আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশ। এই সমাবেশ রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে। এর মধ্যে পুলিশের গোয়েন্দা শাখাগুলো বলছে, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটতে পারে। বিএনপি ও আওয়ামী লীগ যার যার জায়গা থেকে ওই দিনটি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। বসে নেই পুলিশও। তারাও প্রস্তুত হচ্ছে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সমাবেশ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে বিএনপির সমাবেশ ঘিরে নাশকতা হতে পারে- এমন আশঙ্কায় অগ্রিম প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে পুলিশের সব পর্যায়ের সদস্যদের আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অতীব প্রয়োজনীয় ইস্যু ছাড়া ছুটি না দেয়ার মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপি ও জামায়াতের ঢাকা মহানগরীর সব নেতার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। পুরোনো রাজনৈতিক মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনাও দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক দৈনিক বাংলাকে বলেন, ‘আমরা তো বিভিন্ন গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছি ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে নাশকতার পরিকল্পনা হচ্ছে। তারা নিজেরাই সাবোট্যাজ করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করতে পারে। এ জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি।’ এই কর্মকর্তা বলেন, ‘তারা সুষ্ঠুভাবে সমাবেশ করলে আমাদের কোনো বাধা নেই। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু সমাবেশের নামে যদি নাশকতা বা সহিংসতার চেষ্টা করে, সে জন্য আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিভাগীয় সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করেছে বিএনপি। গত ১২ অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশের মাধ্যমে বিএনপির এই কর্মসূচি শুরু করে। এরপর পর্যায়ক্রমে খুলনা, ময়মনসিংহ, রংপুর ও বরিশালে সমাবেশ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে ঢাকায় সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে কোনো আবেদন করা হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপিকে তাদের পল্টনে নিজ কার্যালয়ের সামনে নির্দিষ্ট সময়ের জন্য কয়েকটি শর্ত মেনে অনুমতি দেয়া হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশের বিভাগীয় শহরের সমাবেশের চাইতে ঢাকার সমাবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। ঢাকার সমাবেশে কয়েক লাখ নেতা-কর্মীর গণজমায়েত করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনেও ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে নানা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সরকার ও বিরোধী রাজনৈতিক নেতারা বিভিন্ন বক্তব্যে ডিসেম্বরে ‘খেলা হবে’ বলে মন্তব্য করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, ঢাকায় সমাবেশকে তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে একটি প্রতিবেদন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়েছে। এ জন্য আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার বিএনপি-জামায়াতের ওয়ার্ড ও থানাভিত্তিক কমিটির তালিকা সংগ্রহ করা হয়েছে। এসব তালিকা ধরে বিএনপি-জামায়াত নেতাদের নজরদারি করা হচ্ছে। তারা কী পরিকল্পনা করছেন তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে বিভিন্ন সময়ে দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলোর পলাতক আসামিদের তালিকা করে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। সূত্র জানায়, রাজধানী ঢাকায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া শতাধিক মামলা এখনো তদন্ত পর্যায়ে রয়েছে। এসব মামলায় কয়েক হাজার আসামি রয়েছে। পলাতক এসব আসামির বিস্তারিত নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া রাজনৈতিক মামলাগুলোর পলাতক আসামিদের ধরতেও সাঁড়াশি অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ দৈনিক বাংলাকে বলেন, ‘স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের কোনো বাধা নেই। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি ফৌজদারি অপরাধের পরিকল্পনা করে বা বিশৃঙ্খলার চেষ্টা করে, তবে আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করব।’
ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা দাবি করেন, কয়েক দিন আগে উত্তরার একটি বাসায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে রাজনৈতিক সহিংসতায় ককটেল মজুত করার কিছু তথ্য-প্রমাণ পেয়েছেন। ওই কর্মকর্তা জানান, বিএনপির সমাবেশ ঘিরে একটি পক্ষ ঢাকায় নাশকতার পরিকল্পনা করেছে। এ জন্য তারাও বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করেছে। ককটেল তৈরির কারিগরদের ধরতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সমাবেশকে কেন্দ্র করে গুজব ছড়ানোর আশঙ্কাও রয়েছে বলে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সাইবার মনিটরিং টিমগুলোকেও নজরদারি বাড়াতে বলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, ‘পুলিশ তার নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা না হলে পুলিশ নিরাপত্তা দেবে।’
