বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
শাজাহান খান

কোটা আন্দোলনের পেছনে রাজনৈতিক গভীর ষড়যন্ত্র রয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪ ২১:০৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘কোটা আন্দোলনকারীরা ভুল পথে আছে, এই আন্দোলনের পেছনে রাজনৈতিক গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত রয়েছে। কোটা আন্দোলনের ওপর ভর করে অনেকেই বৈতরণি পাড় হতে চেষ্টা করছে।’

মাদারীপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজ রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘কুঁজো মানুষ যেমন কোনো কিছুর উপর ভর করে চলতে চায়, তেমনি যারা রাজনীতিতে বুড়ো হয়ে গেছে তারা এই কোটা আন্দোলনের ওপর ভর করে পথ চলতে চায়। এটার কোনো রাজনৈতিক ফল হবে না। ছাত্রদের ভুল বোঝাচ্ছেন তারা। সবাই এই আন্দোলন থেকে বিরত থাকবেন। উচ্চ আদালতের রায়, সরকার মেনে নেবে।’

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আরও বলেন, ‘যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তাদের স্মরণ থাকতে হবে, এই কোটা দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশ আছে, যেখানে যুদ্ধাপরাধীর সন্তানদের চাকরি হয় না। আমাদের দেশের এই কোটা বাতিলের বিষয়, আইনের মাধ্যমে হবে। উচ্চ আদালতের নির্দেশনা মেনে সরকার কাজ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহান খানের সহধর্মিণী সৈয়দা রোকেয়া বেগম, শাজাহান খানের জামাতা টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিমসহ অনেকেই।

প্রসঙ্গত, বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসিবুর রহমান আসিব খান নতুন দায়িত্ব গ্রহণ করেন। ওবায়দুর রহমান কালু খান, শাজাহান খানের ছোটভাই। আর আসিবুর রহমান আসিব খান শাজাহান খানের বড় ছেলে।


নির্বাচিত

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বর্তমানে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে এ কথা বলেন।

সংসদে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।’

সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দলটির নেতাকর্মীরা কেবল সেখানে গিয়েই থানায় হামলা চালাতে পারে। এ ছাড়া তারা বিএনপির একজন সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের দোকানপাটে হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।’


নির্বাচিত

ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় এখন পদ্মার ৮০ শতাংশ পানির প্রবাহ কমে গেছে। প্রায় মৃত ১০টি নদ-নদী। নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে আন্তঃসীমান্ত নদীর গতিপথে নির্মিত এ বাঁধ বিরূপ প্রভাব ফেলেছে পদ্মাসহ এর শাখা নদ-নদীর ওপর। ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরিয়ে নেয়ায় চর জেগেছে পদ্মায়। শুকিয়ে মরে গেছে এ নদীর উৎস থেকে সৃষ্ট পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী। মৃতপ্রায় কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদ। কপোতাক্ষ নদের কোথাও হাঁটু পানি, কোথাও পানিই নেই। যে হাঁটু পানি দেখা যায় এটা বৃষ্টির পানি, গঙ্গা থেকে আর আসে না।

পানি সংকটের কারণে পদ্মার যে শাখা নদীগুলো ক্ষতিগ্রস্ত তার একটি বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাটে বড়াল নদীর উৎসমুখ। বড়ালের উৎসমুখে দেখা যায় বিশাল চর জেগেছে, সেখানে পানির প্রবাহ নেই। বড়ালের দুই পাশে চর পড়ে উঁচু হয়ে গেছে। মাঝখানে সরু নালার মতো।

পদ্মা থেকে রাজশাহী, নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত। এ নদীর জীবন মৃত্যুর সাক্ষী চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম। এ নদীতে বড় বড় নৌকা চলতে দেখেছেন বলে জানান তিনি।

নদী গবেষকরা বলছেন, বাংলাদেশের দীর্ঘতম এ নদীর গতিপথ থেকে শুরু করে এর শাখা নদনদীর প্রবাহে মারাত্মক ক্ষতি করেছে ফারাক্কা বাঁধ।

পানি বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে, শেষ হয় ১৯৭৫ সালে। ২ হাজার ২৪০ মিটার লম্বা এ বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক পরিবর্তন ঘটেছে। বিতর্কিত এ বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতিসহ বহুমাত্রিক প্রভাব বিবেচনায় বাংলাদেশ এমনকি ভারতের কিছু অংশেও এর জোরালো বিরোধিতা রয়েছে।

অর্ধশতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের প্রধান অভিযোগ—এ বাঁধের ফলেই প্রমত্তা পদ্মার বুকে জেগেছে বিশাল চর। সংকীর্ণ হয়ে গেছে নদীর গতিপথ। শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে ভারত পানি সরিয়ে নেয়ায় পদ্মায় মারাত্মক পানি সংকট তৈরি হচ্ছে। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের প্রধান এ নদী।

অন্যদিকে ভারত বরাবর যুক্তি দিয়ে এসেছে, কলকাতা বন্দরকে রক্ষার জন্য ফারাক্কা ছাড়া কোনো উপায় ছিল না। কয়েক বছর আগে ফারাক্কা ব্যারাজ ভেঙে দেয়ার দাবি তুলেছিল বিহার সরকারও। রাজ্যটির অভিযোগ, ফারাক্কার কারণে প্রতি বছর তাদের বন্যায় ভুবতে হয়। ফারাক্কার উজানে ও ভাটিতে গঙ্গার ভাঙনও ওই এলাকার মানুষের জন্য খুব বড় সমস্যা।

স্প্রিঙ্গার নেচারের ডিসকাভার ওয়াটার জার্নালে প্রকাশিত মো. ইমরান হোসেনের (জুন ২০২৬) গবেষণায় বলা হয়েছে, উজানের পানি প্রত্যাহার বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষি কার্যক্রম, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির একটি হিসাব এতে উল্লেখ করা হলেও, এর পুরোটাই এককভাবে ফারাক্কার কারণে ঘটছে এমন নয়, এর সঙ্গে অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও জড়িত।

