ময়মনসিংহের মুক্তাগাছায় কাফনের কাপড় পরে সড়কে নেমে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন একদল যুবক। বেপরোয়া গতির অভিযোগে রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়কে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। গত সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৬টার দিকে মুক্তাগাছা পৌরসভা সিএনজি স্টেশন এলাকায় এ কর্মসূচি দেখা যায়। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া যুবকদের হাতে খাতা-কলম নিয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের কাছে গিয়ে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করতে দেখা যায়।
কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত রোববার (৪ অক্টোবর) থেকে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি চলবে। পরে সংগৃহীত গণস্বাক্ষরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
মুক্তাগাছা উপজেলা এনসিপির সদস্য সচিব শেখ তুহিন বলেন, ‘বেপরোয়া গতির রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল এবং সড়কে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিতে আমাদের এ গণস্বাক্ষর কর্মসূচি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘একদিনেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষের স্বাক্ষর পাওয়া গেছে।’ তার দাবি, রাজিব বাসের বেপরোয়া গতি ও দুর্ঘটনার বিষয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে এবং গণস্বাক্ষর কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেটিই প্রকাশ পেয়েছে।
শেখ তুহিনের দাবি, রাজিব পরিবহনের রুট পারমিট জামালপুর থেকে টাঙ্গাইল হয়ে ঢাকা মহাসড়কের জন্য থাকলেও দীর্ঘদিন ধরে সেটি জামালপুর-মুক্তাগাছা-ঢাকা রুটে চলাচল করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, ‘মুক্তাগাছার সড়কে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ কাজ করছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির বিষয়টি তিনি দেখেছেন উল্লেখ করে বলেন, ‘নাগরিকরা তাদের দাবি জানাতে পারেন। তবে দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।’
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, ‘লিখিত আবেদন পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহ নগরীর বাইপাস পূর্ব গন্ড্রপা এলাকায় রাজিব পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হন। ওই দুর্ঘটনার পর রাজিব পরিবহনের চলাচল, বাসের গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মঙ্গলবার (৬ই অক্টোবর) বেলা ১১টার দিকে মিঠামইন সদর ইউনিয়নের গিরিশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গিরিশপুর গ্রামের নূর হোসেনের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নূর হোসেনের প্রায় ১৫টি ঘর ও একটি সারের গুদাম এবং দিলীপ চৌধুরীর টিনশেড দোতলা ঘরসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৭ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং প্রায় দুই ঘণ্টা পর আগুন পুরোপুরি নির্বাপিত হয়।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিঠামইন ফায়ার সার্ভিসের ইনচার্জ রুস্তম আলী জুয়েল ও মিঠামইনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম।
এ বিষয়ে মিঠামইন ফায়ার সার্ভিসের ইনচার্জ রুস্তম আলী জুয়েল বলেন, "খবর পাওয়ার পরপরই আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩৭ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুই ঘণ্টার মধ্যে তা পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই আগুনে নূর হোসেনের প্রায় ১ কোটি টাকা এবং দিলীপ চৌধুরীর প্রায় ৫০ লাখ টাকাসহ মোট দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।"
অন্যদিকে, মিঠামইনের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাযহারুল ইসলাম বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিয়েছি। আগুনে বেশ কিছু বসতঘর ও সারের গুদাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি।"
