আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশ। এই সমাবেশ রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে। এর মধ্যে পুলিশের গোয়েন্দা শাখাগুলো বলছে, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটতে পারে। বিএনপি ও আওয়ামী লীগ যার যার জায়গা থেকে ওই দিনটি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। বসে নেই পুলিশও। তারাও প্রস্তুত হচ্ছে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক সমাবেশ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে বিএনপির সমাবেশ ঘিরে নাশকতা হতে পারে- এমন আশঙ্কায় অগ্রিম প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে পুলিশের সব পর্যায়ের সদস্যদের আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত অতীব প্রয়োজনীয় ইস্যু ছাড়া ছুটি না দেয়ার মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপি ও জামায়াতের ঢাকা মহানগরীর সব নেতার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। পুরোনো রাজনৈতিক মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনাও দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক দৈনিক বাংলাকে বলেন, ‘আমরা তো বিভিন্ন গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছি ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে নাশকতার পরিকল্পনা হচ্ছে। তারা নিজেরাই সাবোট্যাজ করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করতে পারে। এ জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি।’ এই কর্মকর্তা বলেন, ‘তারা সুষ্ঠুভাবে সমাবেশ করলে আমাদের কোনো বাধা নেই। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু সমাবেশের নামে যদি নাশকতা বা সহিংসতার চেষ্টা করে, সে জন্য আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বিভাগীয় সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করেছে বিএনপি। গত ১২ অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশের মাধ্যমে বিএনপির এই কর্মসূচি শুরু করে। এরপর পর্যায়ক্রমে খুলনা, ময়মনসিংহ, রংপুর ও বরিশালে সমাবেশ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে ঢাকায় সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে পুলিশ কমিশনারের কাছে কোনো আবেদন করা হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপিকে তাদের পল্টনে নিজ কার্যালয়ের সামনে নির্দিষ্ট সময়ের জন্য কয়েকটি শর্ত মেনে অনুমতি দেয়া হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশের বিভাগীয় শহরের সমাবেশের চাইতে ঢাকার সমাবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি। ঢাকার সমাবেশে কয়েক লাখ নেতা-কর্মীর গণজমায়েত করার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনেও ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে নানা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সরকার ও বিরোধী রাজনৈতিক নেতারা বিভিন্ন বক্তব্যে ডিসেম্বরে ‘খেলা হবে’ বলে মন্তব্য করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, ঢাকায় সমাবেশকে তারা সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যে একটি প্রতিবেদন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হয়েছে। এ জন্য আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার বিএনপি-জামায়াতের ওয়ার্ড ও থানাভিত্তিক কমিটির তালিকা সংগ্রহ করা হয়েছে। এসব তালিকা ধরে বিএনপি-জামায়াত নেতাদের নজরদারি করা হচ্ছে। তারা কী পরিকল্পনা করছেন তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে বিভিন্ন সময়ে দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলোর পলাতক আসামিদের তালিকা করে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। সূত্র জানায়, রাজধানী ঢাকায় বিভিন্ন সময়ে দায়ের হওয়া শতাধিক মামলা এখনো তদন্ত পর্যায়ে রয়েছে। এসব মামলায় কয়েক হাজার আসামি রয়েছে। পলাতক এসব আসামির বিস্তারিত নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া রাজনৈতিক মামলাগুলোর পলাতক আসামিদের ধরতেও সাঁড়াশি অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ দৈনিক বাংলাকে বলেন, ‘স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে আমাদের কোনো বাধা নেই। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি ফৌজদারি অপরাধের পরিকল্পনা করে বা বিশৃঙ্খলার চেষ্টা করে, তবে আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করব।’
ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা দাবি করেন, কয়েক দিন আগে উত্তরার একটি বাসায় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে রাজনৈতিক সহিংসতায় ককটেল মজুত করার কিছু তথ্য-প্রমাণ পেয়েছেন। ওই কর্মকর্তা জানান, বিএনপির সমাবেশ ঘিরে একটি পক্ষ ঢাকায় নাশকতার পরিকল্পনা করেছে। এ জন্য তারাও বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসন্ধান শুরু করেছে। ককটেল তৈরির কারিগরদের ধরতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সমাবেশকে কেন্দ্র করে গুজব ছড়ানোর আশঙ্কাও রয়েছে বলে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সাইবার মনিটরিং টিমগুলোকেও নজরদারি বাড়াতে বলা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বলেন, ‘পুলিশ তার নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা না হলে পুলিশ নিরাপত্তা দেবে।’
পুলিশ বলছে, ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোতে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের নজরদারি শুরু করেছে। বিশেষ করে বৃহত্তর ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর করতে বলা হয়েছে।
ঢাকার পাশের একটি জেলার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সুপার বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে আমরা প্রস্তুতি নেয়া শুরু করেছি। বিএনপি-জামায়াত নেতাদের তালিকা হালনাগাদ করা হয়েছে। তারা কে কোথায় কী করছে তার বিস্তারিত নজরদারি করা হচ্ছে।’
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সমাবেশে বিএনপি যাতে বেশি লোকসমাগম করতে না পারে সে জন্য বিভাগীয় সমাবেশের আগে যে রকম যোগাযোগব্যবস্থা কৌশলে বন্ধ রাখা হয়েছিল, ঢাকার সমাবেশেও সেই কৌশল অনুসরণ করা হবে। একই সঙ্গে সমাবেশের অন্তত এক সপ্তাহ আগে থেকে রাজধানীর প্রত্যেকটি আবাসিক হোটেল ও মেস-বাসাগুলোতে তল্লাশি চালাবে পুলিশ। অকারণে ঢাকার বাইরের কোনো বাসিন্দাকে ঢাকায় অবস্থান করতে দেয়া হবে না। একই সঙ্গে ঢাকার প্রবেশপথগুলোতেও তল্লাশিচৌকি বসিয়ে লোকসমাগম ঠেকানোর চেষ্টা করা হবে।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, ঢাকায় বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি না থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা মাঠে অবস্থান নেবেন। বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা কোনো অপতৎপরতা করার চেষ্টা করলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে তা ঠেকানোর চেষ্টা করবে।
বিভাগীয় সমাবেশে বাধা না দেয়ার শুভবুদ্ধি সরকারের উদয় হবে- এমন আশা করে বিএনপির ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ দৈনিক বাংলাকে বলেন, আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ সফল করতে আমাদের চেয়ে সাধারণ মানুষ বেশি আগ্রহী। আমরা মনে করি, যত বাধাবিপত্তিই আসুক, বিএনপি নেতা-কর্মী, সাধারণ মানুষ সমাবেশে যোগদান করে একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তর করবে। এই সমাবেশ এ সরকারের বিদায়ের সূত্রপাত করবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) বাসভবনের সামনে দিবাগত রাতে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে নিরাপত্তা জোরদার করে। পুলিশ সূত্র জানায়, দুর্বৃত্তরা মোটরসাইকেলযোগে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে অনেকে ঘুম থেকে উঠে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল বাড়িয়েছে এবং সন্দেহভাজনদের খোঁজ চালাচ্ছে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। পুলিশ এসব নাশকতাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সিনিয়র জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি উজিরপুর ও মেহেন্দীগঞ্জের সিভিল জজ আদালতের বিচারকের দায়িত্বে রয়েছেন।
এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকালে জেলা জজ আদালতের নাজির মাইনুল হাসান বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডিটি করেন।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বিচারকের আদালতের কর্মরতদের বরাত দিয়ে বলেন, গত মঙ্গলবার সকাল ১০টায় আদালতে আসেন বিচারক ফারহান নাদিম। বিচার কার্য সম্পন্ন করে আদালত প্রাঙ্গণ থেকে বের হন। যথারীতি তার বাসায় যাওয়ার কথা। কিন্তু রাত ১০টায় তার স্ত্রী আদালতে তার সহকর্মী বিচারকদের কাছে ফারহানের অবস্থান জানতে চান। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে বিষয়টি সবাইকে জানান। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকালে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন জেলা জজ আদালতের নাজির মাইনুল হাসান।
