রাজধানীর শ্যামপুর থেকে বিপুল পরিমাণে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটারসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম- লোকমান হোসেন (৪৭)। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)-৩ এই অভিযান চালায়।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিণা রানী দাস দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা তথ্য ও আগে গ্রেপ্তার হওয়া অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার ব্যবসায়ীদের দেয়া তথ্যে জানা যায়, শ্যামপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি চক্র এই অবৈধ ব্যবসা করছে। পরে অভিযান চালিয়ে লোকমান হোসেন নামে ১ জন অবৈধ মোবাইল
নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে ৭ টি মোবাইল নেটওয়ার্ক বুস্টার/রিপিটার, ২৯ টি বুস্টারের আউটডোর এ্যান্টিনা, ৫৪ টি বুস্টারের ইনডোর এ্যান্টিনা, ২ টি বুস্টারের ক্যাবল, ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী জানায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার বিক্রি করে আসছে। সে ইলেকট্রনিক যন্ত্রাংশের পাশাপাশি উচ্চ মূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধ মোবাইল নেটওয়ার্ক বুস্টার ও রিপিটারসহ যন্ত্রাংশ বিক্রি করেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধান এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনার সম্পূর্ণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো।
প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল, যা এই সর্বশেষ চালানের মাধ্যমে শতভাগ বাস্তবায়িত হলো। রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে এই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমও সমানতালে এগিয়ে চলছে। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে, যেখানে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানো হচ্ছে। এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল প্রথম ইউনিট, যা টানা সাড়ে আট ঘণ্টার বেশি চলার পর সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই অর্জনকে পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হিসেবে আখ্যায়িত করে জানিয়েছেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল বা পরীক্ষামূলক অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। তখন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রভিশনাল টেকওভারের মাধ্যমে এর দায়িত্ব গ্রহণ করবে এবং সরকারি প্রজ্ঞাপনের পর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) অপারেটিং অর্গানাইজেশন হিসেবে এর মূল কার্যক্রম পরিচালনা করবে।
কক্সবাজারের চকরিয়ায় দক্ষিণ চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা ও অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি। তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবার দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় ডাকাতির ঘটনায় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ রয়েছে তৌহিদের বিরুদ্ধে। এ ঘটনায় ২৫ নভেম্বর মামলা হয়। একই দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি ডাকাতির ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ নভেম্বর মামলা দায়ের করা হয়।
এ ছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিনকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি তৌহিদ।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ মোটরসাইকেল এবং বিদেশি ইমিটেশনের গোল্ডেন রঙের তিনটি চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি আন্তঃজেলা ডাকাত বাহিনী সক্রিয় ছিল। চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি ছিল।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তৌহিদ কে মোট ৩৩ টি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ (Exercise Guardian Shark-1) শীর্ষক যৌথ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার ইউএস ডিফেন্স অ্যাটাশে অফিসের (U.S. Defense Attaché Office, Dhaka) উদ্যোগে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ আয়োজিত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে গত ২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন (Acting Deputy Chief of Mission) মিস ত্রিশিতা মাওলা (Ms. Trishita Maula)। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এটি পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের যৌথ প্রশিক্ষণ কোর্স আয়োজনের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
