জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্টদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামের লালদিঘী এলাকায় সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় আজ বিকেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২৫ জনেরও বেশি আহত হয়েছেন।
নিহত আইনজীবী আলিফের বাড়ি চট্টগ্রাামের লোহাগাড়া উপজেলায়। তাঁর বাবার নাম জামাল উদ্দিন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিলেন।
আহতদের মধ্যে শ্রীবাস দাশ, শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হকের পরিচয় জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের নিচতলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে পার্শ্ববর্তী জঙ্গল সিনেমা লেনে নিয়ে গিয়ে মারধরের পর কুপিয়ে হত্যা করে।
সংঘর্ষে আহতদের মধ্যে ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১৯ জনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মন্নান।
আব্দুল মন্নান বলেন, ‘কেউ মাথায় আঘাত পেয়েছেন, কেউ হাতে, কেউ শরীরের অন্যান্য জায়গায় আঘাত পেয়ে আহত হয়েছে। তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।’
জানা যায়, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরত সনাতনীরা আদালত চত্বরে প্রায় তিনঘণ্টা পুলিশের প্রিজনভ্যান আটকে রাখেন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন। এর মধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর অনুপস্থিতিতে দুপক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অনেকে গুরুতর আহত হন।
এর আগে, মঙ্গলবার কোতোয়ালী থানার নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
এই আদেশের পরপরই এজলাসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন চিন্ময় কৃষ্ণ দাসের ভক্ত-অনুসারীরা। এরপর প্রায় আধঘণ্টা এজলাসের বাইরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। বেলা সোয়া ১২টার দিকে তাকে এজলাস থেকে বের করে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে তোলা হলে প্রিজনভ্যানের সামনেই বসে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকারীরা।
দুপুর ১২টার পরপরই আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন চিন্ময় কৃষ্ণের অনুসারী ও আইনজীবীদের একাংশ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রায় তিন ঘণ্টা তারা প্রিজনভ্যান আটকে রাখার পর বেলা ৩টার দিকে অ্যাকশনে যায় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ শুরু করে পুলিশ।
উল্লেখ্য, কোতোয়ালী থানার নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এরপর মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম নেওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। তারপর বেলা ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)।
সম্প্রতি, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এই জোট ৮ দফা দাবিতে কয়েকদিন ধরে রংপুরে সমাবেশ করেছে।
অন্যদিকে, সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রেষণে তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
অপর এক আদেশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
অন্যদিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে অভোগ করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে মো. বেলাল হোসেনকে এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দিয়েছে সরকার।
অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে গ্রেড-১-এর প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছেন তিনি। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
বন্দরনগরী চট্টগ্রামের শিল্প এলাকাগুলোর বাতাসে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। রপ্তানি আয়ের অন্যতম মূল চালিকাশক্তি এই অঞ্চলের পোশাক ও শিল্প খাত আজ অভ্যন্তরীণ নানা সংকট ও আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনে দেয়ালে গিয়ে ঠেকেছে।
