বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৯ চৈত্র ১৪৩২

'যোগ্যরাই টিকে থাকে; তাই মানব সম্পদ উন্নয়ন অপরিহার্য'

শুক্রবার মনোহরগন্জ উপজেলায় নিজ বাড়িতে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক ঈদ-পুনর্মিলনী সভায় বক্তব্যে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল। ছবি: সংগৃহীত
আপডেটেড
১২ এপ্রিল, ২০২৪ ২২:০৪
বাসস
প্রকাশিত
বাসস
প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৪ ২১:৫৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানুষের সক্ষমতা ও রুচি উন্নত হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। যোগ্যরাই টিকে থাকে তাই মানব সম্পদ উন্নয়ন অপরিহার্য।

আজ শুক্রবার কুমিল্লার মনোহরগন্জ উপজেলায় নিজ বাড়িতে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে এক ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজে সবাইকে সৎ আচরণ অনুশীলন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সামাজিক সুবিচার নিশ্চিত করলে মানুষ শান্তিতে থাকতে পারে। মন্ত্রী বলেন, দলীয় মনোনয়ন না থাকায় এবারের উপজেলা নির্বাচন প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। যারা কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে পেরেছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিল, মানুষকে ন্যায় বিচারের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে, তারা উপজেলা নির্বাচনে নিজেদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করে দেখতে পারেন।

স্থানীয় সরকার মন্ত্রী উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য হিসেবে নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়ে এ সময় বলেন, আওয়ামী ও সহযোগী সংগঠনের যে কেউ চাইলে প্রার্থী হতে পারেন তবে সমাজিক যোগাযোগ মাধ্যমসহ কোথাও একে অন্যের বিরুদ্ধে বিষেদগার থেকে বিরত থাকতে হবে।

সভায় আরও বক্তৃতা করেন মনোহরগন্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, সহ সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম।


শিক্ষক রুনা হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় সড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজনসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় শহরের মজমপুর গেটে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘প্রায় এক মাস হয়ে হয়ে এখনও সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ। শুধু ফজলুকে (প্রধান আসামি) গ্রেফতার দেখিয়ে অন্য আসামিদের পার করে দিচ্ছে প্রশাসন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনও সহযোগিতা করছেন না। খুনিদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে দাবিদাওয়া পেশ করেন পুলিশ সুপারকে। পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে এলাকা ত্যাগ করেন তারা।

নিহত রুনার স্বামী ইমতিয়াজ সুলতান ও তার বড় মেয়ে তাইবা বিক্ষোভ সমাবেশ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ সুপার কার্যালয় থেকে আলাপ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে নিহতের স্বামী বলেন, ‘আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, উনারা আশ্বস্ত করছেন। কিন্তু আমাদের মনে হলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অসহযোগিতা করছেন। দ্রুত বিচার না পেলে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া প্রধান আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। দ্রুত জিজ্ঞেসাবাদ শেষ হলে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে। অন্যান্য আসামিদের ব্যাপারেও তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারের অভিযান চলমান।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনা তার নিজ অফিস কক্ষে খুন হন। এসময় ওই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয়ের দিনহাজিরার কর্মচারী ফজলুর রহমানকে। আহত অবস্থায় উদ্ধার করে দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ হত্যা মামলার প্রধান আসামি ফজলু রহমানের চিকিৎসা শেষে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি তিন আসামি সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস এখনো অধরা রয়েছে।


কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদীক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে তেল সরবারহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদীক বলেন, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশে রওয়ানা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। তেল মজুতদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


দ্বিতীয়বার তেল নিতে গেলেই ধরে ফেলছে অ্যাপস

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে অভিনব উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে মোটরসাইকেল চালকরা দিনে মাত্র একবার জেলার একটি ফিলিং স্টেশন থেকে তেল নিতে পারবেন। দ্বিতীয়বার তেল নিতে গেলে বিশেষ একটি অ্যাপস স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা দিচ্ছে। ফলে অতিরিক্ত তেল মজুতের সুযোগ থাকছে না।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু করা এই ডিজিটাল অ্যাপসে পাম্পে তেল নিতে গেলে আগে পূরণ করতে হচ্ছে একটি নির্দিষ্ট ফরম। সেখানে পাম্পের নাম, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর, জ্বালানির ধরন ও পরিমাণ উল্লেখ করতে হচ্ছে। তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে জেলার সব পেট্রোল পাম্পে শেয়ার হয়ে যাচ্ছে। ফলে একাধিক পাম্প ঘুরে ঘুরে তেল সংগ্রহ করার সুযোগ আর থাকছে না অসাধুচক্রের।

