রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো সত্ত্বেও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর মিয়ানমারে বিনিয়োগ অব্যাহত রাখা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সঙ্গে ফোনালাপে একথা বলেন তিনি।
গত মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটিই জেমস ক্লেভারলি প্রথম ফোনালাপ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমেন বলেন, বাংলাদেশের ওপর চাপ কমাতে মিয়ানমারে প্রত্যাবাসনসহ কিছু সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশকে গ্রহণ করতেও অনুরোধ করেছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার এবং রোহিঙ্গা নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। আমি বিট্রিশ পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, আপনারা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দিচ্ছেন। কিন্তু এখনও একজন রোহিঙ্গাও প্রতাবাসন হয়নি। বিভিন্ন তথ্যমতে জানা যাচ্ছে, গত পাঁচ বছরে আপনারা মিয়ানমারে যথেষ্ট বিনিয়োগ করেছেন। দেশটির কোনো জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও সেদেশে আপনাদের বিনিয়োগ ১ শ গুণ বেড়েছে। এটি দুঃখজনক। সেখানে গণহত্যা চলছে তারপরেও আপনারা বিনিয়োগ করেই যাচ্ছেন। এটা অগ্রহণযোগ্য।
মোমেন বলেন, তাছাড়া পুরো ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারকে এ ধরনের সুবিধা দিয়েই যাচ্ছে। যার ফলে তাদের উপর কোনো চাপ পড়ছে না। এ বিষয়ে আরও সংবেদনশীল এবং সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে থাকার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ সময়, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করার জন্য যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও জোরালো এবং কার্যকরী ভূমিকা রাখার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন ফোরামে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া জলবায়ু ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি।
এই ফোনালাপে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্যে অবস্থানরত অভিবাসী বাংলাদেশীদের অবদান, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্পর্ক, বহুপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। গত বছর বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
আলাপকালে চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট খাদ্য ও জ্বালানি সংকটের বিষয়টি আলোচনায় স্থান পায়। এ প্রসঙ্গে, পররাষ্ট্রমন্ত্রী মোমেন উল্লেখ করেন যে, সংঘাতের কারণে সাধারণ মানুষ বিশেষ করে উন্নয়নশীল দেশের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য ফোনালাপের সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষকদের যথাযথ মর্যাদা, মূল্যায়ন ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। কারণ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আর শিক্ষাব্যবস্থার উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। আমি নিজেও ১৭ বছর শিক্ষকতা করেছি। তাই শিক্ষকতার সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে।
সোমবার (অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বলেছেন, দেশ ও জাতি গঠনে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই ব্যবস্থার উন্নয়ন করতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শিক্ষকদের। তাদের সঠিকভাবে তৈরি করা, তাদের যথাযথ মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর দায়িত্ব সরকার নিয়েছে। শিক্ষকদের জন্য নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো কাজ করছে। আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারে সাড়ে ছয় লাখের বেশি শিক্ষক রয়েছেন। এর বাইরে বেসরকারি প্রতিষ্ঠানেও কয়েক লাখ শিক্ষক প্রাথমিক শিক্ষায় যুক্ত আছেন। তাদের সঠিক অবস্থান, মর্যাদা, বেতন কাঠামো থেকে শুরু করে সামাজিক সম্মানসহ সবকিছু সঠিক জায়গায় নিতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ইমারজেন্সি এক্সারসাইজ (ফায়ার)-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) এ মহড়ায় উড়োজাহাজ দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ, যাত্রী উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম অনুশীলন করা হয়।
