দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির মধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ৯ দিনে মোট ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর ৭৭ মেট্রিক টন ১০০ কেজি, ২৩ সেপ্টেম্বর ৪০ মেট্রিক টন ১০০ কেজি, ২৫ সেপ্টেম্বর ৫৬ মেট্রিক টন ৫০০ কেজি, ২৬ সেপ্টেম্বর ৪৮ মেট্রিক টন ৯৮০ কেজি, ২৭ সেপ্টেম্বর ৩১ মেট্রিক টন ৭৬০ কেজি, ৩০ সেপ্টেম্বর ৯১ মেট্রিক টন ৫০০ কেজি, ৩ অক্টোবর ৯৮ মেট্রিক টন ৬০০ কেজি, ৪ অক্টোবর ৮৩ মেট্রিক টন ৯০০ কেজি এবং গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৭২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়।বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সাল থেকে পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়।
ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস বলেন, পূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কলকাতায়। পূজার আগে এর চেয়ে আনন্দ আর কী হতে পারে। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ভারতে। গত ৯ দিনে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ ভারতে গেছে এই বন্দর দিয়ে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করবে ৭৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
বর্ণাঢ্য আয়োজনে পহেলা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। একই দিনে ইনস্টিটিউট প্রাঙ্গণে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচিও পালন করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এসব কর্মসূচিতে ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
নবান্ন উৎসব উপলক্ষে সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ ক্যাম্পাসের গবেষণা মাঠে সোনালি ধান কর্তন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উৎসবে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠার উৎসব। যেখানে ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে হরেক রকমের পিঠা ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।
ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে নবান্ন উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রির ধানভিত্তিক খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান এবং নবান্ন উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং উদ্যাপন কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ ইনস্টিটিউটে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অন্যদিকে, একই দিন সকালে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রির ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক কমিটি’র উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপস্থিত সবার মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৯ জন শহীদ বীর মক্তিযোদ্ধাদের নাম ফলক ও ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার ‘চাঁনমারিতে বিদ্ধ গুলির’ সংরক্ষিত চিহ্নের স্মৃতি―সমূহ সাদা রং দ্বারা মুছে ফেলার যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে সোমবার (১৬ নভেম্বর) সকালে শহীদ মিনার এবং উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করেন। পরে বীর মুক্তিযোদ্ধাগণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমান্ড বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ড ও সদস্য সচিব শাহার বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ অনেকেই।
তারা বলেন, একটি দেশ স্বাধীনের পর, শহীদদের নামের স্মৃতি ফলক ও মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের একটি চাঁনমারিতে গুলির চিহৃ সংরক্ষন যারা মুছে ফেলার চেষ্টা করেছে। এমন জঘন্যতম কর্মকান্ডে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িত ও দুস্কৃতিকারীদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্বরোচিত বোমা হামলায় নিহত সিনিয়র সহকারী জজ শহীদ জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহমদের ২১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিচার বিভাগ, চাঁদপুরের আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরাফ উদ্দিন আহমেদ, দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল হোসেনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকরা।
স্মরণসভায় শহীদ দুই বিচারকের কর্মজীবন, আত্মত্যাগ ও বিচার বিভাগের প্রতি তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল সোমবার প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল গেজেট উপাচার্যের নিকট হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ২২২ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।
গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন ‘A+’, ১ হাজার ৫০৮ জন ‘A’, ৩ হাজার ৩০২ জন ‘A-’, ৩ হাজার ৫২৪ জন ‘B’, ২ হাজার ১০৭ জন ‘C’ এবং ৪৬ জন ‘D’ গ্রেড অর্জন করেছে।
ফলাফল ঘোষণাকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।”
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ সম্ভব হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি স্থগিত ফলাফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে পরীক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য। বাউবিকে মানবিক ও গুণগত শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্বরোচিত বোমা হামলায় নিহত সিনিয়র সহকারী জজ শহীদ জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহমদের ২১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিচার বিভাগ, চাঁদপুরের আয়োজনে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরাফ উদ্দিন আহমেদ, দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল হোসেনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকরা।
