ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী ইজিবাইকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরশিহারি গ্রামের আব্দুল কদ্দুস তালুকদারের ছেলে ইজিবাইক চালক তসলিম মিয়া (২৮), জাটিয়া চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান রাকিব (২০) এবং নশতি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
বিষয়টি দৈনিক বাংলাকে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান।
ঘটনাটি যেভাবে ঘটল
ব্যাটারিচালিত একটি ইজিবাইক ঈশ্বরগঞ্জের দিকে আসার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের নিচে ছিটকে পড়লে চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় জাহানারা বেগম ও এমদাদুল হককে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান জাহানারা বেগম।
ঘাতক ট্রাকটি জব্দ করে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি মুহাম্মদ মাজেদুর রহমান।
কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
সভায় ভাষা দিবসের শুরুতে রাত ১২ টা ০১ মিনিটে শহরস্থ শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বেলা সাড়ে ১১ টায় পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর কর্মসূচি নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা,
জাকির হোসেন, কুলাউড়া থানার এসআই প্রদ্যুৎ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৮টার পর থেকে যানজট শুরু হয় এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যানজট আরো তীব্র হয়। পরে বিকাল ৩ টা থেকে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করে।
খবর নিয়ে জানা যায়, এশিয়ান হাইওয়েতে ক্ষতিগ্রস্থ সড়ক, গাড়ি নষ্ট হওয়া এবং যানবাহনের ধীরগতিসহ একাধিক কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ফলে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের মদনপুর পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র যানজটে আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এসময় পায়ে হেটে যাত্রী সাধারণকে পায়ে হেটে গন্তব্যে যেতে দেখা গেছে।
নোয়াখালীর সোনাপুরগামী একুশে পরিবহনের যাত্রী আয়েশা আক্তার মনি ও আব্দুল মান্নান বলেন, ‘সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠে ২ ঘন্টা সময় লেগেছে ৩ কিলোমিটার অতিক্রম করতে।’
স্টার লাইন পরিবহনের যাত্রী আবুল হোসেন বলেন, ‘সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে ৩ মিনিটের রাস্তা কাঁচপুর যেতে সময় লেগেছে ১ ঘণ্টা। মহাসড়কে যাতায়াতকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যানজটে পড়ে।’
হানিফ পরিবহনের বাস চালক মনির বলেন, ‘সড়কে তুলনামূলক গাড়ির বেশি চাপ রয়েছে এবং মদনপুরের এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় এ ভোগান্তি সৃষ্টি হয়।’
কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ইনচার্জ) বিষ্ণু চন্দ্র বলেন, ‘যানবাহনের অতিরিক্ত চাপের কারণে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। মূলত, মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়েতে সড়কের সংস্কার কাজ চলমান থাকায় ওই সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি চলাচল করছে। এর কারণে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।’
হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের টিআই মো. জুলহাস উদ্দিন বলেন, এশিয়ান হাইওয়েতে অতিরিক্ত গাড়ির চাপ এবং ধীরগতি ও গাড়ি বিকল হওয়াসহ একাধিক কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে আমরা মহাসড়কে যানজট নিরসনে সবাই কাজ করছি।
গাজীপুরের টঙ্গীতে আবাসিক হোটেল থেকে রাসেল (৪১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল চারটার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার হোটেল বিক্রমপুর (আবাসিক) থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রাসেল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নায়কান্দি ভুঁইয়া পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাবুর্চী।