আদালতের বেঞ্চ সহকারী রাসেল সিকদার বলেন, গতকাল মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষ করে মাগরিবের নামাজ আদায় করেন স্যার (বিচারক শেখ ফারহান নাদিম)। এরপর নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার ভাড়ায় বাসায় ফেরেন তিনি। কিন্তু ওই দিন তিনি আর বাসায় ফেরেননি। রাত ১০টায় স্যারের স্ত্রী মোবাইল করে তার সহকর্মী বিচারকদের বিষয়টি জানান। এরপর তার সন্ধানে নামেন বিচারক থেকে শুরু করে আদালত সংশ্লিষ্টরা। এমনকি বিষয়টি পুলিশকেও জানানো হয়।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আদালতের কার্যক্রম শেষ করে মঙ্গলবার বিকালে রিকশাযোগে বের হন বিচারক শেখ ফারহান নাদিম। তিনি নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান। সেখান থেকে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন। রাত ১০টার দিকে নগরীর বাংলাবাজার এলাকায় দেখা যায় তাকে। এরপর তার আর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি জানান, মঙ্গলবার রাত থেকেই বিচারকের অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে। এমনকি নগরীর বিভিন্ন আবাসিক হোটেল এবং হাসপাতালেও তার সন্ধান চালানো হয়।
ওসি বলেন, গত মঙ্গলবার বিকাল ৫টায় বিচারকের ব্যবহৃত মোবাইল বন্ধ হয়ে যায়। এ কারনে মোবাইল নম্বর ব্যবহার করে কোনও তথ্য উপাত্ত সংগ্রহ করা যাচ্ছে না। তারপরও তার সন্ধানে আমাদের চেষ্টা চলছে।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার কয়েকটি স্থানে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিকেরা দুটি এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেন। এর মধ্যে একটি স্থানে বুঝিয়ে এবং অন্য স্থানে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
এদিকে চলমান শ্রমিক বিক্ষোভের বিভিন্ন ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় এখন পর্যন্ত ২৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল নয়টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের পাশে ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে একই এলাকার আলেয়া অ্যাপারেলস লিমিটেড কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান শ্রমিকেরা।
এ ছাড়া সকাল সাড়ে আটটার পর ওই এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক চলে যান। তবে কয়েকজন শ্রমিক ম্যাক্সকম ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড কারখানার পাশে অবস্থান নেন। পুলিশ তাদের সড়কের পাশ থেকে সরে যেতে বলে। এ সময় কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে নিজেদের দাবি তুলে ধরেন। পরে পুলিশ মাইক দিয়ে ঘোষণা করে, শান্তিপূর্ণভাবে সরে না গেলে বল প্রয়োগ করতে বাধ্য হবে। এরপর শ্রমিকেরা সেখান থেকে চলে যান।
অন্যদিকে বেলা সোয়া ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সারমিন গ্রুপের কারখানার সামনে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে ধাওয়া দিয়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
সকাল ১০টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, সাভার ও আশুলিয়ার কিছু পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করেছে। কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, কয়েকটি স্থানে শ্রমিকেরা জড়ো হলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও বল প্রয়োগ করা হয়নি। শ্রমিকদের আন্দোলনের মধ্যে দুষ্কৃতিকারী বা যারা পরিস্থিতি ঘোলাটে করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত সাভার ও আশুলিয়া থানায় ২৪টি মামলা হয়েছে। নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আজ সকালে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি বেশ শান্ত ছিল। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। অনেক কারখানায় তারা কাজ শুরু করেন। আবার অনেক কারখানায় কাজ শুরু না করে কার্ড পাঞ্চ করে নিচে নেমে আসেন।
মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ১০টি কারখানা বন্ধ রয়েছে। আর আজকের দিনের জন্য সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কাজ না করায় আজ ১৩টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। আজ কারখানায় কাজ হচ্ছে না এমন কারখানার সংখ্যা ১১টি।
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ফের অশান্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল; বিক্ষোভে উত্তাল রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকেরা এবং এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি জিপ গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই।
সকালে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি পরিদর্শনের জন্য গাড়িটি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, সকালে মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন; পরিস্থিতি দেখতে গিয়ে তিনি গাড়ি থেকে নামার পরই মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চালালেও হঠাৎ সাধারণ মানুষ গাড়িটির চারপাশে মিশে যাওয়ায় সেটি আর সরানো সম্ভব হয়নি। তাঁর গাড়িটিকে আগে থেকেই লক্ষ্যবস্তু (টার্গেট) করে রাখা হয়েছিল উল্লেখ করে মহিউদ্দিন আহমেদ জানান, গাড়িটি পুড়িয়ে দেওয়া হলেও তিনি নিরাপদে আছেন।
