২০২১ সালের ২৫ নভেম্বর বাগেরহাট পৌরসভায় ১৭ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে সরকারি কোষাগার থেকে ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় বাগেরহাট পৌরসভার সাবেক ১৫ কর্মচারীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ রোববার (৭ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে পৌরসভার সাবেক ১৫ কর্মচারী জামিন আবেদন করলে আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় মামলায় অপর দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন এবং পৌর মেয়র খান হাবিবুর রহমান জামিনে রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ অক্টোবর দুদকের খুলনা কার্যালয় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের দুর্নীতির তদন্ত শুরু করে। ২০২১ সালের ২৫ নভেম্বর বাগেরহাট পৌরসভায় মেয়র খান হাবিবুর রহমানের বিরুদ্ধে ১৭ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়ে সরকারি কোষাগার থেকে ১ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়। এছাড়া বাগেরহাটে আবাহনী ক্লাবের ট্রেইনিং সেন্টার ও বাগেরহাট ডায়াবেটিক হাসপাতাল কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়া (১ কোটি) টাকা আত্মসাতের অভিযোগে মেয়র খান হাবিবুর রহমান ও বাগেরহাট পৌরসভার সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিমের বিরুদ্ধে অপর একটি মামলা হয়েছে।
ভোরবেলা যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখন থেকেই শুরু হয় তার কর্মযজ্ঞ। রোদ কিংবা হাড়কাঁপানো শীত কোনো কিছুই তাকে দমাতে পারে না। তিনি ফরহাদ হোসেন, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এক সংবাদপত্র বিক্রেতা। দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই মানুষের দোরগোড়ায় খবর পৌঁছে দিচ্ছেন তিনি।
ফরহাদ হোসেনের বাড়ি উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রামপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায়। প্রতিদিন ফজরের নামাজ শেষ করেই তিনি ছুটে চলেন দরিরামপুর বাসস্ট্যান্ডের দিকে। ঢাকা থেকে আসা বাসের জন্য চলে দীর্ঘ অপেক্ষা। বাস এলে পত্রিকা নামিয়ে একে একে প্যাকেট খুলে তা সাজিয়ে নেন। এরপর শুরু হয় তাঁর মূল কর্মব্যস্ততা। সকাল সাতটা বাজতে না বাজতেই গ্রাহকদের ফোনের ভিড় জমে। "পত্রিকা কখন আসবে?" এমন সব প্রশ্নের উত্তর দিতে দিতেই তিনি পায়ে হেঁটে ছুটে চলেন পৌর শহরের বিভিন্ন অফিস ও বাসা বাড়িতে। যান্ত্রিক যানবাহনের যুগেও মূলত পায়ে হেঁটেই তিনি পত্রিকা বিলি করেন।
পত্রিকা শিল্পের বর্তমান নাজুক অবস্থার কথা তুলে ধরে স্থানীয় পত্রিকা এজেন্ট বাদশা মিয়া জানান, "এক সময় পত্রিকা বিক্রি হতো প্রচুর। কিন্তু এখন অনলাইনের প্রভাবে মানুষ মুঠোফোনেই খবর পড়ে নেয়। ফলে আগের তুলনায় গ্রাহক অনেক কমে গেছে। একদিকে বিক্রি কম, অন্যদিকে আমাদের কমিশনও এখন অনেক নগণ্য। ফলে এই পেশার সাথে জড়িতদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।" ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুররহমান নোমান বলেন,"ফরহাদ হোসেনের মতো সংবাদপত্রের হকাররা মূলত আমাদের সংবাদ শিল্পের প্রাণভোমরা। রোদ-বৃষ্টি বা কনকনে শীত উপেক্ষা করে প্রতিদিন মানুষের দুয়ারে খবর পৌঁছে দেওয়া এক অন্যরকম লড়াই। আধুনিক প্রযুক্তির দাপটে পত্রিকা পড়ার অভ্যাস কমলেও ফরহাদদের গুরুত্ব কমেনি। ত্রিশালের সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান সবুজ বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে তার সামান্য লাভে জীবন চালানো সত্যিই কষ্টসাধ্য। এই পেশার মানুষদের প্রতি সমাজের বিত্তবান ও প্রশাসনের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন যাতে তাদের এই নিরলস সেবা অব্যাহত থাকে। এই পেশায় টিকে থাকাটা এখন ফরহাদ হোসেনের জন্য বড় চ্যালেঞ্জ। পাঁচ সদস্যের সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মাস শেষে যে সামান্য টাকা আসে, তাতেই কোনোমতে দিন পার করেন তিনি। তবুও সংবাদপত্রের প্রতি এক গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা থেকে তিনি এই কাজ আঁকড়ে ধরে রেখেছেন। অন্যান্য পেশার মানুষেরা ঈদে বোনাস বা বাড়তি আয়ের সুযোগ পেলেও ফরহাদের কপালে তা জোটে না। পত্রিকা বিলি করে যাদের জ্ঞানপিপাসা মেটান, তাদের কাছ থেকে ঈদ সালামি বা বিশেষ কোনো সহযোগিতাও তেমন একটা মেলে না তাঁর। তবুও তার কোনো অভিযোগ নেই, হাসিমুখেই বিলিয়ে যান প্রতিদিনের টাটকা খবর।
