পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমেছে। রাতভর কুয়াশা ঝড়েছে বৃষ্টির মতো। সকালের দিকেও কুয়াশাচ্ছন্ন থাকেছে পথঘাট। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে কাবু পুরো জনপদ। তীব্র এই শীতে স্থবিরতা নেমে এসেছে জেলা জনজীবনে। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।
আজ শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বনিমম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
গতকাল বৃহস্পতিবার একই সময়ে এখানে তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্য মতে, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে এ এলাকার ওপর দিয়ে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
গত কয়েকদিন ধরে এ জেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। হিমেল বাতাসের মধ্যেই মাঠে-ঘাটে কাজ করছেন শ্রমজীবিরা। তবে সন্ধ্যার পর পরই ফাঁকা হয়ে যাচ্ছে ব্যস্ততম এলাকাগুলো। হাড়কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা জনজীবনে। কনকনে শীত আর হিমেল বাতাস সহজেই কাবু করছে এখানকার জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। ফলে শ্রমজীবিরা সময়মত কাজে যেতে পারছেন না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও বাড়ছে শীতের দাপট। বিপাকে যানবাহন চালকরাও।
তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকে এখানে সর্বনিম্ন ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ এবং গতিবেগ ছিল ঘণ্টায় ৮-৯ কিলোমিটার।
রক্তের কোনো সম্পর্ক নেই। নেই আত্মীয়তার বন্ধনও। তবু ১৫৭টি মেয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে তিনি হয়ে উঠেছেন তাদের আপনজন, কখনো বাবা, কখনো বড় ভাই, কখনো বা অভিভাবক।
মাত্র ৩৮ বছর বয়সে এমন এক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের স্কুলশিক্ষক মাহবুবুল হোসেনের ছেলে সমাজকর্মী মামুন বিশ্বাস। অর্থের অভাবে যেসব মেয়ের বিয়ের স্বপ্ন বারবার ভেঙে গেছে, তাদের হাতে তিনি তুলে দিয়েছেন নতুন জীবনের দরজা। কনের বেনারসি, গহনা থেকে শুরু করে বিয়ের মঞ্চ, আলোকসজ্জা, খাবার—সবকিছুর আয়োজন করেছেন মানুষের সহযোগিতায়। তাই স্থানীয় মানুষের কাছে তার পরিচয় এখন একটাই ‘১৫৭ মেয়ের বাবা’।
অসহায় কোনো পরিবারের মেয়ের বিয়ে অর্থের অভাবে আটকে গেছে, এমন খবর পেলেই ছুটে যান মামুন। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে সহযোগিতার আবেদন জানান। দেশ-বিদেশের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ পৌঁছে দেন প্রকৃত অসহায় পরিবারের হাতে। তারপর শুরু হয় আরেকটি গল্প—একটি মেয়ের চোখের জল মুছে গিয়ে সেখানে জায়গা নেয় স্বপ্নের আলো।
শুধু মুসলিম পরিবারের মেয়েদের নয়, হিন্দু সম্প্রদায়ের অসহায় পরিবার, বাকপ্রতিবন্ধী ছেলে-মেয়ে কিংবা সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের পাশেও দাঁড়িয়েছেন তিনি। যমুনার দুর্গম চর থেকে গ্রামের প্রত্যন্ত বাড়ি—মানুষের অসহায়ত্বের খবর পেলেই যেন সেখানে পৌঁছে যায় মামুনের মানবিকতার হাত।
জানা যায়, জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরি গ্রামের আতিয়া খাতুনের গল্পটিও ছিল এমনই এক দীর্ঘ অপেক্ষার। অর্থের অভাবে এর আগে দুইবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যায় তার। বাবা অসুস্থ, কর্মক্ষম নন। মা অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে সংসার চালান। মেয়ের বিয়ের খরচ জোগাড় করা তাদের কাছে ছিল প্রায় অসম্ভব। আতিয়ার সেই অসহায়তার গল্প পৌঁছে যায় মামুন বিশ্বাসের কাছে। ফেসবুকে সহযোগিতার আবেদন জানান তিনি। মানুষের ভালোবাসায় মাত্র কয়েকদিনের মধ্যে প্রায় ৩ লাখ টাকা সংগ্রহ হয়। সেই অর্থে গত ২৫ সেপ্টেম্বর আয়োজন করা হয় আতিয়ার বিয়ে। যে মেয়েটির বিয়ের কার্ড বারবার থেমে গিয়েছিল, সেদিন তার হাতেই উঠেছিল মেহেদি। চোখে ছিল জল, তবে সেই জল ছিল দীর্ঘ অপেক্ষার শেষে পাওয়া আনন্দের।
বিয়ের পর আবেগাপ্লুত আতিয়া বলেন, ‘অর্থের অভাবে তার দুইবার বিয়ে ভেঙে গিয়েছিল। এবার মানুষের সহযোগিতা আর মামুন বিশ্বাসের উদ্যোগে তার বিয়ে সম্পন্ন হয়েছে।’
আতিয়ার বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই একই উপজেলার জামতৈল গ্রামের আরেক অসহায় মেয়ের খবর আসে মামুনের কাছে। মেয়েটির নাম সুচিত্রা রানী দাস। পরিবারের কোনো নিজস্ব বাড়ি নেই। ভাড়া বাসায় বসবাস। সংসারে তিন বেলা খাবার জোগাড় করাই যখন কঠিন, তখন মেয়ের বিয়ের খরচ যেন ছিল আকাশছোঁয়া স্বপ্ন। অর্থের সংকটে সুচিত্রার বিয়েও তিনবার ভেঙে যায়।
