ধর্ষণের অভিযোগে এনে খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে তৈরি হওয়া সহিংসতার তদন্ত করেতে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ এবং সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে সদর থানায় দুটি মামলা দায়ের হয়েছে।
এদিন সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও খাগড়াছড়ি বাজার পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত খাগড়াছড়ি থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ বিকেল ৩টার দিকে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুজ্জামান।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৩টা থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।
এর আগে পার্বত্য জেলা খাগড়াছড়িতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে জেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে পৌঁছেছে। বর্তমানে ৫৬টি উপজেলা এবং ৩৭৪টি ইউনিয়ন ও চারটি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ৭৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ২৯৮ জন আশ্রয় নিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শনিবার (১৮ জুলাই) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত জেলাগুলো হলো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
এতে বলা হয়েছে, দুর্যোগে এখন পর্যন্ত রাঙামাটিতে তিনজন, বান্দরবানে সাতজন, কক্সবাজারে ৩২ জন (স্থানীয় ১৯ ও রোহিঙ্গা ১৩), চট্টগ্রামে ১৬ জন এবং মৌলভীবাজারে একজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন মোট ৪০ জন। এর মধ্যে খাগড়াছড়িতে একজন, বান্দরবানে দুজন, কক্সবাজারে ২৫ জন (স্থানীয় ২০ ও রোহিঙ্গা পাঁচ) এবং চট্টগ্রামে ১২ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নগদ অর্থ, চাল, শুকনো খাবার, শিশু খাদ্য, গোখাদ্য, ঢেউটিন ও গৃহ নির্মাণ অনুদানসহ ব্যাপক ত্রাণ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ত্রাণের উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিতরণও করা হয়েছে।
কক্সবাজারে সর্বোচ্চ ৪০ লাখ টাকা নগদ, ৪৫০ মেট্রিক টন চাল, এক হাজার বান্ডিল টিন, শিশু খাদ্য ও গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৫ লাখ টাকা নগদ, এক হাজার ২০০ মেট্রিক টন চাল, এক হাজার বান্ডিল টিন, শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্য। বান্দরবানে ২০ লাখ টাকা নগদ, ৪০০ মেট্রিক টন চাল, শিশু খাদ্য ও গোখাদ্য এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত সহায়তা দেওয়া হয়েছে।
এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, মৌলভীবাজার ও হবিগঞ্জেও নগদ অর্থ, চাল, শুকনো খাবার, ঢেউটিন এবং গৃহ নির্মাণ অনুদান বরাদ্দ ও বিতরণ অব্যাহত রয়েছে।
আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলউহাব সাইদানি শনিবার (১৮ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া এবং কক্সবাজারের মাতারবাড়ীতে বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
ঢাকাস্থ আলজেরিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের কেওচিয়া মুজহেরুল হক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে সাম্প্রতিক বন্যায় চরম দুর্ভোগে পড়া পরিবারগুলোর মধ্যে সহায়তা প্রদান করা হয়।
রাষ্ট্রদূত সাইদানি ব্যক্তিগতভাবে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী সংবলিত ত্রাণের প্যাকেট তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন। তিনি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক জরুরি পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ব্যাপারেও গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত সাইদানি ছিলেন সাতকানিয়া সফরকারী প্রথম বিদেশি কূটনীতিক, যিনি নিজ হাতে বন্যাদুর্গত মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করেন। তিনি তার এ সফরকে স্থানীয় জনগণের প্রতি সংহতির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন।