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন বিভিন্ন সড়কের কয়েকটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে বরিশালের রুপাতলী থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক হয়ে দপদপিয়া সেতু এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মাঝে মধ্যে সংস্কারকাজ করা হলেও কয়েক দিনের মধ্যেই আবার তা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে স্থায়ী সমাধান না হওয়ায় ভোগান্তি কমছে না। প্রতিদিন এসব সড়ক দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করায় দুর্ভোগ আরও প্রকট হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও চালকেরা ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে টেকসই সমাধানের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কারকাজ চলছে। কিছুদিনের মধ্যেই সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাদারীপুরের কালকিনিতে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ সময় বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল বের করে। পরে খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
মঙ্গলবার (৬ অক্টোবর) কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, সোমবার সন্ধ্যার পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং পরে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা পুলিশের সাথে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার মধ্যেরচর গ্রামের ৫ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালায় একই গ্রামের হাবুল শিকদার (৫৭)। বিষয়টি এলাকায় জানাজানি হলে হাবুল শিকদার গা ঢাকা দেয়। পরে হাবুল শিকদার ওই বিষয়টি নিয়ে আপস-মিমাংসা করা এবং থানায় মামলা না করার জন্য ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন লোকজনের মাধ্যমে চাপ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (৫ অক্টোবর) রাতে ওই গ্রামের প্রায় ৫ শতাধিক লোকজন ভুক্তভোগী পরিবারকে সাথে নিয়ে অভিযুক্ত হাবুলের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন এবং সন্ধ্যার পরে একপর্যায়ে এই মিছিল শেষে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তের বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে খোলা ট্রাকে বালু ও ভেজা বালু পরিবহনের দায়ে ৬টি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড মহাসড়ক থেকে ট্রাকগুলো জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
উপজেলা প্রশাসন জানায়, দৌলতদিয়া ঘাট থেকে বিভিন্ন বালুর চাতাল থেকে ত্রিপল ছাড়া ও ভেজা বালু ড্রাম ট্রাকে বালু লোড করে ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে পরিবহনের ফলে রাস্তায় বালু পড়ে ধুলাবালির সৃষ্টি হয়। এতে একদিকে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, অন্যদিকে সড়কে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকেও অনেকে প্রতিক্রিয়া দেখা গেছে। অপরদিকে বিভিন্ন সময় প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়া এ সংক্রান্ত নিউজ প্রকাশ করা হয়।
অভিযানকালে মো. মুনতাসির হাসান খান বলেন, “খোলা অবস্থায় মহাসড়কে ভেজা ও ত্রিপল ছাড়া বালু পরিবহন করার ফলে রাস্তায় পড়ে ধুলাবালির সৃষ্টি হয়। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন কোনোভাবেই করা যাবে না।”
তিনি আরও বলেন, “সড়কে বালু-মাটি পড়ে যাতে পরিবেশ ও জননিরাপত্তার সমস্যা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। খোলা ট্রাকে বালু পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অমান্য করে কেউ বালু বা মাটি পরিবহন করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” আরও বলেন, জব্দকৃত ট্রাকগুলোকে উপজেলা কোর্ট চত্বরে রাখা হয়েছে। মালিকপক্ষ আসলে মোটা অংকের জরিমানা করা হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে বালু-মাটি পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
অপরদিকে দৌলতদিয়া ঘাটে যারা চাতালে বালুর ব্যবসা করেন তাদেরকে বার বার সতর্ক করার পরও তারা কোন নিয়মনীতির তোয়াক্কা করছেনা। এ বিষয়ে সাধারণ জনগণ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
