বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩

সারাদেশে জুলাই শহীদ দিবস পালিত

ছবি: দৈনিক বাংলা
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ১৯:৪৪

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সারাদেশে বৃহস্পতিবার (১৬ জুলাই) (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে ১৬ জুলাই এ দিবসটি পালন করা হয়। শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ সকল শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।

মাগুরা প্রতিনিধি জানান: মাগুরা শহরের ঢাকা রোডস্থ নবগঙ্গা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ৯টায় জেলা প্রশাসন, পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে‌ পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ, সিভিল সার্জন ডাক্তার মো. শামীম কবির। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির সাঈদ আহমেদ বাচ্চু, জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম, তুহিন বিশ্বাসসহ শহীদ পরিবারের সদস্যরা। আলোচনা শেষে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা ব্যুরো জানান : খুলনায় যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শিববাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজিমো.মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার, কেডিএর চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

এ উপলক্ষে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।

সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করছে এবং গণভোটের ‘হ্যাঁ’-এর পক্ষে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের কোনো গণআন্দোলন একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘদিনের হামলা-মামলা, নির্যাতন, দমন-পীড়ন ও গণবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে আসে। সেই আন্দোলনের ধারাবাহিকতার ফলেই আজ আমরা কেউ সরকারে, কেউ বিরোধী দলে থেকে জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ সদস্য হয়েছি এবং স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছি। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে আলোচনা ও সমালোচনা অব্যাহত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য এবং সুস্থ রাজনৈতিক চর্চার অন্যতম ভিত্তি। সংসদ সদস্য জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ, আহত এবং সকল প্রকৃত যোদ্ধাকে রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ সম্মান ও প্রাপ্য ভাতা প্রদান করা হবে।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, শহীদ শেখ মো. সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান ও মহানগর জামায়তে ইলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে নগরীর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়াও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি জানান: বৃহস্পতিবার (১৬ জুলাই) (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) (১৬ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা হ্যাপি মাঠ স্মৃতিচত্বরে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, বর্তমান সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছে। জুলাইয়ের শহীদরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ করেছেন, সেই গণতন্ত্র যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার শহীদ ও আহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং শহীদ ও আহত পরিবারের পাশে কার্যকরভাবে দাঁড়ানোর দাবি জানান।

সভায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মহসিন কবিরসহ সকল শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নীলফামারী প্রতিনিধি জানান: জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারীতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁদের অবদানের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

মাহফুজ নান্টু, কুমিল্লা থেকে জানান :কুমিল্লায় জুলাই আন্দোলনে আহতদের ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বৃহস্পতিবার (১৬ জুলাই) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক মিজ রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে কুমিল্লা নগরীর টাউন হল প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জুলাই আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক আহতকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন।

নাজমুল আলম, রৌমারী (কুড়িগ্রাম) থেকে জানান : কুড়িগ্রামের রৌমারীতে জুলাই শহীদ দিবস পালিত। বৃহস্পতিবার (১৬ জুলাই) (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও স্মৃতিচারণমুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রৌমারী হাসপাতালের টিএইচও ডাঃ আব্দুস ছামাদ, রৌমারী থানার ওসি, জুলাই যোদ্ধা, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,উপজেলা জামাতের আমীর হায়দার আলী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, এনসিপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী, ইসলামী আনন্দোলনের সাধারণ সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সচেতন মহল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, কমলকুঁড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান সরদার ও সাংবাদিক মো. কামরুল হাসান।

আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য ও আগামী প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা সমবায় কর্মকর্তা এস এম শরিফুল ইসলাম, কোটালীপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মফিজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ এম আবুল বসার বাচ্চু, যুবদলের সভাপতি রঞ্জন মল্লিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা জাতীয় স্বার্থে ঐক্য, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা) থেকে জানান : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনার ডুমুরিয়ায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃহস্পতিবার (১৬ জুলাই) ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, শুরুতেই কোরান থেকে তেলাওয়াত করেন ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আব্দুল মালেক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান,ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. আশরাফুল কবির, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হুদা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দারুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী খোকা, শেখ হাফিজুর রহমান, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন,ছাত্র শেখ রেজাউন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এবং উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি জানান : ​যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলের বাসাইলে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাসাইল ​উপজেলা নির্বাহী কর্মকর্তামো.ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার ওসি আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীরমো.আফজাল হোসেন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জুলাই আন্দোলনে আহত মো.শাহীন।

​​অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব আ. সবুর খান চানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান তুহিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি জানান : মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ টিপু, জুলাই যুদ্ধা শামিম আহমেদ, শেখ রানা, লিংকন তালুকদার, আদনান চৌধুরী, ইব্রাহিম মাহমুদ প্রমুখ।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান : গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস- ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক জুলাইয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশে সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় কাপাসিয়ায় দিবসটি পালিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক সভাপতিত্ব করেন।

বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত) যোবায়ের আহমেদ, জেলা বিএনপির নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, সমন্বয়ক মোদাসির ইসলাম খান, জুলাই শহীদ জাকির হোসেনের স্ত্রী জান্নাতুল নাঈম, জুলাই যোদ্ধা প্রভাষক শামীমা চৌধুরী সিমু প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার প্রতিনিধি জানান : জুলাই শহীদ দিবস–২০২৬ উপলক্ষে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের এই আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের।

এছাড়াও শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মো. আবুল কাসেম সরকার, টিআই (এডমিন) মো. কামরুল ইসলাম এবং সদর মডেল থানার ওসি মো.সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি শেষে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। তাদের এই সর্বোচ্চ ত্যাগ আমাদের একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান : জুলাই শহীদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বড়াইগ্রামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, প্রস্তুতি ও সমন্বয় সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মো. রিমন মোল্লা ও নুহু ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. আবু বকর সিদ্দিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিনিধি আব্দুল আলিম।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুধীজন সভায় অংশ নেন।

সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

মাদারীপুর প্রতিনিধি জানান : মাদারীপুরে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষ্যে দোয়া, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সহ নানান কর্মসূচির আয়োজন করা হয়।​বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মাদারীপুর ঐতিহাসিক শকুনি লেকপাড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। সেখানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সর্বস্তরের জনগণ পুষ্পমাল্য অর্পণ করেন।​

পরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। ​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাদের এই আত্মত্যাগের ফলেই দেশ আজ এক নতুন দিগন্তে পদার্পণ করেছে। ‘অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এছাড়া, আলোচনা সভায় জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আন্দোলনে অংশ নেয়া বীর জুলাই যোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ’৭১ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।​

