সরকারের সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেটের একাধিক বৈঠকে নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপের বিষয়টি আসেনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গত বৃহস্পতিবার দৈনিক বাংলাকে এ কথা বলেছেন। উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, মিশেল ব্যাশেলেট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য ‘স্বাধীন কমিশন’ গঠন নয়, ‘একটা ম্যাকানিজমের’ কথা বলেছেন। আর সে ধরনের ম্যাকানিজম আছে এবং এর মাধ্যমে নিরপেক্ষ তদন্তও চলছে।
চার দিনের সফর শেষে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়ে সরকারকে এ ধরনের অভিযোগের পক্ষপাতহীন, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের তাগিদ দেন মিশেল ব্যাশেলেট। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে মেরুকরণ ও উত্তেজনার শঙ্কার কথা জানিয়ে তিনি সব সংকট সমাধানে রাজনৈতিক দলসহ সমাজের সব পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানান।
এই পরিপ্রেক্ষিতে শাহরিয়ার আলম বলেন, ‘আমি তার (মিশেল ব্যাশেলেট) সংবাদ সম্মেলনের বক্তব্য শুনিনি। তবে তার ১০ পৃষ্ঠার লিখিত বক্তব্যের কপি আমার কাছে আছে। তার ভিত্তিতে আমি বলতে পারি ওনারা তদন্তের জন্য আলাদা কমিটি বা সংস্থা করার কথা বলেননি। একটা ম্যাকানিজমের কথা বলেছেন।’
‘যেটাকে উনি (মিশেল ব্যাশেলেট) বডি হিসেবে রেফার করেছেন, কোনো সংস্থার কথা বলেননি। আমাদের সাংবাদিক ভাইবোনরা অনেকে এটাকে সংস্থা বা আলাদা স্টাবলিশমেন্ট আকারে একেবারে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন।’
‘আমরা ইতিমধ্যে সে ম্যাকানিজমের মধ্যে আছি’ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল আমাদের কমবেশি ৫০-৬০ জনের একটি নামের (গুম হওয়া) তালিকা অনেক আগে পাঠিয়েছিল। যেটাকে বিএনপির পক্ষ থেকে ৬৩০-৬৪০ দাবি করা হয়। সেটার মধ্যে আমরা প্রায় ৭-৮ জনের তথ্য পেয়ে কেসগুলো ক্লোজ করার জন্য হিউম্যান রাইটস কাউন্সিলের কাছে জমা দিয়েছি,’ বলেন শাহরিয়ার আলম।
তিনি আরও বলেন, ‘আমাদের একটা ম্যাকানিজম কিন্তু অলরেডি ইন প্লেসড (প্রতিষ্ঠিত) এবং সেই কাজটা সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে করা হচ্ছে।’
নির্বাচনের আগে সব পক্ষকে নিয়ে রাজনৈতিক সংলাপের বিষয়টি জাতিসংঘের পরামর্শের বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের সময় দেখেছি রাষ্ট্রপতি সংলাপের জন্য আহ্বান করছিলেন। নতুন গঠিত নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে সংলাপের কথাই বলে যাচ্ছে। তবে এসব বৈঠকে যোগদান করেনি।’
মানবাধিকার প্রধান সরকারের সঙ্গে কোনো বৈঠকে সংলাপের বিষয়টি উল্লেখ করেননি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে দ্বিপক্ষীয় যে বৈঠকগুলো হয়েছে সে আলোচনায় এই প্রসঙ্গ আসেনি। যদি আসত সেটাই বলতাম যে, বিএনপি কখনও কোনো সংলাপে আসেনি। তারা পরিষ্কারভাবে বলেছে তাদের একমাত্র দাবি পূর্ণ না হলে তারা কোনো পরিস্থিতিতে সংলাপে যাবে না।’
শাহরিয়ার আলম বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার রাজনৈতিক সংলাপের কথা বলে থাকেন তাহলে এই কথাটা তার দপ্তরে পৌঁছায় এটা আমরা নিশ্চিত করব।’
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ১৪ আগস্ট ঢাকায় আসেন মিশেল ব্যাশেলেট। এটাই জাতিসংঘের কোনো মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রথম বাংলাদেশ সফর।
এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় মানবাধিকার কমিশন, সুশীল সমাজের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
মিশেল ব্যাশেলেট কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেন এবং সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গেও মতবিনিময় করেন।
রাজধানী ঢাকা থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি ইউরেনিয়ামের দ্বিতীয় চালান পৌঁছেছে।
বুধবার সকাল ১০টা ৩ মিনিটে বিশেষ সুরক্ষায় ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে। এর আগে ভোর ৪টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঈশ্বরদীর উদ্দেশে রওনা হয়েছিল এই বহর।