এদিকে গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, তাঁদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলেও নিশ্চিত করেন তিনি।
ফেনীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর ) রাত সোয়া ৯টার দিকে শহরের কলেজ রোড সংলগ্ন গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে ও তার স্ত্রীকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা পারভেজকে মারধর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় পুলিশের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন ফেনী মডেল থানার দুই পুলিশ সদস্য।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য রয়েছে। সারা দেশে এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের মধ্যে ৬ হাজার ২৮৮টি পদই শূন্য। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোছাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বর্তমানে ৬ হাজার ৭৪৮ জন চিকিৎসক কর্মরত আছেন। শূন্য রয়েছে ৬ হাজার ২৮৮টি পদ।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে ২১ হাজার ৬৫৬টি পদও শূন্য।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকার সারা দেশের শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশু। তবে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ শিশু, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ২৫ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যে, বিশেষ করে পুরুষদের হৃদ্রোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে মাঠপর্যায়ে পরিদর্শনের ভিত্তিতে সারা দেশে ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে সরকার। এর মধ্যে নতুন ও নবায়ন করা লাইসেন্স রয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি ২৫০টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বর্তমানে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’-এ পরিণত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে এ কথা বলেন।
সংসদে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।’
সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দলটির নেতাকর্মীরা কেবল সেখানে গিয়েই থানায় হামলা চালাতে পারে। এ ছাড়া তারা বিএনপির একজন সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের দোকানপাটে হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।’
উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় এখন পদ্মার ৮০ শতাংশ পানির প্রবাহ কমে গেছে। প্রায় মৃত ১০টি নদ-নদী। নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে আন্তঃসীমান্ত নদীর গতিপথে নির্মিত এ বাঁধ বিরূপ প্রভাব ফেলেছে পদ্মাসহ এর শাখা নদ-নদীর ওপর। ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরিয়ে নেয়ায় চর জেগেছে পদ্মায়। শুকিয়ে মরে গেছে এ নদীর উৎস থেকে সৃষ্ট পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী। মৃতপ্রায় কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদ। কপোতাক্ষ নদের কোথাও হাঁটু পানি, কোথাও পানিই নেই। যে হাঁটু পানি দেখা যায় এটা বৃষ্টির পানি, গঙ্গা থেকে আর আসে না।
পানি সংকটের কারণে পদ্মার যে শাখা নদীগুলো ক্ষতিগ্রস্ত তার একটি বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাটে বড়াল নদীর উৎসমুখ। বড়ালের উৎসমুখে দেখা যায় বিশাল চর জেগেছে, সেখানে পানির প্রবাহ নেই। বড়ালের দুই পাশে চর পড়ে উঁচু হয়ে গেছে। মাঝখানে সরু নালার মতো।
পদ্মা থেকে রাজশাহী, নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত। এ নদীর জীবন মৃত্যুর সাক্ষী চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম। এ নদীতে বড় বড় নৌকা চলতে দেখেছেন বলে জানান তিনি।
নদী গবেষকরা বলছেন, বাংলাদেশের দীর্ঘতম এ নদীর গতিপথ থেকে শুরু করে এর শাখা নদনদীর প্রবাহে মারাত্মক ক্ষতি করেছে ফারাক্কা বাঁধ।
পানি বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ শুরু হয় ১৯৬১ সালে, শেষ হয় ১৯৭৫ সালে। ২ হাজার ২৪০ মিটার লম্বা এ বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক পরিবর্তন ঘটেছে। বিতর্কিত এ বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতিসহ বহুমাত্রিক প্রভাব বিবেচনায় বাংলাদেশ এমনকি ভারতের কিছু অংশেও এর জোরালো বিরোধিতা রয়েছে।
অর্ধশতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের প্রধান অভিযোগ—এ বাঁধের ফলেই প্রমত্তা পদ্মার বুকে জেগেছে বিশাল চর। সংকীর্ণ হয়ে গেছে নদীর গতিপথ। শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে ভারত পানি সরিয়ে নেয়ায় পদ্মায় মারাত্মক পানি সংকট তৈরি হচ্ছে। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের প্রধান এ নদী।
