বুধবার, ৪ মার্চ ২০২৬
২০ ফাল্গুন ১৪৩২

হারিয়ে যাচ্ছে রজনীকান্ত সেনের পৈতৃক ভিটা

বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে কবি রজনীকান্ত সেনের পৈতৃক ভিটা। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
২৯ অক্টোবর, ২০২২ ২৩:৫৬
গোলাম মোস্তফা রুবেল, সিরাজগঞ্জ
প্রকাশিত
গোলাম মোস্তফা রুবেল, সিরাজগঞ্জ
প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২ ২৩:৫৫

“বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,/‘কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,/আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে/তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।’/ বাবুই হাসিয়া কহে, ‘সন্দেহ কি তাই?/কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।/পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,/নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা’।”

কবি রজনীকান্ত সেনের বিখ্যাত কবিতা এটি। যে কবি পরজীবী না হয়ে আত্মনির্ভরশীলতায় এতটা জোর দিয়েছিলেন, আজ তারই বাড়ি পরজীবী তথা ভূমিদস্যুদের দখলে। প্রত্নতত্ত্ব বিভাগ ও সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় কালের বিবর্তনে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে রজনীকান্ত সেনের পৈতৃক ভিটা এবং তার নিজ হাতে গড়া মোর ঘর। নতুন প্রজন্ম ভুলতে বসেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গর্বের কবি রজনীকান্ত সেনকেও।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেলকুচি উপজেলার সেন-ভাঙ্গাবাড়ী রজনীকান্তের পৈতৃক ভিটায় গুপ্তধন রয়েছে- এমন হুজুগ তুলে বাড়িটি ভেঙে ফেলছে স্বার্থান্বেষী মহল। স্বাধীনতার পর মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তি বিয়ে করেন সেন-ভাঙ্গাবাড়ী গ্রামে। অভিযোগ রয়েছে, মোয়াজ্জেম ও তার স্ত্রীর বড় ভাই স্থানীয় মোতাহার হোসেন প্রামাণিক মিলে কবির বাড়ির সামনে বিরাট পুকুরটি জাল দলিলের মাধ্যমে ভোগদখল শুরু করেন। স্থানীয়রা এ ব্যাপারে প্রতিবাদ করেও কোনো কূলকিনারা হয়নি। এখন সেখানে ছোট কয়েকটি ঘর আর কবির বাড়ির পুরোনো দালানের ধ্বংসপ্রাপ্ত একটি মোটা দেয়ালের অংশ ছাড়া কিছুই নেই।

স্থানীয়দের অভিযোগ, এখন কবির বাড়িটির শেষ চিহ্নও ধ্বংস করে দেয়ার চেষ্টা করছেন স্থানীয় প্রভাবশালী নবী প্রামাণিক ও আলম হোসেন।

এ বিষয়ে মোতাহার হোসেন প্রামাণিকের ছেলে আনোয়ার হোসেন প্রামাণিক বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু জানি না। আমার ফুফা মোয়াজ্জেম হোসেন এই জায়গাগুলো রজনীকান্ত সেনের বংশধরদের কাছ থেকে কিনেছিলেন বলে জানতে পেরেছি। তবে আমার বাবা ও ফুফা সব জায়গা আবু সাঈদ নামে একজনের কাছে বিক্রি করে দিয়েছেন।’

আবু সাঈদ বলেন, ‘আমি কাগজপত্র দেখে ১৮ বিঘা পুকুর আর জায়গা কিনেছি। আমি খাজনা খারিজ করেছি। আমার দখলেই রয়েছে সব জায়গা।’

বাড়ি দখলকারী নবী প্রামাণিক বলেন, ‘আমরা জায়গা কিনেছি।’ তবে দলিল দেখতে চাইলে তিনি দলিল দেখাতে পারেননি। তিনি বলেন, তিনি দলিল কাউকে দেখাবেন না।

বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার বলেন, ‘ইতিমধ্যে আমরা কবির বেশ কিছু জায়গা দখলমুক্ত করে কাঁটাতারের বেড়া দিয়েছি। বাকি জায়গাগুলো উদ্ধারের জন্য কাজ করছি। কোনো প্রভাবশালী ব্যক্তিই কবির জায়গা দখল করে রাখতে পারবে না।’

বেলকুচির রজনী সংসদ ও স্মৃতি পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার দৈনিক বাংলাকে বলেন, ‘আমরা অনেক চেষ্টা করে কান্ত কবির নামে একটি রজনী সংসদ ও স্মৃতি পাঠাগার স্থাপন করেছি। তার স্মৃতি ধরে রাখতে প্রত্নতত্ত্ব বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেছি। কিন্তু কোনো সাড়া পাইনি। আজ কবির শেষ চিহ্নটুকু হারিয়ে যাচ্ছে দখলদারদের হাতে। আমরা কান্ত কবির স্মৃতি ধরে রাখতে চাই আগামী প্রজন্মের জন্য।

রজনীকান্ত সেনের স্মৃতি ধরে রাখতে বেলকুচির সেন-ভাঙ্গাবাড়ী রজনী সংসদ ও স্মৃতি পাঠাগার নামের একটি ক্লাব রয়েছে। প্রত্যেক বছর স্বল্প পরিসরে ক্লাবকে কেন্দ্র করে কবির স্মরণে বিভিন্ন খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে প্রত্নতত্ত্ব বিভাগ ও সরকারিভাবে কোনো উদ্যোগ না থাকায় দেশের অন্য কোথাও রজনীকান্ত সেনকে তার জন্ম ও মৃত্যু দিবসে স্মরণ করা হয় না।

রজনীকান্ত সেন ১৮৬৫ সালের ২৬ জুলাই জন্মগ্রহণ করেন। ভক্তিমূলক ও গভীর স্বদেশ প্রেম ছিল তার গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য। রজনীকান্তের শেষ জীবনে ছিল অসম্ভব ব্যথায় পরিপূর্ণ। তিনি ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর মারা যান। কর্মজীবনে রজনীকান্ত আইনজীবী ছিলেন। কর্মজীবন শুরু হয় রাজশাহীতে। পরে তিনি নাটোর ও নওগাঁয় অস্থায়ী মুনসেফ হিসেবে কাজ করেছেন। তিনি হিরণ্ময়ী দেবি নামের এক বিদূষী নারীকে ১৮৮৩ সালে বিয়ে করেন। তিনি তিনটি গ্রন্থ রচনা করেছেন। সেগুলো হলো বাণি (১৯০২), কল্যাণি (১৯০৫), অমৃত (১৯১০)। এ ছাড়া আরও পাঁচটি বই পরে প্রকাশ হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার কবির বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেছেন, ‘এখানে একটি অডিটোরিয়াম ও শিল্পকলা নির্মাণ করা হবে। আমি ইতিমধ্যে অডিটোরিয়াম নির্মাণের বরাদ্দ ধরে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি অতি দ্রুত এর কাজ শুরু হবে। আর কবির স্মৃতি ধরে রাখতে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলব, যাতে কবির শেষ চিহ্নটি বাঁচিয়ে রাখে। কবিকে স্মরণে রাখতে প্রতিবছর এখানে যে অনুষ্ঠান হবে, সেখানে আমার সংশ্লিষ্টতা থাকবে।’


নীলফামারীতে গ্রাহকদের তেল প্রদানে কারচুপি ও অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদনে জরিমানা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে গ্রাহকদের তেল কম দেওয়া ও অনুমোদনহীনভাবে শিশু খাদ্য তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন।