চট্টগ্রামে ত্রাণ বিতরণ কর্মসূচি শেষে আলজেরিয়ার রাষ্ট্রদূত কক্সবাজারের মাতারবাড়িতে যান। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যেও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। বন্যাকবলিত বাসিন্দারা আলজেরিয়ার রাষ্ট্রদূতের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এই সহায়তা তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এবং বন্যার দুর্ভোগ মোকাবিলায় সহায়ক হবে।’
আলজেরিয়ান দূতাবাস জানায়, এ উদ্যোগ বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বের পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি আলজেরিয়ার মানবিক সংহতিরও প্রতিফলন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের ও জনগণের ক্ষমতায়নের রাজনৈতিক দর্শন আজও ক্ষুধা, দারিদ্র্য এবং বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসি (সিআরএনডি)’র আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকের আয়োজন কেবল একটি গ্রন্থ প্রকাশের অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, জাতীয়তাবাদ ও গবেষণার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হওয়ায় রাষ্ট্রচিন্তা নিয়ে একাডেমিক গবেষণার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার এবং আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের আপসহীন দেশপ্রেম, বাস্তবমুখী রাষ্ট্রচিন্তা এবং জনগণের ক্ষমতায়নের দর্শন বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস হয়ে রয়েছে।
তিনি একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-বোন এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রদর্শন’ গ্রন্থটি বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক ভিত্তি নির্মাণের একটি ব্যতিক্রমধর্মী ও মৌলিক প্রয়াস। অতীতে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে রাজনৈতিক ও ঐতিহাসিক আলোচনা হলেও, এটিকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রদর্শন হিসেবে বিশ্লেষণের এমন বিস্তৃত প্রচেষ্টা খুব কমই দেখা গেছে।’
তিনি বলেন, এই গ্রন্থে বাংলাদেশি জাতীয়তাবাদকে কেবল একটি রাজনৈতিক মতবাদ হিসেবে নয়, বরং গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি, জনগণের ক্ষমতায়ন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে সমন্বিত একটি রাষ্ট্রদর্শন হিসেবে উপস্থাপন করা হয়েছে।
তার মতে, গ্রন্থটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশি জাতীয়তাবাদকে গবেষণাযোগ্য একটি তাত্ত্বিক কাঠামোর মধ্যে নিয়ে আসার চেষ্টা। এর ফলে বিষয়টি শুধু রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, জনপ্রশাসন, অর্থনীতি, নিরাপত্তা অধ্যয়ন এবং উন্নয়ন গবেষণার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হতে পারে।
তিনি বলেন, গ্রন্থের বিভিন্ন প্রবন্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তাকে রাজনৈতিক অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বহুদলীয় গণতন্ত্র, রাষ্ট্র পুনর্গঠন, শিক্ষা, পুলিশ সংস্কার, সামাজিক স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে বিশ্লেষণ করা হয়েছে।
বিশেষ করে রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক দায়বদ্ধতা, অংশগ্রহণমূলক উন্নয়ন এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের প্রশ্নগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, একটি গবেষণাধর্মী গ্রন্থ হিসেবে ভবিষ্যতে আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। আগামী সংস্করণগুলোতে যদি আরও বেশি প্রাথমিক দলিল, আন্তর্জাতিক গবেষণার সূত্র, তুলনামূলক বিশ্লেষণ এবং ভিন্নমতের একাডেমিক মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বাড়বে।
কারণ প্রকৃত গবেষণার সৌন্দর্য নিহিত থাকে মতের বহুমাত্রিকতা এবং অনুসন্ধানের সাহসের মধ্যে। সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসির (সিআরএনডি) কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একটি বই একটি সময়কে ধারণ করে, কিন্তু একটি গবেষণা প্রতিষ্ঠান ভবিষ্যৎ নির্মাণ করে। তাই এই প্রতিষ্ঠানের সামনে রয়েছে বিশাল সম্ভাবনা।