পুলিশ বলছে, ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোতে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের নজরদারি শুরু করেছে। বিশেষ করে বৃহত্তর ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর করতে বলা হয়েছে।
ঢাকার পাশের একটি জেলার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সুপার বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে আমরা প্রস্তুতি নেয়া শুরু করেছি। বিএনপি-জামায়াত নেতাদের তালিকা হালনাগাদ করা হয়েছে। তারা কে কোথায় কী করছে তার বিস্তারিত নজরদারি করা হচ্ছে।’
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সমাবেশে বিএনপি যাতে বেশি লোকসমাগম করতে না পারে সে জন্য বিভাগীয় সমাবেশের আগে যে রকম যোগাযোগব্যবস্থা কৌশলে বন্ধ রাখা হয়েছিল, ঢাকার সমাবেশেও সেই কৌশল অনুসরণ করা হবে। একই সঙ্গে সমাবেশের অন্তত এক সপ্তাহ আগে থেকে রাজধানীর প্রত্যেকটি আবাসিক হোটেল ও মেস-বাসাগুলোতে তল্লাশি চালাবে পুলিশ। অকারণে ঢাকার বাইরের কোনো বাসিন্দাকে ঢাকায় অবস্থান করতে দেয়া হবে না। একই সঙ্গে ঢাকার প্রবেশপথগুলোতেও তল্লাশিচৌকি বসিয়ে লোকসমাগম ঠেকানোর চেষ্টা করা হবে।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, ঢাকায় বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি না থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা মাঠে অবস্থান নেবেন। বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা কোনো অপতৎপরতা করার চেষ্টা করলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে তা ঠেকানোর চেষ্টা করবে।
বিভাগীয় সমাবেশে বাধা না দেয়ার শুভবুদ্ধি সরকারের উদয় হবে- এমন আশা করে বিএনপির ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ দৈনিক বাংলাকে বলেন, আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করতে আমাদের চেয়ে সাধারণ মানুষ বেশি আগ্রহী। আমরা মনে করি, যত বাধাবিপত্তিই আসুক, বিএনপি নেতা-কর্মী, সাধারণ মানুষ সমাবেশে যোগদান করে একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তর করবে। এই সমাবেশ এ সরকারের বিদায়ের সূত্রপাত করবে।
সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) আটক রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।
সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে বিজিবি। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়।
আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যের প্রবেশ এবং অস্ত্রসহ আটকের ঘটনায় সীমান্তে বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে হঠাৎ গজিয়ে উঠেছে মালাই চায়ের আড্ডা নামে কিশোর গ্যাংয় ও মাদকাসক্তদের জমজমাট আসর। এতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী সহ উঠতি বয়সী তরুণ-তরুণী ও বখাটেদের আড্ডাখানা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এক সময় গ্রামের চায়ের দোকানগুলো ছিল মুরুব্বি ও সাধারণ মানুষের খোশগল্প বা খবরের কাগজ পড়ার জায়গা। বর্তমানে বাহারি নামের এই মালাই চায়ের আড্ডাগুলোতে বিভিন্ন ধরনের কিশোরগ্যাং ও বখাটে অপরাধের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি মালাই বাড়ির চায়ের আড্ডায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত অক্টোবর মাসের মাঝামাঝিতে কমলনগরের গ্রামে গঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় ১০ টি মালাই চায়ের আড্ডাখানা গড়ে উঠে। আড্ডাখানাগুলো হলো-চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রীজ সংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্টে, হাজিরহাট ইউনিয়নের আনন্দ বাজার কবরস্থান সংলগ্ন মালাই বাড়ি চায়ের আড্ডা, চরজাঙ্গালিয়া ৫ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া, ৭ নম্বর ওয়ার্ডের সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্প, চরফলকন ইউনিয়নের হাজিরহাটের দক্ষিণ মাথা, তোরাবগন্জ বাজারের পশ্চিম পাশে মালাই চায়ের গল্প সহ মোট ১০ টি আড্ডার আসরে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠে।
এসব স্পট ঘুরে দেখা গেছে, আকর্ষণীয় পরিবেশ, ধোঁয়া ওঠা মালাই চা, নান্দনিক আলোকসজ্জার কারণে সহজেই কিশোর-কিশোরী ও যুবকদের আকর্ষণ করে তুলেছে। আড্ডাখানায় সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে,যা বখাটেদের দীর্ঘ সময় আড্ডা দেওয়ার সুযোগ করে দেয়। রাস্তার মোড়ে মোড়ে গড়ে উঠা আড্ডাখানাতে শিশু কিশোর, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা লেখাপড়া ফেলে আড্ডায় মেতে উঠে। এতে আপত্তিকর ঘটনার পাশাপাশি ইভটিজিং সহ নানা অশ্লীলতার ঘটনাও ঘটার অভিযোগ উঠেছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রীজ সংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্টে। সেখানে স্থানীয় প্রশাসনের অনুমোদন না নিয়ে নাগরদোলা, ঘোড়া স্ট্যান্ডসহ, পশুঘোড়া, বক্সার সহ মেলার যাবতীয় দোকানপাঠ বসিয়ে নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এতে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা লেখাপড়া ফেলে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নানা অশ্লীলতায় লিপ্ত হওয়া সহ মাদক সেবনের খবর পাওয়া গেছে।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বাজার কমিটির নিয়ন্ত্রণ না থাকায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হাজার-হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে। দ্রুত এসব আড্ডাখানা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী।