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরাইল সংঘাত দেশের অর্থনীতি ও জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে। দেশজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে নওগাঁর মোটরসাইকেল বিক্রিতেও। আগের মতো নেই কোন বেচাকেনা। চলমান যুদ্ধের ফলে জেলায় মোটরসাইকেল বিক্রি কমে এসেছে প্রায় কয়েকগুন। এছাড়া তেল সংকটের কারণে অনেকেই কিনছেন না এই মূহুর্তে মোটরসাইকেল।
মোটরসাইকেল বিক্রেতাদের দাবি, যুদ্ধ পরিস্থিতির আগে দিনে ৭-৮টি মোটরসাইকেল বিক্রি হলেও এখন তা নেমে এসেছে শূন্যে। সারাদেশে তেলের সরবরাহ ঠিক না থাকায় সেভাবে বিক্রি হচ্ছে না কোন মোটরসাইকেল। আবার কিছু পাম্পে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া তেল দিচ্ছে না। যার কারণে অনেকেই সার্ভিসিংয়ের জন্য গাড়ি বের করছেন না। চলমান এই পরিস্থিতিতে লোকসানের মুখে পড়তে হচ্ছে।
সোমবার (৩০ মার্চ) নওগাঁ শহরের বিভিন্ন মোটরসাইকেল শোরুম ঘুরে দেখা যায়, শোরুমগুলোতে নেই কোন ক্রেতা। আবার সার্ভিসিং সেন্টারগুলোতেও সেভাবে আসছে না কোন মোটরসাইকেল। ফলে অবসর সময় পার করছেন এখানে কর্মরতরা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিএ) নওগাঁ কার্যালয়ের তথ্য মতে, জেলায় মোট নিবন্ধনকৃত মোটরসাইকেল রয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। এছাড়া আরও প্রায় ১ লাখ মোটরসাইকেল অনিবন্ধিত রয়েছে। জেলার ১১ টি উপজেলায় প্রায় শতাধিক মোটরসাইকেল বিক্রয়ের দোকান রয়েছে।
নওগাঁর তালতলী এলাকার স্কুল শিক্ষক নাসির হায়দার বলেন, দীর্ঘদিন টাকা জমিয়ে রেখে ঈদের আগে একটি মোটরসাইকেল কিনতে চেয়েছিলাম। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আর মোটরসাইকেল কেনার সাহস পাচ্ছি না। তেলের পাম্প গুলোতে দীর্ঘ লাইন দেখে মোটরসাইকেল কেনার চিন্তা আপাতত স্থগিত রেখেছি। জানিনা এ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে।
হিরো মোটরসাইকেলের ডিলার ও নওগাঁ পল্লী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঈদের তৃতীয় দিনের পর থেকে একজন কাস্টমার ও দোকানে আসেনি। চলমান পরিস্থিতির আগে দিনে ৫-৭টা মোটরসাইকেল বিক্রি হলেও এখন কোন মোটরসাইকেল বিক্রি নেই। অন্যান্য বছর ঈদে ৩০০-৪০০ পিস মোটরসাইকেল বিক্রি হয়। কিন্তু এ বছর তেলের সরবরাহ ঠিক না থাকায় মাত্র ১০০টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। আমার এখানে ২৮ জন লোক কর্মরত রয়েছে। শোরুম পরিচালনা থেকে তাদের বেতনসহ প্রতিদিন গড়ে ৪০-৪৫ হাজার টাকা খরচ হয়ে থাকে। এখন কোন মোটরসাইকেল বিক্রি নাই। খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় আছি।
নওগাঁ আরিস মোটরস এর স্বত্বাধিকারী মোতাহার হোসেন বলেন, আমরা এসিআই ইয়ামাহা মোটরসাইকেল বিক্রি করি। ৯ বছরের ব্যবসায় জীবনে এ বছর সবচেয়ে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এবার ঈদে টার্গেট ছিল ২৫০ টা মোটরসাইকেল বিক্রি হবে। কিন্তু চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মাত্র ১১০ টা মোটরসাইকেল বিক্রি করতে পেরেছি। সার্ভিসিং এর জন্য কোন গাড়ি আসছে না। সার্ভিসিং এর জন্য কাউকে ফোন দেওয়া হলে বলে তেল কিনে দেন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে অনেক মোটরসাইকেল চালক মোটরসাইকেল বাড়ি থেকে বের করছেন না। এমন অবস্থা চলতে থাকলে আমাদের মোটরসাইকেল বিক্রেতাদের চরম লোকসানের মধ্যে পড়তে হবে।
নওগাঁ টিভিএস বাইক ওয়ার্ল্ডের সেলস এক্সিকিউটিভ সাদনান আনসারী বলেন, চলমান এই পরিস্থিতির পর থেকে সার্ভিসিংয়ে কোন গাড়িই আসছে না। আগে দিনে ২৫-৩০ টা গাড়ি আসলেও এখন দিনে এক থেকে দুইটার বেশি আসেনা। মানুষ ঠিকমতো তেল পাচ্ছে না, গাড়ি নিয়ে কিভাবে আসবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিএ) নওগাঁর মোটরযান পরিদর্শক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন,আমরা সচরাচর তিন মাস পরপর ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা নিয়ে থাকি। আমরা একসাথে ২০০-৩০০ জনের ড্রাইভিংয়ের পরীক্ষা নেই। বিভিন্ন জেলাতে ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল রেজিস্ট্রেশন ছাড়া তেল না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে ড্রাইভিং লাইসেন্সে এখনো সেভাবে কোন চাপ লক্ষ্য করা যায়নি। তবে মাস খানেক গেলে সেটি হয়তো বুঝা যাবে।