অভিযানে তেল কম দেওয়ার অভিযোগে জেলা শহরের বাদিয়ার মোড় এলাকার মুক্তা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই শিশুখাদ্য ‘আইসললি’ তৈরি করায় অভিজাত গ্রুপকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সরেজমিনে দেখা যায়, মেশিনে কারচুপির মাধ্যমে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছে। অন্যদিকে, অভিজাত গ্রুপ কোনো ধরনের বিএসটিআই অনুমোদন ছাড়াই শিশুখাদ্য উৎপাদন করে বাজারজাত করছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হান বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা নিয়মিত অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। তেল পাম্পে মাপে কারচুপির প্রমাণ পাওয়া গেছে। কেউ এক হাজার টাকার ডিজেল কিনলে প্রায় ১২ টাকা কম পাচ্ছেন। এভাবে প্রতিদিন শুধু ডিজেল বিক্রিতেই এক থেকে দেড় হাজার টাকা পর্যন্ত গ্রাহকদের ক্ষতি হচ্ছিল। অনুমোদনহীনভাবে শিশুখাদ্য উৎপাদনের দায়েও জরিমানা করা হয়েছে।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোবারক হোসেন, বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার জুলকার নাঈম, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার সভাপতি আল-আমিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের ৭ দিনের সময় বেঁধে দিল সংস্কৃতি প্রতিমন্ত্রী 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাজবাড়ী প্রতিনিধি

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি আরও বলেন, আগামী ৭ দিনের মধ্যে যদি যদি চাঁদাবাজ ও মাদককারীরা যদি তাদের এসব অপকর্ম হতে সরে না আছে তাহলে তাকে কঠিন পরিনতি ভোগ করতে হবে। কোন ছাড় দেয়া হবে না। সেইসাথে বন্ধ করতে হবে অবৈধভাবে মাটি ও বালিকাটা।

তিনি বলেন, আমার নিজ দল, পুলিশ ও প্রশাসনের লোকদের মধ্যেও অনেকের মাদক সংশ্লিষ্টতা রয়েছে বলে আমি জানি। এমনকি যারা আমাকে আজ ফুল দিতে এসেছেন তাদের মধ্যেও কেউ কেউ মাদক কারবারি রয়েছে। আমি আজকে সকলকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। মাদক ব্যবসায়ী যে হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। তাদের অপকর্মের ফল আমি কাঁধে নিয়ে ভবিষ্যতে করুন পরিনতি ভোগ করতে রাজি নই।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা সমন্বয় সভায় প্রধান অতিথির অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকা রাজবাড়ী ও গোয়ালন্দ অনেক পিছিয়ে রয়েছে। সকলকে সাথে নিয়ে আমি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ,কৃষি, সংস্কৃতি সকল ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন করতে চাই। তাই প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে ঘুষ, দূর্ণীতি সহ সকল ধরনের লোভের উর্ধে থাকে কাজ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমি দৌলতদিয়া- পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মান, পদ্মা ব্যারেজসহ রাজবাড়ী জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে ওয়ার্কশপ, দৌলতদিয়ায় আধুনিক নৌ-বন্দর এবং অন্যান্য উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাবো।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নিয়ে আমরা কয়েকটি সেমিনার করেছি। সেই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিগত অন্তর্বর্তী সরকারকে অবহিত করি। সেখানে চারটি মন্ত্রণালয়ে সভা হয়। সেই সভায় প্লানিং হয়ে বিগত সরকারের সময় পদ্মা ব্যারেজের বিষয়টি প্রি-একনেক হিসেবে পাশ হয়ে আছে। আগামী ৮ তারিখ একনেকের সভা আছে। আমি আশা করছি খুব দ্রুতই এটি পাশ হবে। পাশাপাশি যদি দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয় তাহলে, এই এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। এই এলাকার প্রত্যেকটি বালিকণা সোনায় পরিণত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, রেড ক্রিসেন্টের রাজবাড়ী জেলা সহ-সভাপতি অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গোয়ালন্দে এসে পৌছালে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।


শেরপুরে অদম্য নারী নাসরিন বেগম পেলেন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরুস্কার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ঝিনাইগাতী-শ্রীবর্দি প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায়"নির্যাতনের দঃস্বপ্ন মুহে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারী (জয়িতা) পুরস্কার-২০২৫ নাসরিন বেগম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হয়েছেন।

