মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

সাংবাদিকদের আয়কর দেবেন প্রতিষ্ঠানের মালিক: হাইকোর্ট

বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২২ ১৫:০১

সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মচারীদের আয়কর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক দেবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

নবম ওয়েজ বোর্ডে মন্ত্রিসভা কমিটির দুটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিটের রুল যথাযথ ঘোষণা করে আজ রোববার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী আখতার হামিদ। তার সঙ্গে ছিলেন দিদারুল আলম দিদার।

পরে আইনজীবী দিদার জানান, নবম ওয়েজ বোর্ড অনুসারে সাংবাদিক, প্রেস শ্রমিক এবং সংবাদমাধ্যম অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের আয়কর দেবেন প্রতিষ্ঠানের মালিকরা। হাইকোর্ট এ সংক্রান্ত রায় দিয়েছেন। রায়ে আয়কর ও গ্র্যাচুইটির বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।

এছাড়া বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি নবম ওয়েজ বোর্ড নিয়ে যে সুপারিশ করেছে, তা বহাল থাকবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশিত হয়। ওই ওয়েজ বোর্ডে দেখা যায়, বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি যে সুপারিশ করেছে, তার শেষে মন্ত্রিসভা কমিটি দুটি শর্ত জুড়ে দিয়েছে।

শর্তের মধ্যে ছিল সাংবাদিকদের আয়কর যার যারটা সে দেবেন। আর গ্র্যাচুইটি দুটির স্থলে একটি পাবেন।

মন্ত্রিসভার এই শর্তের বিধান চ্যালেঞ্জ করে বাসস এমপ্লোয়ি ইউনিয়নের সেক্রেটারি মাহবুবুজ্জামান ২০২০ সালের ২৩ নভেম্বর হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ২৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে রোববার রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

২০১৮ সালের ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়। বোর্ড ওই বছরের ২৮ অক্টোবর মজুরি নির্ধারণ করে প্রতিবেদন জমা দেয়।


উপকূলে সৌন্দর্য ছড়াচ্ছে গোল গাছের ফুল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

উপকূলীয় অঞ্চলে প্রকৃতির বুকে নতুন করে সৌন্দর্যের বার্তা ছড়াচ্ছে গোল গাছের ফুল। শরণরখোলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় এখন গোল গাছ ফুলে ফুলে সেজেছে, যা প্রকৃতিপ্রেমীদের দৃষ্টি কাড়ছে।

স্থানীয়রা জানান, বছরের এই সময়ে গোল গাছে ফুল ফোটে এবং তা উপকূলের পরিবেশকে করে তোলে আরও মনোরম। বিশেষ করে সুন্দরবনের পাশে নদীর পাড়, খাল-বিল আর বনাঞ্চলের পাশে এই ফুলের উপস্থিতি এক ভিন্ন আবহ তৈরি করেছে। সকালে সূর্যের আলো আর বিকেলের নরম হাওয়ায় ফুলগুলো যেন জীবন্ত হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা মো. দুলাল ফরাজি বলেন, গোল গাছের ফুল ফুটলে মনে হয় প্রকৃতি নতুন করে হাসছে। এই দৃশ্য আমাদের মন ভালো করে দেয়।

পরিবেশবিদদের মতে, গোল গাছ শুধু সৌন্দর্যই বাড়ায় না, এটি উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গাছ মাটি ধরে রাখে এবং ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষতি কিছুটা কমাতে সহায়তা করে।

তারা আরও বলেন, উপকূলের এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে বন উজাড় বন্ধ এবং পরিবেশের প্রতি সচেতনতা বাড়ানো জরুরি।


নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার পোরশা উপজেলায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি ইজিবাইকও উদ্ধার করা হয়েছে। গত সোমবার (২৩ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ বিকেল ৪টার দিকে পোরশা থানার শিশা বাজার এলাকা থেকে সরাইগাছি বাজারে যাওয়ার কথা বলে দুই ব্যক্তি একটি ইজিবাইক ভাড়া নেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ইজিবাইকটি শিশা বাজার অতিক্রম করে যাত্রী ছাউনির কাছে পৌঁছালে যাত্রীবেশী ওই দুই ব্যক্তি চালকের ওপর চেতনানাশক স্প্রে প্রয়োগ করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা, সাপাহার ও পত্নীতলা থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হয়। পাশাপাশি বিভিন্ন সড়কে চেকপোস্ট জোরদার করা হয়।