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি। আলোচনা সভায় বক্তব্য দেন জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাইদুর রহমান, জীবননগর থানার ওসি সোলায়মান শেখ, ওসি (অপারেশন) আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকসেদুর রহমান রিমন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মুস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, পল্লী উন্নয়ন কর্মকর্তা জামিল আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদ, জুলাই যোদ্ধা ও আহত মাহাদি ইপতি জয়, ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি জানান : ভোলার চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

সভায় জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বক্তারা বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান : জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক অনন্য প্রেরণার উৎস। তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে একটি মানবিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রেকসোনা খাতুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের অবদান শুধু একটি আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের পথপ্রদর্শক। শহীদদের আদর্শ ও চেতনা ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরা জরুরি। ইতিহাস জানলেই তারা দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মিশকাতুল ইসলাম বলেন, জুলাই শহীদরা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে তাঁদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, শহীদদের স্মৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। ন্যায়, সত্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে তাঁদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে হবে। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক বলেন, জুলাই আন্দোলনের শহীদরা মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা। সেই স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক চর্চা ও জনগণের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, জুলাই যোদ্ধা সম্রাট হোসেন, মিরাজ হোসেন বিশ্বাস, তাহমিদ আহম্মদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কেবল স্মরণ করার বিষয় নয়, বরং তাদের আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করাই হবে প্রকৃত শ্রদ্ধা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) থেকে জানান : ​‘জুলাই শহীদ দিবস’ পালন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের আত্মত্যাগের আদর্শে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় বক্তারা জুলাই আন্দোলনের পটভূমি, শহীদদের বীরত্বগাথা এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​সভাপতির বক্তব্যে ইউএনও নুসরাত জাহান বলেন, "জুলাইয়ের শহীদরা আমাদের জাতীয় চেতনার প্রতীক। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন সুযোগ পেয়েছি, তা কাজে লাগিয়ে আমাদের সম্মিলিতভাবে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। প্রশাসনের প্রতিটি স্তর থেকে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা, তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আজম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী মো. রবিন হোসেন এবং উপজেলা ভেটেরিনারি সার্জন মো. বাদল মিয়া।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ্ আলম, জুলাই যোদ্ধা মো. শাহিন বাবু ও মো. সাব্বির খন্দকারসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

​আলোচনা শেষে জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।


বোমাতঙ্কে বাড়ছে শঙ্কা

* সাভার ও আশুলিয়ায় ১৭টি শক্তিশালী বোমা ও জেএমবির লিফলেট উদ্ধার * সাভারে বোমা নিষ্ক্রিয়ের সময় বিকট শব্দে কেঁপে উঠল এলাকা * বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, আতঙ্ক
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১৩ আগস্ট, ২০২৬ ০০:২৭
বিশেষ প্রতিবেদক 

মতিঝিলে মেট্রোরেল স্টেশনে স্কচটেপ মোড়ানো বস্তু উদ্ধারের পর মিরপুর-১০ ও ফার্মগেটের মতো চরম জনবহুল পয়েন্টগুলোতে ফেলে রাখা ব্যাগ নিয়ে একের পর এক বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল রাজধানী ঢাকায়। যদিও ডগ স্কোয়াড ও সিটিটিসির পরীক্ষায় শেষ পর্যন্ত সেগুলো জর্দার কৌটা কিংবা ময়লা-আবর্জনা হিসেবে ‘ফ্লস অ্যালার্ম’ বা মিথ্যা আতঙ্ক প্রমাণিত হয়ে স্বস্তি ফিরেছিল। কিন্তু রাজধানীর সেই উদ্বেগের আগুনে ঘি ঢালল সাভার-আশুলিয়ায় টানা ১২ দিনে ১৭টি শক্তিশালী বোমা উদ্ধার এবং বরিশালের জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা। সাভারে বোমার সাথে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির উগ্রবাদী লিফলেট ও কোডেড মেসেজ উদ্ধার হওয়ায় পুরো ঢাকা জুড়ে জারি করা হয়েছে বিশেষ ‘রেড অ্যালার্ট’। একদিকে পুলিশের সাঁড়াশি অভিযান, অন্যদিকে সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক ভীতি—সব মিলিয়ে মেগাসিটির ব্যস্ত রাজপথ থেকে শিল্পাঞ্চল জুড়ে এক অজানা শঙ্কা থমকে দিয়েছে নাগরিক জীবনকে।

এদিকে, সাভারের সাদাপুর এলাকার মসজিদের মাঠে পাওয়া কালো স্কচটেপে মোড়ানো প্রেশার কুকারটিকে শক্তিশালী বোমা হিসেবে শনাক্ত করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাটি জনশূন্য করে বোমাটি নিষ্ক্রিয় করে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। এতে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে থাকা স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে থাকা ব্যবসায়ী নিবীর হোসেন বলেন, ‘এত শক্তিশালী বোমা, তা জানা ছিল না। যখন নিষ্ক্রিয় করা হয়, তখন বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ‘বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে উঠেছে। এটা অনেক ক্ষমতাসম্পন্ন একটি বোমা।

এসব ঘটনায় বোমা আতঙ্ক নিয়ে উদ্বেগের কারণ নেই বলে আগেই জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি গত ২ আগস্ট সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছিলেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ‘সর্বোচ্চ সতর্ক অবস্থানে’ রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুটির বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। এসব ঘটনার পেছনে কারা জড়িত কিংবা কোনো ইন্ধন রয়েছে কি-না, তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধ পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, তুলনামূলক বিচারে দেশে বর্তমানে নাশকতা ও এ ধরনের অপরাধের হার অনেক কম। পরিস্থিতি কোনোভাবেই উদ্বেগজনক নয়।

আগস্ট মাসে বিশেষ সতর্কতা কেন জারি করা হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু রাজনৈতিক তৎপরতার তথ্য পাওয়া গেছে। এ কারণেই সংশ্লিষ্ট সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