মামুন বিশ্বাস জানতে পেরে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানান। মাত্র পাঁচ দিনে সংগ্রহ হয় প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা। গত ১ অক্টোবর সেই অর্থে সুচিত্রা রানী দাসের সঙ্গে পলাশ কুমার ভৌমিকের বিয়ের আয়োজন করা হয়। শুধু বিয়ের আয়োজনই নয়, সুচিত্রার মায়ের হাতে নগদ ২১ হাজার টাকা তুলে দেন মামুন। সুচিত্রার মা কামনা রানী দাসের কাছে সেই দিনটি যেন ছিল দীর্ঘ অন্ধকারের শেষে ভোরের আলো।
উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের ধুনচি গ্রামের নন্দিনীর গল্প আরও কষ্টের। মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারিয়েছেন তিনি। অন্যের বাড়িতে কাজ করে মা দুই মেয়ের মুখে খাবার তুলে দিয়েছেন। প্রতিবেশীদের দেওয়া পুরোনো পোশাক পরে বড় হয়েছেন দুই বোন। দিনের পর দিন অভাবের সঙ্গে লড়াই করতে করতে মা-মেয়ে বাঁশ দিয়ে কুলা বানিয়ে বিক্রি করে সংসার চালান। এর মধ্যে নন্দিনীর বিয়ে ঠিক হয়েছে একবার, দু’বার নয়—ছয়বার। প্রতিবারই অর্থের সংকটে ভেঙে গেছে সেই সম্পর্ক।
নন্দিনীর কথা জানতে পেরে পাশে দাঁড়ান মামুন বিশ্বাস। ফেসবুকের মাধ্যমে প্রায় ২ লাখ ১২ হাজার টাকা সহযোগিতা সংগ্রহের ব্যবস্থা করেন তিনি।
মামুন বিশ্বাস বলেন, ‘১৫৭টি বিয়েসহ সব মানবিক এবং ভালো কাজের কৃতিত্ব ফেসবুক বন্ধুদের। আমি শুধু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানবিক কাজে সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আরও ভালো ভালো কাজ করা হবে, ইনশাআল্লাহ।’
জাতীয় তাঁতী সমিতির সাবেক সভাপতি আব্দুস ছামাদ খান বলেন, ‘ইচ্ছা ও আন্তরিকতা থাকলে অসহায় ও অভিভাবকহীন সন্তানদের জন্য সুন্দরভাবে বিয়ের আয়োজন করা সম্ভব—মামুন বিশ্বাস তা সমাজের সামনে দেখিয়ে দিয়েছেন। তার মানবিক কর্মকাণ্ড প্রশংসনীয়।’
স্থানীয় পত্রিকার সম্পাদক ও ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদের বর্ণনা অনুযায়ী, ২০১৫ সালের শুরুর দিকে সিরাজগঞ্জের খুকনী গ্রামে এক চায়ের দোকানে ফেরদৌস নামের এক প্রতিবন্ধী শিশুকে অন্য শিশুদের নির্যাতনের শিকার হতে দেখেন মামুন বিশ্বাস। ঘটনাটি তার হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। সেদিন রাতেই তিনি ফেসবুকে প্রতিবন্ধী শিশুদের সহায়তার আবেদন জানিয়ে একটি পোস্ট করেন। এভাবেই শুরু হয় তার মানবসেবার পথচলা। যমুনার দুর্গম চর থেকে শহরের অলিগলি কোথাও কোনো অসহায় মানুষের মুখে হতাশা দেখলে থেমে থাকতে চান না মামুন বিশ্বাস।
‘মৃত্যুদণ্ড জীবনের অধিকার কেড়ে নেই’ এই প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব মৃত্যুদণ্ড বিলোপ দিবস উদযাপন করা হয়েছে। ওয়েলফেয়ার এফোর্টস (উই) ও নারীপক্ষের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকালে উইর সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে মানবাধিকারকর্মী এন এস শাহজালাল, উইর পরিচালক শরিফা খাতুন, দবির হোসেন, সাংস্কৃতিককর্মী নাজিম উদ্দিন জুলিয়াস, আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সে সময় বক্তারা বলেন, ‘২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১০৮টি দেশে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। তবে এখনও ৫৬টি দেশে মৃত্যুদণ্ডের সাজা বহাল রয়েছে। এ ছাড়া ২৮টি দেশে মৃত্যুদণ্ডের আইন থাকলেও তা কার্যকর করা হয় না।’
বক্তারা আরও বলেন, ‘মৃত্যুদণ্ড মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে প্রশ্নবিদ্ধ করে। মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জীবনের অধিকার নিশ্চিত করতে বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিলোপে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’
এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মাদারীপুরের কয়েক শতাব্দীর ঐতিহাসিক দৃষ্টিনন্দন বিশাল শকুনী লেক ও এর পরিবেশ বাঁচানোর দাবিতে এক সর্বাত্মক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় ঐতিহাসিক শকুনি লেক পার্ক প্রাঙ্গণে "শকুনি বাঁচাও আন্দোলন"-এর আয়োজনে এই কর্মসূচি সম্পন্ন হয়।মানববন্ধনে বক্তারা শকুনি লেকের পানি দূষণ বন্ধ করা, লেক ঘিরে এর চারপাশে গড়ে ওঠা ফুটপাত দখল ও হকারমুক্ত করে এর স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার জোর দাবি জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সর্বসম্মতিক্রমে ৪টি মূল দাবি ও লক্ষ্য তুলে ধরেন যা'র মধ্যে- লেকের চারপাশের সড়ক-ফুটপাত দখলমুক্ত করা এবং লেকে ভরাট বন্ধ রাখা, পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ও পরিহার করা, অপচনশীল প্লাষ্টিক দ্রব্য-বর্জ্য পানিতে ফেলা বন্ধ করা ও লেকের পাড়ে ব্যাপক বৃক্ষরোপণ করে পুরো এলাকাকে আরও মনোরম ও সবুজ করে তোলার দাবি জানানো হয় ।