মহড়ায় বিমানবন্দরের ফায়ার ক্রুদের দক্ষতা, অগ্নিনির্বাপণ সরঞ্জামের কার্যকারিতা এবং জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা যাচাই করা হয়।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্দেশনা এবং ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি প্রোগরামের ধারা ১৬.২.৫.২ অনুযায়ী নির্ধারিত সময় অন্তর বিমানবন্দরে এ ধরনের পূর্ণাঙ্গ জরুরি মহড়া আয়োজন করা হয়। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও সমন্বিত কার্যক্রমের সক্ষমতা মূল্যায়ন করা হয়।
মহড়ায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ বিমানবাহিনী, এপিবিএন, ট্রাফিক উত্তরা বিভাগ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল, মেডিকেল কলেজ ফর উইমেন, জাহানারা ক্লিনিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশ নেয়।
মহড়ার কল্পিত দৃশ্যপটে দেখানো হয়, ব্যাংকক থেকে ঢাকাগামী ৯৮ যাত্রী ও পাঁচ ক্রুবাহী একটি উড়োজাহাজ অবতরণের ঠিক আগে ডান পাশের ইঞ্জিনে আগুন লাগার বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানায়। এরপর এটিসি জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট জরুরি সেবা সংস্থাগুলোকে অবহিত করে।
জরুরি অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ের কেন্দ্রীয় লাইন অনুসরণ করতে ব্যর্থ হয়ে নির্ধারিত অংশ অতিক্রম করে। পরে এটি রানওয়ের বাম দিকে ছিটকে ট্যাক্সিওয়ে সিয়েরা অতিক্রম করে রানওয়ের দক্ষিণ পাশে থেমে যায়। দুর্ঘটনার পর উড়োজাহাজটির নিচের অংশে আগুন ধরে যায় এবং তা দ্রুত পুরো উড়োজাহাজে ছড়িয়ে পড়ে।
এ সময় বিমানবন্দরের ফায়ার সার্ভিস, উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণ, যাত্রী উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করে।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
প্রধান অতিথির বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত মহড়া সফলভাবে সম্পন্ন করায় বেবিচক ও অংশগ্রহণকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আধুনিক ও নিরাপদ এভিয়েশন হাব প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হলো অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা।
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, দেশের বিমান খাতের নিরাপত্তা আরও সুসংহত করতে ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি কমিটি গঠন করা হয়েছে। আসন্ন আইকাও অডিটকে গুরুত্ব দিয়ে সম্ভাব্য পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় কমপ্লায়েন্স নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।
এ ছাড়া ভিআইপি ও সিআইপিসহ সবার ক্ষেত্রে বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল সমানভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নকে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি নিরাপত্তা সরঞ্জাম ও স্ক্যানারের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যাচাইয়ে এ ধরনের বাস্তবভিত্তিক মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৫ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬১ জন, মিরপুর বিভাগে ৮১ জন, গুলশান বিভাগে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন ও গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছে।
অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড রিভলভারের গুলি, ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা, ২০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ৩২৪টি মোবাইলফোন, ৯টি মোবাইল ট্যাব, ৬টি ট্রাঙ্ক, ৯,৫৭০ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধানমন্ত্রী দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সোমবার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের ভৈরবে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন। তিনি বলেন, গত ২ অক্টোবর চণ্ডিবের গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনায় ১৩টি পরিবারের বাড়িঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে খবর পেয়ে কিছু সহায়তা নিয়ে এসেছি। তবে এ সহায়তায় ক্ষয়ক্ষতি পূরণ সম্ভব নয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের আরও সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের অবস্থা সম্পর্কে ত্রাণ মন্ত্রণালয়কে অবহিত করব। ত্রাণ মন্ত্রণালয় অথবা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তার মাধ্যমে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে মো. শরীফুল আলম বলেন, জাতীয়তাবাদী দল জনগণের দল, এই সরকার জনগণের সরকার। তাই এই দলের প্রতি আস্থা রাখুন।