হোটেল ম্যানেজার জাহিদ হোসেন কাজল বলেন, গতকাল রাত সাড়ে দশটার দিকে হোটেলে এসে ২য় তলার ২৪ নম্বর কক্ষে উঠেন মৃত রাসেল। পরে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে হোটেলের পরিচ্ছন্নতা কর্মী রুম পরিস্কার করতে গেলে কোন সারা শব্দ না পেয়ে কতৃপক্ষকে খবর দেন। পরে হোটেল কর্তৃপক্ষ তার রুম থেকে কোন সাড়া না পেয়ে পুলিশের খবর দেয়। পরে পুলিশ রুমের দরজা ভেঙ্গে রাসেলকে মৃত অবস্থায় বিছানার উপর করে থাকতে দেখে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ মৃতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলায় সোলাইমান (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তারাবো পৌরসভার বোচারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত সুলাইমান বোচারবাগ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সাবজেল হোসেন জানান, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর সকালে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণ করে সোলাইমান। পরে এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় সোলায়মানকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত সুলাইমানকে নারায়ণগঞ্জ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ৩ এ পাঠানো হয়েছে।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিক্ষা, আইন-শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে সরেজমিন তদারকি করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও এলাকা পরিদর্শন করা হয়।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক আহমেদপুর মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় এবং দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে নিয়মিত ও কার্যকর পাঠদান নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হলে বিদ্যালয়ে পাঠদানের মান নিশ্চিত করতে হবে। অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই। শিক্ষার পরিবেশ উন্নত করতে যা যা প্রয়োজন, প্রশাসন তা নিশ্চিত করবে।
পরবর্তীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, মেধাবীদের স্বীকৃতি দেওয়া মানে ভবিষ্যৎ বাংলাদেশকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিক শিক্ষা সমানভাবে গুরুত্ব পেতে হবে।
এরপর বড়াইগ্রাম থানা পরিদর্শন করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। জেলা প্রশাসক বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। সেবাপ্রার্থীরা যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, তা নিশ্চিত করতে হবে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বড়াইগ্রাম পৌরসভা এবং মাঝগাও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হয়। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করা হয়।
সবশেষে বড়াইগ্রাম উপশহরের জলাবদ্ধতা নিরসনে চলমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক। তিনি বলেন, জলাবদ্ধতা জনদুর্ভোগের অন্যতম কারণ। সমন্বিত উদ্যোগে দ্রুত টেকসই সমাধান নিশ্চিত করতে হবে।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস স্থানীয় সমস্যাগুলো তুলে ধরে জানান, উপজেলা প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেম্বার পাড়ায় বালুর চাতালে পানিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে প্রায় ১৮ থেকে ২০টি পরিবারের শতাধিক মানুষ। বসতবাড়ির আঙিনা থেকে শুরু করে চলাচলের রাস্তাঘাট, এমনকি টয়লেট ও রান্নাঘর পর্যন্ত পানিতে ডুবে আছে। এছাড়া মহাসড়কের পাশে গড়ে উঠেছে অবৈধ এসব বালুর চাতাল।
স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যাক্তির দলের নাম ভাঙ্গিয়ে এসব চাতাল তৈরি করে বালুর ব্যবসা করে আসছে। বালু আনলোডের ফলে বর্ষার শুরুতেই এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এদিকে বাইপাস সড়কসহ দৌলতদিয়ার বিভিন্ন স্থানে অবৈধ বালু ব্যবসা জমজমাট ব্যবসা চলছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা মহাসড়কের পাশে বালুর চাতাল তৈরি করে অবৈধ বালুর ব্যবসা করে আসছে। ফলে ফেরিতে উঠা ও নামার যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। পদ্মা নদী থেকে বালুবাহী বাল্কহেডে ভর্তি করে ড্রেজার মেশিন দিয়ে মহাসড়কের পাশে এসব বালুর স্তূপ গড়ে উঠেছে। উক্ত চাতাল থেকে বালু নেওয়ার জন্য প্রতিদিন শত শত ড্রাম ট্রাক ব্যবহৃত হচ্ছে। ড্রাম ট্রাকের চাকায় সড়ক ও জনপদ বিভাগের কোটি টাকা ব্যয়ে তৈরি ড্রেন লাইন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ফলে বৃষ্টির পানি সড়ক থেকে ড্রেন দিয়ে নদীতে বের করার পথ বন্ধ হয়ে গেছে। অপরদিকে লাইসেন্স বিহীন অপ্রাপ্ত চালক দিয়ে চালানো হচ্ছে ড্রামট্রাকগুলো।