উক্ত কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিকবৃন্দ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, খেলোয়াড়, সাধারণ নাগরিক এবং শরীর চর্চার জন্য লেকের চারদিকের সড়কে নিয়মিত হাঁটাহাঁটি করা বিভিন্ন ক্লাবের সদস্যসহ সর্বস্তরের নারী-পুরুষ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও মাদারীপুর সদর ২৫০ শয্যার হাসপাতালে রোগীদের গমনের সড়কে অবৈধভাবে গড় ওঠা কাঁচাবাজার, মাছবাজার, ফলের দোকান সহ অন্যান্য দোকান ও হকার উচ্ছেদে কার্যকরী স্থায়ী ব্যবস্থা নেয়ার আহবান জানিয়ে সবার মুখে একই ধ্বনি উচ্চারিত হয়- শকুনি লেক মাদারীপুরবাসীর আবেগ ও ঐতিহ্যের প্রতীক, 'শকুনী লেক বাঁচাও, মাদারীপুর বাঁচাও, মানুষ বাঁচাও'।
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই গুরুত্বপূর্ণ লেক ও পর্যটন স্পটটি রক্ষাবেক্ষণে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ উদাসীন কেনো- তা জানতে চেয়ে মানববন্ধনে অংশগ্রহনকারীরা এই সমস্যা দ্রত সমাধানের অনুরোধ জানিয়েছেন। তা না হলে তারা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবেন বলে উলেখ করা হয়।
ফরিদপুরের নগরকান্দার গজারিয়া স্কুল মাঠে শুরু হয়েছে জিএসসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গত শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জমকালো অনুষ্ঠানে স্থানীয় কৃষ্ণারডাঙ্গী স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন।
এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও ফরিদপুর মোহামেডান স্পোটিং ক্লাবের সভাপতি হানিফ মন্ডল, খেতনামা শিক্ষাবিদ আব্দুস সাত্তার মন্ডল, ফরিদপুর জিলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আলী রেজওয়ান বিশ্বাস তরুন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন।
উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন গোপালগঞ্জের বামুন্দি সিকদার ফুটবল একাদশ ট্রাইবেকারে ৫-৩ গোলে রংপুর জেলার জয় ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। দুদলে একাধিক বিদেশী খেলোয়ার অংশ নেয়।
গজারিয়া স্পোটিং এন্ড একাডেমীর আয়োজন নকআউট ভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৮টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এ ফুটবল খেলাটি দেখতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শক উপস্থিত হয় কৃষ্ণারডাঙ্গী স্কুল মাঠে।
যশোর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে শহরের মনিহার পুরাতন খুলনা বাসস্ট্যান্ড এলাকায় সাততলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় মনিহার সিনেমা হল সড়কসংলগ্ন এলাকায় এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
প্রকল্পের আওতায় সাততলা ভবনটিতে মোট ৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ ভবন নির্মাণের মাধ্যমে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তাঁদের পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন পরিচ্ছন্নতাকর্মীরা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের আবাসন সুবিধা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পরিকল্পিত আবাসন গড়ে তোলা হলে তাঁরা ও তাঁদের পরিবার উপকৃত হবেন। নগর উন্নয়নের পাশাপাশি নগরের সেবায় নিয়োজিত মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
প্রকল্পটির প্যাকেজ নম্বর PD/Pori.Abahan/Jasore.W1.47। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), যশোরের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করছে মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বনপাড়া, নাটোর।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সুবিধা সম্প্রসারিত হবে এবং তাঁদের জন্য উন্নত ও পরিকল্পিত জীবনযাপনের পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হবে।