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
দণ্ডবিধির ৫০০ ধারায় শত কোটি টাকার মানহানির অভিযোগটি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।
মামলার বাদী অ্যাড. এস এম নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মুফতি আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে তার সম্মানহানি করেছেন। তাই আমি আদালতে মানহানির মামলা করেছি।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা-পূর্ব আলোচনায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করেন।
বান্দরবান জেলার লামা উপজেলায় পরিবেশ দূষণ ও বৃক্ষ রোপন সম্পর্কে বিদ্যালয়- ধর্মীয় প্রতিষ্ঠান পর্যায়ে সচেসনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা রোপন শুরু করেছে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার লামা সদর স্কুল এন্ড কলেজ মাঠে একটি জলপাই গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্ভোধন করা হয়।
এ উপলক্ষ্যে স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অর্ধশত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। স্কুল ও কলেজের প্রধান শিক্ষক রিজওয়ান'র সভাপতিত্বে আলোচনায় উপ- সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুমিনুল হক, প্রকল্পের উপজেলা ম্যানেজার জেভার্স ত্রিপুরা, সহকারী শিক্ষক সাগরিকা ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন।
এতে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মনিষা দে ও আবরার মুহাম্মদ উল্লাহ। এর আগে রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও গাছের চারা রোপন করা হয়। এ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংছিংহ্লা মার্মার সভাপতিত্বে দূষণ ও বৃক্ষ রোপন সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক স্কুলে ২০ টি করে জলপাই ও আরেক স্কুলে ২০ টি করে কাঠ বাদাম গাছের চারা রোপন করা হয় বলে জানান, প্রকল্পের ম্যানেজার জেভার্স ত্রিপুরা। তিনি বলেন, একইভাবে ধর্মীয় প্রতিষ্ঠানেও এ বৃক্ষ রোপনের পরিকল্পনা আছে।
আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধ ও ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। গাছ বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড, ধূলিকণা ও ক্ষতিকারক গ্যাস শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, যা বায়ু বিশুদ্ধ রাখে। তায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে, তাপমাত্রা কমাতে এবং মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর আহবান জানান বক্তারা।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তাঁর সরকারি বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলো বাড়িতে এই ঘটনা ঘটেছে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এসপিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে এসপিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর) ভর্তি করা হয়।
অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি। পরে বাসার কর্মচারীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান, তাঁর বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে।
সিরাজুল ইসলাম আরও জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করেন। এরপর তাঁকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলার জিরুইন গ্রামে রবিবার (২৯ মার্চ) এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের তারা মিয়ার ছেলে আলী ও অলী, তাদের বয়স চার বছর।
