রূপগঞ্জে একটি বৃক্ষ ঘিরে রয়েছে নানা কল্প-কাহিনি। বৃক্ষটির বয়স নিয়েও রয়েছে নানান মত। কারও মতে ৩০০ বছর, কারও মতে আরও বেশি। তবে কত বছর ধরে এটি ঠাঁয় দাঁড়িয়ে আছে, তা কারও সঠিক জানা নেই। বৃক্ষটিকে সবাই ‘অচিন বৃক্ষ’ বলেই চেনে।
জায়গাটিকে সবাই চেনে ‘অচিনতলা’ হিসেবে। উদ্ভিদ বিভাগের কাছেও গাছটি অচেনা। কথিত আছে, এ বৃক্ষের ডালাপালা কেউ ভয়ে ছিঁড়ে না। ছিঁড়লে পেট ব্যথা করে। তবে রোগ-বালাইয়ের জন্য এ বৃক্ষের পাতা খুবই উপকারী। মানত করলে উপকার হয়। সুনিবিড় ছায়ায় বিশ্রাম নিলে ক্লান্ত পথিক আরাম বোধ করেন। তাই গাছটি ‘ছায়াবৃক্ষ’ হিসেবে পরিচিত।
খোঁজ নিয়ে জানা গেছে, রূপগঞ্জ থেকে ৫ কিলোমিটার দূরে সদর ইউনিয়নের জাঙ্গীর গ্রামে অচিন গাছটির অবস্থান। দৈত্যাকৃতির গাছটি কবে, কীভাবে, কে রোপণ করেছিল, তা কারোর ধারণা নেই। তবে গাছটি নিয়ে এলাকায় রয়েছে নানা কিংবদন্তি। এ গাছের ডাল কেটে রক্তবমি করে মারা গিয়েছিলেন এক ব্যক্তি। তারপর থেকে কেউ ডাল কাটে না। এমন কাহিনি বলতে ও বিশ্বাস করতে এলাকার লোকজন অভ্যস্ত। বন বিভাগ ও গাছপালা নিয়ে গবেষণা করেন যারা, তাদের কেউ কেউ মাঝেমধ্যে গাছটি দেখতে আসেন। দেখে চলে যান, কিন্তু আজ পর্যন্ত গাছটির প্রকৃত নাম শনাক্ত করতে পারেননি কেউ।
স্থানীয়রা বলেন, গাছটির অজানা কাহিনি শুনলে গা-শিউরে উঠবে। গাছটির বয়স হবে প্রায় ৩০০ বছর। ব্রিটিশ আমলে এখানে গভীর জঙ্গল ছিল। সেখানে ভয়ে মানুষ উঁকিও দিত না। পাকিস্তান আমলে ১৯৬২ সালের দিকে অজানা এক সাধু আচমকা গাছটির নিচে আশ্রয় নেন। তার কানে ছিল দুল। মাথায় ঝাঁকড়া চুল। পায়ে ঘুঙুর। পরনে থাকত পাটের চট। বাক-প্রতিবন্ধী এ সাধু ক্ষিধে পেলে অচিন গাছের পাতা চিবিয়ে খেতেন। তার পাশে সব সময় জলন্ত আগুনের কুণ্ডলী থাকত। আর বাঁশের তৈরি হুক্কা দিয়ে হুক্কা খেত। ধীরে ধীরে মানুষের যাতায়াত শুরু হয়। একসময় মানুষ সাধুর কাছে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য পানি পড়া আনত। উপকার পেয়ে অনেকে নানান কিছু মানত করত। তার সঙ্গে সব সময় বালতি থাকত। তাই ওই সময় তাকে সবাই বালতি সাধু বলে চিনতেন।
জাঙ্গীর সুন্নি মাদ্রাসার মাওলানা ফাইজুদ্দিন বলেন, বালতি সাধু ইরাকের বাগদাদ শহরের এক পীরের শিষ্য। তাই তাকে নুরা বাগদাদী বলে ডাকতেন অনেকে।
সত্তোর বছর বয়সি হুমায়ুন মাস্টার। এলাকার লোকের কাছে সম্মানীয়। অচিন গাছের বিষয়ে তিনি বলেন, ‘আমার দাদা ডেঙ্গুরি ভূঁইয়া প্রায় ১৩০ বছর বেঁচে ছিলেন। বাবা সোলায়মান ভূঁইয়া বেঁচে ছিলেন ৯০ বছর। তাদের মুখে ছোটকালে শুনেছি এ অচিন গাছের রূপকথার গল্প।’ তিনি বলেন, গাছটি অনেক পুরোনো। নুরা বাগদাদের আগমন না হলে অচিন গাছ ও অচিন দ্বীপের সৃষ্টি হতো না। উদ্ভিদ বিভাগের লোকজনও গাছটির পরিচয় চিহ্নিত করতে পারেননি। ফলে এলাকাবাসী গাছটিকে অচিন গাছ বলেই চেনেন। আর জায়গাটিকে চেনে অচিনতলা হিসেবে।
গাছটি দেখতে আশপাশসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। মানত করে। তবে অযত্ন-অবহেলায় রয়েছে অচিন গাছ ও নুরা বাগদাদীর মাজারটি। কথিত রয়েছে, অচিন বৃক্ষটির ঝরে পড়া পাতাও কেউ কুড়িয়ে নেয় না। বছরে দু-তিনবার পাতা ঝরে। আবার ঝরে পড়ার সঙ্গে সঙ্গেই নতুন পাতায় পল্লবিত হয়ে ওঠে শাখা-প্রশাখা। গাছের ডাল কিংবা পাতা অকারণে ছিঁড়লে পেটে ব্যথা হয়। তবে মনোবাসনা কিংবা রোগ-বালাইয়ের জন্য কেউ যদি পাতা ছিঁড়ে চিবিয়ে খায়, সে ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। উল্টো রোগ ভালো হয়ে যায়। বৃক্ষটির পাতা দেখতে অনেকটা তেজপাতার মতো। ফুল হয় না, তবে ছোট আকারের ফল হয়। দেখতে কিশমিশের মতো।
কথা হয় মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘গাছটির সম্পর্কে শুনেছি। তবে দেখা হয়নি। যদি সরকারিভাবে কোনো নির্দেশনা আসে তাহলে উদ্ঘাটনের চেষ্টা করব।’
উপজেলা বন কর্মকর্তা রিয়াজউদ্দিন আহম্মেদ মৃধা বলেন, ‘শুনেছি এমন একটি গাছ রয়েছে। খোঁজ নিয়ে গাছটির পরিচয় জানার চেষ্টা করব।’
খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (১২ জুন) রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় এই ধর্মঘট ডাকা হয়েছে।