অন্যদিকে ভারত বরাবর যুক্তি দিয়ে এসেছে, কলকাতা বন্দরকে রক্ষার জন্য ফারাক্কা ছাড়া কোনো উপায় ছিল না। কয়েক বছর আগে ফারাক্কা ব্যারাজ ভেঙে দেয়ার দাবি তুলেছিল বিহার সরকারও। রাজ্যটির অভিযোগ, ফারাক্কার কারণে প্রতি বছর তাদের বন্যায় ভুবতে হয়। ফারাক্কার উজানে ও ভাটিতে গঙ্গার ভাঙনও ওই এলাকার মানুষের জন্য খুব বড় সমস্যা।
স্প্রিঙ্গার নেচারের ডিসকাভার ওয়াটার জার্নালে প্রকাশিত মো. ইমরান হোসেনের (জুন ২০২৬) গবেষণায় বলা হয়েছে, উজানের পানি প্রত্যাহার বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষি কার্যক্রম, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির একটি হিসাব এতে উল্লেখ করা হলেও, এর পুরোটাই এককভাবে ফারাক্কার কারণে ঘটছে এমন নয়, এর সঙ্গে অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও জড়িত।
এছাড়া নিউজিল্যান্ডের গবেষক এম এম কিউ মির্জার (১৯৯৮) গবেষণায় গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছিল। গবেষণার সূত্রে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা বাঁধের কারণে লবণাক্ততায় ধানের আঞ্চলিক ফলন সর্বোচ্চ হ্রাস পেয়েছে বোরো ৮৬শতাংশ এবং আমন ৭১ শতাংশ।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদন ছিল প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টন, যা পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে প্রায় ৪ কোটি ৬ লাখ টনে উন্নীত হয়েছে। এর অর্থ হলো, দেশের সামগ্রিক ধান উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আধুনিক বীজ, সার ও সেচ ব্যবস্থার কারণে এ উৎপাদন বেড়েছে।
তবে গবেষকদের মতে, মূল প্রশ্নটি তা নয়, বরং উজানের পানিপ্রবাহের অস্বাভাবিক হ্রাস ও লবণাক্ততা না ঘটলে এই উৎপাদন আরও কত বেশি হতে পারত, সেই সম্ভাবনাময় ঘাটতির।
এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, এ যাবৎ অভিন্ন নদ-নদী নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা হয়েছে নদ-নদীর প্রতি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির আলোকে। এ দৃষ্টিভঙ্গিতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকা গুরুত্ব পায় না। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বিপরীত হলো নদ-নদীর প্রতি প্রকৃতিসহায়ক দৃষ্টিভঙ্গি। এতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
দ্বিতীয় হলো, প্রতিটি নদ-নদী স্বীয় উপত্যকায় একটি নিজস্ব বাস্তুতন্ত্রের জন্ম দেয় এবং তাকে জায়মান রাখে। সামগ্রিকভাবে পৃথিবীর বাস্তুতান্ত্রিক ভারসাম্যের জন্য এই উভয় ভূমিকা অপরিহার্য। অভিজ্ঞতা দেখায়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি অদূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে নদ-নদীর বাণিজ্যিক ও অর্থনৈতিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রকৃতিভিত্তিক দৃষ্টিভঙ্গি দূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকার সুরক্ষা করা গেলে নদী তার অর্থনৈতিক ভূমিক পালনেও সক্ষম থাকে।
পদ্মা নদী তীরবর্তী অঞ্চলের প্রবীণদের ভাষ্য, আগে অনেক স্রোত ছিল, নদী বড় ছিল। এখন তো পুরো চর। যখন বাঁধ ছিল না তখন পানির খুব বেগ, ক্ষমতা আর স্রোত ছিল। এ নদীর একটা পাড়ে নৌকা ভেড়াতে চারজন লোকও ঘাবড়ে যেতো। কারণ পানির তীব্র স্রোত ছিল। এখন তো শুধু ডাঙা।
পদ্মায় জেলেদের অভিযোগ, নদীর পানি কমে যাওয়ায় মাছও আগের মতো পাওয়া যায় না। এমনকি অতীতে তারা যেসব মাছ পেতেন, এখন আর তা ধরা পড়ে না। অনেকে তাই মাছ ধরা পেশা ছেড়ে দিয়েছেন।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখানদী। এ নদী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, আমাদের গড়াই নদীতে টোটাল ৪৪ কিলোমিটার চর পড়ে গিয়েছিল। বর্তমানে আমরা গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে সচল রাখছি। আর আমাদের কুষ্টিয়ায় ১১টি নদী আছে। এই নদীগুলো পদ্মা এবং গড়াই নদীর সঙ্গে লিংকআপ (যুক্ত)। এখন যদি টোট্যালি পদ্মায় পানি না পাওয়া যায় তাহলে এই নদীগুলো মৃতপ্রায় হয়ে যাবে।
নদ-নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের একটা বড় দুশ্চিন্তা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্প সম্পূর্ণ পদ্মার পানির ওপর নির্ভরশীল। চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচের জন্য ষাটের দশকে এই সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। ফারাক্কা বাঁধের কারণে বিভিন্ন সময়ে পানি সংকটে সেচ প্রকল্প বন্ধ রাখতে হচ্ছে।
বিদেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালানো হচ্ছে, দেশের জনগণ তা কোনোভাবেই সহ্য করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলার মোড়ে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন। দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য ও সংঘাত নিরসনের লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপি সর্বোচ্চ সহিষ্ণুতার পরিচয় দিচ্ছে।