ফজুমিয়ারহাট এলাকার অন্তত ২০ জন অভিভাবক এ প্রতিবেদককে জানিয়েছেন, অবাধ আড্ডা ও অসৎ সঙ্গের কারণে স্কুল-কলেজ পড়ুয়া শিশু-কিশোরদের একটি অংশ ধীরে ধীরে অপরাধ প্রবণতার দিকে ঝুঁকছে। শুরুতে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে সময় কাটানো হলেও পরবর্তীতে এসব আড্ডায় অপরাধ প্রবণে বড়দের সংস্পর্শে আসার ঝুঁকি রয়েছে। তাই বিষয়টি এখনই গুরুত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
স্থানীয় ইসমাইল, হাবিবুর রহমান ও নুর মোহাম্মদ জানান, বাজারের বাহিরে ভুলুয়া নদীর পাড় ঘেঁষে গড়ে উঠা মালাই বাড়ি রেস্টুরেন্টে আড্ডা জমে উঠেছে। তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের প্রচন্ড ভিড় ওই আসরে। চলে হাসি-ঠাট্টা আর গল্পের আসর। বাইরে থেকে দেখলে সাধারণ চায়ের দোকান মনে হলেও, এসব আড্ডার আড়ালে কিশোরগ্যাংয়ের আনাগোনা ও বখাটে তরুণদের উৎপাত নিয়ে তারা উদ্বিগ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক চরকাদিরা ইউনিয়ন পরিষদের দুইজন ইউপি সদস্য জানান, এসব আড্ডায় শুধু চা-পান কিংবা গল্পগুজবেই সময় কাটে না; অনেক ক্ষেত্রে উচ্চস্বরে গান বাজানো, অশালীন কথাবার্তা, পথচারীদের উত্ত্যক্ত করা এবং দলবদ্ধভাবে চলাফেরার ঘটনাও ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল আলম বলেন, মালাই চায়ের আড্ডার নামে এগুলো মুলত বখাটের আসর। এসব আসর বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাহাত উজ জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষকতা শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইচ্ছা, আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা থাকলে একজন শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নেও রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ফুলবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মোঃ আব্দুর রাজ্জাক।
শিক্ষকতার পাশাপাশি নিজ উদ্যোগে তথ্যপ্রযুক্তিগত দক্ষতা অর্জন করে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সহজ করতে তৈরি করেছেন ‘স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার’।
জানা যায়, মোঃ আব্দুর রাজ্জাক ২১ মে ২০০০ সালে সাতমেড়া ফুলবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি তথ্যপ্রযুক্তির প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। এ বিষয়ে তাঁর খুব বেশি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা আনুষ্ঠানিক কোর্স করার সুযোগ না থাকলেও অনলাইনের বিভিন্ন মাধ্যম, টিউটোরিয়াল ও নিজস্ব অধ্যবসায়ের মাধ্যমে সফটওয়্যার ও ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয় বিষয়গুলো শেখেন। অর্জিত এই জ্ঞানকে বিদ্যালয়ের কাজে লাগানোর চিন্তা থেকেই তাঁর এ উদ্যোগের সূচনা।
২০১৯ সাল থেকে শিক্ষকতার পাশাপাশি তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। বিশেষ করে পরীক্ষার ফলাফল প্রকাশের প্রচলিত ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করার পরিকল্পনা গ্রহণ করেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার কথা বিবেচনা করে বিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশের লক্ষ্যে তিনি ‘স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ তৈরির উদ্যোগ নেন।
পরিকল্পনা অনুযায়ী সফটওয়্যারটি তৈরি ও চালুর পর ২০২৩ সালে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রথম পর্যায়ে এতে প্রকাশ করেন। পরবর্তীতে বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষা-২০২৬-এর ফলাফলও একই সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করা হয়। এর ফলে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও এক ধাপ এগিয়ে যায়।