স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে নানাবাড়ি জিরুইন গ্রামে বেড়াতে যায়। রবিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় এখন কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের মালিক বগুড়া সদর উপজেলার বুজুরুক মাজিরা গ্রামের লাল মিয়ার ছেলে জিল্লুর হোসেন (৪৫)। নিহত চালকের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ট্রাকের মালিক জিল্লুর হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আহত জিল্লুরের জামাতা ইস্রাফিল হাসান বলেন, আমার শ্বশুর চট্টগ্রাম থেকে সরকারি চাল নিয়ে ঢাকার তেজগাঁও যাচ্ছিলেন। গাড়ির চালকের নাম জানা নেই। তবে গাড়িটি আমার শ্বশুরের মালিকানাধীন। উনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় আনা হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. রায়হান হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় জিল্লুর হোসেনকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ের একাধিক হাড় ভেঙে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৪৮-এর কার্গো কম্পার্টমেন্টের শৌচাগারের প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
রোববার (২৯ মার্চ) বিমানবন্দর-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার রাত ৯টায় দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। গোপন খবরের ভিত্তিতে বিমানবন্দর গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা যৌথভাবে ফ্লাইটে তল্লাশি চালায়। এক পর্যায়ে বিমানের কার্গো হোল্ডের একটি শৌচাগারের প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
জানা গেছে, বিমানের শৌচাগারের স্প্যানের ভেতর স্বর্ণ বা কোনো ধাতব জাতীয় বস্তু রাখতে হলে স্ক্রু ড্রাইভার দিয়ে স্প্যানের নাটবল্টু খুলতে হয়।
সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শৌচারগারের নাটবল্টু খোলা কোনো যাত্রীর পক্ষে সম্ভব নয়। কারণ একজন যাত্রী বিমানবন্দর প্রবেশের সময় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন তল্লাশি করা হয়। এছাড়া বিমানে ওঠার আগে সর্বশেষ তল্লাশিতে তার হাত লাগেজে, শরীরে কোনো আগ্নেয়স্ত্র, দিয়াশলাই, কাঁচি, স্ক্রু ড্রাইভার, নেইল কাটার ও চাকু জাতীয় বস্তু পাওয়া গেলে তা জব্দ করে রাখেন বিমানবন্দর-সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা। ফলে যাত্রীর পক্ষে বিমানের টয়েলটের স্প্যান খোলা সম্ভব নয়।
গোয়েন্দা এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা ১৮ কেজি স্বর্ণ পাচারের সঙ্গে বিমানের কোনো না কোনো কর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এ বিষয়ে সঠিকভাবে তদন্ত হলে শনাক্ত হবে এর নেপথ্যে থাকা চক্র।
এ ব্যাপারে ঢাকা কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার (জেসি) কামরুল হাসান সমকালকে জানান, বিমানবন্দর গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এসব স্বর্ণবার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কোনো ব্যক্তিকে শনাক্ত করা যায়নি।
বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান, ৩৮ কোটি টাকার স্বর্ণ জব্দের ঘটনায় থানায় মামলা হলে তদন্তে পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করা সম্ভব হবে। এখনো কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কেউ থানায় যোগাযোগও করেননি।
ঢাকা কাস্টম হাউসের অপর এক কর্মকর্তা জানান, জব্দ করা স্বর্ণের বারগুলো নিয়ম অনুযায়ী বিমানবন্দর কাস্টমসের গুদামে জমা রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। বিমানবন্দর কর্তৃপকক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নওগাঁর বদলগাছীতে ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া গ্রামের পটলের খেত থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জইদুল ইসলাম নামের এক বর্গাচাষি গতকাল রোববার সকালে আনছার চৌধুরীর ওই পটলের জমিতে জাল দেওয়ার জন্য খুঁটি বসাতে যায়। এরপর বর্গাচাষি জইদুল ইসলাম মাটির প্রায় এক ফুট নিচে শক্ত কিছু অনুভব করেন। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়লে একটি ভাঙা কাঠের বাক্সের ভেতরে পুরোনো বুলেট দেখতে পান।