এছাড়া নিউজিল্যান্ডের গবেষক এম এম কিউ মির্জার (১৯৯৮) গবেষণায় গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছিল। গবেষণার সূত্রে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা বাঁধের কারণে লবণাক্ততায় ধানের আঞ্চলিক ফলন সর্বোচ্চ হ্রাস পেয়েছে বোরো ৮৬শতাংশ এবং আমন ৭১ শতাংশ।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদন ছিল প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টন, যা পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে প্রায় ৪ কোটি ৬ লাখ টনে উন্নীত হয়েছে। এর অর্থ হলো, দেশের সামগ্রিক ধান উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আধুনিক বীজ, সার ও সেচ ব্যবস্থার কারণে এ উৎপাদন বেড়েছে।

তবে গবেষকদের মতে, মূল প্রশ্নটি তা নয়, বরং উজানের পানিপ্রবাহের অস্বাভাবিক হ্রাস ও লবণাক্ততা না ঘটলে এই উৎপাদন আরও কত বেশি হতে পারত, সেই সম্ভাবনাময় ঘাটতির।

এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এ যাবৎ অভিন্ন নদ-নদী নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা হয়েছে নদ-নদীর প্রতি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির আলোকে। এ দৃষ্টিভঙ্গিতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকা গুরুত্ব পায় না। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বিপরীত হলো নদ-নদীর প্রতি প্রকৃতিসহায়ক দৃষ্টিভঙ্গি। এতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

দ্বিতীয় হলো, প্রতিটি নদ-নদী স্বীয় উপত্যকায় একটি নিজস্ব বাস্তুতন্ত্রের জন্ম দেয় এবং তাকে জায়মান রাখে। সামগ্রিকভাবে পৃথিবীর বাস্তুতান্ত্রিক ভারসাম্যের জন্য এই উভয় ভূমিকা অপরিহার্য। অভিজ্ঞতা দেখায়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি অদূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে নদ-নদীর বাণিজ্যিক ও অর্থনৈতিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রকৃতিভিত্তিক দৃষ্টিভঙ্গি দূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকার সুরক্ষা করা গেলে নদী তার অর্থনৈতিক ভূমিক পালনেও সক্ষম থাকে।

পদ্মা নদী তীরবর্তী অঞ্চলের প্রবীণদের ভাষ্য, আগে অনেক স্রোত ছিল, নদী বড় ছিল। এখন তো পুরো চর। যখন বাঁধ ছিল না তখন পানির খুব বেগ, ক্ষমতা আর স্রোত ছিল। এ নদীর একটা পাড়ে নৌকা ভেড়াতে চারজন লোকও ঘাবড়ে যেতো। কারণ পানির তীব্র স্রোত ছিল। এখন তো শুধু ডাঙা।

পদ্মায় জেলেদের অভিযোগ, নদীর পানি কমে যাওয়ায় মাছও আগের মতো পাওয়া যায় না। এমনকি অতীতে তারা যেসব মাছ পেতেন, এখন আর তা ধরা পড়ে না। অনেকে তাই মাছ ধরা পেশা ছেড়ে দিয়েছেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখানদী। এ নদী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, আমাদের গড়াই নদীতে টোটাল ৪৪ কিলোমিটার চর পড়ে গিয়েছিল। বর্তমানে আমরা গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে সচল রাখছি। আর আমাদের কুষ্টিয়ায় ১১টি নদী আছে। এই নদীগুলো পদ্মা এবং গড়াই নদীর সঙ্গে লিংকআপ (যুক্ত)। এখন যদি টোট্যালি পদ্মায় পানি না পাওয়া যায় তাহলে এই নদীগুলো মৃতপ্রায় হয়ে যাবে।

নদ-নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের একটা বড় দুশ্চিন্তা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্প সম্পূর্ণ পদ্মার পানির ওপর নির্ভরশীল। চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচের জন্য ষাটের দশকে এই সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। ফারাক্কা বাঁধের কারণে বিভিন্ন সময়ে পানি সংকটে সেচ প্রকল্প বন্ধ রাখতে হচ্ছে।


নির্বাচিত

বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা জনগণ মেনে নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, দেশের জনগণ তা কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলার মোড়ে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন। দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য ও সংঘাত নিরসনের লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি সর্বোচ্চ সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে।

সাংবাদিকদের পক্ষ থেকে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা ও গুমসহ নানা অভিযোগে মামলা রয়েছে, যা বাংলাদেশের প্রচলিত আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এসবের রায় নির্ধারিত হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন এবং আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিশুদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো ঘটনার জবাব তাঁকে দিতে হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, তাঁদের শীর্ষ নেতা তাঁদের ছেড়ে চলে গেছেন এবং বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তাঁর অদৃশ্য বক্তব্য কতটা আসল বা নকল তা বোঝা কঠিন। তাই অতীতের অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে সঠিক পথে ফিরে আসার এবং দেশ গঠনে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর চলা জুলুম, গুম ও নির্যাতনের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, এখন দলের কোনো নেতাকর্মীকে হুমকি দেওয়া হলে বিএনপি চুপ করে বসে থাকবে না।

দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতি সচল হওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও তৈরি পোশাক খাতে নতুন অর্ডার আসতে শুরু করায় একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে শিল্পখাত ও দেশের স্থিতিশীলতা ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশে বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেন এবং শান্তি বজায় রাখতে এসব দমনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ছাড়া নাম উল্লেখ না করে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রতি ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, দল থেকে মনোনয়ন না পাওয়া কয়েকজনকে এখন সংসদে ও সংসদের বাইরে শেখ হাসিনার পক্ষে কথা বলতে দেখা যাচ্ছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল সামদানী আজাদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। সভার পূর্বে শামা ওবায়েদ কয়েকশ মোটরসাইকেলের বহর নিয়ে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে সভাস্থল জয়বাংলা মোড়ে পৌঁছান এবং নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক প্রতিহিংসামুক্ত পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


নির্বাচিত

টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৭ নভেম্বর, ২০২৬ ২১:৩৪
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালান। রাত ৮টায় এই সংবাদ লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল এবং হামলাকারীদের তাণ্ডব চলছিল।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, এই আকস্মিক হামলার মূল কারণ ছিল গ্রেপ্তার হওয়া আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এর আগে গত ১০ ও ১৫ নভেম্বর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল টুঙ্গিপাড়া থানা পুলিশ। সেই আসামিদের জোরপূর্বক ছাড়িয়ে নিতেই মঙ্গলবার সন্ধ্যায় সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন দলগুলোর নেতাকর্মীরা।

থানা ঘেরাওয়ের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হামলাকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তবে হামলাকারী নেতাকর্মীদের তীব্র ধাওয়া ও প্রতিরোধের মুখে একপর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।

পুলিশের পিছু হটার সুযোগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানার মূল ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালান। তারা থানার ভেতরে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করেন। হামলাকারীদের দেওয়া আগুনে থানার প্রাঙ্গণে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

এই ভয়াবহ হামলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা করা হয়েছিল। তবে ঘটনার সময় পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। ফলে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।


নির্বাচিত

সিলেট সীমান্তে বিএসএফ সদস্য আটক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) আটক রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।

সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে বিজিবি। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়।

আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যের প্রবেশ এবং অস্ত্রসহ আটকের ঘটনায় সীমান্তে বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নির্বাচিত

কমলনগরে ১০ স্পটে মালাই চায়ের আড্ডা, আড়ালে মাদক-জুয়া-কিশোরগ্যাংয়ের জমজমাট আসর

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩২
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে হঠাৎ গজিয়ে উঠেছে মালাই চায়ের আড্ডা নামে কিশোর গ্যাংয় ও মাদকাসক্তদের জমজমাট আসর। এতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী সহ উঠতি বয়সী তরুণ-তরুণী ও বখাটেদের আড্ডাখানা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এক সময় গ্রামের চায়ের দোকানগুলো ছিল মুরুব্বি ও সাধারণ মানুষের খোশগল্প বা খবরের কাগজ পড়ার জায়গা। বর্তমানে বাহারি নামের এই মালাই চায়ের আড্ডাগুলোতে বিভিন্ন ধরনের কিশোরগ্যাং ও বখাটে অপরাধের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি মালাই বাড়ির চায়ের আড্ডায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত অক্টোবর মাসের মাঝামাঝিতে কমলনগরের গ্রামে গঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় ১০ টি মালাই চায়ের আড্ডাখানা গড়ে উঠে। আড্ডাখানাগুলো হলো-চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রীজ সংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্টে, হাজিরহাট ইউনিয়নের আনন্দ বাজার কবরস্থান সংলগ্ন মালাই বাড়ি চায়ের আড্ডা, চরজাঙ্গালিয়া ৫ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া, ৭ নম্বর ওয়ার্ডের সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্প, চরফলকন ইউনিয়নের হাজিরহাটের দক্ষিণ মাথা, তোরাবগন্জ বাজারের পশ্চিম পাশে মালাই চায়ের গল্প সহ মোট ১০ টি আড্ডার আসরে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠে।

এসব স্পট ঘুরে দেখা গেছে, আকর্ষণীয় পরিবেশ, ধোঁয়া ওঠা মালাই চা, নান্দনিক আলোকসজ্জার কারণে সহজেই কিশোর-কিশোরী ও যুবকদের আকর্ষণ করে তুলেছে। আড্ডাখানায় সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে,যা বখাটেদের দীর্ঘ সময় আড্ডা দেওয়ার সুযোগ করে দেয়। রাস্তার মোড়ে মোড়ে গড়ে উঠা আড্ডাখানাতে শিশু কিশোর, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা লেখাপড়া ফেলে আড্ডায় মেতে উঠে। এতে আপত্তিকর ঘটনার পাশাপাশি ইভটিজিং সহ নানা অশ্লীলতার ঘটনাও ঘটার অভিযোগ উঠেছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রীজ সংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্টে। সেখানে স্থানীয় প্রশাসনের অনুমোদন না নিয়ে নাগরদোলা, ঘোড়া স্ট্যান্ডসহ, পশুঘোড়া, বক্সার সহ মেলার যাবতীয় দোকানপাঠ বসিয়ে নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এতে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা লেখাপড়া ফেলে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নানা অশ্লীলতায় লিপ্ত হওয়া সহ মাদক সেবনের খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বাজার কমিটির নিয়ন্ত্রণ না থাকায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হাজার-হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে। দ্রুত এসব আড্ডাখানা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী।

ফজুমিয়ারহাট এলাকার অন্তত ২০ জন অভিভাবক এ প্রতিবেদককে জানিয়েছেন, অবাধ আড্ডা ও অসৎ সঙ্গের কারণে স্কুল-কলেজ পড়ুয়া শিশু-কিশোরদের একটি অংশ ধীরে ধীরে অপরাধ প্রবণতার দিকে ঝুঁকছে। শুরুতে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে সময় কাটানো হলেও পরবর্তীতে এসব আড্ডায় অপরাধ প্রবণে বড়দের সংস্পর্শে আসার ঝুঁকি রয়েছে। তাই বিষয়টি এখনই গুরুত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করছেন তারা।