নেতারা বলেছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও তাঁদের এই দাবি পূরণ না হওয়ায় আগামী রোববার (১৪ জুন) থেকে তাঁরা ধর্মঘট শুরু করবেন। ধর্মঘট শুরু হলে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে সরকারি ১৮টি বিআরটিসি বাস চলাচলের কথা থাকলেও বাস্তবে এর থেকে অনেক বেশি চলছে। মহাসড়কগুলোতে অবৈধ থ্রি-হুইলার অবাধে চলাচল করছে। এসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়নের দফায় দফায় সভা হয়েছে। কিন্তু প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোনো সমাধান করেনি। তাই বাধ্য হয়ে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বাস মালিক সমিতির তিন দফা দাবির বিষয়ে আমরা অবগত আছি। মহাসড়কে যেন অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট না হয়, সে বিষয়ে আলোচনা চলছে।
পরিবহন মালিক ও শ্রমিকদের ৩ দফা দাবিগুলো হলো
১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব অবৈধ কাউন্টার অপসারণ করা।
২. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূতভাবে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।
৩. আঞ্চলিক মহাসড়কগুলোতে অবৈধ থ্রি-হুইলার (মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিকশা) চলাচল সম্পূর্ণ বন্ধ করা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী আগস্টে শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া ২০২৭ সালের এপ্রিল মাসে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি (নিউক্লিয়ার ফুয়েল) লোডিং সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের সভাকক্ষে অনুষ্ঠিত পারমাণবিক শক্তির কৌশল, বাস্তবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ পথনির্দেশনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পারমাণবিক প্রযুক্তিতে বাংলাদেশের বিনিয়োগ মূলত জাতীয় উন্নয়ন, উদ্ভাবন এবং মানুষের কল্যাণে বিনিয়োগ। তবে এই প্রযুক্তির সঙ্গে বড় ধরনের দায়িত্বও জড়িত রয়েছে। একটি সফল পারমাণবিক কর্মসূচির জন্য শুধু প্রযুক্তি ও অবকাঠামো নয়, দক্ষ মানবসম্পদ, শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরাপত্তা সংস্কৃতি নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। এর ফলে বাংলাদেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহারকারী উন্নত প্রযুক্তিনির্ভর দেশগুলোর কাতারে শামিল হয়েছে।
ফকির মাহবুব আনাম বলেন, দেশের ক্রমবর্ধমান শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জ্বালানির চাহিদাও বাড়ছে। এই প্রেক্ষাপটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি যুগান্তকারী প্রকল্প। কেন্দ্রটি পূর্ণমাত্রায় চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, পারমাণবিক প্রযুক্তির ব্যবহার শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বাস্থ্যসেবায় ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা, কৃষিতে উন্নত জাতের ফসল উদ্ভাবন, শিল্পখাতের আধুনিকায়ন, খাদ্য নিরাপত্তা, পানি ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মন্ত্রী জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, পারমাণবিক শক্তির নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। এ জন্য উন্মুক্ত যোগাযোগ ও দায়িত্বশীল নেতৃত্ব অপরিহার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
সেমিনারে বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল।
এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক (এনএসপিসি) ব্রিগেডিয়ার রোবায়েত পারমাণবিক বিদ্যুৎ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর প্রতিনিধি মেহমেত জেইহানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুমিল্লার দাউদকান্দি থেকে ‘নিখোঁজ’ হওয়ার ২৩ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ১০টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