পরে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি চাল, নগদ ৩৬ হাজার টাকা, দুই বান টিন এবং ১০ হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম মামুনুর রশীদ, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, মো. নুরুজ্জামান ও ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে, বেলা ১১টায় স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় চণ্ডিবের জেলেপাড়ার নিম্নআয়ের এলাকার উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
‘শিক্ষকতা একটি মহান পেশা, শিক্ষকই জাতি গঠনের কারিগর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা।
সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে মুসলিমা বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে দেশ ও সমাজের কল্যাণে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। এ সময় শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা চুক্তির প্রক্রিয়া বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বন্দর রক্ষা কমিটি। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দররক্ষা কমিটির অবস্থান কর্মসূচি শুরু হয়।
এ সময় মিছিল নিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। শ্রমিকদের উপস্থিতি বাড়ার পর একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান প্রমুখ। বক্তব্য দেন জাতীয়তাবাদী ডক শ্রমিকদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ শ্রমিকনেতারা।
বক্তারা বলেন, ‘বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি এনসিটি সবচেয়ে লাভজনক টার্মিনাল। এটি বিদেশিদের হাতে দেওয়া অযৌক্তিক।
দেশের প্রধান সমুদ্রবন্দরের মূল স্থাপনা যদি বিদেশিদের হাতে চলে যায় শ্রমিকরা বেকার হওয়া ছাড়াও রাষ্ট্রের নিরাপত্তা সংকটের আশঙ্কা রয়েছে। বিদেশি প্রতিষ্ঠানের চেয়ে বেশি হ্যান্ডলিং ও আয় করার সক্ষমতা বন্দরের রয়েছে।
সাতক্ষীরার তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে ভুল অপারেশনে দুই রোগীর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ, ক্ষোভ এবং সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।
জানা গেছে, প্রথম রোগী সাধন বিশ্বাসের মৃত্যুর পর ভুল রোগ নির্ণয় ও অস্ত্রোপচারের অভিযোগ ওঠে। এর পরপরই স্বাস্থ্য বিভাগ ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
মৃত দুই রোগীর একজন খুলনার পাইকগাছা উপজেলার মাহামুদকাটি গ্রামের সাধন বিশ্বাস। অন্যজন তালার খানপুর এলাকার জয়া দাশ। দুই পরিবারের অভিযোগ—চিকিৎসা নিতে গিয়ে তাদের স্বজনদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু হয়।
স্বজনদের ভাষ্য, পেটে ব্যথা নিয়ে সাধন বিশ্বাস তালা সার্জিক্যাল ক্লিনিকে গেলে পরীক্ষার পর তাকে অ্যাপেন্ডিসাইটিসের রোগী হিসেবে শনাক্ত করা হয়। এরপর ডা. আব্দুর রহমান সজলের মাধ্যমে তার অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর সাধনের শারীরিক অবস্থার উন্নতি না হলে দ্বিতীয়বার ক্লিনিকে নেওয়া দ্বিতীয় দফায়ও অস্ত্রোপচার করা হয়। এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে খুলনায় হাসপাতালে নিলে সেখানেও তৃতীয় দফায় অস্ত্রোপচারের পর চিকিৎসা অবস্থায় ১৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় সাধনের স্বজন ও স্থানীয়রা ক্লিনিকের সামনে বিক্ষোভ করলে পরদিন স্বাস্থ্য বিভাগ ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেয়।
সাধন বিশ্বাসের মৃত্যুর এক সপ্তাহের ব্যবধানে মারা যান জয়া দাশ। তিনি তালার খানপুর এলাকার অজয় সেনের স্ত্রী।
