ফলন। সকাল থেকে বিকেল পর্যন্ত জমিতে শিম সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া আর ভালো ফলনে এবার শিমের উৎপাদন বেড়েছে। কৃষকদের আশা, বাজারে ন্যায্যমূল্য পেলে বিঘাপ্রতি এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব হবে।
তবে মাঠে ফলন ভালো হলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও পরিচর্যায় ব্যয় হয়েছে বিপুল অর্থ। শিমের গাছ বড় হওয়া থেকে শুরু করে ফলন সংগ্রহ পর্যন্ত নিয়মিত পরিচর্যা করতে হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বাজারে শিমের সরবরাহ বৃদ্ধি। ফলে কৃষকের প্রত্যাশা অনুযায়ী দাম মিলছে না।
কৃষকদের ভাষ্য, শিমের ফলন ভালো হওয়া সত্ত্বেও দাম কম থাকলে উৎপাদন খরচ তুলতে কষ্ট হবে। আগের বছরের লোকসান পুষিয়ে নেওয়ার যে স্বপ্ন নিয়ে তারা এবার শিম চাষ করেছেন, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই ভালো ফলনের পাশাপাশি ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি তাদের।
স্থানীয় শিম ব্যবসায়ীরা জানান, বর্তমানে কৃষকের কাছ থেকে সাদা শিম ৪৫ টাকা এবং কালো শিম ৩৫ টাকা কেজি দরে কিনছেন তারা। তবে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম নিয়ে কিছুটা চাপ রয়েছে। অন্যদিকে খুচরা বাজারে সেই শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। এতে কৃষকের বিক্রয়মূল্য ও ভোক্তার ক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী কামরুজ্জামান জানান, গত বছর শিম চাষ করে অনেক কৃষক লোকসানে পড়েছিলেন। সে কারণে এবার ব্যাপক হারে শিমের চাষাবাদ করেছেন তারা। এবার ফলনও হয়েছে বাম্পার। তবে কৃষক যদি ন্যায্যমূল্য পান, তাহলে আগের বছরের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে আগামী বছরও সাধারণ কৃষকরা শিম চাষে আগ্রহী হবেন। মিঠাপুকুরের রানী পুকুরসহ বেশ কয়েকটি ইউনিয়নে এবার ব্যাপক হারে শিমের আবাদ হয়েছে বলেও জানান তিনি।
কৃষকদের উৎপাদিত শিম স্থানীয় বাজারে পৌঁছানোর পর একাধিক হাত বদল হচ্ছে। পরিবহন, বাছাই ও বাজারজাতকরণের খরচের পাশাপাশি ব্যবসায়ীদের লাভ যুক্ত হয়ে খুচরা বাজারে দাম বাড়ছে বলে সংশ্লিষ্টদের দাবি। তবে মাঠ থেকে বাজার পর্যন্ত দামের এই বড় ব্যবধানের কারণে উৎপাদক ও ভোক্তা—দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক কম দাম পাচ্ছেন, আর ক্রেতাকে কিনতে হচ্ছে বেশি দামে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বন্যামুক্ত থাকায় মিঠাপুকুরের এ অঞ্চলে প্রতি বছর প্রায় ৩০০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়ে থাকে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে এবারও প্রায় ৩০০ থেকে ৩৫০ হেক্টর জমিতে শিমের চাষাবাদ হয়েছে বলে জানা গেছে। আগাম শিম বাজারে আসায় স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন বাজারে সরবরাহ বাড়ছে।
রংপুর কৃষি কর্মকর্তা সিফাত জাহান তিনি বলেন, ‘এই অঞ্চলে সিমের এবার ভালো ফলন হয়েছে, সারা দেশের শিমের চাহিদা থাকায় এই অঞ্চলের কৃষকেরা শিম চাষাবাদ করে থাকে।
শিম অনেক পুষ্টিকর সবজি। তাই প্রতি বছরের মতো এবারও ৩৫০ হেক্টর জমিতে শিম চাষাবাদ হয়েছে।’
তবে সংশ্লিষ্টদের দাবি শিমের উৎপাদন বাড়ানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি। উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে বাজারদর নির্ধারণ, কৃষিপণ্যের সুষ্ঠু বিপণন ব্যবস্থা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন।
