ময়মনসিংহের ভালুকায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ীর সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল কুড়িগ্রামের রাজারহাট এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে। সে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভাড়া থাকতো।
ভালুকা হাইওয়ে থানার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকাল সাড়ে আটটার দিকে যাত্রী ছাড়াই অটোরিকশা নিয়ে ভালুকা পৌর এলাকার দিকে যাচ্ছিলেন আমিনুল। এ সময় অটোরিকশার পেছনে দ্রুত গতির একটি মালবাহী ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশা থেকে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আমিনুল মারা যান।
তিনি বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকসহ চালককে শানাক্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী দোসরা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪৩৩। তবে এবারের নববর্ষ উদযাপন থেকে বিরত থেকে শিক্ষক রুনা'র নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের শিক্ষার্থীরা জানান, ১৫ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখ উদযাপনের আয়োজন থাকলেও, আমাদের বিভাগ এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করবে না। কোনো আনন্দ শোভাযাত্রা বা র্যালিতে অংশ নেবে না। কারণ আমাদের জন্য এবারের পহেলা বৈশাখ আনন্দের নয়—এটি ন্যায়ের দাবির দিন, প্রতিবাদের দিন। আমাদের পহেলা বৈশাখ মানেই—ম্যামের হত্যাকাণ্ডের বিচার।
শিক্ষার্থীরা আরও জানান, আমাদের ম্যামকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ৪১ দিন অতিবাহিত হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা থানা প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি।
এ কর্মসূচিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল দোষীর দ্রুত বিচার নিশ্চিত করা, পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ও একজন সদস্যের কর্মসংস্থান নিশ্চিত করা, নির্মাণাধীন হল ম্যামের নামে নামকরণ করা ও
বিভাগে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া এই চারটি দাবি করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন বাংলা নববর্ষ উপলক্ষে সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে পথে বের হওয়া মানুষগুলো, ফিরলেন লাশ হয়ে।
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হওয়ার ঘটনায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জীবিকার সন্ধানে আসা এসব মানুষ খরচ বাঁচাতে পণ্যবাহী ট্রাকে উঠেছিলেন, আর সেই সিদ্ধান্তই হয়ে দাঁড়ায় তাদের জীবনের শেষ যাত্রা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে গেলে ট্রাকের ওপর থাকা ১৩ জন নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আহত হন আরও ছয়জন।
দুর্ঘটনার পর কুমিল্লা হাইওয়ে ক্রসিং থানার লাশঘরে সারিবদ্ধভাবে রাখা হয় নিহতদের মরদেহ। সেখানে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সৃষ্টি হয়। নিহত সুমনের ভাই সামিউল ইসলাম বেগুনি রঙের একটি টি-শার্ট হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “এই জামাটা আমি কিনে দিয়েছি। সুমন আর কোনোদিন এটা পরবে না। প্রতিবছর জীবিকার জন্য সে আমার কাছে কুমিল্লায় আসত, এবার এসে জীবনটাই হারালো।
জানা গেছে, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ভাইগড় গ্রাম থেকে সুমনসহ ১৩ জন শ্রমিক সোমবার রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন। তারা ফেনী ও কুমিল্লা অঞ্চলে ধান কাটার কাজের জন্য আসছিলেন। বাসভাড়া বেশি হওয়ায় তারা চালবোঝাই ট্রাকে উঠে পড়েন।
একই ঘটনায় নিহত সোহরাব হোসেনের স্বজনরা জানান, সংসারের অভাব ঘোচাতে এবারই প্রথমবারের মতো শ্রমিকের কাজ করতে বের হয়েছিলেন তিনি। স্ত্রী চম্পা আক্তার তাকে যেতে নিষেধ করলেও দুই মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি সেই সিদ্ধান্ত নেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তিনি আর জীবিত ফিরে যেতে পারলেন না।
নিহতের স্বজন জসিম উদ্দিন বলেন, “ওই এলাকায় এখন কাজকর্ম নেই। তাই ধান কাটার মৌসুমে কাজের আশায় কুমিল্লায় আসছিল। কিন্তু পথেই তার জীবন শেষ হয়ে গেল।”
নিরাপদ সড়ক চাই, দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “দিনাজপুর থেকে কুমিল্লা আসতে বাসে জনপ্রতি প্রায় দেড় হাজার টাকা লাগে। খরচ বাঁচাতে তারা কয়েকশ টাকায় ট্রাকে ওঠেন। অভাবই তাদের এই ঝুঁকি নিতে বাধ্য করেছে।”
তিনি আরও বলেন, “পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। যদি এ বিষয়ে কঠোর নজরদারি থাকত, তাহলে হয়তো এত বড় প্রাণহানি এড়ানো সম্ভব হতো।
আহতদের বরাত দিয়ে তিনি জানান, মুন্সিগঞ্জের মেঘনা টোলপ্লাজা পার হওয়ার পর চালকের আসনে হেল্পার বসেন। সেখান থেকে আনুমানিক ১৫ কিলোমিটার যাওয়ার পরই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান। তিনি বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। প্রাথমিকভাবে দেখা গেছে, সড়কের অবস্থা ভালো ছিল। সেক্ষেত্রে চালকের দক্ষতা, ক্লান্তি বা লাইসেন্স সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।
জীবিকার সন্ধানে বের হওয়া এই শ্রমিকদের মৃত্যু আবারও সড়ক নিরাপত্তা ও দারিদ্র্যের নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। খরচ বাঁচাতে গিয়ে প্রাণ হারানোর এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে—নিরাপদ সড়ক নিশ্চিত করতে আর কত প্রাণ ঝরতে হবে?
নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর বর্ষবরণের আয়োজন। বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপনায় পুরো উপজেলা যেন রঙিন হয়ে ওঠে।
মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার মানুষ উপজেলা চত্বরে জড়ো হতে থাকেন। নানা বয়সী মানুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও অংশ নেন এ আনন্দ আয়োজনে। লাল-সাদা পোশাকে সজ্জিত নারীরা, পাঞ্জাবি-পায়জামা পরিহিত পুরুষরা আর শিশুদের রঙিন সাজে চারপাশে তৈরি হয় এক বর্ণিল পরিবেশ।
দিনের শুরুতেই বৈশাখী শোভাযাত্রা বের করা হয় উপজেলা চত্বর থেকে। শোভাযাত্রায় ছিল বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতীক শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও নববর্ষের তাৎপর্য। বিশেষ করে “এসো হে বৈশাখ” গানের সঙ্গে সমবেত পরিবেশনা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন বছরকে সামনে রেখে সবাইকে মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধ থেকে দূরে থাকার আহ্বানও জানানো হয়।
উৎসব উপলক্ষে উপজেলা চত্বরে বসে বৈশাখী মেলা। সেখানে ছিল হস্তশিল্প, মাটির তৈরি পণ্যের দোকানসহ নানা আয়োজন। শিশুদের জন্য ছিল বিনোদনমূলক ব্যবস্থা। এতে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ আরও বেড়ে যায়।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
সব মিলিয়ে বোরহানউদ্দিনে এবারের বর্ষবরণ ছিল আনন্দঘন, বর্ণিল ও শান্তিপূর্ণ। নতুন বছরের শুরুতে এমন প্রাণবন্ত আয়োজন স্থানীয়দের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি গাড়িযোগে বন্দরে পৌঁছান। একই দিনে টেকনাফে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথাও রয়েছে তাঁর।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে সেখানে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এরপর তিনি জেটি ঘাট এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় তিনি বন্দরের বিভিন্ন গুদাম, প্রশাসনিক ভবন ও অবকাঠামো ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে নাফ নদীর জলসীমাও তিনি পরিদর্শন করেন, যা বন্দরের কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্দরের কার্যক্রম আংশিকভাবে স্থবির রয়েছে এই বিষয়টিও তাকে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশরসহ প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের মতে, মন্ত্রীর এই সফরের ফলে টেকনাফ স্থলবন্দরের চলমান সমস্যাগুলো সমাধান এবং কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের শুরুতেই বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ঘিরে নগরের বিভিন্ন এলাকায় মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে। রঙিন আয়োজন ও আনন্দঘন পরিবেশে চলছে নববর্ষের নানা কর্মসূচি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বের হয়। এতে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।
সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক ঘুরে ডিসি হিলে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অন্যদিকে ডিসি হিল, সিআরবি শিরিষতলা এবং শহীদ মিনার এলাকায় সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। লাল-সাদা পোশাকে সেজে পরিবার-পরিজন নিয়ে নগরবাসী উৎসবে অংশ নেন।
শোভাযাত্রা শেষে ডিসি হিল ও আশপাশ এলাকায় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সময়ে সিআরবি শিরিষতলাতেও গান, নাচ ও লোকজ পরিবেশনা চলবে।
কাজীর দেউড়ি থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা বৈশাখী আলপনা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। রঙিন এই সাজসজ্জা উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলেছে।
পরিবার নিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া সংস্কৃতিকর্মী সাদিকুল ইসলাম বলেন, করোনা মহামারি ও রমজানের জন্য কয়েকবছর পয়লা বৈশাখে বিভিন্ন আয়োজনে ভাটা ছিল। তাই এই বছর বর্ষবরণ নিয়ে সবার আগ্রহ বেশি। পরিবার নিয়ে শোভাযাত্রায় এসে ভালো লাগছে।
বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকেই নগরের বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। এ উৎসবকে ঘিরে নগরবাসী যেন নিরাপদ ও নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে নাছির আহমদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, অভিযুক্ত বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নাসির অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল ছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। সপরিবারে তিনি প্রায় ৭ বছর ধরে ওই বাড়িতে ভাড়া বাসায় থাকেন।
আহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, নাছির ট্রাফিক পুলিশ কনস্টেবল ছিলেন। গেল বছর আগস্টে তিনি চাকরি থেকে অবসরে যান। তার বড় ছেলে প্রতিবন্ধী। বড় ছেলেকে নিয়ে নাছিরের স্ত্রী বেড়াতে যান। গত রাতে তার ছেলে কলেজছাত্র ইমরান ও তার বাবা বাসায় ছিলেন। এরমধ্যে নাছির অসুস্থ হয়ে পড়েন। রাতে ছেলে তাকে ওষুধ এনে খাওয়ায়। এরপর সকালে ঘুমন্ত অবস্থায় ইমরানকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় নাছির। একপর্যায়ে ইমরান রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসলে প্রতিবেশী স্বপন তাকে লুঙ্গি পরিয়ে দিতে যায়। এ সময় নাছির দা দিয়ে স্বপনকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। ঘটনাটি দেখতে পেয়ে নাছির নামে আরেকজন তাদেরকে বাঁচাতে যান। কনস্টেবল নাছির তাকেও কুপিয়ে আহত করেন। পরে অবসরপ্রাপ্ত কনস্টেবল ৩ তলা ভবন থেকে লাফিয়ে আহত হন। পরে তাকেসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত কনস্টেবল নাছির মারা যান।
আহত স্বপন বাঞ্চানগর এলাকার পেশকার বাড়ির মৃত গোলাম রহমানের ছেলে এবং অপর আহত নাছির ওই একই বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবার নাম আব্দুল মান্নান।
আহত স্বপন ও ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত নাছিরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, ‘আহত অবস্থায় ৪ জনকে হাসপাতাল আনা হয়। এরমধ্যে অবসরপ্রাপ্ত কনস্টেবল নাছির চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্যদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের রোলিং মিলসে একটি পরিকল্পিত ডাকাতির প্রচেষ্টা নস্যাৎ হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের ফলে ডাকাতরা কোনো ক্ষতিই করতে পারেনি। সোমবার (১৩ এপ্রিল) ভোরে ১৫ থেকে ২০ জনের একটি সুসংগঠিত ডাকাত দল কারখানাটিতে অনুপ্রবেশ করে উৎপাদন কার্যক্রম ব্যাহত করার উদ্দেশে বৈদ্যুতিক ক্যাবল কাটতে শুরু করে। এ সময় কারখানায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের বাধা দেয় এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দলের অতর্কিত হামলা সাহসিকতার সঙ্গে প্রতিহত করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সম্পদ রক্ষার্থে আনসার সদস্যরা প্রথমে ০১ রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করেন। তবে ডাকাত দল পিছু না হটে আরও সহিংস হয়ে উঠলে আত্মরক্ষার্থে সদস্যরা ০৩ রাউন্ড সিসা কার্তুজ নিক্ষেপ করতে বাধ্য হন। আনসার সদস্যদের এই অনমনীয় ও সাহসী প্রতিরোধের মুখে ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে ০৩ জন ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হন। আটককৃতদের কাছ থেকে আনুমানিক ৩২০ কেজি বৈদ্যুতিক ক্যাবল, রামদা এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- সীতাকুণ্ড থানার শীতলপুর গ্রামের সিরাজের ছেলে জাবেদ (২৭)।একই থানার ফুলতলা গ্রামের আবুল কালামের ছেলে শরিফুর রহমান(২৮) এবং নোয়াখালী জেলার বেগমগঞ্জ এলাকার শাহজাহানের ছেলে মো. রাসেল (২৯)।
ঘটনার পরপরই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি তদারকি করেন। পরবর্তীতে আটক ডাকাতদের উদ্ধার মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন, আনসার সদস্যদের এই তাৎক্ষণিক, সুসংগঠিত ও দায়িত্বশীল ভূমিকার কারণে কারখানাটি একটি বড় ধরনের নাশকতা এবং বিপুল আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে; পাশাপাশি অভিযানে বাহিনীর কোনো সদস্যের ক্ষয়ক্ষতি না হওয়াও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই ঘটনা প্রমাণ করে যে, সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।
দেশের শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণ, জননিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির এমন তাৎপর্যপূর্ণ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে, বাহিনীর এই অনুকরণীয় সাফল্য দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে।
দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ৫৬ বছর পার হলেও এখনো পৃথক কোনো ডায়রিয়া ওয়ার্ড না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা। বাধ্য হয়ে বরিশাল জেনারেল হাসপাতালের মাত্র একটি ছোট ওয়ার্ডেই নারী-পুরুষ একসঙ্গে চিকিৎসা নিতে হচ্ছে, যেখানে শয্যা সংকট ও অব্যবস্থাপনা এখন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির কম্পাউন্ডের টিনশেড ভবনে মাত্র ৪ শয্যার একটি ডায়রিয়া ওয়ার্ড রয়েছে। অথচ প্রতিদিন সেখানে ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি হচ্ছেন, যাদের মধ্যে ৮ থেকে ১০ জন নারী। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
নারী রোগীদের অভিযোগ, পুরুষ রোগীদের সঙ্গে একই ওয়ার্ডে থাকতে হওয়ায় চরম অস্বস্তির মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে। অনেক সময় বাধ্য হয়ে শয্যার চারপাশে কাপড় টাঙিয়ে পর্দা তৈরি করতে হচ্ছে।
বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৩৫ বছর বয়সী নার্গিস আক্তার বলেন, অনেকটা বাধ্য হয়েই হাসপাতালে ভর্তি হয়েছি। কারণ শয্যার দুই পাশে পুরুষ রোগী, যা খুবই অস্বস্তিকর।
সালমা নামের আরেক রোগী বলেন, নারীদের জন্য আলাদা ওয়ার্ড থাকা উচিত। এভাবে চিকিৎসা নেওয়া পর্দারও পরিপন্থী হয়ে যাচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, ১৯১০ সালে প্রতিষ্ঠিত বরিশাল জেনারেল হাসপাতালটি ২০০ শয্যায় উন্নীত করার কথা থাকলেও তা এখনও কাগজে-কলমেই সীমাবদ্ধ। হাসপাতালের পূর্বপাশে ১২ তলা ভবন নির্মাণের কাজও দীর্ঘদিন ধরে আটকে আছে।
বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু প্রয়োজনীয় শয্যা ও ওয়ার্ড না থাকায় নারী-পুরুষ একসঙ্গে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। অনেক সময় মেঝেতেও চিকিৎসা দিতে হয়।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের জানাজা সুপ্রিম কোর্টে সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ২ টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ব্যারিস্টার শফিক আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শুরুর আগে ব্যারিস্টার শফিক আহমেদের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের সাবেক ও বর্তমান বিচারপতি, বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।
এর আগে গত রোববার সন্ধা পৌনে ৬ টার দিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা যান।
তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
প্রসঙ্গত, ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলীয়াবাদ খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে খালের পূর্ব অংশে আলীয়াবাদ গোলচত্বর-সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ব্রিজের নিচ থেকে খননযন্ত্রের মাধ্যমে ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীয়াবাদ খালটি বুড়ী নদী থেকে উৎপন্ন হয়ে ভাটা নদীতে গিয়ে মিলেছে। দীর্ঘদিন ধরে পচনশীল ও অপচনশীল বর্জ্য ফেলার কারণে খালটি প্রায় ভরাট হয়ে বিলীন হওয়ার পথে। এ ছাড়া অপরিকল্পিতভাবে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ করায় পানি নিষ্কাশন ও স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
খালের জমে থাকা ময়লা-আবর্জনার কারণে পানির মান মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকি বেড়েছে। দূষিত পানি কৃষিজমিতে গিয়ে ফসলের ক্ষতি করছে এবং খালটি মশার প্রজননস্থলে পরিণত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনেও খালটি কার্যকর ভূমিকা রাখতে পারছিল না।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, ‘খালটি জনগুরুত্বপূর্ণ। এর অস্তিত্ব রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে পারলে এর সুফল জনগণ ভোগ করতে পারবে।’ তিনি খালের দুই পাশে রেলিং স্থাপন এবং রাস্তা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘আলীয়াবাদ খালের অস্তিত্ব রক্ষা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।’