তিনি আশা প্রকাশ করে বলেন, সিআরএনডি ভবিষ্যতে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সুশাসন, জনপ্রশাসন, মানবাধিকার, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জাতীয়তাবাদের ভিত্তির ওপর একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, সেই আদর্শ ধারণ করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।
প্রতিটি নাগরিক যদি দেশের প্রতি দায়বদ্ধতা, সততা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করেন, তাহলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি বৈষম্যহীন, সমৃদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সড়ক প্রতিমন্ত্রী মহান আল্লাহর কাছে দেশ, জনগণ এবং জাতীয় নেতৃত্বের কল্যাণ কামনা করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ‘সবার আগে দেশ, গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয় ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অবসরপ্রাপ্ত জেলা জজ শরীফ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য মানসুরা আলম,ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এ কে এম ওবায়দুর রহমান, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদ ইকবাল মাহমুদ টিটু প্রমুখ।
‘পোলা মরছে চোখের পলকে দুই বছর অইয়া গেছে। পোলা তো আর ফিরবে না বিচারের আশায় মামলা করছিলাম। আজও পোলা হত্যার বিচার পাইলাম না।’ অশ্রুভেজা চোখে কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কেরেঙ্গাপাড়া এলাকার আমজাদ হোসেন।
২০২৪ সালের ১৯ জুলাই (রোববার) এই দিনে কোটা সংস্কার আন্দোলনে মারা যায় তার ছেলে আসিফুর রহমান আসিফ। ছেলের রক্তেভেজা সেদিনের সেই শার্টটা দেখিয়ে তিনি বলেন, ‘এটাই আমার ছেলের শেষ স্মৃতি, আর্থিক সহায়তা পেয়েছি, সম্মান পেয়েছি; কিন্তু বিচার তো পাইলাম না। পোলার স্মৃতিগুলো মনে পড়ে; কিন্তু পোলারে তো আর দেখি না। ছেলে হত্যার দ্রুত বিচার দাবি করেন তিনি।
সূত্র জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই (রোববার) কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত রাজধানীর মিরপুরে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন গার্মেন্টসকর্মী আসিফুর রহমান আসিফ (১৯)। আসিফ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া গ্রামের আমজাদ হোসেন ও ফজিলা খাতুন দম্পতির ২য় ছেলে।
পরিবারের দেওয়া তথ্যমতে, ২০২৪ সালের ১৯ জুলাই (রোববার) বিকেলে বন্ধুদের সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয় আসিফুর। পরে রাস্তাতেই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলি এসে তার মাথায় লাগে। সেখান থেকে স্থানীয়রা তাকে মিরপুর আলোক হাসপাতালে নিয়ে যায়। পরে তার বাবা আমজাদ আলী ফোনে ছেলের অ্যাক্সিডেন্টের খবর শোনে আলোক হাসপাতাল গিয়ে দেখে আসিফের মাথার ডানপাশে গুলি লেগেছে। সেখান থেকে ছেলেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ব্যান্ডেজ করিয়ে রিকশায় নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আসিফকে মৃত ঘোষণা করেন। পরে লাশ নিয়ে এসে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
আসিফুরের মা ফজিলা খাতুন জানান, দুই ছেলে চার মেয়ের মধ্যে আসিফ ছিল দ্বিতীয়। বাবা আমজাদ হোসেন ছোটখাটো ব্যবসা করে যখন পরিবারের খরচ মেটাতে পারছিল না, তখন আসিফ ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেয়। ১৩ হাজার টাকা বেতনের চাকরিতে ভালোই দিন চলছিল। স্মৃতিচারণের সময় আসিফের পরিবারের সদস্যদের চোখ থেকে পানি পড়ছিল।
পরবর্তীতে সরকার পতনের পর ওই বছরের ২ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০১ জনকে আসামি করে ঢাকার একটি আদালতে আসিফুরের বাবা আমজাদ হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের কিছুদিন পর আসিফের গ্রামের বাড়ি কেরেঙ্গাপাড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয় সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন সম্পন্নের জন্য।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, ‘আমরাও চাই জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের হত্যার বিচার হোক।’