তবে নিখোঁজ নয়, জিসান আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে শুক্রবার রাতে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টা ২৯ মিনিটে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক মো. জিসান মিয়া প্রধান দাউদকান্দি হতে নিখোঁজ হিসেবে শুক্রবার দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মো. রাসেল আহম্মেদ জিডি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দাউদকান্দি বাজার এলাকা হতে জিসান নিখোঁজ হয়েছেন বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। জিডির প্রেক্ষিতে উদ্ধারের জন্য জেলা পুলিশের একাধিক টিম উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ জিসানের চাচাতো ভাই সজীবের মাধ্যমে জানা যায়, গত ৫/৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর (২৫) সঙ্গে জিসানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
অনুসন্ধান আরো জানা যায়, গত ২০ মে দাউদকান্দি থানাধীন জিসানের ভাড়া বাসায় ওই নারীকে জিসান ধর্ষণ করেন। এ ছাড়া বিভিন্ন সময় জিসান বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে জিসান ভুক্তভোগীকে জোরপূর্বক বাচ্চা নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে বাচ্চা নষ্ট না করলে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকি প্রদান করেন জিসান। পরে ওই নারী প্রাণের ভয়ে বাচ্চা নষ্ট করতে রাজি হন।
এসময় জিসান তার বন্ধু সেকান্দার আলীর ওষুধের দোকান থেকে বাচ্চা নষ্ট করার ট্যাবলেট কিনে ভুক্তভোগীকে খাওয়ালে ভ্রূণ নষ্ট হয়। এসময় ওই নারীর সুস্থতার জন্য জিসান তার চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করে ভুক্তভোগীর বাড়িতে পৌঁছে দিয়েছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরে ভুক্তভোগী নারী জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে জিসান ১২ জুন বিয়ে করতে রাজি হন। এর আগে ১১ জুন রাত ৮টার পর পর বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মো. রাসেল আহম্মেদের মাধ্যমে দাউদকান্দি থানায় উল্লিখিত জিডি করান। পরবর্তীতে নিখোঁজ জিডির অনুসন্ধানকালীন সময়ে কুমিল্লার লাকসাম থানা এলাকা স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপন থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়।
পরে ভুক্তভোগী নারী থানায় হাজির হয়ে জিসানকে প্রধান আসামি করে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগের প্রেক্ষিতে দাউদকান্দি থানায় মামলা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশের আট নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে সাতজনই বিএনপি নেতা।
এসব নগর উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার (১১ জুন) রাতে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বেতনকাঠামোর গ্রেড-২ পদে তাদের এক বছরের চুক্তিতে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
আটজনের মধ্যে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত মোতাহার হোসেন তালুকদার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামুকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করেছে সরকার।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু, রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারির সাবেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োজিত মোহাম্মদ সালাউদ্দীন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিতে নিয়োজিত মো. নুরুল করিমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন যুগ্ম সচিব এস এম তুহিনুর আলম। পরবর্তী পদায়নের জন্য তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, ‘খবর নিয়ে জানতে পেরেছি—নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে।’
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, এবারের পুরো বাজেট জনবান্ধব দেওয়ার চেষ্টা করেছে সরকার। এই বাজেটের সফলতা নির্ভর করবে যে, বাজেটটি কতটুকু সুসম্পন্ন করা যায় তার ওপর।
শুক্রবার (১২ জুন) সকালে নাটোরের বাগাতিপাড়ায় সাবমার্সেবল পাম্প, ক্রীড়া সামগ্রী, দুস্থ মানুষের মাঝে হুইলচেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