ঘটনাটি তিনি সঙ্গে সঙ্গে সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে জানান। পরে খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। তবে গুলিগুলো কতো আগের এবং কীভাবে সেখানে এসেছে এসব বিষয়ে কেউ কিছু বলতে পারছে না।
খবর পেয়ে বদলগাছী থানার এসআই মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখান থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেন।
বর্গাচাষি জইদুল ইসলাম জানান, তিনি জমিটি বন্ধক নিয়ে চাষাবাদ করেন। সকালে বাঁশের খুঁটি বসানোর সময় মাটির নিচে কাঠের বাক্সে থাকা গুলি দেখতে পান। তার ধারণা, গুলোগুলো অনেক পুরোনো।
সেখানে উপস্থিত বীরমুক্তিযোদ্ধা আক্কাস চৌধুরী, মুক্তিযোদ্ধা আইয়ুব চৌধুরী এবং মুক্তিযোদ্ধা মজিবর রহমান জানান, গুলির ধরণ ও জরাজীর্ণ অবস্থা দেখে ধারণা করা হচ্ছে গুলিগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। যুদ্ধ চলাকালীন সময়ে সেখানে হয়তো থেকে গেছিলো গুলিগুলো।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, সকালে দেউলিয়া গ্রামের মাঠে কাজ করছিল কয়েকজন কৃষক। এ সময় কোদাল দিয়ে মাঠি খুরতেই গুলি দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গুলির ধরণ ও জরাজীর্ণ অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো অনেক আগের এবং পুরনো। দীর্ঘসময় মাটির নিচে থাকায় এগুলোতে মরিচা ধরেছে। উদ্ধারকৃত গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পরিবার-পরিজনদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন ও দীর্ঘদিন ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করছে কর্মব্যস্ত ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দিয়ে কর্মস্থলে যাওয়ার পথেও বেড়েছে যানবাহনের অতিরিক্ত চাপ। এর মধ্যে গণপরিবহন বাস ছাড়াও বেশিভাগই ছিল খোলা ট্রাক, ব্যক্তিগত প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচল।
এনিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৪২ হাজার ৩৭৪ টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।
রোববার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিযাজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অর্থাৎ এক দিনে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।
এর মধ্যে টাঙ্গাইলের সেতু পূর্ব প্রান্তের উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপরদিকে সিরাজগঞ্জ সেতু পশ্চিম প্রান্তের ঢাকাগামী লেনে ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯ হাজার ৬০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিযাজ উদ্দিন বলেন, ‘ঈদের পর কয়েক দিন ধরে কর্মস্থলে যাওয়ার পথেও অতিরিক্ত যানবাহন চাপ বেড়েছে। কিন্তু সেতু পারাপার বা মহাসড়কে কোনো যানজট হয়নি। স্বাভাবিক গতিতেই যান পারাপার হচ্ছে। এ ছাড়া মহাসড়কে যানজট নিরসনে সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে মোটরসাইকেলসহ ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে।’
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস পড়ে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সামনে এসেছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও ঘাট পরিচালনার বিশৃঙ্খলার চিত্র।
রেলিংবিহীন অরক্ষিত পন্টুন, অ্যাপ্রোচ সড়ক ঢালু ও খানাখন্দে ভরা সংযোগ সড়ক, ফেরিতে আগে উঠতে যানবাহনগুলোর প্রতিযোগিতা এবং অব্যবস্থাপনার কারণে ফেরিঘাটটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যার কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইতোমধ্যে রাজবাড়ী জেলা প্রশাসক থেকে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক ও রাজবাড়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, ‘বাস দুর্ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী জেলার ১২টি পরিবারের ১৮ জন রয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ার চারজন, ঝিনাইদহের একজন, গোপালগঞ্জের একজন, দিনাজপুরের একজন এবং ঢাকার আশুলিয়ার একজন। কোনো পরিবারের মা-ছেলে ও নাতির মৃত্যু হয়েছে, কোনো পরিবারে স্বামী-স্ত্রী, আবার কোনো পরিবারে মা-মেয়ে, মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের তালিকা প্রস্তুত হলে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।’
এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয় থেকেও ছয় সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। কমিটিতে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, গত বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে।
সরেজমিনে ৩ নম্বর ঘাটে গিয়ে দেখা গেছে, অত্যন্ত পুরোনো আকারে ছোট পন্টুনটি অরক্ষিত অবস্থায় রয়েছে। লোহার রেলিং বা নিরাপত্তাবেষ্টনী নেই। এতে যাত্রী ও যানবাহনকে ফেরিতে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হয়। অপর দুটি ঘাটেরও (৪ ও ৭ নম্বর ঘাট) একই চিত্র। ফেরিঘাটের মূল সড়ক থেকে পন্টুন পর্যন্ত সংযোগ (অ্যাপ্রোচ) সড়কগুলো বেশ ঢালু। তিনটি ঘাটেই সড়কগুলো খানাখন্দে ভরা। এতে যাত্রী ও মালামাল নিয়ে যানবাহনগুলোতে ফেরিতে ওঠানামা করতে প্রচণ্ড বেগ পেতে হয়। মাঝে মধ্যে এই সংযোগ সড়কে যানবাহন আটকে যাচ্ছে, কখনো দুর্ঘটনাও ঘটছে।
কুষ্টিয়া থেকে আসা গাজীপুরগামী এমআর পরিবহনের যাত্রী জিয়াউর রহমান বলেন, ‘পন্টুনে কোনো নিরাপত্তাবেষ্টনী বা রেলিং নেই; থাকলে ওই বাসটি নদীতে পড়ে ডুবে যেত না। এত মানুষের প্রাণহানিও হতো না। অথচ এদের কত বাজেট থাকে, এদের গাফিলতিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
২৫ মার্চ বেলা ১১ টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফোরিঘাটের পন্টুনে আটকে যায় তরমুজ বোঝাই একটি ট্রাক। এতে করে অল্পের জন্য রক্ষা পায় তরমুজসহ ট্রাকে থাকা ৩ জন।
দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে আসা ট্রাকচালক হামিদুর রহমান বলেন, ‘ফেরিতে ওঠানামার সড়কগুলো খাড়া ঢালু। লোড নিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করতে অনেক সময় ব্রেক কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে সমস্যা হয়। ব্রেক ফেল করলেই দুর্ঘটনার শঙ্কা থাকে। ফেরিগুলোও পুরোনো।’ এগুলোর দিকে কারও নজর নেই। আমরা সব সময় এখান দিয়ে যাওয়ার সময় দুশ্চিন্তায় থাকি।’
সৌহার্দ্য পরিবহনের বাসটি নদীতে পড়ে যাওয়ার পেছনে ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা রয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী, ঘাট পার হতে আসা যানবাহন পন্টুনে ওঠার আগের সড়কে সারিবদ্ধভাবে দাঁড়াবে। এরপর ঘাটে আসা ফেরি থেকে সব যানবাহন নেমে যাওয়ার পর অপেক্ষায় থাকা যানবাহনগুলো ফেরিতে উঠবে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গত বুধবার বিকেলে হাসনাহেনা নামের ফেরিটি ঘাটে এসে পৌঁছাতেই সংযোগ সড়ক থেকে চলতে শুরু করে বাসটি, যা সরাসরি নদীতে গিয়ে পড়ে।
সৌহার্দ্য পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, ‘দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্টে অনেক সময় বিআইডব্লিউটিসির তৃতীয় শ্রেণির কর্মচারীরা দায়িত্বে থাকেন। ঘাটের পরিস্থিতি না বুঝেই অনেক সময় নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী গাড়িগুলোকে ফেরিঘাটে পাঠিয়ে দেন।’
তিনি আরও বলেন, ‘বুধবার দায়িত্বে থাকা ব্যক্তিরা সৌহার্দ্য পরিবহনের বাসটিকেও ৩ নম্বর ঘাটে পাঠিয়ে দেন। ঘাটে এসে তারা দেখেন, একটি ফেরি যানবাহন নিয়ে চলা শুরু করেছে। উপায় না পেয়ে পন্টুনের মাথায় সংযোগ সড়কে পরের ফেরির জন্য অপেক্ষা করতে থাকেন তারা। কিছুক্ষণ পর আরেকটি ছোট ফেরি এসে পন্টুনে ধাক্কা দিয়ে ভেড়ে। সংযোগ সড়ক ঢালু সড়ক হওয়ায় এবং পন্টুনের ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে চালক নিয়ন্ত্রণ করতে পারেননি। সরাসরি পন্টুন থেকে নদীতে পড়ে যায় বাসটি।