ঝালকাঠি শহরের টিএনটি এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনের প্রতিটি ফ্লোরে একযোগে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
এ সময় ভবনের নিচতলায় একা থাকা এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি বাড়ির মালিক টের পেয়েছে সন্ধ্যার পর।
নিহত চল্লিশোর্ধ্ব নারী মলিনা রায় ভবনটির নিচতলায় ভাড়া থেকে টেইলারিং কাজ করতেন। ভবনটির মালিক তপন হাওলাদার মাঝের তলায় এবং উপরতলায় ভাড়াটিয়ারা বসবাস করেন।
জানা গেছে, ঘটনার সময় ভবনের মালিক ও ভাড়াটিয়াসহ সবাই রথযাত্রায় অংশ নিতে বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ভবনের তিনটি ফ্লোরেই চুরি চালায়।
সন্ধ্যায় বাসায় ফিরে তারা ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। নিচতলায় গিয়ে মলিনা রায়কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে চুরিতে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পুলিশ, র্যাব ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে সদর থানার ওসি মাহমুদ হাসান জানায়, প্রাথমিকভাবে এটি একটি চুরির ঘটনা বলেই মনে হচ্ছে। চুরির সময় মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে।
ভারতীয় নারী রেশমা ও তার সন্তানকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ করেছে বিজিবি। শনিবার (১৮ জুলাই) ভোর রাতে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা তাদের পুলিশে সোপর্দ করে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।
ওসি জানান, ওই নারী ও তার শিশুসন্তান পুলিশ হেফাজতে আছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা মনে করছেন, এবার বৈধ প্রক্রিয়ার নিজ দেশে ফেরার পথ তৈরি হবে অসহায় নারী ও তার সন্তানের।
রেশমা খাতুনের দাবি ছিল তিনি ভারতের বাসিন্দা। তার ৩ সন্তান ও স্বামী আছে। তারা ভারতে আছে। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি। পরে তাকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
বাংলাদেশে তার কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত না থাকায় তিনি চরম বিপাকে পড়েন। পরে স্থানীয় পথচারীরা তাকে সহায়তা করে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন।
উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, শুধু ভারতে দির্ঘ বছর ধরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নয়, ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদেরও অনেককে বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এদের মধ্যে রেশমা ও তার সন্তান এমন অমানবিক ঘটনার শিকার।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ড এক বছর পেরিয়ে গেলেও এখনও উন্মোচিত হয়নি হত্যার প্রকৃত রহস্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও তদন্ত কর্মকর্তাদের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রমে দীর্ঘসূত্রিতা ও বিলম্ব হওয়ায় ফুঁসে উঠছে সাধারণ শিক্ষার্থীসহ রাজনৈতিক ছাত্র সংগঠন।
গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছিল। পরে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় এবং ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল বলে জানানো হয়। ক্যাম্পাসে এ তথ্য ছড়িয়ে পড়লে আন্দোলনে মাঠে নামে শিক্ষার্থীরা। সাজিদের বাবা অজ্ঞাত ব্যক্তির নামে ইবি থানায় মামলা রুজু করেন। সর্বশেষ সিআইডির কাছে মামলাটি তদন্তাধীন। সিআইডি তদন্তভার নেওয়ার পরেও দীর্ঘ ১ বছর পার হয়ে গেলেও আলোর মুখ দেখেনি সাজিদ হত্যার প্রকৃত রহস্য।
জানা গেছে, মামলার তদন্তাধীন থাকা অবস্থায় শুরুতে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন হয়ে গেছে। এছাড়া মামলার শুরুর সিআইডির কর্মকর্তাও পরিবর্তন হয়ে গেছে। নতুন করে সব কিছু ইনস্টলেশন করে আগানো নতুন প্রশাসনের নতুন চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া শাখা সিআইডি তদন্ত কর্মকর্তা মহব্বত হোসেন বলেন, মামলার ঘটনাস্থলে আমি গিয়েছি, ঘটনাস্থল আশপাশ তদন্ত করছি। আর বেশ কিছু সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়েছে, সাক্ষ্য গ্রহণ এখনো চলতেছে। এখনো মামলাটা কোর্টে টেকআপ করার মতো কোনো ফলাফল আসে নাই। আমি নতুন করে দায়িত্ব নিয়েছি, আর একটু সময় লাগবে, তবে রহস্য উন্মোচন অবশ্যই করা লাগবে।
