শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

রাজধানীর হাতিরঝিলে আত্মহত্যা করল যুবক

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪ ২১:৩২

পরিবারের সঙ্গে রাগারাগী করে অভিমানে রাজধানীর হাতিরঝিলের পানিতে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। হাতিঝিলে ভাসমান অবস্থায় সেই যুবকের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। তিনি রাজধানীর উত্তর শাহজাহানপুরে পরিবারের সঙ্গে থাকতেন বলে জানায় পুলিশ।

আজ সোমবার দুপুরে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মৃত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সঙ্গে রাগারাগী করে অভিমানে তিনি হাতিরঝিলের পানিতে আত্মহত্যা করেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাতিরঝিল রামপুরা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত আওলাদ হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে যান তিনি। সোমবার হাতিরঝিলে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।’


রায়পুরে দুধের কৌটায় পাওয়া ১১টি শক্তিশালী বোমা নিষ্ক্রিয়

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া বড় ৬টি ও ছোট ৫টিসহ মোট ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল ব্যাপারীর খেয়াঘাটের উত্তর পাশে ফসলি জমির একটি খালি জায়গায় বিশেষজ্ঞ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন। এর আগে বুধবার রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন তার আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটাগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছিল এবং পরে আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় ভোলা সদর উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম সুজন নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং গত সোমবার তাঁর ভাড়া নেওয়া ঘরের একটি কক্ষ থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, বিদেশি দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা প্রাথমিকভাবে নিশ্চিত করেছিলেন এবং বৃহস্পতিবার দুপুরে বিশেষজ্ঞ দল সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে।


জলাভূমি সংকট ও শিকারিদের দৌরাত্ম্যে কমেছে অতিথি পাখি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রতি বছর শীতের শুরুতে খুলনার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া, মধুগ্রাম, মাগুরখালী, শোভনা, সাহস ও খর্ণিয়া ইউনিয়নের বিস্তীর্ণ বিল ও জলাশয়গুলোতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসতে শুরু করত। নানা প্রজাতির অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে উঠত এসব এলাকার বিল, ঘের ও জলাভূমি। অতিথি পাখিরা এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য যেমন বৃদ্ধি করতো, তেমনি তারা ভূমিকা রাখত পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও।

তবে হঠাৎ করে গত বেশ কয়েক বছর যাবত আর দেখা মিলছে না এসব অতিথি পাখির। নিরাপদ আশ্রয় ও খাদ্য সংকট, নির্বিচারে পাখি নিধন, অপরিকল্পিত মাছের ঘের তৈরি এবং জীববৈচিত্র্য বিনষ্ট হওয়াসহ নানাবিধ বিষয়কে অতিথি পাখি না আসার কারণ বলছেন ডুমুরিয়ার স্থানীয় সচেতন মহল ও পাখিপ্রেমীরা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল উপজেলার বিল ডাকাতিয়ার একাংশ, গুটুদিয়া, রঘুনাথপুর, ভান্ডারপাড়া ও রংপুর ইউনিয়নের বিভিন্ন বিল-জলাশয়। এসব এলাকায় বিভিন্ন প্রজাতির বালি হাঁস, ল্যান্জা হাঁস, চখাচখি, পানকৌড়ি, ডাহুক, সরালী ও কাইম পাখিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির অতিথি পাখি আসতো। খাবারের সন্ধানে সুদূর সাইবেরিয়াসহ শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে উড়ে আসতো এসব পাখি।

সরেজমিনে গিয়ে জানা যায়, সুযোগসন্ধানী এক শ্রেণির অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারি ফাঁদ পেতে এবং বিষটোপ দিয়ে নির্বিচারে অতিথি পাখি শিকারে মেতে উঠতো। শুধু তাই নয়, গোপনে বিভিন্ন স্থানে বসত এসব পাখি বিক্রির আসরও। আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জনসচেতনতার অভাব এবং নজরদারির ঘাটতির কারণে অবৈধভাবে অতিথি পাখি শিকার ও বিক্রি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এ অবস্থায় গত কয়েক বছর ধরে অতিথি পাখিরা আর এ অঞ্চলে ভিড়ছে না। মাঝেমধ্যে কোনো কোনো বিলে গুটিকয়েক অতিথি পাখি চোখে পড়লেও শিকারিদের অত্যাচারে তারা অন্যত্র চলে যায়।