ইউরেনিয়াম পরিবহনকালে সেনাবাহিনী, এসআরবি ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মহাসড়কে গড়ে তোলা হয় কড়া নিরাপত্তা বলয়। ঢাকা থেকে পাবনা পর্যন্ত সড়কপথে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের নির্ভরযোগ্য সূত্র জ্বালানি পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি; ফলে রাশিয়া থেকে বিমানযোগে চালানটি ঠিক কখন ঢাকায় অবতরণ করেছিল, তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর একই প্রক্রিয়ায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের প্রথম চালানটি ঈশ্বরদীতে নেওয়া হয়েছিল। প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, চলতি বছরের ভেতরেই দ্বিতীয় ইউনিটের জন্য আরও সাতটি ইউরেনিয়ামের চালান পর্যায়ক্রমে রূপপুরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানে তল্লাশি চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বুধবার সকালে এসআরবি-৫-এর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে লিচুবাগানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তল্লাশির একপর্যায়ে সেখানে পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তার ভেতর থেকে হাতে তৈরি ১০৩টি তাজা ককটেল পাওয়া যায়। পরবর্তীতে সেগুলো জব্দ করেন অভিযানকারী দলের সদস্যরা।
এসআরবি জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে উদ্ধারকৃত ককটেলগুলো কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম। ঘটনার পর তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি আবদুল কদ্দুসকে গ্রেপ্তারের উদ্দেশে তাঁর সজনগাঁওয়ের বাড়িতে অভিযানে যায় পুলিশের একটি দল। সেখানে যাওয়ার পর সংশ্লিষ্ট গ্রেপ্তারি পরোয়ানাটি আদালত থেকে প্রত্যাহার বা রিকল করার কাগজপত্র প্রদর্শন করা হলে পুলিশ সদস্যরা আসামিকে ছেড়ে দিয়ে ফিরে আসার উদ্যোগ নেন। ঠিক সেই মুহূর্তে আসামির পরিবারের লোকজন অতর্কিতভাবে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায়, যাতে দুই সদস্য আহত হন।
পরবর্তীতে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ ও আহত সহকর্মীদের উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে পুলিশের দুই সদস্য শারীরিক হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়েছে এবং সরকারি কাজে বাধা ও হামলার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, নির্মাণকাজের অগ্রগতি ৯৭ শতাংশ। বাকি মাত্র ৩ শতাংশ কাজ শেষ হলেই চালু হওয়ার কথা ছিল বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) সেবা। কিন্তু ১৪ বছরের অপেক্ষার পর সেই প্রকল্পের মূল পরিকল্পনা থেকে সরে আসছে সরকার। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্মিত বিআরটি করিডরকে সাধারণ যানবাহন চলাচলের উপযোগী মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১২ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০১৮ সালে শেষ হওয়ার কথা ছিল। কয়েক দফায় মেয়াদ ও ব্যয় বাড়লেও চালু হয়নি কাঙ্ক্ষিত সেবা। সর্বশেষ অনুমোদিত ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা। দীর্ঘদিন নির্মাণকাজের ভোগান্তি শেষে আধুনিক গণপরিবহন চালুর অপেক্ষায় থাকা গাজীপুরের বাসিন্দাদের মধ্যে এ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত সোমবারের (১৯ অক্টোবর) সিদ্ধান্তপত্র অনুযায়ী, গত রোববার মন্ত্রিসভার বৈঠকে গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিআরটি করিডরের দুই লেনকে তিন প্লাস তিন লেনবিশিষ্ট সাধারণ মহাসড়কে রূপান্তরের প্রস্তাব রয়েছে। পাশাপাশি দুটি দুই লেনের ওভারপাসকে চার লেনের ওভারপাসে রূপান্তরের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। তবে অবকাঠামো পরিবর্তনে অতিরিক্ত কত অর্থ ব্যয় হবে, কত দিনে কাজ শেষ হবে এবং নির্মিত স্থাপনাগুলোর কোন অংশে পরিবর্তন আনতে হবে, তা সিদ্ধান্তপত্রে উল্লেখ নেই।
‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট’ নামের এই প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় সাড়ে ২০ কিলোমিটার করিডর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এর মধ্যে প্রায় ১৬ কিলোমিটার সমতলের সড়ক এবং সাড়ে চার কিলোমিটার উড়ালপথ। নির্মাণ করা হয়েছে তুরাগ নদের ওপর ১০ লেনের সেতু, ছয়টি উড়ালপথ, ছয়টি এলিভেটেড বাসস্টেশন, ফুটপাত, নিকাশিব্যবস্থা ও বাস রাখার ডিপো।
গাজীপুরের নাগরিক সংগঠন গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের দাবি, প্রকল্পে সরকারি অর্থ ও বৈদেশিক ঋণ মিলিয়ে প্রায় দুই হাজার ৮০০ কোটি থেকে তিন হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। অবশিষ্ট কাজ শেষ করে বিআরটি চালুর সম্ভাবনা যাচাই না করে অবকাঠামোর ব্যবহার পরিবর্তন করলে সরকারি অর্থের অপচয় বাড়তে পারে।
বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সংগঠনটির মতে, বিশেষায়িত গণপরিবহনের অবকাঠামোকে সাধারণ মহাসড়কে রূপান্তর টেকসই, জ্বালানি-সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক পরিবহন পরিকল্পনার পরিপন্থি। এতে ব্যক্তিগত গাড়িনির্ভর যাতায়াত উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান এক বিবৃতিতে বলেন, ‘এ সিদ্ধান্ত গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান এবং ঢাকার সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার প্রস্তাবনার সঙ্গেও অসংগতিপূর্ণ।’ সংগঠনটি সিদ্ধান্ত পুনর্বিবেচনা, বিআরটি ও এমআরটির পরিচালনায় সমন্বিত সংস্থা গঠন এবং বৃহত্তর ঢাকা অঞ্চলের পরিবহন পরিকল্পনায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে নেতৃত্বদানকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার অন্যতম কারণ হিসেবে সরকারি তিন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কথা উঠে এসেছে। প্রকল্পের বিভিন্ন অংশের দায়িত্ব ছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওপর। আলাদা সংস্থার অধীনে কাজ চলায় বিভিন্ন অংশের নির্মাণকাজ ভিন্ন সময়ে শেষ হয়েছে।
এ ছাড়া সম্ভাব্যতা সমীক্ষা, নকশা, বাস্তব ট্রাফিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিবহন চাহিদা যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি মূল্যায়ন প্রতিবেদনে বর্তমান নকশায় বিআরটি চালু করলে যানজট ও জনভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। বিকল্প হিসেবে উন্নত মহাসড়ক নির্মাণ ও রেলভিত্তিক গণপরিবহন জোরদারের সুপারিশও উঠে এসেছিল।
অন্যদিকে, বিআরটি চালুর পক্ষে থাকা পরিকল্পনাবিদ ও নাগরিকদের বক্তব্য, নকশা ও পরিচালনায় সমস্যা থাকলে তা সংশোধন করে সেবা চালুর সম্ভাবনা যাচাই করা উচিত।
গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নও মন্ত্রিসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনা, অবকাঠামো অপসারণের কার্যক্রম স্থগিত, অবশিষ্ট কাজ শেষ করে বিআরটি চালুর সময়সীমা ঘোষণা এবং স্থানীয় বাসিন্দা ও স্বাধীন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণের দাবি জানিয়েছে। দীর্ঘ বিলম্ব ও প্রকল্পের ত্রুটির জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে চলেছে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনিক ভবন ও চত্বর। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনমূলক কাজের ফলে প্রশাসনিক পরিবেশে এসেছে ইতিবাচক পরিবর্তন। এতে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে সেবা নিতে এসে স্বস্তি প্রকাশ করছেন সেবাপ্রত্যাশীরা। তবে উপজেলা চত্বরে চারপাশের ভাঙাচোরা সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং অভ্যন্তরীণ সড়কগুলো দ্রুত সংস্কার করা হলে পুরো চত্বরের সৌন্দর্য ও পরিবেশ আরও উন্নত হবে। যারফলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি প্রশাসনিক এলাকার সামগ্রিক চিত্রও আরও আধুনিক ও নান্দনিক হয়ে উঠবে বলে জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
