বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় জেলায় জেলায় প্রস্তুতি

মোংলায় ঘূর্ণিঝড় নিয়ে সচেতন করতে কোস্টগার্ডের মাইকিং। ছবি: সংগৃহীত
আপডেটেড
২৬ মে, ২০২৪ ০৫:১৯
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৬ মে, ২০২৪ ০৫:১৮

বঙ্গোবসাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় তা ‘রেমালে’ পরিণত হয়েছে। আজ রোববার মধ্যরাতে এটি আঘাত হানার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এ জন্য দেশের ছয় জেলাকে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। এ ঘূর্ণিঝড় নিয়ে এ পর্যন্ত প্রাপ্ত পূর্বাভাস ও ভূমি অতিক্রমের সম্ভাব্য এলাকার ভিত্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা।

গতকাল ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছরে ঘূর্ণিঝড়সহ সব দুর্যোগে তার নিবিড় পর্যবেক্ষণ ও নির্দেশনায় আমরা যথাসময়ে প্রস্তুতি নিয়ে মানুষের দুর্দশা লাঘব এবং জীবন ও সম্পদের ক্ষতি কমাতে সক্ষম হয়েছি। এ ঘূর্ণিঝড়টিও যাতে একই ধারাবাহিকতায় সফলভাবে মোকাবিলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

প্রতিমন্ত্রী মুহিববুর রহমান বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সঙ্গে কথা বলে স্থানীয় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। উপকূলবর্তী সব জেলাকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত পূর্বাভাস ও সম্ভাব্য ভূমি অতিক্রম এলাকার ভিত্তিতে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলাসমূহকে অধিকতর প্রস্তুত থাকার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এক সপ্তাহ ধরে এই ঝড়টির বিষয়ে আমরা খোঁজখবর রাখছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে নিয়মিতভাবে পূর্বাভাস দিচ্ছে এবং আগাম কার্যাবলি (অ্যান্টিসিপেটরি অ্যাকশন) ও সাড়া প্রদানে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করছে। আমরা ভারতে অবস্থিত আঞ্চলিক বিশেষায়িত আবহওয়া কেন্দ্রের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি। এর পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক পূর্বাভাস মডেল নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করে সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করছি।’

সভায় প্রতিমন্ত্রী বলেন, এই ঘূর্ণিঝড়টি মোকাবিলায় সার্বক্ষণিক তথ্য বিনিময়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিআরসিসি ২৪ ঘণ্টা খোলা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম প্রেরণ শুরু করেছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৭৮ হাজার স্বেচ্ছাসেবক কয়েক দিন যাবৎ মাঠে আগাম সতর্কবার্তা প্রচারসহ আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও প্রস্তুতের কাজ করছে। মন্ত্রণালয়ের নেতৃত্বে অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ পরিস্থিতি পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সাইক্লোন আর্লি অ্যাকশন প্রটোকল অনুসরণ করে প্রতিষ্ঠানভিত্তিক আগাম কার্যক্রম শুরু করেছে।

প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি এবং আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বিপদ সংকেত জারি করা মাত্র মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হবে। দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো কার্যকর হয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতির অংশ হিসেবে সভায় কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো আগাম সতর্কতার বিজ্ঞপ্তি প্রচার ও জনগণকে সচেতন করা, আগাম মানবিক কার্যাবলি গ্রহণ করা, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় ও বিভিন্ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসমূহের সভা অনুষ্ঠান, সব পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করা, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার, শিশু খাদ্য এবং গো-খাদ্যের ব্যবস্থা করা, জনগণকে আশ্রয়কেন্দ্রে আনার বিষয়ে প্রস্তুতি গ্রহণ। দুর্যোগ তথ্য পাওয়ার জন্য টোল ফ্রি ১০৯০ ব্যবহারের কথা বলা হয় সভায়। দৈনিক বাংলার বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানোর সংবাদের ভিত্তিতে ‘রেমাল’ নিয়ে বিভিন্ন জেলার প্রস্তুতির সম্পর্কে জানা গেছে নানা তথ্য।

পিরোজপুর: বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর জন্য পিরোজপুরে প্রস্তুত করা হয়েছে ৫৬১ টি ঘূর্ণিঝড়ের আশ্রয়কেন্দ্র। যার মধ্যে ২৯৫ টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬ টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং এই আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮০ হাজার ৫০০ জন মানুষ আশ্রয় নিতে পারবে।

শনিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ-মিজান সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এ তথ্য দেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আরও জানান, ঘূর্নিঝড় রেমাল মোকাবিলায় একটি জেলা প্রশাসন থেকে একটি কন্টোলরুমসহ প্রতিটি উপজেলায় একটি টিম করা হয়েছে, ৬৫ টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে, ২ লাখ ৬৩ হাজার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেজ মজুত রাখা হয়েছে, ঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রাথমিক পর্যায়ে ১৩৫০ হাজার প্যাকেট শুকনা খাবার, ৬১১ মে. ট. চাল ও নগদ ৬ লক্ষ ১০ হাজার টাকা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগ পরিবর্তিতে ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য ৯৭ বান্ডিল টিন রয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় রেডক্রিসেন্টের ২৫০ জন স্বেচ্ছাসেবক ও সিপিপি ২৪২০ জন সদস্য প্রস্তুত রয়েছে। রেমালের প্রভাবে পিরোজপুরের নদীসমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি দেখা গেছে এবং জেলার কয়েক স্থানে হালাকা বৃষ্টি পড়েছে।