উৎপাদন ব্যয় জ্যামিতিক হারে বাড়লেও বিশ্ববাজারে পণ্যের দাম মেলেনি, উল্টো আশঙ্কাজনকভাবে কমেছে ক্রয়াদেশ। বাধ্য হয়ে অনেক কারখানা বন্ধ রাখতে হচ্ছে, যার চূড়ান্ত মাশুল গুনছেন হাজার হাজার সাধারণ শ্রমিক।
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় ডায়িং ও বয়লারসহ কারখানার প্রধান প্রধান উৎপাদন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে জেনারেটর চালাতে গিয়ে আকাশচুম্বী হচ্ছে ডিজেল খরচ। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বিজিএমইএ সহসভাপতি অঞ্জন শেখর দাশ জানান, সিইপিজেডে ৬৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে একসময় মাত্র ৬ মেগাওয়াট সরবরাহ মিলত। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ মেগাওয়াটে নেওয়া হলেও প্রতিদিন গড়ে ১ হাজার ৮০০ লিটার ডিজেল পুড়িয়ে কারখানা সচল রাখতে হচ্ছে। অতিরিক্ত জ্বালানি খরচের কারণে সামগ্রিক উৎপাদন ব্যয় প্রায় দ্বিগুণ বেড়ে গেছে এবং গড় উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমেছে।
জ্বালানি সংকটের সঙ্গে যোগ হয়েছে উচ্চ ব্যাংক সুদ, ডলার-সংকট ও ঋণপত্র (এলসি) খোলার জটিলতা। বিজিএমইএর পরিচালক সাইফ উল্যাহ মানসুর জানান, চট্টগ্রাম অঞ্চলে একসময় প্রায় ৭০০টি পোশাক কারখানা সচল থাকলেও প্রতিকূল পরিস্থিতিতে কমতে কমতে তা এখন মাত্র ৩০০টিতে নেমে এসেছে। সংকট কতটা ঘনীভূত তার উদাহরণ দিয়ে বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী জানান, লোকসান ও জ্বালানি সংকটে টিকতে না পেরে গত ছয় মাসে তিনি নিজের ৪টি কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
শিল্প পুলিশ-৩-এর হিসাব অনুযায়ী, গত ছয় মাসে চট্টগ্রামের ২৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, যেখানে কর্মরত ছিলেন ৪ হাজার ৮৬৪ জন শ্রমিক। সাময়িকভাবে বন্ধ রয়েছে আরও ২৫টি কারখানা, যার ওপর নির্ভরশীল ছিলেন ২ হাজার ৪৬৮ জন। এ ছাড়া চালু থাকা প্রতিষ্ঠানগুলো থেকেও ছাঁটাই করা হয়েছে ৫৩০ জন শ্রমিককে। স্থায়ী-অস্থায়ী কারখানা বন্ধ ও ছাঁটাই মিলিয়ে মোট ৭ হাজার ৮৬২ জন শ্রমিকের কর্মসংস্থান এখন তীব্র অনিশ্চয়তার মুখে।
আন্তর্জাতিক বাজারাংশ দখলেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ। মার্কিন বাজারের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে যুক্তরাষ্ট্র চীন থেকে পোশাক আমদানি ৪২.৮ শতাংশ কমালেও সেই সুযোগ বাংলাদেশ নিতে পারেনি; উল্টো বাংলাদেশ থেকে তাদের আমদানি কমেছে ৮.১ শতাংশ। বিপরীতে ভিয়েতনাম ১.৫ শতাংশ, কম্বোডিয়া ১৪.৯ শতাংশ এবং ইন্দোনেশিয়া ৫.৫ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে। উদ্যোক্তাদের মতে, কাঁচামাল আমদানি থেকে পণ্য রপ্তানির অতিরিক্ত সময় (লিড টাইম), চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট ও এলসি জটিলতার কারণেই প্রতিযোগী দেশগুলোর কাছে বাজার হারাচ্ছে বাংলাদেশ।
কাজ কমে যাওয়ায় ওভারটাইম একপ্রকার বন্ধ, ফলে কর্মরত শ্রমিকদের মাসিক আয় নেমে এসেছে অর্ধেকে। আর চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক শ্রমিক। চীনা মালিকানাধীন এক প্রতিষ্ঠানের ছাঁটাই হওয়া শ্রমিক মাঈননুদ্দিন জানান, ক্রয়াদেশ নেই জানিয়ে তাদের বিদায় দেওয়া হয়েছে। নতুন কাজ এলে আবার ডাকার আশ্বাস দেওয়া হলেও বর্তমান পরিস্থিতিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।
শিল্প এলাকায় অসন্তোষ এড়াতে নজরদারি ও তদারকি বাড়ানো হয়েছে বলে জানান চট্টগ্রাম শিল্প পুলিশ সুপার মাহমুদা বেগম।
তিনি বলেন, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে মালিক ও শ্রমিকদের মধ্যে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্পষ্ট বক্তব্য, দ্রুত নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতের নীতিমালা সহজ করা না গেলে চট্টগ্রামের শিল্প খাতকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযানে ঢাকার ধোলাইপাড়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ঢাকার যাত্রাবাড়ি থানাধীন ধোলাইপাড় বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি ভ্যান গাড়ি তল্লাশি করে প্রায় ২ কোটি ৩ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০১৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এ সময় প্রকৃত মালিক না পাওয়ায় ভ্যানচালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত শাড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটরের নিকট হস্তান্তর করা হয়।’