স্থানীয় ইসমাইল, হাবিবুর রহমান ও নুর মোহাম্মদ জানান, বাজারের বাহিরে ভুলুয়া নদীর পাড় ঘেঁষে গড়ে উঠা মালাই বাড়ি রেস্টুরেন্টে আড্ডা জমে উঠেছে। তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের প্রচন্ড ভিড় ওই আসরে। চলে হাসি-ঠাট্টা আর গল্পের আসর। বাইরে থেকে দেখলে সাধারণ চায়ের দোকান মনে হলেও, এসব আড্ডার আড়ালে কিশোরগ্যাংয়ের আনাগোনা ও বখাটে তরুণদের উৎপাত নিয়ে তারা উদ্বিগ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক চরকাদিরা ইউনিয়ন পরিষদের দুইজন ইউপি সদস্য জানান, এসব আড্ডায় শুধু চা-পান কিংবা গল্পগুজবেই সময় কাটে না; অনেক ক্ষেত্রে উচ্চস্বরে গান বাজানো, অশালীন কথাবার্তা, পথচারীদের উত্ত্যক্ত করা এবং দলবদ্ধভাবে চলাফেরার ঘটনাও ঘটে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল আলম বলেন, মালাই চায়ের আড্ডার নামে এগুলো মুলত বখাটের আসর। এসব আসর বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাহাত উজ জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।


নির্বাচিত

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে বিদ্যালয়ের ফলাফল ও তথ্য ব্যবস্থাপনা

* নিজ উদ্যোগে ‘স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ তৈরি করলেন শিক্ষক আব্দুর রাজ্জাক
ছবি: শিক্ষক আব্দুর রাজ্জাক।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মিজানুর রহমান, পঞ্চগড়

শিক্ষকতা শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইচ্ছা, আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা থাকলে একজন শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নেও রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ফুলবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মোঃ আব্দুর রাজ্জাক।

শিক্ষকতার পাশাপাশি নিজ উদ্যোগে তথ্যপ্রযুক্তিগত দক্ষতা অর্জন করে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সহজ করতে তৈরি করেছেন ‘স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার’।

জানা যায়, মোঃ আব্দুর রাজ্জাক ২১ মে ২০০০ সালে সাতমেড়া ফুলবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি তথ্যপ্রযুক্তির প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। এ বিষয়ে তাঁর খুব বেশি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা আনুষ্ঠানিক কোর্স করার সুযোগ না থাকলেও অনলাইনের বিভিন্ন মাধ্যম, টিউটোরিয়াল ও নিজস্ব অধ্যবসায়ের মাধ্যমে সফটওয়্যার ও ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয় বিষয়গুলো শেখেন। অর্জিত এই জ্ঞানকে বিদ্যালয়ের কাজে লাগানোর চিন্তা থেকেই তাঁর এ উদ্যোগের সূচনা।

২০১৯ সাল থেকে শিক্ষকতার পাশাপাশি তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। বিশেষ করে পরীক্ষার ফলাফল প্রকাশের প্রচলিত ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করার পরিকল্পনা গ্রহণ করেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার কথা বিবেচনা করে বিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশের লক্ষ্যে তিনি ‘স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ তৈরির উদ্যোগ নেন।

পরিকল্পনা অনুযায়ী সফটওয়্যারটি তৈরি ও চালুর পর ২০২৩ সালে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রথম পর্যায়ে এতে প্রকাশ করেন। পরবর্তীতে বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষা-২০২৬-এর ফলাফলও একই সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করা হয়। এর ফলে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও এক ধাপ এগিয়ে যায়।

সফটওয়্যারটিতে শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের ব্যবস্থাই রাখা হয়নি; বরং বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগও রয়েছে। এতে বিদ্যালয়ের পরিচিতি, নামকরণ, প্রতিষ্ঠাতার নাম, শিক্ষক-শিক্ষিকাদের পরিচিতিসহ বিদ্যালয়ের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের যাবতীয় উপকরণ, আসবাবপত্র, নথিপত্র ও প্রয়োজনীয় সম্পদের তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার বিষয়টিও এতে যুক্ত করা হয়েছে। ফলে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ ও দাপ্তরিক তথ্য এক জায়গায় সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়া সফটওয়্যারে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য পৃথক পরিচিতি ও আইডি কার্ড ব্যবস্থাপনার সুবিধা রাখা হয়েছে। শিক্ষার্থীদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের তথ্যও ডিজিটালভাবে ব্যবস্থাপনার সুযোগ রয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন ফি, চাঁদা ও অন্যান্য আর্থিক আদায়সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও হিসাব ব্যবস্থাপনাও সফটওয়্যারের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। এতে কোন খাতে কী পরিমাণ অর্থ আদায় হচ্ছে, তার তথ্য সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী পর্যালোচনার সুযোগ সৃষ্টি হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীর জন্য রয়েছে আলাদা ড্যাশবোর্ড। এর মাধ্যমে ছাত্রীরা নিজেরা অথবা তাঁদের অভিভাবকেরা সহজেই প্রয়োজনীয় তথ্য ও পরীক্ষার ফলাফল দেখতে পারেন। ফলে বিদ্যালয়ে বারবার উপস্থিত না হয়েও অনলাইনে প্রয়োজনীয় একাডেমিক তথ্য জানার সুযোগ তৈরি হয়েছে।

এ উদ্যোগের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ফলাফল জানার প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের তথ্য ব্যবস্থাপনাও আরও সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের আসবাবপত্র, উপকরণ, নথিপত্র, শিক্ষক-শিক্ষার্থীর পরিচিতি, আইডি কার্ড এবং বিভিন্ন ফি ও চাঁদার হিসাবসহ গুরুত্বপূর্ণ তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এতে দাপ্তরিক কাজে সময় সাশ্রয় এবং তথ্য সংরক্ষণে শৃঙ্খলা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