সাংবাদিকদের পক্ষ থেকে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা ও গুমসহ নানা অভিযোগে মামলা রয়েছে, যা বাংলাদেশের প্রচলিত আইন ও বিচার বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এসবের রায় নির্ধারিত হবে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন এবং আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিশুদের ওপর হেলিকপ্টার থেকে গুলি চালানোর মতো ঘটনার জবাব তাঁকে দিতে হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, তাঁদের শীর্ষ নেতা তাঁদের ছেড়ে চলে গেছেন এবং বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তাঁর অদৃশ্য বক্তব্য কতটা আসল বা নকল তা বোঝা কঠিন। তাই অতীতের অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে সঠিক পথে ফিরে আসার এবং দেশ গঠনে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর চলা জুলুম, গুম ও নির্যাতনের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, এখন দলের কোনো নেতাকর্মীকে হুমকি দেওয়া হলে বিএনপি চুপ করে বসে থাকবে না।
দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতি সচল হওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগ ও তৈরি পোশাক খাতে নতুন অর্ডার আসতে শুরু করায় একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে শিল্পখাত ও দেশের স্থিতিশীলতা ধ্বংসের ষড়যন্ত্র করছে। দেশে বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেন এবং শান্তি বজায় রাখতে এসব দমনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ ছাড়া নাম উল্লেখ না করে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রতি ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, দল থেকে মনোনয়ন না পাওয়া কয়েকজনকে এখন সংসদে ও সংসদের বাইরে শেখ হাসিনার পক্ষে কথা বলতে দেখা যাচ্ছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল সামদানী আজাদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। সভার পূর্বে শামা ওবায়েদ কয়েকশ মোটরসাইকেলের বহর নিয়ে ভাঙ্গা পৌরসভার সামনে থেকে সভাস্থল জয়বাংলা মোড়ে পৌঁছান এবং নিজ নির্বাচনী এলাকায় রাজনৈতিক প্রতিহিংসামুক্ত পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালান। রাত ৮টায় এই সংবাদ লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল এবং হামলাকারীদের তাণ্ডব চলছিল।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, এই আকস্মিক হামলার মূল কারণ ছিল গ্রেপ্তার হওয়া আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা। এর আগে গত ১০ ও ১৫ নভেম্বর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল টুঙ্গিপাড়া থানা পুলিশ। সেই আসামিদের জোরপূর্বক ছাড়িয়ে নিতেই মঙ্গলবার সন্ধ্যায় সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন দলগুলোর নেতাকর্মীরা।
থানা ঘেরাওয়ের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হামলাকারীদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তবে হামলাকারী নেতাকর্মীদের তীব্র ধাওয়া ও প্রতিরোধের মুখে একপর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
পুলিশের পিছু হটার সুযোগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানার মূল ভবনের ভেতরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালান। তারা থানার ভেতরে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করেন। হামলাকারীদের দেওয়া আগুনে থানার প্রাঙ্গণে থাকা পুলিশের বেশ কয়েকটি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
এই ভয়াবহ হামলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা করা হয়েছিল। তবে ঘটনার সময় পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি। ফলে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা সম্ভব হয়নি।
সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর আগ্নেয়াস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিছনাকান্দি সীমান্ত ফাঁড়িতে (বিওপি) আটক রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ।
সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন ওই বিএসএফ সদস্য। এ সময় তাকে আগ্নেয়াস্ত্রসহ আটক করে বিজিবি। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়।
আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ সদস্যের প্রবেশ এবং অস্ত্রসহ আটকের ঘটনায় সীমান্তে বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে হঠাৎ গজিয়ে উঠেছে মালাই চায়ের আড্ডা নামে কিশোর গ্যাংয় ও মাদকাসক্তদের জমজমাট আসর। এতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী সহ উঠতি বয়সী তরুণ-তরুণী ও বখাটেদের আড্ডাখানা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এক সময় গ্রামের চায়ের দোকানগুলো ছিল মুরুব্বি ও সাধারণ মানুষের খোশগল্প বা খবরের কাগজ পড়ার জায়গা। বর্তমানে বাহারি নামের এই মালাই চায়ের আড্ডাগুলোতে বিভিন্ন ধরনের কিশোরগ্যাং ও বখাটে অপরাধের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি মালাই বাড়ির চায়ের আড্ডায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত অক্টোবর মাসের মাঝামাঝিতে কমলনগরের গ্রামে গঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় ১০ টি মালাই চায়ের আড্ডাখানা গড়ে উঠে। আড্ডাখানাগুলো হলো-চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রীজ সংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্টে, হাজিরহাট ইউনিয়নের আনন্দ বাজার কবরস্থান সংলগ্ন মালাই বাড়ি চায়ের আড্ডা, চরজাঙ্গালিয়া ৫ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া, ৭ নম্বর ওয়ার্ডের সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্প, চরফলকন ইউনিয়নের হাজিরহাটের দক্ষিণ মাথা, তোরাবগন্জ বাজারের পশ্চিম পাশে মালাই চায়ের গল্প সহ মোট ১০ টি আড্ডার আসরে তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠে।
এসব স্পট ঘুরে দেখা গেছে, আকর্ষণীয় পরিবেশ, ধোঁয়া ওঠা মালাই চা, নান্দনিক আলোকসজ্জার কারণে সহজেই কিশোর-কিশোরী ও যুবকদের আকর্ষণ করে তুলেছে। আড্ডাখানায় সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে,যা বখাটেদের দীর্ঘ সময় আড্ডা দেওয়ার সুযোগ করে দেয়। রাস্তার মোড়ে মোড়ে গড়ে উঠা আড্ডাখানাতে শিশু কিশোর, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা লেখাপড়া ফেলে আড্ডায় মেতে উঠে। এতে আপত্তিকর ঘটনার পাশাপাশি ইভটিজিং সহ নানা অশ্লীলতার ঘটনাও ঘটার অভিযোগ উঠেছে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রীজ সংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্টে। সেখানে স্থানীয় প্রশাসনের অনুমোদন না নিয়ে নাগরদোলা, ঘোড়া স্ট্যান্ডসহ, পশুঘোড়া, বক্সার সহ মেলার যাবতীয় দোকানপাঠ বসিয়ে নানা অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। এতে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা লেখাপড়া ফেলে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নানা অশ্লীলতায় লিপ্ত হওয়া সহ মাদক সেবনের খবর পাওয়া গেছে।
স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বাজার কমিটির নিয়ন্ত্রণ না থাকায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত হাজার-হাজার নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে। দ্রুত এসব আড্ডাখানা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী।
ফজুমিয়ারহাট এলাকার অন্তত ২০ জন অভিভাবক এ প্রতিবেদককে জানিয়েছেন, অবাধ আড্ডা ও অসৎ সঙ্গের কারণে স্কুল-কলেজ পড়ুয়া শিশু-কিশোরদের একটি অংশ ধীরে ধীরে অপরাধ প্রবণতার দিকে ঝুঁকছে। শুরুতে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে সময় কাটানো হলেও পরবর্তীতে এসব আড্ডায় অপরাধ প্রবণে বড়দের সংস্পর্শে আসার ঝুঁকি রয়েছে। তাই বিষয়টি এখনই গুরুত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
স্থানীয় ইসমাইল, হাবিবুর রহমান ও নুর মোহাম্মদ জানান, বাজারের বাহিরে ভুলুয়া নদীর পাড় ঘেঁষে গড়ে উঠা মালাই বাড়ি রেস্টুরেন্টে আড্ডা জমে উঠেছে। তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের প্রচন্ড ভিড় ওই আসরে। চলে হাসি-ঠাট্টা আর গল্পের আসর। বাইরে থেকে দেখলে সাধারণ চায়ের দোকান মনে হলেও, এসব আড্ডার আড়ালে কিশোরগ্যাংয়ের আনাগোনা ও বখাটে তরুণদের উৎপাত নিয়ে তারা উদ্বিগ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক চরকাদিরা ইউনিয়ন পরিষদের দুইজন ইউপি সদস্য জানান, এসব আড্ডায় শুধু চা-পান কিংবা গল্পগুজবেই সময় কাটে না; অনেক ক্ষেত্রে উচ্চস্বরে গান বাজানো, অশালীন কথাবার্তা, পথচারীদের উত্ত্যক্ত করা এবং দলবদ্ধভাবে চলাফেরার ঘটনাও ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল আলম বলেন, মালাই চায়ের আড্ডার নামে এগুলো মুলত বখাটের আসর। এসব আসর বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাহাত উজ জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষকতা শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইচ্ছা, আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা থাকলে একজন শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নেও রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তেমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ফুলবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) মোঃ আব্দুর রাজ্জাক।
শিক্ষকতার পাশাপাশি নিজ উদ্যোগে তথ্যপ্রযুক্তিগত দক্ষতা অর্জন করে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশ, শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্য সংরক্ষণ এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সহজ করতে তৈরি করেছেন ‘স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার’।