উপজেলার বিল ডাকাতিয়া পাড়ের কৃষক মজিবুর রহমান বলেন, আগে শীত মৌসুমে অতিথি পাখিদের বিচরণে মুখর থাকতো বিলগুলো। দিন-রাত এসব পাখির কিচিরমিচির শুনতাম। কিন্তু গত কয়েক বছর ধরে আর অতিথি পাখিরা আসে না। কারণ বিলের প্রায় সব প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে গেছে কিংবা বাণিজ্যিক মাছের ঘেরে পরিণত হয়েছে। এসব জায়গায় মানুষের বিচরণ ও কোলাহল বেড়ে গেছে। এসব কারণেই মূলত অতিথি পাখিদের নিরাপদ বিচরণক্ষেত্র এখন অনিরাপদ হয়ে পড়েছে।

অন্যদিকে উপজেলার মাগুরখালী এলাকার বাসিন্দা মোহন মণ্ডল বলেন, ‘আমাদের এলাকার বিল ও নদী তীরবর্তী জলাশয়ে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসতো। দিনে এসব পাখি বিলে অবস্থান করতো এবং সন্ধ্যা হতেই আশ্রয় নিতো গ্রামের বিভিন্ন বাগান ও গাছগাছালিতে। কিন্তু বর্তমানে অতিথি পাখিরা না আসায় সেই দৃশ্য আর দেখা যায় না। শুধু অতিথি পাখিই নয়, বর্তমানে বক ও ঘুঘুসহ দেশীয় প্রজাতির পাখিও কমে যাচ্ছে। অসাধু শিকারিরা এগুলোকেও মেরে ফেলছে, যা খুবই দুঃখজনক।’

উপজেলা সদরের বাসিন্দা পাখিপ্রেমী ও সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম বলেন, এক সময় ডুমুরিয়ার প্রায় সবকটি বিলেই অতিথি পাখিরা আসত। তখন বিলগুলো ছিল পাখিদের অভয়াশ্রম। কিন্তু সেই পরিবেশ এখন আর নেই। জলাভূমির ধরন বদলে যাওয়ায় ও গাছপালা কমে যাওয়ায় দেখা মেলে না এসব পাখির।’

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার জানান, এক সময় এ উপজেলার বিলগুলোতে প্রচুর পরিমাণে অতিথি পাখিরা আসতো বলে শুনেছি। এখন পরিবেশগত নানা কারণে তা কমে গেছে। তবে যদি কেউ অবৈধভাবে পাখি শিকার করে বা বন্য পাখির ক্ষতিসাধন করে, তাহলে বিষয়টি জানার সাথে সাথে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিথি পাখিসহ দেশীয় যেকোনো পাখি শিকার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে বন্য পাখিদের নিরাপত্তা বিধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও আরও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।


কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিচারের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী অংশগ্রহণ
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে বক্তারা বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক বলে মনে করেন তারা। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বক্তারা আরও বলেন, ‘নারী সমাজকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না। নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।’ একজন সংসদ সদস্যের কাছ থেকে দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করেন তারা। তাই মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে সংসদ সদস্য হিসেবে তার পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে মুফতি আমির হামজার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্যসচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা।


হাওরে ১৭ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত হযরত গ্রেপ্তার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাকিবুল হাসান রোকেল, কিশোরগঞ্জ

খুন, ডাকাতি, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭টি মামলার আসামি হযরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাওরাঞ্চলে নৌ-ডাকাতি, চুরি ও ডাকাতির একাধিক ঘটনায় তিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় খুন ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। জেলা পুলিশের তালিকায় তিনি মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন।

পুলিশ জানায়, হযরত আলী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে। তাকে গ্রেপ্তারে ইটনা থানা-পুলিশ টানা ১৬ ঘণ্টা অভিযান চালায়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেন হযরত আলী। তাকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।

ওসি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ছিলনী সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন হযরত আলী। পরে সেখানে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করেন।