শিক্ষক আব্দুর রাজ্জাকের এ উদ্যোগ প্রমাণ করে, ব্যক্তিগত আগ্রহ, আত্মপ্রচেষ্টা ও প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। খুব বেশি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই অনলাইনে নিজ উদ্যোগে শেখা দক্ষতাকে বাস্তবে প্রয়োগ করে তিনি বিদ্যালয়ের জন্য একটি কার্যকর প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা করেছেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও ডিজিটাল ব্যবস্থাপনা চালু করতে উৎসাহিত করতে পারে।

নিজের অর্জিত প্রযুক্তিগত দক্ষতাকে বিদ্যালয়ের কল্যাণে কাজে লাগিয়ে আব্দুর রাজ্জাক যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এ প্রচেষ্টা পঞ্চগড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।


নির্বাচিত

রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায়ও তাদের অবস্থান কর্মসূচি চলছিল।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল—‘গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই’, ‘আদু, যদু, মধু ভাই; তারা কি আর রাকসু চায়?’ এবং ‘প্রশাসনের কালক্ষেপণ, মানবে না শিক্ষাঙ্গন’।

রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাকসুর তফসিল ঘোষণা করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসন কেন কালক্ষেপণ করছে কিংবা কোন অজানা কারণে তফসিল ঘোষণা করছে না, তার জবাব প্রশাসনকেই দিতে হবে।’

তিনি বলেন, ‘রাকসু ও সিনেট অধিবেশন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। রাকসুর মেয়াদ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। রাকসু সফল না ব্যর্থ, সেটি বড় বিষয় নয়; বরং এটি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’

অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব আরিফ আলভী অভিযোগ করেন, কিছু মানুষের অদৃশ্য স্বার্থের কারণেই রাকসু নির্বাচন আটকে রাখা হয়েছে। রাকসু সচল থাকলে ক্যাম্পাসে জবাবদিহিতা তৈরি হয়। শিক্ষার্থীরা সচেতন থাকলে কেউ স্বৈরাচারী মনোভাব দেখানোর সাহস পায় না। এ কারণেই শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগ সীমিত করতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাকিম বলেন, ‘দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা নিজেদের আবেগ, মতামত ও অধিকারের কথা প্রকাশের একটি জায়গা পেয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ পরিবেশ বিরাজ করলেও রাকসুর কার্যক্রম কেন বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে প্রশাসনকে বারবার নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।’


নির্বাচিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতীকী ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩৭ জন রোগী ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন (সরকারি হাসপাতালে ২৪০ ও বেসরকারি হাসপাতালে ৮৮ জন) ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১১৬ জন, ময়মনসিংহে ৫৭ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৫,৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫০৭ জন।


নির্বাচিত

মাধবপুরে মোজাইক ফিল্টার শিল্পে ধস, লোকসানে পেশা ছাড়ছেন কারিগররা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুর এক সময় মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে বেশ জনপ্রিয় ছিল মোজাইক পাথর দিয়ে তৈরি পানির ফিল্টার। ঘরের সৌন্দর্য ও ব্যবহারিক সুবিধার কারণে অনেক পরিবারেই দেখা যেত এসব ফিল্টার। কিন্তু সময়ের পরিবর্তন, আধুনিক প্রযুক্তির প্রসার এবং বাজারে নানা ধরনের প্লাস্টিক ও আধুনিক ফিল্টারের সহজলভ্যতায় ক্রমেই হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প।

চাহিদা কমে যাওয়ায় লোকসানের মুখে পড়ে একের পর এক ব্যবসায়ী এ পেশা ছেড়ে দিচ্ছেন। হবিগঞ্জের মাধবপুরে তৈরি হতো জনপ্রিয় মোজাইক পাথরের পানির ফিল্টার। একসময় এখানকার বিভিন্ন কারখানা ও দোকানে দিনভর চলত ফিল্টার তৈরির কাজ।

মাধবপুরের এই শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের দাবি, আগের মতো অর্ডার ও ক্রেতা না থাকায় উৎপাদন কমিয়ে দিতে হচ্ছে। অনেকেই লোকসান সামলাতে না পেরে অন্য পেশায় চলে যাচ্ছেন। ফলে শুধু একটি ব্যবসা নয়, হারিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে স্থানীয় কারিগরদের দীর্ঘদিনের দক্ষতা ও কর্মসংস্থানের একটি ঐতিহ্যবাহী ক্ষেত্র।

কারিগরদের নিপুণ হাতে সিমেন্ট, মোজাইক পাথর ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হতো বাহারি নকশার পানির ফিল্টার। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব ফিল্টার সরবরাহ করা হতো দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ফিল্টারের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ঐতিহ্যবাহী এই শিল্প। একসময় মোজাইক পাথরের তৈরি পানির ফিল্টারের বেশ কদর ছিল। টেকসই গঠন, বাহারি নকশা ও দীর্ঘদিন ব্যবহারের সুবিধার কারণে সাধারণ মানুষের কাছে এর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। এসব ফিল্টার তৈরির সঙ্গে জড়িত ছিলেন অনেক কারিগর ও ব্যবসায়ী। কিন্তু বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বাজারে আধুনিক প্রযুক্তির পানির ফিল্টার, প্লাস্টিকের ফিল্টার ও বিভিন্ন ধরনের বিকল্প পণ্যের আধিপত্যে মোজাইক পাথরের ফিল্টারের বাজার সংকুচিত হয়ে পড়েছে।

ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিনই এসব ফিল্টার তৈরির অর্ডার পাওয়া যেত। ক্রেতাদের চাহিদা থাকায় উৎপাদন ও বিক্রিও ভালো হতো। কিন্তু বর্তমানে আগের মতো ক্রেতা পাওয়া যায় না। অথচ ফিল্টার তৈরির কাঁচামাল, শ্রমিকের মজুরি, পরিবহনসহ উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। সেই তুলনায় বিক্রয়মূল্য বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে প্রতিটি ফিল্টার বিক্রি করেই লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা তৈরি হচ্ছে। একজন ব্যবসায়ী বলেন, একসময় এই ব্যবসা করে আমাদের সংসার ভালোভাবেই চলত। নিয়মিত অর্ডার পাওয়া যেত। এখন মানুষ আধুনিক ফিল্টারের দিকে ঝুঁকছে। মোজাইক পাথরের ফিল্টারের চাহিদা অনেক কমে গেছে। উৎপাদন খরচও বেড়েছে। সব মিলিয়ে ব্যবসা করে লাভ তো দূরের কথা, অনেক সময় পুঁজিও উঠে আসে না তাই বাধ্য হয়ে এ পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে।

আরেক ব্যবসায়ী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত। এই পেশার সঙ্গে আমাদের জীবিকা ও অভিজ্ঞতা জড়িয়ে আছে। কিন্তু বাজারে চাহিদা না থাকায় দোকান ও কারখানার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন প্রজন্মও এ পেশায় আসতে আগ্রহী নয়। এভাবে চলতে থাকলে একসময় মোজাইক পাথরের পানির ফিল্টার তৈরির কারিগরই খুঁজে পাওয়া যাবে না। সংশ্লিষ্টদের মতে, আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পারা, প্রচার-প্রচারণার অভাব এবং নতুন বাজার তৈরি না হওয়াও এ শিল্পের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। অথচ সঠিক উদ্যোগ ও আধুনিক নকশার সমন্বয় ঘটাতে পারলে ঐতিহ্যবাহী এ শিল্পকে নতুনভাবে ফিরিয়ে আনা সম্ভব।

স্থানীয় ঐতিহ্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা মোজাইক পাথরের পানির ফিল্টার শিল্প এখন অস্তিত্ব সংকটে। সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে একসময় হয়তো স্মৃতির পাতায় জায়গা করে নেবে একসময়ের জনপ্রিয় এই শিল্প।


নির্বাচিত

অষ্টগ্রামে মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে জনপদ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
​মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম-মিঠামইন (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া নাজিরপুর এলাকায় রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। একটি প্রভাবশালী চক্রের এমন নির্বিচারে বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে পুরো জনপদ। হুমকির মুখে পড়েছে স্থানীয় নদী ব্যবস্থা এবং হাওরের জীববৈচিত্র্য।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে রাতের আঁধারে ড্রেজার ও শক্তিশালী পাম্প বসিয়ে নদীগর্ভ থেকে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে একটি অসাধু চক্র। নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে এই বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী ফসলি জমি, বসতভিটা ও বিভিন্ন গ্রামীণ অবকাঠামো এখন চরম ভাঙনের মুখে পড়েছে। বিশেষ করে লাউড়া নাজিরপুর এলাকার বাসিন্দারা বাড়িঘর ও আবাদি জমি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। নোয়াগাঁও গ্রামে ইতিমধ্যে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ইতোমধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সচেতন নাগরিক ও স্থানীয় যুবসমাজ এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ফেসবুকে এলাকাবাসী বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে এই অপকর্মের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রটি রাতের অন্ধকারকে পুঁজি করে অবৈধ এই রমরমা বাণিজ্য চালিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে নদীভাঙনের তীব্রতা আরও মারাত্মক আকার ধারণ করবে এবং অত্র অঞ্চলের যোগাযোগ ও জনবসতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

​আইনগত দিক ও বালুমহাল ব্যবস্থাপনা আইন: আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের মতে, মেঘনা নদী থেকে এভাবে রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং এর সংশোধিত বিধান অনুযায়ী— পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে ভূ-গর্ভস্থ বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ (আইনের ধারা ৫)। সেতু, কালভার্ট, ডেম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, এবং অন্য সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো বা বসতবাড়ির ১ কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ। এই আইনের বিধান লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করলে অপরাধের জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, পাম্প ও অন্যান্য যন্ত্রপাতি বাজোপ্ত করার বিধান রয়েছে।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রাতের আঁধারে মেঘনার বুক থেকে বালু উত্তোলনের এই অপচেষ্টা অবিলম্বে চিরতরে বন্ধ করা যায় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

​এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, বিষয়টি আমি অবগত আছি। খুব শিগগিরই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নির্বাচিত

বাজেট সংকটে থমকে পানাম নগরীর সংস্কার, ধ্বংসের মুখে ঐতিহ্য

৫২টি স্থাপনার মধ্যে ১০টিই ঝুঁকিপূর্ণ, ২০টি ভবন বিলুপ্তির দাবি
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মো: সজিব হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগরী। একসময় বাংলার সমৃদ্ধ বাণিজ্যিক জনপদ হিসেবে পরিচিত এই নগরী আজ প্রয়োজনীয় সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে। শত বছরের পুরোনো দৃষ্টিনন্দন ভবনগুলোর দেয়াল থেকে খসে পড়ছে ইট-সুরকি ও কারুকাজ। কোথাও ছাদ ধসে পড়েছে, কোথাও দেয়াল ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ অংশে ধরেছে ফাটল। এরই মধ্যে নগরীর ৫২টি টিকে থাকা ভবনের মধ্যে ১০টিকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণে এসব ভবনের কয়েকটিতে দর্শনার্থীদের প্রবেশও বন্ধ রাখা হয়েছে। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছেন পর্যটকেরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, দ্রুত বৈজ্ঞানিক পদ্ধতিতে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে অবশিষ্ট স্থাপনাগুলোও একে একে হারিয়ে যেতে পারে। বিশেষ করে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্বল হয়ে পড়া ভবনগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে নগরীর চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় প্রত্নসম্পদগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, মধ্যযুগে সোনারগাঁ বাংলার অন্যতম রাজধানী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। ঈসা খাঁর শাসনামলসহ বিভিন্ন সময়ে এ অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব ছিল ব্যাপক। মেঘনা ও শীতলক্ষ্যা নদীকেন্দ্রিক বাণিজ্যের কারণে দেশ-বিদেশের ব্যবসায়ীদের আনাগোনা ছিল এ জনপদে। পরবর্তী সময়ে উনিশ শতকের গোড়ার দিকে ধনাঢ্য ব্যবসায়ী ও জমিদারদের উদ্যোগে পানাম নগরীর বর্তমান স্থাপত্যসমৃদ্ধ বসতি গড়ে ওঠে। ঢাকা ও কলকাতাকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত বিত্তশালী ব্যবসায়ীরা এখানে দৃষ্টিনন্দন আবাসিক ভবন নির্মাণ করেন।