পরিবারের অভিযোগ, জয়া দাশের সিজারিয়ান অস্ত্রোপচারের সময় অ্যানেসথেশিয়া দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ও ঢাকায় নেওয়া হয়। চিকিৎসা অবস্থায় ২৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের দাবি, ডা. আব্দুর রহমান সজলের চিকিৎসা কার্যক্রম নিয়ে এর আগেও নানা অভিযোগ উঠেছে। শিশু রোগীর মৃত্যু এবং রোগীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে।এ বিষয়ে ডা. আব্দুর রহমান সজল বলেন, ‘আমি অপারেশন করি না, দাঁড়িয়ে থাকি। যা করার ক্লিনিক মালিক করে।’
অন্যদিকে সাধন বিশ্বাসের স্বজনদের দাবি, তার প্রথম অস্ত্রোপচার ডা. আব্দুর রহমানই করেছিলেন। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে সচেতন এলাকাবাসী।
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মডেল মসজিদের কাজ শুরু হয়েছে প্রায় সাত বছর আগে। ২০১৯ সালের অক্টোবর মাসে জুমার নামাজের পর মসজিদটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ সাত বছরেও নির্মাণকাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় প্রতি উপজেলা মডেল মসজিদের জন্য ১৩ থেকে ১৬ কোটি টাকা পর্যন্ত বরাদ্দ রয়েছে। চকরিয়া মডেল মসজিদটিও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন তিন তলা ভবন হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়। প্রতিটি ফ্লোরের আয়তন প্রায় ১ হাজার ৬৮০ বর্গমিটার।
নকশা অনুযায়ী ভবনের নিচ তলায় গাড়ি পার্কিং, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, অটিজম কর্নার, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র এবং মৃতদেহ গোসল ও জানাজার ব্যবস্থা থাকার কথা। দ্বিতীয় তলায় পুরুষদের মূল নামাজ কক্ষ, ইসলামিক লাইব্রেরি, প্রাক-প্রাথমিক ও কোরআন শিক্ষার ব্যবস্থা এবং গবেষণা কেন্দ্র রাখার পরিকল্পনা রয়েছে। তৃতীয় তলায় নারীদের জন্য পৃথক নামাজ কক্ষ, দূরপাল্লার হজযাত্রীদের ডিজিটাল নিবন্ধন ও প্রশিক্ষণ কেন্দ্র, কনফারেন্স রুম এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং বা আবাসন সুবিধা রাখার কথা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর থেকেই বিভিন্ন সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতি, গাফিলতি ও অনিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘ সময়েও নির্মাণকাজ শেষ না হওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এরই মধ্যে সম্প্রতি নির্মাণকাজে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং করার ঘটনা ধরা পড়েছে। গত মঙ্গলবার চকরিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে নির্মাণকাজের জন্য নেওয়া মিটার এবং মেইন লাইন থেকে অবৈধভাবে নেওয়া সংযোগের তার জব্দ করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার মোহাম্মদ সামি জানান, ঠিকাদারের নির্দেশনা অনুযায়ী দ্রুত নির্মাণকাজ শেষ করার জন্য তিনি ওই সংযোগ নিয়েছিলেন।
প্রতিষ্ঠানটির সাইট ইঞ্জিনিয়ার রাকিব হোসেন বলেন, মিটার সংযুক্ত লাইনে পর্যাপ্ত পাওয়ার না পাওয়ায় মেইন লাইন থেকে সাময়িকভাবে ওই সংযোগ নেওয়া হয়েছিল। এটি তাদের ভুল হয়েছে উল্লেখ করে তিনি প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ করেন।
চকরিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, মডেল মসজিদ নির্মাণকাজে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নেওয়া মিটার জব্দ এবং অবৈধ সংযোগের তার কেটে নেওয়া হয়েছে। এ ঘটনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ আইনে মেসার্স আঁখি এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা মিটার ও সংযোগ পুনরায় নেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্নভাবে তদবির করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও মডেল মসজিদটি এখনও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় এর সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছেন। দ্রুত নির্মাণকাজ শেষ করে মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আঁখি এন্টারপ্রাইজের কর্ণধার আজম খাঁনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানের ম্যানেজার মোমেন উল্লাহ বলেন, আমরা দ্রুত মিটার পুন সংযোগ নিয়ে মসজিদ নির্মাণ কাজের অবশিষ্ট কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, আমি চকরিয়া উপজেলায় যোগদান করেছি ১০ মাস হয়ে গেছে। এই মসজিদের কাজের অগ্রগতি তেমন চোখে পড়েনি। অবৈধ সংযোগ নিয়ে কাজ অনৈতিক। বিদ্যুৎ বিভাগ তাদের আইনে ব্যবস্থা নেবেন।