রাজধানীতে সার্বিক আতঙ্কের সূচনা ঘটে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি শক্তিশালী ও কার্যকর আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সন্ধান পাওয়ার মধ্য দিয়ে। গত ২৪ জুলাই সন্ধ্যা সাড় ৭টার দিকে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে জেনারেটর রুমের পাশে একটি পরিত্যক্ত বিএমডব্লিউ ছাতার ভেতরে টাইমিং সার্কিট, সালফার, বিয়ারিং বল ও তারকাঁটা যুক্ত প্রায় ১.৫ কেজি ওজনের আইইডি উদ্ধার করা হয়। ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হওয়া উল্টোরথের শোভাযাত্রা ওই এলাকা অতিক্রম করার সময় আনসার সদস্যদের সতর্কতায় মিটমিট করে আলো জ্বলতে দেখে ছাতাটি শনাক্ত হয়। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সফল বিস্ফোরণের মাধ্যমে এটি নিষ্ক্রিয় করে। তবে নিষ্ক্রিয়করণের স্প্লিন্টারের আঘাতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী মিরাজ আহমেদ (৩৩) নামের এক পথচারী আহত হন। এ ঘটনায় মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়।

এরপর গত ১ আগস্ট দুপুর ১২টার দিকে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের লিফটের পাশে পরিত্যক্ত একটি লাল ব্যাগ দেখে পথচারীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়ায়। প্রায় ৫২ মিনিট স্টেশনের স্বাভাবিক ট্রেন ও যাত্রী চলাচল বন্ধ রাখা হয়। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে ব্যাগটি নিরাপদে নিষ্ক্রিয় করার পর ভেতরে কোনো বিস্ফোরক মেলেনি, কেবল জর্দার কৌটা ও পান পাওয়া যায়। একইদিন দুপুর ১টার দিকে ফার্মগেট স্টেশনের পিলারের কাছে পরিত্যক্ত একটি চটের বস্তা কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়লে তেজগাঁও থানা পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। বোম্ব ডিসপোজাল টিম হাত দিয়ে (হ্যান্ড এন্ট্রি) পরীক্ষা করে নিশ্চিত করে বস্তায় কেবল সাধারণ বর্জ্য ও ময়লা-আবর্জনা ছিল।

পরপর এসব ঘটনার পর গত ৩ আগস্ট ফার্মগেট, আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রো স্টেশনে সরেজমিনে দেখা যায়, যাত্রীরা কাঁধে, হাতে কিংবা ট্রলিতে বড় ব্যাগ ও বস্তা নিয়ে তল্লাশি ছাড়াই নির্বিঘ্নে প্রবেশ করছেন। সচিবালয় স্টেশনের স্ক্যানার বন্ধ ছিল।

ফার্মগেট স্টেশনের এমআরটি পুলিশের এসআই মুশফিকুর রহমান জানান, পর্যাপ্ত হ্যান্ড ডিটেক্টর বা আর্চওয়ে না থাকায় এবং যাত্রীদের ভিড়ে দীর্ঘ লাইন এড়াতে সবাইকে নিয়মিত তল্লাশি করা সম্ভব হচ্ছে না। যাত্রী মো. সেলিম ও তুলি আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, নিরাপত্তার এই ঘাটতি যেকোনো মুহূর্তে ভয়াবহ জীবনহানি ঘটাতে পারে।

সাভার-আশুলিয়ায় ১২ দিনে ১৭টি বোমা উদ্ধার: ঢাকার পরিস্থিতি যখন থমথমে, ঠিক তখনই উপকণ্ঠ সাভার ও আশুলিয়ায় টানা ১২ দিনে (৩০ জুলাই থেকে ১১ আগস্ট) ১৭টি বোমার সন্ধান মেলে। গত ৩০ জুলাই মধ্যরাতে আশুলিয়ার চারাবাগ এলাকায় ‘জয়ী জেনারেল স্টোর’-এর সামনে বেঞ্চে ফেলে রাখা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার আকৃতির টাইমারযুক্ত বোমা উদ্ধার করে ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম খোলা মাঠে নিষ্ক্রিয় করে।

এরপর গত মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের লালটেক এলাকায় বিদ্যুৎহীন অন্ধকারের সুযোগ নিয়ে একটি হ্যালো বাইকে করে এসে তিন ব্যক্তি ‘জামিআ ইলমুল ইলাহ্ সোসাইটি মাদ্রাসা ও জামে মসজিদ’-এর পাশে একটি ড্রাম ফেলে সটকে পড়ে। চায়ের দোকানি আজিম উদ্দিন ও দেলোয়ার হোসেন এগোলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রাফি ড্রাম খুলে কোরআন শরিফ, কাপড় ও ডায়েরির নিচে স্কচটেপে মোড়ানো একটি ১৫ কেজি ওজনের প্রেশার কুকার বোমা এবং একটি রিমোট কন্ট্রোল দেখতে পান। বোমা ও রিমোটের গায়ে লাল কালিতে ‘R1’ কোডেড সংকেত লেখা ছিল।

বুধবার (১২ আগস্ট) সকালে ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম খোলা মাঠে এটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করলে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর ও হেমায়েতপুরে র্যাব, এনএসআই, সিটিটিসি ও পুলিশের যৌথ অভিযানে ১৪টি পাইপ বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জামসহ ‘নব্য জেএমবি’ সদস্য আরিফ হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার সব বোমার সাথে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির উগ্রবাদী লিফলেট মেলায় পুলিশ তদন্ত জোরদার করেছে।

বরিশাল জজ আদালতে ককটেল বিস্ফোরণ: সাভারের ঘটনার পরপরই বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বরিশাল জজ আদালত প্রাঙ্গণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের মূল ফটকের কাছে ঘটিত হয় ককটেল বিস্ফোরণ। বিকট বিস্ফোরণে আদালতের বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন, সাময়িকভাবে ব্যাহত হয় বিচারিক কার্যক্রম।

এ ঘটনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট তসলিম উদ্দিন অভিযোগ করেন, আগামী ১৬ আগস্ট আদালতে আইনমন্ত্রীর সফর বানচাল ও সমাজে ভীতি তৈরির উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে। সিআইডি ও ডিবি ঘটনাস্থল থেকে কাচের গুঁড়ো ও প্লাস্টিকের টুকরো আলামত হিসেবে সংগ্রহ করে। বিএমপি কমিশনার জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে একটি বাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ রাসায়নিক, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ৯টি তাজা বোমা।

সাভার ও আশুলিয়ায় ১৭টি শক্তিশালী বোমা ও জেএমবির লিফলেট উদ্ধার, বরিশাল আদালতে ককটেল বিস্ফোরণ এবং রাজধানীতে তৈরি হওয়া একের পর এক ‘বোমাতঙ্ক’ নিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা মূলত তিনটি প্রধান বিষয়ের ওপর জোর দিচ্ছেন।