পানাম নগরীর উত্তর ও দক্ষিণ পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ভবনগুলো ঔপনিবেশিক, ইউরোপীয় রেনেসাঁ, ভিক্টোরীয় ও মোগল স্থাপত্যরীতির অনন্য সংমিশ্রণ। এক থেকে তিনতলাবিশিষ্ট এসব ভবনের দেয়াল, খিলান, বারান্দা, জানালা, লোহার গ্রিল, মোজাইক ও কারুকাজে রয়েছে তৎকালীন নির্মাণশৈলীর পরিচয়। নগরীতে রয়েছে মঠবাড়ি, পোদ্দার বাড়ি, নীলকুঠি, কাশীনাথের বাড়ি, টাঁকশাল বাড়ি, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, ভোজনালয়, বিচারালয় ও প্রমোদালয়সহ নানা ঐতিহাসিক স্থাপনা। নগরীর মাঝখান দিয়ে চলে গেছে একমাত্র প্রধান সড়ক। দুই পাশে খাল, পুকুর ও জলাধারকেন্দ্রিক পরিকল্পিত পানি ব্যবস্থাপনাও ছিল এ নগরীর অন্যতম বৈশিষ্ট্য।
তবে কালের বিবর্তনে মূল বাসিন্দাদের অনেকেই এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং পরবর্তী সময়ে ভবনগুলো পরিত্যক্ত হয়ে পড়ায় শুরু হয় অবক্ষয়। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে একসময় বসতবাড়িগুলো ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন অবহেলা ও যথাযথ তদারকির অভাবে মূল্যবান স্থাপত্য উপাদান নষ্ট হয়েছে। কোথাও ইট-সুরকি খসে পড়েছে, কোথাও দরজা-জানালা, কাঠের অংশ ও লোহার কারুকাজ হারিয়ে গেছে।

প্রত্নতাত্ত্বিক সূত্রে জানা যায়, ২০০১ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগরীর আংশিক অবৈধ দখলমুক্ত করে স্থাপনাগুলো সংস্কারের উদ্যোগ নেয়। তবে সংস্কারের নামে কয়েকটি ভবনের মূল স্থাপত্যিক সৌন্দর্য ও ঐতিহাসিক বৈশিষ্ট্য নষ্ট করার অভিযোগ ওঠে। বিশেষ করে নয়টি ভবনে যথাযথ পদ্ধতি অনুসরণ না করে চুন-সুরকির প্রলেপ দেওয়ার প্রতিবাদ জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ ও স্থানীয় সচেতন মহল। প্রতিবাদের মুখে একপর্যায়ে সংস্কারকাজ বন্ধ হয়ে যায়। পরে ২০০৩ সালে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আন্দোলনের পর পানাম নগরীকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়। ২০০৬ সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড বিশ্বের বিপন্ন ১০০টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগরীকে অন্তর্ভুক্ত করে।

সরেজমিনে দেখা গেছে, নগরীর অনেক ভবনের দেয়ালের নকশা ও অলংকরণ খসে পড়েছে। কয়েকটি ভবনের ছাদ ও দেয়ালের অংশবিশেষ ধসে গেছে। দীর্ঘদিনের আর্দ্রতা ও অবহেলায় দেয়ালে জন্মেছে গাছপালা ও শ্যাওলা। কোথাও গাছের শিকড় প্রবেশ করেছে ভবনের ভেতরে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করায় বাইরে থেকেই সেগুলো দেখতে হচ্ছে। ফলে পর্যটকেরা পানাম নগরীর ঐতিহাসিক স্থাপত্যের অনেক গুরুত্বপূর্ণ অংশ কাছ থেকে দেখার সুযোগ হারাচ্ছেন।
নগরীর চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় স্থাপনাগুলো কার্যত অরক্ষিত। একসময় নগরীকে ঘিরে থাকা খালগুলোও দখল ও দূষণের শিকার হয়েছে। স্থানীয় বাজার ও আশপাশের বসতবাড়ির ময়লা-আবর্জনা ফেলে এসব খালের অনেক অংশ নর্দমায় পরিণত হয়েছে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি নগরীর প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা ও স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত লোকবলও প্রয়োজনের তুলনায় কম। বিশেষ করে সরকারি ছুটির দিনগুলোতে দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পানাম নগরীর সংস্কার ও সংরক্ষণের অন্যতম বড় বাধা অর্থসংকট। ২০২৬-২৭ অর্থবছরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মোট বাজেট ৮৩ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় মাত্র ১৩ কোটি ১৮ লাখ টাকা। বাকি ৭০ কোটি ৩ লাখ টাকা পরিচালন ব্যয় হিসেবে বরাদ্দ রয়েছে। অথচ অধিদপ্তরের আওতায় রয়েছে দেশের ৫৫০টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও নিদর্শন। ফলে সীমিত উন্নয়ন বাজেট দিয়ে দেশের সব প্রত্নসম্পদের যথাযথ সংস্কার ও সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পানাম নগরীর জন্য বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ প্রকল্প গ্রহণের দাবি উঠেছে।
পানাম নগরীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাজেট প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। এ কারণে চাইলেই সব স্থাপনার সংস্কারকাজ করা সম্ভব হয় না। তবে পাইলট প্রকল্পের আওতায় দু-একটি ভবন সংস্কার করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক শাহেদ কায়েস বলেন, প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের অভাবে ইতিমধ্যে পানাম নগরীর ২০টি ভবন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। অবশিষ্ট ভবনগুলোও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। তাঁর আশঙ্কা, স্বল্পমাত্রার ভূমিকম্পও এ নগরীর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পানাম নগরীর আদি স্থাপত্যিক সৌন্দর্য ও নির্মাণশৈলী অক্ষুণ্ন রেখে দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি।
সংশ্লিষ্টদের মতে, পানাম নগরী কেবল কয়েকটি পুরোনো ভবনের সমষ্টি নয়, এটি বাংলার ইতিহাস, বাণিজ্য, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ দলিল। তাই দায়সারা সংস্কার নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থাপনাগুলো সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সীমানাপ্রাচীর নির্মাণ, খাল পুনরুদ্ধার, নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে পানাম নগরীকে রক্ষার দাবি জানিয়েছেন ইতিহাস ও ঐতিহ্যসচেতন ব্যক্তিরা।