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে স্থানীয় পর্যায়ে চোখের চিকিৎসা সুবিধা পৌঁছানো এবং অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যে “চোখের প্রাথমিক পরিচর্যা দক্ষতা উন্নয়ন কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), ঢাকার উদ্যোগে এবং 'Humanity Beyond Barriers (HBB) Inc, USA'-এর আর্থিক সহায়তায় দিনব্যাপী এই নন-রেসিডেনশিয়াল কর্মশালার আয়োজন করা হয়।
দৃষ্টি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান প্রকৌশলী আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুল্লাহ-আল-শাফী।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিশেষজ্ঞ এবং দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. শাহীন রেজা চৌধুরী বলেন, দেশের সার্বিক অন্ধত্ব ও চক্ষু চিকিৎসার বর্তমান চিত্র অত্যন্ত সংকটজনক। বর্তমানে দেশে প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ কোনো না কোনোভাবে দৃষ্টিপ্রতিবন্ধকতা বা অন্ধত্বের শিকার। এর মধ্যে শুধু ছানিজনিত সমস্যায় প্রায় ১০ লাখ রোগী অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন এবং প্রতি বছর এই তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ১ লাখ ৩০ হাজারেরও বেশি রোগী। এছাড়া দেশের ১৭ কোটি ৩০ লাখ মানুষের জন্য মাত্র ১,৫০০ থেকে ১,৬০০ জন চক্ষু বিশেষজ্ঞ রয়েছেন— অর্থাৎ প্রতি ১ লাখ ৪৪ হাজার মানুষের জন্য মাত্র ১ জন চিকিৎসক উপলব্ধ আছেন। নারী ও শিশুরা এই অন্ধত্ব ও দৃষ্টিত্রুটির শিকার বেশি হচ্ছে, যেখানে অন্ধ বা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের প্রায় ৫৫% নারী ও শিশু। হাওর অঞ্চলের মতো প্রত্যন্ত এলাকায় এই পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক চক্ষু পরিচর্যা ও সচেতনতা অত্যন্ত জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) SPECS 2030 লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এবং ২০৩০ সালের মধ্যে অন্তত ২ কোটি মানুষকে চক্ষু সেবার আওতায় আনতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা পালন করবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের বিনামূল্যে প্রশিক্ষণ সনদ, ব্যাগ, ভিশন চার্ট, টর্চ লাইট, নেয়ার চার্টবুকসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ চিকিৎসকের লেকচার, লাইভ ডেমো এবং প্র্যাকটিক্যাল সেশনের মাধ্যমে চোখে ছানি, গ্লুকোমা, সংক্রমণ শনাক্তকরণ ও প্রাথমিক চিকিৎসার নানাবিধ কৌশল আয়ত্ত করেন।
পঞ্চগড় সদর উপজেলায় এক নারীর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং শারীরিক সম্পর্কে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকার মো. রাসেল হক (২৬) ও ছলিয়াপাড়া এলাকার মো. বাবু হোসেন (২৭)। এ মামলায় আবেশ (২৫) নামের আরও একজনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, গত সোমবার (৫ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে রাসেল হক হোয়াটসঅ্যাপে ওই নারীকে কল ও বার্তা পাঠিয়ে তাঁর পোশাক পরিবর্তনের গোপন ভিডিও ধারণ করা হয়েছে বলে জানান। একই সঙ্গে ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সম্মানহানির হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাসেল ওই নারীকে ফোন করে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হলে গোপনে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগ অনুযায়ী, বাবু হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে ওই নারীর গোপন ভিডিও ধারণ করা হয়েছিল। পরে ভিডিওটি আবেশের কম্পিউটারে সংরক্ষণ করা হয়। তিনজনের যোগসাজশে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে মানসিক চাপে রাখা হচ্ছিল বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ রাসেল হক ও বাবু হোসেনকে গ্রেপ্তার করে এবং তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে। পরে পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস এম সাজ্জাদ হোসেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলায় জয়পুরহাট সদর উপজেলা একাদশকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে ইতিহাস সৃষ্টি করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালাই উপজেলা। গত শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সরকার মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা বিকাশে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ করা হবে। এছাড়া প্রত্যেক জেলায় স্পোর্টস পল্লী করা হবে। খেলাধুলা শুধু শরীর গঠনে নয়, পেশা হিসেবে বিকসিত হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।
জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম সরকার বলেন, জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভাসহ মোট আটটি দল এতে অংশ করে। নক-আউট পদ্ধতিতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। স্টেডিয়ামের চারপাশের বাড়ির ছাদ ও চিলেকোঠাতেও দর্শক। কেউ বাউন্ডারির গ্রিলের ওপর দাঁড়িয়ে খেলা দেখছেন। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে এমন দৃশ্য দেখা যায়। মাঠের খেলা দেখতে হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ও আশপাশের এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। খেলার মাঠে মূল আকর্ষণ ছিল সদর উপজেলার পক্ষে তিন বিদেশি খেলোয়াড়। খেলাটি উপভোগ করতে আসেন হাজার হাজার দর্শক।
খেলা শেষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথ আয়োজনে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় গৌরবময় এই বিজয়ে কালাই উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলার ঝুঁকি এড়াতে রাতের বেলা একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা জেলা পুলিশ। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার রাতে জেলা বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সকল ইউনিটপ্রধানদের এই কঠোর নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতি ও হামলার ঘটনা বিবেচনায় নিয়ে বিশেষ অভিযান বা নৈশকালীন যেকোনো দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য যেন একা যাতায়াত না করেন, তা ইউনিটপ্রধানদের নিশ্চিত করতে হবে। সার্বিক নিরাপত্তা বজায় রাখার এই নির্দেশনাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপারেশন, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সকল থানায় প্রেরণ করা হয়েছে।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান সমাপ্ত করে ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এক পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা সে সময় সাদা পোশাকে ছিলেন। সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই রাতে একা চলাচলের ওপর এই প্রাতিষ্ঠানিক কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক পতন দেখার অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার দুপুর ১টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ভারতের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই অভিমত প্রকাশ করেন।

ভারতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ড. আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদী দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’
মোদীর প্রস্থান ঘটলে ভারতের সামগ্রিক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কি না—সে বিষয়ে আলোকপাত করে তিনি লিখেছেন, ‘মোদীর পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত: অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমন্ডলে নি:সঙ্গ নাতা-নিয়াহুর (নেতানিয়াহু) একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।’
একই সঙ্গে উগ্র ধর্মীয় রাজনীতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক এই উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘মোদী আর তাঁর রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।’
পোস্টের সমাপ্তিতে নিজের দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে ড. আসিফ নজরুল লিখেছেন, ‘মোদীর পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’
জামালপুরের বকশীগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শাশুড়ি ও তাঁর পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ এবং চালকের সহকারীকে (হেলপার) আটক করতে পারলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা উফেজা বেগম এবং তাঁর ছেলের স্ত্রী ফরিদা বেগম। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির নিকটবর্তী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। সে সময় খাগড়াছড়ি থেকে বকশীগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাঁদের ওপর উঠে যায়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, হাইওয়ে পুলিশ ইতিমধ্যে ঘাতক বাসটি নিজেদের হেফাজতে নিয়েছে এবং চালকের সহকারীকে আটক করেছে। পলাতক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে ওই স্কুলছাত্রীকে হত্যা করেন সিএনজিচালিত অটোরিকশার চালক সুমন মিয়া। শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।