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
চট্টগ্রামের রাউজানে ৮০০ বছরের পুরোনো দৃষ্টিনন্দন ঐতিহাসিক সাহেববিবি মসজিদ।এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মসজিদটি রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের হাঁড়ি মিয়া চৌধুরী বাড়িতে অবস্থিত। এ মসজিদ শুধু রাউজানেই নয়, পুরো চট্টগ্রামের একটি ঐতিহাসিক নিদর্শন ও কালজয়ী নাম।
জানা যায়, এই মসজিদটির প্রতিষ্ঠাতা হলে ওই এলাকার জমিদার আমির মোহাম্মদ চৌধুরীর সহধর্মিণী ও আলোচিত মালকা বানুর মা সাহেববিবি। ওনার নামে এই মসজিদ প্রতিষ্ঠিত।
ইতিহাস ঘেটে জানা যায়, আরাকান রাজ সভার কবি মহাকবি আলাওলের একমাত্র কন্যা সাহেববিবি (প্রকাশ সাহাবিবি) নামকরণে এই মসজিদ ‘সাহেববিবি মসজিদ’ নামে পরিচিত। জমিদার হাঁড়িমিয়া চৌধুরী বংশের আমির মোহাম্মদ চৌধুরীও তার সহধর্মিণী সাহেববিবি দম্পতির দুই কন্যা আলাকা বানু ও মালকা বানু। মালকা বানু বাংলাদেশের এক ঐতিহাসিক কালজয়ী নাম ও চরিত্র। মালকা বানু নিয়ে দেশে হয়েছে অসংখ্যা নাটক ও ছবি। মালকা বানু চট্টগ্রামের বাঁশখালির জমিদার মনু মিয়ার প্রেমে পড়ে বিয়ে করেন এবং বাঁশখালিতে বসবাস করেন। মালকা বানু আর মনু মিয়াকে নিয়ে হয়েছিল চলচ্চিত্র।
সেই ঐতিহাসিক মালকা বানুর মা সাহেববিবির নামে করা সাহেববিবি মসজিদ। যা এখনো কালজয়ী এক সাক্ষী হয়ে রয়েছে রাউজানের বুকে। স্থানীয়দের তথ্যমতে, কবরস্থানসহ মসজিদটি ৩০ শতক জমির উপর নির্মিত। বিভিন্ন কারুকাজ সংবলিত টেরাকোটার ইট ও চুন-সুরকির গাঁথুনিতে মসজিদটি নির্মিত। মসজিদের পূর্ব দেয়ালে তিনটি প্রবেশপথ। পশ্চিম দিকে গম্বুজ থেকেও উঁচু মিনার।
মসজিদের বিষয়ে নিয়ে এলাকার কয়েকজন বৃদ্ধলোক দের সাথে কথা হলে তারা বলেন, ‘ছোটবেলায় দাদার মুখে শুনেছিলাম এই মসজিদটি বহু বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। আমার দাদাও তার দাদার মুখে শুনেছিল এটি বিদেীশ মিস্ত্রী দ্বারা শত শত বছর পূর্বে নির্মাণ করেছে।
এই মসজিদে নাকি তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোছাভাত (আঞ্চলিক শব্দ) অর্থাৎ কয়েক দিনের খাবার নিয়ে পাঁয়ে হেটে দূর-দূরান্ত থেকে মানুষ আসত নামাজ পড়ার জন্য। বাদশা মুহাম্মদ শাহ স্টেটের আমলে ডিমের আটা, চুন-সুরকি দিয়ে দেশের ২২টি গ্রামে একই রকম মসজিদ নির্মাণ করা হয়েছিল। ২২টি মসজিদের মধ্যে প্রথম নির্মাণ করা হয়েছিল সাহেববিবি মসজিদ।’ সাহেববিবি মসজিদটির ভেতরে প্রায় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক বলেছেন আমরা নগরবাসীকে নিরাপদ ও সুস্থ্য রাখতে চাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিগত ৩ মাস পূর্বে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ ব্যপক হারে বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছিল। সরকারের নির্দেশনা মোতাবেক ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে তখন থেকে কেসিসি ব্যপক কর্মসূচি গ্রহণ করে। প্রচার প্রচারণার মাধ্যমে নগরবাসীকে অবহিত করা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার ও ড্রেন, নর্দমা, খাল, পরিষ্কার করা এবং ফগার মেশিনের মাধ্যমে অ্যাডাল্টিসাইড ও ড্রেন-নর্দমায় লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। এ ছাড়া ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সোনাডাঙ্গা আবু বক্কার খান আদর্শ (রেজি.) প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। স্বল্প আয়ের পরিবারের আবাসস্থলের নিকটবর্তী মেডিকেল ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে।