মনস্তাত্ত্বিক যুদ্ধ : মতিঝিলে প্রস্তুত আইইডি উদ্ধার কিংবা মিরপুর ও ফার্মগেটে বর্জ্য ও পান-জর্দার কৌটা পড়ে থাকার ঘটনাগুলোর ফলে সাধারণ মানুষের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ছে। উগ্রবাদী বা দুষ্কৃতকারী গোষ্ঠীগুলো সরাসরি বড় হামলা চালাতে না পারলেও মেট্রোরেল স্টেশন বা জনবহুল এলাকাগুলোকে ‘সফট টার্গেট’ হিসেবে ব্যবহার করে মনস্তাত্ত্বিক ভয়ভীতি ছড়ানোর কৌশল গ্রহণ করতে পারে। একে তারা সমাজে অস্থিরতা তৈরি করার এক ধরনের ‘লজিস্টিক সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার’ বা মনস্তাত্ত্বিক কৌশল হিসেবে দেখছেন।

পুনর্গঠন ও কোডেড সংকেত: সাভারে ১৫ কেজি ওজনের প্রেশার কুকার বোমা, ১৪টি পাইপ বোমা এবং জেএমবির উগ্রবাদী লিফলেট ও বোমার গায়ে ‘R1’ কোডেড সংকেত পাওয়ার বিষয়টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এটি নিষিদ্ধ সংগঠনগুলোর নতুন করে সংগঠিত হওয়া (Re-grouping) এবং নিজেদের শক্তিমত্তা জানান দেওয়ার চেষ্টা হতে পারে। ‘R1’ সম্ভবত কোনো বিশেষ সেল, কোড নাম অথবা একযোগে হামলার সংকেত (Signal) হিসেবে কাজ করছে, যা গভীরভাবে খতিয়ে দেখা জরুরি।

অবকাঠামোগত ঘাটতি ও ঝিমিয়ে পড়া নজরদারি: মতিঝিলের ঘটনা এবং তৎপরবর্তী সময়ে ফার্মগেট, মিরপুর ও সচিবালয় মেট্রো স্টেশনে স্ক্যানার বিকল থাকা বা পর্যাপ্ত তল্লাশি ছাড়া মালামাল নিয়ে প্রবেশের চিত্র উঠে আসায় নিরাপত্তা বিশ্লেষকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা বলছেন, আন্তর্জাতিক মানের গণপরিবহন মেট্রোরেলে বিমানবন্দরের মতো শতভাগ স্ক্যানিং ও আর্চওয়ে প্রোটোকল নিশ্চিত করা অত্যন্ত জরুরি ছিল। পুলিশি নজরদারিতে ঢিলেমি থাকলে উগ্রবাদীরা সাধারণ বস্তা বা ট্রাভেল ব্যাগে করে যে কোনো সময়ে বড় ধরনের বিস্ফোরক বহন করে বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে কেবল ‘ফলস অ্যালার্ম’ বলে উড়িয়ে না দিয়ে রাজধানীর সিসিটিভি নেটওয়ার্ক জোরদার করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মেট্রোরেলসহ প্রতিটি গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) এলাকায় আধুনিক টেকনোলজি এবং পর্যাপ্ত এমআরটি পুলিশ দিয়ে ঢেলে সাজাতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, ১ আগস্টের মিরপুর-১০ ও ফার্মগেটের ব্যাগ ও বস্তায় কোনো বিস্ফোরক মেলেনি, এগুলো স্রেফ ‘ফলস অ্যালার্ম’। মতিঝিলের ২৪ জুলাইয়ের আইইডির সঙ্গে এই দুই ঘটনার সরাসরি কোনো সাংগঠনিক যোগসূত্র মেলেনি। তবে জনবহুল স্থানে নাগরিকদের সচেতনতা প্রশংসনীয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মতিঝিল ও অন্যান্য স্থানের নাশকতার পেছনে কারা আছে তা শনাক্ত করা হচ্ছে। নগরবাসীকে আতঙ্কিত না হয়ে যে কোনো সন্দেহজনক বস্তুর ক্ষেত্রে সরাসরি ৯৯৯ বা নিকটস্থ থানায় তথ্য দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম ও পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, সাভারে উদ্ধার হওয়া বোমাগুলোর ধরন অত্যন্ত শক্তিশালী ও মারাত্মক। বোমার উৎস, তৈরির উদ্দেশ্য এবং উদ্ধার জেএমবির লিফলেট ও ‘R1’ সংকেতের নেপথ্য বের করতে উচ্চপর্যায়ের গোয়েন্দা দল কাজ করছে। গ্রেপ্তার আরিফকে জিজ্ঞাসাবাদ করে তার গুরুকে ধরার জন্য যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি): কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, বরিশালের জজ আদালতে ককটেল নিক্ষেপকারীদের চিহ্নিত করতে সিআইডি ও ডিবি কাজ করছে।


জরুরি গ্যাস আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আটটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ চারটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১২ আগস্ট) কমিটির ২৫তম সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

জানা গেছে, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে সৃষ্ট জরুরি গ্যাসের চাহিদা পূরণে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তিনটি পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মোট আটটি কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে হংকং ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো, মালয়েশিয়ার পেট্রোনাস থেকে দুই কার্গো, চীনের চায়না রুনজে হোল্ডিংস থেকে দুই কার্গো এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকরপোরেটেড থেকে দুই কার্গো এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করা হবে।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন ‘নদী প্রবাহ পুনরুদ্ধার, নৌ-পথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় ‘জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদীর খননসহ আনুষঙ্গিক কাজ’ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘এসএসপিরিট’ প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে অ্যানড্রয়েড ট্যাব কেনার একটি প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করেছে কমিটি।

সভায় অনুমোদিত চারটি প্রস্তাবের মধ্যে তিনটি এলএনজি আমদানিসংক্রান্ত এবং অপর দু’টি প্রস্তাব নদী খনন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ট্যাব কেনা সংক্রান্ত বলে জানানো হয়।


দেশে ১২ দিনে ১৩ লাশ উদ্ধার

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

আগস্ট মাসের প্রথম ১২ দিনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ১ আগস্ট থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত সিলেট, ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এসব মরদেহ পাওয়া যায়।

এগুলোর মধ্যে সিলেটের নিজ বাড়িতে তিনজনকে গলা কেটে হত্যা, রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মাথা এবং মাদরাসার বদ্ধ কক্ষে শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। খুন, গুম, নদী বা নর্দমায় লাশ ফেলে দেওয়া থেকে শুরু করে দুর্ঘটনার শিকার—সব মিলিয়ে গত ১২ দিনের ১৩টি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