নীলফামারীতে নবাগত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সাংবাদিকরা জেলার বিভিন্ন নাগরিক সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
সভায় নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম,সহ সভাপতি হেকিম মোস্তাফিজুর রহমান সবুজ,শীশ রহমান। ,আনোয়ারুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন,অর্থ সম্পাদক আবুল হোসেন শাহ,রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আল আমিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার ভেড়ামারায় নেপালি সাগর জাতের কলা চাষ করে কৃষক আসিফ আওয়াল উৎসের ভাগ্যের চাকা অনেকখানি বদলে গেছে। স্বল্প খরচ আর প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবং কলা চাষ লাভজনক হওয়ায় সদ্য সময়ে কুষ্টিয়ার ভেড়ামারায় কলা চাষ বৃদ্ধি পেয়েছে। উৎপাদিত নেপালি সাগর জাতের কলার চাহিদা ও খ্যাতি এখন সর্বত্রই। টাঙ্গাইলের মধুপুর থেকে চারা সংগ্রহ করে বাণিজ্যিকভাবে ২৫ বিঘা জমিতে নেপালি সাগর জাতের কলা চাষ ও বিকিকিনির সঙ্গে জড়িয়ে সচ্ছলতা ফিরেছে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা গ্রামের আব্দুল আওয়ালের পুত্র তরুণ কৃষি উদ্যোক্তা মো. আসিফ আওয়াল উৎস। গত বছর প্রথমবারেই ভালো ফলন, বড় আকারের ছড়ি এবং কলার আকর্ষণীয় গড়নের কারণে নেপালি সাগর জাতের কলা ব্যবসায়ী ও ব্যাপারীদের প্রবল দৃষ্টি আকর্ষণ করেন।
সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, অধিকাংশ গাছে কলা ধরেছে। সে কারণে কৃষক উৎসের মুখে তৃপ্তির হাসি। প্রতিনিয়ত বাগান এলাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর উৎসুকজনতা কলা বাগান দেখতে ভিড় জমায়। অনেক কৃষক উৎসের নিকট থেকে কলা চাষাবাদ সম্পর্কে পরামর্শও নিচ্ছেন। নিয়মিত গাছে সার ও কীটনাশক প্রয়োগসহ সঠিকভাবে গাছের যত্ন ও পরিচর্যা করেন কৃষক উৎস।
আসিফ আওয়াল উৎসের এমন সাফল্য দেখে এলাকার অন্য যুবকরাও নেপালি সাগর জাতের কলা চাষে আগ্রহী হয়ে উঠছেন এবং আসিফ আওয়াল উৎস নিজেও তার কলা বাগানের আকার বৃদ্ধি করেছেন। মাটি ও আবহাওয়া নেপালি সাগর জাতের কলা চাষের উপযোগী হওয়ায় একবার চারা রোপণ করে বছরে তিনবার কলা বিক্রি করতে পেরে লাভবান হচ্ছেন এই তরুণ কৃষি উদ্যোক্তা। নেপালি সাগর ছাড়াও তিনি সবরি, চাঁপা, চিনি চম্পা ও জি নাইনসহ বিভিন্ন ধরনের কলার আবাদও করে থাকেন।
আসিফ আওয়াল উৎস জানান, একবার চারা রোপণ করে তিনবার কলার ফলন পাওয়া যায়। খরচ কম অথচ লাভ বেশি, তাই আমি অনেক দিন ধরে এই নেপালি সাগর জাতের কলার আবাদ করে থাকি। এ বছর আমি ২৫ বিঘা জমিতে এই নেপালি সাগর জাতের কলা আবাদ করেছি। এ জাতের কলা বড়, সুস্বাদু এবং রং সুন্দর হওয়ায় দেশের সব জেলাতেই এই জাতের কলার চাহিদা অনেক বেশি। প্রথমবারেই খরচের টাকা বাদ দিয়ে লাভ হয়েছে দ্বিগুণ। ওই জমি থেকে এখনো দুইবার কলা পাওয়া যাবে।
স্থানীয় কৃষক আব্দুর রাজ্জাক জানান, ধান চাষে লাভ খুব কম; কিন্তু কলা চাষে খরচের দ্বিগুণ আয় হয়। এখন অনেকেই এই চাষে আগ্রহ দেখাচ্ছে, এ ছাড়া কলা বাগানে অনেকের জীবিকার অন্বেষণের সুযোগ তৈরি হয়েছে।
কলা বাগান পরিচর্যাকারী জাহাঙ্গীর আলম জানান, আমি আসিফ ভাইয়ের কলাবাগান নিয়মিত পরিচর্যা করি। কলার কাঁদি বা থোড় যখন বড় হতে শুরু করে, তখন বাতাসের কারণে বা ওজনের চাপে গাছ যেন হেলে বা ভেঙে না পড়ে, সে জন্য বাঁশ বা লাঠি দিয়ে শক্ত খুঁটি বা সাপোর্ট দেওয়ার কাজের দিকে আমার বেশি লক্ষ্য রাখতে হয়।
স্থানীয় তরুণ কৃষি উদ্যোক্তা স্বজল ইসলাম জানান, কৃষিকাজের সঙ্গে জড়িত থাকলেও কলা গাছের আবাদ কখনো করিনি। তাই আসিফ আওয়াল উৎস ভাইয়ের কাছে এসেছি প্রয়োজনীয় পরামর্শ ও তার ২৫ বিঘার নেপালি সাগর জাতের কলার বাগান দেখতে।
উপসহকারী কৃষি অফিসার মো. সদরুল ইসলাম জানান, বর্তমানে ভেড়ামারায় কলার চাষ বেড়েছে। কলা চাষে লাভ হওয়ায় চাষিরা বেশি ঝুঁকছেন এতে। কাজীহাটা ব্লকে আসিফ আওয়াল উৎস ২৫ বিঘাতে নেপালি সাগর জাতের কলা আবাদ করছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে তার সাথে সব সময় যোগাযোগ করা হয়। নানা পরামর্শও দেওয়া হয়। উপজেলার চাহিদা মিটিয়ে তিনি রাজধানীসহ বিভিন্ন জেলায় কলা সরবরাহ করে থাকেন।
ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মোছা. মাহমুদা সুলতানা পলি জানান, কলা চাষিদের বিভিন্ন সমস্যা ও সমাধানে উপসহকারী কৃষি কর্মকর্তারা সারাদিন মাঠে থাকছেন। আসিফ আওয়াল উৎস এবার ২৫ বিঘা নেপালি সাগর জাতের কলা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। তাকে কলা চাষে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি অন্যদিকে কলাতে কার্বাইড ও বিষ স্প্রে না করার জন্যও পরামর্শও দিয়ে থাকি।
ঢাকার মানিকগঞ্জ জেলার বেউথা কালিগঙ্গা নদীতে অনুষ্ঠিত গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়া কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রামের মায়ের দোয়া নৌকাটিকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসক অন্নপূর্না দেবনাথের নির্দেশে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান এ সংবর্ধনা প্রদান করেন।
মানিকগঞ্জের বেউথা কালীগঙ্গা নদীতে গত শনিবার উৎসবমুখর পরিবেশে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচের উদ্বোধন করেন।
এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২২টি নৌকা অংশ নেয়। এর মধ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাগুয়ারচর গ্রামের মায়ের দোয়া নামের নৌকাটি ১ কিলোমিটার ব্যবধানে প্রতিযোগিতার অন্যান্য নৌকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বিজয়ী মায়ের দোয়া নৌকাকে চ্যাম্পিয়ন ট্রফি ও একটি মোটর সাইকেল পুরস্কার দেন। প্রথমবারের মতো নৌাকাবাইচে মায়ের দোয়া নৌকাটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নৈপুণ্য দেখিয়ে গৌরব অর্জন করে। এতে রংপুর বিভাগের তথা কুড়িগ্রাম জেলার গৌরব উজ্জ্বল করায় এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক অন্নপূর্না দেবনাথের নির্দেশে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে নৌকাবাইচে অংশগ্রহণ করা প্রত্যেক সদস্য ও পরিচালকদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কাদের সরকার, উপজেলা জামায়াতে আমির সাবেক অধ্যক্ষ হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরোসহ সাংবাদিকরা।
ময়মনসিংহের সড়ক-মহাসড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল। প্রতিদিনই জেলার কোনো না কোনো সড়কে ঘটছে দুর্ঘটনা। কখনো বেপরোয়া গতি, কখনো চালকের অসতর্কতা, আবার কখনো ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিযোগিতামূলক ওভারটেকিং, মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারের অবাধ চলাচল এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা। এসব কারণে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
বিআরটিএর তথ্য মতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে ময়মনসিংহের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ৩৭৪টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৭০ জন নিহত এবং ৪১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের অনেকেই দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা ও কর্মক্ষমতা হারানোর মতো সমস্যায় পড়েছেন।
পরিসংখ্যান বলছে, সড়ক দুর্ঘটনা শুধু প্রাণহানিই ঘটাচ্ছে না, বরং অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে। কোনো পরিবার হারাচ্ছে উপার্জনক্ষম সদস্য, কোনো পরিবারকে সারাজীবন বয়ে বেড়াতে হচ্ছে স্বজন হারানোর বেদনা। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয়ও অনেক পরিবারের জন্য হয়ে উঠছে বড় ধরনের আর্থিক বোঝা।
চলতি বছরের নয় মাসেই নিহত ১৫১ :
বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে ময়মনসিংহের সড়ক-মহাসড়কে ১৫০টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৫১ জন নিহত এবং ১৪২ জন গুরুতর আহত হয়েছেন। অর্থাৎ চলতি বছরের প্রথম নয় মাসে গড়ে প্রতি দুই দিনে প্রায় একজন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝুঁকিপূর্ণ ত্রিশাল-ভালুকা অংশ :
ময়মনসিংহের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। রাজধানী ঢাকার সঙ্গে ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যোগাযোগের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল ও ভালুকা উপজেলা অংশে ৭০টি দুর্ঘটনা ঘটেছে। ব্যস্ত এই মহাসড়কে যানবাহনের চাপ, অতিরিক্ত গতি এবং ওভারটেকিংয়ের প্রবণতার কারণে বিভিন্ন স্থানে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