নাসরিন বেগম ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের মোহসিন আলীর মেয়ে। তিনি অনেক সংগ্রাম করে সফলতা অর্জনের চেষ্টা করে যাচ্ছেন।

মঙ্গলবার ( ৩রা মার্চ ) মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মমন্ত্রনালয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম নাসরিন বেগমকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদা নকরেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম দৈনিক বাংলাকে বলেন,নাসরিন বেগম মেধা,শ্রম,দিয়ে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছেন। আশাকরি সামনে আরও ভালো কিছু করবেন।


পরিবেশের ছাড়পত্র পেলেই আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু: ডিএনসিসি প্রশাসক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সাভারের বলিয়ারপুরে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্য থেকে খুব শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন শুরু হতে যাচ্ছে। সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তর থেকে চূড়ান্ত ছাড়পত্র পাওয়া গেলেই এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। মঙ্গলবার দুপুরে ল্যান্ডফিলটি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সিটি প্রশাসক উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে এখানে বিশাল ময়লার স্তূপ থাকলেও পরিবেশ অধিদপ্তরের কিছু আইনি ও কারিগরি জটিলতার কারণে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি ঝুলে ছিল। তবে বর্তমান নির্বাচিত সরকার জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় কোনো প্রকল্পেই আর দীর্ঘসূত্রতা রাখা হবে না। তিনি বলেন, জনগণ সরকারকে ভোট দিয়েছে তাঁদের কল্যাণে কাজ করার জন্য, তাই মানুষের দুর্ভোগ বাড়ায় এমন কোনো কাজ সরকার করবে না। দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পটি দৃশ্যমান করার জন্য সিটি করপোরেশন জোর তৎপরতা চালাচ্ছে।

আমিনবাজারের এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালু হলে ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্গন্ধ ও পরিবেশগত ভোগান্তির অবসান ঘটবে। প্রশাসক আরও জানান, ঢাকার ময়লার পাশাপাশি সাভার এলাকার ময়লা-আবর্জনাও এই প্রক্রিয়ার আওতায় এনে বিদ্যুৎ উৎপাদন করা যায় কি না, সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এর ফলে পুরো এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহেও এটি ভূমিকা রাখবে।

প্রশাসনিক স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে শফিকুল ইসলাম খান মিল্টন হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বা এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তবে তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানিয়ে তিনি বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সিটির লক্ষ্য। সব মিলিয়ে পরিবেশের ছাড়পত্র পাওয়ার মাধ্যমে আমিনবাজার ল্যান্ডফিলের আমূল পরিবর্তনের প্রতীক্ষায় আছেন সংশ্লিষ্টরা।


সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: ৯টাতেও খোলেনি তালা, অনুপস্থিত সব কর্মকর্তা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই স্থানীয় ভূমি অফিস পরিদর্শনে গিয়ে সরকারি নিয়মের চরম অবহেলা প্রত্যক্ষ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকালে তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। তবে নির্ধারিত সময়ে অফিস চালু না হওয়ায় এবং কোনো কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সরেজমিনে প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সকাল ৮টা ৫৫ মিনিটে অর্থাৎ অফিস শুরুর ঠিক পাঁচ মিনিট আগে ওই কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু অফিস শুরু হওয়ার নির্ধারিত সময় সকাল ৯টা পেরিয়ে গেলেও তিনি দেখেন পুরো কার্যালয়টি তখনও তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এমনকি অফিসের কোনো স্তরের কর্মকর্তা বা কর্মচারীকেও সেই সময়ে সেখানে দেখা যায়নি।