ফিলিং স্টেশন মালিক ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় মোট ছয়টি ফিলিং স্টেশন রয়েছে। প্রতিদিন এসব স্টেশনে ৪০ হাজার লিটার ডিজেল, ১৫ হাজার লিটার পেট্রোল ও ১২ হাজার লিটার অকটেনের চাহিদা থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধকে কেন্দ্র করে প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। এতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানির ডিপো থেকে স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। সেই সুযোগে একটি অসাধু চক্র বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে প্রয়োজনের তুলনায় অধিক তেল সংগ্রহ করে মজুত রাখছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন চালু করেছে বিশেষ অ্যাপস-ভিত্তিক নজরদারি ব্যবস্থা। যেখানে পাম্প থেকে তেল সংগ্রহ করতে গেলে অ্যাপসের মাধ্যমে পূরণ করতে হচ্ছে জ্বালানি তথ্য ফর্ম। আর স্বয়ংক্রিয়ভাবে এ তথ্য চলে যাচ্ছে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে। এতে পাম্প ঘুরে ঘুরে অতিরিক্ত তেল সংগ্রহ করে মজুতের সুযোগ মিলছে না অসাধু চক্রের। ফলে প্রকৃত গ্রাহকরা তেল পাচ্ছেন স্বাচ্ছন্দ্যে।

পেট্রোল পাম্পে তেল নিতে এসে বিকাশের সেলস রিপ্রেজেন্টেটিভ মো. ফয়সাল বলেন, আগে অনেকেই প্রয়োজন না থাকলেও বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে ১০ থেকে ১৫ লিটার পর্যন্ত তেল সংগ্রহ করে মজুত করতেন। এখন অ্যাপসের কারণে সেটা সম্ভব হচ্ছে না। তেল সিন্ডিকেট ঠেকাতে এটি খুবই কার্যকর উদ্যোগ। আমরা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

আরেক বাইকচালক রুবেল হোসাইন বলেন, একজন বাইকার দিনে একবার তেল নিলে সারাদিন চলে যায়। কেউ যদি একাধিকবার নেয়, তাহলে অন্যরা বঞ্চিত হয়। এখন যেহেতু অ্যাপসের মাধ্যমে একবার তেল নেওয়ার ব্যবস্থা করেছে, এটি ভালো উদ্যোগ। এখন আর কেউ অতিরিক্ত তেল নিতে পারবে না।

মেসার্স গ্লোরী ফিলিং স্টেশনের ম্যানেজার মেহেদী হাসান বলেন, এটি সুন্দর একটি অ্যাপস। অ্যাপসে পাম্পের নাম, রেজিস্ট্রেশন নম্বর ও জ্বালানির ধরন এন্ট্রি করা হয়। কেউ অন্য পাম্পে গিয়ে আবার তেল নিতে চাইলে সঙ্গে সঙ্গে সেটি ধরা পড়ে। এই ব্যবস্থা চালু থাকলে ভবিষ্যতে আর কেউ অতিরিক্ত তেল নিয়ে মজুত করতে পারবে না।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, আমরা তথ্য পেয়েছি, কিছু ব্যক্তি একাধিক পাম্প থেকে তেল নিয়ে মজুত করছিল। এতে প্রকৃত গ্রাহক তেল পাচ্ছিল না। এতে করে কৃত্রিম সংকট তৈরি হচ্ছিল। তাই আমরা এই সংকট ঠেকাতে গুগলের মাধ্যমে একটি বিশেষ অ্যাপস তৈরি করেছি। যেখানে সকল পাম্পের তালিকা ও তেল নেওয়ার জন্য তিনটি অপশন পূরণ করতে হবে। এতে একজন বাইকার দিনে একটি পাম্প থেকে একবার তেল সংগ্রহ করতে পারবে। কেউ আর বেশি করে তেল নিয়ে মজুত করতে পারবে না। আমরা অ্যাপসটি ট্যাগ অফিসারের মাধ্যমে সব সময় মনিটরিং করছি।

