শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২৯ ফাল্গুন ১৪৩২

সৈয়দপুরে শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত

সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মতবিনিময় সভায় উপস্থিত নেতা-কর্মীরা। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড
১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:২৫
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও কর্মীসভা হয়েছে। আজ শনিবার বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রমিকদলের রংপুর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক কাজী আমিরুল ইসলাম ফকু।

জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এম এ পারভেজ লিটন, মানোয়ার হোসেন মন্টু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শওকত চৌধুরী, শওকত হায়াত শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শেখ বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধা ও দক্ষতার ভিত্তিতে প্রত্যেকটি উপজেলা পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে শ্রমিক দলের কমিটি গঠন করা হবে। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও মহান স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত হয়।


নারীদের জন্য ওয়াশ ব্লক তৈরি করল পঞ্চগড় জেলা পরিষদ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পঞ্চগড় প্রতিনিধি

ঐতিহ্যবাহী পঞ্চগড় বাজার পূর্বে এটি ছিল হাঁট-কালের বিবর্তনে বর্তমানে বাজারে পরিণত হয়েছে। পঞ্চগড় জেলার ৫টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার এটি। বাজার তৈরি হওয়ার পর থেকে নারীদের জন্য কোন প্রকার ওয়াশ ব্লক ছিল না। ওয়াশ ব্লক না থাকায় নারীদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক নারীরা তাদের আত্মীয়দের বাসায় যান। যাদের কোন নিকটতম আত্মীয় নেই সে সব নারীদের বাধ্য হয়ে কেনাকাটা বাদ দিয়ে বাড়ির পথে হাটতে হয়।

সে সব বিষয় বিবেচনা করে পঞ্চগড় জেলা পরিষদ ২টি ওয়াশ ব্লক তৈরি করেন। পঞ্চগড় পৌরসভা স্থাপিত হওয়ার কয়েক বছর পরেই পুরুষদের ওয়াশ ব্লক তৈরি হয় কিন্তু ৩ যুগ পরেই নারীদের ওয়াশ ব্লক তৈরি করেন পঞ্চগড় জেলা পরিষদ।

একজন ভোক্তভোগী , মোছাঃ ফাতেমা বেগম ৯নং মাগুরা ইউনিয়নের বাসিন্দা তিনি জানান, বাজার করতে এসে ওয়াশ ব্লকের প্রয়োজন হলে তখন আমাদেরকে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়। তিনি আরও জানান যে ২টি ওয়াশ ব্লক তৈরি হয়েছে সেই ওয়াশ ব্লক খোলা হলে আমাদের নারীদের জন্য অনেক উপকার হবে বলে আশা করি।

পঞ্চগড় বাজার ও বাসস্ট্যান্ড এ মহিলাদের জন্য ২টি ওয়াশ ব্লক নির্মাণ করেন জেলা পরিষদ পঞ্চগড় অর্থবছর ২০২৪-২৫খ্রি.।

প্রধান নির্বাহী কর্মকর্তা (ভা:) জেলা পরিষদ পঞ্চগড়, অঞ্জন কুমার সরকার জানান যে, ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে চাবি নেওয়া হয়েছে, পূর্বে থেকে পুরুষের ওয়াশ ব্লক রয়েছে, সেই স্থানেই বর্তমানে নারীদের ওয়াশ ব্লক স্থাপন করা হয়েছে, আগামীকাল খোলার পর পরিষ্কার পরি”ছন্নতার পরে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হবে, এবং নারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে।


সোনামসজিদ বন্দরে ভারতগামী যাত্রীর কাছে মিলল স্বর্ণের বার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় দুটি স্বর্ণের বারসহ মো. সানি নামে একজনকে আটক করেছে বিজিবি। সনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়। শুক্রবার (১৩ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

বিজিবি জানায় নিয়মিত তল্লাসীর সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে ধাতব বস্তুর সংকেত পাওয়া গেলে সনি মাই নামে বাংলাদেশি পাসপোর্টধারী ভারতগামী ওই যাত্রীকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে এক্স-রে করে পায়ু পথে থাকা দুটি স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায়। উদ্ধার করা দুটি স্বর্ণের বারের ওজন ২৩১ দশমিক ৮১ গ্রাম। চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষা করে এগুলো খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করেছে। যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা নানা কৌশল অবলম্বন করছে। তবে এসব অপকৌশল প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


ইবি শিক্ষিকা রুনা হত্যার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ‘পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ড ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। সিসিটিভি ফুটেজে বিভাগের শিক্ষক সহ সকল স্টাফ আধা ঘণ্টার মধ্যে বিভাগ ত্যাগ করে হত্যাকাণ্ডের পূর্বমুহূর্তে ওই শিক্ষিকাকে একা রেখে প্রস্থান করছিলেন তারা। এতে তাদের প্রতি সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

গত বুধবার (৪ মার্চ) বিকেল ৪ টার দিকে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমানের ছুরিকাঘাতে নিজ কক্ষে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ওই শিক্ষিকা।

ক্যাম্পাস ও বিভাগ সূত্রে, ঘটনার দিন সমাজকল্যাণ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ করে শিক্ষিকা রুনা নিজ কক্ষে অবস্থান করছিলেন। ওইদিন বিভাগে ইফতার মাহফিলের আয়োজনের বিল উত্তোলনের জন্য নোট প্রস্তুত করতে বলেন বিভাগের সেমিনার লাইব্রেরিয়ান ফজলুল হককে। এ সময় বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক, কর্মচারী সোহাগ, নৈশপ্রহরী সুমন-সহ বিভাগের শিক্ষক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পূর্বে একে একে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বিভাগ ত্যাগ করেন। বিভিন্ন কাজে বিভাগ ত্যাগ করায় ওই সময়ে শিক্ষিকা রুনা একবারেই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। এই সুযোগে ফজলুর রহমান শিক্ষিকার কক্ষে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এ সময় বিভাগের আশেপাশের কক্ষগুলোতে কেউ না থাকায় তৎক্ষনাৎ কারও সাহায্য পান নাই নিহত শিক্ষিকা রুনা।

জানা যায়, হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগে দাপ্তরিক কাজে অদক্ষ হওয়ায় ওই বিভাগের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎকে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল এবং অসদাচারণের কারণে মাসখানেক আগে ফজলুর রহমানকে (খুনি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়।

ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি অনুষদ ভবনের অভ্যন্তরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত বুধবার (৪ মার্চ) ঘটনার দিন বিকেল ৩ টায় ৩৮ মিনিটে শিক্ষক হাবিবুর রহমান বিভাগ ত্যাগ করেন। পরে বিকেল ৩ টায় ৪১ মিনিটে বিভাগের কর্মকর্তা মোজাম্মেল এবং ফজলুল হক (লাইব্রেরিয়ান) ও সোহাগ বিপরীত পাশের গেট দিয়ে অনুষদ ভবন ত্যাগ করেন। এ সময় নতুন সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল কর্মচারী নৈশপ্রহরী সুমনকে বলেন, তারা যতক্ষণ না আসে ততক্ষণ চেয়ারম্যানের এখানে যেন থাকে এমনটা জানান ফজলু (লাইবেরিয়ান) ও কর্মচারী সোহাগ। অর্থাৎ নৈশপ্রহরী সুমনকে বিভাগের দেখভালের দায়িত্ব দিয়ে যান। তবে হত্যাকাণ্ড ঘটনার মাত্র তিন মিনিট আগে (৪ টায় ৯ মিনিট) সুমনও বিভাগ ছেড়ে একই গেইট দিয়ে বেরিয়ে যান। একই সময়ে ভবনের সম্মুখ গেইট দিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী মজিদকে ভবনে ঢুকে দোতলার ঘটনাস্থলের সামনে দিয়ে তৃতীয় তলার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উঠতে দেখা যায়।

এর পূর্বে, বিকেল ৪ টা ১ মিনিটে ফজলুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিচেন রুম থেকে পকেটে করে পলিথিনে মোড়ানো ‘অজ্ঞাত বস্তু’ নিয়ে বের হয়ে আর সেখানে ফিরে নাই। তবে এর আগে ওই কক্ষে বস্তুটি নিয়ে তাকে বেশ কিছুক্ষণ লুকোচুরি ও পায়চারি করতে দেখা যায়। পরে ফজলুর ৪টা ৪ মিনিটে তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলার রুনার কক্ষের দিকে যান। সেখান থেকে আবার তিনি ৪ টা ৮ মিনিটে ফিরে আসেন। পরে ফজলুর ৪ টা ১০ মিনিটে তৃতীয় তলা থেকে সিড়ি দিয়ে নেমে ফের দ্বিতীয় তলায় রুনার কক্ষে যান। দুই মিনিট পরেই বিকেল ৪টা ১২ মিনিটে ‘আল্লাহ বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন শিক্ষিকা রুনা।

পরবর্তীতে ভবনের নিচে থাকা দুই আনসার সদস্য ও দুই শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছালে হত্যাকারী ফজলু কক্ষের মধ্যেই আটকে পড়ে। এ সময় কক্ষটি আটকানো দেখে দরজার উপর দিয়ে কক্ষের মধ্যে শিক্ষিকা রুনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এসময় ইফতারের আয়োজনের কাজ ব্যস্ত থাকা বিভাগটির তিন শিক্ষার্থীও সেখানে উপস্থিত হয়ে দরজা ভেঙে ফেলেন। তখন তারা ফজলুকে নিজের গলায় ছুরি চালানো অবস্থায় দেখেন। ফজলুর গণপিটুনি থেকে বাঁচার জন্য আত্মহত্যার নাটক করেন বলে দাবি করেন উপস্থিত শিক্ষার্থীরা। ঘটনার দিন দুপুর সাড়ে ১২ টায় বিভাগের শিক্ষক শ্যাম সুন্দরও বিভাগ ছাড়েন বলে জানান বিভাগের কর্মকর্তারা।

শিক্ষার্থীদের দাবি, ঘটনার দিন বিভাগের ইফতার মাহফিল ছিল। সেখানে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত থাকার কথা থাকলেও সবার একসঙ্গে বিভাগ ত্যাগের বিষয়টি রহস্যজনক। বিষয়টি তদন্ত হওয়া উচিত।

সেমিনার লাইব্রেরিয়ান ফজলুল হক বলেন, পরীক্ষা শেষ করে ইফতারের বিলের জন্য ম্যাম চেক দেয় এবং নোট প্রস্তুত করতে বলেন। এ কাজ শেষ করে আমার মেয়েকে স্কুল থেকে আনতে ম্যামকে বলে যাই। এসময় আমার সাথে সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হকও ছিলেন।

কর্মচারী সোহাগ বলেন, টিসিবির মালামাল আনতে ফজলুল ভাবি আর সহকারী রেজিস্ট্রার এক সাথে বের হয়েছিলাম।

সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক জানান, আমি ম্যাম থেকে ছুটি নিয়ে শেখপাড়া বাজারে ফল কিনতে গিয়েছিলাম। আমার সঙ্গে ফজলুল এবং সোহাগ ছিল। এবং যাওয়ার সময় নৈশপ্রহরী সুমনের কাছে বিভাগের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম।

নৈশপ্রহরী সুমন বলেন, নিজের বাসায় দরকারি কাজ থাকায় ম্যামের থেকে ছুটি নিয়ে ঠিক ৪টায় বিভাগ ছেড়ে বাড়িতে গিয়েছিলাম। তবে সিসিটিভি ফুটেজে তাকে ৪টায় ৮ মিনিটেও (হত্যার ৪ মিনিট আগে) ওই ভবনে দেখা যাওয়ার জিজ্ঞেস করলে পরে তিনি থাকার বিষয়টি স্বীকার করেন। এর আগে নৈশপ্রহরী সুমন বিভাগে থাকাকালীন ফজলু দ্বিতীয় তলায় গেলেও তার সঙ্গে দেখা হয়নি বলে দাবি সুমনের। এছাড়া, বিভাগে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগও রয়েছে নৈশপ্রহরী সুমনের বিরুদ্ধে।

হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকা রুনার পরিবার জানান, বিভাগে একজন শিক্ষককে কিভাবে একা রেখে সবাই চলে যায়। ফজলু কিভাবে জানল রুনা বিভাগে একা ছিল। আমাদের কাছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হয়েছে। সুষ্ঠু তদন্ত করে হত্যাকারী ও হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।


মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

আপডেটেড ১৩ মার্চ, ২০২৬ ১৭:২৫
সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও হিজলদী বিওপির আভিযানিক দল দায়িত্বপ্রাপ্ত এলাকায় শুক্রবার (১৩ মার্চ) মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৩ বোতল মদ, ৭০ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ৫৮৪ পিস মোবাইল ডিসপ্লেসহ ঔষধ, শাড়ি ও কমমেটিকস সামগ্রী আটক করে।

ভোমরা বিওপির পৃথক তিনটি বিশেষ দল মেইন পিলার ৩ হতে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান ঘাট ও ফলমোড় নামক স্থান হতে ৩৮,৫৬০/-টাকা মূল্যের ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট, জিরা ও ফুসকা আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল

কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ১ লক্ষ ৪০ হাজার -টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় শার্টের পিস আটক করে। মাদরা বিওপির কলারোয়া থানাধীন তেঁতুলতলা মাঠ নামক স্থান হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সুলতানপুর বিওপির কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ১ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়া হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৪ আরবি কলারোয়া থানাধীন বড়ালী নদীরপাড় নামক স্থান হতে ২০,৪৪,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে।

সর্বমোট তেইশ লক্ষ দুই হাজার টাকা মূল্যের মাদক চোরাচালানী মালামাল জব্দ করে। এবিষয়ে মাদক ও চোরাচালান আইনে মামলা হয়েছে বলে বিজিবি সুত্রে জানাযায়।


ফরিদপুরে যুবদল নেতাকে হাতুরী দিয়ে পিটিয়ে আহত

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফরিদপুর প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনকে হাতুরী ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করেছে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বেরিবাঁধ এলাকায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

অভিযোগ ও ভুক্তভোগী জাহাঙ্গীরের স্বজনেরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে পাঞ্জু মেম্বার, সজীব, সুজন গংদের সাথে বিরোধ চলছিল মো. বদর উদ্দিন বেপারীর। বিরোধের জেরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বদর উদ্দিন বেপারীর ছেলে ওয়ার্ড যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বুধবার (১১ মার্চ) রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাড়ী ফিলছিলেন। এসময় পাঞ্জু মেম্বারের নেতৃত্বে সজীব, তামীম, সোহানসহ অজ্ঞাত আরো ৪/৫ জন লোহার রড, হাতুরী, রামদা, ছ্যান নিয়ে জাহাঙ্গীরের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা হাতুরী দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জাহাঙ্গীরকে গুরুতর আহত করে। হামলাকারীরা এসময় জাহাঙ্গীরের কাছে থাকা দোকানের সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত অবস্তায় জাহাঙ্গীরকে মৃত ভেবে হামলাকারীরা ফেলে রাখে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জাহাঙ্গীর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

বিএনপি নেতা বদর উদ্দিন বেপারী জানান, জমি নিয়ে পাঞ্জু মেম্বারের সাথে বিরোধ চলছিল। এরই জের ধরে আমার ছেলের উপর হামলা চালানো হয়। এছাড়া আমার ছেলের কাছে থাকা রড, সিমেন্ট বিক্রির সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

হামলার শিকার যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, রাতে বাড়ী ফেরার পথে পাঞ্জু মেম্বারের নেতৃত্বে আমার উপর হামলা হয়। হামলাকারীরা হাতুরী, লোহার রড দিয়ে পিটিয়ে আমাকে মারাত্বক ভাবে আহত করে।

পাঞ্জু বেপারীর ভাই হেলালুদ্দিন জানান, আমাদের জায়গা জোরপূবক দখলে নিতে গেলে তাদের বাঁধা প্রদান করা হয়। এ নিয়ে আমার ভাইকে মারপিট করলে পরবর্তীতে মারামারি হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


লামায় লাকড়ি বোঝাই গাড়ি খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
লামা ( বান্দরবান)  প্রতিনিধি 

বান্দরবান জেলার লামা উপজেলায় লাকড়ি বোঝাই একটি ট্রাক ২০০ ফুট পাহাড়ি খাদে পড়ে চালকসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী- লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইয়াংছা কালিরঝিরির বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ট্রাক চালক মো. আলমগীর (৩৫) ও পোয়াংবাড়ীর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন(৪৫)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাত ৮ টার দিকে লাকড়ি বোঝাই একটি ট্রাক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে লাকড়ি বোঝাই করে ইয়াংছার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. আলমগীর ও আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি দুইটি অপমৃত্যু রুজু করা করা হয়েছে। যা পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, জুমার নামাজের পর দাফন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর-কনেসহ ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অনুরোধের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতদের মধ্যে বরসহ তার পরিবারের নয়জন সদস্য রয়েছেন। শুক্রবার ভোরে তাদের মরদেহ মোংলার শেহালাবুনিয়া গ্রামে পৌঁছায়। অন্যদিকে কনে, তার বোন, দাদি ও নানির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তার (মিতু)–এর সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমান (সাব্বির)–এর বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নবদম্পতিসহ দুই পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে মোংলার উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে চালকসহ ১৪ জনের মৃত্যু হয়। আহত একজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে রয়েছেন বর আহাদুর রহমান, তার বাবা আবদুর রাজ্জাক, ভাই আবদুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া (ঐশী), তার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলমের স্ত্রী ফারহানা সিদ্দিকা (পুতুল) ও তাদের সন্তান আলিফ, আরফা ও ইরাম। এছাড়া নিহত হয়েছেন কনে মার্জিয়া আক্তার (মিতু), তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম, নানি আনোয়ারা বেগম এবং মাইক্রোবাসের চালক নাঈম।

জানা গেছে, বর আহাদুর রহমান মোংলা শহরে একটি মোবাইল ফোনের দোকান পরিচালনা করতেন। কনে মার্জিয়া আক্তার কয়রার নাকসা আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত উম্মে সুমাইয়ার শ্বশুর আবদুল আলীম বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে আমিও ছিলাম। তারা বৃহস্পতিবার দুপুরের পর মোংলার উদ্দেশে রওনা দেন। দুর্ঘটনায় আমার পুত্রবধূ ও একমাত্র নাতিও মারা গেছে।’

শুক্রবার সকালে মোংলার শেহালাবুনিয়ায় বরের বাড়িতে গিয়ে দেখা যায়, শত শত মানুষ সেখানে ভিড় করেছেন। স্বজনদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। বাড়ির ভেতরে পরিবারের চার নারী সদস্যের মরদেহ রাখা হয়েছে এবং উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়েছে বাকি পাঁচজনের মরদেহ।

নিহত আবদুর রাজ্জাকের ছোট ভাই সাজ্জাদ সরদার জানান, আশপাশের ৯টি মসজিদ থেকে খাটিয়া এনে মরদেহগুলো রাখা হয়েছে। গোসল শেষে একে একে নয়জনকে খাটিয়ায় তোলা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা পরিষদ চত্বরে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মোংলা পৌর কবরস্থানে দাফন করা হবে।


ঝিনাইদহে বিশ্ব কিডনি দিবসে র‌্যালি 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ঝিনাইদহ প্রতিনিধি

‘সবার জন্য সুস্থ কিডনি-মানুষের যত্নে বাঁচাও ধনণী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ক্যাম্পস কিডনি ও ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে এতে সংস্থাটির মেডিকেল অফিসার ডা. রিফাত বিন শরিফ, ম্যানেজার রাকিবুল ইসলামসহ অন্যরা বক্তব্য দেন।

কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিমিত খাদ্যাভ্যাস এবং সুস্থ জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখকরে বক্তারা কিডনি রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।


নন্দীগ্রামে দুই দোকান মালিককে জরিমানা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে আইন অমান্য করায় ভেকু মেশিনের ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ জব্দ ও দুই দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়া এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সংশ্লিষ্টদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় ভেকু মেশিনের ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ জব্দ করেছেন।

পরবর্তীতে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে প্যাকেটজাতকরণ ব্যতীত খোলা অবস্থায় লাচ্ছা-সেমাই বিক্রয়ের অপরাধে ফটিক কনফেকশনারি ও সোহাগ ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন। সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, ‘আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’


বান্দরবানে অফিস সময়েও স্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে তালা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে নির্ধারিত অফিস সময়েও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে দিনের পর দিন তালা ঝুলিয়ে রাখার অভিযোগ ওঠেছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাস্থ্য খাত উন্নয়নমূলক কাজের বিষয়ে তথ্য ও সেবা নিতে প্রায়ই মানুষ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে আসেন। কিন্তু অধিকাংশ সময় অফিসে এসে গেইটে তালা ঝুলতে দেখে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের। জনসেবা নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. সুমন ও হেলাল উদ্দীন বলেন, ‘প্রয়োজনীয় কাজ নিয়ে বান্দরবান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বেশ কয়েকবার গিয়েছিলাম। কিন্তু অফিস কার্যালয়ের মূল ফটকে প্রতিবারই তালাবদ্ধ ও যোগাযোগেরমাধ্যম না পেয়ে বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী অপর অফিসের এক কর্মকর্তা বলেন, ‘বান্দরবান স্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মচারী -কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত না থাকায় তাদের দপ্তরের নামে আসা অধিকাংশ চিঠি এখানে দিয়ে যায় বাহকরা।’

বান্দরবান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুর রৌফ কার্যালয়ের মুল ফটকে তালা বদ্ধ করে রাখার বিষয়টি স্বীকার করে বলেন, ‘তাদের কার্যালয়ে জনবল সংকটের কারণে এমনটা করেছেন।’

প্রশ্নের জবাবে জনবল বৃদ্ধির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং মূলফটকে যোগাযোগের নম্বর স্থাপনের জন্য দোকানে প্রিন্ট করতে দিয়েছেন। তবে তার দালিলিক প্রমাণ দেখাতে পারেননি তিনি।


মৌলভীবাজার: সবুজ পাহাড় আর প্রকৃতির টানে পর্যটকদের স্বর্গরাজ্য

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

চা-বাগানের সবুজ ঢেউ, পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘের ছোঁয়া আর ঝরনার গর্জন—প্রকৃতির এমন অপার সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজার এখন দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। চায়ের রাজধানী হিসেবে পরিচিত এই জেলায় প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ছুটে আসেন সবুজ প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে। পাহাড়, চা-বাগান, হাওর-বিল, জলপ্রপাত ও ঐতিহাসিক নিদর্শনের সমন্বয়ে মৌলভীবাজার হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীদের এক অনন্য স্বর্গরাজ্য।

জেলার ৯২টি চা-বাগানের সবুজ সমারোহ, জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান, গর্জনধ্বনিময় মাধবকুণ্ড জলপ্রপাত, নয়নাভিরাম মাধবপুর লেকসহ অসংখ্য প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থাপনা মিলিয়ে মৌলভীবাজার এখন ভ্রমণপিপাসুদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই চায়ের রাজ্যে একবার এলে মন চায় বারবার ফিরে আসতে। চারদিকে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি, পাহাড়-টিলা আর চা-বাগানের সতেজ সবুজ পাতার মায়া যেকোনো ভ্রমণপ্রেমীকে সহজেই আকৃষ্ট করে। এখানে এসে পর্যটকেরা খুঁজে পান মানসিক প্রশান্তি ও স্বস্তি।

জেলার শতাধিক পর্যটনস্থলের মধ্যে দেশ-বিদেশের পর্যটকদের প্রথম পছন্দ শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও বড়লেখা।


কুষ্টিয়া দৌলতপুরে বৃদ্ধার লাশ উদ্ধার 

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
​দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাথাভাঙ্গা নদী থেকে মলেজান বেগম (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মলেজান বেগম উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত এলাহী হোসেনের স্ত্রী। ​