নির্বাচিত

প্রশাসনিক সেবার পরিধি বাড়াতে নতুন থানা-পৌরসভা, বদলাচ্ছে দুই উপজেলা সদর

* মোকামতলা ও জৈন্তাপুর হচ্ছে পৌরসভা * মাতামুহুরী ও মোকামতলায় নতুন থানা
সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন থানা ও পৌরসভা গঠন, থানার নাম পরিবর্তন এবং উপজেলা প্রশাসনের সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে কক্সবাজার, বগুড়া, সিলেট, ময়মনসিংহ, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসছে। বিশেষ করে বগুড়ার মোকামতলা এলাকায় থানা ও পৌরসভা—দুই ধরনের নতুন প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে উঠবে। একই সঙ্গে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও কুমিল্লার বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কেন্দ্রের অবস্থানও নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্তগুলো জানান। প্রকাশিত তথ্য অনুযায়ী, সভায় মোট ছয় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত এসেছে—দুটি নতুন থানা, দুটি পৌরসভা, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলা সদর দপ্তর স্থানান্তর।

চকরিয়া ও শিবগঞ্জ ভাগ করে নতুন দুই থানা: কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন থানাটি স্থাপন করা হবে। এর ফলে চকরিয়া থানার ওপর নির্ভরশীল সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনিক কার্যক্রম পৃথকভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় মোকামতলা থানা স্থাপন করা হবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বগুড়ার এই অঞ্চলে পুলিশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারিত হচ্ছে। নতুন থানা দুটি স্থাপনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মোকামতলা ও জৈন্তাপুর হচ্ছে পৌরসভা: নগরসেবা ও স্থানীয় সরকার ব্যবস্থার আওতা বাড়াতে বগুড়া ও সিলেটে দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় মোকামতলা পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর পৌরসভা গঠিত হবে।

পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন প্রশাসনিক কাঠামো যুক্ত হবে। পরিকল্পিত নগরসেবা, নাগরিক সুবিধা এবং স্থানীয় অবকাঠামো ব্যবস্থাপনায় এর মাধ্যমে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে পৌরসভা দুটির ওয়ার্ড বিন্যাস, শ্রেণি ও কার্যক্রম শুরুর সময় সম্পর্কে সভার প্রকাশিত তথ্যে বিস্তারিত জানানো হয়নি।

পাগলা থানার নতুন নাম দক্ষিণ গফরগাঁও: ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিকার। এখন থেকে থানাটির নাম হবে দক্ষিণ গফরগাঁও থানা।

উপজেলা ও থানার নামের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠা এবং প্রশাসনিক পরিচিতি একীভূত করাই এ পরিবর্তনের মূল দিক। থানার নাম পরিবর্তনের প্রস্তাবও এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

চন্দ্রগঞ্জ ও বাঙ্গরা উপজেলা সদরের স্থান পরিবর্তন: সভায় লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা এবং কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের অবস্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর আগে মটবী ও চরচামিতা মৌজায় স্থাপনের প্রস্তাব ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেটি হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে। একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় নেওয়া হবে। দুটি ক্ষেত্রেই আগের প্রস্তাবিত অবস্থানের পরিবর্তে নতুন স্থান নির্ধারণ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট উপজেলাগুলোর প্রশাসনিক অবকাঠামো নির্মাণ ও দাপ্তরিক কার্যক্রমের কেন্দ্র কোথায় গড়ে উঠবে, তা নির্দিষ্ট হলো।

প্রশাসনিক পুনর্বিন্যাসে দুই বিভাগের ভূমিকা: নিকারের সভায় অনুমোদিত সিদ্ধান্তগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

প্রশাসনিক পুনর্বিন্যাসের এসব সিদ্ধান্তের মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমের কাঠামো সম্প্রসারণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা। নতুন থানা প্রতিষ্ঠিত হলে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের প্রশাসনিক উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হবে। পৌরসভা গঠনের ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন প্রতিষ্ঠান যুক্ত হবে। তবে সিদ্ধান্ত অনুমোদনের পর সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া, জনবল, অবকাঠামো এবং সেবা কার্যক্রমের প্রস্তুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এসব উদ্যোগের সুফল শেষ পর্যন্ত নির্ভর করবে বাস্তবায়নের গতি ও নাগরিক সেবার মানের ওপর।


নির্বাচিত

banner close