জেলা প্রশাসনের এই প্রযুক্তিনির্ভর উদ্যোগে স্বস্তি ফিরেছে সাধারণ বাইকারদের মধ্যে। অনেকেই বলছেন, এমন ব্যবস্থা চালু থাকলে ভবিষ্যতে আর কৃত্রিম তেল সংকট তৈরি করা সহজ হবে না।


ডোবায় শাবকের মরদেহ, তিন দিন পাশে দাঁড়িয়ে শোকাতুর হাতি দম্পতি

ডোবায় পড়ে থাকা শাবকের লাশের পাশে হাতি দম্পতি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়া থেকে তোলা। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বান্দরবান প্রতিনিধি  

ঘোলা জলের একটা অগভীর ডোবা। সেখানে একটি হাতির শাবকের মরদেহ পড়ে আছে। মরদেহের বেশির ভাগ অংশই পানিতে ডুবে আছে। তার পাশেই ডোবার জলে অর্ধেক শরীর ডুবিয়ে দাঁড়িয়ে আছে মা হাতি। মা হাতির অল্প দূরে ডোবার কিনারে ঠায় দাঁড়িয়ে একটি পুরুষ হাতিও। তিন দিন ধরেই হাতি দম্পতি মৃত শাবকের জন্য এভাবে শোক জানাচ্ছে। দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে অশ্রুসিক্ত হয়েছেন এলাকার সাধারণ মানুষ আর বন বিভাগের কর্মকর্তারা।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) থেকে এলাকার একটি টিলার পাদদেশের ডোবার মধ্যে হাতি দম্পতিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখছেন এলাকাবাসী। মৃত শাবকের পাশ থেকে নড়ছে না হাতি দুটি। পুরুষ হাতিটি রাতে খাবার খেতে জঙ্গলে ঢুকছে। ফিরে আসছে আবার। এরপর মা হাতিও খাবার খেয়ে সন্তানের পাশে এসে অপেক্ষা করছে। মঙ্গলবার থেকে তিন দিন ধরে একটিবারও হাতির দম্পতি মৃত শাবকটিকে একা রেখে যায়নি বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়কে বটতলা মুসলিমপাড়ার অবস্থান। এলাকাটির অবস্থান বান্দরবানে হলেও এখানকার বনাঞ্চলটি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রাজারকুল রেঞ্জের অধীনে।

তিন দিন ধরে বন বিভাগের কর্মকর্তারা হাতি দম্পতির বিষয়টিতে নজর রাখছেন। নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক গতকাল বৃহস্পতিবার বলেন, আপাতত হাতি দম্পতিকে বিরক্ত করা হবে না। তারা শোকে কাতর। শোকের ধকল না কমা পর্যন্ত কিছুই করা যাবে না।

সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন তঞ্চঙ্গ্যা বলেন, মঙ্গলবার বিকেল থেকে হঠাৎ হাতি দম্পতির এই করুণ দশা দেখতে পাই। হাতির শাবকটি অসুস্থ হয়ে মায়ের দুধ পান করতে না পেরে মারা গেছে বলে এলাকাবাসীর ধারণা।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম জানান, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি হয়ে মিয়ানমারে চলাচলের হাতির একটি রুট আছে। ওই রুটে মিয়ানমার থেকে আসার অথবা এদিক থেকে যাওয়ার সময় হাতির শাবকটি টিলা থেকে ডোবায় পড়ে মারা গেছে ধারণা করা হচ্ছে। বাচ্চাটির বয়স ছয়-সাত মাস হতে পারে। শোকাহত হাতির দম্পতির পাশে বন বিভাগের লোকজন সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রয়েছেন। শোকে কাতর মা হাতিটি কোনোমতে বাচ্চার মরদেহ ছেড়ে যেতে চাইছে না। তাড়িয়ে দেওয়াও যাচ্ছে না। মানসিক অভিঘাত কাটিয়ে চলে গেলে শাবকের মরদেহ উদ্ধার করা হবে। অসুস্থ হয়ে নাকি পাহাড় থেকে পড়ে শাবকের মৃত্যু তা হয়েছে, ময়নাতদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হবে।