তবে বিআইডব্লিউটিএ সূত্র থেকে জানা যায়, এ সমস্ত বালুর চাতাল স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত হয় এগুলো কোন জমিই লিজ নেওয়া হয়নি।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, রাজনৈতিক পরিচয়সম্পন্ন ব্যক্তিদের চাতাল হওয়ায় সরাসরি প্রতিবাদ করার সাহস পান না অনেকেই। দিনের পর দিন পানিবন্দি অবস্থায় থেকে স্বাস্থ্যঝুঁকি ও দৈনন্দিন জীবনযাত্রায় নেমে এসেছে নাভিশ্বাসে।
শ্রমিক দলের সভাপতি ও চাতালের বালু ব্যবসায়ী সরোয়ার হোসেন মোল্লা বলেন, “আমার চাতালে মাঝে মাঝে বালু রাখা হয়। সেখান থেকে পানি জমে না বা সেখান থেকে পানি ঐ সমস্ত বাড়িতে যাওয়ার সুযোগ নেই। বরং জগোদিশ সরকার প্রতিদিন ৫-৭টি বলগেট বালু নামায়। তার চাতালের পানিতেই এই জলাবদ্ধতা তৈরি হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, কোন অবৈধ ব্যবসা চলতে দেয়া যাবেনা৷ ইতিমধ্যে আমরা মৌখিক অভিযোগ পেয়েছি, আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিবো।
বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন কর্মকর্তা আরিচা অঞ্চল সুব্রত রায় বলেন, নদীর আশেপাশে কোন অবস্থায় বালুর চাতাল করা যাবে না এবং আমরা কোন রকম অনুমতি দেইনি। গতবছর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে করে অভিযান পরিচালনা করা হয়েছিল এবারও খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। বিষয়টি নিয়ে আমি গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলবো।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, কয়েকদিন আগে আমরা কয়েকটি গাড়ি আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছি এবং তারা মুচলেকা দিয়েছে বলেছে খোলা ট্রাকে বালু পরিবহন করবেনা। এছাড়াও গাড়ি চলাচলের নিয়ম, লোড-আনলোডের বিষয়ে সতর্ক করেছিলাম। তিনি আরও বলেন, আজকেও আমি দেখে আসছি সড়কের পাশে ট্রাকগুলো দাঁড়িয়ে ভেকুর সাহায্যে বালু লোড করছে। আমরা খুব দ্রুত তাদেরকে ডেকে বসবো এবং সতর্ক করবো, না শুনলো কঠোর অবস্থানে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হেকমত আলী (৪০) নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও একজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হলেন রূপগঞ্জের মোল্লাবাড়ি ইয়াকুব হোসাইনের ছেলে রফিকুল ইসলাম সবুজ (৩০)।
তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সে পলাতক ছিল। তার ভাই মাহফুজুর রহমানকে (২৬) ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সে উপস্থিত ছিল।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথিসূত্রে জানা যায়, হেকমত আলী রূপগঞ্জের কালাদি এলাকার মৃত কদম আলীর ছেলে। তিনি ভুলতা নুর ম্যানশন মার্কেটে মোটর পার্টসের দোকান হাসান এন্টারপ্রাইজের মালিক ছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন হেকমত আলী।
পরে ১৪ এপ্রিল তার দোকানের কর্মচারী রফিকুল ইসলাম সবুজ, তার ভাই মাহফুজুর রহমান, মামুন মিয়া ও বাবা ইয়াকুব মোল্লাকে আসামি করে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেন হেকমতের স্ত্রী রোকসানা বেগম।
আসামিদের মধ্যে রফিকুল ইসলাম সবুজকে গ্রেপ্তারের পর নিবিড় জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। সবুজ জানায়, শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি লাশ ড্রামের ভেতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দেওয়া হয়। পরে সেটি মাছের খামারে ফেলে দেওয়া হয়। তিন মাস পর লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়।
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্কের চৌবাচ্চা থেকে মহাবিপন্ন প্রাণি ঘড়িয়াল উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্য দুই ফুট ৬ ইঞ্চি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এক সংবাদকর্মীর দেওয়া তথ্যানুযায়ী ঘড়িয়ালটি উদ্ধার করেন বনবিভাগের কর্মকর্তারা। এছাড়াই একস্থান থেকে তিনটি কাছিম উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জগতি বনবিভাগের ডেপুটি রেঞ্জার (ভারপ্রাপ্ত) মো. আবু বকর সিদ্দিক, খোকসা উপজেলা বনববিভাগের কর্মকর্তা গোলাম কাজী, সাংবাদিক, পার্কের কর্মকর্তা–কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত বছরের অক্টোবর মাসে শিমুলিয়ার একটি বিল থেকে এক জেলের মাছ ধরা জালে ঘড়িয়ালটি ধরা পড়ে। এরপর ওই জেলেরা নামমাত্র টাকায় এটিকে খোকসার শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্ক মালিক দেলোয়ার হোসেনের কাছে বিক্রি করে দেন। পার্কের মালিক ঘড়িয়ালটিকে পার্কের ভেতরের একটি চৌবাচ্চায় জরাজীর্ণ অবস্থায় রেখে দেন। সম্প্রতি এক দর্শনার্থী ওই পার্কের চৌবাচ্চায় ঘড়িয়ালটিকে দেখে এনটিভি অনলাইনের কুমারখালী ও খোকসা প্রতিনিধি এম আর নয়নকে জানান। খবর পেয়ে নয়ন খোকসা ও কুষ্টিয়া বনবিভাগ কর্মকর্তাদের অবহিত করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পার্কটিতে অভিযান চালিয়ে মহাবিপন্ন প্রাণি ঘড়িয়াল ও তিনটি কাছিম উদ্ধার করে বনবিভাগ।