জানা যায়, ১৯৮৩ সালে আদমদীঘি উপজেলা প্রতিষ্ঠিত হয়। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর স্থাপন করা হয়। ফলে সাধারণ মানুষ সহজেই নিজ এলাকার নিকটবর্তী দপ্তর থেকে প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবাগ্রহণের সুযোগ পাচ্ছেন। এ কারণে উপজেলা জনসাধারণের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে উপজেলা প্রশাসনিক চত্বরের বিভিন্ন ভবন ও অবকাঠামো জরাজীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে অন্যান্য উপজেলার তুলনায় এই উপজেলা উন্নয়নের ক্ষেত্রে বেশি অবহেলিত ছিল। ফলে দৃশ্যমান উন্নয়নমূলক কাজ তেমন চোখে পড়েনি। পটপরিবর্তনের পর উপজেলা প্রশাসনিক এলাকায় একাধিক দৃশ্যমান উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে।
এর মধ্যে উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে আধুনিক মানের গেট নির্মাণ ও উভয় পাশে প্রাচীর নির্মাণ, অভ্যন্তরীণ কিছু সড়ক সংস্কার, পরিত্যক্ত পুরোনো ভবন অপসারণ করে নতুন প্রকল্প বাস্তবায়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোর অভিমুখী সড়ক আরসিসিকরণ, কৃষি অফিসের সামনের সড়ক আরসিসিকরণ এবং হলরুমের সামনে ইউনিব্লক স্থাপনের কাজ উল্লেখযোগ্য।
এ ছাড়া দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় থাকা স্টাফদের আবাসিক যমুনা ও রূপসা ভবন সংস্কার করে বসবাসের উপযোগী করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আনসার সদস্যদের ব্যারাক নির্মাণের কাজ চলছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মহিলাবিষয়ক দপ্তরের জরাজীর্ণ ভবন এবং ট্রেনিং সেন্টারের জন্য পুরোনো ভবনসহ ছয়টি কক্ষ সংস্কার ও নির্মাণকাজও করা হচ্ছে। পাশাপাশি উপজেলা পরিষদের জরাজীর্ণ বাউন্ডারি ওয়াল চারপাশে পুনর্নির্মাণ এবং পুরো চত্বরে জলাবদ্ধতা নিরসনে উন্নতমানের ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নিয়েছে দায়িত্বরত উপজেলা প্রশাসন। এসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে উপজেলা পরিষদ চত্বরের সার্বিক পরিবেশ ও সৌন্দর্যে আমূল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, ‘প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো অসম্পন্ন রয়েছে। এসব কাজ শেষ করতে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত বরাদ্দের চাহিদাপত্র পাঠানো হবে। বরাদ্দ পাওয়াসাপেক্ষে উপজেলা পরিষদের সীমানাপ্রাচীর, অভ্যন্তরীণ ড্রেন, নতুন কোয়ার্টার নির্মাণসহ অবশিষ্ট কাজগুলো সম্পন্ন করা হবে।’
‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ। আর এটাই সবচেয়ে বড় বিষয়।’—সামাজিক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ মাহমুদ আল তিতুমীর।
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন। সবার মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম বজায় থাকবে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলা পৌঁছালে উপজেলা প্রশাসন তাকে ফুলের বনসাই গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী একটি দার্শনিক ভিত্তির কথা বলেন—সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ।’
ধর্মীয় নেতাদের ভূমিকার কথা তুলে ধরে রাশেদ মাহমুদ আল তিতুমীর বলেন, ‘আপনারা দেখছেন, আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। আমরা চাই, সমাজে পুরোহিতসহ ধর্মীয় নেতারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, ঘাট থানার ওসি সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মণ্ডলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতারা।
নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত টাঙ্গাইলের গোপালপুর। হেমনগর জমিদার বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমী ও ময়মনসিংহের কলসিন্দুর নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ।
হেমনগর স্পোর্টিং ক্লাব ও হক পল্লী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধের খেলায় মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমীর পক্ষে ১টি গোল করেন জাতীয় নারী ফুটবল দলের সাবেক স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকার। এবং দ্বিতীয়ার্ধের শুরুতে ময়মনসিংহের কলসিন্দুর নারী দলের আকলিমার গোলে সমতা ফেরান। খেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহাফুজুল আলম খান, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, জাতীয় নারী ফুটবল দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন, সূতী ভিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন এবং গোপালপুর উপজেলা বিএনপির সেক্রেটারি কাজী লিয়াকত, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার।