মাকে হত্যার মামলায় ১০ মাস পালিয়ে থেকে গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে এক নারীকে গলা কেটে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের একজন ওই নারীর ছেলে, আরেকজন পুত্রবধূ। এরা হলেন বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি এলাকার মোজাফফর আহমেদের ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তার(২৫। নিহত রেহেনা বেগম (৬২) কাশেমের মা।

র‍্যাব জানায়, রেহেনা বেগম বড় ছেলে প্রবাসী মো. বেলাল, ছোট ছেলে কাশেম ও তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। প্রবাসী ছেলে বেলাল মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য স্ত্রীর মাধ্যমে কাশেমের কাছে টাকা পাঠাতেন। তবে কাশেম সেই টাকা মায়ের কাছে না দিয়ে নিজেই রেখে দিতেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগে থাকত।

এর জেরে গত বছরের ৫ জুন কাশেম ও তার স্ত্রী নারগিছ মিলে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করেন। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় নিহত রেহেনার ভাই মো. মোক্তার আহমদ বাঁশখালী থানায় মামলা করেন। পরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে চকরিয়া থেকে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।


নেত্রকোনায় দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে ডেপুটি স্পিকার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওর অঞ্চলে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের ফসল আকস্মিক পাহাড়ি ঢল ও বন্যায় । বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন । বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের কাউয়ার বাড়ি খাল ও তৎসংলগ্ন প্লাবিত এলাকা আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং হাওর অঞ্চলের পানিবদ্ধতা নিরসনে বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেছেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, বড়খাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় সাধারণ কৃষকরা তাদের দুর্দশার কথা ডেপুটি স্পিকারের কাছে তুলে ধরেন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশ্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এখানকার জনবসতির একমাত্র উপার্জন হচ্ছে কৃষি। হঠাৎ পানিতে তলিয়ে যাচ্ছে তাদের জমির ফসল। কেউ হয়তো কিছু ফসল পাবে, কেউ পাবে না- এটি অত্যন্ত দুঃখজনক। আমরা নতুন দায়িত্ব নিয়েছি। আপাতত প্রশাসনের পক্ষ থেকে বাঁধের ব্যবস্থা করা হয়েছে এবং কৃষকদের জন্য অনুদান দেওয়া হয়েছে। আমি নিজেও একজন কৃষকের সন্তান। কৃষকের সুবিধার্থে এবং তাদের উৎপাদিত ফসল যেন ঘরে তুলতে পারে, তার জন্য যা করণীয় আমরা তা করবো ইনশাআল্লাহ।”হাওরের করুণ এই অবস্থার জন্য পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনাকে কঠোরভাবে সমালোচনা করেন ডেপুটি স্পিকার।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত ১৫-২৫ বছর ধরে এ অঞ্চলে কোনো নদী বা খাল খনন হয়নি। উল্টো বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে বিগত সরকারের দলীয় নেতাকর্মীরা মাছ চাষ করে অর্থ উপার্জন করেছে। নদীর সাথে খালের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। আমরা নতুন বাংলাদেশে এমন অনিয়মের ন্যায়বিচার চাই।”

তিনি আরও জানান, বর্তমান সরকার সারা বাংলাদেশেই খাল ও নদী খননের বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় হাওর অঞ্চলের খালগুলোও খনন করা হবে বলে তিনি কৃষকদের আশ্বস্ত করেন। নেত্রকোনার হাওর অঞ্চলের ৪২ হাজার হেক্টর জমির ফসল বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল পানি সম্পদ মন্ত্রণালয়ের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, “পানি উন্নয়ন বোর্ডের অনেক গাফিলতি ও স্বজনপ্রীতি রয়েছে। আমি এখান থেকেই পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন অনতিবিলম্বে হাওর অঞ্চলে এসে কৃষকদের সাথে কথা বলে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো একটু সক্রিয় হলেই আমরা সেই দিকে এগিয়ে যেতে পারবো।”


চিকিৎসা সহায়তা না পেয়ে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: কমলগঞ্জে চা বাগানে কর্মবিরতি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বাগানের শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন।