সফটওয়্যারটিতে শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের ব্যবস্থাই রাখা হয়নি; বরং বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগও রয়েছে। এতে বিদ্যালয়ের পরিচিতি, নামকরণ, প্রতিষ্ঠাতার নাম, শিক্ষক-শিক্ষিকাদের পরিচিতিসহ বিদ্যালয়ের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের যাবতীয় উপকরণ, আসবাবপত্র, নথিপত্র ও প্রয়োজনীয় সম্পদের তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার বিষয়টিও এতে যুক্ত করা হয়েছে। ফলে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ ও দাপ্তরিক তথ্য এক জায়গায় সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া সফটওয়্যারে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য পৃথক পরিচিতি ও আইডি কার্ড ব্যবস্থাপনার সুবিধা রাখা হয়েছে। শিক্ষার্থীদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের তথ্যও ডিজিটালভাবে ব্যবস্থাপনার সুযোগ রয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন ফি, চাঁদা ও অন্যান্য আর্থিক আদায়সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও হিসাব ব্যবস্থাপনাও সফটওয়্যারের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। এতে কোন খাতে কী পরিমাণ অর্থ আদায় হচ্ছে, তার তথ্য সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী পর্যালোচনার সুযোগ সৃষ্টি হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীর জন্য রয়েছে আলাদা ড্যাশবোর্ড। এর মাধ্যমে ছাত্রীরা নিজেরা অথবা তাঁদের অভিভাবকেরা সহজেই প্রয়োজনীয় তথ্য ও পরীক্ষার ফলাফল দেখতে পারেন। ফলে বিদ্যালয়ে বারবার উপস্থিত না হয়েও অনলাইনে প্রয়োজনীয় একাডেমিক তথ্য জানার সুযোগ তৈরি হয়েছে।
এ উদ্যোগের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ফলাফল জানার প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের তথ্য ব্যবস্থাপনাও আরও সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের আসবাবপত্র, উপকরণ, নথিপত্র, শিক্ষক-শিক্ষার্থীর পরিচিতি, আইডি কার্ড এবং বিভিন্ন ফি ও চাঁদার হিসাবসহ গুরুত্বপূর্ণ তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এতে দাপ্তরিক কাজে সময় সাশ্রয় এবং তথ্য সংরক্ষণে শৃঙ্খলা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
শিক্ষক আব্দুর রাজ্জাকের এ উদ্যোগ প্রমাণ করে, ব্যক্তিগত আগ্রহ, আত্মপ্রচেষ্টা ও প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। খুব বেশি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই অনলাইনে নিজ উদ্যোগে শেখা দক্ষতাকে বাস্তবে প্রয়োগ করে তিনি বিদ্যালয়ের জন্য একটি কার্যকর প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা করেছেন।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও ডিজিটাল ব্যবস্থাপনা চালু করতে উৎসাহিত করতে পারে।
নিজের অর্জিত প্রযুক্তিগত দক্ষতাকে বিদ্যালয়ের কল্যাণে কাজে লাগিয়ে আব্দুর রাজ্জাক যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এ প্রচেষ্টা পঞ্চগড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর সাড়ে ১২টায়ও তাদের অবস্থান কর্মসূচি চলছিল।
এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল—‘গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই’, ‘আদু, যদু, মধু ভাই; তারা কি আর রাকসু চায়?’ এবং ‘প্রশাসনের কালক্ষেপণ, মানবে না শিক্ষাঙ্গন’।
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, ‘রাকসুর তফসিল ঘোষণা করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসন কেন কালক্ষেপণ করছে কিংবা কোন অজানা কারণে তফসিল ঘোষণা করছে না, তার জবাব প্রশাসনকেই দিতে হবে।’
তিনি বলেন, ‘রাকসু ও সিনেট অধিবেশন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। রাকসুর মেয়াদ শেষ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। রাকসু সফল না ব্যর্থ, সেটি বড় বিষয় নয়; বরং এটি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই অনতিবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।’
অবস্থান কর্মসূচিতে সংগঠনটির সদস্য সচিব আরিফ আলভী অভিযোগ করেন, কিছু মানুষের অদৃশ্য স্বার্থের কারণেই রাকসু নির্বাচন আটকে রাখা হয়েছে। রাকসু সচল থাকলে ক্যাম্পাসে জবাবদিহিতা তৈরি হয়। শিক্ষার্থীরা সচেতন থাকলে কেউ স্বৈরাচারী মনোভাব দেখানোর সাহস পায় না। এ কারণেই শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগ সীমিত করতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুস্তাকিম বলেন, ‘দীর্ঘদিন পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা নিজেদের আবেগ, মতামত ও অধিকারের কথা প্রকাশের একটি জায়গা পেয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে সুন্দর ও সুস্থ পরিবেশ বিরাজ করলেও রাকসুর কার্যক্রম কেন বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’
তিনি বলেন, ‘এ বিষয়ে প্রশাসনকে বারবার নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।’
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩৭ জন রোগী ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে ৩২৮ জন (সরকারি হাসপাতালে ২৪০ ও বেসরকারি হাসপাতালে ৮৮ জন) ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১১৬ জন, ময়মনসিংহে ৫৭ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, রংপুরে ৩৮ জন, বরিশালে ৩০৮ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৫,৬৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫০৭ জন।
মাধবপুর এক সময় মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে বেশ জনপ্রিয় ছিল মোজাইক পাথর দিয়ে তৈরি পানির ফিল্টার। ঘরের সৌন্দর্য ও ব্যবহারিক সুবিধার কারণে অনেক পরিবারেই দেখা যেত এসব ফিল্টার। কিন্তু সময়ের পরিবর্তন, আধুনিক প্রযুক্তির প্রসার এবং বাজারে নানা ধরনের প্লাস্টিক ও আধুনিক ফিল্টারের সহজলভ্যতায় ক্রমেই হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প।