প্রমিলা ফুটবলের এই আকর্ষণীয় ম্যাচ উপভোগ করতে গোপালপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০ হাজার দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস ও উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। গত সোমবার (১৯ অক্টোবর) ৪ বিজিবির আওতাধীন টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট ও উলুবনিয়া সীমান্তে পৃথক অভিযান চালানো হয়।
আটকরা হলেন- টেকনাফের হোয়াইক্যং কাটাখালির বক্কর আহমেদের ছেলে শাকিল (২২), মৃত কাদেরের ছেলে রাসেল (২৩), চট্টগ্রামের ডবলমুরিং থানার গোসাইলভাঙা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩১) এবং উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত সিদ্দিকের ছেলে খায়রুল আমিন (২৪)।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম। তিনি জানান, এসব অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ চার মাদক কারবারিকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে একটি ডাবল কেবিন পিকআপ আটক করা হয়। গাড়িটি মৌলভীবাজার থেকে টেকনাফ হয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। রাত আনুমানিক ৮টার দিকে পিকআপটি হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে পিকআপের পেছনের সিট কভারের নিচে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।
দ্বিতীয় অভিযানে রাত ৯টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হোয়াইক্যং উলুবনিয়া নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যাম্বুশ করে বিজিবির একটি টহল দল। এ সময় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে শাকিলসহ তিনজনকে আটক করা হয়।
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের বিচার এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সুনামগঞ্জের তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলার বাদাঘাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকরা ছাড়াও স্থানীয় সামাজিক সংগঠনের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত বৃহস্পতিবার নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা ও দোয়ারাবাজারে সাংবাদিক আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা সাংবাদিক সমাজকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের উপযুক্ত শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
এতে বক্তব্য রাখেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়া তাহিরপুর প্রতিনিধি আবির হাসান-মানিক, দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি রোকন উদ্দিন, দৈনিক মানবজমিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এমএ রাজ্জাক, দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আলম সাব্বির সমাজসেবক ও সংগঠক আবুল হোসেন, বাদাঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও গণকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সারোয়ার ইবনে গিয়াস।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি, দৈনিক বাংলা তাহিরপুর প্রতিনিধি আবুল কাশেম, এনটিভি মাল্টিমিডিয়ার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক আলোর সকাল অনলাইন নিউজ পোর্টালের পরিচালক মো. আ. মান্নান, দৈনিক নিউজ বাংলা তাহিরপুর প্রতিনিধি মো. বাবুল মিয়া, দৈনিক এদিনের তাহিরপুর প্রতিনিধি সামায়ুন এবং দৈনিক হাওর বাংলার তাহিরপুর উপজেলা প্রতিনিধি আজহারুল ইসলাম সোহাগ প্রমুখ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ককের ভুলতা-গাউছিয়া সড়ক থেকে হকার উচ্ছেদের পর পাল্টে গেছে এলাকার চিত্র। আগে চার লেনের সড়কের তিল লেন ও ফুটপাত দখল করে কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দোকান পাট বসতো। এখন আর সেই দোকানগুলো নেই। নেই কোন কোলাহল। ফুটপাত ওসড়ক থেকে হকার উচ্ছেদের পর রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া, রূপসী, মুড়াপাড়া, কাঞ্চন এলাকার চিত্রও পাল্টে গেছে। সড়কের পাশে সিএনজি, রিকশা ও অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যেখানে সেখানে ময়লা আবর্জনার স্তুপও নেই।