অভিযানের একপর্যায়ে, ঘটনার কয়েক ঘণ্টা পর ২১ মার্চ ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শিশা বাজার এলাকায় ইজিবাইকটি নিয়ে পালানোর সময় স্থানীয় জনগণের সহায়তায় পত্নীতলা থানা পুলিশ ইজিবাইকটি উদ্ধার করে এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

এরা হলেন- আব্দুল্লাহ ইসলাম (২৪) ও রনি বাবু (২৭)। তারা পত্নীতলা উপজেলার ভগিরতপুর গ্রামের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী ইজিবাইকচালক রায়হান পোরশা থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


বাড়ি গিয়ে কোরআন শরীফ বাধাই করাই অলিউর রহমানের পেশা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালি পোলেরহাট এলাকার বাসিন্দা মো. অলিউর রহমান (৬০) ৩০ বছর ধরে বাড়ি বাড়ি গিয়ে কোরআন শরীফসহ বিভিন্ন বই বাধাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। নিজের কোনো স্থায়ী দোকান না থাকায় তিনি বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের বাড়িতে গিয়ে ছেঁড়া বা পুরোনো বই নতুন করে বাঁধাই করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অলিউর রহমান শরণখোলা, মোড়েলগঞ্জ, কচুয়া, মোংলা ও রামপালসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই কাজ করেন। বিশেষ করে পবিত্র কোরআন শরীফ বাধাইয়ের কাজই তার আয়ের প্রধান উৎস।

অলিউর রহমান বলেন, প্রায় তিন দশক ধরে তিনি এই পেশার সঙ্গে জড়িত। আগে বই বাধাইয়ের কাজের বেশ চাহিদা থাকলেও এখন আগের মতো কাজ পাওয়া যায় না। এতে করে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

তার পরিবারে তিনজন সদস্য রয়েছেন। সীমিত আয়ের মধ্যেই তিনি পরিবার নিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। তার ছেলে ডিগ্রি পাস করলেও পরিবারের আর্থিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।

তাফালবাড়ি বাজারের ব্যবসায়ী রিপন মুন্সি বলেন, অলিউর রহমান একজন পরিশ্রমী মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এই কাজ করেন। কিন্তু বর্তমানে কাজের চাহিদা কমে যাওয়ায় তাকে অনেক কষ্ট করে চলতে হচ্ছে। ফলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন বই বাধাইয়ের এই কারিগর।


ভৈরবে ফিলিং স্টেশনে দুইশ টাকার বেশি জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি  

কিশোরগঞ্জের ভৈরবের ফিলিং স্টেশনগুলিতে গ্রাহকরা দুইশ টাকার বেশি জ্বালানি পাচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন যানবাহনের চালকরা।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভৈরব শহরের মোল্লা ফিলিং স্টেশনে সীমিত পরিসরে গ্রাহকদের জ্বালানি দিচ্ছে। উপজেলার শিবপুর ইউনিয়নের পান্নাউল্লাহচর এলাকার ভাই ভাই ফিলিং স্টেশনে অকটেন, পেট্রোল না থাকায় গ্রাহকদের তেল সরবারাহ বন্ধ রয়েছে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মিন্টু মিয়া ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। তবে গ্রাহকরা অভিযোগ করে বলেন, চাহিদা অনুয়ায়ী জ্বালানি পাচ্ছে না। পাম্প থেকে প্রত্যক বাইকরাদের ২-৩ শত টাকার জ্বালানি দেয়া হচ্ছে।

মোটরসাইকেল চালক সালেহ আহমেদ বলেন, ঢাকা থেকে ভৈরব পর্যন্ত প্রত্যক পাম্পে তেলের যথেষ্ট সরবরাহ আছে কিন্তু তারা সিন্ডিকেট করে বাইকরাদের চাহিদা অনুযায়ী দিচ্ছে না। এতে আমরা যারা বাইকরা তারা খুবই ভোগান্তিতে পড়েছি। বর্তমান সরকার যেন দ্রুত জ্বালানি সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