গণপূর্ত অধিদপ্তরের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী জানান, ২০১৯ সালে কাজ শুরুর কিছুদিন পরে ওই ঠিকাদার কাজ রেখে উধাও হয়ে যায়। পরবর্তীতে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পুন টেন্ডারের মাধ্যমে কাজটি পান চট্টগ্রামের সেলিম আজম খাঁন।
কয়েক দফায় সময় বৃদ্ধি করা হলেও কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকাদার। সর্বশেষ আগামী বছরের মার্চের মধ্যে কাজ শেষ করতে না পারলে কাজ বাতিলসহ জরিমানা আদায়ের ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি তিনি অবগত ছিলেন না বলে জানান।
আশ্বিন মাস শুরু হলেও পঞ্চগড়ে কমছে না দিনের গরমের প্রভাব। ভোর ও রাতের দিকে শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা ও গরমের অনুভূতি। ফলে একই দিনে সকাল, দুপুর ও রাতের আবহাওয়ায় বেশ পার্থক্য দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে জেলার তেঁতুলিয়ায় ভোরের দিকে কুয়াশা ও ঠাণ্ডার অনুভূতি দেখা দিয়েছে। বিশেষ করে ভোরে ঘাস ও গাছের পাতায় শিশির জমতে শুরু করেছে।
এতে শীতের আগমনী বার্তা পাওয়া গেলেও দিনের বেলায় প্রচণ্ড রোদ ও গরমে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, গতকাল রোববার ছিল ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দে তেঁতুলিয়ায় দিনের তাপমাত্রা প্রায় সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের অধিক উঠতে পারে। সকাল থেকে সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতিও বাড়ছে। এতে বাইরে চলাচলকারী মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে বাইরে বের হলে ঠাণ্ডা অনুভূত হয়। তবে সকাল গড়িয়ে দুপুর হলেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। প্রচণ্ড রোদ ও গরমে স্বাভাবিক কাজকর্ম ও চলাফেরায় অস্বস্তি তৈরি হচ্ছে। সন্ধ্যার পর আবার তাপমাত্রা কমতে শুরু করায় ফিরে আসে শীতের অনুভূতি। এদিকে দিন ও রাতের তাপমাত্রার এমন ওঠানামায় শিশু ও বয়স্কদের ঠাণ্ডা-গরমজনিত নানা সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এ সময় প্রয়োজন ছাড়া ভোর ও রাতে বাইরে না বের হওয়া এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, ধীরে ধীরে দিনের তাপমাত্রা কমে উত্তরাঞ্চলে শীতের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। তবে আপাতত পঞ্চগড়ে শরতের কুয়াশা-শিশিরের সঙ্গে দিনের গরমের এমন বৈপরীত্যই অনুভব করছেন জেলার মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ০০ ডিগ্রি সেলসিয়াস, তিনি জানান, দিনে তাপমাত্রা বেশি থাকলেও রাত্রে তাপমাত্রা কমে আসে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, দিনে তাপমাত্রা বেশি ও রাতে তাপমাত্রা কম থাকায় এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি হয়নি অথবা হচ্ছে না তবে দীর্ঘমেয়াদে এভাবে তাপমাত্রা চলমান থাকলে রোগী বাড়ার সম্ভাবনা রয়েছে।
পটুয়াখালীর বাউফলে চাষকৃত জমিতে সার দিতে গেলে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সাবু মৃধা (৩০) ও তার ছোট ভাই মুসা মৃধা (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র ও আহতদের পরিবারের দাবি, সাবু ও মুসার বাবা ইব্রাহিম মৃধা প্রায় ১৫ বছর আগে মারা যান। এরপর তাদের চাচা নাসির মৃধা বাড়ি ও জমি দখল করে রেখেছেন। তাদের বাড়িতে থাকতে দেওয়া হয় না এবং সেখানে গেলে মারধর ও হুমকি দেওয়া হয়। এ কারণে তারা দীর্ঘদিন ধরে তাদের নানাবাড়ি পাশের গ্রাম মান্দারবণে বসবাস করছেন।
পরিবারের অভিযোগ, রোববার সকালে নিজেদের চাষকৃত জমিতে সার দিতে গেলে নাসির মৃধা, তার চাচাতো ভাই শহিদুল ও রুহুলসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাবু ও মুসাকে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় অভিযুক্ত নাসির মৃধা, শহিদুল ও রুহুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহ নগরের ভাটিকাশর এলাকায় পাঁচতলা বাড়ি নিজের নামে লিখে নেওয়ার পর ৮০ বছর বয়সী মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে ফারজানা সুলতানা কাবেরির বিরুদ্ধে। বাড়ির ভাড়া থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৃদ্ধা মা রহিমা খাতুন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন রহিমা খাতুন। তিনি ভাটিকাশর এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিধবা। তার কোনো পুত্রসন্তান নেই। দুই মেয়ের মধ্যে ফারজানা সুলতানা কাবেরি একজন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফারজানার স্বামী সরকারের একজন অতিরিক্ত সচিব।