তবে এলাকাবাসী বলছে, কঠোর নজরদারি না থাকলে হয়তো আবারো ফটপাত দখল করে বসতে পারে দোকান। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সচেতন মহল।
জানা গেছে, সড়কটি ঢাকা সিলেট মহাসড়ক জন্য গুরুত্বপূর্ণ এলাকা ঐতিহ্যবাহী গাউছিয়া মার্কেট। প্রায় ২ বছর ধরেই গোলাকান্দাইল মজিদ প্লাজা থেকে ভুলতার রেদোয়ান টাওয়ার পর্যন্ত ১ কিলোমিটার সড়কের ফুটপাত ও মূলসড়কের ওপর গড়ে উঠা অবৈধ দোকান পাটের কারনে পথচারীদের সড়ক দিয়ে চলাচল করতে কষ্ট হইতো।
গত ১৩ অক্টোবর মঙ্গলবার ভুলতা-গাউছিয়া সহ আশপাশের এলাকায় অবৈধ স্হাপনা ও হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়। এর ফলে দীর্ঘদিনের দখলে থাকা সড়ক ও ফুটপাত দখল মুক্ত হয়েছে। পকেট মার,মলমপার্টি ও ছিনতাই কারী নেই। ভুলতা ইউনিয়নের যুবদলের কর্মীরা ও প্রশাসনের লোকজনের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে ভুলতা ফ্লাইওভারের আসা যাওয়ার এলাকা সাওঘাট, এশিয়ান হাইওয়ে সড়ক, রূপসী, মুড়াপাড়া ও কাঞ্চনসহ গুরুত্বপূর্ণ সড়কের উভয় পশের ফুটপাত ও সড়কে গড়ে উঠা ৫ শতাধিক অবৈধ দোকানপাট ও স্হাপনা সরিয়ে দেয়া হয়েছে। অস্থায়ী দোকান উচ্ছেদ হওয়ার ফলে চিরচেনা তীব্র যানজট ও জনজটও কিছুটা কমে এসেছে এবং পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে।
ফুটপাথ দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্যোগে রূপগঞ্জ থানা ও ট্রাফিক বিভাগ এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।
অভিযান চলাকালে সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়। ১৪ অক্টোবর বুধবার গোলাকান্দাইলের সাওঘাট এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। মূল সড়কের দুই পাশে বিভিন্ন অবৈধ ভাসমান দোকানপাট গড়ে উঠেছিল এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল রাস্তায় ও ফুটপাথে ফেলে রেখেছিল, যার ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।
কাঞ্চন বাজারে ও স্থানীয় বিএনপি যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাথ দখলমুক্ত করেছে। গত ১৭ অক্টোবর সকালে কাঞ্চনপৌরসভার নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় স্থানীয় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দল ও অঙ্গ -সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জ থানার বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘যারা চাঁদাবাজির সাথে জড়িত, তাদের পরিচয় একটাই- তারা চাঁদাবাজ। কারো নাম, পরিচয় বা প্রভাব ব্যবহার করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই।’ তিনি আরো বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের ভুলতা-গাউছিয়া, এলাকায় অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমের পর আমরা কয়েক দফা সরজমিনে পরিদর্শন ও মনিটরিং করেছি।
জনস্বার্থে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি এলাকার পরিবেশ সুন্দর ও সবুজ রাখতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।’
আরিফুল ইসলাম আরিফ ভুলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু ক্ষেত্রে রাস্তার পাশে থাকা ভবন বা জায়গার মালিকদের একটি অংশ অবৈধভাবে হকার বসানোর ক্ষেত্রে ভূমিকা রাখছেন, যা অত্যন্ত দুঃখজনক। অবৈধ হকারদের কাছ থেকে আর্থিক সুবিধা বা অগ্রিম অর্থ নেয়ার অভিযোগও রয়েছে। আবার কোথাও কোথাও প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।’
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হকার ও ভাসমান অপরাধীদের জন্য এই এলাকা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল, যা থেকে অনেকটাই রেহাই মিলেছে উচ্ছেদের কারণে। এখন দেখতে হবে এই সুন্দর পরিবেশ কত দিন টিকে।