জানা যায়, মোঃ আব্দুর রাজ্জাক ২১ মে ২০০০ সালে সাতমেড়া ফুলবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। শিক্ষকতার দায়িত্ব পালনের পাশাপাশি তথ্যপ্রযুক্তির প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। এ বিষয়ে তাঁর খুব বেশি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা আনুষ্ঠানিক কোর্স করার সুযোগ না থাকলেও অনলাইনের বিভিন্ন মাধ্যম, টিউটোরিয়াল ও নিজস্ব অধ্যবসায়ের মাধ্যমে সফটওয়্যার ও ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয় বিষয়গুলো শেখেন। অর্জিত এই জ্ঞানকে বিদ্যালয়ের কাজে লাগানোর চিন্তা থেকেই তাঁর এ উদ্যোগের সূচনা।
২০১৯ সাল থেকে শিক্ষকতার পাশাপাশি তিনি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। বিশেষ করে পরীক্ষার ফলাফল প্রকাশের প্রচলিত ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করার পরিকল্পনা গ্রহণ করেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার কথা বিবেচনা করে বিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশের লক্ষ্যে তিনি ‘স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ তৈরির উদ্যোগ নেন।
পরিকল্পনা অনুযায়ী সফটওয়্যারটি তৈরি ও চালুর পর ২০২৩ সালে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রথম পর্যায়ে এতে প্রকাশ করেন। পরবর্তীতে বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষা-২০২৬-এর ফলাফলও একই সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করা হয়। এর ফলে বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও এক ধাপ এগিয়ে যায়।
সফটওয়্যারটিতে শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের ব্যবস্থাই রাখা হয়নি; বরং বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার সুযোগও রয়েছে। এতে বিদ্যালয়ের পরিচিতি, নামকরণ, প্রতিষ্ঠাতার নাম, শিক্ষক-শিক্ষিকাদের পরিচিতিসহ বিদ্যালয়ের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের যাবতীয় উপকরণ, আসবাবপত্র, নথিপত্র ও প্রয়োজনীয় সম্পদের তথ্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার বিষয়টিও এতে যুক্ত করা হয়েছে। ফলে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সম্পদ ও দাপ্তরিক তথ্য এক জায়গায় সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া সফটওয়্যারে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য পৃথক পরিচিতি ও আইডি কার্ড ব্যবস্থাপনার সুবিধা রাখা হয়েছে। শিক্ষার্থীদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের তথ্যও ডিজিটালভাবে ব্যবস্থাপনার সুযোগ রয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন ফি, চাঁদা ও অন্যান্য আর্থিক আদায়সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও হিসাব ব্যবস্থাপনাও সফটওয়্যারের আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। এতে কোন খাতে কী পরিমাণ অর্থ আদায় হচ্ছে, তার তথ্য সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী পর্যালোচনার সুযোগ সৃষ্টি হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিদ্যালয়ের প্রতিটি ছাত্রীর জন্য রয়েছে আলাদা ড্যাশবোর্ড। এর মাধ্যমে ছাত্রীরা নিজেরা অথবা তাঁদের অভিভাবকেরা সহজেই প্রয়োজনীয় তথ্য ও পরীক্ষার ফলাফল দেখতে পারেন। ফলে বিদ্যালয়ে বারবার উপস্থিত না হয়েও অনলাইনে প্রয়োজনীয় একাডেমিক তথ্য জানার সুযোগ তৈরি হয়েছে।
এ উদ্যোগের ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ফলাফল জানার প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের তথ্য ব্যবস্থাপনাও আরও সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের আসবাবপত্র, উপকরণ, নথিপত্র, শিক্ষক-শিক্ষার্থীর পরিচিতি, আইডি কার্ড এবং বিভিন্ন ফি ও চাঁদার হিসাবসহ গুরুত্বপূর্ণ তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এতে দাপ্তরিক কাজে সময় সাশ্রয় এবং তথ্য সংরক্ষণে শৃঙ্খলা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।
শিক্ষক আব্দুর রাজ্জাকের এ উদ্যোগ প্রমাণ করে, ব্যক্তিগত আগ্রহ, আত্মপ্রচেষ্টা ও প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। খুব বেশি প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই অনলাইনে নিজ উদ্যোগে শেখা দক্ষতাকে বাস্তবে প্রয়োগ করে তিনি বিদ্যালয়ের জন্য একটি কার্যকর প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা করেছেন।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও ডিজিটাল ব্যবস্থাপনা চালু করতে উৎসাহিত করতে পারে।
নিজের অর্জিত প্রযুক্তিগত দক্ষতাকে বিদ্যালয়ের কল্যাণে কাজে লাগিয়ে আব্দুর রাজ্জাক যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এ প্রচেষ্টা পঞ্চগড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।