বরগুনা: বরগুনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গোমট আবহাওয়া বিরাজসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরের বাসিন্দারা। শনিবার জেলার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত তিন ফুট বেড়েছে বলে জানান নদী তীরের বাসিন্দারা। বরগুনা সদর উপজেলার বড়ইতলা এলাকায় গেলে দেখা যায়, পানিতে এখানকার বেড়িবাঁধের বাহিরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এখানে আশ্রয়কেন্দ্রের স্বল্পতা রয়েছে। তাই যা আছে তাতে সকলের স্থান সংকুলান হয় না। বরগুনার জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সভার মাধ্যমে আমরা ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এদিকে বরগুনার পানি উন্নয়ন বোর্ড জেলার বিভিন্ন স্থানে এক কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন এবং এসব বাঁধ ভেঙ্গে গেলে তা তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য ৮০০ জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে বলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়েছে। জেলায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় বরগুনায় ৬৭৩টি আশ্রয়কেন্দ্রসহ প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা মোহা. রফিকুল ইসলাম। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জেলা প্রশাসনসহ সরকারি ও বেসরকারি উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বরগুনায় ৩টি মুজিব কেল্লা, ৬৭৩টি আশ্রয়কেন্দ্রসহ প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। যারা ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী সময়ে উদ্ধার অভিযান পরিচালনা করবেন। এ ছাড়া ৪২২ মেট্রিক টন খাদ্যশস্য, ৩৭ লাখ নগদ অর্থ প্রস্তুত রয়েছে। তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ৪২ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। দুর্যোগ প্রস্তুতি সভায় জেলা এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের, রেডক্রিসেন্ট, দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের প্রস্তুতির বিষয় তুলে ধরেন।

মোংলা: ‘রেমাল’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে রোববার সন্ধ্যায় সুন্দরবন উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোংলা আবাহওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, এটি বর্তমান যেই অবস্থান দেখাচ্ছে তাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি বাংলাদেশের ওপর দিয়েই অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে সুন্দরবন এলাকা এবং বরিশালের পটুয়াখালী, বরগুনা, ও ভোলা জেলায় রেমাল এর আঘাত হানার সম্ভাবনা বেশি রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় এরই মধ্যে মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সব রকম সতর্কমূলক প্রস্তুতি নিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। কোস্ট গার্ড, নৌ বাহিনী ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে শনিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে জরুরি বৈঠক করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান বলেন, মোংলা বন্দরে এই মুহূর্তে সিমেন্টের কাঁচামাল ক্লিংকার, সার, পাথর ও গ্যাসবাহী ছয়টি জাহাজ অবস্থান করেছে। সেগুলোকে নিরাপদে নোঙ্গর করতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় সব রকম প্রস্ততি নিয়েছে উপজেলা প্রশাসনও। উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, ১০৩ টি আশ্রয়কেন্দ্রসহ ১৩২০জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড়ের সংকেত বাড়ানোর সঙ্গে সঙ্গেই আমাদের কার্যক্রমের গতি বাড়ানো হবে। কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

এদিকে মোংলা উপকূলে সচেতনতামূলক মাইকিং করেছে কোস্ট গার্ডের সদস্যরা। শনিবার সকাল থেকে ঘণ্টাব্যাপী মোংলার পশুর বিভিন্ন স্থানে এ প্রচার মাইকিং করা হয়।

মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন জানান, সকাল থেকে সুন্দরবন লাঘোয়া মোংলা উপকূলের ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় প্রচার মাইকিং করেন কোস্ট গার্ড সদস্যরা।

বাগেরহাট: ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার খবরে উপকূলীয় জেলা বাগেরহাটের নদী তীরবর্তী এলাকায় বসবাস করা মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়েছে বৃষ্টিপাত। তবে সকাল থেকে আকাশ কখনো রোদ আবার কখনো মেঘাচ্ছন্ন হচ্ছে। নদীতে থাকা মাছ ধরা ট্রলার গুলো উপকূলের ছোট ছোট খালে আশ্রয় নিয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে চালানো হচ্ছে জনসচেতনামূলক প্রচার-প্রচারণা। এরই মধ্যে রেমাল মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বাগেরহাটে ৩৫৯টি আশ্রয় কেন্দ্রে ও ৩ হাজার ৫শ ৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া ৬৪৩ মেট্রিকটন চাল ও ৫লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ৯টি উপজেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদের ছুটি বাতিলের পাশাপাশি উপকূলের ঝুঁকিপূর্ণ বেরিবাধ এলাকায় গুলো নজরদারিতে রাখা হয়েছে।