চাহিদা কমে যাওয়ায় লোকসানের মুখে পড়ে একের পর এক ব্যবসায়ী এ পেশা ছেড়ে দিচ্ছেন। হবিগঞ্জের মাধবপুরে তৈরি হতো জনপ্রিয় মোজাইক পাথরের পানির ফিল্টার। একসময় এখানকার বিভিন্ন কারখানা ও দোকানে দিনভর চলত ফিল্টার তৈরির কাজ।
মাধবপুরের এই শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের দাবি, আগের মতো অর্ডার ও ক্রেতা না থাকায় উৎপাদন কমিয়ে দিতে হচ্ছে। অনেকেই লোকসান সামলাতে না পেরে অন্য পেশায় চলে যাচ্ছেন। ফলে শুধু একটি ব্যবসা নয়, হারিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে স্থানীয় কারিগরদের দীর্ঘদিনের দক্ষতা ও কর্মসংস্থানের একটি ঐতিহ্যবাহী ক্ষেত্র।
কারিগরদের নিপুণ হাতে সিমেন্ট, মোজাইক পাথর ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি হতো বাহারি নকশার পানির ফিল্টার। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব ফিল্টার সরবরাহ করা হতো দেশের বিভিন্ন এলাকায়। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ফিল্টারের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ঐতিহ্যবাহী এই শিল্প। একসময় মোজাইক পাথরের তৈরি পানির ফিল্টারের বেশ কদর ছিল। টেকসই গঠন, বাহারি নকশা ও দীর্ঘদিন ব্যবহারের সুবিধার কারণে সাধারণ মানুষের কাছে এর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। এসব ফিল্টার তৈরির সঙ্গে জড়িত ছিলেন অনেক কারিগর ও ব্যবসায়ী। কিন্তু বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বাজারে আধুনিক প্রযুক্তির পানির ফিল্টার, প্লাস্টিকের ফিল্টার ও বিভিন্ন ধরনের বিকল্প পণ্যের আধিপত্যে মোজাইক পাথরের ফিল্টারের বাজার সংকুচিত হয়ে পড়েছে।
ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিনই এসব ফিল্টার তৈরির অর্ডার পাওয়া যেত। ক্রেতাদের চাহিদা থাকায় উৎপাদন ও বিক্রিও ভালো হতো। কিন্তু বর্তমানে আগের মতো ক্রেতা পাওয়া যায় না। অথচ ফিল্টার তৈরির কাঁচামাল, শ্রমিকের মজুরি, পরিবহনসহ উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। সেই তুলনায় বিক্রয়মূল্য বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে প্রতিটি ফিল্টার বিক্রি করেই লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা তৈরি হচ্ছে। একজন ব্যবসায়ী বলেন, একসময় এই ব্যবসা করে আমাদের সংসার ভালোভাবেই চলত। নিয়মিত অর্ডার পাওয়া যেত। এখন মানুষ আধুনিক ফিল্টারের দিকে ঝুঁকছে। মোজাইক পাথরের ফিল্টারের চাহিদা অনেক কমে গেছে। উৎপাদন খরচও বেড়েছে। সব মিলিয়ে ব্যবসা করে লাভ তো দূরের কথা, অনেক সময় পুঁজিও উঠে আসে না তাই বাধ্য হয়ে এ পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অনেকে।
আরেক ব্যবসায়ী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত। এই পেশার সঙ্গে আমাদের জীবিকা ও অভিজ্ঞতা জড়িয়ে আছে। কিন্তু বাজারে চাহিদা না থাকায় দোকান ও কারখানার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন প্রজন্মও এ পেশায় আসতে আগ্রহী নয়। এভাবে চলতে থাকলে একসময় মোজাইক পাথরের পানির ফিল্টার তৈরির কারিগরই খুঁজে পাওয়া যাবে না। সংশ্লিষ্টদের মতে, আধুনিকতার সঙ্গে তাল মেলাতে না পারা, প্রচার-প্রচারণার অভাব এবং নতুন বাজার তৈরি না হওয়াও এ শিল্পের পিছিয়ে পড়ার অন্যতম কারণ। অথচ সঠিক উদ্যোগ ও আধুনিক নকশার সমন্বয় ঘটাতে পারলে ঐতিহ্যবাহী এ শিল্পকে নতুনভাবে ফিরিয়ে আনা সম্ভব।
স্থানীয় ঐতিহ্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা মোজাইক পাথরের পানির ফিল্টার শিল্প এখন অস্তিত্ব সংকটে। সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে একসময় হয়তো স্মৃতির পাতায় জায়গা করে নেবে একসময়ের জনপ্রিয় এই শিল্প।
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া নাজিরপুর এলাকায় রাতের অন্ধকারে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। একটি প্রভাবশালী চক্রের এমন নির্বিচারে বালু উত্তোলনের ফলে তীব্র নদীভাঙন ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে পুরো জনপদ। হুমকির মুখে পড়েছে স্থানীয় নদী ব্যবস্থা এবং হাওরের জীববৈচিত্র্য।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে রাতের আঁধারে ড্রেজার ও শক্তিশালী পাম্প বসিয়ে নদীগর্ভ থেকে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে একটি অসাধু চক্র। নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে এই বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী ফসলি জমি, বসতভিটা ও বিভিন্ন গ্রামীণ অবকাঠামো এখন চরম ভাঙনের মুখে পড়েছে। বিশেষ করে লাউড়া নাজিরপুর এলাকার বাসিন্দারা বাড়িঘর ও আবাদি জমি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। নোয়াগাঁও গ্রামে ইতিমধ্যে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ইতোমধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সচেতন নাগরিক ও স্থানীয় যুবসমাজ এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ফেসবুকে এলাকাবাসী বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে এই অপকর্মের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রটি রাতের অন্ধকারকে পুঁজি করে অবৈধ এই রমরমা বাণিজ্য চালিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এভাবে চলতে থাকলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে নদীভাঙনের তীব্রতা আরও মারাত্মক আকার ধারণ করবে এবং অত্র অঞ্চলের যোগাযোগ ও জনবসতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