নিহত জান্নাতুল তাজমিন (১৫) কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের শিক্ষার্থী ছিলেন। তাদের আদি বাড়ি যশোর জেলায় হলেও বাবার চাকরির কারণে পরিবারসহ কুমিল্লার রেসকোর্স এলাকায় বসবাস করতেন তিনি। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরালজগপুর গ্রামের ধানক্ষেতের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে অবগত করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা এসে তাজমিনের পরিচয় নিশ্চিত করেন। এ ঘটনায় লালমাই থানায় মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি যৌথ দল প্রযুক্তিগত সহায়তায় চট্টগ্রাম থেকে অভিযুক্ত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সুমন স্বীকার করেন, ঘটনার দিন পদুয়ার বাজার বিশ্বরোডস্থ তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্সের বাসায় যাওয়ার জন্য ৩০০ টাকা ভাড়ায় তাঁর অটোরিকশায় ওঠেন তাজমিন। তবে দ্রুত পৌঁছে দেওয়ার নাম করে নূরজাহান হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে চাঁদপুরমুখী সড়কের বিজরা বাজার এলাকার এক অন্ধকার ও ফাঁকা স্থানে নিয়ে যান চালক। গাড়িটি থামানোর পর স্থানটি চেনা নয় বুঝতে পেরে কিশোরীটি নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে সুমন তার গলায় গামছা পেঁচিয়ে ধরে। ধস্তাধস্তির একপর্যায়ে ছাত্রীটি নিস্তেজ হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়।
পরবর্তীতে ধানক্ষেতে উপুড় করে ফেলে মাথায় পা দিয়ে চেপে ধরে তাজমিনের মৃত্যু নিশ্চিত করেন সুমন। হত্যার পর নিহতের ব্যাগ থেকে আইফোনটি হাতিয়ে নিয়ে ব্যাগটি জমিতে ফেলে দেন তিনি। এরপর পাশের একটি মসজিদের পুকুরে গোসল সেরে অন্য গাড়িতে ঝালমুড়ি বাজারে গিয়ে একটি জঙ্গলে ফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে পালিয়ে যান। গ্রেপ্তারের পর সুমনের দেখানো স্থান থেকেই ভুক্তভোগীর ব্যবহৃত আইফোনটি উদ্ধার করেছে পুলিশ।
গ্রামের উন্নয়ন পরিকল্পনা, সরকারি সেবার তদারকি, স্থানীয় বিরোধ মীমাংসা থেকে নারী ও শিশু নির্যাতন, মাদক, সন্ত্রাস ও চুরির মতো অপরাধ প্রতিরোধ—গ্রামীণ জীবনের নানা ক্ষেত্রে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে আবারও ফিরছে ‘গ্রাম সরকার’। ইউনিয়ন পরিষদের সহায়ক সংগঠন হিসেবে প্রতিটি ওয়ার্ডে এ সরকার গঠনের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ জন্য তৈরি করা হয়েছে ‘গ্রাম সরকার আইন, ২০২৬’-এর খসড়া। প্রস্তাবিত কাঠামোয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
খসড়া অনুযায়ী, প্রতিটি ওয়ার্ডে একজন গ্রাম সরকার প্রধান, একজন উপদেষ্টা ও ১৫ জন সদস্য থাকবেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য হবেন প্রধান এবং সংরক্ষিত আসনের নারী সদস্য থাকবেন উপদেষ্টা। গ্রাম সরকারের মেয়াদ হবে প্রথম সভা থেকে পাঁচ বছর। ইতোমধ্যে খসড়াটির বিষয়ে মতামত চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে প্রস্তাবিত ব্যবস্থাটি চূড়ান্তভাবে অনুমোদিত ও কার্যকর না হওয়া পর্যন্ত এর বিধানগুলোকে প্রস্তাব হিসেবেই বিবেচনা করতে হবে।
গ্রামীণ প্রশাসনে নতুন কাঠামোর প্রস্তাব: গ্রাম সরকারকে ইউনিয়ন পরিষদের সহায়ক সংগঠন হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে খসড়ায়। এর কাজ শুধু অবকাঠামো উন্নয়ন বা সরকারি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; গ্রামীণ সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসচেতনতা বাড়ানো এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার দায়িত্বও থাকবে।
প্রস্তাবিত আইনে গ্রাম সরকারকে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আইনের বিধান সাপেক্ষে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন, অধিকারে রাখা এবং হস্তান্তরের ক্ষমতাও থাকবে এর। তবে এটি সংবিধানের অনুচ্ছেদ ১৫২(১)-এ সংজ্ঞায়িত প্রশাসনিক একাংশ হিসেবে গণ্য হবে না।
প্রথমবার গ্রাম সরকার গঠনের তারিখ সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে নির্ধারণ করবে। পরবর্তী সময়ে মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নতুন গ্রাম সরকার গঠনের প্রস্তাব রয়েছে। কোনো গ্রাম সরকার বাতিল হলে বাতিলাদেশ জারির পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুনটি গঠন করতে হবে।