স্ত্রী-সন্তান হারা রেজাউল করিম অভিযোগ করে বলেন, ‘ফেরি কর্তৃপক্ষের অনেক গাফিলতি আছে। ফেরিতে কতগুলো যানবাহন ধরবে সেটা তারা না দেখেই উপর থেকে বাসটিকে ডেকে নিচে নিয়ে আসে। অথচ বাসটি এসে ফেরির নাগাল পায়নি। তা ছাড়া অ্যাপ্রোচ সড়কের অবস্থা বেহাল। আমি চাই তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. সলিম উল্লাহ বলেন, ‘পন্টুনগুলোতে নিরাপত্তার স্বার্থে রেলিংয়ের ব্যবস্থা করা হবে, যেন ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে। যারা ফেরি ও ঘাট ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাদের আধুনিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ একই সঙ্গে ঘাটের জরাজীর্ণতা দূর করতে দ্রুত সমাধানের কথাও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বলেন, ‘সাধারণত গাড়িগুলো পন্টুনে আসার আগে থামে। এরপর সুবিধামতো ফেরিতে উঠে পড়ে। কিন্তু দুর্ঘটনার সময় দেখা গেছে, হাসনাহেনা ফেরিটি প্রস্তুত ছিল না, তার আগেই চালকের ভুলে গাড়িটি পন্টুনে এসেছে। নিয়ম হলো, ফেরিতে থাকা গাড়িগুলো আগে নামবে, এরপর নতুন করে যানবাহন উঠবে।’
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন,
‘বাসটি ‘ব্রেক ফেল’ করায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন।’ তিনি বলেন, ‘ফেরিঘাটের জিরো পয়েন্টে তৃতীয় শ্রেণির কর্মচারীসহ অন্য কর্মীরা নির্ধারিত দায়িত্ব পালন করে থাকেন। বুধবার দুর্ঘটনার আগে বাসটি ফেরিঘাটে অপেক্ষমাণ ছিল। বাসটি ব্রেক ফেইল করলে চালক নিয়ন্ত্রণ করতে না পারায় পদ্মা নদীতে পড়ে যায়।’
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বরত সহকারী কমিশনার হাফিজুর রহমান বলেন, ‘প্রত্যক্ষদর্শী একাধিক বাসযাত্রী এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটিতে ত্রুটি ছিল। যে কারণে চালক বাসটি নিয়ন্ত্রণ করতে পারেননি। এরপরও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছেন। তদন্তের পর দুর্ঘটনার কারণ নির্ণয় করা সম্ভব হবে।’
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ‘এখন আর নিখোঁজের খবর পাওয়া যাচ্ছে না। যদি নিখোঁজের খবর আসে, তাহলে তাৎক্ষণিক অভিযান শুরু করা হবে।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘সরকার এর মধ্যে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতে ঘাট ব্যবস্থাপনা উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানান, নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়েও সরকার কাজ করবে।
তবে এই দুর্ঘটনা শুধু প্রাণহানির নয়, বরং ব্যবস্থাপনার ব্যর্থতা, নিরাপত্তা ঘাটতি এবং দায়িত্বহীনতার এক করুণ প্রতিচ্ছবি হয়ে উঠেছে। স্বজন হারানোর বেদনা আর প্রশাসনিক জবাবদিহির দাবিতে উত্তাল হয়ে উঠে দৌলতদিয়া ফেরিঘাট। পদ্মার বুকে ডুবে যাওয়া একটি বাস যেন উন্মোচন করে দিয়েছে বহুদিনের অব্যবস্থাপনা-যার মাশুল গুণতে হলো যাত্রীদের প্রাণ দিয়ে।
এখন দেখার বিষয়-তদন্ত কমিটির রিপোর্ট কী কেবল ফাইলের ভেতরেই বন্দি থাকবে, নাকি সত্যি বদলাবে দৌলতদিয়া ঘাটের ভাগ্য। তদন্ত কমিটির রিপোর্টের পর আদৌ কী বদলাবে ঘাটের চিত্র, নাকি এই কান্না আর ক্ষোভই হয়ে থাকবে পরবর্তী দুর্ঘটনার পূর্বাভাস হিসেবে।
যশোরে জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করা হয়।
রবিবার (২৯ মার্চ) সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের সময় প্রতিটি প্রতিষ্ঠানের তেলের মজুদ, প্রয়োজনীয় কাগজপত্র এবং সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এ সময় শহরের মনিহার এলাকার যাত্রিক ফিলিং স্টেশন-এ ৮১৫ লিটার পেট্রল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনাকে ভোক্তা অধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে করিম, চলন্তিকা, প্রাইম, চয়নিকা, জালালউদ্দিন, আমিন এবং মনিহার এলাকার মনির উদ্দিন ফিলিং স্টেশনেও তদারকি করা হয়। এসব প্রতিষ্ঠানে তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম স্বাভাবিক পাওয়া গেলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।
তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