আইনগত দিক ও বালুমহাল ব্যবস্থাপনা আইন: আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের মতে, মেঘনা নদী থেকে এভাবে রাতের আঁধারে ড্রেজার দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এবং এর সংশোধিত বিধান অনুযায়ী— পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে ভূ-গর্ভস্থ বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ (আইনের ধারা ৫)। সেতু, কালভার্ট, ডেম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, এবং অন্য সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো বা বসতবাড়ির ১ কিলোমিটারের মধ্যে বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ। এই আইনের বিধান লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করলে অপরাধের জন্য সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার, পাম্প ও অন্যান্য যন্ত্রপাতি বাজোপ্ত করার বিধান রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রাতের আঁধারে মেঘনার বুক থেকে বালু উত্তোলনের এই অপচেষ্টা অবিলম্বে চিরতরে বন্ধ করা যায় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, বিষয়টি আমি অবগত আছি। খুব শিগগিরই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন থানা ও পৌরসভা গঠন, থানার নাম পরিবর্তন এবং উপজেলা প্রশাসনের সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে কক্সবাজার, বগুড়া, সিলেট, ময়মনসিংহ, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসছে। বিশেষ করে বগুড়ার মোকামতলা এলাকায় থানা ও পৌরসভা—দুই ধরনের নতুন প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে উঠবে। একই সঙ্গে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও কুমিল্লার বাঙ্গরা উপজেলার প্রশাসনিক কেন্দ্রের অবস্থানও নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সভার সিদ্ধান্তগুলো জানান। প্রকাশিত তথ্য অনুযায়ী, সভায় মোট ছয় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত এসেছে—দুটি নতুন থানা, দুটি পৌরসভা, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলা সদর দপ্তর স্থানান্তর।
চকরিয়া ও শিবগঞ্জ ভাগ করে নতুন দুই থানা: কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন থানাটি স্থাপন করা হবে। এর ফলে চকরিয়া থানার ওপর নির্ভরশীল সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনিক কার্যক্রম পৃথকভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় মোকামতলা থানা স্থাপন করা হবে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বগুড়ার এই অঞ্চলে পুলিশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারিত হচ্ছে। নতুন থানা দুটি স্থাপনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মোকামতলা ও জৈন্তাপুর হচ্ছে পৌরসভা: নগরসেবা ও স্থানীয় সরকার ব্যবস্থার আওতা বাড়াতে বগুড়া ও সিলেটে দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় মোকামতলা পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর পৌরসভা গঠিত হবে।
পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন প্রশাসনিক কাঠামো যুক্ত হবে। পরিকল্পিত নগরসেবা, নাগরিক সুবিধা এবং স্থানীয় অবকাঠামো ব্যবস্থাপনায় এর মাধ্যমে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে পৌরসভা দুটির ওয়ার্ড বিন্যাস, শ্রেণি ও কার্যক্রম শুরুর সময় সম্পর্কে সভার প্রকাশিত তথ্যে বিস্তারিত জানানো হয়নি।
পাগলা থানার নতুন নাম দক্ষিণ গফরগাঁও: ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নিকার। এখন থেকে থানাটির নাম হবে দক্ষিণ গফরগাঁও থানা।
উপজেলা ও থানার নামের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠা এবং প্রশাসনিক পরিচিতি একীভূত করাই এ পরিবর্তনের মূল দিক। থানার নাম পরিবর্তনের প্রস্তাবও এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
চন্দ্রগঞ্জ ও বাঙ্গরা উপজেলা সদরের স্থান পরিবর্তন: সভায় লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা এবং কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের অবস্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে গঠিত চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর আগে মটবী ও চরচামিতা মৌজায় স্থাপনের প্রস্তাব ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেটি হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে। একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় নেওয়া হবে। দুটি ক্ষেত্রেই আগের প্রস্তাবিত অবস্থানের পরিবর্তে নতুন স্থান নির্ধারণ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট উপজেলাগুলোর প্রশাসনিক অবকাঠামো নির্মাণ ও দাপ্তরিক কার্যক্রমের কেন্দ্র কোথায় গড়ে উঠবে, তা নির্দিষ্ট হলো।
