প্রায় ১৪ বছর আগে কুমিল্লার চান্দিনায় শহীদ উল্লাহ নামে এক প্রবাসীকে হত্যার দায়ে তার স্ত্রীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ওই প্রবাসীর মেয়েকে।
বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—চান্দিনার কাশারীখোলার বাসিন্দা শহীদ উল্লাহর স্ত্রী হাছনেয়ারা বেগম, একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. শাহজাহান, মৃত মধু মিয়ার ছেলে মো. আমির হোসেন ও মৃত তৈয়ব আলীর ছেলে মো. মোস্তফা (পলাতক)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শহীদ উল্লাহর মেয়ে খাদিজা বেগম।
মামলার বিবরণে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৯ সালে ২২ নভেম্বর চান্দিনার কাদুটি কাশারীখোলা গ্রামে প্রবাসফেরত শহীদ উল্লাহকে স্ত্রী-কন্যাসহ পাঁচ আসামি শ্বাসরোধে হত্যা করেন। পরে তার মরদেহ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধানক্ষেতে ফেলে দেন আসামিরা।
এই ঘটনায় শহীদ উল্লাহর ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত ও বিচার শেষে আজ রায় ঘোষণা করলেন আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষ্যে রয়েছে নানা আয়োজন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সুন্দরবনকে ঘিরে খুলনায় নতুন করে জেগে উঠেছে পর্যটনের সম্ভাবনা। পর্যটকদের জন্য তৈরী হচ্ছে সুন্দরবনমুখী নৌযান, বাড়ছে ট্যুর অপারেটরদের ব্যস্ততা। তবে ২০২৪-২৫ অর্থবছরে সুন্দরবনে পর্যটকের সংখ্যা আশংকাজনকহারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পর্যটন ব্যবসায়িরা।
বন বিভাগের তথ্য অনুযায়ী, মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুমে সুন্দরবনে পর্যটকরা আসে। সেইসময়ের সুন্দরবনের নদী এবং খালগুলো যথেষ্ট ঠান্ডা থাকে এবং আবহাওয়া অনুকূল থাকে। গত ৫ অর্থ বছরের সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটক বাড়লেও গত অর্থবছরে আশংকাজনক হারে কমে যায়।
এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) খুলনার উদ্যোগে বিআইডব্লিউটিএ লঞ্চঘাট থেকে জেলা প্রশাসকের কার্যালয়, শহীদ হাদিস পার্ক হয়ে শিববাড়ী মোড় পর্যন্ত বিশেষ রোড শোর আয়োজন করেছে।
সূত্র জানায়, ২০১৮-২০১৯ অর্থ বছরে সুন্দরবনে দেশি-বিদেশী পর্যটক এসেছিল ১ লাখ ৮৯ হাজার ৫৭০জন। যারমধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৮৭ হাজার ৩০৯ জন এবং বিদেশি পর্যটক ২ হাজার ২৬১ জন। এতে রাজস্ব আয় হয় এক কোটি ৫১ লাখ ৭৪ হাজার ৩৯০ টাকা।
২০১৯-২০২০ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ১ লাখ ৭২ হাজার ৯৭৯ জন পর্যটক। যারমধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৭০ হাজার ৬৩ জন এবং বিদেশি পর্যটক ২ হাজার ৩১৭ জন। এতে রাজস্ব আয় হয় এক কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৮ টাকা।
২০২০-২০২১ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ১ লাখ ৪৬ হাজার ২১১ জন পর্যটক। যারমধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৪৫ হাজার ৮৯১ জন এবং বিদেশি পর্যটক ৩২০ জন। এতে রাজস্ব আয় হয় এক কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ১৬৬ টাকা।
২০২১-২০২২ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ১ লাখ ৫৫ হাজার ৪৭৭ জন পর্যটক। যারমধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৫৪ হাজার ৩৭৪ জন এবং বিদেশি পর্যটক ১ হাজার ১০৩ জন। এতে রাজস্ব আয় হয় ২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৫৮০ টাকা।
২০২১-২০২২ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ১ লাখ ৫৫ হাজার ৪৭৭ জন পর্যটক। যারমধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৫৪ হাজার ৩৭৪ জন এবং বিদেশি পর্যটক ১ হাজার ১০৩ জন। এতে রাজস্ব আয় হয় ২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৫৮০ টাকা।
এছাড়া ২০২২-২০২৩ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ২ লাখ ১৬ হাজার ১৪৩ জন পর্যটক। যারমধ্যে দেশি পর্যটক ছিল ২ লাখ ১৪ হাজার এবং বিদেশি পর্যটক ২ হাজার ১৪৩ জন। এতে রাজস্ব আয় হয় ৩ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৪৮০ টাকা।