১৫ সদস্যে থাকবে নানা শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব: প্রস্তাবিত গ্রাম সরকারের সদস্য কাঠামোয় সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে দু’জন গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবক, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন পুরুষ ও একজন নারী সদস্য, দু’জন কৃষক, একজন নিকাহ রেজিস্ট্রার, একজন সমবায় সমিতির সদস্য, একজন পল্লী চিকিৎসক, একজন শিক্ষক, একজন ব্যবসায়ী, একজন পেশাজীবী, একজন শ্রমিক, একজন যুব প্রতিনিধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে—সংশ্লিষ্ট এলাকায় এমন জনগোষ্ঠীর সদস্য থাকলে।
কোনো শ্রেণি-পেশার প্রতিনিধি পাওয়া না গেলে গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবকের সংখ্যা বাড়িয়ে সেই ঘাটতি পূরণের বিধান রাখার কথা বলা হয়েছে। সদস্য নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের কমপক্ষে ১০ শতাংশের উপস্থিতিতে পরিচালনাকারী কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হ্যাঁ-না ভোট গ্রহণের প্রস্তাব রয়েছে।
এ কাঠামোর মাধ্যমে স্থানীয় নেতৃত্বের পাশাপাশি কৃষি, শ্রম, শিক্ষা, ব্যবসা ও পেশাজীবী মহলের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে। তবে প্রতিনিধিত্ব কতটা কার্যকর হবে, সদস্য নির্বাচনের প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন শ্রেণির মানুষের মতামত সিদ্ধান্ত গ্রহণে কতটা গুরুত্ব পাবে, তা নির্ভর করবে চূড়ান্ত আইন ও বাস্তবায়নব্যবস্থার ওপর।
অপরাধ প্রতিরোধে থাকবে সম্মিলিত উদ্যোগ: প্রস্তাবিত গ্রাম সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে গ্রাম পর্যায়ে অপরাধ প্রতিরোধে সামাজিক উদ্যোগ গড়ে তোলা। নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, চুরি, মাদক এবং বিভিন্ন ধরনের জুয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, সামাজিক সচেতনতা বাড়ানো এবং এ-সংক্রান্ত প্রতিবেদন ইউনিয়ন পরিষদে দেওয়ার কথা বলা হয়েছে খসড়ায়।
স্থানীয় বিরোধ মীমাংসা ও গ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও উদ্যোগ নেবে গ্রাম সরকার। এ ক্ষেত্রে তাদের লিখিত সিদ্ধান্ত আইনানুগ কর্তৃপক্ষ গ্রহণ করতে পারবে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে।
তবে অপরাধ প্রতিরোধের দায়িত্ব পালনের ক্ষেত্রে গ্রাম সরকারের ক্ষমতার সীমা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হবে। এসব দায়িত্ব যেন প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পালন করা হয়, সে বিষয়টিও বাস্তবায়নের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে।
রাস্তা, কালভার্ট ও প্রকল্পের তদারকি: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণ করবে গ্রাম সরকার। গ্রামের রাস্তা, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন এবং চলমান প্রকল্পের অগ্রগতি ও আর্থিক বিষয় পর্যালোচনার দায়িত্ব থাকবে তাদের।
এতে স্থানীয় পর্যায়ে কোন এলাকার উন্নয়ন আগে প্রয়োজন, কোথায় সড়ক বা কালভার্ট সংস্কার জরুরি এবং কোন প্রকল্পে সমস্যা রয়েছে—এসব বিষয় চিহ্নিত করে ইউনিয়ন পরিষদকে জানানো সম্ভব হবে। তবে প্রকল্প বাস্তবায়ন ও অর্থ ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব ও আর্থিক বিধিবিধানই কার্যকর থাকবে।
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতেও নজর: প্রাথমিক ও গণশিক্ষার প্রসারে এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সহযোগিতা করবে গ্রাম সরকার। পরিবার পরিকল্পনা, পুষ্টি, টিকাদান ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বাস্তবায়নেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।
বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা করবে সংগঠনটি। প্রয়োজনে নিজস্ব তত্ত্বাবধানেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
কৃষির ক্ষেত্রেও স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে গ্রাম সরকার। সার, উন্নতমানের বীজ ও কীটনাশকের সরবরাহ সম্পর্কে নিয়মিত খোঁজ রাখা এবং সংকট দেখা দিলে ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানোর দায়িত্ব থাকবে। এ ছাড়া সমবায় সমিতি গঠন, ক্ষুদ্র শিল্প স্থাপন, হাঁস-মুরগির খামার, মাছ চাষ ও পশুপালনে গ্রামীণ জনগণকে উৎসাহিত করবে। বৃক্ষরোপণ, খাল খনন, পরিবেশ ও প্রাণী সংরক্ষণ এবং নারী, যুবক, প্রবীণ ও শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