এসময় পুতুল আরও বলেন, ‘খুবই বাজে একটি অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেটটি দিতে হয়েছে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোর চেষ্টা করেছে সরকার। তবে সেগুলো কোনো বড় প্রজেক্টের জন্য নয়, মানুষের জীবনমান উন্নয়নের জন্য। যেমন স্কুল-কলেজে বাচ্চাদের পড়াশোনাতে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ক্যান্সার রোগীদের আগে ৫০ হাজার টাকা দেয়া হতো, এখন এক লাখ টাকা করে দেওয়া হবে। এই বাজেটে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির চেষ্টা করা হচ্ছে।’
বাজেট নিয়ে বিরোধী দলের বিরুদ্ধচারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে জামায়াতের অবজারভেশন থাকতে পারে। বিষয়গুলো তারা সরকারকে জানাতে পারেন। চলতি বাজেট জনকল্যাণমুখী হয়েছে কি না সেটা কাজে গেলে বোঝা যাবে। এই ভঙ্গুর অবস্থায় যেই বাজেটটি দেয়া হয়েছে, এটা বেস্ট বাজেট। বলা যায় কৈ এর তেল দিয়ে কৈ ভাজার মতো করে কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে। যাতে মূল্যস্ফীতি না ঘটে। প্রত্যেকটি টাকা যাতে মানুষের জীবনের উন্নয়নের জন্য পৌঁছায় সেই চেষ্টাই করা হচ্ছে।’
এরপর প্রতিমন্ত্রী পুতুল নাটোরের লালপুরে একই ধরনের কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পুরুষ না থাকা কোন বাসা-বাড়িতে টার্গেট করা হতো। এরপর গভীর রাতে দেয়াল টপকিয়ে বাড়িতে প্রবেশ করে যে কোন ভারী বস্তু দিয়ে মহিলাদের মাথায় আঘাত করা। এরপর চুরি করা হতো। রক্তপাতের ভয়ে একটিই আঘাত করা হতো। তারপরও হতাহতের ঘটনা ঘটত।
সিরিয়াল কিলার গোলাম মোরশেদের বরাদ দিয়ে গায়ের লোম শিহরিত হওয়ার মতো অবস্থার বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গত বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এর আগে বুধবার ভোরে গাজীপুর জেলার শরিফপুর কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলাম মোরশেদ দিনাজপুর জেলার বিরামপুর থানার পাতহাট গ্রামে হইবর রহমানের ছেলে।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন- গত ৬ মাসে নওগাঁর ধামইরহাট, বদলগাছী ও পত্নীতলা থানাসহ বিভিন্ন এলাকায় রাতে বাড়িতে ঢুকে নারীদের ওপর হামলা করে বাড়ির জিনিসপত্র চুরিসহ হামলায় হতাহতের ঘটনা ঘটে।
গত ১৮ জানুয়ারি রাতে জেলার ধামইরহাট থানার নানাইচ গ্রামে গভীর রাতে দেয়াল টপকে হাসান আলীর বাড়িতে প্রবেশ করে। এরপর তার মেয়ে কলেজ ছাত্রী উম্মে হাবিবার ঘরে ঢুকে মাথায় টিউবওয়েল এর হাতল(হ্যান্ডেল) দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আঘাতের ফলে উম্মে হাবিবা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
একই দিনে অপরাধী আরো পৃথক দুই বাড়িতে প্রবেশ করে ভিকটিমদের মাথায় মারত্মকভাবে আঘাত করে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন সহ আসামি শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় একই থানার জাহানপুর গ্রামে শাহিন ইসলামের ঘরে প্রবেশ করে তার স্ত্রী সুলতানা বেগমকে মাথায় বাঁশ দিয়ে মেরে গুরুতর আঘাত করে। এরপর এলাকায় একই রাতে আরো তিন বাড়িতে প্রবেশ করে এবং ভোদোকে টিউবওয়েল এর হ্যান্ডেল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। সিরিয়ালভাবে এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় জনসাধারণের মধ্যে ভয়ভীতি বা আতংক সৃষ্টি হয়।
গত ৭ মে জেলার বদলগাছী থানার দুর্গাপুর, ঘোয়ালভিটা ও নয়নশহর এলাকায় রাতে দেয়াল টপকিয়ে তিন বাড়িতে প্রবেশ করে শাহানাজ (২২), নাসরিন (১৩) ও বাক প্রতিবন্ধি বৃষ্টি (২০) কে মাথায় মারাত্মকভাবে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
সবশেষ গত ৪ জুন জেলার পত্নীতলা থানার শিমুলিয়া ও নান্দাশ গ্রামে গভীর রাতে দেয়াল টপকিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে রোজি আক্তার (৩৭) এবং অপর একটি বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করে আলতা বানু (৪৫) ও তার মেয়ে আসমা খাতুন (২২)কে লোহার শাবল দিয়ে মাথায় মারাত্মকভাবে আঘাত করে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। এবিষয়ে জেলার বিভিন্ন থানায় চারটি মামলা হয়েছে।
জেলার ৩টি থানায় অন্তত ১২টি এমন ঘটনা ঘটে। এরপর বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন মাঠে নামে। কিন্তু পুলিশের কাছে এ বিষয়ে কোন তথ্য ছিল না।