এদিকে মাঠে শিমের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে পুরোপুরি হাসি নেই। উৎপাদন খরচের তুলনায় দাম কম পাওয়ার শঙ্কা তাদের পিছু ছাড়ছে না। অন্যদিকে খুচরা বাজারে চড়া দামে শিম কিনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এ অবস্থায় উৎপাদক ও ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার, অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কারসহ ক্রীড়া অবকাঠামো নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরবোজ্জ্বল অবদান এবং কৃতী ফুটবলারদের স্মৃতি স্মরণ করে তিনি এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী ঘোষণা দেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে অতিদ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে চলা ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে বহু নেতা-কর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছেন। এই দীর্ঘ লড়াইয়ের পর সাধারণ মানুষের ঐক্যবদ্ধ রায়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামে সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারি টিপু, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক। এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় মান্দা উপজেলা ২-১ গোলে হারিয়ে রানীনগর উপজেলা বিজয়ী হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সংশ্লিষ্ট বগিটির বেশ কয়েকটি আসন ভস্মীভূত হয়েছে। এ নাশকতামূলক ঘটনায় জড়িত সন্দেহে মোরছালিন ও রনি নামের দুই তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে ট্রেনটি শান্টিং করার সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও স্টেশন সূত্রে জানা গেছে, নিয়মিত সময়সূচি অনুযায়ী ভোর পাঁচটার দিকে ট্রেনটির ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। ভোররাতে জংশনে শান্টিং করার একপর্যায়ে ট্রেনের বগির ভেতরে হঠাৎ আগুনের শিখা দেখতে পান গেটকিপার স্বাধীন আহমেদ। তিনি কোনো কালক্ষেপণ না করে দ্রুত বিষয়টি রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষ ও ফায়ার সার্ভিসকে অবগত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। স্টেশন কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবেই বগিটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং পরবর্তীতে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে এবং পুরো ঘটনার নেপথ্য কারণ খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কক্সবাজারের ইনানীতে গভীর নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন নতুন করে আলোচনায় এনেছে দেশের উপকূলীয় অঞ্চলের ভূতাত্ত্বিক সম্ভাবনা। টানা ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ ও আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন, ঘটনাটি সাময়িক কোনো গ্যাসের পকেটের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। ভূগর্ভে বড় কোনো গ্যাসের আধার থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্সের) ৯ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) কর্মকর্তা হাওলাদার রফিকুল ইসলাম জানান, গ্যাসের স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করতেই টানা ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়েছে।
তিনি বলেন, একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। এখন জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কূপ নিয়ন্ত্রণে আসার পর ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। প্রায় এক হাজার ফুট গভীর গর্ত থেকে গ্যাস নির্গত হওয়ার পর স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও উচ্চচাপের কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে বাপেক্স, পেট্রোবাংলা, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে কাজ শুরু করে।
কূপ খননে পানির বদলে গ্যাস: ইনানীর ছোটখাল এলাকার একটি জমিতে নলকূপ স্থাপনের উদ্যোগ থেকেই ঘটনার সূত্রপাত। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহর জমিতে একটি রিসোর্ট নির্মাণের কাজ চলছিল। সেখানে পানির ব্যবস্থা করতে গভীর নলকূপ খনন করা হয়।
প্রায় ১ হাজার ফুট গভীরতা পর্যন্ত খনন করেও প্রয়োজনীয় পানি পাওয়া যায়নি। একপর্যায়ে গর্ত থেকে উচ্চচাপে গ্যাস বের হতে শুরু করে। পরে গ্যাসের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিক পর্যায়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেনাবাহিনীর অগ্নিনির্বাপণ দলও সহায়তায় যুক্ত হয়। কিন্তু ভূগর্ভ থেকে অব্যাহতভাবে গ্যাস বেরিয়ে আসায় আগুন নেভানো সম্ভব হয়নি।