এদিকে সাজিদ হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন। বিচারহীনতার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একাধিকবার ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছেন। কখনও শিক্ষার্থীরা ‘অন্ধের তদন্ত যাত্রা’ নামে প্রতীকী লাশ মিছিল বের করেন, কখনও উপাচার্যের কার্যালয়ের সামনে রক্তমাখা লাল কাফন পরে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এসএম সুইট বলেন, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার দীর্ঘ এক বছর ধরে শুনে আসছি তদন্তের কাজ এগোচ্ছে কিন্তু এখনো খুনিদের শনাক্ত করতে পারিনি সংশ্লিষ্ট তদন্তকারীরা। আমরা সর্বোচ্চ সহযোগিতা করেছি তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তদন্তকারী সংস্থার আন্তরিকতার ও কার্যক্রমের দীর্ঘসূত্রিতা আমাদের উদ্বিগ্ন করে তুলছে।
ইবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, একটি বছর পার হয়ে গেল, কিন্তু আমাদের ভাইয়ের অকাল ও রহস্যজনক মৃত্যুর কোনো সুষ্ঠু তদন্ত বা জবাবদিহিতা আমরা এখনো পাইনি। প্রশাসনের এই উদাসীনতা আমাদের চরমভাবে হতাশ করেছে।
ইবি ছাত্রশিবির শাখার সভাপতি ইউসুফ আলী বলেন, ‘গত বছর ১৭ জুলাই শহীদ সাজিদ আবদুল্লাহর লাশ পুকুরে পাওয়া যাওয়ার পরে আজকে প্রায় এক বছর হয়ে গিয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত এই হত্যার কোনো রহস্য উন্মোচন করা দেখতে পাইনি। সাজিদ হত্যার পরে খুনিদের ধরতে এবং তদন্তে বিলম্ব হওয়ার কারণেই আমাদের একজন ম্যামকেও বলি হতে হয়েছে। তার খুনিকে গ্রেপ্তার করা হলেও বিচারের মধ্যে এখনো ধীরগতি দেখতে পাচ্ছি। অতি দ্রুত বিচার করে খুনিদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিতে হবে।’
একমাত্র ছেলে সন্তান হত্যার বিচার না পেয়ে এখনো দিশেহারা সাজিদের পরিবার। নিহত সাজিদের পিতা বলেন, ‘সিআইডি তদন্ত করতেছে যতটুকু জানি। তবে আমি কোনো আপডেট জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মাঝেমধ্যে যোগাযোগ হয়। তবে তাদের আপডেট কী তা জানি না।’
সার্বিক বিষয়ে কথা হয় সাজিদের বিভাগ আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহা. জালাল উদ্দীনের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় এক বছর পার হয়ে গেলেও এই অমানবিক ঘটনার কোনো বিচার বা দৃশ্যমান অগ্রগতি হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের ব্যাপারে ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো রকম গাফিলতি করা হবে না এবং একে অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমি তো যোগদান করেছি অল্প কিছু দিন। এটি তো এক বছর আগেকার ঘটনা। তখন এই সাজিদের ঘটনা নিয়ে আমি নিজেই দাবি তুলেছিলাম। আমি যোগদান করার পর বিষয়টি নিয়েছি। সংশ্লিষ্টদের সাথে অলরেডি কথা বলেছি এবং তারা বলছে যে কাজ এগোচ্ছে। আমাকে যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই রিপোর্ট সম্পর্কে জানার জন্য তদন্ত কর্মকর্তাদের আহ্বান করেছি। তাদের কাছ থেকে বিস্তারিত জানার পর পরবর্তী পদক্ষেপ নেব।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর। শনিবার (১৮ জুলাই) বিকেলে দৌলতপুর উপজেলা বিএনপির কার্য়ালয়ের সামনে স্থানীয় ৩০০ জনের মাঝে আম, মেহগনী, নিম গাছ চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে তিনি সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে একটি গাছের চারা রোপণ করেন ।
এ সময় সংসদ সদস্য জিন্নাহ কবির বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গিকার গ্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা করেছেন ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনের দৌলতপুর, ঘিওর, শিবালয় উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য সুরক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য লোকমান হোসেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা কৃষক দলের সভাপতি প্রভাষক আবু সাঈদ মুসা, সহ-সভাপতি আরফান আলী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: আলেক মিয়া, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক হুমায়ুন কবির এলিট, সরকারি মতিলাল পিগ্রী কলেজ ছাত্রদলে সভাপতি নাঈম হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। মহিষ আনতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। গত শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নয়াপাড়া এলাকার পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। অপহৃত শিশু মো. আরাফাত (১২) ওই এলাকার আবদুল মাবুদের ছেলে।