সিলেটে ট্রিপল মার্ডার

সিলেট নগরীর একটি বাসায় স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপকমিশনার মোহাম্মদ সাইফুল জানিয়েছেন। নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনা।

ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়েছে।

তবে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কোনো অস্ত্র পাওয়া যায়নি। ঘরের আলমারি ও ওয়ারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্র খোয়া গিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ছাত্রের ঝুলন্ত লাশ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার দারুল উলুম মাদরাসা থেকে মঙ্গলবার ১১ বছর বয়সি ছাত্র হুসাইন কাজীর (১১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মাদরাসা কর্তৃপক্ষের দাবি, শিশুটি পড়তে না চাওয়ায় জানালার গ্রিলের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

তবে একটি শিশুর এমন মৃত্যুর পেছনে কর্তৃপক্ষের গাফিলতি বা অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে ব্যাপক সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদরাসার কক্ষের জানালার গ্রিলের সাথে হুসাইনের ফাঁস লাগানো মরদেহ পাওয়া যায়।

রক্তাক্ত নিরাপত্তাকর্মী

ঠাকুরগাঁও সদর উপজেলায় টাটা কোম্পানির একটি সার্ভিসিং সেন্টার থেকে মো. আব্দুর রহমান (৫৫) নামের এক নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবওয়েল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, রাত ৮টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

বগুড়ায় করতোয়া নদীতে বন্ধুদের সাথে ফুটবল খেলার পর গোসলে নেমে নিখোঁজ হন জয়নুল আবেদীন কলেজের শিক্ষার্থী মুহিব হাসান শ্রাবণ (১৯)। মঙ্গলবার রাতে আলো স্বল্পতার কারণে ডুবুরি দলের উদ্ধারকাজ বন্ধ থাকায় বুধবার (১২ আগস্ট) সকালে তার লাশ উদ্ধার করা হয়। আধুনিক উদ্ধার সরঞ্জামের অভাব নিয়ে স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার পর সোমবার ঝিনাইদহের শৈলকুপায় খালের ব্রিজের নিচ থেকে বুদ্ধি ও দৃষ্টিপ্রতিবন্ধী নারী রঙ্গ খাতুনের (৩৫) মৃতদেহ উদ্ধার করা হয়। বিস্ময়করভাবে, ‘কোনো অভিযোগ না থাকার’ কারণ দেখিয়ে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।

কর্ণফুলীতে বস্তাবন্দী নারী

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে গত ১ আগস্ট বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে সোমবার জুতো, পোশাক ও কানের দুল দেখে পরিবারের সদস্যরা লাশের পরিচয় নিশ্চিত করেন। নিহত জান্নাতুল ফেরদৌস (২৮) পোশাক কারখানায় কাজ করতেন। দ্বিতীয় স্বামীর সাথে বিরোধের জেরেই তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ।

বুকে ছুরিবিদ্ধ প্রবাসী

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিলে টর্চলাইটের আলোয় মাছ ধরতে গিয়ে শনিবার (৮ আগস্ট) রাতে খুন হন দীর্ঘ দিন পর দেশে ফেরা সৌদি প্রবাসী জাকির হোসেন (৩০)। বুকে ছুরিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তিনি একই গ্রামের শিবলু মিয়ার ছেলে। দীর্ঘ দিন সৌদি আরবে থাকার পর প্রায় ছয় মাস আগে তিনি দেশে ফিরেলেন।

বন্ধ গোডাউনে গলিত লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিনের বন্ধ একটি গোডাউন থেকে শনিবার এক ব্যক্তির গলিত ও দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ১০-১৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের সময় ওই গোডাউনে চুরির সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

চারতলার সিঁড়ির নিচে স্কুলছাত্র

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডে নিজ ভবনের নিচ তলা থেকে শুক্রবার রাতে ষষ্ঠ শ্রেণির ছাত্র আনিসুর রহমানের (১৩) লাশ উদ্ধার করা হয়। জমিজমা বিরোধের জেরে পূর্ববর্তী এক হত্যা মামলায় তার বাবা আসামি হওয়ায় পরিবারটি সেখানে ভাড়া থাকত। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করছে পুলিশ।

নারীর খণ্ডিত মাথা ও দুই হাত

রাজধানীর সবুজবাগ এলাকার একটি নর্দমা থেকে বৃহস্পতিবার এক নারীর খণ্ডিত মাথা ও বাহু থেকে বিচ্ছিন্ন দুই হাত উদ্ধার করা হয়। নিহতের চুলে সোনালি রং, হাতে ট্যাটু এবং কানে দুল থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তার পরিচয় বা শরীরের বাকি অংশ উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শীতলক্ষ্যায় ভাসমান যুবক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে রোববার রাতে আনুমানিক ২৭ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। এখন পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় বা মৃত্যুর প্রকৃত কারণ সনাক্ত করা সম্ভব হয়নি।


২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে চারটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষর করেন। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখ করা পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকার হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্‌দাছ্‌ছের হোসেনকে রাজশাহীর সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শাহিনুর আলম খানকে ঢাকা এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএনের পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার এবং র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে পৃথক একটি প্রজ্ঞাপনে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার করা হয়েছে। গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরিফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিরুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে এবং খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরও দুটি প্রজ্ঞাপনে ডিআইজি, উপপুলিশ কমিশনার, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আরও ১০ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।


মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

অংশীজনদের পর্যবেক্ষণ ও সুপারিশমালার মৌলিক বিষয়গুলো উপেক্ষা করে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ এবং খসড়া গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ মন্ত্রিপরিষদ কর্তৃক নীতিগতভাবে অনুমোদিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার (১২ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ উদ্বেগ জানায়।