ক্যাম্পগুলোতে ডেঙ্গুজ্বরসহ সকল প্রকার জ্বরে আক্রান্ত নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হবে। পরে প্রশাসক রূপসা ভেড়িবাধ এলাকায় হাজী আবু হানিফ মাদরাসা ও এতিমখানা এবং টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে স্থাপিত মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। প্রশাসক মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের সাথে কথা বলেন এবং পরিবারের কোনো সদস্য জ্বরে আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।
কেসিসি প্রশাসক আরও বলেন, ‘ডেঙ্গু সংক্রমণের হার হিসেব করে এলাকাভিত্তিক রেড, অরেঞ্জ ও ইয়েলো জোনে ভাগ করে ক্রাশ প্রোগ্রামের আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, বাড়ির আঙিনা অপরিচ্ছন্ন থাকা ও এডিস মশার উৎপত্তি স্থল পাওয়া গেলে জরিমানা করার পাশাপাশি বাড়ির মালিকদের সতর্ক করা হচ্ছে।’
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, সমাজসেবক সাদিজুর রহমান সবুজ, শেখ জামিরুল ইসলা জামিল, মেহেদী হাসান সোহাগ প্রমুখ মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদানসহ শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। একই দিনে মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক।
মঙ্গলবার (২৫ আগস্ট) সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে উপজেলার ৪০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে মোট ৮০ হাজার টাকা নগদ অনুদান দেওয়া হয়। এ ছাড়া সমাজকল্যাণ অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এর আগে জেলা প্রশাসক সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরকারি সেবার মান বাড়ানো, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাপ হোসেন, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাসিম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, খাদ্য কর্মকর্তা শামসুন্নাহার স্বর্ণা ও উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম।
পরে জেলা প্রশাসক সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন করেন।
এদিকে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল ৫ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সংগঠনটির সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে ফরিদপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ফরিদপুর প্রেসক্লাবের মরহুম শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা হেযবুত তওহীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেজবুত তওহীদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম।
এ সময় হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জিহাদ মোল্লাসহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
লিখিত বক্তব্যে বক্তারা বলেন, ‘গত ১ আগস্ট নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।’ ওই সমাবেশে হেযবুত তওহীদের ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেওয়া হয় বলেও দাবি করা হয়।’
বক্তারা দাবি জানান, নোয়াখালীর সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি, প্রকাশ্য হুমকি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিত হবে। হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা হ্যান্ডবিল বিতরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বা মসজিদ ব্যবহার করে জনতাকে উসকানি দেওয়ার কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। নোয়াখালীসহ সারা দেশে হেযবুত তওহীদের সদস্যদের ঘরবাড়ি, সংগঠনের কার্যালয় ও উন্নয়নমূলক প্রকল্পগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সংগঠনের স্বাধীনতা, শান্তিপূর্ণ মতপ্রকাশ এবং ধর্মীয় অধিকার নির্বিঘ্নে চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। কোনো গোষ্ঠী বা ফতোয়ার জোরে নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করা চলবে না।