অপহৃত শিশুর বাবা আবদুল মাবুদ জানান, প্রতিদিনের মতো তার ছেলে মহিষ আনতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নেওয়া হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। শনিবার (১৮ জুলাই) বিকেলে এক পরিচিত ব্যক্তির মোবাইল নম্বরে ফোন করে দুর্বৃত্তরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। আমার ছেলেকে জীবিত উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি সহযোগিতা চাই।’
স্থানীয় কয়েকজন জানান, ঘটনার পেছনে পারিবারিক বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের দাবি, পূর্বের শত্রুতার জেরে পরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২৮ জুন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকা থেকে দিনের বেলায় অস্ত্রধারীরা পল্লী চিকিৎসক কামাল মাস্টারকে অপহরণ করে। পরিবারের দাবি, আট দিন পর গত ৬ জুলাই রাতে দুই লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে তাকে মৌচনী এলাকায় ছেড়ে দেওয়া হয়। অপহরণের সময় নির্যাতনের কারণে তিনি এখনো অসুস্থ রয়েছেন।
টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গত ৪ জুলাই টেকনাফে জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত চার ঘণ্টাব্যাপী বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় অপহরণপ্রবণ (হটস্পট) এলাকায় পুলিশ চৌকি স্থাপন এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর পাহাড়ে পরিচালিত অভিযানের আদলে বিশেষ যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, এখনো কার্যকরভাবে সেই যৌথ অভিযান শুরু না হওয়ায় বাহারছড়াসহ সীমান্তবর্তী এলাকায় অপহরণের ঘটনা উদ্বেগজনকহারে বেড়েই চলেছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শব্দশৈলী’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, শিশু-কিশোরদের সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাংস্কৃতিক শিক্ষার বিকল্প নেই।
গত শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, দশরথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহর চক্রবর্তী, সমাজসেবক আমিনুর রশিদ মুরাদ এবং কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির।
অনুষ্ঠিটি শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
যশোরের বেনাপোল স্থলবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে আমদানি করা ভারী পণ্য। চাহিদার তুলনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ব্যাহত হচ্ছে আমদানি বাণিজ্য। এতে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা, পাশাপাশি স্থবির হয়ে পড়ছে বিভিন্ন শিল্প-কলকারখানা স্থাপন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হওয়া পণ্যের প্রায় ৩০ শতাংশই ভারী পণ্য রয়েছে। এসব পণ্য দ্রুত ও নিরাপদে খালাসের জন্য কমপক্ষে ১২টি ক্রেন এবং ২০টি ফর্কলিফট প্রয়োজন। কিন্তু বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘গ্রেড বেঙ্গল এন্টারপ্রাইজ’-এর কাছে রয়েছে মাত্র ৭টি ক্রেন ও ৮টি ফর্কলিফট। এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় অর্ধেক সময় এসব যন্ত্র অচল থাকে। ফলে জরুরি পণ্য খালাসের জন্য ব্যবসায়ীদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, বাণিজ্যিক সংগঠনগুলোর পক্ষ থেকে একাধিকবার লিখিত অভিযোগ দেয়া হলেও বন্দর কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে লোকসান এড়াতে অনেক আমদানিকারক বেনাপোল ছেড়ে অন্য বন্দরের দিকে ঝুঁকছেন। এতে বেনাপোল বন্দরের রাজস্ব আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।