পরবর্তীতে প্রতিমন্ত্রীকে প্রায় ৩০ মিনিট সময় কার্যালয়ের সামনে অপেক্ষা করতে হয়। এরপর সকাল সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি এসে অফিসের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। তবে ভেতরে প্রবেশের পরও দীর্ঘক্ষণ কোনো কর্মকর্তার দেখা মেলেনি। বর্তমানে প্রতিমন্ত্রী ওই ভূমি অফিসেই অবস্থান করছেন এবং কর্মকর্তাদের অনুপস্থিতির বিষয়ে প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রীর এই ঝটিকা সফর বিশেষ গুরুত্ব বহন করছে। কর্মকর্তাদের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ বিষয়ে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


জীবননগরে ইয়াবাসহ যুবক আটক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগরে দুই পিস ইয়াবাসহ মো. আশিক (২১) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল জীবননগর মকসেদ সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড ও জরিমানা করেন। মো. আশিক জীবননগর পৌরসভার তেঁতুলিয়ার গ্রামের আরিফ উদ্দীনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আশিককে দুই পিস ইয়াবাসহ আটক করে জীবননগর থানা-পুলিশ। পরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেলকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আশিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ‘মাদকসহ আটকের পর ইউএনও স্যারকে খবর দেওয়া হয়। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। তাকে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।’


ভাঙ্গুড়ায় বিয়ের ২৯ দিন পর স্বামীর বাড়িতে স্ত্রীর ঝুলন্ত মরদেহ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

দীর্ঘদিন প্রেম, গোপনে দুজনে দেখা-শোনা। দুজনের সম্মতিতে পারিবারিকভাবে বিবাহ। মাত্র ২৯ দিনের মাথায় স্বামীর বাড়িতে মিলল ফাতেমা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ। টের পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামে গত সোমবার (২ মার্চ) বিকালে তার শয়নকক্ষে এ ঘটনা প্রেমের পর বিয়ে হঠাৎ করেই গৃহবধূর আত্মহত্যাকে ঘিরে রয়েছে রহস্য। তিনি ওই এলাকার ইমন হোসেনের স্ত্রী। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, অষ্টমনিষা ইউনিয়নের উত্তর কলকতি গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ফাতেমা খাতুন ভাঙ্গুড়া একটি বিদ্যালয়ে পড়ালেখা করার সুবাদে ইমনের সাথে পরিচয় ঘটে। এর পরে পরিচয় থেকে ধীরে ধীরে ইমন ও ফাতেমার মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় দুজনেই দুজনের সাথে বিবাহ না দিলে তারা আত্মহত্যা করবে বলে উভয়েরই বাড়িতে হুমকি দিতে থাকে। দুজনের পরিবার বিষয়টি জানাজানি হলে পরিবারে সম্মতিতে এ বছরে গত ৩ ফেব্রুয়ারি পরিবারিকভাবে বিবাহ দেন। এরপর থেকে ফাতেমা তার স্বামী ইমনের উত্তর মেন্দার বাড়িতে অবস্থান করত। ইমন পেশায় ভ্যানযোগে দুধ পরিবহন করেন এবং তার পিতামাতার সাথে উত্তর মেন্দায় বসবাস করেন।

ঘটনার দিন ইমনের মা-বাবা বাড়িতে ছিলেন না। ইমন ও তার স্ত্রী ফাতেমা বাড়িতেই অবস্থান করছিল। বিকালের রান্নার প্রস্তুতি চলছিল। এরই ফাঁকে ফাতেমা খাতুন নিজ শয়ন ঘরের আড়ার সাথে গোলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। ইমনের ছোট ভাই জানালা দিয়ে বিষয়টি দেখে ডাকচিৎকার শুরু করে। তার ডাকচিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মাথায় পানি ঢালতে থাকে। এরপরও তিনি সুস্থ না হওয়ায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।

ছেলে-মেয়ে প্রেম করে বিয়ে করার এক মাসের মাথায় এক আত্মহত্যার মতো ঘটনা এলাবাসিকে ভাবিয়ে তুলেছে। তবে কী কারণে ফাতেমা আত্মহত্যার পথ বেছে নিলো এমন প্রশ্নের কেউ উত্তর দিতে পারেনি। ফলে নববধূর হঠাৎ করে আত্মহত্যাকে কেন্দ্র করে রহস্যের জট উন্মোচন হচ্ছে না।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া এসআই রেজাউল করিম বলেন, হাসপাতাল মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