চব্বিশের সেই পরাজিত শক্তি যারা গত ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়ে দেশটাকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। তেমনিভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিও ভংগুর করে দিয়েছে সেই শক্তি আবার দেশের উন্নয়নকে ব্যাহৃত করার জন্য তারা আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ভৈরব পৌরসভার জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোন নিশ্চিত ছিল না। কথা বলার স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না শুধু এক দলীয় বাঘশাল কায়েমের একটি অলিখিত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই পরাজিত শক্তি শুধু চব্বিশে আন্দোলনে ১৪শত ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করেছে। কিন্তু সেই পরাজিত শক্তি নয় মাসের মাথায় একবারও শুনেনি তারা অনুতপ্ত অনুশোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে দেশের চলমান উন্নয়নকে ব্যহৃত ও নসাৎ করতেই চাই। তারা আবার দেশটাকে অন্ধকার যুগে নিয়ে যেতে চাই। তাই যেভাবে চব্বিশের আন্দোলনে দেশের ছাত্র, আলেম সমাজসহ সকল রাজনৈতিক নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছি তেমনিভাবে আবার দেশের উন্নয়নকে তুরান্বিত করতেই পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।
ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম। এছাড়াও,ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পৌঁনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় এক অটোরিকশাচালকও আহত হয়েছেন। বিস্ফোরণের পর আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাঁকে দেখতে মেডিকেল সেন্টারে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ সাধারণ শিক্ষার্থীরা।
ঘটনার বর্ণনা দিয়ে আহত শিক্ষার্থী সানজিদা হামীম বলেন, ‘গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমি ভয় পেয়ে যাই। ককটেলটি বিস্ফোরিত হয়ে আমার পায়ে এসে লাগে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল।’
আহত অটোরিকশাচালক বলেন, ‘আমি রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়ে আমার ঘাড়ে এসে লাগে। এতে আমার ঘাড় ছিলে যায়।’
কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে দেখিনি।’
মেইন গেটে দায়িত্বরত আনসার সদস্য প্রসত্তম বলেন, ‘আমরা তিনজন আনসার সদস্য গেটে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তবে ধোঁয়ার কারণে কিছু শনাক্ত করা যাচ্ছিল না। একপর্যায়ে দেখি, একজন মেয়ে চিৎকার করে পড়ে যান।’
ককটেল কারা রেখে গেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘কারা এখানে ককটেল রেখে গেছে, তা আমরা দেখিনি। এ ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি।’
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন বলেন, ‘আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় তাঁরা কাউকে শনাক্ত করতে পারেননি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিষয়টি কোতোয়ালি, সদর দক্ষিণ ও কোটবাড়ি থানাকে অবহিত করা হবে।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। ইসিজি পরীক্ষার নামে নেওয়া হচ্ছে টাকা, দেওয়া হচ্ছে না সরকারি রশিদ। ইকো পরীক্ষায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিলে মিলছে দ্রুত সেবা। অন্যদিকে হাসপাতালের ওষুধের মজুত ও স্টক রেজিস্টারে পাওয়া গেছে বড় ধরনের গরমিল। এমনকি সরকারি ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের সন্দেহও করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
দুদকের অভিযান সূত্রে জানা যায়, হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রতিটি ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হলেও দেওয়া হচ্ছে না কোনো রশিদ। দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান ছোট ছোট সাদা কাগজে টাকার হিসাব রাখছিলেন। পরে নিজের সুবিধামতো মাত্র ৩০ থেকে ৫০ জন রোগীর নামে রেজিস্টারে টাকা জমার তথ্য লিখতেন। অথচ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে আসেন। ফলে বিপুলসংখ্যক রোগীর কাছ থেকে নেওয়া টাকা সরকারি হিসাবে জমা না হওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।
অভিযানকালে তার ড্রয়ার থেকে টাকা জমার রশিদ বইও উদ্ধার করা হয়। বইয়ের রশিদের গ্রাহক কপি রোগীদের না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। কয়েকজন রোগীর ইসিজি রিপোর্ট যাচাই করেও দেখা যায়, তারা ৮০ টাকা দিলেও রেজিস্টারে কোনো তথ্য নেই, কাটা হয়নি রশিদও। জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মী।
ইকো পরীক্ষাতেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা। কিন্তু রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দিতে হচ্ছে। যারা বাড়তি টাকা দিচ্ছেন, তাদের তাৎক্ষণিক ইকো পরীক্ষা করা হচ্ছে। আর সাধারণ রোগীদের দুই থেকে চার দিন পর পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে। ইকো কক্ষে দায়িত্বরত কর্মীদের কাছে পৃথক সাদা কাগজে রোগীদের তালিকা রাখার বিষয়টিও নজরে এসেছে দুদকের।
শুধু পরীক্ষা-নিরীক্ষা নয়, হাসপাতালের ওষুধের হিসাবেও পাওয়া গেছে বড় ধরনের গরমিল। বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, নিয়মিত হিসাব হালনাগাদ করা হচ্ছে না। কয়েক দিন পরপর নিজেদের সুবিধামতো হিসাব লেখা হচ্ছে। কয়েকটি ওষুধের বাস্তব মজুত গণনা করে রেজিস্টারের সঙ্গে মিল পাওয়া যায়নি। মন্টিলুকাস্ট ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। ঘাটতি এক হাজার পাতা।
হাসপাতালের কেন্দ্রীয় ওষুধের স্টোরেও একই চিত্র পেয়েছে দুদক। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বড় ধরনের গরমিল পাওয়া যায়। একটি হিসাবে ২৪ হাজার ২৬৫টি ওষুধ থাকার কথা থাকলেও ‘এস্কেপ’ ও ‘বিকন’ ব্র্যান্ডের ওষুধ মিলিয়ে পাওয়া গেছে ১৭ হাজার ৬০৯টি। বাকি ৬ হাজার ৬৫৬টি ওষুধের হিসাব দিতে পারেননি সংশ্লিষ্ট স্টোর কিপার।
এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ১৯ হাজার ১০০টি। ঘাটতি প্রায় এক হাজার ইনজেকশন। কয়েক ধরনের ইনজেকশনের প্যাকেটেও সরকারি সম্পত্তি হিসেবে চিহ্ন বা সিল পাওয়া যায়নি। ওষুধের মজুতে ঘাটতি এবং সরকারি চিহ্ন না থাকার কারণে এসব ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের সন্দেহ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক।
হাসপাতালের পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটাতেও দেখা গেছে অস্বাভাবিক দাম। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা পণ্যের চালান ও বাজারমূল্য যাচাই করে দুদক। এতে দেখা যায়, ৬০ টাকার মেরিল সাবান কেনা হয়েছে ৮৯ টাকা দরে। ১৪০ টাকার টয়লেট ক্লিনার কেনা হয়েছে ২৪৯ টাকায়। ২০০ টাকার ফিনাইলের দাম ধরা হয়েছে ৩৯৯ টাকা। ২৫ টাকার টিস্যু কেনা হয়েছে ৬৯ টাকায়। ১০০ টাকার হ্যান্ডওয়াশের দাম দেখানো হয়েছে ১৯০ টাকা।
এ ছাড়া ১৮০ টাকার ওয়াশিং পাউডারের দাম ধরা হয়েছে ৩৮০ টাকা। ৮০ টাকার প্লাস্টিকের বদনা কেনা হয়েছে ১৪৯ টাকায়। ১৩০ টাকার পানির জগের দাম দেখানো হয়েছে ৩৭০ টাকা। এভাবে বাজারদরের চেয়ে দেড় থেকে তিন গুণ বেশি দামে বিভিন্ন পণ্য কেনার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এতে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দলের অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।
অভিযান শেষে দুদক জানিয়েছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্টরা সেগুলো জমা দিতে সময় চেয়েছেন। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে চলমান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএর বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিসহ পরিচালনা বোর্ডের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) মো. জসিম উদ্দিন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. নজরুল ইসলাম, রাজশাহী ও দিনাজপুরের পুলিশ সুপারের প্রতিনিধিরা এবং বোর্ড সদস্য ফাজুরুল্লাহ, মো. শফিকুল আলম, মাসউদা আফরোজ হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জ্যেষ্ঠতম কর্মকর্তা মো. নাজিরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম খান।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।
সভায় বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বলে সভায় উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএর নেতৃত্ব ও চলমান কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করেন।
তাঁরা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হলে উত্তরবঙ্গের কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন সভায় অংশগ্রহণের জন্য সব বোর্ড সদস্যকে ধন্যবাদ জানান। পরে সভার সমাপ্তি ঘোষণা করেন।
দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসার এবং বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ পেমেন্ট পদ্ধতি জনপ্রিয় করতে নীলফামারীতে প্রচারণা ক্যাম্পেইন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রূপালী ব্যাংকের নীলফামারী শাখা কার্যালয়ের সামনে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি প্রচারণা র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান। রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মোতালেব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী এবং রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কামরুল হাসান। স্বাগত বক্তব্য দেন রূপালী ব্যাংক পিএলসি নীলফামারী করপোরেট শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার পোদ্দার।
বক্তারা বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। একটি কিউআর কোড স্ক্যান করেই সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। এ পদ্ধতির ব্যবহার বাড়লে দেশে ক্যাশলেস অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।
তাঁরা আরও বলেন, ডিজিটাল আর্থিক সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ব্যবসায়ী-গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে বাংলা কিউআর কোড তুলে দেন অতিথিরা। ব্যাংক কর্মকর্তারা জানান, ক্যাশলেস লেনদেনে মানুষকে অভ্যস্ত করতে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সাথে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরই মধ্যে শওকত আলী তার স্ত্রীকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেয়। এরপরও তার উপর নির্যাতন থামেনি। এক পর্যায়ে শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এসময় নাছিমা খাতুন ও তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তবে শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। এর একদিন আগে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাড়িয়ে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তার চিৎকারে এগিয়ে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন।