এতে বলা হয়, পতিত কর্তৃত্ববাদী শাসনামলের গুম-খুনসহ বর্বরোচিত ও বহুমুখী মানবাধিকার লঙ্ঘনের করুণ অভিজ্ঞতা থেকে সরকার ও ক্ষমতাসীন দল এক্ষেত্রে মৌলিক বিষয়গুলোতে বাস্তবে কী শিক্ষা গ্রহণ করল, এমন প্রশ্নে উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ অনুমোদিত খসড়া আইন দুইটিতে বেশকিছু ইতিবাচক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মানবাধিকার কমিশন আইনের খসড়ার ওপর অংশীজনদের পক্ষ থেকে যেসব বিধানাবলী কমিশনের স্বাধীন ও কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে সতর্ক করা হয়েছিল, সেই বিষয়গুলো বহাল রাখা হয়েছে। একইভাবে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের যে খসড়াটি অনুমোদিত হয়েছে, সেখানেও অংশীজনদের মতামত উপেক্ষা করে কর্তৃত্ববাদি আমলে এ অপরাধের সিংহভাগের জন্য যেসব সংস্থার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, বাস্তবে তাদের দায়মুক্তি সহায়ক ধারাগুলো বহাল রাখা হয়েছে।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অধিকাংশ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় শৃঙ্খলাবাহিনী হিসেবে সংজ্ঞায়িত সংস্থাগুলোর বিরুদ্ধে। অথচ মন্ত্রিপরিষদ অনুমোদিত মানবাধিকার কমিশন আইনে ২০০৯ সালের আইনের ১৮-ধারা হুবহু প্রতিস্থাপনের মাধ্যমে শৃঙ্খলাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে সরকার বা বাহিনী প্রধানের প্রতিবেদনের ওপর নির্ভরশীল করা হয়েছে। ২০০৯ সালের আইনের এ ধরনের দুর্বলতার কারণেই যেমন তাদের অপরাধের জবাবদিহিতায় বা প্রতিরোধে কমিশন কোনো ভূমিকা রাখতে পারেনি, তেমনই আন্তর্জাতিক মানদণ্ডে জাতীয় মানবাধিকার কমিশন কখনোই ‘এ’ ক্যাটাগরির স্ট্যাটাস অর্জন করতে পারেনি।

তিনি আরো বলেন, চেয়ারম‍্যান ও কমিশনার নিয়োগ বাছাই কমিটির সদস্য হিসেবে স্পিকার, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারদলীয় একজন সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদ সচিবকে রাখা হয়েছে। এর বাইরে অন‍্য যে তিনজন সদস্য রাখার বিধান করা হয়েছে, বাস্তবে তাদের মধ‍্যে অন্তত দুজনের মনোনয়নও সরকারের হাতে রাখার ফলে জাতীয় মানবাধিকার কমিশন নিয়োগে সরকারের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও আধিপত্য নিশ্চিতের মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, কমিশনের পাঁচ সদস্যের মধ্যে একজন নারী সদস্য রাখা এবং বাছাই কমিটিতে নারী প্রতিনিধিত্বের কোন‍ো বাধ্যবাধকতা রাখা হয়নি, যা পুরুষতান্ত্রিক ও বৈষম্যমূলক। একইভাবে কমিশনে সংখ্যালঘু ও অন‍্যান‍্য সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের বিষয়টিতেও বাধ্যবাধকতা রাখা হয়নি। অথচ আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে সম্পৃক্ত (নাগরিক সমাজের) সামাজিক শক্তিগুলোর বহুত্ববাদী প্রতিনিধিত্ব নিশ্চিতে এদেশের নাগরিক সমাজের পক্ষ থেকে কমিশনের পাঁচজনের মধ্যে অন্তত দুজন নারী সদস্য এবং একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য নিশ্চিতের দাবি উথাপন করা হয়েছিল।

বিবৃতিতে তিনি আরো বলেন, অনুমোদিত খসড়ায় কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ উল্লেখ করা হলেও, প্রতিষ্ঠানটি যে সরকারের কোনো মন্ত্রণালয় বা বিভাগের আওতায় হবে না, তা পরিষ্কার করা হয়নি। দীর্ঘদিনের লালিত রাজনৈতিক-আমলাতান্ত্রিক সংস্কৃতির আলোকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন‍্যদিকে ঢাকার বাইরে কার্যালয় স্থাপন ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো নির্ধারণে সরকারের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা, ৩০ শতাংশ পর্যন্ত প্রেষণে সরকারি কর্মচারী নিয়োগের বিধান ও বিশেষ করে সরকারি কর্মচারী হিসেবে কর্মরত অবস্থায় প্রেষণে কমিশনার হিসেবে নিযুক্ত হওয়ার বিধান মানবাধিকার কমিশনকে কার্যত একটি সরকারি প্রতিষ্ঠানে পরিণত করবে। এমন মানবাধিকার কমিশন কী রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের অভীষ্ট! কিংবা সরকারি দলের ৩১-দফা বা নির্বাচনী ইশতাহারের সম্পূর্ণ বিপরীতমুখী নয়?

বর্তমান সরকারের সময় প্রণীত প্রথম খসড়া মানবাধিকার কমিশন আইনে ‘মানবাধিকার লঙ্ঘনে অজুহাত অগ্রহণযোগ্য’ শীর্ষক একটি বিধান মন্ত্রিপরিষদ অনুমোদিত খসড়ায় বাদ দেয়ায় উদ্বেগ প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রথম খসড়ার ইতিবাচক ধারা-১৪, যেখানে ‘কেবল সরকারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ বা নির্দেশ মোতাবেক’ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার অজুহাত অগ্রহণযোগ্য বলা হয়েছিল, অনুমোদিত খসড়ায় বিধানটি বাদ দেয়া হয়েছে। একইসঙ্গে, যে সব স্থানে ব্যক্তি স্বাধীনতা হরণ বা সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে, সেসব স্থান নিয়মিত এবং পূর্ব ঘোষণা ব্যতিরেকে পরিদর্শনে কমিশনের দায়িত্ব ও এখতিয়ার থেকে ‘সামরিক আটক কেন্দ্র’ বাদ দেয়া হয়েছে। এর কারণ কী? তাহলে কী আমরা ধরে নেব, আয়নাঘর বহাল রাখার ক্ষেত্রে সরকারের সমর্থন রয়েছে?

অনুমোদিত গুম প্রতিকার ও প্রতিরোধ আইনের খসড়া প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলছেন, গুমের মতো একটি স্পর্শকাতর ও নির্দয় মানবাধিকার লঙ্ঘনের বিষয় তদন্তের দায়িত্ব সম্পূর্ণভাবে মানবাধিকার কমিশনের আওতা-বহির্ভূত রেখে এককভাবে পুলিশের হাতে ন্যস্ত করা হয়েছে। অথচ সরকার ও আমলাতন্ত্র খুব ভালো করেই জানেন যে গুমের অধিকাংশ ঘটনায় যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে, তারা শৃঙ্খলা বাহিনীরই সদস্য। তা ছাড়া, ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগের ক্ষেত্রে অধস্তন একজন তদন্তকারী কর্মকর্তাকে ‘অন্তর্বর্তীকালীন প্রতিবেদন’ প্রস্তুত ও দাখিল করার কথা বলা হয়েছে। পাশাপাশি, অধস্তনের এ প্রতিবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে সন্তোষজনক কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া না গেলে, এখতিয়ারসম্পন্ন ম্যাজিস্ট্রেট ঊর্ধ্বতন ব্যক্তিকে কার্যধারা থেকে অব্যাহতি দেয়ার আদেশ দিতে পারবেন, মর্মে যে বিধান যুক্ত করা হয়েছে, তা প্রভাবমুক্ত হবে, এমন আশা করা কতটুকু বাস্তব সম্মত? বিধানটি কি আদৌ গুম প্রতিরোধ ও প্রতিকারে সহায়ক ভূমিকা পালন করবে, নাকি বাস্তবে গুমের অপরাধের বিচারহীনতা নিশ্চিত করবে?