৬ বছরেও জোড়া লাগেনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর ওপর নির্মিত শুয়াকৈর ব্রিজটির দুই প্রান্ত। ২০২০ সালের প্রবল বন্যায় পানির তোড়ে ভেঙে যাওয়ায় ৬ বছরেও জোড়া লাগেনি কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকায় নির্মিত এ ব্রিজটির পিলার ও স্প্যান। ফলে চলাচলের নানা দুর্ভোগ নিয়েই যাতায়াত করছে দুই উপজেলার ১৭ থেকে ২০টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। বর্ষাকালে নৌকা আর শুষ্ক মৌসুমে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠের ব্রিজই এখন একমাত্র ভরসা স্থানীয়দের। এ ছাড়া বর্ষা মৌসুমে নৌকায় যাতায়াত করতে গিয়ে নৌকাডুবিতে প্রাণহানির মতোও ঘটনা ঘটেছে। এই দুর্ভোগ লাঘবে অতি দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ২০০৩-০৪ অর্থবছরে শুয়াকৈর-হুদুর মোড় এলাকায় ঝিনাই নদীর ওপর নির্মাণ করা হয় ২০০ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি। প্রায় ২ কোটি টাকায় সেতুটি নির্মাণের কার্যাদেশ পায় এম এইচ এন্টারপ্রাইজ। ২০০৬ সালে ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়। নির্মাণের ১৪ বছরের মাথায় গত ২০২০ সালের ২১ জুলাই দুপুরে বন্যার পানির তোড়ে ব্রিজটির দুটি পিলারসহ ২০ মিটার দৈর্ঘ্যের দুটি গার্ডার প্রায় এক ফুট ঢেবে যায় এবং ওইদিন রাতেই ব্রিজের মাঝের অংশের ৭ নম্বর পিলার এবং ৬ ও ৭ নম্বর স্প্যানের ৪০ মিটার পানির তোড়ে ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। সেতুর মাঝামাঝি তিনটি স্প্যানসহ ৬০ মিটার ব্রিজ নদীতে এক রাতেই বিলীন হয়ে যাওয়ায় চরাঞ্চলের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। নদী পারাপারে চরম ভোগান্তির শিকার হতে হয় এ অঞ্চলের মানুষদের। ব্রিজটি নদীতে বিলীন হওয়ায় সাধারন মানুষে দীর্ঘদিনের স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যায়। বর্তমানে ভেঙে যাওয়া সেতুটির দুপাশের অংশ মূর্তিমান হিসেবে দাড়িয়ে আছে। সেতুটি নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া ৬ বছর হলেও দৃশ্যমান কোনো উদ্দ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে চরম অনিশ্চিত হতাশা ও চলাচলে দুর্ভোগে পড়েন সরিষাবাড়ী উপজেলার চররৌহা, চরনান্দিনা, বড়বাড়ীয়া, বীর বড়বাড়ীয়া, হেলেঞ্চাবাড়ী, স্বাধীনা বাড়ী, চরহাটবাড়ী, সিধুলী, চুনিয়াপটল, সিংগুরিয়া, ডিগ্রি পাজবাড়ী, খন্দকারবাড়ী, চরছাতারিয়া, আদ্রা, শুয়াকৈর ও পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার চর লোটাবর, শ্যামগঞ্জ কালিবাড়ী, সদরাবাড়ী ও রায়েরছড়াসহ চরাঞ্চলের প্রায় ২০ গ্রামের লক্ষাধিক মানুষ।
শুয়াকৈর গ্রামের সামাদ মণ্ডল, আব্দুল মোতালেব, জয়তন বেওয়া, শিক্ষার্থী রবিউল ইসলাম, বরণ মিয়া, সুমাইয়াসহ একাধিক স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘আমাদের রাস্তা নেই, যাতায়াত করতে পারছি না। সবাই শুধু আশা দিয়ে যাচ্ছে। কেউ দুর্ভোগ লাঘবে এগিয়ে আসছে না। ব্রিজটি ভাঙার পর থেকে আমাদের আর দুঃখের শেষ নেই। নিম্নমানের কাজ করার কারণেই ব্রিজটি ভেঙে গেছে। নদী পাড়াপারে চরম বাধা হয়ে দাড়িয়েছে এলাকার মানুষের। জনবহুল এ চরাঞ্চলের নারী-পুরুষরা নদী পারাপারে বিকল্প হিসেবে নৌকায় গাদাগাদি করে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। নৌকায় পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় নদীর দুই পাড়ে। কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে না পারার কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া চরাঞ্চলের স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ারও চরম বিঘ্নতার মুখে পড়তে হচ্ছে। ব্রিজটি নদীর গর্ভে বিলীন হওয়ায় বেকার হয়ে পড়ছে দুই পাড়ের শত শত দরিদ্র রিকশা, ভ্যান ও অটোরিকশা চালকরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট ব্যবসায়ীরা।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া তমাল বলেন, ‘ব্রিজটি সংস্কার করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামিমের পক্ষ থেকে ও উপজেলা এলজিইডি অফিস থেকে মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। তালিকাটি স্বাক্ষরিত হয়ে স্থানীয় সরকার অধিদপ্তরের গিয়েছে। ব্রিজটি সংস্কার করার সকল প্রস্তুতি চলমান রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামিম এমপি বলেন, ‘৬ বছর ধরে ব্রিজটি ভাঙার কারণে মানুষের কষ্টের কথা বিবেচনা করে ইতোমধ্যেই শুয়াকৈর ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কারের বিষয়ে আমার পক্ষ থেকে ও এলজিইডি অফিস থেকে মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। আশা করি অতি দ্রুত শুয়াকৈরবাসীসহ দুই উপজেলার একাধিক গ্রামের মানুষের দুর্ভোগ শেষ হবে।’