তবে গত বছর (২০০২৪-২৫) পর্যটক এসেছে প্রায় ১ লাখ। তবে পর্যটক জাহাজে বনে গিয়েছেন মাত্র ৪০ হাজার পর্যটক।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) খুলনার সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম কচি বলেন, সুন্দরবন কেন্দ্রীক পর্যটনের সংখ্যা কমে যাচ্ছে। গত বছর ট্যুরিষ্ট জাহাজে করে মাত্র ৪০ হাজার পর্যটক সুন্দরবন ভ্রমনে গেছেন। আর ছোট ছোট জালি বোর্ডে করমজল স্পটে যাওয়া দর্শনার্থীদের সংখ্যাও কম। সব মিলিয়ে প্রায় ১ লাখের বেশী হবেনা।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অক্টোবর মাসে পর্যটন মৌসুম শুরু হয়। কিন্তু এখনও আমরা কোন বুকিং পাইনি। এবছরও আশানুরুপ পর্যটক পাওয়া নিয়ে ব্যবসায়িরা দুঃশ্চিন্তায় রয়েছেন।
মাজহারুল ইসলাম কচির মতে পর্যটক কমে যাওয়ার পেছনে দুটি কারণ রয়েছে।
প্রথমত, সুন্দরবন কোল ঘেসে অবৈধভাবে গড়ে ওঠা রিসোর্ট। দ্বিতীয়ত, কক্সবাজারে নেশাজাত দ্রব্য অবাধে পাওয়া যায়, কাজেই যুবসমাজের বড় একটি অংশ সুন্দরবন বাদ দিয়ে কক্সবাজার ভ্রমণ করে।
সুন্দরবনে পর্যটক টানতে ২০ বছরের মহাপরিকল্পনা :
বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়ানোর লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে একটি ২০ বছর মেয়াদী সুন্দরবন ইকোট্যুরিজম মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা)। এটি গতানুগতিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দিকে মনোযোগ না দিয়ে, বরং বনের প্রাকৃতিক পরিবেশকে অক্ষুন্ন রেখে কীভাবে টেকসই পর্যটন বাস্তবায়ন ও উন্নয়ন করা যায় তার একটি সুস্পষ্ট রোডম্যাপ করা হয়েছে।
এই পুরো প্রক্রিয়াটির ডেপুটি চিফ অব পার্টি হিসেবে নেতৃত্ব দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম।
প্রফেসর ওয়াসিউল ইসলাম জানান, এই মহাপরিকল্পনা তৈরিতে প্রায় দুই বছর সময় লেগেছে। এই মহাপরিকল্পনাটি মূলত সুন্দরবনের পরিবেশ ও অর্থনীতির সমন্বয়ে একটি টেকনিক্যাল রোডম্যাপ। এটি বাস্তবায়ন হলে দেশীয় পর্যটন শিল্পের প্রবৃদ্ধি ঘটবে ও স্থানীয়দের অর্থনৈতিক ভিত মজবুত হবে এবং এর মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
বিদেশি পর্যটকদের কীভাবে আরও সুন্দরবনে আগ্রহী করে বেশি বৈদেশিক মুদ্রা দেশে আনা যায়, এ বিষয়েও এ প্রকল্পটি কাজ করেছে। দেশের মানুষ ট্যুর করলে টাকা দেশেই থাকে, কিন্তু বিদেশি পর্যটক দেশে এলে নতুন বৈদেশিক মুদ্রা অর্থনীতিতে যুক্ত হয়, যা অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লোকজ সংস্কৃতি ও বাংলার মাটি, মানুষের গানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের অম্বিকাপুর পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি সংলগ্ন কুমার নদীর তীরে-জসীম উদ্যানে এই লোক উৎসব অনুষ্ঠিত হয়।
বেতাল ও মাটির গানের আয়োজনে এবং অ্যাব্লুম ক্যাফেটেরিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবে লোকসংগীতপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মেলার মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত।
এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
অ্যাব্লুম ক্যাফেটেরিয়ারের সত্বাধিকারী ও বেতাল ও মাটির গানের সভাপতি মেহেদী হাসন সোহেলের সভাপতিত্বে এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক পান্না বালা সহ গণ্যমান্য।ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে অনুষ্ঠানের ভাবনা ও বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পল্লীগীতি, বেতাল গানের দল ও মাটির গানের বিভিন্ন পর্বে শিল্পীরা লোকজ সুরে গান পরিবেশন করেন। এতে বাংলার গ্রামীণ জীবন, মাটি ও মানুষের আবেগ-অনুভূতির নানা দিক ফুটে ওঠে।
উৎসবে গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল তোফাজ্জেল সরকার. বাউল মো:সাইফুজ্জামান রুপক, শারমিন বাউল, সুমনা বাউল, আর.এম. রনি, সোহেল রানা সবুজ শিকদার ও ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। তাদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হয়ে লোকগানের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।
অনুষ্ঠানে শিল্পী ও দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পাশাপাশি লোকসংস্কৃতি সংরক্ষণ ও চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। পরে সভাপতির বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’-এর সমাপ্তি ঘটে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মাহবুবুর রহমান জিলানী সহ-সভাপতি এবং খায়রুল ইসলাম লিয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত বিশেষ সাধারণ সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আজীবন সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, মাহবুবুর রহমান জিলানী, খায়রুর ইসলাম লিয়ন, রেড ক্রিসেন্টের ইউনিট অফিসার জীবন কুমার বিশ্বাস প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদন্দ্বিতায় মাহবুবুর রহমান জিলানী ও খায়রুল ইসলাম লিয়ন সাধারণ সম্পাদকসহ ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে নিলুফার চৌধুরী মনি এমপি, সাবেক যুব প্রধান জিয়াউল হক জিয়া, মোঃ সাইদ- বিন- আনোয়ার সজীব, সাবেক যুব প্রধান মোঃ ইকরামুল হক লিটন, ও সাবেক যুব প্রধান সাইফুল আলম খান লিপন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফজলুল হক এই কমিটি ঘোষণা করেন। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের আজীবন সদস্য, সিনিয়র আরসিওআইসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধ, মশা নিধন ও একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে তিন মাসের বিশেষ কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) ঘোষণা করেছে পিরোজপুর জেলা প্রশাসন। এই কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে পিরোজপুর পৌরসভা, গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) কার্যালয় সড়ক হয়ে সিও অফিস মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ দখল, পাকা বা সেমিপাকা ভবন ও অবৈধ পার্কিং অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পিরোজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পিরোজপুর বিনির্মাণে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। হাসপাতালসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে। আগামী তিন মাসের জন্য একটি বিশেষ অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে যুক্ত করে দায়িত্ব বণ্টন করা হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে পিরোজপুর পৌরসভা ও গণপূর্ত বিভাগের চারপাশ হয়ে সিও অফিস মোড় পর্যন্ত পথ স্বশরীরে ঘুরে দেখেন। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের ড্রেন ও জমে থাকা নোংরা পানি নিষ্কাশনের নির্দেশনা দেন এবং ফুটপাত ও রাস্তার পাশে দোকানগুলোর যত্রতত্র সাইনবোর্ড বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানো দেখে ক্ষোভ প্রকাশ করেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি জায়গায় যদি বিল্ডিং বা সেমিপাকা ভবন এক ইঞ্চিও থাকে, তবে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। সরকারের এক ইঞ্চি জায়গাও কারও অবৈধ দখলে রাখতে দেওয়া হবে না। অতিদ্রুত পরিমাপ করে ফুটপাত ও রাস্তার পাশের এসব পাকা ও সেমিপাকা ভবন, অবৈধ দোকানপাট, সাইনবোর্ড উচ্ছেদ এবং যানবাহন সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শহরের পরিবেশ রক্ষা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ নাগরিকদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়তে জনগণের সচেতনতা জরুরি। সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখুন। আর সরকারি জায়গায় বা রাস্তার পাশে কারও কোনো বিল্ডিং, সেমিপাকা দোকান বা অবৈধ স্থাপনা থাকলে তা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে।
পরিদর্শন ও তদারকিকালে পিরোজপুর স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ডিডিএলজি) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, ও জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক আসামিকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করতে গিয়ে জামায়াতের এক নেতা ও বিএনপির দুই কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত ২ টার দিকে মিরপুর থানা পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।
পুলিশ জানায় , শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়।
হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত দুইটার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন থানায় আসেন। তারা হাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।
এসময় তাদের নিষেধ করা হলেও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে সিরাজুল ইসলামসহ আটজনকে আটক করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার তদবির করছিলেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের নান্নু মিয়া ইসলামী গণগ্রন্থাগারের উদ্যোগে বইপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
গ্রন্থাগারের সভাপতি আবু সাঈদ সালেহীর সভাপতিত্বে এবং সদস্য খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক আমিনুল হক নজরুল।