নিহত রিয়া বেগম (২২) দেওড়াছড়া চা বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী। শ্রমিকদের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে রিয়ার পরিবারের পক্ষ থেকে বাগান ব্যবস্থাপকের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসার পর বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাগানের শ্রমিকরা। তারা দাবি করেন, অর্থের অভাবে ও সময়মতো চিকিৎসা না পাওয়ায় রিয়া বেগমের মৃত্যু হয়েছে। এ দায় এড়াতে পারে না বাগান কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করে বাগান ব্যবস্থাপকের পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষী নারায়ন, ইব্রাহিম মিয়া, সুভাষ ভৌমিজ, বাবুলাল ভৌমিজ, অজয় ভৌমিক, সেলিম মিয়া, জসিম মিয়া, বায়না মিয়া, শুকুর মিয়াসহ অনেকে।

কর্মবিরতির খবর পেয়ে ঘটনাস্থলে যান কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী এবং রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে শ্রমিকরা কাজে ফিরবেন, নাকি আন্দোলন অব্যাহত রাখবেন।’

এ বিষয়ে দেওড়াছড়া চা বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জহিরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


বান্দরবানে কাজ না করেই প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ পিআইও―র বিরুদ্ধে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে কাজ না করেই টিআর, কাবিখা ও কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে।

স্থানীয় সুত্রে জানা যায়, ১নম্বর আলীকদম সদর ইউনিয়নের কলার ঝিরি পাকা রাস্তা থেকে চৈক্ষ্যং খালমুখী সড়ক সংস্কার নামে একটি প্রকল্পের অনুকুলে ১০.২৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেখানো হয়।যা

অনেক আগেই কাঠ ব্যবসায়ীদের প্রয়োজনে নিজেদের টাকায় সংস্কার করা হয়েছিল। অপরদিকে ২ নম্বর চৈক্ষ্যং ইউপির ১৫ কিলো এলাকায় বরই গাছ থেকে তুলা পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পেও পুরাতন রাস্তাকে নতুন প্রকল্পের আওতায় দেখানো হয়েছে। যা বাস্তবে করেননি। বরং এরুপ একাধিক সড়ককে নতুন প্রকল্পের আওতায় দেখিয়ে কাজ না করেই সরকারি টাকা আত্নসাৎ করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, ইউনিয়ন পর্যায়ে সরকারি কাজের প্রতিটি বিল উত্তোলনের সময় ১০ থেকে ১৫ শতাংশ কমিশন দিতে হয় তাকে। কমিশন না দিলে বিল হয়রানির শিকার হতে হয়।

এমনকি এক নারী ইউপি সদস্যকে প্রকল্পের সভাপতি বানিয়ে ওই প্রকল্পের কাজ নিজেই করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সংবাদকর্মীরা জানান, অনিয়মের তথ্য পেয়ে এবিষয়ে পিআইও কার্যালয়ে গেলে নোটিশ বোর্ডে প্রকল্পের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ টাঙানো তালিকা দেখা যায়। প্রকল্পের পূর্ণাঙ্গ তালিকা চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা তা দিতে অস্বীকৃতি জানান।

অফিস সুত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে মোট ২ কোটি ৪৫ লাখ টাকা, ৯৫.৩৯ মেট্রিক টন চাল এবং ৯৫.৩৯ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাতে ৮৭ লাখ ৬২ হাজার টাকা এবং কাবিটা খাতে ১ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছিল।

এবিষয়ে জানতে আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কে এম নজরুল ইসলামের মুঠোফোনে একাধিক বার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, অভিযোগ প্রাপ্ত প্রকল্প গুলোর মধ্যে প্রথম ধাপের ৩টি প্রকল্পের অনুকুলে ৭০ শতাংশ বিল দেয়া হয়েছে।তবে অভিযোগ প্রাপ্ত সকল প্রকল্প গুলো তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।


নীলফামারী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী ।

এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, বাসযোগ্য জেলা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে জেলা পরিষদ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি প্রফেসর ড. সৈয়দ খলিলুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম এবং যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।