পরে তারা মিথ্যা প্রচারণা, উগ্রবাদ, মব সহিংসতা, ধর্মীয় বিদ্বেষ এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং বাংলাদেশের সংবিধান, আইনের শাসন ও প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ পুলিশের দুই ডিআইজিসহ ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে একজন ডিআইজিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং আরেকজনকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলির আদেশে দুই ডিআইজি ছাড়াও চারজন অতিরিক্ত ডিআইজি রয়েছেন। পাশাপাশি পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও পদে বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ এসব প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদপ্তরে এবং অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, এম কে এইচ জাহাঙ্গীর হোসেন ও মো. আবদুর রহমানকে পিবিআইয়ে বদলি করা হয়েছে। এম কে এইচ জাহাঙ্গীর হোসেনের সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে আগের বদলির আদেশও বাতিল করা হয়েছে।
এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে পুলিশ সুপার, মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে পুলিশ সুপার এবং সিলেট মেট্রোপলিটনের উপকমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে মো. আসলাম উদ্দিনকে বদলি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকেও একই ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি আগের কয়েকটি বদলি আদেশও বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর মধ্যে মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি এবং মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা থাকলেও নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই সফর স্থগিত করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।
জেলা প্রশাসক বলেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে।
এর আগে রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছিল জেলা প্রশাসন। প্রশাসনিক ব্যবস্থা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল।
একই চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সফরের বিস্তারিত সূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরে পাঠানো হবে বলেও জানানো হয়েছিল।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। তার সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরেও প্রস্তুতি শুরু হয়। তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হল।
নীলফামারীর প্রান্তিক উপজেলা ডিমলার প্রায় সাড়ে তিন লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে আধুনিক অবকাঠামো, রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও। কিন্তু চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। ফলে দুর্ঘটনায় আহত রোগী, জটিল রোগে আক্রান্ত মানুষ কিংবা প্রসূতি মায়েদের সিজারিয়ানসহ প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য ছুটতে হচ্ছে জেলা সদর কিংবা রংপুরের বিভিন্ন হাসপাতালে।
হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হচ্ছে বাড়তি অর্থ খরচ করে। এতে সরকারি স্বাস্থ্যসেবার ওপর নির্ভরশীল মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২০৬টি পদের বিপরীতে কর্মরত আছেন প্রয়োজনের তুলনায় কমসংখ্যক জনবল। শূন্য রয়েছে ৯৩টি পদ। এর মধ্যে চিকিৎসকের ৩৩টি অনুমোদিত পদের বিপরীতে ১৮টি পদই শূন্য। দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটিও খালি রয়েছে। আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) পদ থাকলেও বর্তমানে ওই পদে কোনো চিকিৎসক নেই। ফলে একজন মেডিকেল অফিসারকে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে।
চিকিৎসক সংকটের কারণে বহির্বিভাগে রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। প্রত্যন্ত গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আবার প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য সুবিধা না থাকায় অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে অস্ত্রোপচার সেবায়। হাসপাতালের অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরও জনবল সংকটে দীর্ঘদিন ধরে অপারেশন থিয়েটার কার্যত বন্ধ। ফলে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন এমন রোগীদের জেলা সদর হাসপাতাল কিংবা বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে।
ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রত্যাশা থাকলেও প্রয়োজনীয় সেবা না পাওয়ায় তাদের অনেককেই বাইরে যেতে হচ্ছে। এতে যাতায়াত, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও চিকিৎসার খরচ মিলিয়ে ব্যয় বেড়ে যাচ্ছে। বিশেষ করে সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হওয়া দরিদ্র পরিবারের প্রসূতি নারীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।
স্থানীয়দের অভিযোগ, একটি উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে অবকাঠামো ও যন্ত্রপাতি থাকার পরও শুধু জনবল সংকটে সেবা বন্ধ থাকা অত্যন্ত হতাশাজনক। দ্রুত চিকিৎসকসহ শূন্য পদগুলো পূরণ করে অপারেশন থিয়েটার চালু করার দাবি জানিয়েছেন তারা।
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুধু বহির্বিভাগে রোগী দেখা পর্যন্ত সীমাবদ্ধ নয়। জরুরি চিকিৎসা, প্রসূতি সেবা, অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে অনুমোদিত পদ অনুযায়ী চিকিৎসক ও অন্যান্য জনবল থাকা জরুরি। বিশেষ করে ডিমলার মতো বড় জনসংখ্যার একটি উপজেলার জন্য জনবল সংকট দীর্ঘস্থায়ী হলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর।
হাসপাতালের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ শূন্যপদগুলো পূরণ হলে হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি সরকারি স্বাস্থ্য অবকাঠামোর একটি বড় বাস্তবতাকেই সামনে এনেছে—ভবন আছে, যন্ত্রপাতি আছে; কিন্তু সেগুলো পরিচালনার মতো পর্যাপ্ত জনবল নেই। ফলে সরকারি বিনিয়োগে গড়ে ওঠা অবকাঠামোর পূর্ণ সুফল থেকে বঞ্চিত হচ্ছেন লাখো মানুষ।
স্থানীয়দের প্রশ্ন, চিকিৎসাসেবা নিশ্চিত করতে যদি প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলই না থাকে, তাহলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো ও কেনা আধুনিক যন্ত্রপাতি কতটা কাজে আসছে? ডিমলার মানুষের এই প্রশ্নের উত্তর খুঁজতে দ্রুত শূন্যপদ পূরণ, অপারেশন থিয়েটার চালু এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি এখন জোরালো হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল।
সোমবার (২৪ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর র্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ রাসেলকে নতুন পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন যে, যোগ্যতা, পেশাদারিত্ব ও সাংগঠনিক আস্থার মাধ্যমেই সাইফুল্লাহ রাসেল এই পদোন্নতি অর্জন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ১৮তম বিসিএসের এই অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্ব ও দক্ষতায় আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে, যা ভবিষ্যতে বাহিনীকে একটি সুবৃহৎ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে আরও শক্তিশালী করে তুলবে।
অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন জোনের অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন। সাইফুল্লাহ রাসেলের এই নতুন পদায়ন ও র্যাংক ব্যাজ পরিধানের ঘটনাটি তাঁর দীর্ঘ পেশাগত ক্যারিয়ারের একটি বিশেষ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
ঢাকা ক্লাবের সভাপতি শামীম হোসেনসহ আরও চারজনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেছেন চাকরিচ্যুত এক কর্মী।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন ক্লাবের সাবেক ‘অ্যাটেন্ডেন্ট’ আশিক মোল্লা।
বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান বলেন, “আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।”
মামলার অন্য আসামিরা হলেন—ডাইরেক্টর (ফাইন্যান্স) তুহিন রেজা, সিও ও সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ছাব্বির আহম্মেদ ও চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) ইকবাল হোসেন।