এ ছাড়া অনুষ্ঠানে গ্রন্থাগারের পরিচালনা পরিষদ, উপদেষ্টা পরিষদ ও পাঠক ফোরামের সদস্যরা এবং স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওই প্রতিযোগিতায় মোট ২১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে বিজয়ী ৯ জনকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বই পড়ার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছরের প্রথম ৯ মাসেই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে ৬শ’ ছাড়িয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে ৪০৬ জন আক্রান্ত হয়েছেন। অপরদিকে গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তিনগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলাবাসী।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, জেলায় গত ৯ মাসে মোট ৬৫২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত বছর ২০২৫ সালে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ২০১ জন।
ফেনী সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬২ ডেঙ্গু পরীক্ষা হলে ২৪ জনের ডেঙ্গু পজিটিভ এসেছে।
জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটেছে ফেনী সদর উপজেলায়। মোট ৬৫২ জন আক্রান্তের মধ্যে ৪৭৭ জনই এই উপজেলার । বাকি সব অন্যান্য উপজেলায়।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে ৪৭১জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা ৪৩০ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, জেলায় ডেঙ্গুর কিট মজুদ আছে ৬৬৯২ টি। এর মধ্যে ফেনী সদর উপজেলায়- ৫৩৭৭, দাগনভূঞা- ৩৮, সোনাগাজী- ৬৪, ছাগলনাইয়া-৮৩২, পরশুরাম- ৩৪১ ও ফুলগাজী উপজেলায়-৪০টি।
ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোবারক হোসেন দুলাল বলেন, এখনতো ডেঙ্গুর বিগ সিজন। ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে প্রায় ভালো হয়ে গেছেন। আমাদের হাসপাতালে ডেঙ্গুতে কোন মৃত্যু নেই। আতংক হওয়ার কিছুই নেই। সবাইকে সতর্ক থাকতে হবে, বাড়ির আশপাশের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। খাল-বিল পরিষ্কার রাখতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। মানুষ সতর্ক না হলে এ রোগ প্রতিরোধ করা যাবে না। দিন দিন আরও বাড়বে। তাই সতর্ক হওয়ার কোন বিকল্প নেই।
ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান বলেন, ফেনী জেলায় বর্তমানে ৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ৬৫২ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা আমরা দিয়েছি।
আমাদের ফেনী জেলায় পর্যাপ্ত পরিমাণ ডেঙ্গুর কিট মজুদ আছে। আমাদের চিকিৎসকগণ এবং আমাদের টিমসমূহ জেনারেল হসপিটাল এবং উপজেলা হসপিটালগুলোতে সার্বক্ষণিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ, আমরা আশা করি যে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে পারব।
শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত জোর দিয়েছেন। শিক্ষার ক্ষেত্রে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে। তাই পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমরা সেই বরাদ্দকে কাজে লাগাতে চাই বলে মন্তব্য করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে অনুষ্ঠিত শহিদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপেন দেওয়ান এমপি আরো বলেন, অতীতের সরকার শিক্ষার বরাদ্দের নামে লুটপাট করেছে। শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো। এক্ষেত্রে কোন আপস করবো না। শিক্ষার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা থাকবে। সৃজনশীল শিক্ষার প্রসারে শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ যে উদ্যোগ নিয়েছে তার ভুয়ষী প্রশংসা করেন।
শহিদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা আয়োজিত আলোচনা সভা, সনদ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার উপদেষ্টা মাওলানা আনোয়ারুল মোস্তফা হেজাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের সাবেক কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আখতার হোসেন চৌধুরী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেল, সমন্বয়ক অ্যাডভোকেট জামাল হোসেন ও রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আলম প্রমুখ। শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলা সমন্বয়ক হাফেজ তানজিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিচালক নির্বাহী পরিচালক সৈয়দ মোহাম্মদ খোবাইব। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ হাসান ও ইসমাঈল হোসেন মুন্না। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহিদ আবদুল আলী একাডেমির সহকারী শিক্ষক মোঃ আলমগীর, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ মোঃ মনসুর আলী , শহিদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাঙামাটি জেলার উপদেষ্টা মোঃ আলী খান ও মোঃ শহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে ক্ষতিকর সবকিছু অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, আগামীতে সুন্দরবন এলাকায় গড়ে ওঠা শিল্পকারখানাগুলোও তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও বিকাশের যৌথ বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু সুন্দরবন নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সারা পৃথিবীর জন্যই বৃক্ষায়ন প্রয়োজন। বাংলাদেশ পৃথিবীর একটি অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের জন্য কাজ করছে। এ কাজে বিভিন্ন আন্তর্জাতিক ফান্ড ও সহযোগিতা পাওয়া যাচ্ছে। এসব অর্থ ও উদ্যোগ যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে প্রতিটি স্কুল-কলেজকে পলিথিন ও প্লাস্টিক দূষণমুক্ত করার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য দেন খুলনা ওয়াসার চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনি, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাজিব আহমেদ, বিকাশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রেগুলেটরি এবং করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবির এবং খুলনার বন সংরক্ষক মো. ইমরান আহমেদ।
অনুষ্ঠান শেষে সোনাডাঙ্গা সোলার পার্কে বৃক্ষরোপণ করা হয়। বিকাশ কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ বনায়ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
কুষ্টিয়ার সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল হালিম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে খয়েরপুর গ্রামে মান্নান ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুল হালিমকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আব্দুল হালিম খয়েরপুর গ্রামের মৃত কলম সর্দারের ছেলে। তিনি ইউসুফ মেম্বারের পক্ষের বলে স্থানীয়রা জানিয়েছেন।
কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন বলেন, আব্দুল হালিম নামের এক ব্যক্তি মারা গেছেন। আরেকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে মান্নান ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত তিন দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে কয়েকজনকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে বলে স্থানীয়দের দাবি। এরই জেরে শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত আব্দুল হালিমকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মান্নান গ্রুপের বকুল নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা চলছিলো। ভোরবেলায় চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য জড়ো হয়। সেই ঘটনাস্থলে যাওয়ার জন্য হালিম বাড়ি থেকে বের হলে পথিমধ্যে মান্নান মেম্বার সমর্থকের নজরুলের বাড়ির ছাদ থেকে ফালা ছুড়ে মারলে হালিমের গলায় লাগে।
নিহত আব্দুল হালিমের ছেলে হাবিবুর রহমান বলেন, কয়েকদিন আগে তাঁদের লোকজনকে পরিকল্পিতভাবে মারধর করে গুরুতর আহত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় তাঁদের মধ্যে আর কোনো বিরোধ ছিল না ।
তিনি আরও বলেন, সম্প্রতি তাঁদের এক ব্যক্তি আলমপুর থেকে ভ্যানে করে আসার সময় কয়েকজন তাঁকে মারধরের হুমকি দেন। তাঁর অভিযোগ, বকুলের নির্দেশে খালেক, মান্নান, সাগর, শফি, রনি ও জনিসহ কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। পরে তাঁর বাবা আব্দুল হালিমকে মারধর করে গুরুতর আহত করা হয়।
এদিকে পুলিশ জানায়, ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এলাকাটি দুই থানার সীমান্তবর্তী হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কুষ্টিয়া মডেল থানা ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এসআরবি টিমও রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিশোরগঞ্জের বিসিক শিল্পনগরীতে নিরাপদ খাদ্য আইনে পরিচালিত ভ্রাম্যমাণ বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়িয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট (বিশুদ্ধ খাদ্য আদালত) ফখরুল ইসলামের নেতৃত্বে সামারি ট্রায়ালের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, বিসিক শিল্পনগরীতে অবস্থিত এম এম খান ফুডসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে ৩ লাখ টাকা এবং আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে আরও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