ঘটনার পর আশপাশের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করা হয়। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাটি ঘিরে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
ভূগর্ভে কী ঘটছে: বাপেক্সের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের প্রাথমিক ব্যাখ্যা অনুযায়ী, নলকূপ খননের সময় গ্যাসসমৃদ্ধ কোনো ভূস্তরের কাছাকাছি পৌঁছানোর কারণে চাপের ভারসাম্য পরিবর্তিত হতে পারে। ভূগর্ভের দুর্বল স্তর, ফাটল বা প্রাকৃতিক চ্যানেল দিয়ে গ্যাস উপরের দিকে উঠে এসে নলকূপের গর্ত দিয়ে বেরিয়ে আসতে পারে।
বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের ব্যবস্থাপক এস এম নাফেফুন আরহাম এর আগে জানিয়েছিলেন, ঘটনাটি গ্যাসকূপের অনিয়ন্ত্রিত প্রবাহ বা ব্লোআউটের মতো পরিস্থিতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এটি প্রচলিত অনুসন্ধান কূপের মতো পরিকল্পিতভাবে খনন করা হয়নি। ফলে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে, গ্যাসের প্রবাহ দীর্ঘস্থায়ী হওয়া ভূগর্ভে গ্যাসের আধার থাকার সম্ভাবনা নির্দেশ করতে পারে। কিন্তু শুধু আগুনের স্থায়িত্ব বা প্রবাহের চাপ দেখে গ্যাসের মজুত নির্ধারণ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন ভূতাত্ত্বিক ও ভূকম্পন জরিপ, গ্যাসের নমুনা বিশ্লেষণ এবং ভূগর্ভের স্তর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ।
গ্যাসের প্রকৃতি ও উৎস নিয়ে পরীক্ষা: ইনানীর ঘটনায় গ্যাসের প্রকৃতি নির্ধারণ এখন গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যবেক্ষণে গ্যাসের আগুনের রং ও ধোঁয়ার বৈশিষ্ট্য দেখে বিশেষজ্ঞরা এতে তুলনামূলক ভারী হাইড্রোকার্বন থাকার সম্ভাবনা বিবেচনা করেছেন। তবে পরীক্ষাগারে বিশ্লেষণ ছাড়া গ্যাসের সুনির্দিষ্ট উপাদান সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
বাপেক্সের বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে শিলা ও পানির নমুনা সংগ্রহ করেছেন। তবে গ্যাসের প্রবাহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় প্রাথমিক পর্যায়ে গ্যাসের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগুন নেভানো নিয়ে কেন সতর্কতা: ইনানীর আগুন নিয়ন্ত্রণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভূগর্ভ থেকে অব্যাহত গ্যাসের প্রবাহ। বিশেষজ্ঞদের আশঙ্কা, জোর করে আগুন নেভানো বা গ্যাসের নির্গমন বন্ধ করার চেষ্টা করলে ভূগর্ভে চাপ তৈরি হতে পারে। এতে গ্যাস অন্য দুর্বল স্তর বা ফাটল দিয়ে বেরিয়ে নতুন স্থানে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
বাপেক্সের বিশেষজ্ঞরা শুরু থেকেই গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করে পরিস্থিতি মূল্যায়নের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, অনিয়ন্ত্রিত কূপের ক্ষেত্রে প্রচলিত অগ্নিনির্বাপণ পদ্ধতি প্রয়োগের আগে ভূগর্ভের চাপ ও গ্যাসের প্রবাহ সম্পর্কে যথাযথ ধারণা থাকা প্রয়োজন।
বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে সময় লাগবে: ইনানীর গ্যাসের সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হলেও বাণিজ্যিক উৎপাদনের বিষয়ে এখনই সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। গ্যাসের প্রবাহের স্থায়িত্ব, চাপ, গঠন ও ভূগর্ভস্থ বিস্তৃতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া প্রয়োজন।
প্রাথমিক জরিপে গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখা গেলেও এর মজুত কত, কতটা উত্তোলনযোগ্য এবং উত্তোলন অর্থনৈতিকভাবে লাভজনক হবে কি না, তা নির্ধারণ করতে বিস্তারিত মূল্যায়ন প্রয়োজন। এ ছাড়া গ্যাসের সঙ্গে পানি বা অন্য উপাদানের মিশ্রণ, ভূগর্ভের স্তরের বৈশিষ্ট্য এবং নিরাপদ উত্তোলনের সম্ভাব্য পদ্ধতিও পরীক্ষা করতে হবে।