এরপর তাকে গ্রেপ্তারে রাতভর গ্রামটিতে অভিযান চালায় পুলিশ। রাতে তাকে না পেয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনেও অভিযান অব্যাহত রাখা হয়। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি হাবিবুল্লাহ খান আরও জানান, অভিযানে তিনি নিজে নেতৃত্ব দেন। এছাড়া উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দত্ত, একেএম মোশারফ হোসেন, মো. সালাহ উদ্দিন, মো. সামছুল আলম সাব্বির, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর ভূইয়া, মোস্তাক হোসেন, মো. মেহেদী হাসান এবং সঙ্গীয় ফোর্স এই সাঁড়াশি অভিযানে অংশ নেন।

এ ঘটনায় হযরত আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


নিজেদের করা আইনের ফাঁদেই পড়েছে আওয়ামী লীগ: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিগত সরকারের আমলে তৈরি করা মানবতাবিরোধী অপরাধের আইনেই এখন তাদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরার গুঞ্জন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিত। অনেকে বলেন পাসপোর্ট দেওয়া হচ্ছে বা অমুক ফিরছেন। আমি শুধু একটি আইনের কথা মনে করিয়ে দিতে চাই, যে আইনটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নিজেই করে গেছে। মানবতাবিরোধী অপরাধ আইনের ৪৭ (এ) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। তারা নিজেরাই আইন করে তাদের অধিকার খর্ব করে রেখেছে। আজ সেই আইনের ফাঁদেই তারা পড়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় সরকারের বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেছিলেন, যা ২০০৯ সালে বাতিল করা হয়। নতুন করে এই ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আটজনকে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননাসহ মোট ১৪ জনকে সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা পেয়েছেন আমানুল্লাহ খান, জাহিদুর রহমান জাদু, খন্দকার আব্দুর রহিম, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লিমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মহন্ত শানু ও ইকবাল মুর্শেদ রিপন। আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত পশিমুর রহমান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বোগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান সুমন।


ফেনীর লালপোল বেদে পল্লী থেকে বস্তাভর্তি ১৩ লক্ষ টাকা উদ্ধার

* ১৩ জনকে গ্রেপ্তার
উদ্ধার হওয়া টাকা গনণা করছেন পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফেনী প্রতিনিধি

ফেনী শহরের লালপোল এলাকার বেদেপল্লীর মাদকের আস্তানায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বস্তাভর্তি ১৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে ফেনী মডেল থানা পুলিশ এ অভিযান শুরু করে রাত সাড়ে নয়টা পর্যন্ত অভিযান চলে।

প্রায় তিনঘন্টা বিশেষ অভিযান পরিচালনা করে নগদ ১৩ লক্ষ টাকা, ইয়াবা, মাদক, বাংলা মদ, মাদক ব্যবহারের বিপুল পরিমান সয়েল পেপার, টাকা গনণা করার মেশিন উদ্ধার করা হয়। অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় সাজেদ কামাল বলেন, বেধে পল্লীতে অভিযানে মাদক সম্রাট সোহেলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। মাদক উদ্ধার করা হয়। মাদকদ্রব্য ও টাকার পরিমাণ এবং আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। অভিযান এখনো চলমান রয়েছে।

ফেনী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, প্রায় তিনঘন্টা অভিযান পরিচালনা করে নগদ ১৩ লক্ষ টাকা, ইয়াবা, মাদক, বাংলা মদ, মাদক ব্যবহারের বিপুল পরিমান সয়েল পেপার, টাকা গনণা করার মেশিন উদ্ধার করা হয়। অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এটি বিশেষ অভিযান ছিল, এখন থেকে প্রতিদিন অভিযান হবে।


ত্রিশালে বিমানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি লিটন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সারোয়ার জাহান জুয়েল, ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুরসহ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মন্ত্রীকে স্বাগত জানানোর এ আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।


পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের উদ্বোধন ১৯ নভেম্বর

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পাবনা প্রতিনিধি

আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেন পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাবনা নাগরিক কমিটির আয়োজনে জেলা পরিষদের রশীদ হল রুমে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও পাবনা নাগরিক কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার খান জুয়েল।