অভিযানে সুগন্ধা ফুড প্রোডাক্টস, গাংচিল রেস্তোরা, কাচ্চি ভাই, হোটেল খাওয়া-দাওয়া, তাজ রেস্টুরেন্ট ও মাটির হাড়ি রেস্তোরাসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানের অনিয়ম দূর করতে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, জেলা পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
"সুশিক্ষায় গড়ি দেশ, সবার বাংলাদেশ এবং বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, বৃক্ষরোপণ ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আনন্দ র্যালি ও নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে কলেজ ব্যাগ, ক্যাপ, টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ঔষধি প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীর।
উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও ৯ নম্বর চাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দে।
এ সময় আরো বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ খলিলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসকের সহধর্মিণী সামসুন নাহার এবং যশোর শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর কবির। এছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীরের অর্থায়নে বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে স্থাপিত স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
পঞ্চগড়ের বোদায় ক্রীড়াঙ্গনের হারানো সোনালী অতীত ফিরিয়ে আনার প্রত্যয়ে আয়োজিত খেলায় মাঠে নেমে অংশ নিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। বোদা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ খেলায় তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করতে প্রতিমন্ত্রী নিজেই খেলায় অংশ নেন। মাঠে তাঁর এমন সরাসরি অংশগ্রহণ উপস্থিত খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করে। শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়, খেলায় অংশ নিয়ে তিনি ক্রীড়াঙ্গনের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরেন।
আয়োজক সূত্রে জানা যায়, একসময় বোদা অঞ্চলের মাঠগুলোতে বিভিন্ন খেলাধুলাকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় পর্যায় থেকে উঠে এসেছেন অনেক কৃতি খেলোয়াড়। সময়ের পরিবর্তনে মাঠকেন্দ্রিক সেই প্রাণচাঞ্চল্য অনেকটাই কমে এলেও নিয়মিত আয়োজনের মাধ্যমে পুরোনো সেই পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
খেলায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে অংশ নেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক মারুফ অনু এবং বোদা উপজেলার ক্রীড়াঙ্গনের একসময়ের কৃতি খেলোয়াড়রা।
একই মাঠে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণে তৈরি হয় ভিন্নরকম আবহ। পুরোনো দিনের ক্রীড়াঙ্গনের স্মৃতিচারণের পাশাপাশি নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টিও গুরুত্ব পায়। মাঠে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের মধ্যেও এ আয়োজন ঘিরে ছিল ব্যাপক আগ্রহ।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করেন, নিয়মিত খেলাধুলার আয়োজনের পাশাপাশি স্থানীয় মাঠগুলোকে কার্যকরভাবে ব্যবহার করা গেলে তরুণদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে বিভিন্ন বয়সের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি হলে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভা বিকাশের পথও সুগম হবে।
ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, তরুণদের শৃঙ্খলা, দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাঠকেন্দ্রিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।
বোদা উপজেলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগে একদিকে যেমন পুরোনো ক্রীড়াঙ্গনের স্মৃতি ফিরে এসেছে, অন্যদিকে নতুন প্রজন্মের সামনে তৈরি হয়েছে মাঠে ফেরার অনুপ্রেরণা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকলে বোদার ক্রীড়াঙ্গনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে এবং একসময়ের গৌরবময় ক্রীড়া ঐতিহ্য নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাবে।