মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জেলার হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের মো. মোস্তফা (৬৫) ও গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন নাসিমা (৩৫)।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মমেকের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৩ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোস্তফা। রোববার দিবাগত রাত দুইটার দিকে মারা যান তিনি। অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত শুক্রবার ভর্তি হয়েছিলেন নাসিমা। তিনি রোববার রাত ৯টার দিকে মারা যান।

তিনি আরও বলেন, ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছে ৩২ জন। এরমধ্যে পুরুষ ২৬ জন, মহিলা ৫ জন ও শিশু একজন।

বিষয়:

নির্বাচিত

কোটি টাকার কলার হাটে অবকাঠামো সংকট, বিপাকে কৃষক-ব্যবসায়ী

দাম নিয়ে হতাশ জয়পুরহাটের কৃষক
সারি সারি কলার স্তূপ, কোথাও চলছে দরদাম। জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাট থেকে তোলা। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৯ নভেম্বর, ২০২৬ ১৭:৪২
রাব্বিউল হাসান রমি, জয়পুরহাট

উত্তরের জনপদে কলা বেচাকেনার অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাট। এই হাটে প্রতিদিন কোটি টাকার কলা বেচাকেনা হয়। প্রতিদিন ভোর থেকে এ হাটে জমে ওঠে হাজারো কলার বেচাকেনা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা কলা নিয়ে আসেন এখানে। আর এসব কলা কিনে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকারি ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টদের মতে, হাটের জায়গা সম্প্রসারণ, যানবাহন চলাচলের সুবিধা এবং পণ্য ওঠানো-নামানোর উপযোগী অবকাঠামো প্রয়োজন। প্রয়োজনীয় উন্নয়ন করা হলে দুর্গাদহের এই কলার হাট শুধু জয়পুরহাট নয়, উত্তরাঞ্চলের কৃষিপণ্য বিপণনের আরও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।

সরেজমিন দেখা যায়, সকাল হতেই হাটজুড়ে শুরু হয় ব্যস্ততা। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও চলছে দরদাম আবার কোথাও ট্রাকে কলা বোঝাইয়ের প্রস্তুতি। কৃষক ও ব্যবসায়ীরা কেউ নিয়ে এসেছেন কাঁচা কলা, কেউবা বিক্রির উপযোগী পাকা কলা। এই হাটে ঘাউর হিসেবে নয়, কলা বিক্রি হয় প্রতি ১০০ পিস হিসেবে। স্থানীয় পাইকার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা এসব কলা কিনে ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহনে করে নিয়ে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন ৩০ থেকে ৩৫টি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে বিপুল পরিমাণ কলা এখান থেকে দেশের বিভিন্ন বাজারে পাঠানো হয়। ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যায় দুর্গাদহের কলা। ফলে শুধু কলা চাষি কিংবা ব্যবসায়ীরাই নন, এ বাজারকে ঘিরে জীবিকা নির্বাহ করছেন শ্রমিক, পরিবহনচালক, লোড-আনলোড কর্মী ও আড়তদাররাও।

তবে বাজারে কলার সরবরাহ ও বেচাকেনা বাড়লেও সবসময় প্রত্যাশিত দাম পাচ্ছেন না কৃষকরা। কয়েক দিন বা সপ্তাহের ব্যবধানে কলার দাম কমে যাওয়ায় অনেক ক্ষেত্রে উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাদ দিয়ে লাভের পরিমাণ কমে যাচ্ছে। অন্যদিকে, হাটের জায়গা সংকীর্ণ হওয়ায় যানবাহন প্রবেশ, কলা ওঠানো-নামানো এবং পণ্য পরিবহনে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।

সদর উপজেলা বড় মাঝিপাড়ার অহিদুল ইসলাম বলেন, ‘১০ দিন আগেও প্রতি ১০০ পিস কলা ৪০০ টাকায় বিক্রি করেছি। এখন সেই কলাই বিক্রি করতে হচ্ছে ২৫০ টাকায়। হাটে কলা নিয়ে এলেও প্রত্যাশা অনুযায়ী পাইকার পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে।’

নওগাঁর বদলগাছী উপজেলার নালুকাবাড়ি গ্রামের নিরঞ্জন চন্দ্র বলেন, ‘উত্তরাঞ্চলের অন্যতম বড় কলার হাট দুর্গাদহ। দূরদূরান্ত থেকে এখানে পাইকাররা কলা কিনতে আসেন। কিন্তু হাটের জায়গা ছোট হওয়ায় ট্রাক, ভটভটি ও পিকআপ ঠিকমতো প্রবেশ করতে পারে না। ফলে কলা ওঠানো-নামানো ও পরিবহনে সময় নষ্ট হয়। হাটের জায়গা সম্প্রসারণ এবং যানবাহন চলাচলের উপযোগী ব্যবস্থা করা হলে ব্যবসা আরও বাড়বে।’

স্থানীয় কলা ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘ভোরে কৃষকের বাগান থেকে কলা কিনে দুর্গাদহ হাটে নিয়ে আসা হয়। এ হাটে সাগর, মলভোগ, চম্পা কলার বেচাকেনা হয়। তবে চম্পা কলার আমদানি সবচেয়ে বেশি হয়। প্রতিদিন এ হাট থেকে ৩০ থেকে ৩৫টি ট্রাকে কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।’

কলা ব্যবসায়ী লুৎফর রহমান বলেন, ‘এবার কলার ভালো ফলন হওয়ায় আমদানি বেশি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে সেজন্য এবার কলার দাম কম।’

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জয়পুরহাট জেলায় চলতি বছর প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ফলন ভালো হওয়া এবং তুলনামূলক লাভের সম্ভাবনা থাকায় জেলায় কলা চাষের পরিধি বাড়ছে। এ ক্ষেত্রে দুর্গাদহ কলার হাট স্থানীয় কৃষিপণ্য বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, ‘চলতি বছর কলার ফলন ভালো হয়েছে। লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে কলা চাষের আগ্রহ বাড়ছে। জেলায় এ বছর ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারছেন। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।’

জয়পুরহাট কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুর্গাদহ কলার হাটের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে। প্রতিদিন এ হাটে কোটি টাকার কলা কেনাবেচা হয়ে থাকে। বিপুল এ বাণিজ্য ঘিরে তৈরি হয়েছে পরিবহন, শ্রমিক, আড়তদারসহ নানা শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থান। তবে এত বড় বাণিজ্যিক কর্মকাণ্ডের বিপরীতে হাটের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় বাড়ছে ভোগান্তি।’

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘ইতোমধ্যে কলার হাট সরেজমিনে পরিদর্শন করেছি। হাটের জায়গা সম্প্রসারণ, যানবাহন চলাচলের অসুবিধা হচ্ছে। সবাইকে নিয়ে বসে সেটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে, সময় লাগবে।’


নির্বাচিত

ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনায় খুলনা সিটি করপোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ৯ নভেম্বর, ২০২৬ ১৬:৪৬
খুলনা ব্যুরো 

খুলনা সিটি করপোরেশনের আন্তঃবিভাগীয় এক জরুরি সভা গত রোববার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভায় বর্তমানে নগরীর ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা, ড্রেনের পেড়িমাটি উত্তোলন কাজের অগ্রগতি, ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করার জন্য পরিচালিত উচ্ছেদ অভিযানের সাফল্য ধরে রাখার লক্ষ্যে করণীয় নির্ধারণ, এবং বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় রোপণকৃত গাছের পরিচর্যায় টিম গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনান্তে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, ডেঙ্গু সংক্রমণের হার বর্তমানে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মহানগরীর সকল হাসপাতাল ও কিনিকের তথ্য-উপাত্ত তুলে ধরে জানানো হয় গত রোববার মাত্র ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। চলতি মাসে পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রাখলে সংক্রমণ বন্ধ হবে বলে সভায় উল্লেখ করা হয় এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে নগরীর ওয়ার্ডগুলোর খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় রোপণকৃত গাছের পরিচর্যায় টিম গঠনসহ বিদ্যমান উন্মুক্ত জমিতে প্রয়োজন মতো বৃক্ষরোপণসহ পরিচর্যার জন্য অতিরিক্ত জনবল নিয়োজিত করাসহ অবাধে বিচরণ করা গরু আটক করার জন্য দুই শিফটে ৪ জন এবং বেওয়ারিশ কুকুরকে টিকা প্রদান ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আরও একটি টিম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শেষ মাসে ওয়ার্ডের আয়তন ও জনসংখ্যার ওপর ভিত্তি করে অতিরিক্ত ৩ থেকে ৭ জন স্প্রেম্যান নিয়োজিত করা এবং প্রধান প্রধান সড়কগুলোর বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণের জন্য বর্জ্য সংগ্রহকারী নিয়োজিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রশাসক ড্রেনের পেড়িমাটি উত্তোলন কার্যক্রম আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন এবং আসন্ন শীত মৌসুমে সকল ওয়ার্ডে অবশিষ্ট ড্রেনের পেড়িমাটি একযোগে উত্তোলনের জন্য ড্রেনগুলোর তালিকা প্রস্তুত করার জন্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ সকল বিভাগ ও শাখাপ্রধান কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিষয়:

নির্বাচিত

ফেনীতে ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বাদল’স ইংলিশ কেয়ার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফেনী প্রতিনিধি

ফেনীতে বাদল’স ইংলিশ কেয়ারের উদ্যোগে ৬০ জন কৃতী শিক্ষার্থী এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত রোববার রাতে শহরের রেডিক্স হোটেলের কনভেনশন হলে মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাদল’স ইংলিশ কেয়ারের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহাদাত হোসাইন বাদলের সভাপতিত্বে ও উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক ও ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) ও ফেনী জেলা কলেজ শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি আবদুল হাইয়ুম জুয়েল, দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক আরিফুল আমীন রিজভী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ফেনী জেলা সাধারণ সম্পাদক ও লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরীর প্রেসিডেন্ট লায়ন মোর্শেদ হোসেন, সময় টেলিভিশন ফেনী ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার ও ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মিশকাতুল মুনতাহা, চন্দ্রিমা দেবনাথ, নাফিউন নুর ও জিনাতুল ইসলাম।

উল্লেখ্য, ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া বাদল’স ইংলিশ কেয়ারে বেসিক ইংলিশ কোর্সের চূড়ান্ত পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদেরও সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। তাই ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমাদের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় অনেক পারদর্শী হতে হবে। তারপরে তারা দেশে ও বিদেশে তাদের মেধার সাক্ষর রাখতে সক্ষম হবে। বাদল’স কেয়ারের মাধ্যমে দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের ইংরেজি থেকে পারদর্শী করে গড়ে তোলা হচ্ছে।

আগত ২০২৭ সালের শুরুতে বাদল স্যারের পরিচালনায় ক্যাপ্টেন ক্যাডেট কোচিংয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সম্মানিত অতিথি অভিভাবক শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান। এ সময় সম্মানিত অতিথি, কৃতী শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিষয়:

নির্বাচিত

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন এর কর্মচারীদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি ও গণজমায়েতে অংশগ্রহণ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ) এর কর্মচারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ০৭ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত র‌্যালি ও গণজমায়েতে অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মাধ্যমে তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যদার সাথে পালন করেন। এ সময় বিকেবি এমপ্লয়ীজ ইউনিয়ন বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল স্তরের কর্মচারীগণসহ উইমেন ফোরাম এর নেত্রী তাসলিমা আক্তার (লিনা) ও অন্যান্য মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় আলটিমেটাম দিয়ে রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার

সোয়া পাঁচ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ চালু
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়ন থেকে পৃথক করা ছয়টি গ্রাম পুনর্বহালের দাবি এবং সদর উপজেলা বিভক্তকরণের উদ্যোগের প্রতিবাদে শুরু হওয়া সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে আন্দোলনকারীরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া ও আগরতলা সড়কে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

এর আগে রবিবার সকাল ৬টা থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন ও তিতাস সেতু এলাকায় রেললাইন এবং পার্শ্ববর্তী স্থলবন্দর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ বাসিন্দারা। এর ফলে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি রেল করিডোরে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আকস্মিক এই অচলাবস্থার কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ দূরপাল্লার একাধিক যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চরম শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। পাশাপাশি সীমান্ত সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহী পরিবহনের দীর্ঘ জট তৈরি হয়।

আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল ভেঙে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় এবং ৪ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। স্থানীয়রা শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে এলেও সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন একটি পৃথক উপজেলা গঠনের প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের এ সংক্রান্ত একটি সম্ভাব্যতা যাচাইয়ের চিঠি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সদর উপজেলার সর্বস্তরের মানুষ।

উদ্ভূত পরিস্থিতিতে বেলা সোয়া ১১টার দিকে প্রশাসনিক মধ্যস্থতায় অবরোধকারীরা সাময়িকভাবে রেল ও সড়কপথ ছেড়ে দেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, আন্দোলনকারীদের সঙ্গে গঠনমূলক আলোচনা সম্পন্ন হওয়ার পর তাঁরা রাজপথ থেকে সরে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে ট্রেন ও সড়ক যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি মেনে না নিলে পুনরায় কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।


নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় সীমানা বিরোধে সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

ছয় গ্রাম পুনর্বহালের দাবি
ছবি: সংগৃহীত
আপডেটেড ৮ নভেম্বর, ২০২৬ ১১:৩৪
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অখণ্ডতা রক্ষা এবং সদর উপজেলা ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ ও আখাউড়া স্থলবন্দর সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

অপ্রত্যাশিত এই অবরোধের কারণে উভয় রুটের পারাবত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের যাত্রা মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন গঠনপূর্বক আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে ৪ জুন এ সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশিত হয়। ইউনিয়নবাসী শুরু থেকেই এ পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে এলেও কোনো সমাধান হয়নি। এরই মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ায় যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়।

বিক্ষোভকারীদের দাবি, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ে একটি দাপ্তরিক চিঠি পাঠায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত অবরোধ কর্মসূচিতে রূপ নেয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।


নির্বাচিত

বিভেদ নয়, দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে ফ্যাব―এর অঙ্গীকার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি সংগঠন “ফিশারিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব)” কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া কামনা করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফ্যাবের সম্মানিত সভাপতি, মহাসচিব, সহ সভাপতি বৃন্দ, যুহ্ম মহাসচিব বৃন্দ, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও অংশগ্রহণ করেন ফ্যাবের সম্মানিত নির্বাহী সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্ট্মেন্টের শিক্ষক মহোদয়, সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও পর্যায়ে কর্মরত জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তন্মধ্যে ফ্যাবের সম্মানিত মহাসচিব, ফ্যাবের নির্বাহী পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ফ্যাবের সম্মানিত সভাপতি।

ফ্যাব সভাপতি তার মূল্যবান বক্তব্যে বলেন: সকলে মিলে দেশ, দেশের জনগণ, জাতি এবং ফিশারিজ সেক্টরের উন্নয়নের স্বার্থে এই সংহতি দিবসে সকল বিভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার সপথ করেন।


নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় দেশে ৯ জনের মৃত্যু

* জামালপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ * শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ * শীতলক্ষ্যা সেতুতে প্রাণ গেল তরুণের
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। জামালপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন এবং চট্টগ্রামে মাদরাসার শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া লালমনিরহাটে একজন, রংপুরে একজন এবং নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার (৭ নভেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।

জামালপুর: মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা বিনতে রেজা (২০), তাদের আট মাস বয়সি শিশুকন্যা ইরফা মনি এবং মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার শওকত আলী লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহের শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেল জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শওকতকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২: কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষা সফরের বাস চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে কেরানিরহাট রেলক্রসিং-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন।

জানা যায়, মাদরাসা থেকে দুটি বাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুইজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন হাজী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) ও শিক্ষক সোহানা আফরোজ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাখাওয়াত হোসেন ইসরাফিলের ভাই ইকবাল হোসেন জানান, তার ভাই একজন ভালো মানুষ ছিলেন। শুক্রবার দিনভর পরিশ্রম করে দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। রাতে স্ত্রীর সঙ্গে মাদরাসার অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পরে দুর্ঘটনার খবর পান। তার ভাই মারা গেছেন এবং ভাবি গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শীতলক্ষ্যা সেতুতে প্রাণ গেল তরুণের: নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাতে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।

নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। তিনি অনার্সে পড়াশোনা করতেন। জাপানে যাওয়ার স্বপ্ন নিয়ে জাপানি ভাষাও শিখছিলেন।

পুলিশ জানায়, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিঝুমের মৃত্যু হয়। আহত ফারহানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট ও রংপুরে নিহত ২: লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

অন্যদিকে, রংপুর মহানগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পৃথক এ দুর্ঘটনার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বোয়ালখালীতে টেম্পো-অটোরিকশার সংঘর্ষ, আহত ৬: চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আরকান সড়কের আপেল আহমদের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে যাত্রী নিয়ে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেম্পোর সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহতদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দৈনিক বাংলার জামালপুর, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে প্রতিনিধি এবং নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।


নির্বাচিত

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার ও বাল্কহেড জব্দ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে কোস্ট গার্ডের অভিযানে ২ টি ড্রেজার ও ২ টি বাল্কহেড জব্দ করা হয়। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশালের সদর থানাধীন চরবাড়িয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে আজ ৭ নভেম্বর ২০২৬ সকাল ৮ টায় কোস্ট গার্ড স্টেশন বরিশাল কর্তৃক রুটিন টহল পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি বাল্কহেড ও ২ টি ড্রেজার জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে, সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিকদের নিকট হতে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেড ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


নির্বাচিত

দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সম্মিলিত দায়িত্ববোধের প্রত্যয়ে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে বাহিনীর সদর দপ্তরসহ সারাদেশে সকল ইউনিটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষ্যে সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দরবার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দরবার অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জাতীয় জীবনে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বাহিনীর উন্নয়ন, সদস্যকল্যাণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সম্মিলিত আত্মজাগরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় থেকে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সম্মিলিত সংহতির প্রকাশ ঘটেছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে দৃঢ় প্রত্যয় এবং জাতীয় ঐক্যের চেতনা বিকশিত হয়েছিল, তা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। ঐতিহাসিক এ দিবসের অন্যতম শিক্ষা হলো, জাতীয় ঐক্য, পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো সংকট ও প্রতিকূলতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া। ১৯৭৫ সালের ঐতিহাসিক পটপরিবর্তনে গড়ে ওঠা সেই সংহতির চেতনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সূচিত গণতান্ত্রিক উত্তরণ আমাদের জাতীয় জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জনগণের অধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে নবজীবন দিয়েছে।

তিনি উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ বা গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) জনগণের অংশগ্রহণমূলক প্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাঠামো। এ দর্শনের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগরজীবন পর্যন্ত জাতীয় নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ফলে বাহিনীর ভূমিকা কেবল নিরাপত্তা দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান, আর্থিক স্বাবলম্বিতা ও সামাজিক রূপান্তরেও বাহিনী নিরলসভাবে কাজ করছে।

বাহিনীর উন্নয়ন ও সদস্যকল্যাণ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, প্রশিক্ষণ, দক্ষতা, প্রযুক্তির ব্যবহার ও পেশাদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রমাগত এগিয়ে যাচ্ছে। দেশে-বিদেশে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সুনাম অর্জন করছে, যার মাধ্যমে সদস্যদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন, আর্থিক স্বাবলম্বিতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দূরদর্শী উদ্যোগ বাস্তবায়নে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিকাশ ও কার্যক্রম এগিয়ে নেওয়ার ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। এ সময় বাহিনীর ভিত্তি সুসংহতকরণ ও ক্রমবর্ধমান অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

৭ নভেম্বরের জাতীয় ঐক্য ও সংহতির চেতনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয়কে ধারণ করার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, জাতীয় স্বার্থ, জননিরাপত্তা ও জনকল্যাণই হতে হবে সকল কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি। বর্তমান প্রেক্ষাপটে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও উসকানি প্রতিহত করে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মহাপরিচালক আনসার-ভিডিপি সদস্যদের জীবন ও কর্মপরিকল্পনাকে ‘কমপ্লিট প্যাকেজ অব লাইফ’হিসেবে উল্লেখ করে বলেন, আত্মোৎসর্গ, কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা অর্জন ও আর্থিক স্বাবলম্বিতা- এসবের সমন্বয়েই একজন সদস্যের পরিপূর্ণ জীবন গড়ে ওঠে। বাহিনীর সদস্যদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান, আর্থিক সহযোগিতা, সামাজিক নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি সমন্বিত জীবনব্যবস্থা গড়ে তোলাই এ দর্শনের মূল লক্ষ্য। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে ব্যক্তি, পরিবার, বাহিনী ও রাষ্ট্র—সকল পর্যায়েই তার ইতিবাচক সুফল প্রতিফলিত হবে।

পরিশেষে মহাপরিচালক যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় গৌরব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আধুনিক, দক্ষ, জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে শৃঙ্খলাবোধ, আনুগত্য, দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত থেকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বাহিনীর সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের সময় বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আটক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম মনির (২৬) নামে এক চোরাকারবারী আহত হয়েছেন। পরে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছেন। আহত মনিরুল ইসলামকে ভারতের কৃষ্ণনগর জেলার শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সীমান্তের ৬১/১-এস সীমান্ত পিলার হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার নিকট এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলাম ওরফে নেংটের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মনিরুল ইসলামসহ ৭ জন ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে ডিঙ্গি নৌকায় করে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান। এ সময় ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে মনিরুল ইসলাম ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুল ইসলামকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান। এ সময় মনিরুল ইসলামের সাথে থাকা অন্যরা পার্শ্ববর্তী খালের পানিতে ঝাঁপ দিয়ে সাতরিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন।

মনিরুল ইসলামের সঙ্গে থাকা পালিয়ে আসা অন্যরা হলেন, একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে রাশেদ (৩২), তৈয়ব আলীর ছেলে আনিছ (৩৫), বগের ছেলে সোহান (২৫), কিনার উদ্দিনের ছেলে শাওন (২৬), মৃত বদরুদ্দিনের ছেলে মিন্টু (৩৮) এবং মতেহার হোসেনের ছেলে মশিয়ার (৪০)।

এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, প্রশাসনিকভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ৬১/১-এস-এর নিকট শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার সন্নিকটে গুলির শব্দ শোনা যায়। এ সময় মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তারাও পাল্টা গুলি ছোড়ে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।


নির্বাচিত

ভাঙা সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর অর্ধেকের বেশি ভেঙে গেছে। এতে দুই পাড়ের অন্তত আট গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথ না থাকায় কেউ বুকসমান পানিতে হেঁটে, কেউ সাঁতরে আবার কেউ ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, দুই থেকে তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন বাজারসদাই।

জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের ঘাট নামে পরিচিত স্থানে সাঁকোটির অবস্থান। দক্ষিণ পাশের মাঝামাঝি প্রায় ১৫০ ফুট অংশ ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, প্রায় চার দশক ধরে এ নদী পারাপারে ছোট ডিঙি ও মাঝারি নৌকা ব্যবহার করা হতো। করিমের ঘাট ও নবিউলের ঘাটে ইজারাদারের মাধ্যমে নৌকায় পারাপার হতেন দুই পাড়ের মানুষ। পরে নদীর প্রশস্ততা কমে এলে স্থানীয়দের উদ্যোগে সেখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। প্রায় দেড় যুগ ধরে এটি দুই পাড়ের মানুষের চলাচলের প্রধান মাধ্যম।

তারা আরও জানান, প্রতি বছর বর্ষার আগে স্থানীয়ভাবে সাঁকোটি মেরামত করা হতো। তবে এবার প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় বাঁশের পাটাতন ও কাঠামো দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে দুই থেকে তিন মাস আগে বিভিন্ন স্থানে ভেঙে যায়।

সাঁকোটি ভেঙে যাওয়ায় নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ও শিমুলবাড়ী এলাকার হকবাজার এবং লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা মিনতি রানী বলেন, ‘দুই-তিন মাস ধরে কষ্ট করে নদী পার হতে হচ্ছে। ছেলে-মেয়েদেরও ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। এত দিনেও কেউ খোঁজ নিতে আসেনি। দ্রুত সাঁকোটি মেরামত করা প্রয়োজন।’

মুদি ব্যবসায়ী আকাশ মাহমুদ ও কৃষক হাবিবুর রহমান বলেন, ‘এ পথ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে যাতায়াত করেন। দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট আদর্শ স্কুল, বিভিন্ন মাদ্রাসা ও ফুলবাড়ী কলেজে পড়াশোনা করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় তাদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটবে।’

বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী সুমন মিয়া, শাকিব ও সবুজ মিয়া এবং কলেজশিক্ষার্থী সাইফুল ইসলাম, আব্দুল জব্বার ও মঈনুদ্দিন জানায়, বিকল্প রাস্তা না থাকায় কখনো সাঁতরে, কখনো ভাঙা সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। পারাপারের সময় অনেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। দ্রুত সাঁকোটি মেরামতের দাবি জানায় তারা।

নাওডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় মৎস্য খামারি আতাউর রহমান রতন বলেন, ‘দুই পাড়ের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সাঁকো। এটি ভেঙে যাওয়ায় বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে।’

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী বলেন, ‘সাঁকোটি পুনর্নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এটি নির্মিত হলে দুই পাড়ের মানুষের দুর্ভোগ কমবে।’

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান বলেন, ‘সাঁকো ভেঙে স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দ্রুত সেখানে একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


নির্বাচিত

জামালগঞ্জে থানার সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন। শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুই পক্ষ। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে রাস্তা ছেড়ে দিতে রাজি হয়নি। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ এসে থামানোর চেষ্টা করে। এর মধ্যেই দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পড়ে লাঠিসোটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০জন আহত হন। এর মধ্যে পাচঁজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির এক পক্ষে আছেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান, জুলফিকার চৌধুরীসহ অন্য স্থানীয় নেতাকর্মীরা। অন্য পক্ষে আছেন যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আবদুল মালিকসহ অন্যরা।

মাসুম মাহমুদ তালুকদার বলেন, আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। চারজন যুগ্ম আহবায়কসহ বিএনপি, ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতাকর্মী ছিলেন। তারা আমাদের মিছিলের পথরোধ করে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে। এতে আমাদের তিন-চারজন গুরুতর আহত হয়েছেন।

অপর পক্ষের উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, তারা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন এসে সেখানে মিছিল-স্লোগান দিতে শুরু করে। এতে উত্তেজনা এবং পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, মূলত দুটি মিটিল মুখোমুখি হওয়ার পরই পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়েছে। এখনো দুই পক্ষ দুই জায়গায় অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে আছে।


নির্বাচিত

banner close