পাবনায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর চুরি, পটুয়াখালীতে আটক ৩

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পাবনা প্রতিনিধি

পাবনায় সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৩ লাখ টাকা কৌশলে চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলো- মো. রফিকুল ইসলাম ওরফে রবি হাওলাদার (৫১), মো. ঝন্টু শেখ ওরফে ঝন্টু (৪৯) এবং মো. দেলোয়ার হোসেন (৬১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে পাবনা অগ্রণী ব্যাংক রোডের সোনালী ব্যাংকের শাখা থেকে এক ভুক্তভোগী ৩ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে বের হওয়ার পর চক্রটি অত্যন্ত কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে টাকাগুলো চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পাবনা পুলিশের তথ্যের ভিত্তিতে পটুয়াখালী থানা পুলিশ অভিযান পরিচালনা করে এই তিনজনকে গ্রেপ্তার করে।

এই বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, ‘গ্রেপ্তাররা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। আমরা পরবর্তীতে আদালতের অনুমতিক্রমে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও লুন্ঠিত টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। বর্তমানে তারা আইনানুগ প্রক্রিয়ায় পটুয়াখালী পুলিশের হেফাজতে রয়েছে।


কুলাউড়ায় টিবিএফ’র উদ্যোগে ইফতার মাহফিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের (টিবিএফ) উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল হয়।

টিবিএফ’র চেয়ারম্যান আলহাজ মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মইনুল হক বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, বিএনপি নেতা এস এম জামান মতিন ও আবু সুফিয়ান, সাংবাদিক আজিজুল ইসলাম প্রমুখ। মাহফিলে বিপুল সংখ্যক ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন দক্ষিণবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আশরাফ হোসেন এবং দোয়া পরিচালনা করেন উত্তরবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহমুদুর রহমান ইমরান। এ ছাড়া টিবিএফের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে ক্রেস্ট প্রদান করা হয়।


নামজারি খতিয়ানের জটিলতা, সোনাইমুড়ীতে কমেছে জমি রেজিস্ট্রি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

নামজারি খতিয়ানের জটিলতায় নোয়াখালীর সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিসের জমি ক্রয়-বিক্রয় একেবারে নেই বললেই চলে।ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সোনাইমুড়ী সাব রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, এক বছর আগে এ অফিসে প্রতি সপ্তাহে ১৫০/২০০ দলিল রেজিস্ট্রি হত। তবে সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত যোগদান করার পর দলিল রেজিস্ট্রি কমেছে। তিনি প্রতিটি নামজারি নথি কারণে-অকারণে বাতিল করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। হেবা ঘোষণা,ওসিয়ত নামা ও দানপত্র দলিল সম্পাদন হয়। আর নামজারি খতিয়ানের জটিলতায় সাব কবলা দলিল প্রতি সপ্তাহে ১৫/২০ টি হয়ে থাকে।এতে জমির মালিকরা ক্রয় বিক্রয় করতে চরম ভোগান্তি পোহাচ্ছে।

সোনাইমুড়ী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সোহারাব হোসেন স্বপন বলেন, বিগত সংসদ নির্বাচনের পরই এ সমস্যা নিয়ে উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ডের কাছে তারা যান। তহসিল অফিসে খাজনা পরিশোধ করতে ভোগান্তি ও সরকারি রিসিটের চেয়ে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। নামজারি খতিয়ান করতে তহসিল অফিস ও উপজেলা ভূমি অফিসে পূর্বের চেয়ে তিনগুন টাকা ঘুষ দিতে হয়সহ জমির মালিকদের ভোগান্তির অভিযোগ তুলে ধরেন। অযথা নামজারি খতিয়ানের নথি বাতিল করে দেয়ার তথ্য তুলে ধরলেও তিনি কোন কর্ণপাত করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জমির মালিক জানান,নামজারি খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করলেই সংশ্লিষ্ট ইউনিয়ন তহশিলদারকে নির্দিষ্ট অংকের ঘুষ দিতে হয়। এরপর উপজেলা ভূমি অফিসের প্রতিটি টেবিলে টাকা দিতে হয়। আর না হয় ফাইল নড়েনা। নথি এসি ল্যান্ডের টেবিলে গেলে তিনি কাগজপত্রের ত্রুটির অজুহাত দেখিয়ে বাতিল করে দেন।এতে পড়তে হয় মহা বিপাকে।