প্রশাসনিক পুনর্বিন্যাসে দুই বিভাগের ভূমিকা: নিকারের সভায় অনুমোদিত সিদ্ধান্তগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলা সদর দপ্তরের স্থান পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
প্রশাসনিক পুনর্বিন্যাসের এসব সিদ্ধান্তের মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে সরকারি কার্যক্রমের কাঠামো সম্প্রসারণ এবং প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা। নতুন থানা প্রতিষ্ঠিত হলে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের প্রশাসনিক উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হবে। পৌরসভা গঠনের ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন প্রতিষ্ঠান যুক্ত হবে। তবে সিদ্ধান্ত অনুমোদনের পর সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া, জনবল, অবকাঠামো এবং সেবা কার্যক্রমের প্রস্তুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এসব উদ্যোগের সুফল শেষ পর্যন্ত নির্ভর করবে বাস্তবায়নের গতি ও নাগরিক সেবার মানের ওপর।
ডিসেম্বরকে সামনে রেখে দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলাতক আসামিদের অবৈধভাবে দেশত্যাগ, অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ব্যবহার করা হচ্ছে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও ড্রোন। এরই মধ্যে মৌলভীবাজার সীমান্তে দুই সপ্তাহে ৭০ থেকে ৭৫ জন এবং চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে নারী-শিশুসহ ৯ বাংলাদেশির ভারতে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের ব্রাক্ষ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।
বিজিবি সূত্রে জানা গেছে, পাহাড়ি, বনাঞ্চল ও দুর্গম সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক রাখা হয়েছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতেও কয়েকটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: আগামী ডিসেম্বরের পরিস্থিতি বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় টহল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি বলেন, কুমিল্লা সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যেই টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রতিটি বর্ডার আউটপোস্টকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধেও নজরদারি জোরদার করা হয়েছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। এসব জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত ১৫৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মৌলভীবাজার: মৌলভীবাজারের পাহাড়ি ও বনাঞ্চলবেষ্টিত সীমান্তপথ দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। তবে বিজিবির কঠোর নজরদারিতে গত দুই সপ্তাহে বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ৭০ থেকে ৭৫ জনকে আটক করে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
৪৬ বিজিবি (শ্রীমঙ্গল ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অবৈধ অনুপ্রবেশের যেকোনো চেষ্টা আইন ও নিয়ম অনুযায়ী প্রতিহত করা হচ্ছে।
জীবননগর (চুয়াডাঙ্গা) : এদিকে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত রোববার রাত সোয়া ৯টার দিকে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত পিলার ৬১/৭-এস থেকে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে এ অভিযান চালানো হয়। হাবিলদার মো. মাসুম এলাহীর নেতৃত্বে বিজিবির একটি দল তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও একজন শিশু রয়েছে। তাদের মধ্যে চার পুরুষ হলেন অসীম বরণ বাড়ৈ (৫২), মো. শারিয়ার (২৩), জাফরান মজুমদার (২৩) ও শ্যামল কুমার সরকার (৪৮)। তাদের বাড়ি যথাক্রমে ঢাকা, কুমিল্লা ও মানিকগঞ্জে। আটক নারী ও শিশুসহ সবাইকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্তে সন্দেহজনক কোনো গতিবিধি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে বিশ্বশক্তিগুলোর মধ্যে বাড়ছে টানাপোড়েন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিদায়ের সময় ঘনিয়ে এলেও তার উত্তরসূরি নিয়ে এখনো একমত হতে পারেনি প্রভাবশালী দেশগুলো।
আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও কারও পক্ষেই নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সমর্থন নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে নতুন মহাসচিব নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর গুতেরেসের মেয়াদ শেষ হবে। এর আগেই নতুন মহাসচিব নির্বাচন করার কথা। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মতো প্রভাবশালী দেশগুলোর ভিন্ন অবস্থানের কারণে নির্বাচনপ্রক্রিয়া জটিল হয়ে উঠেছে।
এবারের প্রতিদ্বন্দ্বিতায় আটজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে পাঁচজনই নারী। বেশির ভাগ প্রার্থীই লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের। জাতিসংঘের প্রচলিত নিয়ম অনুযায়ী, এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল থেকে মহাসচিব নির্বাচিত হওয়ার কথা। পাশাপাশি, সংস্থাটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে এ পদে দেখতে চান অনেকে।