ফুলবাড়িয়ায় ভুয়া ভূমি উন্নয়ন দাখিলায় হচ্ছে দলিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ভুয়া ভূমি উন্নয়ন করের রসিদ (দাখিলা) তৈরি করে জমি রেজিস্ট্রি সম্পন্ন করছে জালিয়াত চক্র। সম্প্রতি দলিল লেখক ও সাব-রেজিস্ট্রারের যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে এমন কাজ চলছে বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে ভুক্তভোগী মো. রিয়াদুল ইসলাম ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার কান্দানিয়া মৌজার ৯৯৮ বিআরএস খতিয়ানের ৭৮১০ হাল দাগ এ ৬ জনের যৌথ মালিকানাধীন ৯০ শতক ভূমির উপর গত ২৬ আগস্ট স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে ভুক্তভোগীরা একটি নালিশী অভিযোগ দেয়। প্রেক্ষিতে দাখিলা না পেয়ে জাল জালিয়াতির আশ্রয়ে জাল দাখিলা সৃজন করে ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসে গত ৮ ফেব্রুয়ারি ৮৬৯ নং সাফ কবলা দলিল মূলে যৌথ মালিকানাধীন ৯০শতাংশ ভূমির মধ্যে ১৩ শতাংশ ভূমি হস্তান্তর করেন দাতা আসাদুজ্জামান। একই কায়দায় এর আগেও কান্দানিয়া মৌজার হাল দাগের ৩০৩৭ দাগে আরও একটি দলিল সম্পাদনের তথ্য পাওয়া গেছে। যার দলিল নম্বর - ৮৬৮।

অভিযোগকারী মো. রিয়াদুল ইসলাম জানান, খাজনার রসিদের সঠিকতা যাচাইয়ের জন্য সরকারি ওয়েবসাইটে প্রবেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি উক্ত ভূমির উপর হাল সনের কোন রসিদ দেওয়া হয়নি। এ চক্রের সাথে জড়িতদের তিনি দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দলিলটি সম্পাদনে যুক্ত ফুলবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সোলাইমান জানান, কান্দানিয়া এলাকার জহির মহুরি এসে আমাকে বলেন তার এলাকার দলিল সে করলে বিতর্কিত হবে, তাই আমাকে স্বাক্ষর দিতে বলার কারণে আমি শুধু স্বাক্ষর করি। দলিলটি আমার নয়। আর ওই দাখিলা সম্পর্কে আমি কিছুই জানতাম না।

অপরদিকে জাল ভূমি উন্নয়ন করের রসিদ তৈরি করার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি )ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ তাকী তাজওয়ার।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দলিল লেখক জানান, সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে স্থানীয় দলিল লেখকদের অদৃশ্য কমিশন বাণিজ্যের সিন্ডিকেট গড়ে উঠেছে। যেই সুবাদে সাব-রেজিস্ট্রার দলিল লেখকদের মাধ্যমে হেবা দলিলে ১% ,বনের মৌজার এন ও সি (অনাপত্তিপত্র) যাচাইয়ের নামে দলিল প্রতি সর্বনিম্ন ৮ হাজার টাকা, সেরেস্তার নামে প্রথম লাখে দেড় হাজার ও পরবর্তী প্রতি লাখে ৫০০ টাকা করে নেন। এছাড়াও হিস্যার ১০ হাজার, ভুল সংক্রান্তে ১০ হাজার ও যৌথ দলি প্রতি ৫ হাজার করে টাকা নেয়। যা ঈদের আগমুহূর্তের কর্মদিবস পর্যন্ত বলববৎ ছিল।

শাহজাহান সাজু নামে এক কৃষক বলেন, আমি দীর্ঘদিন ঘুরে একটি দলিল করেছি। সামান্য সমস্যায় নির্ধারিত ফিসের বাহিরে অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

কুশমাইল পানেভিটা গ্রামের আকবর হোসেন জানান, যে সকল গ্রহীতা উৎকোচ দিতে অনিচ্ছুক তারা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন। অতিরিক্ত টাকা না দেওয়ায় তিনি নিজেই কয়েক মাস ধরে ঘুরছেন বলেও জানান।