ভারত-বাংলা ল্যান্ডপোর্ট চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমানও একই হতাশার কথা জানান। তিনি বলেন, ‘বন্দরের বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছেন।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. মেহেরুল্লাহ বলেন, ‘ক্রেন অচল থাকায় পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। চাহিদার তুলনায় অর্ধেক যন্ত্রপাতি দিয়ে কোনোভাবেই স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব নয়। এতে আমদানি কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে।’
গত এক যুগ ধরে বন্দরে এই সমস্যা বিদ্যমান থাকলেও সমাধানে কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী জানান, অদক্ষ ঠিকাদার পরিবর্তনের জন্য এরইমধ্যে বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন, ‘সমস্যা সমাধানে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুতই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে এই সংকট নিরসন করা হবে।’
নিখোঁজের ১৪ দিন পর মানিকগঞ্জের সাটুরিয়ায় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী অনিকা আক্তার (১৬) ও মাহমুদা আক্তার মীম (১৬) সাভার থেকে উদ্ধার করা হয়। শনিবার (১৮ জুলাই) সকালে ঢাকার সাভার পৌরসভা ভবনের একটি ভাড়াবাসা থেকে নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করে থানা পুলিশ। এর আগে গত ৩ জুলাই দুপুরে ওই দুই ছাত্রী সাটুরিয়া জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দ গুলজান বেগম মহিলা মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
উদ্ধারকৃত ছাত্রীরা হলেন, অনিকা আক্তার (১৬) বাড়ি ঢাকার ধামরাইয়ের বোরাইল এলাকায় এবং মাহমুদা আক্তার মীম (১৬) বাড়ি টাঙ্গাইলের নাগরপুরের কাশতড় এলাকায়।
তারা দুজনেই সাটুরিয়া জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দ গুলজান বেগম মহিলা মাদ্রাসার হেফজ ও মাওলানা বিভাগের আবাসিক ছাত্রী।
পুলিশ জানান, গত ৩ জুলাই দুপুরে পরিচয় গোপন করে কৌশলে মাদ্রাসা থেকে বের হয় শিক্ষার্থী অনিকা আক্তার ও মাহমুদা আক্তার মীম। এরপর দীর্ঘ ৬ দিন মাদ্রাসায় না ফেরায় অনিকা আক্তার ও মাহমুদা আক্তার মীমের পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের পরিবার। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) সকালে ঢাকা সাভার পৌরসভা ভবনের একটি ভাড়াবাসা থেকে নিখোঁজ দুই ছাত্রীকে উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, থানায় সাধারণ ডায়েরির পর নিখোঁজ দুই ছাত্রীর বিষয়ে কাজ শুরু করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার সাভার পৌরসভা ভবনের একটি ভাড়াবাসা থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। তারপর থানায় তাদের অভিভাবকদের এনে তাদের সন্তানকে বুঝিয়ে দেওয়া হয়।
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে ওই এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান রাজুর বাড়িতে এ ঘটনা ঘটে। চোরচক্র ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতের কোনো এক সময় চোরচক্র ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারি ভেঙে ভেতরে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা এবং সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। গতকাল শনিবার সকালে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চুরির বিষয়টি টের পান।
ক্ষতিগ্রস্ত সিদ্দিকুর রহমান রাজু বলেন, ‘চোরেরা রাতের আঁধারে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ প্রায় ২ লাখ টাকা ও আমার স্ত্রীর সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। সকালে উঠে ঘরের সবকিছু ওলটপালট দেখে আমরা স্তব্ধ হয়ে যাই। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে দ্রুত আইনি পদক্ষেপ ও মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।’
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘চুরির খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আমাদের তদন্ত ও অভিযান চলছে।’
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পৌর এলাকার ভেতরে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।