কুষ্টিয়া বনবিভাগ সূত্রে জানা গেছে, ১৯৭০ দশক থেকে মহাবিপন্ন প্রায় মিঠাপানির প্রাণি ঘড়িয়াল। বর্তমানে বাংলাদেশে চারটির মতো বড় ঘড়িয়াল নদীতে থাকার সম্ভাবণা রয়েছে।
এ বিষয়ে শিমুলিয়া ইউটিউব ভিলেজ পার্কের মালিক দেলোয়ার হোসেন বলেন, অক্টোবর মাসে জেলের জালে ধরা পড়েছিল ঘড়িয়ালটি। ওই জেলেকে সামন্য কিছু টাকা দিয়ে ঘড়িয়ালটি কিনে পার্কে রেখেছিলাম। তবে এভাবে প্রাণিটিকে রাখা অবৈধ তা জানা ছিলনা।
সাংবাদিক নয়ন বলেন, একজন দর্শনার্থীর দেওয়া তথ্যমতে ঘড়িয়ালটি নিরাপত্তার সার্থে সংবাদ প্রকাশের আগেই বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছিল। নির্বাচনের কারনে ঘড়িয়ালটি উদ্ধারে কালক্ষেপন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঘড়িয়ালটিকে উদ্ধার করেছে বনবিভাগ।
এ তথ্য নিশ্চিত করে ডেপুটি রেঞ্জার (ভারপ্রাপ্ত) মো. আবু বকর সিদ্দিক বলেন, সাংবাদিকদের সহযোগীতায় ইউটিউব ভিলেজ পার্ক থেকে মহাবিপন্ন একটি ঘড়িয়াল ও তিনটি কাছিম উদ্ধার করা হয়েছে। এগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হবে। তাঁতা ভাষ্য, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী ঘড়িয়াল ও কাছিম ধরা, মারা ও সংরক্ষণ করা বেআইনি। পরবর্তীতে বিধিমতে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় লার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সুপার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল, আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল মো. গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাইয়াজ সার্জিল, নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো. আল মামুন সরকার প্রমুখ।
গাজীপুরের কালীগঞ্জ বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে সর্বমোট ৪টি মামলা করা হয় এবং মোট ১৭,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৩টি মামলায় মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ১০৯ ধারা মোতাবেক ১টি মামলায় ২,০০০ টাকা জরিমানা করা হয়।
রমজানকে সামনে রেখে বাজারে অস্থিরতা রোধ ও নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপক্ষ এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
স্থানীয় ক্রেতারা বাজার মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘নিয়মিত তদারকি অব্যাহত থাকলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।’
নওগাঁয় এক সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলাকারীরা সাংবাদিককে তার পত্রিকা অফিসে আটকে রেখে বাইরে তালা মেরে দেয়। পরে পুলিশ এসে ওই সাংবাদিককে উদ্ধার করে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাংবাদিক আরিফুল ইসলাম রনক (৩২) নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আরিফুল ইসলাম দেশ রূপান্তর পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি এবং নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তার বাড়ি নওগাঁ শহরের চকরামপুর এলাকায়।
আরিফুল ইসলাম বলেন, নওগাঁ শহরের তাজের মোড়ে আকন্দ মার্কেটে একটি দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রায়হান রানা নামের এক দোকানদারের সঙ্গে শুভ (৪০) নামের এক ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি হতে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আরিফুল ইসলাম আকন্দ মার্কেটে বরেন্দ্র কন্ঠ পত্রিকা অফিসে অবস্থান করছিলেন। গণ্ডগোল শুনে বাইরে এসে গণ্ডগোলের ভিডিও ধারন করে। এ সময় শুভ ও সেতু তার মোবাইল কেড়ে নেয় ও হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে ওই মোটরসাইকেলের মালিক শুভ ও স্থানীয় বাসিন্দা সেতুর নেতৃত্বে ১৫-১৬ জন যুবক সন্ত্রাসী কায়দায় আরিফুল ইসলামের ওপর হামলা চালায়। তারা আরিফুলকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারে। প্রাণ বাঁচাতে আরিফুল দৌঁড়িয়ে বরেন্দ্রকণ্ঠ পত্রিকা অফিসে ঢুকে পড়লে হামলাকারিরা বাইরে থেকে পত্রিকা অফিসটি তালা মেরে দেয়। পরে