পুলিশ সুপার আরো বলেন, পরে জেলা পুলিশের বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বিষয়টি শনাক্ত করে। গোলাম মোরশেদ পেশাদার সাইকো সিরিয়াল কিলার। সে একাই এসব অপরাধ করে এবং বিভিন্ন জেলায় ঘুরে বেড়ায়। এ কারণে তথ্য উদঘাটন করা কঠিন ছিল। পরে গাজীপুর জেলার শরিফপুর কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুন,সদর থানার ভারপ্রাপ্ত কম©কতা© আসাদুজ্জামান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানসহ পুলিশের অন কর্মকর্তারা।
মামলাটি তদন্তকালে জানা যায় যে, দিনাজপুর জেলার বিভিন্ন থানায় অনুরুপ ৫টি ঘটনা সংঘটিত হয়েছে এবং দিনাজপুর নবাবগঞ্জের ঘটনায় একজন নারী মারা গেছে। জয়পুরহাট জেলায় অনুরুপ একটি ঘটনায় দুই জন নারী গুরুত্বরভাবে আঘাতপ্রাপ্ত হয়ে একজন নারী মারা যায়।
খুলনার ডুমুরিয়া উপজেলার সর্বত্র নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহারে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সরকারি আইন অনুযায়ী চটের বা পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হলেও প্রশাসনের নিয়মিত তদারকির অভাবে বাজারগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার জ্যামিতিক হারে বাড়ছে। এতে উপজেলার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি কৃষিজমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে।
বাজারে সয়লাব নিষিদ্ধ পলিথিন সরেজমিনে ডুমুরিয়া সদর বাজার, শাহপুর বাজার, চুকনগর বাজার ও থুকড়া বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চাল, ডাল, সবজি, মাছ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসই দেদারসে পলিথিন ব্যাগে ভরে বিক্রি করা হচ্ছে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী ১৭টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার করার কথা। কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে পাটজাত ব্যাগের ব্যবহারে চরম উদাসীনতা লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীদের দাবি, পাটের ব্যাগের চেয়ে পলিথিন অনেক সস্তা ও সহজলভ্য হওয়ায় ক্রেতারাও এটি বেশি পছন্দ করছেন।
পরিবেশ ও কৃষিতে মারাত্মক বিপর্যয়। স্থানীয় পরিবেশকর্মীদের মতে, পলিথিন অপচনশীল হওয়ায় তা দীর্ঘ সময় মাটিতে আটকে থাকে। ডুমুরিয়ার বিভিন্ন নালা, ড্রেন ও জলাশয় এখন পলিথিনের দখলে, যার কারণে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এছাড়া কৃষিজমিতে পলিথিন আটকে থাকায় মাটির পুষ্টি উপাদান ও বাতাস চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, যা উপজেলার প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি কৃষি খাতের (বিশেষ করে ফসলি জমি ও সবজি চাষে) জন্য দীর্ঘমেয়াদি হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের বক্তব্য। এ বিষয়ে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, ‘নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। উপজেলার প্রধান প্রধান বাজারগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আমরা দ্রুতই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। আইন অমান্য করে যারা নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের বক্তব্য ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসস সবিতা সরকার বলেন, ‘পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করা এবং পাটজাত মোড়কের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন হওয়া জরুরি। আমরা শিগগিরই বাজার কমিটিগুলোর সাথে বসব এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করা হবে।’ সম্প্রতি ডুমুরিয়া বাজারে ড্রেন নির্মাণ হলেও অতিসত্বর নিষিদ্ধ পলিথিন ব্যাগ ট্রেনের মধ্যেই ফেলে দিয়ে ভরাট হয়ে গিয়েছেন।