ঔষধ কোম্পানি প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, আমাদের কর্মের প্রয়োজনে মাঠ পর্যায়ে থাকতে হয়। সেজন্যই বাইকে বেশি তেল রাখতে হয়। কিন্তু আমরা আমাদের চাহিদা মত জ্বালানি পাচ্ছি না। এতে অনেক দুর্ভোগের স্বীকার হচ্ছি। এতে আমাদের কাজে বিঘ্ন ঘটছে।

মোল্লা ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, গত দুই দিন ধরে আমাদের পাম্পে অকটেন, পেট্রোল শেষ হয়ে যাওয়ায় গ্রাহকদের তেল দেয়া বন্ধ রয়েছে। আজকে ডিপো থেকে তেল আনতে লোক পাঠিয়েছি। আশা করছি কাল থেকে গ্রাহকরা তাদের চাহিদা অনুয়ায়ী জ্বালানি পাবে।

ভৈরব ভাই ভাই ফিলিং স্টেশন মালিক আব্দুল হাই বলেন, ঈদের লম্বা ছুটি থাকায় ব্যাংকে পেঅর্ডার করতে পারি নি সেজন্যই পাম্পে পর্যাপ্ত তেলের সরবরাহ কম রয়েছে। সেজন্যই আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল নিতে পারছি না। তবে রাত থেকে তেলের সরবরাহ পর্যাপ্ত থাকবে বলে তিনি জানান।


শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চট্রগ্রাম জেলা প্রতিনিধি

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছে। আজ মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত তিনটি ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়ার একটি আগমন ও একটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। তবে সব ফ্লাইট বন্ধ ছিল না। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং পাঁচটি ফ্লাইট নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট স্থবিরতা এখনো কাটেনি।

শাহ আমানত বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল (জনসংযোগ) জানান,পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


রোমাঞ্চ যখন মরণফাঁদ, ছবির নেশায় হতে পারে জীবনের ইতি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান। চিরসবুজ এই বনের বুক চিরে চলে গেছে আঁকাবাঁকা রেললাইন। দুপাশে ঘন অরণ্য আর ছায়াঘেরা পরিবেশের এই মনোরম দৃশ্য পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। কিন্তু এই অপার সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ংকর ‘মৃত্যুফাঁদ’। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক-ভিউ পাওয়ার নেশায় জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনে ছবি ও ভিডিও তুলতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণহানির মতো ঘটনা।

সাম্প্রতিক সময়ে পর্যটকদের মধ্যে রেললাইনে দাঁড়িয়ে বা বসে ছবি তোলার এক বিপজ্জনক প্রবণতা লক্ষ্য করা গেছে। গত বছরের ১৯ ডিসেম্বর শ্রীমঙ্গল-কমলগঞ্জ রুটের লাউয়াছড়া বনাঞ্চলে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, নিখুঁত একটি ফ্রেমের খোঁজে মগ্ন থাকা ওই শিক্ষার্থী বুঝতেও পারেননি কখন ইঞ্জিনটি তাকে আঘাত করেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন উদ্বেগের সাথে জানান, "রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি তোলা এখন অনেকের কাছে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়, বরং একটি নিয়মিত ঝুঁকিপূর্ণ প্রবণতা।"

লাউয়াছড়ার প্রাকৃতিক বৈশিষ্ট্যই এখানে বিপদের মাত্রা বাড়িয়ে দেয়। বনটি ঘন বৃক্ষরাজিতে ঘেরা এবং এর ভেতর দিয়ে যাওয়া রেললাইনটি বেশ আঁকাবাঁকা। ফলে অনেক সময় খুব কাছ থেকে ট্রেন না আসা পর্যন্ত দেখা বা শব্দ শোনা যায় না। বনের শান্ত পরিবেশে ট্রেনের গতিবেগ অনেক সময় বিভ্রান্তি তৈরি করে, ফলে পর্যটকরা সরে যাওয়ার পর্যাপ্ত সময় পান না।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘুরতে আসা আব্দুল্লা আল কাফি এর বক্তব্যে উঠে এল এক রূঢ় বাস্তবতা। তিনি বলেন, "অনলাইনে লাইক-ভিউ পাওয়ার আকাঙ্ক্ষা অনেক সময় নিরাপত্তার বিষয়টিকে আড়াল করে দেয়। এই ভিউ এত সুন্দর যে ছবি না তুললে মনে হয় ভ্রমণটাই অসম্পূর্ণ।" একই সুর শোনা গেল রাজশাহী থেকে আসা পর্যটক শেখ মুন্নার কণ্ঠে। তিনি জানান, সবাই ছবি তুলছে দেখে তিনিও পিছিয়ে থাকতে চাননি।