বিবৃতিতে বলা হয়, অনুমোদিত খসড়ায় গুমের সংজ্ঞায় জনপ্রতিনিধি, মন্ত্রী বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সম্পৃক্ততাকে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ বাংলাদেশের বাস্তব অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে গুমের সংজ্ঞায়ন হয়নি। তা ছাড়া, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এ মানবাধিকার কমিশনের কার্যাবলীর অংশ হিসেবে আটকসম্পর্কিত রক্ষাকবচসমূহের প্রতিপালন পর্যবেক্ষণ, কারাগার, হাজতখানা আটককেন্দ্রসহ যে কোনো স্থান ও স্থাপনা সরেজমিন পরিদর্শন, গোপন আটককেন্দ্র শনাক্ত করার উদ্দেশ্যে যেকোনো স্থাপনা পরিদর্শন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রভৃতি প্রাধিকারের বিষয় উল্লেখ করা হলেও, মন্ত্রিপরিষদ অনুমোদিত খসড়ায় এ জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়নি।

এতে আরো বলা হয়, সরকারি ও বিরোধীদলসহ দেশের আপামর জনগণের উল্লেখযোগ্য অংশ একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশনের অভাব এবং গুম প্রতিরোধে কোনো আইনি রক্ষাকবচ না থাকার কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, তার ভুক্তভোগী। তাই জুলাই অভ্যুত্থানের চেতনায় মানবাধিকার, জবাবদিহি ও ন্যায়বিচার-ভিত্তিক রাষ্ট্রসংস্কারের অভীষ্ট এবং ক্ষমতাসীন দলের ৩১-দফা ও নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটিয়ে খসড়া আইন দুইটি সংসদে পাশের জন্য উত্থাপনের আগে পুনরায় ভুক্তভোগী ও অংশীজনদের মতামতের আলোকে ঢেলে সাজাবার দাবি জানাচ্ছে টিআইবি।


বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বহিঃনোঙ্গরে কঠোর অভিযান

 অবৈধ জাল ফেলায় ২৪ জনের কারাদণ্ড
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত পণ্যবাহী জাহাজে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে গম অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা জাহাজকে ‘ভাসমান গুদাম’ হিসেবে ব্যবহারের প্রবণতা ঠেকাতে যৌথ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১২ আগস্ট) কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় এ বিশেষ যৌথ অভিযানে ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি করা হয়। এসময় অবৈধ জাল ফেলানোর অভিযোগে ২৪ জনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম বহিঃনোঙ্গরে কোস্ট গার্ড, নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোস্ট গার্ডের টহলরত জাহাজ বিসিজিএস সোনাদিয়া, উচ্চগতিসম্পন্ন একাধিক বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারী-৭ অংশগ্রহণ করে। এসময় কোস্ট গার্ড ও নৌবাহিনীর আভিযানিক দল এবং বন্দর ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

অভিযানকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরি প্রতিরোধে বহিঃনোঙ্গরে অবস্থানরত ফিশিং বোট ও অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন ধরনের জাল শনাক্ত করে অপসারণ করা হয়। এসব অবৈধ জালের কারণে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

এসময় বহিঃনোঙ্গরে অবৈধভাবে অবস্থানরত ৫০টির অধিক ফিশিং বোট তল্লাশি করে সর্বমোট ২৪ জন জেলেকে আটক করা হয় এবং আটককৃত ব্যক্তিদের বন্দর ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ও এর বহিঃনোঙ্গরে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত, সামুদ্রিক বাণিজ্য ও নৌপথ সচল রাখা এবং ছিঁচকে চুরি ও অবৈধ জাল স্থাপনসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সংশ্লিষ্ট সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখবে।


কুমিল্লায় গ্যাস সংকটে রাত জেগে রান্না, ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাহফুজ নান্টু, কুমিল্লা

কুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তাহ ধরে রাতে স্বল্প সময়ের জন্য গ্যাস সরবরাহ পাওয়া গেলেও বুধবার (১২ আগস্ট) দিনভর অনেক এলাকায় গ্যাসের দেখা মেলেনি। এতে রান্নাবান্না বন্ধ হয়ে যাওয়ায় কেউ খোলা জায়গায় ইট দিয়ে চুলা বানিয়ে রান্না করেছেন, আবার কেউ খাবারের জন্য ছুটেছেন হোটেলে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে হোটেল-রেস্তোরাঁয়ও।

নগরীর ঝাউতলা এলাকার গৃহিণী সুরাইয়া সুলতানা বলেন, ‘গেল এক সপ্তাহ ধরে রাতে গ্যাস আসত। রাত জেগে রান্নাবান্নার কাজ করতাম। আজ সারাদিন গ্যাস ছিল না। বাধ্য হয়ে বাসার পাশে খোলা জায়গায় ইট দিয়ে চুলা বানিয়ে রান্না করেছি। অথচ আমাদের কোনো নোটিশও করা হয়নি।’

ব্যাংকার ইফফাতুল চৌধুরী বলেন, ‘গ্যাস না থাকায় সকালে হোটেল থেকে পরোটা-সবজি এনে সবাই খেয়েছি। দুপুরে বাসায় ফিরতে পারিনি। সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে মাটির চুলায় রান্না করতে হবে। দুপুরে হোটেলে দীর্ঘ লাইন থাকায় খাবার কিনে আনাও সম্ভব হয়নি।’

গ্যাস সংকটের কারণে নগরীর খাবার হোটেলগুলোতেও বেড়েছে চাপ। ফৌজদারি এলাকার খাবার হোটেলের মালিক শফিকুল ইসলাম বলেন, ‘বাসাবাড়িতে গ্যাস না থাকায় আজ গ্রাহক বেড়েছে। বিশেষ করে ভাত ও রান্না করা তরকারি বেশি বিক্রি হয়েছে।’

এদিকে গ্যাস সংকটের বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল (FSRU) থেকে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অস্বাভাবিকভাবে হ্রাস পেয়েছে। ফলে দেশের অন্যান্য এলাকার মতো বিজিডিসিএলের বিতরণ এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