স্মরণসভায় শহীদ দুই বিচারকের কর্মজীবন, আত্মত্যাগ ও বিচার বিভাগের প্রতি তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ ও বিজিবি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়, যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর এবিএম ফ্যাশন এবং যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগদান না করে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে শত শত শ্রমিক সেখানে সমবেত হয়ে বিক্ষোভ আরম্ভ করেন এবং পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন।
সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন এবং শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি সামাল দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ও বিজিবি। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে গেলে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছিলেন; পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে; পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার সাহায্যে মাঠপর্যায়ে বিজিবির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন হওয়া বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুসারে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন। এ সময় তাঁরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।
মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি তদারকি ও সমন্বয়ের উদ্দেশ্যে মোতায়েনকৃত সর্বোচ্চ সংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ চলমান রয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রমসহ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের যেকোনো প্রয়োজনে সরকারের অর্পিত দায়িত্ব নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে পালনে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ।
রংপুরের তারাগঞ্জে বাসে থাকা এক যাত্রীকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই যুবক। অভিযোগ উঠেছে, তাদের চলন্ত বাস থেকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। রোববার (১৫ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তারা সম্পর্কে আত্মীয়। নির্মাণশ্রমিকের কাজ শেষে কুমিল্লা থেকে বাড়ি ফিরছিলেন তারা।
পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ছয়জন কুমিল্লার ময়নামতি এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন। তাদের মধ্যে আতিক বসুনিয়া নামের এক যাত্রীর কাছে তিন লাখ টাকা ছিল। পথে বাসের কর্মীদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হয়।
তারাগঞ্জ এলাকায় পৌঁছানোর পর অন্য যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হলেও আতিককে আটকে রাখা হয়। একপর্যায়ে তাকে জিম্মি করে টাকা নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তার স্বজন মুকুল ও শাকিব তাকে উদ্ধারে এগিয়ে আসেন।
আতিক বসুনিয়া বলেন, বাসের হেলপার ও সুপারভাইজার তাকে আটকে রেখে গলায় গামছা পেঁচিয়ে দেন। পরিস্থিতি দেখে মুকুল ও শাকিব এগিয়ে এলে বাসের কর্মীরা তাদের লাথি মেরে চলন্ত বাস থেকে ফেলে দেন। পরে তিনি চিৎকার শুরু করেন। তার ভাষ্য, একটি মাইক্রোবাসের চালক ঘটনাটি দেখে চিকলী এলাকায় বাসটির পথরোধ করেন। পরে স্থানীয় লোকজন এসে বাসটি আটকান।
নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়া বলেন, তার ছোট ভাইসহ এলাকার ছয়জন কুমিল্লা থেকে বাড়ি ফিরছিলেন। তাদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। বাসের কর্মীরা তাকে জিম্মি করার পর মুকুল ও শাকিব উদ্ধারে গেলে তাদের বাস থেকে ফেলে দেওয়া হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে উদ্ধারকারী দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে সড়ক দুর্ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে চালক ও সুপারভাইজারকে পুলিশের কাছে সোপর্দ করেন। এদিকে দুই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদীখানে ১৫ বছর বয়সী নিজ প্রতিষ্ঠানের এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক গার্মেন্টস মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইসলামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন রাজু (৬০) উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের মৃত শেখ সমন আলীর ছেলে। তিনি কাঠালতলী গ্রামে অবস্থিত ইন্ডিয়ান টেক্সটাইল নামের একটি গার্মেন্টস কারখানার মালিক।
পুলিশ জানায়, ভুক্তভোগীর মা আগে থেকেই প্রতিষ্ঠানটিতে কাজ করতেন। সম্প্রতি তার মেয়েও সেখানে কাজে যোগ দেয়। যোগদানের ৩ দিনের মাথায় গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে কারখানার নিজ অফিসকক্ষে দরজা বন্ধ করে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
পরে কিশোরীকে কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে তাঁর মা ও পরিবারের সদস্যরা কারখানায় গিয়ে কক্ষের তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন। এ ঘটনায় গত ১৩ নভেম্বর রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সিরাজদীখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়। উল্লেখ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে সশস্ত্র মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় সরকার।
রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জানানো হয়।
নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়।
এর আগে, রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এই মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়।
মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন এলাকায় প্রবেশ করেন। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন বিক্ষোভকারীরা।
এ ছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন নেতাকর্মীরা। গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নাম সংবলিত ব্যানার টাঙানো হয়। বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ও স্থাপন করেন তারা।
মিছিল চলাকালে শহরের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে আগুন দেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়। মিছিলের কারণে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং রিকশা-ভ্যান চলাচল ব্যাহত হয়। দুপুর দুইটার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাধারণ শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) নোবিপ্রবি শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন বলেন, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আজ এ কর্মসূচি পালন করছেন। তারই অংশ হিসেবে নোবিপ্রবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ছাত্র-জনতার অংশগ্রহণে মাত্রই দেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, যার ফলশ্রুতিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা একটি নির্বাচান পেয়েছি। যেখানে দুই-তৃতীয়াংশ ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। সরকার সকলের মতামতকে প্রাধান্য দিয়ে জাতীয় সংসদসহ প্রতিটি জায়গায় গণতান্ত্রিক বিধিব্যবস্থার পুনর্বহাল এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরিতে সক্ষম হয়েছে। তবে সম্পতি আমরা লক্ষ্য করছি যে, একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে। এ ধরনের কর্মকাণ্ড আমরা সাধারণ শিক্ষকরা মেনে নিতে পারছি না। দেশের শান্তিপ্রিয় জনগণ তাদের ম্যান্ডেটের মাধ্যমে রাজনৈতিক পালাবদল ঘটাবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিগত ১৭ বছর এ ধরনের কোনো গণতান্ত্রিক নির্বাচন আমরা প্রত্যক্ষ করিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ উত্তরণের পর চব্বিশের সেই পরাজিত শক্তি দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং মতপ্রকাশের নামে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। আপনাদের সৎ সাহস থাকলে জনগণের কল্যাণে কাজ করুন, জনগণই সিদ্ধান্ত নেবে এ রাষ্ট্র কাদের হাতে নিরাপদ।
তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। এ শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করে কেউ যদি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখবো। বক্তব্যে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন এবং দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জনান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
নোবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, আইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান প্রমুখ।
আর নয় বাল্যবিবাহ। যদি কোন কাজী বাল্যবিবাহ করান তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে হুশিয়ারি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুধু বাল্যবিবাহ নয়, যৌতুক পাইয়ে দিতেও যদি কোনো কাজী সহযোগিতা করেন তবে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিবে সরকার। গত শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত লালমনিরহাট-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজীদের উদ্দেশে এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্ট্রার কাজীদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিক বয়স যাচাই-বাছাই করে সঠিকভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে বিয়ের কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো এখন ধ্বংসের পথে। আসাদুল হাবিব দুলু বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না। অবকাঠামোর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলে প্রকৃত উন্নয়ন হবে এবং উন্নয়ন সার্থক হবে। তখনে হবে আলোকিত লালমনিরহাট। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি আমরা উন্নয়নমূলক কাজও করছি।
মন্ত্রী বলেন, সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট সারাদেশে ছড়িয়ে দিতে ইতোমধ্যে অন্য জেলার জেলা প্রশাসকরা আমাদের জেলায় এসেছেন। এর লক্ষ্য ও কার্যক্রম দেখে তারা অভিভূত হয়ে তাদের জেলায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি করি কিন্তু তার টাকার উৎস খুঁজি না। এমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ঘুষের টাকা মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। সামাজিকভাবে এসব বিশ্লেষণ করা দরকার। মাদক খাব, নামাজ পড়ব তা এক সাথে যায় না। তাই সমাজকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত করতে হবে। নিজের বিবেককে পাহারাদার বানান, তাহলে অপরাধে ধাবিত হবেন না। নিজের বিবেক সব চেয়ে বড় পাহারাদার।
আলোকিত লালমনিরহাটের আন্দোলনে দুই-একজন মাদকসেবী থাকতে পারে। যদি কেউ থেকে থাকেন তিনি যেন স্বেচ্ছায় ইস্তফা নেন। আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। একই সঙ্গে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে তাকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ নভেম্বর থেকে বাতিল।