পেট্রোবাংলা ও বাপেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ববর্তী বক্তব্যে ভূতাত্ত্বিক ও দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মজুত মূল্যায়নের কথা উঠে এসেছে। তবে এসব জরিপের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ইনানীতে বড় গ্যাসক্ষেত্র আবিষ্কারের দাবি নিশ্চিত করা যাবে না।
নিরাপত্তা নিশ্চিত করেই সম্ভাবনার মূল্যায়ন: ইনানীর ঘটনাটি একদিকে ভূগর্ভে গ্যাসের উপস্থিতির সম্ভাবনা তুলে ধরেছে, অন্যদিকে অপরিকল্পিত খনন ও অনিয়ন্ত্রিত গ্যাস নির্গমনের ঝুঁকিও সামনে এনেছে।
গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভের অজানা স্তরে পৌঁছালে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, সে প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে পর্যটন এলাকার কাছাকাছি এমন ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দা, কর্মী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ব্যবস্থা প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, কূপ নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। গ্যাসের প্রকৃতি ও উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার পাশাপাশি ভূগর্ভে এর বিস্তৃতি নির্ধারণ করাও জরুরি।
রাঙামাটি শহরের কেন্দ্রীয় কবরস্থান থেকে পুলিশ হাসপাতাল সংযোগ সেতু নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। একসময় খাল পারাপারের জন্য নৌকার অপেক্ষায় থাকতে হতো। কখনো ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে লাগত ২০ থেকে ৩০ মিনিট। এখন মাত্র ৫ থেকে ৭ মিনিটেই পৌঁছানো যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। এতে প্রায় দুই শতাধিক পরিবারের হাজারো মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্বস্তি ফিরেছে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের জীবনে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর উপজেলার কেন্দ্রীয় কবরস্থান থেকে পুলিশ হাসপাতাল পর্যন্ত সংযোগ সেতুটি ২০২১-২০২৬ সাল মেয়াদি প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। ১৩০ মিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৬০ মিটার প্রস্থের এ সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৯৫ লাখ টাকা।
সেতুটির আশপাশে রয়েছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, পুলিশ হাসপাতাল, পুরাতন পুলিশ লাইন ও পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রতিদিন শিক্ষার্থীসহ শত শত মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুটি চালু হওয়ার পর এলাকার মানুষের চলাচলে এসেছে স্বস্তি। বিশেষ করে পুরাতন পুলিশ লাইন, পুলিশ হাসপাতাল ও আশপাশের এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি কমেছে। বিকেল হলেই সেতুতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার মানুষের আনাগোনা বাড়ে। অনেকে সেতুতে হাঁটতে ও সময় কাটাতে আসছেন।
রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাঈম বলেন, সেতুটি হওয়ায় তারা খুব কম সময়ে যাতায়াত করতে পারছেন। আগে অনেক ঘুরে যেতে হতো। এখন স্কুলে আসা-যাওয়া অনেক সহজ হয়েছে।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, সেতু হওয়ার আগে পায়ে হেঁটে বাসায় পৌঁছাতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগত। এখন খুব সহজেই যাতায়াত করতে পারছেন।
পুলিশ লাইন এলাকার বাসিন্দা কাজল বেগম বলেন, আগে নদীর ঘাটে নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন সেতু হওয়ায় বাচ্চাদের স্কুলে যাওয়া এবং বাজারে যাতায়াতে অনেক সময় বেঁচে যাচ্ছে।
পুলিশ হাসপাতাল এলাকার বাসিন্দা তারিকুল ইসলাম তন্ময় বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তাদের জন্য সেতু নির্মাণ করে দেওয়ায় তারা অনেক উপকৃত হয়েছেন। আগে খাল পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। বিশেষ করে রাতের বেলায় অনেক সময় নৌকা পাওয়া যেত না। এখন মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে সেতু দিয়ে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে।
রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রকি বলেন, আগে স্কুল থেকে বাসায় যেতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগত। এখন মাত্র ৫ থেকে ৭ মিনিটেই বাসায় পৌঁছে যাওয়া যায়।
পুলিশ লাইন এলাকার বাসিন্দা জনি দাশ বলেন, সেতুটি নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সেই দাবি পূরণ হওয়ায় তারা এখন খুব সহজেই যাতায়াত করতে পারছেন। এ জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। তবে শহরের বিভিন্ন এলাকা থেকে যানবাহন নিয়ে সরাসরি এখানে আসার জন্য একটি সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান তিনি।
এলাকার আরেক বাসিন্দা মাঝি হোসেন বলেন, তিনি এ এলাকায় ১৯ বছর ধরে বসবাস করছেন। সেতু হওয়ার আগে খাল পার হতে খুব কষ্ট হতো। রাত ৯টার পর নৌকা পাওয়া যেত না। কেউ মারা গেলে কিংবা অসুস্থ হলে অন্য পথ ঘুরে হাসপাতালে বা কবরস্থানে নিতে হতো। সেতু নির্মাণের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে।
পুলিশ হাসপাতাল এলাকার বাসিন্দা সুমি আক্তার বলেন, সেতু হওয়ায় তাদের অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় জরুরি প্রয়োজনে এখন খুব সহজেই যাতায়াত করতে পারছেন।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা বলেন, রাঙামাটি পৌরসভার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সদর উপজেলার কেন্দ্রীয় কবরস্থান থেকে পুলিশ হাসপাতাল সংযোগ সেতু নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। এ সেতু নির্মাণের ফলে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও সেতুটি সহায়ক ভূমিকা পালন করছে।
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও একটি বোটসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোট এবং এর সঙ্গে জড়িত পাঁচজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটককৃত পাচারকারী, জব্দকৃত সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি রক্ষা ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মেহেরপুরের গাংনীতে এক মোটরসাইকেলচালককে গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। গত সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের আমজাদ আলী কারিগরের ছেলে আরিফুল ইসলাম নিজের টিভিএস মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে নওয়াপাড়া হয়ে তেঁতুলবাড়ীয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নওয়াপাড়া-তেঁতুলবাড়ীয়া সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছালে ছিনতাইকারী দলের সদস্যরা তার গতিরোধ করে। একপর্যায়ে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
পরে আরিফুল ইসলাম স্থানীয়দের বিষয়টি জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গাংনী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
খুলনার আলোচিত যুবদল নেতা শাকের হোসেন হত্যার দ্রুত বিচার দাবি করেছে তার পরিবার। একই সঙ্গে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক আসামির স্বজনদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মাগুরার পারনান্দুয়ালী গ্রামে নিহত শাকেরের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে শাকেরের স্ত্রী শারমিন নাহার, মামা আবু সাঈদ, বড় ভাই রাজমীর ও চাচাতো ভাই আরমান অভিযোগ করেন, হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেপ্তার মারুফের সেজো ভাই জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আলী হোসেন বিভিন্নভাবে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন বলেও জানান তারা।
পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের ২০ দিন পার হলেও সরাসরি গুলি করে হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ডাকাতি করা স্বর্ণের বার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২০ লাখ টাকার চুক্তিতে ভাড়াটে খুনিদের দিয়ে শাকেরকে গুলি করে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। হত্যাকাণ্ডের ১৩ দিন পর পুলিশ এক সংবাদ ব্রিফিংয়ে হত্যা ও স্বর্ণ ডাকাতির দুটি মামলায় ১১ জনকে গ্রেপ্তার এবং ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধারের তথ্য জানায়।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘আসামিপক্ষের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মানিকগঞ্জের মজিবর রহমানের কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার লুট করে।
পুলিশের তথ্যানুযায়ী, ডাকাতিতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন এবং পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জন অংশ নেন। লুট করা স্বর্ণের ভাগাভাগি নিয়ে মারুফের সঙ্গে শাকেরের বিরোধ তৈরি হয়। এর জের ধরে ২১ অক্টোবর ভোরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে ২০ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি নিয়োগ করে শাকেরকে হত্যা করা হয় বলে তদন্তে জানা গেছে।
এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা করা হয়। পুলিশ জানায়, দুটি মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রনি শিকদার, শামীমা তাবাসসুম, অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, গোলাম জাহিদ ও বশির আলী। অন্যদিকে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মারুফ হোসেন, গোলাম জাহিদ, জুয়েল হোসেন, তোকির আহমেদ, ফরিদ মণ্ডল, পশু হাসপাতাল পাড়ার মিল্টন ও তার স্ত্রী মারুফা খাতুন।
পুলিশ আরও জানায়, এ পর্যন্ত ৬১ ভরি ৬ আনা স্বর্ণ, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। হত্যায় সরাসরি জড়িত ব্যক্তিসহ বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
খুলনা মহানগরীতে হকার উচ্ছেদ বন্ধ ও পুনর্বাসনের দাবিতে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন হকাররা। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শত শত হকার। এ সময় সড়কে ব্যারিকেড দিয়ে বসে পড়ায় কেডি ঘোষ রোডের ডিসি অফিস থেকে সোসাইটি সিনেমা হল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর কাছে দাবি-সংবলিত স্মারকলিপি দেন খুলনা মহানগর হকার্স ইউনিয়নের নেতারা।
স্মারকলিপিতে হকার নেতারা বলেন, নগরীর বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষ ছোট দোকান বসিয়ে ব্যবসা করেন। এটাই তাদের জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু গত কয়েক সপ্তাহে ডাকবাংলা, খালিশপুর, দৌলতপুর ও নিরালাসহ বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ করা হয়েছে। তখন প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষে সাময়িকভাবে এ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানানো হয়েছিল। কিন্তু সেই আশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে না।
তারা বলেন, রাস্তা ও ফুটপাত যানবাহন চলাচল এবং পথচারীদের ব্যবহারের জন্য—এ বিষয়ে তারা একমত। তবে বড় দোকানগুলোর পণ্য ফুটপাতে সাজিয়ে রাখার কারণে চলাচলের জায়গা সংকুচিত হচ্ছে। অন্যদিকে, হকাররা পুলিশ প্রশাসনের সম্মতিতে নির্দিষ্ট স্থানে ব্যবসা করেন বলে দাবি করেন তারা।
হকারদের ভাষ্য, তাদের দোকানের প্রধান ক্রেতা নগরীর নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। স্বল্প আয়ে প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে এসব দোকানের ওপর নির্ভর করেন তারা। ফলে হকারদের ব্যবসা শুধু তাদের জীবিকার সংস্থান নয়, নগরী ও আশপাশের উপজেলা-গ্রামের মানুষের কেনাকাটারও একটি মাধ্যম।
স্মারকলিপিতে খালিশপুর, দৌলতপুর ও ডাকবাংলাসহ আগের স্থানগুলোতে হকারদের ব্যবসার সুযোগ ফিরিয়ে দেওয়া, যথাযথ নীতিমালা ছাড়া উচ্ছেদ বন্ধ এবং অভিযানের সময় মালামাল নষ্ট বা লুটপাট রোধের দাবি জানানো হয়। পাশাপাশি কে কোথায় ও কীভাবে ব্যবসা করবেন, সে বিষয়ে সিটি করপোরেশনের নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তারা।