ফুলবাড়িয়া উপজেলা সাব-রেজিস্ট্রার রাফায়েল ফাতেমী ইমন দলিলের নামে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি অস্বীকার করে দৈনিক বাংলাকে জানান, ভুয়া দাখিলায় রেজিস্ট্রি করার অভিযোগটি নিয়ে সংশ্লিষ্ট দলিল লেখক ও অভিযোগকারীকে আপাতত নোটিশ দেওয়া হবে। যাচাইয়ে দাখিলা ভুয়া প্রমানিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা বলেন, ভুয়া দাখিলা দিয়ে রেজিস্ট্রি সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া আরো যেসব অনিয়ম রয়েছে সেগুলোর বিষয়ে অভিযোগ দিলো ইনকোয়ারি করে ব্যবস্থা নেওয়া হবে।


চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি, গলে যাচ্ছে রাস্তার পিচ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

তাপমাত্রার ঊর্ধ্বগতি চুয়াডাঙ্গার জনজীবনকে অস্থির করে তুলেছে। এক লাফে তাপমাত্রা বেড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হওয়ায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ, যা গরমের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

এর আগে গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ এই তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও মোটরসাইকেল চালকরা। বিশেষ করে জেলার বিভিন্ন তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এদিকে তীব্র গরমে সড়কের পিচ গলে উঠে যেতে দেখা গেছে। শহরে পৌরসভার সামনে এই চিত্র দেখা গেছে।

চুয়াডাঙ্গা শহরের মোটরসাইকেল চালক রবিউল ইসলাম বলেন, এই গরমে লাইনে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। মাথা ঘুরে যায়। তেল নিতেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে, এর মধ্যে গরমে শরীর একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছে।

আরেক চালক সুমন হোসেন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে শরীর খারাপ হয়ে যাচ্ছে। তেলের জন্য যেমন কষ্ট, তার ওপর এই গরম— দুটো মিলে অবস্থা খুব খারাপ।

শুধু চালকরাই নয়, দিনমজুরদের অবস্থাও করুণ হয়ে উঠেছে। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

দিনমজুর আব্দুল মালেক বলেন, রোদ এত বেশি যে কাজ করতে পারি না ঠিকমতো। তবুও পেটের দায়ে কাজ করতে হচ্ছে। দুপুরের রোদে শরীর জ্বলতে থাকে।

আরেক দিনমজুর হাবিবুর রহমান বলেন, এই গরমে কাজ করা খুব কষ্ট। একটু পরপরই বিশ্রাম নিতে হয়। কিন্তু বেশি বিশ্রাম নিলে আয় কমে যায়, তাই বাধ্য হয়ে কাজ চালিয়ে যাচ্ছি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি অতিক্রম করেছে। জেলার ওপর দিয়ে বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।


৫০ কোটি টাকা ঘুষ অফারকারীদের নাম বলতে আমির হামজাকে আইনি নোটিশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুস্টিয়া জেলা প্রতিনিধি

৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম প্রকাশের দাবিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি। নোটিশদাতা হৃদয় হাসান কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

বুধবার (১ এপ্রিল) হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া আদালতের আইনজীবী আব্দুল মজিদ নোটিশটি পাঠান। এতে বলা হয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশ অথবা তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে।

হৃদয় হাসান বলেন, ‘বুধবার দুপুরের পর লিগ্যাল (আইনি) নোটিশটি এমপি সাহেব বরাবর পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীর পরিচয় অথবা আইনি ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে। যদি তা না করেন, তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরে একটি ইফতার মাহফিলে বক্তব্যকালে আমির হামজা বলেন, ‘প্রায় সবমিলিয়ে শুধু মেডিকেল কলেজের জন্য ৫০ কোটি টাকার ওপরে অফার হয়েছে এই তিন দিনে। তা-ও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে। আমি বলেছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি, পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুল নড়ব না।’

তিনি আরও বলেন, ‘এই পাঁচ বছর যদি দায়িত্বে থাকি, পাঁচটা টাকা যেন না বাড়ে, সেই রকমভাবে চলতে চাই।’

পরদিন আমির হামজার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ বন্ধ রাখতে ঘুষ দিতে চাওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানান।