লিখিত বক্তব্যে রহিমা খাতুন অভিযোগ করেন, প্রায় ২৫ বছর আগে মেয়ে ফারজানা সুলতানা কাবেরি ও তার স্বামী প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে পাঁচতলা বাড়িটি নিজেদের নামে লিখে নেন। বাড়িটি লিখে নেওয়ার পর তাদের আচরণেও পরিবর্তন আসে বলে দাবি করেন তিনি।
রহিমা খাতুন বলেন, বর্তমানে তিনি ওই বাড়ির একটি অংশে বসবাস করছেন। বাড়িটির অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হয়েছে। এসব ফ্ল্যাট থেকে পাওয়া ভাড়ার বেশির ভাগ টাকা তার মেয়ে নিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।
বৃদ্ধা এই মা আরও বলেন, বয়সজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হলেও অর্থের অভাবে নিয়মিত ওষুধ কিনতে পারছেন না। মেয়ের কাছে ভরণপোষণ চাইলে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়। এমনকি তার পক্ষে কেউ কথা বললেও তাকে নানাভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রহিমা খাতুন অভিযোগ করেন, মেয়ের স্বামীর প্রভাব খাটিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। ফলে জীবনের শেষ সময়ে এসে তিনি নিরাপত্তাহীনতা ও আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানান।
তিনি প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে লিখে নেওয়া বাড়ি ফেরত পাওয়ার পাশাপাশি ভরণপোষণ আইনে মেয়ে ও মেয়ের স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে মায়ের এসব অভিযোগ অস্বীকার করেছেন ফারজানা সুলতানা কাবেরি। মোবাইল ফোনে তিনি বলেন, তার মায়ের অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি নিয়মিত ঢাকায় বসবাস করেন।
ফারজানা বলেন, বাড়ি ভাড়া বাবদ মাসে প্রায় ৬০ হাজার টাকা পাওয়া যায়। সেখান থেকে প্রতি মাসে ২৭ হাজার টাকা মাকে দেওয়া হয়। বাকি টাকা তারা দুই বোন মিলে নেন।
মায়ের সঙ্গে যোগাযোগ কম হওয়ার বিষয়ে ফারজানা বলেন, তিনি ফোন করলে তার মা ভালোভাবে কথা বলেন না। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যোগাযোগ খুব কম হয়। মায়ের স্বজনদের ইন্ধনে তার বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রহিমা খাতুনের অভিযোগ ও ফারজানা সুলতানা কাবেরির বক্তব্যের বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার (৫ অক্টোবর) থেকে ২০ অক্টোবর পর্যন্ত দোকানপাট খোলার সময় রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
ব্যবসায়ীদের মালিক সমিতির পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবকে কেন্দ্র করে সাধারণত পণ্য কেনাবেচা বেড়ে যায়। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানপাটে বেচাকেনা কম। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিকভাবে সংকটের মধ্যে রয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, ঈদ ও পূজার সময়ে ব্যবসা কিছুটা বাড়লেও বর্তমানে রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করতে হওয়ায় ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সময় পাচ্ছেন না। তাই দুর্গাপূজা উপলক্ষে ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখার সুযোগ দেওয়া হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।
ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে উৎসবের সময় দোকান খোলার সময়সীমা দুই ঘণ্টা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ১২ আগস্ট সরকার দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও বিপণিবিতান খোলা রাখা যাবে।
একই নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার কথা বলা হয়। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল।
ব্যবসায়ীদের দাবি, উৎসবের মৌসুমে কেনাকাটা বাড়ায় দোকান খোলার সময়সীমা সাময়িকভাবে বাড়ানো হলে একদিকে ক্রেতারা অতিরিক্ত সময় কেনাকাটার সুযোগ পাবেন, অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও বাড়তি বেচাকেনার মাধ্যমে আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।
সামনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, দূরত্ব মাত্র ১৫০ গজ। পেছনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, মাত্র ২০ গজ দূরে। কাছেই জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা পরিষদ। অথচ এসব সরকারি কার্যালয়ের মাঝখানেই ৪৬ বছর আগে নির্মিত জরাজীর্ণ ভবনে চলছে জয়পুরহাট নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তারা, বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণিকক্ষে।
সরেজমিনে দেখা যায়, পাঁচ কক্ষের একতলা ভবনের একটি কক্ষ তালাবদ্ধ। সেখানে পাঠদান হয় না। আরেকটি কক্ষে শিক্ষকদের দাপ্তরিক কাজ চলে। ফলে বাকি তিনটি কক্ষেই বিভিন্ন শ্রেণির পাঠদান চলছে। ভবনের বিভিন্ন অংশের দেয়ালে ফাটল দেখা গেছে। কোথাও কোথাও পলেস্তারা খসে ইট বেরিয়ে এসেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র একটি ওয়াশরুম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় ভবনটি নির্মাণ করা হয়। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। জাতীয়করণের এক যুগ পেরিয়ে গেলেও নতুন ভবন নির্মাণ হয়নি। ৮৩ শতক জায়গার ওপর বিদ্যালয়টিতে বর্তমানে ছয়জন শিক্ষক ও ১০২ জন শিক্ষার্থী রয়েছে। পর্যাপ্ত জায়গা থাকলেও শ্রেণিকক্ষের সংকট কাটেনি। আবার বিদ্যালয়ে আধুনিক স্যানিটেশন সুবিধাও নেই।
বিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বলেন, দেয়ালে ফাটল থাকায় শ্রেণিকক্ষে বসে তাদের ভয় হয়। ভবনের কোনো অংশ ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করে তারা।
অভিভাবক শিউলি খাতুন বলেন, ‘দেয়ালে ফাটল ও পলেস্তারা খসে পড়া ভবনে সন্তানকে পাঠিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকেন। কখন ভবনের কোনো অংশ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে, সেই ভয়ও রয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন অবস্থা মেনে নেওয়া কঠিন। দ্রুত নতুন ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের ব্যবস্থা করা উচিত।’
সহকারী শিক্ষক ইশরাত জাহান বলেন, ‘বিদ্যালয়ের পরিবেশ ভালো না থাকায় দিন দিন শিক্ষার্থী কমছে। গ্রামের অনেক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হলেও জেলা শহরের প্রাণকেন্দ্রে থাকা এই বিদ্যালয়ে নতুন ভবন হচ্ছে না। একটি মাত্র ওয়াশরুম শিক্ষক-শিক্ষার্থী সবাইকে ব্যবহার করতে হওয়ায় ভোগান্তিতে পড়তে হয়। বিদ্যালয়ের সামনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পেছনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং কাছেই জেলা প্রশাসকের কার্যালয় থাকার পরও ভবনের এমন অবস্থা কাম্য নয়।’
জয়পুরহাট নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাইলা আকতার জাহান বলেন, ‘২০১৮ সালে বিদ্যালয়ে যোগ দেওয়ার সময় থেকেই ভবনটির খারাপ অবস্থা দেখে আসছেন। বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে। কিন্তু এখনো নতুন ভবন নির্মাণ হয়নি। ভবনের দুরবস্থার কারণে অনেক অভিভাবক সন্তান ভর্তি করানোর পর অন্য বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয় চলাকালে ভূমিকম্প হলে দুর্ঘটনা ঘটতে পারে। জীবনের ঝুঁকি নিয়েই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।’
শিক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, ভবনের দুরবস্থার কারণে এ বছর ১৫ থেকে ২০ জন অভিভাবক সন্তানদের ভর্তি করাতে এসে বিদ্যালয়ের পরিবেশ দেখে অন্য বিদ্যালয়ে চলে গেছেন। অনেকে বিদ্যালয়ে ভর্তি থাকা সন্তানদের অন্য বিদ্যালয়ে নিয়ে গেছেন। এ ছাড়া বিদ্যালয় চলাকালে ভূমিকম্প হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) আওতায় বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কয়েক মাস আগে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ইকবাল।
জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ইকবাল বলেন, ‘বিদ্যালয়টির ভবন অনেক পুরোনো এবং দেয়ালে ফাটল ধরেছে। নতুন ভবন নির্মাণের জন্য অনেক আগেই সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে।’
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী বলেন, ‘জেলার প্রশাসনিক চত্বরে অবস্থিত নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের অবস্থা ভালো নয়। নতুন ভবন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।’