স্থানীয় ট্যুর গাইড সাজু মারছিয়াং জানান, পর্যটকরা প্রায়ই রেলকর্মীদের বা গাইডের সতর্কবার্তাকে তোয়াক্কা করেন না। এমনকি উঁচুতে থাকা রেল সেতুতে উঠে ছবি তুলতে গিয়েও অতীতে দুর্ঘটনার নজির রয়েছে।

মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হকের মতে, সচেতনতার অভাব, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাবই এই সংকটের মূল কারণ। তিনি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান।

সাংবাদিক সালাউদ্দিন শুভ বলেন, "কয়েক সেকেন্ডের রোমাঞ্চ বা একটি ছবির মূল্য কি জীবনের চেয়ে বড়? প্রকৃতির সৌন্দর্য উপভোগের অধিকার সবার আছে, কিন্তু তা যেন প্রাণ কেড়ে না নেয়।"

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন, পর্যটন মৌসুমে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। রেললাইনে যাতে কেউ ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করতে না পারে, সেজন্য পুলিশ ও বন বিভাগ কাজ করছে।

রেললাইন কোনো বিনোদন কেন্দ্র নয়, এটি একটি সক্রিয় পথ। আপনার একটি অসতর্ক মুহূর্ত কেড়ে নিতে পারে আপনার জীবন এবং স্তব্ধ করে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন।


লালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন, ছোটবাদকয়া গ্রামের জাহিদুল ইসলাম (৫০), মনির হোসেন (২৭) ও বাবুল (৫০)।

এবং আহতরা হলেন, বড়বাদকয়া গ্রামের মিঠুন (৩০), ভেল্লাবাড়িয়া গ্রামের গোলাম রাব্বী, রাজিবুল ইসলাম (২৬), রামকৃষ্ণপুর গ্রামের মজনু (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাত্রীবাহী একটি ইজিবাইক যাওয়ার পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন আহত হোন। আহতদের উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পাঁচজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই মনির ও বাবুল নামে আরো দুইজন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

সামাজিক আন্দোলনে মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২৩ মার্চ) লক্ষ্মীপুর সদর উপজেলার জয়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি ১৭ বছরের ট্রেন্ড এখনো মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে। ওই ব্যক্তিরা এ আমলে এত প্রভাব বিস্তার করার কথা না। তাহলে নিশ্চয়ই কেউ তাদেরকে আন্ডারগ্রাউন্ডে সহযোগিতা করছে। পুলিশ প্রশাসন ও এলাকাবাসি মিলে এই এলাকাকে মাদকমুক্ত করতেই হবে। এটা আমাদের চ্যালেঞ্জ। সামাজিক আন্দোলনের মাধ্যমেই আমরা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো।

এ্যানি চৌধুরী জামায়াতকে ইঙ্গিত করে বলেন, তারা বলেছিলেন এটা ফ্যামিলি কার্ড নয়, এটা ভুয়া কার্ড। ইতোমধ্যে আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। আমরাও লক্ষ্মীপুরে প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দিয়ে প্রমাণ করবো, ফ্যামিলি কার্ডটা ভুয়া নয়। এটার সুবিধা প্রত্যেকটা পরিবার পাবে। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য এটা আমাদের ৩১ দফার অনেকগুলো পয়েন্ট। প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়নে এখন থেকে আমরা কাজ করছি।

তিনি বলেন, মাত্র একটা মাস আমরা পার করেছি। এরমধ্যে আমাদের প্রধানমন্ত্রীর যে মহতী উদ্যোগ এটা দৃশ্যমান, লক্ষণীয়। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মাস কার্ড একের পর এক তিনি দৃশ্যমান পাইলট প্রোগ্রাম হিসেবে নিয়ে এসেছেন। সহসায় আপনাদের কাছে সেগুলো পৌঁছে যাবে। ঢাকাতে শুরু করেছেন, এখনো লক্ষ্মীপুরে শুরু করেননি। এটার জন্য সময় দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়াসহ অনেকে।