খুলনা মহানগর হকার্স ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও নগর কমিউনিস্ট পার্টির সভাপতি মিজানুর রহমান বাবু বলেন, দাবি জানিয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে নগর ভবনের সামনে লাগাতার অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের সভাপতি সালেহ মোহাম্মাদ তালহা, সাধারণ সম্পাদক মো. সানু, বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী ও টিইউসি নেতা এস এম চন্দনসহ অন্যরা।
স্মারকলিপি গ্রহণ করে সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ‘অ্যাসপেক্ট সিরিজ’ নামের একটি ফেসবুক পেজে উপাচার্যের নামে একটি বক্তব্য প্রচারিত হয়। ওই বক্তব্যে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ( শেকৃবি) ভিসির অনুরোধে বাকৃবি এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে, অন্যথায় বিশ্ববিদ্যালয়টি পৃথকভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করত।
এ বিষয়ে স্পষ্ট করে জানানো হচ্ছে, বাকৃবির উপাচার্য এ ধরনের কোনো বক্তব্য দেননি। তাঁর নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর নামে এমন বক্তব্য প্রচার অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পেজ কর্তৃপক্ষকে অবিলম্বে পোস্টটি অপসারণ ও যথাযথ সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তির বক্তব্য প্রচারের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই ও দায়িত্বশীলতা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। উপাচার্যের বক্তব্য হিসেবে প্রচারিত এ ধরনের অসত্য তথ্যে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, “পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও বাকৃবি ‘কৃষি গুচ্ছ’-এর অন্তর্ভুক্ত থেকে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে।”
বন বিভাগের আপত্তির মুখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় তিন বছর ধরে বন্ধ রয়েছে দেড় কিলোমিটার গ্রামীণ সড়কের পাকাকরণ কাজ। এতে ১ কোটি ৩৬ লাখ টাকার সড়ক প্রকল্পটি অসমাপ্ত পড়ে থাকার পাশাপাশি শেষ প্রান্তে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘কাওয়ারগলা সেতু’টিও কোনো কাজে আসছে না। বন বিভাগ ও এলজিইডির সমন্বয়হীনতায় সাড়ে তিন কোটি টাকারও বেশি সরকারি উন্নয়ন কর্মকাণ্ড কার্যত পরিত্যক্ত হয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুরাল অ্যাকসেস ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের রাজকান্দি বনসংলগ্ন আদখানিবাজার-ভায়া কাওয়ারগলা সড়কের দেড় কিলোমিটার অংশ পাকাকরণের উদ্যোগ নেয় এলজিইডি। ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ের কাজটি পায় ঢাকার মতিঝিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এমইউ অ্যান্ড জিইউ (জেবি)’।
কাজ শুরু হওয়ার পরই সড়ক নির্মাণে আপত্তি জানিয়ে এলজিইডিকে চিঠি দেয় রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিট। আপত্তি সত্ত্বেও প্রাথমিক মেকাডম ও ইটের খোয়া ফেলার কাজ চলে। পরবর্তীতে ২০২১ সালে বন বিভাগের সরাসরি বাধায় কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। জটিলতা নিরসন না হওয়ায় ২০২৩ সালের ২ নভেম্বর এলজিইডির প্রধান কার্যালয় থেকে প্রকল্পটির দরপত্র বাতিলের নির্দেশ দেওয়া হলে পাকাকরণ কাজ স্থায়ীভাবে থমকে যায়।
এদিকে অভিযোগ উঠেছে, ৩০ শতাংশ কাজ সম্পন্ন না হতেই ২০২০ ও ২০২১ সালে দুই কিস্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫৮ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। স্থানীয়দের দাবি, মাঠে দৃশ্যমান কাজের তুলনায় ঠিকাদারকে অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আদখানিবাজার-ভায়া কাওয়ারগলা সড়কের বিভিন্ন অংশে ইটের খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও দেবে গেছে সড়ক, আবার কোথাও খোয়ার ফাঁকে জন্মেছে ঘাস ও আগাছা। দূর থেকে বোঝার উপায় নেই যে এটি একটি পাকাকরণ প্রকল্পের অংশ ছিল। বিশেষ করে রাজকান্দি বনের ভেতরের প্রায় ৫০০ মিটার অংশ ঘন ঝোপঝাড়ে ঢেকে থাকায় পায়ে হাঁটাও বিপজ্জনক হয়ে উঠেছে।