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মলেজান বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই পরিবারের অগোচরে বাড়ির বাইরে ঘোরাফেরা করতেন। গত তিন দিন আগে তিনি হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের বিষয়টি জানিয়ে এলাকায় মাইকিংও করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিলগাথুয়া এলাকার মাথাভাঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, নদী পার হতে গিয়ে বা অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে।

​এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


আমতলীতে তরমুজের ভালো ফলন, চাহিদাও বাড়ছে

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার উপকূলীয় উপজেলা আমতলীতে শীতের বিদায়ের সঙ্গে সঙ্গেই জমে উঠেছে তরমুজের বাজার। প্রখর গরম আর মাহে রমজানের কারণে ইফতারির টেবিলে তরমুজের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস। ভালো ফলন ও সন্তোষজনক দামের কারণে এবার লাভের আশা করছেন স্থানীয় চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমতলীতে প্রায় ৪ হাজার ৩০৯ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এতে ১০ লাখ ৭ হাজার ৭২৫ টন উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় কৃষি বিভাগ মনে করছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। ইতোমধ্যে প্রতিদিন আমতলী থেকে ট্রাক ও ট্রলিভর্তি তরমুজ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

মাঠপর্যায়ে ঘুরে দেখা গেছে, তরমুজের ভালো ফলনে কৃষকদের মুখে স্বস্তির হাসি। উপজেলার কুকুয়া এলাকার কৃষক মো. নাসির উদ্দিন জানান, কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনি প্রায় ৮০ বিঘা জমিতে আগাম তরমুজ চাষ করেছেন। এতে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হয়েছে। ইতোমধ্যে তিনি প্রায় ১৮ লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। ক্ষেতে থাকা ফল বিক্রি হলে মোট বিক্রি ৫০ লাখ টাকার বেশি হতে পারে বলে আশা করছেন তিনি।

একই উপজেলার চাওড়া এলাকার কৃষক রফিকুল ইসলাম বলেন, তিনি ১২ বিঘা

জমিতে তরমুজ চাষ করেছেন। এখন পর্যন্ত বাজারে যে দাম রয়েছে, তাতে খরচ বাদ দিয়ে ৮-১০ লাখ টাকা লাভ হওয়ার আশা করছেন। আবার গুলিশাখালী ইউনিয়নের কৃষক আব্দুল করিম জানান, অল্প জমিতে তরমুজ চাষ করেও ভালো লাভের সম্ভাবনা দেখছেন তিনি।

আমতলীর নতুন বাজার ও চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা গেছে, দোকান ও আড়তজুড়ে তরমুজের স্তূপ। স্থানীয় আড়তদার মো. সাইফুল ইসলাম বলেন, আকারভেদে ছোট ও মাঝারি তরমুজ ১৮০ থেকে ২০০ টাকা এবং বড় তরমুজ ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের মধ্যেও তরমুজের চাহিদা চোখে পড়ার মতো।

দিনমজুর মিজানুর রহমান বলেন, রমজানে ইফতারে তরমুজ না থাকলে যেন তৃপ্তি আসে না। দামও মোটামুটি সহনীয়, তাই মাঝে মাঝে কিনে নিচ্ছি।

পুষ্টিবিদদের মতে, গরমের সময়ে তরমুজ শরীরের জন্য বেশ উপকারী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিয়া রহমান বলেন, তরমুজে প্রচুর পানি, ভিটামিন ও খনিজ উপাদান থাকে। রোজা রাখার পর শরীরের পানিশূন্যতা দ্রুত পূরণ করতে এ ফল বেশ কার্যকর।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, ধানের পর এই অঞ্চলে তরমুজ এখন গুরুত্বপূর্ণ ফসল হয়ে উঠেছে। রমজানের কারণে বাজারে চাহিদা বেশি থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা এবার ভালো লাভ করবেন বলে আশা করছি।

রমজানের বাজারে তরমুজের এমন জমজমাট বেচাকেনা শুধু কৃষকের অর্থনীতিতেই নয়, স্থানীয় বাজার ব্যবস্থাতেও এনে দিয়েছে নতুন প্রাণচাঞ্চল্য।


banner close