সুন্দরবনের জলদস্যু বাহিনীকে অস্ত্র ও খাদ্য সরবরাহের অভিযোগে মো. সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। এ সময় তার হেফাজত থেকে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ জানায়, গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীফলতলা দক্ষিণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানে মৃত আক্তার আলীর ছেলে মো. সবুর শেখকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রগুলো জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সবুর শেখ সুন্দরবনের জলদস্যু বাহিনীর অন্যতম সদস্য ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির অতীত রেকর্ড পর্যালোচনায় বাগেরহাটের মোংলা থানায় তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে কেশবপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এইচডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফিরোজ হোসেন খান, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির মো. সাইদুর রহমান সাইদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান এবং পৌর আমির প্রভাষক মো. জাকির হোসেন।
অতিথিবৃন্দ ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন। শিক্ষার্থীদের উপস্থাপনা, গবেষণামূলক চিন্তা ও বাস্তবমুখী উদ্ভাবনী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলী বলেন, ‘বর্তমান বিশ্বে জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে বিজ্ঞান শিক্ষা। আমাদের শিক্ষার্থীরা আজ যে মেধা ও সৃজনশীলতার পরিচয় দিচ্ছে, তা ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট প্রযুক্তি, কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা সমাধানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। তাদের উদ্ভাবনী চিন্তা, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির সৃজনশীল ব্যবহারে মুগ্ধ হন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি কেশবপুরে বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
থানা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার (১২ জুন) খুলনা বয়রাস্থ মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথি বলেন, উদ্ভাবনী ধারণা প্রদর্শনী হলো ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভাবনা শুরু করেছেন। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশের নতুন যাত্রা, সেই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, নতুন পথে হাটবে বাংলাদেশ, বৈষম্যহনী বাংলাদেশে নতুন যাত্রা পরিবর্তনের হাওয়া বইছে। সেই পরিবর্তনের হাওয়ায় আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানদের আগামী বাংলাদেশ প্রস্তুত করা। গতকাল বাজেটে প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে এখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। তার মানে হচ্ছে শিক্ষার আলো সবার মাঝে জ¦ালাতে হবে এবং বিজ্ঞান মনোস্ক যারা তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। এই কার্যক্রমের মধ্যদিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা সামনে এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশে তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা বন্ধ থাকা ও শিক্ষা কার্যক্রম ব্যহতের কারণে সমাজে মাদকের প্রসার ঘটেছে। নতুন বাংলাদেশে নতুনভাবে সবকিছু শুরু করতে হবে। সন্তানদের লেখাপড়ায় ফিরিয়ে আনতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: আনিস-আর-রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. এস এম সাজজাদ হোসেন। অনুষ্ঠানে খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. রুমানাই ইয়াসমিন বক্তৃতা করেন। খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ্যাডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
দুপুরে কেসিসির প্রশাসক সোনাডাঙ্গা রেভারেন্ড পলস হাই স্কুলের অডিটোরিয়ামে কোতয়ালী থানা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ও বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. এস এম সাজজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: আনিস-আর-রেজা, কোতয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন প্রমুখ বক্তৃতা করেন।