এদিকে প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। গত ৫ নভেম্বর নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটে তিনি ১২টি সমর্থনমূলক ও তিনটি বিরোধিতামূলক ভোট পেয়েছেন।
তবে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া তার প্রার্থিতায় ভেটো দিতে পারে বলে আশঙ্কা রয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (আঙ্কটাড) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি সর্বশেষ ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তিনি পেয়েছেন ৯টি সমর্থনমূলক ও চারটি বিরোধিতামূলক ভোট।
তবে, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় চীন ও রাশিয়ার সমর্থন পাওয়া তার জন্য কঠিন হতে পারে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ ও তুরস্কের ফেরিদুন সিনিরলিওগলুকে প্রার্থী হিসেবে যুক্ত করায় প্রতিদ্বন্দ্বিতা আরও জটিল হয়েছে। নুসেইবেহের প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমর্থন রয়েছে বলে জানা গেছে।
তবে, সুদানের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আমিরাতের অস্ত্র সরবরাহের অভিযোগ তার প্রার্থিতায় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমিরাত অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন শুধু একজন মহাসচিব বেছে নেওয়ার বিষয় নয়, বরং জাতিসংঘে প্রভাব বিস্তারের লড়াইও।
কারণ, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের প্রত্যেকেরই ভেটো ক্ষমতা রয়েছে। ফলে, কোনো প্রার্থীকে এগিয়ে যেতে হলে এসব দেশের বিরোধিতা এড়াতে হবে।
এর মধ্যে জাতিসংঘ নিজেও নানা সংকটে রয়েছে। ইরান ও ইউক্রেনের সংঘাতে সংস্থাটির ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংস্থাটির কঠোর সমালোচনা করেছেন। পাশাপাশি, আর্থিক সংকটের কারণে হাজার হাজার কর্মী ছাঁটাই করতে হয়েছে জাতিসংঘকে।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন মহাসচিব নির্বাচিত না হলে বছরের শুরুতে নেতৃত্বশূন্য হয়ে পড়তে পারে জাতিসংঘ। এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ, এমন পরিস্থিতিতে কে অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে জাতিসংঘ সনদে স্পষ্ট কোনো নির্দেশনা নেই।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারদের শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডা। ভূমির অধিকার, সামাজিক মর্যাদা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় তাঁর আত্মত্যাগ আজও অধিকার আদায়ের আন্দোলনে অনুপ্রেরণা জোগায়। এই কিংবদন্তি বিপ্লবীর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পঞ্চপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পরে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার (আসুস) নির্বাহী পরিচালক রাজকুমার শাও এবং দিঘোরী রাজা পরিষদের সভাপতি শ্রী নিরেন চন্দ্র খালকো।
আলোচনা সভা শেষে আদিবাসী বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় তুলে ধরা হয় আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য।
উল্লেখ্য, মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়ে ইতিহাসে অমর হয়ে আছেন বিরসা মুন্ডা।
নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং ডেঙ্গু প্রতিরোধে নিজস্ব অর্থায়নে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির অধিক্ষেত্রভুক্ত ২৬টি খালের মধ্যে ২২টি খাল নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ডিএসসিসির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩) পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও তদারকি করেন। ডিএসসিসি সূত্র জানায়, কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৭২০ কিলোমিটার এবং গড় প্রস্থ ১২ ফুট। প্রায় দুই মাসের এ কর্মসূচিতে খাল থেকে ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করছে ডিএসসিসি।
উল্লেখ্য, ডিএসসিসির অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি নিজস্ব অর্থায়নে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিটি করপোরেশন খাল খনন ও পরিষ্কারের কাজ যথাযথভাবে করছে কি না, স্থানীয় বাসিন্দাদের তা তদারকি করতে হবে। কাজে কোনো গাফিলতি দেখা গেলে কর্তৃপক্ষকে জানাতে হবে। অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।
প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও দখলমুক্ত করার পর যাতে কেউ পুনরায় অবৈধভাবে দখল করতে না পারে এবং খালে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ। এর সুফল যেমন নাগরিকরা ভোগ করেন, তেমনি এর কুফলও প্রথমে তাদেরই ভোগ করতে হয়। তাই সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
আবদুস সালাম সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং খাল খনন কাজে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, সরকার ও জনগণ সম্মিলিতভাবে কাজ করলে দ্রুতই ঢাকা মহানগরীর সার্বিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নাগরিকরা উপস্থিত ছিলেন।