এর প্রায় এক মাস পর গতকাল বুধবার ছাত্রদলের এই নেতা আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আমির হামজা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় জনসমক্ষে দেওয়া বক্তব্যে দাবি করেছেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ রাখার জন্য তিনি ৩ দিনে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পেয়েছেন। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। উপরন্তু বলেছেন, কুষ্টিয়া লিখে দিলেও তার অবস্থান বদলানো যাবে না।’

নোটিশে আরও বলা হয়, ‘গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে ছবিসহ আপনার (সংসদ সদস্য) বক্তব্যের অংশ ফলাও করে প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন হলো শরিয়াহ আইন ও রাষ্ট্রীয় আইনে ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়েই সমান অপরাধী। আপনাকে যারা ঘুষ প্রদান করতে চেয়েছেন, তাদের নাম প্রকাশ না করে আপনি শুধু ভালো মানুষ সাজার জন্য ৫০ কোটি টাকা ঘুষ গ্রহণ করেননি বলে প্রচার করেছেন। ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ না করা এবং আইনের হাতে তুলে না দেওয়ার অর্থ হলো আইনের দৃষ্টিতে অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া।’

এ বিষয়ে হৃদয় হাসান বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় জনগণ ভোগান্তি পোহাচ্ছে। কারা এর পেছনে কলকাঠি নাড়ছে, আমরা জানতে চাই। প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে।’

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, ‘আমির হামজা মেডিক্যাল কলেজ চালু নিয়ে বললেন, তিন দিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছেন। অথচ তাকে কারা টাকার অফার করেছে, তাদের নাম বলছেন না। এটা একটা ক্রিমিনাল অফেনস। তিনি জনসমক্ষে ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করুক।’


সংবাদ প্রকাশের জেরে চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক, মুক্তি চায় পরিবার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে মারামারির খবর প্রকাশের জেরে চাঁদাবাজির মামলায় এক সাংবাদিককে হয়রানির অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের প্রভাবশালী একটি মহল সাংবাদিক খায়রুল ইসলাম ফকিরকে (৪০) উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়েছে। তিনি গত ২৪ দিন ধরে কারাগারে আছেন।

এ ঘটনায় বুধবার সকালে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তাঁর মুক্তি ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

সংবাদ সম্মেলনে সাংবাদিক খায়রুল ইসলাম ফকিরের মা নূরজাহান (৭০), স্ত্রী খোশনাহার আক্তার (৩৩), মেয়ে জান্নাত আক্তার নিপু (১৪), ছেলে নাঈম হাসান দুর্জয় (১০) ও মো. হুমায়ুন (৫) এবং স্বজনেরা উপস্থিত ছিলেন।

পরিবারের ভাষ্য, খায়রুল ইসলাম ফকির হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল ‘নয়া সংবাদ’–এর হোসেনপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কারাগারে থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষিণ গোবিন্দপুর গ্রামের আসাদুজ্জামান কিরণ, যিনি পোল্যান্ডপ্রবাসী, তাঁর সঙ্গে একই গ্রামের নজরুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

পরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে ওই ঘটনার সংবাদ প্রকাশ করেন সাংবাদিক খায়রুল ইসলাম ফকির। পরিবারের দাবি, এই সংবাদ প্রকাশের পর তাঁর ওপর ক্ষুব্ধ হন আসাদুজ্জামান কিরণ।

পরে গত ২ মার্চ হোসেনপুর থানায় নজরুল ইসলাম বাদী হয়ে কিরণসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। এর তিন দিন পর, ৫ মার্চ, কিরণের বোন আনুরা (৫৩) বাদী হয়ে ভাঙচুর, লুটপাট, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ এনে পাল্টা মামলা করেন। সেই মামলায় প্রধান আসামি করা হয় সাংবাদিক খায়রুল ইসলাম ফকিরকে।

পরিবারের অভিযোগ, সংঘর্ষের ঘটনায় খায়রুল ইসলাম ফকিরের কোনো সম্পৃক্ততা ছিল না। কেবল সংবাদ প্রকাশ করায় তাঁকে প্রতিহিংসাবশত মামলায় জড়ানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মামলায় আসামি হওয়ার পর খায়রুল ইসলাম ফকির গত ৯ মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তারা বলেন, দ্রুত তদন্ত করে সাংবাদিক খায়রুল ইসলাম ফকিরকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও মুক্তি দেওয়া হোক।


banner close