সভাপতির বক্তব্যে জহুরুল ইসলাম বিশু বলেন, এটি পাবনাবাসীর জন্য অনেক বড় বিজয়ের ঘটনা। তিনি জানান, পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালুর কথা দীর্ঘদিন ধরে শোনা গেলেও নানা ব্যর্থতার কারণে তা সম্ভব হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের আন্তরিক তৎপরতায় পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। পাবনাবাসীর পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে উদ্বোধন অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে সবার মতামত ও সহযোগিতা কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আওয়াল, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ মোঃ বাহেজ উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাহবুব হোসেন নিলয়ের পিতা মোঃ আবুল কালাম আজাদ এবং শহীদ জাহিদুল ইসলামের পিতা মোঃ দুলাল মাস্টার বক্তব্য দেন।

আরও বক্তব্য রাখেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল, পাবনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দুদকের পিপি অ্যাডভোকেট মলয় কুমার রায় এবং মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রেহানুল ইসলাম বুলাল।

বক্তারা বলেন, ট্রেন চালুর ফলে পাবনার মানুষ নানাভাবে উপকৃত হবে, এলাকার উন্নয়ন ঘটবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। দীর্ঘদিনের দাবি পূরণে তাঁরা সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। সেদিন থেকে পাবনা গোধূলি এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে এবং পাবনা প্রভাতী এক্সপ্রেস পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশে ছাড়বে।

এদিকে পাবনা-ঢাকা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর অনলাইন টিকেট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল আটটা থেকে। ট্রেন দুটির ভাড়া নির্ধারণ করা হয়েছে নন-এসি ৩২৫ টাকা, এসি চেয়ার ৮১৭ টাকা এবং এসি কেবিনের প্রতি আসন ৯৭৮ টাকা। ঢাকা-পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলকালে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।


বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গাজিপুর প্রতিনিধি

ন্যূনতম মজুরি দ্রুত কার্যকর করাসহ বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। আকস্মিক এই অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে দূরপাল্লার যাত্রী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ কয়েকটি নির্দিষ্ট দাবি তুলে প্রথমে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আশপাশের অন্যান্য কারখানার কয়েক হাজার শ্রমিক তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে স্লোগান দেওয়া শুরু করলে ঢাকা-টাঙ্গাইল রুটের সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এদিকে এই বিক্ষোভের প্রভাব পড়েছে আশপাশের শিল্পাঞ্চলেও। গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকার ইসলাম গার্মেন্টস এবং স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা সকাল থেকে কারখানায় প্রবেশ না করে বাইরে বিভিন্ন স্থানে অবস্থান নেন। অন্যদিকে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে যান চলাচল সচল করার চেষ্টা করে; কিন্তু তারা দফায় দফায় সংগঠিত হয়ে আবারও সড়কে অবস্থান নিচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে বর্তমানে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবিসহ যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


এনসিপি নেত্রী নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুস্টিয়া প্রতিনিধি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে তাঁর বাবা-মাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন নুসরাত তাবাসসুম জ্যোতি নিজেই। তিনি তাঁর পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন যে, এ ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে তাঁর কণ্ঠ রোধ করা সম্ভব হবে না। সব বাধা ও প্রতিকূলতা মাড়িয়ে নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি তাঁর পোস্টের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান উল্লেখ করেন।

এদিকে হামলার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, তাঁদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুর্বৃত্তরাই এই বর্বরোচিত হামলা সংঘটিত করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত চিহ্নিত করার দাবি জানিয়েছেন দলটির নেতারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, হামলাটি মূলত বসতবাড়িসংলগ্ন একটি গবাদিপশু রাখার ঘরে চালানো হয়েছিল। তবে ঘটনার পরপরই স্থানীয় প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো বড় ক্ষয়ক্ষতি ঘটেনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান এবং ঘরের ভেতরে থাকা গবাদিপশুগুলোকে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।


নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত: মীর শাহে আলম

রাজধানীর আগারগাঁও এক কর্মশালায় প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বরখাস্ত হবেন বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ নিশ্চিতে ব্যর্থ পৌরসভাগুলোর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগর ব্যবস্থাপনার প্রধান সমস্যা তুলে ধরে মীর শাহে আলম বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা শহরের অন্যতম প্রধান কাজ হলেও অধিকাংশ পৌরসভায় নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। বর্জ্য খোলা জায়গায় ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল তৈরি করতে হবে, যাতে আধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করা সম্ভব হয়।’

গুরুত্বপূর্ণ এমন কর্মশালায় অনেক সংখ্যক কর্মকর্তা অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার মোটা অঙ্কের অর্থ ব্যয় করে এই কর্মশালার আয়োজন করেছে। অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত। দায়িত্বপ্রাপ্তদের এই ধরনের উদাসীনতা সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে।’ তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করে তিনি একে ইতিবাচক হিসেবে আখ্যা দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “পৌরসভার মাস্টারপ্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে তালিকায় বড় ধরনের অনিয়ম হয়েছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মূলত জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এই তালিকায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।”

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অবকাঠামোগত মানোন্নয়নে এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি উপস্থিত কর্মকর্তাদের রাস্তাঘাট তৈরির পাশাপাশি শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণে জোর দেওয়ার নির্দেশ দেন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং নাগরিক সেবায় প্রশাসনিক হয়রানির বিষয়ে শূন্য সহনশীলতার বার্তা দিয়ে প্রতিমন্ত্রী জানান, কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সার্ভিস স্থগিত রেখে বা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এগুলো কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ছাড়া সোলার প্যানেল বাবদ পাঠানো বরাদ্দ অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।


টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ২ লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ২ লক্ষ পিস ইয়াবাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মানবপাচারসহ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সেই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) সকাল ৬ টা হতে ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।

পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক বোটটিকে ধাওয়া করে সাবরাং আলোগোলা জোরা এলাকা সংলগ্ন নাফ নদী হতে আটক করতে সক্ষম হয়। এসময়, উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও, উক্ত মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী ও অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


শিল্পাঞ্চল ও মহাসড়কে নিরাপত্তার বলয়, গাজীপুর-নারায়ণগঞ্জে ১০ প্লাটুন আনসার সদস্য মোতায়েন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম সচল রাখা, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, মহাসড়ক ও কৌশলগত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রেখে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মোতায়েনকৃত সদস্যদের তৎপরতায় শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখতে সহায়ক পরিবেশ বজায় রয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় মোতায়েনকৃত সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, জনদুর্ভোগ লাঘব এবং দায়িত্ব পালনে সংযম ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

গত ০৪ নভেম্বর থেকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও সড়কপথে পর্যায়ক্রমে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের এসব সদস্য ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন , নবাবগঞ্জ আনসার ব্যাটালিয়ন এবং মাদারীপুর আনসার ব্যাটালিয়ন থেকে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। তারা চাষাঢ়া মোড়, শিবু মার্কেট-ফতুল্লা স্টেডিয়াম ও কাঠের পুল, বিসিক এবং কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রয়োজনীয় রায়ট কন্ট্রোল সরঞ্জামসহ মোতায়েনকৃত সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পকারখানা, গুরুত্বপূর্ণ স্থাপনা, সংবেদনশীল এলাকা এবং ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যানবাহন ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সদস্যরা সক্রিয় রয়েছেন। মাঠপর্যায়ের নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর করতে বাহিনীর গোয়েন্দা ইউনিট সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও নজরদারি অব্যাহত রেখেছে। একই সঙ্গে স্থানীয় আনসার-ভিডিপি স্বেচ্ছাসেবী সদস্যরাও প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করছেন। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রিজার্ভ জনবল, যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

মাঠপর্যায়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা ও তত্ত্বাবধানে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট সরাসরি দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সমন্বয় করছেন। সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক এবং সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টগণ। নারায়ণগঞ্জে জেলা কমান্ড্যান্টের নেতৃত্বে এবং সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তার সমন্বয়ে মোতায়েনকৃত সদস্যদের দায়িত্ব পালন ও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা, শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ও স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।


banner close