সারাদেশে তেলশূন্য হয়ে বন্ধ অধিকাংশ ফিলিং স্টেশন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ শেষ হতে না হতেই সারাদেশে এক ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে পেট্রল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ঈদের পরদিন থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ মানুষ। তেলের মজুদ ফুরিয়ে যাওয়ায় অধিকাংশ জেলার ফিলিং স্টেশনগুলোতে দড়ি টানিয়ে বা নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই সংকট এখন চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিপো থেকে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম জ্বালানি তেল পাওয়া যাচ্ছে, যার ফলে তারা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না। অনেক ক্ষেত্রে তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের সাথে পাম্প কর্মচারীদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির খবরও পাওয়া গেছে।

সবচেয়ে ভয়াবহ চিত্র লক্ষ্য করা গেছে পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে। এই রুটের ৯৩ কিলোমিটার এলাকার ৪৬টি ফিলিং স্টেশনের মধ্যে ৪৩টিই বর্তমানে বন্ধ রয়েছে। কুড়িগ্রাম জেলার ২০টি পাম্পের একটিতেও জ্বালানি তেল নেই, যার ফলে রবিবার থেকেই সবগুলো স্টেশন বন্ধ রাখা হয়েছে। রাজশাহীতে ৪৪টি স্টেশনের মধ্যে অর্ধেকেরও বেশি বন্ধ। রাজশাহী জেলা পেট্রল পাম্প মালিক সমিতি জানিয়েছে, ঈদের আগে মজুদ থাকা তেল শেষ হয়ে যাওয়ায় এবং বাঘাবাড়ি ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ এতটাই কম যে, সাড়ে ১৩ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন লরিতে মাত্র তিন হাজার লিটার তেল পাওয়া যাচ্ছে। জনরোষ সামাল দিতে রাজশাহীর পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েনের দাবিও তুলেছেন মালিকরা।

দক্ষিণাঞ্চলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরিশাল নগরীসহ ১০টি উপজেলার মহাসড়ক সংলগ্ন পাম্পগুলো দিনের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে। তেলের সংকটে বরিশাল ও খুলনার পাম্প মালিকরা জানিয়েছেন, তারা ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাও পাম্প চালু রাখতে পারছেন না। খুলনার ৩৬টি পাম্পই বর্তমানে সংকটের মুখে রয়েছে। অন্যদিকে, চট্টগ্রামের ৩৮৩টি পাম্পের অনেকগুলোতে অকটেন থাকলেও ডিজেল নেই, আবার কোথাও ডিজেল থাকলেও অকটেন মিলছে না। তবে চট্টগ্রাম বিভাগের পাম্প মালিক সমিতির নেতারা আশা প্রকাশ করেছেন যে, মঙ্গলবার ব্যাংক খোলার পর পে-অর্ডার জমা দেওয়া সম্ভব হলে বিকেলের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। মূলত ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় এবং ডিপোগুলোর সীমিত সরবরাহের কারণে এই সংকট প্রকট হয়েছে।

বগুড়া ও রংপুরের চিত্রও প্রায় একই। বগুড়ার ৭২টি পাম্পের মধ্যে ৩৫টি এবং রংপুরের ৪০টির মধ্যে ২০টিই বর্তমানে বন্ধ রয়েছে। ময়মনসিংহেও বেশিরভাগ পাম্প ঈদের দিন থেকেই বন্ধ রাখা হয়েছে। এই তীব্র সংকটের সুযোগে কিছু অসাধু চক্র ছোট ছোট বাজারে লিটারপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকায় তেল বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ গ্রাহকদের অনেকের ধারণা, তেলের দাম বৃদ্ধির আশায় পাম্প মালিকরা সিন্ডিকেট করে মজুদ গড়ে তুলেছেন। যদিও মালিকরা এই অভিযোগ অস্বীকার করে সরবরাহ ঘাটতিকেই প্রধান কারণ হিসেবে দায়ী করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুড়িগ্রামসহ কয়েকটি জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাম্পগুলোতে বিশেষ অভিযান চালানো হলেও কোথাও পর্যাপ্ত তেলের সন্ধান মেলেনি।