এ ঘটনায় আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ এবং শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরন খাতুনকে খালাসের আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রংপুরের আলোচিত মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তী পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে নতুন তথ্য সামনে এনেছে পুলিশ। মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নয়, বরং অর্থ ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে বাধার মুখে পড়ে পরিকল্পিতভাবে চারজনকে হত্যা করে দুই আসামি। দীর্ঘ তদন্ত শেষে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মাহবুব রশিদ।
পুলিশের তদন্ত অনুযায়ী, গত ২১ আগস্ট রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং শিশু ছেলে আয়াশ চক্রবর্তীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করে একে একে চারজনের প্রাণ কেড়ে নেয় আসামিরা।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের আগে দুই আসামি চুরি করার উদ্দেশ্যে ওই বাড়ির ছাদে অপেক্ষা করছিল। সময় কাটাতে তারা ইয়াবা সেবন করে। পরে সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে চুরির চেষ্টা চালায়। এ সময় বাধার মুখে পড়ে তারা পরিবারের চার সদস্যকে হত্যা করে। হত্যার পর বাড়ি থেকে নগদ ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
তদন্তে আরও উঠে এসেছে, অবসর গ্রহণের পর গণপতি চক্রবর্তী প্রায় ৬০ লাখ টাকা অবসরভাতা পেয়েছিলেন। পাশাপাশি তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী দামি স্বর্ণালংকার ব্যবহার করতেন। এসব বিষয় আগে থেকেই লক্ষ্য করেছিল আসামিরা। বিপুল অর্থ ও গহনার লোভেই তারা ওই বাড়িকে চুরির লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয় বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা ও রশি, আসামিদের খাওয়া শসার অংশবিশেষসহ ৬৩টি আলামত জব্দ করা হয়। এসব আলামত সিআইডি পরীক্ষা করেছে। পাশাপাশি আসামিদের ডিএনএ পরীক্ষায় হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।
এ মামলায় মোট ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের পর দ্রুত আসামি শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টিও সংবাদ সম্মেলনে উঠে আসে। নিহতের স্বজন ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরবর্তী তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় সাবেক পুলিশ কমিশনার এবং বর্তমানে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
সংবাদ সম্মেলনে মামলার তদারকি কর্মকর্তা ডিবি পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী, যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার সদস্যের একটি পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে যে প্রশ্ন ও নানা আলোচনা ছিল, পুলিশের অভিযোগপত্রে তার তদন্তভিত্তিক ব্যাখ্যা উঠে এসেছে। এখন আদালতে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিযোগগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে।
আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর উপলক্ষে দেশীয় খেলাধুলা বা ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে প্রস্তুতিমূলক সভা হয়েছে। এতে কুস্তিসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি নানা আয়োজনের বিষয়ে আলোচনা হয়। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. মোহাম্মদ শাহানুর আলম বলেন, ‘এবার জাতীয় পর্যায়ের একটি আয়োজন সুনামগঞ্জে করার সুযোগ এসেছে। কুস্তি খেলার পাশাপাশি আরও কিছু আয়োজন থাকবে। এটি সুনামগঞ্জের জন্য বিশাল পাওয়া। জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজনটি সুন্দর ও সফল হবে বলেই আমরা বিশ্বাস করি।’
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসবেন, তা আমরা সবাই জানি। কান্ট্রিগেমস অর্থাৎ আমাদের দেশীয় খেলাধুলাগুলো ফিরিয়ে আনতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। আমরা সেই উদ্যোগ সফল করতে এবং ওইদিন দেশীয় খেলাধুলা উপভোগ করতে সবার সহযোগিতা কামনা করছি।’
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তার বক্তব্যে দেশীয় সংস্কৃতি ও সংগীতের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করার প্রস্তাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, এডিএম সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, এসআরবি-৯ এর এএসপি মো. রোকনুজ্জামান, সিলেট বিভাগের বিকেএসপির উপপরিচালক মো. শহিনুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, বিএনপি নেতা নজরুল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা।
কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে হোটেল থেকে ডেকে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি জয়নাল।
পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা এলাকার মাঝখান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহত জয়নালের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য উঠে আসে।
তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।
দীর্ঘ বিচারিকপ্রক্রিয়া শেষে গতকাল বুধবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।