সোনাইমুড়ী নকল নবিশ সমিতির সভাপতি আমানুল্লাহ বলেন, নামজারি খতিয়ানের জটিলতায় সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি তেমন না হওয়ায় দলিলের নকল সরবরাহ কমেছে। পূর্বে প্রতি সপ্তাহের ৫০০ থেকে ৭০০ দলিলের নকল সরবরাহ করা হতো। এখন সপ্তাহে ১০০ থেকে ১৫০ দলিল সরবরাহ করা হয়। এতে সরকার বিপুল অংকের অর্থ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলার জগজীবনপুর গ্রামের জমির মালিক স্বপন জানান,তার ওয়ারিশ সনদ জ্বাল করে অন্যেরা নামজারি করে নিয়েছে। তিনি আপত্তি দেয়ার ৬ মাসেও তা কোন নিষ্পত্তি হয়নি। উল্টো উপজেলা ভূমি অফিসের নাজির রেজাউল তার কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নিয়েছে।

সোনাইমুড়ী সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্টার সিরাজুল হক বলেন, পূর্বের তুলনায় এখন দলিল রেজিস্ট্রি কম হচ্ছে। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহতের ঘটনায় বিক্ষোভ ও অগ্নিসংযোগ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিমন হোসেন (৩০) নামে এক কোচিং সেন্টারের শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ইটভাটার কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর ও একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনে আগুন ধরিয়ে দেয়। পরে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন সদর উপজেলার কীর্ত্তিপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে শিক্ষক রিমন হোসেন প্রাইভেট পড়ানোর উদ্দেশে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে আড়চা গ্রামে যাচ্ছিলেন। এ সময় কাদিমপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বিবিসি ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে নওগাঁ-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের কীর্ত্তিপুর গ্রামের শশীর মোড়ে অবস্থিত বিবিসি ইটভাটায় গিয়ে চারটি ট্রাক্টর ও একটি ভেকু (এক্সকাভেটর) মেশিনে আগুন জ্বালিয়ে দেয়। পরে আঞ্চলিক মহাসড়কে তারা অবস্থান নিয়ে ইটভাটা বন্ধের দাবি জানায়। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইটভাটা ভেঙে দেওয়ার আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় উত্তেজিত শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস ও ইটভাটার কর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন- ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুশফিকুর রহমান বলেন- ট্রাক্টরের চাপায় শিক্ষক রিমন হোসেন মারা যান। ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কোটালীপাড়ায় আগুনে পুড়ল মাদ্রাসা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে তালিমুল কোরআন নূরানি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। এ ঘটনায় মাদ্রাসাটির পাঠদান চরম ভাবে ব্যহত হচ্ছে।

কোটালীপাড়া ফায়ারসার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সেখানে গিয়ে একঘন্টার চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে উনশিয়া তালিমুল কোরআন নুরানি মহিলা মাদ্রাটির একটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন, মাদ্রাসাটি যেহেতু অনাবাসিক সেক্ষেত্রে জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক পর্যায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।


নীলফামারীতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য শীর্ষক সেমিনার হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ।

এ সময় বক্তারা বলেন, সমাজে দারিদ্র্য বিমোচনে যাকাত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। তারা যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিত্তবানদের যথাযথ হিসাব করে যাকাত প্রদান এবং প্রকৃত হকদারদের কাছে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।


banner close