সকালে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কার্যালয়ে মৌসুমি ফল উৎসবে প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, কমিটির সদস্য ও ওয়াকার্স ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মামুনুর রশীদ ও সহকারী অধ্যাপক নুরুল হক মিলনের মধ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে তিন মিনিট পঞ্চান্ন সেকেন্ডের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। তবে কলেজ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল দুপুরে কবিরহাট সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষের জন্য নির্ধারিত চেয়ারে বসে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ। তার বাম পাশে সহকারী অধ্যাপক নুরুল হক মিলন এবং ডান পাশে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বসেছিলেন। এ সময় পিয়ন আব্দুর রহিম তাদের পেছনে দাঁড়িয়ে ছিলেন।
একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজের আসন থেকে উঠে সহকারী অধ্যাপক মিলনের দিকে এগিয়ে গিয়ে তাকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি দেয়। এরপর উভয়ের মধ্যে কিল-ঘুষি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং জীববিজ্ঞানের প্রভাষক ওসমান গনি এগিয়ে এসে তাদের নিবৃত করেন।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, গত মার্চের ২ তারিখে কলেজের শিক্ষক ডরমিটরির পানির ফিল্টার নষ্ট হয়ে যায়। বিষয়টি একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে গত ৯ এপ্রিল ফিল্টারটি মেরামতের বিষয়টি পুনরায় উত্থাপন করলে অধ্যক্ষ ক্ষুব্ধ হয়ে সহকারী অধ্যাপক নুরুল হক মিলনকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন।
এ সময় মিলন প্রতিবাদ জানালে অধ্যক্ষ নিজ আসন ছেড়ে তার দিকে তেড়ে প্রথমে তার গায়ে হাত তোলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারি ঘটনা ঘটে।
সহকারী অধ্যাপক নুরুল হক মিলন বলেন, শিক্ষক ডরমিটরির পানির ফিল্টার দীর্ঘদিন ধরে অচল থাকায় কয়েক দফা বিষয়টি অধ্যক্ষকে অবহিত করা হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ এ বিষয়ে কথা বলতে গেলে অধ্যক্ষ কলেজের মোটরের পানি পান করার পরামর্শ দেন। পরে চেয়ার থেকে উঠে এসে আমার ওপর হামলা চালান বলে তিনি অভিযোগ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে মামুনুর রশীদ বেপরোয়া আচরণ শুরু করে। কলেজের সকল আর্থিক কাজ তিনি একা করতে চান, কাউকেই বিশ্বাস করেননা। কলেজের ১৭-১৮জন মাস্টার রোলের কর্মচারিকে তাদের বেতন নিয়ে হয়রানি করে আসছে। শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে। মানুনুর রশীদ তার চেয়ার থেকে উঠে না আসলে কখনো মারামারির এ ঘটনা ঘটতনা। তিনিই প্রথম তার সহকর্মীর গায়ে হাত দেন। অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম নিয়ে গত ১১ মে কলেজের ১১জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে (মাউশি) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ জুন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো.মনিরুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কবিরহাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, যে শিক্ষকের সঙ্গে আমার মারামারি হয়েছে, তিনি কি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন? অভিযোগ না করলে আপনারা এত আগ্রহ দেখাচ্ছেন কেন? এতে তৃতীয় পক্ষ সুবিধা নিতে চাচ্ছে। এছাড়া কলেজের তহবিল সংকটের কারণে মাস্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন পরিশোধে সমস্যা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো- বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে কারিমা (৮) এবং একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাত (৭)।
চরবাগডাঙ্গা ইউপির গ্রাম পুলিশ শ্রী কাজল চন্দ্র শীল ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কয়েকজন শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে কারিমা ও ইসরাত নদীর গভীর পানিতে তলিয়ে যায়।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করলেও তাদের খুঁজে পায়নি।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে দুপুর ২টা ৪০ মিনিটে কারিমার মরদেহ ও পরে বিকেল ৪টা ১০ মিনিটে ইসরাতের মরদেহও উদ্ধার করে।