বর্তমান এই জ্বালানি বিপর্যয়ের ফলে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা প্রদানকারী যানবাহনগুলোও সময়মতো জ্বালানি না পেয়ে সংকটে পড়ছে। অনেক জায়গায় পাম্পে দীর্ঘ সারি এবং রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার চেষ্টা করা হলেও তা পর্যাপ্ত নয়। ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অচলাবস্থা কাটার সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। সারাদেশে তেলশূন্য হয়ে পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ায় স্থবিরতা নেমে এসেছে সড়ক যোগাযোগ ব্যবস্থায়, যা সাধারণ মানুষের ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরার পথকে আরও কণ্টকাকীর্ণ করে তুলেছে।


বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী, গ্রেফতার ১

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জে সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। রোববার (২২ মার্চ) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান কৌশলে তার সহপাঠীকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে, অভিযুক্ত তাকে সন্ধ্যার দিকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তুহিন গল্লাক আদর্শ কলেজের শিক্ষার্থী এবং উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের বাসিন্দা। ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক নিশ্চিত করেছেন যে, অভিযুক্তকে ইতিমধেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও কারেন্ট জাল আটক করল বিজিবি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও কারেন্ট জাল জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (বিজিবি ১৬)।

সোমবার (২৩ মার্চ ২০২৬) ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোমস্তাপুর উপজেলার রহনপুর ও রামদাসপুর বিওপির একটি যৌথ টহল দল এই অভিযান চালায়। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে রামদাস বিল এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১৫৭ কেজি কারেন্ট জাল, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ২০ হাজার ৫০০ টাকা। বিজিবি সূত্র নিশ্চিত করেছে যে, আটককৃত এই মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্ত এলাকায় মাদক, গরু ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


উদ্বোধনের আগেই ধসে পড়ল সড়ক, পরিচালক-প্রকৌশলীকে বরখাস্ত করল প্রতিমন্ত্রী

আপডেটেড ২৩ মার্চ, ২০২৬ ১৯:২৬
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদের পাড়ঘেঁষা একটি নবনির্মিত সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সোমবার (২৩ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে নির্মাণকাজে চরম গাফিলতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তিনি প্রকল্পের পরিচালক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেনসিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকল্প পরিচালক কে এম হারুনুর রশীদ এবং প্রকৌশলী শামছুর রহমান। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নিজেই সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে তাদের বরখাস্তের আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন।

তুরাগ নদের পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে বাস্তবায়িত এই সড়কটি গত ১৫ ফেব্রুয়ারি হঠাৎ করেই ধসে যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ উদ্বেগের সৃষ্টি করে। এই পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান যে জনগণের টাকায় নির্মিত উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পূর্বের কমিটি বিলুপ্ত করে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগও এই ধসের একটি কারণ হতে পারে।

সিটি করপোরেশনের তথ্যমতে, এই সড়ক উন্নয়ন প্রকল্পটি দুটি প্যাকেজের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল সেন্টার লিমিটেড (ইউসিসিএল) বাস্তবায়ন করছিল। প্রকল্প দুটির প্রাক্কলিত ব্যয়ের চেয়েও বেশি মূল্যে কার্যাদেশ দেওয়া হয়েছিল, যার মোট পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি টাকার উপরে। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই কাজের মান নিয়ে সন্দেহ থাকলেও যথাযথ তদারকির অভাবেই কোটি টাকার এই প্রকল্প উদ্বোধনের আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে এলাকাবাসী স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত মানসম্মতভাবে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।


ঈদের ছুটিতে গুলশানে বাড়ি দখলের অভিযোগ, পুলিশ কর্মকর্তাকে বদলি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিতে রাজধানীর গুলশানে একটি বাড়ি দখলের অভিযোগে বির্তকের মুখে পড়া সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদকে অবশেষে বদলি করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে ডিএমপির মানবসম্পদ বিভাগে সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযোগ রয়েছে যে, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) গুলশান ১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটে। ভুক্তভোগী বাড়ির মালিকের দাবি অনুযায়ী, গুলশান জোনের এসি আলী আহম্মেদ মাসুদসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যের মদদেই এই অঘটন ঘটেছে এবং উল্টো ভুক্তভোগীদেরই নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনমনে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে ডিএমপি কর্তৃপক্ষ এই শাস্তিমূলক বদলির সিদ্ধান্ত নেয়। তবে আলী আহম্মেদ মাসুদকে বদলি করা হলেও এই ঘটনায় অভিযুক্ত অন্যান্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এসি মাসুদসহ জড়িত অন্য সকল পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।


banner close