অন্যদিকে, সড়কটি দিয়ে যানবাহন চলাচলের সুযোগ না থাকায় এর শেষ প্রান্তে পাহাড়ি ছড়ার ওপর প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত কাওয়ারগলা সেতুটি এখন ভূতুড়ে রূপ নিয়েছে। সংযোগ সড়কের অভাবে সেতুটিতে ওঠার পথ রুদ্ধ হয়ে আছে। বছরের পর বছর ধরে সেতুটি অব্যবহৃত থাকায় চারপাশ ঢেকে গেছে লতাপাতায়।
দক্ষিণ কোনাগাঁও গ্রামের বাসিন্দা জহির রায়হান ক্ষোভ প্রকাশ করে বলেন, "খোয়া ফেলার পর আর কোনো অগ্রগতি হয়নি। বনের ভেতরে জটিলতা থাকলেও অন্তত গ্রামের ভেতরের অংশটুকু পাকা করা যেত। এখন ভাঙাচোরা রাস্তায় হেঁটে চলাই দায়, গাড়ি তো দূরের কথা।
কাওয়ারগলা গ্রামের পারবেজ মিয়া বলেন, কোটি কোটি টাকা খরচ করে ব্রিজ বানানো হলো, অথচ রাস্তার অভাবে সেটি বন্ধ পড়ে আছে। সরকারের এত বড় বরাদ্দের সুফল যদি মানুষ না পায়, তবে এর দায় কার?
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, সড়ক ও সেতুটি সচল হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসত। বন বিভাগ ও এলজিইডির সমন্বয়হীনতার বলি হচ্ছে সাধারণ মানুষ। জনগণের দুর্ভোগ লাঘবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত কথা বলব।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম বলেন, বন বিভাগের আপত্তির কারণে প্রধান কার্যালয়ের নির্দেশেই কাজটি বন্ধ করতে হয়েছে। যতটুকু কাজ হয়েছে, সে অনুযায়ী নিয়ম মেনেই ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে। জনস্বার্থ বিবেচনায় বন বিভাগের সঙ্গে আলোচনা করে কোনো বিকল্প সমাধান বের করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তির প্রক্রিয়া বন্ধসহ ৯ দফা দাবিতে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘাত নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হন। চরম উত্তেজনাকর পরিস্থিতির মুখে সংশ্লিষ্ট এলাকার অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালের শুরুতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবেই কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছিলেন। তবে কিছু সময় পরই শারমিন গ্রুপ, এনভয় ও স্টারলিংসহ বেশ কয়েকটি শিল্প ইউনিটে উৎপাদন বন্ধ রেখে শ্রমিকেরা ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি দিলে সকাল দশটার দিকে তারা অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ সৃষ্টির চেষ্টা চালান। পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরবর্তীতে কয়েকটি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করলে পরিস্থিতি চরম আকার ধারণ করে।
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আশুলিয়ায় কয়েক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন কারখানা প্রাঙ্গণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে বিরাজমান শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়া এলাকায় অবস্থিত নিউএইজ গ্রুপের অধীনস্থ সকল কারখানা বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সার্বিক পরিস্থিতি নিয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া একটি গণমাধ্যমকে জানান, শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ৩০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। নিশ্চিন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে বিক্ষোভকারীদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে ছয়জন পুলিশ সদস্য আহত হন, যাদের একজনের চোখের ওপরের অংশে মারাত্মক জখম হয়েছে। অন্য এক কারখানার কর্মকর্তা জানান, আন্দোলনকারীরা অন্য প্রতিষ্ঠানের শ্রমিকদেরও কাজ বন্ধ রাখতে বাধ্য করে ঢিল মারলে বিশৃঙ্খলা এড়াতে ছুটি দিতে হয়। দুপুর দেড়টার পর পুলিশ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনলে এলাকায় আপাত স্বস্তি ফিরে এলেও প্রধান সড়কগুলোতে যান চলাচল এখনো স্বাভাবিক হয়নি।