মাদারীপুরের পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২১ আসামি গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) জেলা পুলিশের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নতিকল্পে পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানা ও কালকিনি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ও কালকিনি থানার ওসি এস,এম সোহেল রানার নেতৃত্বে ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের মধ্যে সদর মডেল থানায় বিভিন্ন মামলায় ১১ জন ও কালকিনি থানায় ১০ মিলে মোট ২১ জন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের জিরো টলারেন্স নীতিতে আমরা অটল। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, গোষ্ঠী সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি ও জোরালো অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীর ডেমরায় বাবা-ছেলের ধস্তাধস্তির সময় ছুরিকাঘাতে বাবা মো. ইসরাফিল (৪৫) নিহত হয়েছেন। তিনি পেশায় নিরাপত্তাকর্মী ছিলেন। ঘটনার পর তার ছেলে (কিশোর হওয়ায় নাম দেওয়া হলো না) পলাতক রয়েছে। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ডেমরা উত্তর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পরিবারের বরাত দিয়ে বলেন, ভোরে বাসায় এসে ইসরাফিল নেশা করার জন্য তার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। তখন ছেলে পাশের কক্ষে ঘুমাচ্ছিলেন। বাবা-মায়ের ঝগড়া শুনে সে উঠে আসে। এরপর কথাকাটাকাটি থেকে এক পর্যায়ে বাবা-ছেলে ধস্তাধস্তি করে। এ সময় বাবার হাতে থাকা ছুরি কেড়ে নিয়ে ছেলে বাবার বুকে আঘাত করে। এতে ইসরাফিল মারা যান।
অন্যদিকে নিহত ব্যক্তির স্ত্রী সুরিয়া বেগম দাবি করেন, ধস্তাধস্তির সময় ইসরাফিলের নিজের ছুরিই তার বুকে লাগে।
পুলিশ জানায়, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ইসরাফিলের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সুতাপাড়া গ্রামে। বর্তমানে তিনি ডেমরার উত্তর বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ বলেন, সকালে খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ইসরাফিলের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বেলা পৌনে দুইটার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করতে বরিশালজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জীর্ণতাকে পেছনে ফেলে নতুনের আহ্বানে শিল্পীদের রং-তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠছে বরিশাল চারুকলা প্রাঙ্গণ। বাঙালির হাজার বছরের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির শেকড়কে ধারণ করে এবারও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বরিশাল চারুকলায় গিয়ে দেখা যায়, পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেন শিক্ষার্থী ও শিল্পীরা। বাঁশ, কাগজ, রং ও তুলির কাজে তারা তৈরি করেন বিভিন্ন শিল্পকর্ম ও মুখোশ, যা শোভাযাত্রাকে আরও আকর্ষণীয় করে তুলবে।
চারুকলা সূত্রে জানা গেছে, এবারের শোভাযাত্রার সম্মুখভাগে থাকবে বিশাল আকৃতির টিয়া পাখি এবং বাঙালির লোকজ ঐতিহ্যভিত্তিক নানা রঙিন মুখোশ। এসব উপকরণ নববর্ষ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।
শিল্পকর্ম তৈরিতে ব্যস্ত থাকা শিক্ষার্থী রনি বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের জন্য শুধু উৎসব নয়, এটি আমাদের পরিচয় ও সংস্কৃতির অংশ। প্রতি বছর আমরা পরিশ্রম করি এই আয়োজন সফল করতে।’
চারুকলা বরিশালের সমন্বয়ক সুশান্ত ঘোষ বলেন, ‘বাঙালির এই উৎসব ফসলের ঘ্রাণে মিশে আছে। হেমন্তে ধান কাটার পর নতুন বছরকে বরণ করার যে প্রথা ছিল, তা আজ সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। এবারের শোভাযাত্রায় লোকজ ঐতিহ্যের নানা প্রতীক তুলে ধরা হবে।’
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তী জানান, সকালে বিএম স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রার মাধ্যমে আমরা ঐক্য, সম্প্রীতি ও গণতন্ত্রের বার্তা দিতে চাই।
এদিকে বাংলা নববর্ষকে কেন্দ্র করে বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুল মাঠে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় প্রায় ৭০টি স্টল থাকবে এবং ইতোমধ্যে মাঠ প্রস্তুতের কাজ শেষ হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল খায়ের সবুজ বলেন, ‘৪৪ বছর ধরে আমরা বিএম স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন করে আসছি। পহেলা বৈশাখের সকালে প্রভাতি অনুষ্ঠান শেষে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে।’
তিনি আরও জানান, অনুষ্ঠান শেষে চারুকলার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হবে, যা বিএম স্কুল থেকে শুরু হয়ে নগরীর সদর রোডে গিয়ে শেষ হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শুধু চারুকলা ও উদীচী নয়, বরিশালের অন্তত ৩৫টি সাংস্কৃতিক সংগঠনও বাংলা নববর্ষ উদযাপনে নানা কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত সময় পার করছে।