পাঁচ বছরের মেয়াদ, শপথ ও সদস্যপদের শর্ত: গ্রাম সরকার প্রধান, উপদেষ্টা ও সদস্যদের দায়িত্ব গ্রহণের আগে পরিচালনাকারী কর্তৃপক্ষের সামনে শপথ নিতে হবে। গ্রাম সরকার গঠনের ৩০ দিনের মধ্যে শপথের ব্যবস্থা করার প্রস্তাব রয়েছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার তালিকায় নাম না থাকলে কেউ সদস্য হতে পারবেন না। বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ বা হারানো, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হওয়া কিংবা সংশ্লিষ্ট এলাকার বাইরে স্থায়ীভাবে বসবাস শুরু করার ক্ষেত্রেও সদস্যপদের অযোগ্যতা তৈরি হবে।
নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক কমপক্ষে এক বছরের কারাদণ্ড হলে এবং মুক্তির পর পাঁচ বছর অতিবাহিত না হলে সদস্য হওয়া যাবে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া বা থাকা কিংবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ মেয়াদোত্তীর্ণ অবস্থায় অনাদায়ী থাকলেও সদস্য হওয়ার যোগ্যতা থাকবে না।
যথাযথ তদন্তের পর কোনো সদস্যকে অপসারণের বিধানও রাখা হয়েছে। যথোপযুক্ত কারণ ছাড়া পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকা, দায়িত্ব পালনে অক্ষমতা বা অস্বীকৃতি, অসদাচরণ, দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে তার পদ হারানোর সুযোগ থাকবে।
তহবিল গঠন ও বাতিলের ক্ষমতা: প্রত্যেক গ্রাম সরকারের জন্য ‘গ্রাম সরকার তহবিল’ গঠনের প্রস্তাব রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া অর্থ এবং অন্যান্য উৎস থেকে আসা অর্থ এ তহবিলে জমা হবে। তবে তহবিল পরিচালনা, ব্যয় অনুমোদন ও হিসাব সংরক্ষণের বিস্তারিত কার্যকর ব্যবস্থা গ্রাম সরকারের আর্থিক জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।
খসড়া অনুযায়ী, জেলা প্রশাসক স্বতঃপ্রণোদিত হয়ে, পরিদর্শনকারী কর্মকর্তার প্রতিবেদন বা কোনো ব্যক্তির আবেদনের ভিত্তিতে গ্রাম সরকারের কার্যক্রম তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করতে পারবেন। তদন্তে দায়িত্ব পালনে ধারাবাহিক ব্যর্থতা, প্রশাসনিক বা আর্থিক দায়িত্ব পালনে অক্ষমতা, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড কিংবা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে গ্রাম সরকার বাতিল করতে পারবেন জেলা প্রশাসক। তবে এ সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট গ্রাম সরকারকে কারণ দর্শানোর সুযোগ দিতে হবে।
গ্রাম সরকার বাতিল হলে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত পরিচালনাকারী কর্তৃপক্ষের গঠিত এডহক কমিটি দায়িত্ব পালন করবে। গ্রাম সরকারের কার্যালয় ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে অথবা হাটবাজার কিংবা গ্রোথ সেন্টার এলাকায় স্থাপনের প্রস্তাবও রয়েছে।
পুরোনো ব্যবস্থা, নতুন প্রত্যাশা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭০-এর দশকে গ্রাম সরকার নামে একটি স্থানীয় সরকারব্যবস্থা চালু হয়েছিল। পরে ২০০৩ সালে এ বিষয়ে আইন করা হয়। ওই আইনে প্রতিটি ওয়ার্ডে একজন প্রধান, একজন উপদেষ্টা ও ১৩ জন সদস্য নিয়ে গ্রাম সরকার গঠনের বিধান ছিল। পরবর্তী সময়ে আইনটি বাতিল করা হয়।
পুরোনো ব্যবস্থার মতো নতুন খসড়াতেও গ্রামীণ উন্নয়ন, অপরাধ প্রতিরোধ, স্থানীয় বিরোধ মীমাংসা ও সরকারি কর্মসূচিতে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এবার সদস্য সংখ্যা বাড়িয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গ্রাম সরকার পুনর্বহালের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বিষয়টি পরবর্তী বৈঠকের আলোচ্যসূচিতে রাখার কথা বলা হয়েছে।
নতুন গ্রাম সরকার কার্যকর হলে গ্রামের সমস্যা স্থানীয় পর্যায়ে চিহ্নিত করা, উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ এবং সরকারি সেবার সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর একটি কাঠামো তৈরি হতে পারে। তবে এর কার্যকারিতা নির্ভর করবে সদস্য নির্বাচন কতটা গ্রহণযোগ্য হয়, দায়িত্ব ও ক্ষমতার সীমা কতটা স্পষ্ট থাকে, আর্থিক জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হয় এবং ইউনিয়ন পরিষদ ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় কতটা কার্যকর হয়—এসব বিষয়ের ওপর।