পটুয়াখালী: জেলায় রেমাল মোকা‌বেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তু‌তি মূলক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের দরবার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। জেলা সিভিল সার্জন ডা. এসএম কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার যোবায়ের আহাম্মেদ।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া রিদয়, সিপিপি, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান দুর্যোগ মোকাবিলায় জেলায় ৭০৩ টি সাইক্লোন শেল্টার ৩৫টি মুজিব কিল্লা, ৭৩০ মেট্রিক টন চাল, ১০ লক্ষ টাকার শিশু খাদ‌্য, ১০ লাখ টাকার গোখাদ‌্য প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড় শুকনা খাবার র‌য়ে‌ছে ১৫০০ প‌্যা‌কেট। নগদ টাকা র‌য়ে‌ছে ২৪ লাখ ৭ হাজার টাকা ৫০০ টাকা।

এ সময় মানুষকে সচেতন ও দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপির ৯ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকাসহ বিদ্যুৎ বিভাগ সড়ক বিভাগ ফায়ার সার্ভিসকে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রয়েছে। জেলায় ১৩০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগের সময় কোথাও ভাঙন দেখা দিলে তা মেরামতের জন্য ১৬ হাজার জিও ব্যাগ রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে জেলায় ৮৭ হাজার হেক্টর জমিতে রয়েছে মুগ ডাল এবং ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধান রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারন অধিদপ্তর। অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন গুজোব মোকাবেলার জন্যে সবাইকে সচেতন থাকতে হবে।

এদিকে কলাপাড়া উপকূলীয় অঞ্চলের জনগন, মৎস্যজীবি ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে নিজামপুর কোষ্টগার্ড। শনিবার সকাল নয়টায় মৎস্য বন্দর আলীপুর- মহিপুরে মাইকিং ও লিফলেট বিতরন করে কোস্ট গার্ডের সদস্যরা। এসময় তারা খাপড়াভাঙ্গা নদীতে অবস্থানরত ট্রলার সমূহে থাকা জেলেদের ঘূর্নিঝড়ের সময় করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন।

ঝালকাঠি: জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এ সভায় পুলিশ সুপার, স্বাস্থ্য, কৃষি, খাদ্য, শিক্ষা, দপ্তরের প্রধানগন এবং বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, রেডক্রিসেন্টসহ জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন।

সভায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এই কয় দিন সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় নির্ধারিত সাইক্লোন শেল্টারসহ আশ্রয়কেন্দ্রের জন্য সহ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার উপযোগী করা হয়েছে।


চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে কঠোর নজরদারি করা হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে তাদের সংগৃহীত চামড়ার সঠিক ও ন্যায্যমূল্য পান, সেটি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ তদারকি বজায় রাখা হবে।

আজ বুধবার (২৭ মে) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এই কথা জানান। প্রেস ব্রিফিংয়ের পর তিনি সার্কিট হাউসেই স্থানীয় চা-শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, চামড়ার বাজারে কোনো ধরনের অনিয়ম দেখা দিলে প্রয়োজনে সরকার সরাসরি হস্তক্ষেপ করবে। যদি অভ্যন্তরীণ বাজারে চামড়া ক্রয়ের ক্ষেত্রে ধীরগতি কিংবা স্থবিরতা লক্ষ করা যায়, তবে পরিস্থিতি বিবেচনায় সরকার 'ওয়েট ব্লু' চামড়া বিদেশে রপ্তানির অনুমতি দেবে। এসব বাস্তবমুখী উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো কোরবানির চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং এই খাত থেকে দেশের রপ্তানি আয় বাড়ানো। এর পাশাপাশি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের आगामी বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে এবং দেশে নতুন বিনিয়োগ আকর্ষণ করতে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, দেশের বাজারে দীর্ঘদিন ধরে চামড়ার কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় ক্ষোভ থেকে এ বছর চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছিল কওমি মাদ্রাসাগুলো। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনের বিশেষ হস্তক্ষেপে ও আশ্বাসে তারা এই সিদ্ধান্ত থেকে সরে এলেও, চামড়ার বাজারদর ও ন্যায্যমূল্য প্রাপ্তি নিয়ে সংশ্লিষ্ট মহলে এখনো উদ্বেগ কাটেনি।


ইজারা দেয়া হয়নি, বৃষ্টির কারণে মেট্রো স্টেশনের নিচে কোরবানির পশু রাখা হয়: প্রতিমন্ত্রী শাহে আলম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিনিধি

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচের জায়গা কোরবানির পশুর হাটের জন্য ইজারা দেওয়া হয়নি। বৃষ্টির কারণে কিছু পশুর মালিক দুইদিন এখানে আশ্রয় নিয়েছিলেন। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে কোরবানির পশুর ‘হাট’ অপসারণের পর সেখানে পরিচ্ছনতা কার্যক্রম চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

দুপুর সোয়া ২টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা মেট্রোরেলের নিচে এসে কাজ শুরু করেন। বেলা আড়াইটার দিকে একটি পে-লোডার আনা হয়। এরপর সড়কে জমে থাকা বর্জ্য অপসারণ, ময়লা পরিষ্কার এবং হাটের বিভিন্ন অংশ পরিচ্ছন্ন করার কাজ চলতে থাকে।

এরপরই এই কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে তিনি বলেছেন, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে কুরবানির পশু আশ্রয় নেয়।

তিনি আরও বলেন, দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ইজারা দেওয়া হয়নি। কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু পশুর মালিক দুদিন এখানে আশ্রয় নিয়েছিলেন। দুইদিনই সিটি করপোরেশনের কর্মকর্তা এবং প্রশাসক নিজেও এসেছেন। ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। ইজারাদারকেও জরিমানা করা হয়েছে। এখানে থাকা পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে।

ঊল্লেখ্য, এবার ঢাকার বড় কুরবানির পশুর হাট বসেছে উত্তরার দিয়াবাড়িতে। এই হাটে বিপুল পরিমাণ পশুর সমাগম হওয়ায় মূলত নির্ধারিত সীমানা ছাড়িয়ে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু বেঁধে রেখেছিলেন বিক্রেতারা।

এতে সংশ্লিষ্ট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে অবৈধভাবে পশু বেঁধে রাখার ঘটনায় গতকাল অভিযান চালিয়ে সেগুলো সরিয়ে দেওয়ার কথা জানায় প্রশাসন। একই সঙ্গে হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করা হয়।

কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা সমালোচনা। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসন সজাগ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।


বগুড়ার কাহালুতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেটেড ২৭ মে, ২০২৬ ১৮:৪৫
নিজস্ব প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় একই রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকালে কাহালু থানা পুলিশ দুই দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের নারহট্ট এবং বিবিরপুকুর বাজার এলাকায় এই দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ১২টার দিকে নারহট্ট গ্রামের পাশে অবস্থিত নিউ হোপ ফিড মিলের সামনে। ওই মিলের নৈশকালীন ডিউটি শেষে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ভারী যানের ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২) নামের এক শ্রমিক। নিহত জিয়া দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তরতবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

অন্য দুর্ঘটনাটি ঘটে রাত পৌনে ৩টার দিকে বিবিরপুকুর বাজারের পশ্চিমে পাগলা পীর বউবাজার এলাকায়। ঢাকা থেকে আসা একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মেরামত কাজ চলছিল। এ সময় অপর একটি দ্রুতগামী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সুপারভাইজার উত্তম মন্ডল (৩০) এবং ট্রাকের সহকারী হৃদয় (৩০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে উত্তম এবং সকালে হৃদয় মারা যান।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো ও এসআই সুজল চন্দ্র দেবনাথ পৃথক এই দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সৌদির সঙ্গে মিল রেখে ফরিদপুরের ১০ গ্রামে ঈদ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারউপজেলার ১০ গ্রামের আংশিক ধর্মপ্রাণমুসল্লিরা বুধবার (২৭ মে) আগাম ঈদুল আজহা উদযাপন করেছেন।

সকাল ৮টায় ঈদের জামাত শুরু হওয়ার কথা থাকলেও ভারী বর্ষণের কারণে নির্ধারিত সময় পিছিয়ে যায়। পরে সকাল পৌনে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে সহস্রাইল দায়রা শরীফ সংলগ্ন জামে মসজিদে, মাইটকুমড়া জামে মসজিদসহ চারটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকুমড়া, রাখালতলিসহ অন্তত ১০ গ্রামের কিছু মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করে আসছেন। এ অঞ্চলের মুসল্লিরা মূলত চট্টগ্রামের সাতকানিয়া ও সীতাকুণ্ডের মাহমুদাবাদ মির্জাখিল দরবার শরিফের অনুসারী।

সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সহস্রাইল উত্তরপাড়া জামে মসজিদে। সেখানে ইমামতি করেন মাওলানা রাকিবুল হাসান রাকিব। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকেও কয়েকশ মুসল্লি জামাতে অংশ নেন।

তবে ভারী বৃষ্টির কারণে রাখালতলি এলাকার মুসল্লিরা নির্ধারিত জামাত আদায় করতে পারেননি বলে জানা গেছে।

নামাজ শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়। এছাড়া দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও করা হয়।

মুসল্লি জাহিদুর রহমান বলেন, আমাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন। আমরাও সেই ঐতিহ্য অনুসরণ করছি।

স্থানীয় আয়োজকদের মধ্যে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও কাটাগড় গ্রামের বাসিন্দা মাহিদুল হক বলেন, সারা বিশ্বের মুসলমানদের একই দিনে ঈদ পালন করা উচিত বলে আমরা মনে করি।

তাই সৌদির সঙ্গে মিল রেখে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করেছি। দিনদিন প্রতি বছর এখানে মুসল্লির সংখ্যা বাড়ছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সহস্রাইল ও মাইটকুমড়া এলাকায় শান্তিপূর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে এস এম রকিবুল হাসান বলেন, সৌদির সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামে ঈদ উদযাপনের বিষয়টি দীর্ঘদিনের ধর্মীয় অনুশীলন। প্রতিবছর তারা এভাবেই ঈদের নামাজ আদায় করে থাকেন।


‘কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'কৃষি উন্নয়নে খাল খননের বিকল্প নেই। কৃষিবান্ধব উন্নয়নের লক্ষ্যে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'

বুধবার (২৭ মে) ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের 'বয়াতির খাল' খনন কাজের শুভ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে ২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, 'খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বয়াতির খাল খনন সম্পন্ন হলে কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। গ্রামীণ অবকাঠামো ও কৃষির উন্নয়নে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।'

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় চরম ভোগান্তিতে ছিলেন এলাকার কৃষকেরা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে তীব্র সেচ সংকটে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হতো। দীর্ঘদিন পর খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় এলাকাবাসীর মাঝে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমান আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক, উপজেলা বিএনপি নেতা গোফরান মহাজন, কাজি মনজুর হোসেন, খাইরুল ইসলাম সোহেল, মমিনুল ইসলাম ভুট্রো, কামাল গোলদারসহ গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় এলাকাবাসী।

এর আগে পৌর এলাকার হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইজিপিপি কর্মসূচির আওতায় 'সুন্দরি-বোয়ালখালী খাল' খনন কাজেরও উদ্বোধন করেন সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন।


বৃষ্টি ও যানজটে নাকাল উত্তরের ঈদযাত্রা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড়ে মহাসড়কগুলোতে চরম স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে উত্তরের পথে ঈদযাত্রার শেষ দিনে যাত্রী ও যানবাহনের তীব্র চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কিছুক্ষণ পর পর নামা মুষলধারে বৃষ্টি। সড়ক ও আবহাওয়ার এই দ্বিমুখী প্রতিকূলতায় আটকে পড়া যাত্রী ও চালকদের অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক কিংবা বাসের ছাদে চড়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

মহাসড়কের বর্তমান চিত্র অনুযায়ী, টাঙ্গাইলের করটিয়া থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৪৮ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন থেমে থেমে চলছে। এছাড়া মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে জামুর্কি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় তীব্র ধীরগতি লক্ষ্য করা গেছে। ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে মাত্র দুই ঘণ্টা লাগত, এখন সেখানে ছয় থেকে আট ঘণ্টা সময় ব্যয় হচ্ছে। বাড়তি সময়ের পাশাপাশি পরিবহনগুলোতে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে এই দীর্ঘ যানজটে আটকে থেকে যাত্রীরা চরম শারীরিক ও মানসিক ক্লান্তির কথা জানিয়েছেন।

হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দীর্ঘ যানজটের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। মহাসড়কে হঠাৎ ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়ে পড়া, এলেঙ্গা ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান থাকা এবং চার লেনের কিছু অংশের কাজ সমাপ্ত না হওয়ায় যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। এছাড়া ধারণক্ষমতার অতিরিক্ত গাড়ি চলে আসায় যমুনা সেতু দিয়ে দ্রুত পারাপার সম্ভব হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহনগুলোকে বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে সরিয়ে ভূঞাপুর হয়ে বিকল্প পথে ঢাকায় পাঠানো হচ্ছে।

পদ্মা সেতুর মতো যমুনা সেতুতেও যানবাহনের রেকর্ড পারাপার লক্ষ্য করা গেছে। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় করা হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা। এত বিপুল সংখ্যক গাড়ি একসাথে সড়কে নামায় ট্রাফিক ব্যবস্থা সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। টাঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন জানিয়েছেন, অতিরিক্ত চাপের কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চললেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে তারা নিরলস কাজ করছেন। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঈদযাত্রার শেষ সময়ে এসে আবহাওয়া ও সড়কের এমন চিত্র প্রতিবছরের চেনা ভোগান্তির কথাই মনে করিয়ে দিচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন, সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের কিছু অংশে গতি ফিরলেও বড় ধরনের যানজট পুরোপুরি নিরসন হতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নজরদারিও বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।


মিঠামইনে দুই ভাইকে বেঁধে রেখে বড় ভাইকে বল্লমের আঘাতের পর নদীতে ফেলে হত্যা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাকিবুল হাসান রোকেল, কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জের মিঠামইনে দুই ছোট ভাইকে হাত-পা বেঁধে রেখে বড় ভাইকে বল্লমের আঘাত করে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মুশুরিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান (৩০) মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান তার দুই ভাই আনিছুর রহমান ও আতাউর রহমানকে নিয়ে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা চারজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা প্রথমে আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে সাইদুর রহমানকে লক্ষ্য করে বল্লম দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেয়। একপর্যায়ে তিনি পানিতে ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, তার ডান পাশের ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে।

নিহতের ছোট ভাই হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, চার-পাঁচ দিন আগে জাল ফেলাকে কেন্দ্র করে মশুরিয়া গ্রামের নোয়াব মিয়াসহ কয়েকজনের সঙ্গে সাইদুর রহমানের কথা-কাটাকাটি হয়েছিল। সে সময় নোয়াব মিয়া তাদের ওই এলাকায় জাল ফেললে ঝামেলা হবে বলে হুমকি দিয়েছিলেন। তার দাবি, পূর্বের সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহত সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিনটি উপজেলায় আগাম ঈদ উদযাপন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার তিনটি উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। জেলার গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলার কিছু এলাকার বাসিন্দারা দেশের প্রচলিত সময়ের এক দিন আগেই এই ঈদ উৎসবে মেতে ওঠেন। সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে এবং মসজিদের ভেতরে নামাজ সম্পন্ন করা হলেও মুসল্লিদের মধ্যে উৎসাহের কমতি ছিল না। গাবতলীতে এটি চতুর্থবারের মতো আগাম ঈদ উদযাপনের ঘটনা।

প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির ফলে এবারের জামাতে মুসল্লিদের উপস্থিতি অন্যবারের তুলনায় কিছুটা কম ছিল। তবে নারী ও শিশুসহ অর্ধশতাধিক মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেন। শুধু গাবতলী নয়, পাশের কাহালু ও ধুনট উপজেলা থেকেও অনেক ধর্মপ্রাণ মানুষ এই বিশেষ জামাতে অংশ নিতে আসেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গাবতলী মডেল থানা পুলিশ পুরো এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছিল।

নামাজে ইমামতি করা স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান এই আগাম ঈদ উদযাপনের ধর্মীয় ও বৈজ্ঞানিক যুক্তি তুলে ধরেন। পেশায় দর্জি ও দ্বীনি এলেম চর্চাকারী মিজানুর রহমান উল্লেখ করেন, ২০১২ সাল থেকে তারা রাসুল (সা.)-এর সুন্নাহ ও বিশ্বের একক চাঁদ দেখার নীতির ওপর ভিত্তি করে এই নিয়ম মেনে আসছেন। তার মতে, আধুনিক প্রযুক্তির যুগে সৌদি আরবে চাঁদ দেখার খবর দ্রুত পাওয়ার পরও তারিখের ভিন্নতা শবে কদর বা আরাফাতের সিয়ামের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে বিভ্রান্তি তৈরি করে। তাই সৌদি আরবে আরাফাতের দিন অতিবাহিত হওয়ার পরদিনই তারা ঈদুল আজহার সালাত আদায় ও কোরবানি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, ধর্মীয় বিশ্বাস পালনের স্বাধীনতায় প্রশাসনের পক্ষ থেকে তারা যথেষ্ট সহযোগিতা ও নিরাপত্তা পাচ্ছেন। তবে তারা দেশের আলেম-ওলামাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন যেন এই বিষয় নিয়ে কোনো সামাজিক বিভেদ সৃষ্টি না হয়। তারা মনে করেন, কোরআন ও হাদিসের আলোকে আলেমদের একত্রে বসে একটি যৌক্তিক ও বৈজ্ঞানিক সিদ্ধান্তে পৌঁছানো উচিত যাতে তারিখের এই পার্থক্য ও বিভ্রান্তি স্থায়ীভাবে নিরসন করা সম্ভব হয়। নামাজ শেষে মুসল্লিরা নিজ নিজ বাড়িতে গিয়ে পশু কোরবানির আনুষ্ঠানিকতা শুরু করেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানিয়েছেন, অত্যন্ত শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নামাজ শেষে মুসল্লিরা স্বাভাবিকভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। যদিও দেশের অধিকাংশ মানুষ আগামীকাল বৃহস্পতিবার ঈদুল আজহা পালন করবেন, তবে এই বিশেষ গোষ্ঠীর মানুষজন ধর্মীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় আজকেই তাদের উৎসব পালন সম্পন্ন করেছেন। প্রশাসনিক নজরদারিতে পুরো এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় ছিল।


কোরবানির গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় কোরবানির গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে মুরাদ (২২) নামের এক যুবক। তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (২৭ মে) রাত আড়াইটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।

​আটক মুরাদ ভিটিকান্দি গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুল মতিন দেওয়ান কোরবানির জন্য একটি গরু কিনে বাড়িতে রেখেছিলেন। রাত আড়াইটার দিকে মুরাদসহ একদল চোর গরুটি চুরি করার উদ্দেশ্যে বাঁধন খুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল মতিন তাদের ধাওয়া দিলে মুরাদকে স্থানীয়রা হাতেনাতে আটক করেন। এসময় তার সঙ্গে থাকা অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী গরুর মালিক আব্দুল মতিন দেওয়ান বলেন, 'রাত আড়াইটার দিকে ঘুম না আসায় আমি মোবাইল চালাচ্ছিলাম। এসময় হঠাৎ খেয়াল করি একজন ব্যক্তি আমাদের কুরবানির জন্য আনা গরুটি চুরি করার চেষ্টা করছে। আমি পেছন থেকে ধাওয়া দিয়ে তাকে আটক করি।'

​আটক মুরাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, চুরির এই ঘটনায় তার সাথে শরীফ, জমিস, রাহুল ও সাগরসহ আরও চারজন জড়িত ছিল। সে আরও স্বীকার করে, এ ঘটনার কিছুক্ষণ আগে তারা পার্শ্ববর্তী বাড়ি থেকে দুটি মোবাইল ফোনও চুরি করেছে এবং তারা নিয়মিত একসাথে ইয়াবা সেবন করতো।

​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নওগাঁ প্রতিনিধি

পূর্ব শত্রুবার জেরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় মাসুম হোসেন (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর হাটের জিরো পয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুম হোসেন নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের বাসীন্দা।

জানা যায়- প্রতিপক্ষের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে মাসুম হোসেন এর বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে তিলকপুর হাটের জিরো পয়েন্ট এলাকায় মাসুম হোসেন এর সাথে প্রতিপক্ষ শিবলু রহমানসহ কয়েকজনের কথাকাটি হয়। এক পর্যায়ে মাসুমের ওপর হামলা করে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় প্রতিপক্ষ। পরে গুরুত্বর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। তবে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।

তিলকপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ইয়াছিন আলী (নান্নু) বলেন, জমিজমা নিয়ে মাঝেমধ্যে দুইপক্ষের মধ্যে ঝগড়া হতো। শেষ পর্যন্ত যা হত্যায় রুপ নেয়। এটি একটি নেক্কারজনক ঘটনা। এ অন্যায়কে কোনভাবে সাপোর্ট করা যাবে না। অন্যায় যেই করুক না কেন, তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- মারধরের ঘটনা জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মধ্যে হলেও নিহত ও হামলাকারীর বাড়ি নওগাঁ সদর থানায়। নিহতের মরদেহ নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।


সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুর ও পটুয়াখালীর ৮৫ গ্রামে আজ ঈদুল আযহা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) চাঁদপুরের অর্ধশতাধিক এবং পটুয়াখালীর ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। প্রায় এক শতাব্দী প্রাচীন রীতির অনুসরণে দেশের অন্যান্য স্থানের তুলনায় একদিন আগেই এসব গ্রামের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উৎসবের আনন্দে মেতেছেন।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে আজ ঈদের আমেজ বিরাজ করছে। হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রহ.) ১৯২৮ সালে প্রথম চাঁদ দেখার ভিত্তিতে একদিন আগে রোজা ও ঈদ পালনের এই প্রথা চালু করেন। সেই থেকে তাঁর অনুসারীরা বিশ্বের যেকোনো প্রান্তে চাঁদ দেখার খবরের ওপর ভিত্তি করে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। আজ সকাল থেকে জেলার সাদ্রা দরবার শরীফ মাঠ, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা ময়দান ও সমেশপুর ঈদগাহ মাঠসহ বিভিন্ন স্থানে মোট ৩০টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর এবং ফরিদগঞ্জের সুরঙ্গচাউল ও টোরামুন্সিরহাটসহ বেশ কয়েকটি গ্রামে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ ও কোরবানির প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে একই রীতিতে পটুয়াখালী জেলার ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ আজ পবিত্র ঈদুল আযহা উদযাপন করছেন। আজ সকাল ৮টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। পটুয়াখালীর বদরপুর ও ছোটবিঘাই ছাড়াও গলাচিপা, বাউফল ও কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে আজ ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানি করা হচ্ছে। ১৯২৮ সাল থেকে এখানকার বাসিন্দারা একদিন আগে ঈদ উদযাপনের এই ঐতিহ্য লালন করে আসছেন।

সকাল থেকেই এসব এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ নতুন পোশাকে ঈদগাহে সমবেত হন। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। নামাজের পর মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি এবং আত্মীয়-স্বজনের বাড়িতে যাতায়াতের মাধ্যমে দিনটি আনন্দময় করে তুলছেন তারা।


বুধবার সৌদির সঙ্গে মিল রেখে জামালপুরের ১৬ গ্রামে ঈদুল আজহা উদযাপন হবে

আপডেটেড ২৭ মে, ২০২৬ ০৩:০১
নিজস্ব প্রতিনিধি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জামালপুরের তিনটি উপজেলার ১৬টি গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

জেলাটির সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার এসব গ্রামের সুরেশ্বরী ও কুতুববাগী তরিকার অনুসারী মুসল্লিরা প্রতি বছরের মতো এবারও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় এবং কোরবানি সম্পন্ন করবেন। এর মধ্যে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঈদ উপলক্ষে সংশ্লিষ্ট গ্রামগুলোতে ইতিমধ্যে শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় মসজিদ ও ঈদগাহ মাঠগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিবারগুলোতে কোরবানির পশু কেনার কাজও শেষ হয়েছে।

বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আব্দুল করিম জানান, তারা দীর্ঘদিন ধরে শরিয়ত সম্মতভাবে সৌদি আরবের চাঁদের হিসাব অনুযায়ী রোজা ও ঈদ পালন করে আসছেন এবং এবারও শান্তিপূর্ণভাবে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আগাম ঈদকে কেন্দ্র করে গ্রামগুলোর বাসিন্দাদের মাঝে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


আকাঙ্ক্ষিত পর্যটক মিলবে কি? ঈদের আগে বুকিং সংকটে মৌলভীবাজারের পর্যটন পল্লী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মৌলভীবাজার প্রতিনিধি

প্রতি বছর ঈদের ছুটিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পর্যটকদের ঢল নামে। সবুজ চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত আর বিলাসবহুল রিসোর্টগুলোর চিরচেনা উপচেপড়া ভিড় এবার ম্লান হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দেশজুড়ে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব এবং সড়ক ও রেলযোগাযোগের বেহাল দশার কারণে এবার ঈদ মৌসুমে পর্যটক সমাগম আশঙ্কাজনক হারে কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


সাধারণত ঈদের ছুটিকে কেন্দ্র করে এক মাস আগেই এখানকার হোটেল-রিসোর্টগুলোর প্রায় শতভাগ অগ্রিম বুকিং সম্পন্ন হয়ে যায়। কিন্তু এবার চিত্র সম্পূর্ণ উল্টো। ঈদের দোরগোড়ায় দাঁড়িয়েও অধিকাংশ হোটেল-রিসোর্টের কক্ষ খালি পড়ে রয়েছে। বিশেষ করে পরিবার নিয়ে যারা ভ্রমণের পরিকল্পনা করছিলেন, তারা শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ভ্রমণ স্থগিত করছেন।

শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্ট, বালিশিরা, চাওমিন এবং কমলগঞ্জের টিলাগাঁও ও অরণ্য নিবাস রিসোর্টের মতো জনপ্রিয় থাকার জায়গাগুলোতে প্রতি ঈদে বুকিংয়ের জন্য হাহাকার পড়ে যায়। তবে এবার এখনও সিংহভাগ কক্ষই খালি।

রাধানগর পর্যটন কল্যান পরিষদের যুগ্ম আহ্বায়ক ও নিসর্গ নিরব ইকো কটেজ এর মালিক কাজী সামছুল হক বলেন, "ঈদ একেবারে সন্নিকটে , অথচ এখন পর্যন্ত মাত্র ৪০ শতাংশ বুকিং হয়েছে। তবে ঈদের ছুটি চলাকালীন শেষ মুহূর্তে আরও কিছু বুকিং হতে পারে বলে আশা করছি।"

পর্যটক কমে যাওয়ার এই ধাক্কা শুধু হোটেল-রিসোর্টেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে রেস্টুরেন্ট, পরিবহন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় ট্যুর গাইডদের ওপরও। শ্রীমঙ্গল রাধানগরের চামুং রেস্টুরেন্টের মালিক তাপস দাস জানান, ঈদে পর্যটকদের কারণে তাদের বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। এবার পর্যটক কমলে তাদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে। কারণ এই ঈদ মৌসুমের আয়ের ওপরই বছরের একটি বড় অংশের ব্যবসা নির্ভর করে।

ব্যবসায়ীদের মতে, পর্যটন মন্দার পেছনে শুধু হাম আতঙ্কই একমাত্র কারণ নয়, এর সাথে যুক্ত হয়েছে অনুন্নত অবকাঠামো ও বৈশ্বিক পরিস্থিতি। ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ এবং পর্যটন এলাকার সংযোগ সড়কগুলোর খারাপ অবস্থার কারণে সড়কপথে ভ্রমণ কষ্টদায়ক হয়ে উঠেছে। ঢাকা-সিলেট রেলপথে চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অনেক কম। ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি এবং গত কয়েক বছরের ধারাবাহিকতায় বিদেশী পর্যটকের আগমন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

শ্রীমঙ্গল গ্র্যান্ড সেলিম রিসোর্ট অ্যান্ড ট্যুরের ব্যবস্থাপক সেলিম আহমেদ এবং পর্যটন ব্যবসায়ী ও ট্যুর গাইড অপারেটর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আলম জানান, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও যানজটের কারণে দেশী-বিদেশী পর্যটকেরা আগ্রহ হারাচ্ছেন। তারা জরুরি ভিত্তিতে সিলেট-ঢাকা রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

পর্যটক আগমন কম হওয়ার শঙ্কা থাকলেও, যারা আসবেন তাদের সার্বিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন। পর্যটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল চৌধুরী জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথভাবে মাঠে থাকবে। এছাড়া দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য পর্যটন কেন্দ্রগুলোর আশেপাশের সড়কগুলোতে যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখবে পর্যটন পুলিশ।
স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা, সব প্রতিবন্ধকতা কাটিয়ে ছুটির দিনগুলোতে পর্যটকরা আবারও চায়ের রাজধানীতে ফিরে আসবেন এবং প্রাণবন্ত হয়ে উঠবে শ্রীমঙ্গল-কমলগঞ্জের পর্যটন শিল্প।


banner close