বিজিডিসিএলের আওতাধীন কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ সংকটের প্রভাব পড়েছে। গ্যাসের সাময়িক স্বল্পতার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

গ্যাস সরবরাহ ও অভিযোগের বিষয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের হটলাইন ১৬৫১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিবারে রান্নার দায়িত্বে থাকা মানুষ। অনেকেই বিকল্প জ্বালানি দিয়ে রান্না করতে গিয়ে অতিরিক্ত খরচ ও বিড়ম্বনায় পড়ছেন। দীর্ঘস্থায়ী এ সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তারা।


লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে রেললাইনে গিয়ে ঘুমানোর সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন রেললাইনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন— কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।

রাজবাড়ি রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই রাতে এলাকায় তীব্র তাপদাহের মধ্যে বারবার লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে ওই দুই যুবক ঘর থেকে বের হয়ে মহেশপুর রেলস্টেশনের কাছে নির্জন রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন।

তিনি জানান, ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় তাঁরা ট্রেনের আসার শব্দ বুঝতে পারেননি। হঠাৎ খুলনাগামী আন্তঃনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে ঘুমন্ত দুই যুবকের উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে ওসি জানান।


লোডশেডিংয়ে জনমনে ক্ষোভ, নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি পল্লী বিদ্যুৎ সমিতির

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনায় হামলা ও ভাঙচুরের তথ্য তুলে ধরে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন।

বুধবার (১২ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত চিঠিটি পুলিশের মহাপরিদর্শক-আইজিপির কাছে পাঠানো হয়। পল্লী বিদ্যুতের একজন কর্মকর্তা গণমাধ্যমকে চিঠিটি পাঠানোর কথা বলেছেন।

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের চিঠিতে বলা হয়, জ্বালানি সংকট ও তীব্র তাপপ্রবাহের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। ফলে সরবরাহ কমেছে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রামাঞ্চলে অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। এতে এসব এলাকায় ‘জনরোষ বৃদ্ধি পাচ্ছে’।

কিছু এলাকায় বিদ্যুতের উপকেন্দ্র ও কার্যালয় হামলার শিকার হচ্ছে বলেও চিঠিতে বলা হয়েছে।

গত কয়েক দিনে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সম্মিলিত গড় চাহিদা ছিল প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। এর বিপরীতে গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে বলে চিঠিতে তুলে ধরা হয়েছে।

এর ফলে কোনো কোনো এলাকায় দিনে ৮ ঘণ্টা, ১০ ঘণ্টা এমনকি ১২ ঘণ্টাও লোডশেডিং হচ্ছে। এতে দীর্ঘ লোডশেডিংয়ের কারণে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা ও ভাঙচুর করছে।

এতে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কে রয়েছেন। এই পরিস্থিতিতে প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা জোরদার করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে আইজিপিকে।

চলমান বিদ্যুৎ সংকটের জন্য গ্যাসের ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এদিন সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস না পাওয়া গেলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো প্রয়োজন অনুযায়ী উৎপাদন করতে পারে না।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরের বৈরী পরিস্থিতির কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে নতুন এলএনজি খালাস করা যাচ্ছে না। অন্যদিকে দুর্ঘটনার পর এক্সেলারেট এনার্জির এলএনজি টার্মিনালও এখনও পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না।

তিনি আরও বলেন, এক্সেলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না। এটা আপনারা জানেন। একটা দীর্ঘমেয়াদি একটা ব্যাপার।


‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতার’অভিযোগ ওঠার পর তাদের আবাসিক হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তারা ওই দুই শিক্ষার্থীর সিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আরও কী পদক্ষেপ নেওয়া যায় সেটি এখন পর্যালোচনা করছে বলেও জানা গেছে। যদিও বিশ্ববিদ্যালয় বিধিমালায় এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু নেই বলে কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে আরও দুটি হলে দুজন অতিথির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।

এর মধ্যে একটি হলে একজন শিক্ষার্থী সমকামিতার জন্য বহিরাগত এনেছেন- এমন অভিযোগ ওঠে। আর অন্য ঘটনায় হল ছাত্র সংসদের একজন নেতা ও একজন শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতায় জড়ানোর অভিযোগ ওঠেছিল। পরে হল প্রশাসন হল সংসদের নেতার সিট সাময়িক বাতিল করেছিল। যদিও তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।


শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হাইকোর্ট বিভাগের ৫ কর্মচারী বরখাস্ত

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে এক বেঞ্চ অফিসারের বেতন স্থগিত করা হয়েছে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসন পৃথক পৃথক অফিস আদেশ জারির মাধ্যমে এ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা অনুপস্থিত থাকার দায়ে প্রথম আপিল শাখায় কর্মরত অফিস সহকারী মো. আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত রোববার ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার এমএলএসএস মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করে সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি করা হয়েছে। গত ৪ আগস্ট এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমিত ব্যতিরেখে কর্মস্থলের অনুপস্থিত থাকার কারণে হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধের অফিস আদেশ জারি করা হয়। গত ২৬ জুলাই এ আদেশ জারি করা হয়।


কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি। এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ চলমান নতুন ইকোসিস্টেমে প্রতিদিন যে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতায় তা মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের কর্তব্য।’

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য যেমন এক বড় আশীর্বাদ, তেমনি এটি নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন কিছু চ্যালেঞ্জ। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামীকালের পরিস্থিতি কী দাঁড়াবে তা আগে থেকে ধারণা করা মুশকিল।’

তিনি বলেন, ‘জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে— এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার জৈবিক ও সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।’

তরুণদের দক্ষতা বৃদ্ধিতে জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরোনো সমস্যার সাথে প্রযুক্তিভিত্তিক নানা নতুন সংকট যুক্ত হচ্ছে। তবে তরুণদের এই নতুন প্রযুক্তিনির্ভর জ্ঞান দেওয়ার উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বৈশ্বিকভাবে পূর্ণাঙ্গ রূপ পায়নি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে এই নতুন জ্ঞানের রূপান্তর ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় মূল নজর দিতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রমাণ করেছেন যে তিনি তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথিবৃন্দ এবং ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস


সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় শপিংমল বন্ধে সরকারের নির্দেশ

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত ছিল।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা প্রযোজ্য হবে। এসব অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

নির্দেশনায় দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আগের নির্দেশনায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময় এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো। পাশাপাশি বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধের সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।


banner close