হামলাকারীরা পত্রিকা অফিসের সামনে থাকা আরিফুলের পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদারের সঙ্গে এক যুবকের হাতাহাতি হয়। হাতাহাতির এই ঘটনা থামাতে গিয়েছিল আমার সহকর্মী আরিফুল ইসলাম রনক। হাতাহাতির এই ঘটনা থেমে যাওয়ার পর ওই দোকানদার দোকান বন্ধ করে চলে যায়। কিন্তু ওই মোটরসাইকেলের মালিক সন্ত্রাসীবাহিনী নিয়ে এসে সংঘবদ্ধভাবে আমার সহকর্মী আরিফুলের ওপর হামলা চালায় এবং তালা ভেঙে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, তারা আমার সংবাদকর্মীকে ভেতরে আটকে রেখে সংবাদপত্র অফিসে তালা মেরে দেয়। আমার জানা মতে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল হক বলেন, দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তাজের মোড় আকন্দ মার্কেটে দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। সেখানে আরিফুল ইসলাম ও শুভ নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় মো. নজির মন্ডল (৫৫) নামে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাজির মন্ডল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি দক্ষিণ মির্জাপুর বাল্য গ্রামের বাসিন্দা এবং ফটিক মন্ডলের ছেলে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাল্যবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
জানা গেছে, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। সকালে এলাকাবাসীর মাধ্যমে ঝুলন্ত মরদেহের খবর পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন গ্রামবাসী প্রথমে লিচু বাগানে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। পরে তিনি চিৎকার করে লোকজন জড়ো করেন।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে। কেউ এটিকে আত্মহত্যা বলছেন, আবার কেউ হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন। খবর পেয়ে রাঘবদাইড় লক্ষীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠান।
রাঘবদাইড় পুলিশ ক্যাম্পের এসআই মোক্তার বলেন, এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লাশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ঘটনা ভিন্ন কিছু।
বঙ্গোপসাগরে দুটি স্থান থেকে ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবন উপকূলের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার সাগরের খাড়ি এলাকায় মুক্তিপণের দাবিতে এ অপহরণের ঘটনা ঘটে। বর্তমানে বনদস্যুদের চারটি গ্রুপ সুন্দরবন ও সুন্দরবন-সংলগ বঙ্গোপসাগর দাপিয়ে বেড়াচ্ছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শুঁটকি পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নাম না জানা বনদস্যু বাহিনীর সদস্যরা প্রথমে সুন্দরবনে দুবলার উপকূলের নারিকেলবাড়ীয়া এলাকার সাগরে মাছ ধরা জেলে বহরে হানা দেয়। বনদস্যুরা ৮টি ট্রলার থেকে ৮ জেলেকে তাদের ট্রলারে তুলে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছেন, হরিদাস বিশ্বাস, গোপাল বিশ্বাস, রমেশ বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, শংকর বিশ্বাস, তুষার বিশ্বাস, মনিরুল ও উজ্জল কুমার বিশ্বাস।
এদের বাড়ি খুলনার পাইকগাছা এলাকায়। এই ৮ জেলেকে অপহরণের পরপরই সুন্দরবনে দুবলার উপকূলের আমবাড়ীয়ার খাড়ি এলাকার সাগরে মাছ ধরা জেলে বহরে হানা দেয় বনদস্যুরা। এখান থেকে বনদস্যু সুমন জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে ১২টি ট্রলার থেকে আলোরকোল শুঁটকি পল্লীর ১২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেরা হচ্ছে, কালিদাস বিশ্বাস, কাশেম মোড়ল, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাস, রশিদ সরদার, প্রকাশ বিশ্বাস, ইয়াসিন মোড়ল, শিমুল, রুপ কুমার বিশ্বাস, গণেশ বিশ্বাস, উত্তম বিশ্বাস ও বাটু বিশ্বাস।
এ সকল জেলেদের বাড়ি খুলনার পাইকগাছা, কয়রা ও আশাশুনি এলাকায়।
সুন্দরবনের দুবলা ফিসার ম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, বর্তমানে চারটি বনদস্যু গ্রুপ সুন্দরবন ও সাগর দাপিয়ে বেড়াচ্ছে। তারা মুক্তিপণের দাবিতে প্রতিনিয়ত জেলেদের অপহরণ করছে। এদের দাপটে জেলেদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। দ্রুত বনদস্যুদের দমনের দাবি জানান এই মৎস্য ব্যবসায়ী নেতা।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম ২০ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলেদের নিরাপত্তায় কোস্ট গার্ড ও র্যাবের সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।’