মঞ্জু নামের এক পথচারী বলেন, হকাররা রাস্তা পর্যন্ত দখল করে রেখেছিল। যা থেকে উদ্ধার পেয়েছে পথচারীরা। তিনি বলেন, রাজনৈতিক নেতা ও প্রশাসনের সদিচ্ছা থাকলে পুরো রূপগঞ্জ উপজেলাকে সুন্দর করা সম্ভব হবে।
নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর উদ্যোগে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের কথা বিবেচনা করে গাউছিয়া মার্কেটের পশ্চিম পাশে সিংলাব সড়কের বালুর মাঠে দোকান বসার স্থান করে দিয়েছেন। এখন থেকে যে কোন মানুষ উন্মুক্ত জায়গায় ব্যবসা পরিচালনা করতে পারবেন। কোন প্রকার টাকা দিতে হবে না।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সেখানে পৌঁছানোর পর তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে রাত ৮টা ১৫ মিনিটে জেএম সেন হলের পূজামণ্ডপে পৌঁছান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম ভ্রমণের অংশ হিসেবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে সরাসরি পূজামণ্ডপের উদ্দেশ্যে রওনা হন। পূজামণ্ডপে পৌঁছালে তাকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে সরকারের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা ও দলীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও যুক্ত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ স্থানীয় বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়, পূজামণ্ডপ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ উপলক্ষে কোস্ট গার্ডের আওতাধীন বিভিন্ন এলাকায় সাড়ে ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনকালে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
তিনি বলেন, ‘উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমাল নিরাপদ রাখতে কোস্ট গার্ড নিয়মিত কাজ করছে। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
মহাপরিচালক জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে।
পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বিসর্জনস্থলগুলোতে বিশেষ ডুবুরি দল প্রস্তুত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগেরও আহ্বান জানান তিনি।
মহাপরিচালক আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে।
সরকারের জনকল্যাণমুখী উন্নয়ন পরিকল্পনা ও রূপকল্প সফলভাবে বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে ভেদাভেদ ভুলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করলে কাঙ্ক্ষিত উন্নয়ন আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত এলসিএস (LCS) শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৫-২৬ অর্থবছরে কিশোরগঞ্জ জেলার পরিচালন বাজেটের আওতায় গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ (Off Pavement) প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও নীতি বাস্তবায়নের মূল চালিকাশক্তি হলো মাঠ প্রশাসন। সরকারের অর্জন ও সফলতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে জনকল্যাণে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা যার যার অবস্থান থেকে জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালন করলে কাঙ্ক্ষিত উন্নয়ন ত্বরান্বিত হবে, বলেন তিনি।
এর আগে সকাল থেকে কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় ফরিদপুর বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর বেলা ১১টায় ছয়সূতীতে জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এরপর কুলিয়ারচর কালী নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এলসিএস শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকার চেকপ্রাপ্ত এলসিএস শ্রমিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শ্রমিকদের হাতে আনুষ্ঠানিকভাবে চেকের অর্থ তুলে দেওয়া হয়।
প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকেল ৪টায় সালুয়া এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ডুমরাকান্দা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত কুলিয়ারচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে তাঁর।