মামলার বিবরণ অনুযায়ী, আশিক মোল্লা ২০১৭ সালের ২৩ নভেম্বর ঢাকা ক্লাবে ‘অ্যাটেন্ডেন্ট’ পদে যোগদান করেন, যা স্থায়ী হয় পরের বছরের ১৯ অগাস্ট। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর গত ২৬ জানুয়ারি ‘চাকরি বিধিমালা লঙ্ঘন করে’ তাকে সাময়িক বরখাস্ত রাখা হয়। এর চয় মাস বাদে ২৭ জুলাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এজাহারে বলা হয়, সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নোটিস পে ও বকেয়া বেতন বাবদ ৪ লাখ ৯০ হাজার টাকা পাওনা ছিল আশিক মোল্লার। পাওনা টাকা না পেয়ে বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে বাংলাদেশ শ্রম আইনের ১২৪(ক)-এর (৫) ধারায় মধ্যস্থতার আবেদন জানান। তবে আসামিরা নোটিস পেয়েও উপস্থিত না হওয়ায় শ্রম পরিদর্শক বাদীকে লিখিত ছাড়পত্র দেন।
ছাড়পত্র পাওয়ার পর ১৫ অগাস্ট বাদী ঢাকা ক্লাবে গেলে আসামিরা তাকে ১ লাখ ১৬ হাজার ৯৮১ টাকার একটি চেক দেন। তবে বাকি তিন লাখ ৭৩ হাজার ১৯ টাকা অস্বীকৃতি জানান তারা।
সেই টাকা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আসামিরা আশিককে মেরে ফেলার হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
জামালপুরে ইশরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামি কাউওসার আহমেদ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৩ আগস্ট সকালে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকার কলাবাগান গলিতে বাবুল মিয়ার বাড়ির পাঁচতলায় ইশরাত জাহান নামের এক গৃহবধূর মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে জানা যায় নিহত ইশরাত জাহান ও কাউসার আহমেদ খান স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া থাকতেন এবং তাদের ঘরে দুটি সন্তান আছে। এরপর নিহতের মা মুক্তা বেগম কাউসার আহমেদ খানসহ অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই।
তদন্তে জানা যায়, ২০১৪ সালে ইশরাত জাহানের সাথে শাওন নামের এক ব্যক্তির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একজন মেয়ে ও একজন ছেলে সন্তান জন্ম নেয়। ইশরাতের স্বামী শাওন ২০২১ সালে মারা গেলে ইশরাত তার দুই সন্তানদের নিয়ে জামালপুর শহরে বসবাস করতে থাকে। প্রায় ৩ বছর আগে কাউসার আহমেদ খানের মনোহারি দোকানে কেনাকাটা করার সুবাদে ইশরাতের সাথে পরিচয় হয়। এক সময় ইশরাত দোকানের বকেয়া টাকা পরিশোধ করার জন্য কাউসারকে তার বাসায় ডেকে নিয়ে যায়। কাউসার সেখানে গেলে পরিকল্পিতভাবে ইশরাতের সাথে শারীরিক সম্পর্কে জড়ায় কাউসার। তাদের শারীরিক সর্ম্পকের বিষয়টি গোপনে ভিডিও ধারণ করে রাখে ইশরাত। পরবর্তীতে সেই ভিডিও দিয়ে কাউসারকে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আদায় করতে থাকে। এভাবে আসামি কাউসার তার সঞ্চিত অর্থ শেষ করার পর জামালপুর শহরে তার বাড়ির জমি বিক্রিসহ মা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রির অর্থ ইশরাতের হাতে তুলে দেয়। এ ছাড়া ইশরাত ব্ল্যাকমেইল করার জন্য বিভিন্ন লোকজনদের টার্গেট করত এবং কাউসারকে সেসব লোকদের ফাঁদে ফেলে বাসায় নিয়ে আসতে চাপ প্রয়োগ করত।
আসামি কাউসার একপর্যায়ে এসব কাজ করতে অস্বীকৃতি জানালে ইশরাত ও কাউসারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পুলিশ সুপার পংকজ দত্ত আরও জানান, ঘটনার দিন ইশরাত আসামি কাউসারকে ফোন করে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় এবং কাউসারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইশরাত আসামি কাউসারের স্ত্রীকে ফোন দিয়ে তাদের অবৈধ সর্ম্পকের কথা জানিয়ে দেয়। কাউসার তার সাথেই আছে এমন কথা বলে কাউসারকে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলিয়ে দিতে চাইলে কাউসার কথা বলতে না চাওয়ায় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে কাউসার ইশরাতের গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় কাউসার আহমেদ খানকে গত সোমবার (২৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাগেরহাটা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।