বিশেষ করে মহাসড়কে নির্ধারিত গতিসীমা না মেনে দ্রুতগতিতে যান চালানো এবং সামনে থাকা যানবাহনকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।
ফুলপুর-তারাকান্দা সড়কেও বাড়ছে দুর্ঘটনা :
ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের ফুলপুর ও তারাকান্দা উপজেলা অংশেও দুর্ঘটনার চিত্র উদ্বেগজনক। বিআরটিএর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে এই দুই উপজেলা অংশে ৮০টি দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে অতিরিক্ত গতি, ওভারটেকিং, সড়কের পাশে অবৈধভাবে যানবাহন দাঁড় করিয়ে রাখা এবং ছোট যানবাহনের অবাধ চলাচলের কারণে ঝুঁকি বাড়ছে।
নিষিদ্ধ থ্রি-হুইলার নিয়েও প্রশ্ন:
মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারের অবাধ চলাচল নিয়েও রয়েছে নানা অভিযোগ। দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের সঙ্গে ধীরগতির থ্রি-হুইলার একই সড়কে চলাচল করায় তৈরি হচ্ছে গতি-বৈষম্য। অনেক সময় পেছন থেকে দ্রুতগতির যান এসে ধীরগতির যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় পড়ছে।
এ ছাড়া যাত্রী ওঠানো-নামানোর জন্য থ্রি-হুইলারসহ বিভিন্ন ছোট যানবাহন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে সামান্য অসতর্কতাতেই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা।
এদিকে, সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে আসছে চালকের অসতর্কতা ও বেপরোয়া গতি। দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে চালকের ক্লান্তি, মোবাইল ফোন ব্যবহার, ট্রাফিক আইন অমান্য, ঝুঁকি নিয়ে ওভারটেকিং এবং অতিরিক্ত গতি দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। অনেক চালক নির্ধারিত গতিসীমা মানছেন না। একই সঙ্গে মহাসড়কে একে অপরকে পেছনে ফেলার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছেন।
প্রয়োজন কঠোর নজরদারি ও আইন প্রয়োগ :
সড়ক দুর্ঘটনা কমাতে শুধু চালকদের সচেতন করাই যথেষ্ট নয়—সড়কের অবকাঠামো, যানবাহনের ফিটনেস, চালকের দক্ষতা এবং ট্রাফিক আইন বাস্তবায়নেও সমান গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, ঝুঁকিপূর্ণ বাঁক ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড, স্পিড ব্রেকার বা প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের চলাচল বন্ধ, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান এবং লাইসেন্সবিহীন বা অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
দুর্ঘটনাপ্রবণ এলাকায় নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত গতির যানবাহন শনাক্তে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া প্রয়োজন।
ময়মনসিংহের সড়ক-মহাসড়কে ২১ মাসে ৩৭০ জনের প্রাণহানি এবং চলতি বছরের মাত্র নয় মাসে ১৫১ জনের মৃত্যু দেখিয়ে দিচ্ছে, সড়ক নিরাপত্তার বিষয়টি আর অবহেলার সুযোগ নেই। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দুর্ঘটনা ও প্রাণহানির এই মিছিল আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এখনই সমন্বিত ও কঠোর উদ্যোগ নেওয়া জরুরি।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের দামচাইল, খোলাপাড়া, সাদেকপুর ও হাংমাড়া মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন তারিফ (২০), সালমান (৪), বায়জিদ (১১), তারিন (১৬), আশরাফুল (১২), তসিবা (৯), রবিউল্লাহ (৪০), জামাল (৪৫), আব্দুল বাসার (৭০), নুর আলম (৪০), ইয়াসমিন (৩৫), তোফাজ্জল (১৭) ও সাফিয়া (৩২)। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (৫ অক্টোবর) বিকেল থেকে একটি পাগলা কুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আক্রমণ চালাতে থাকে। একপর্যায়ে কুকুরটি নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন হাংমাড়া মসজিদের সামনে কুকুরটিকে ঘেরাও করে পিটিয়ে মেরে ফেলেন।
ঘটনার পর আহতদের দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে জরুরি ভিত্তিতে ওআরটিসি বিভাগ চালু করে। সেখানে আহতদের জলাতঙ্ক প্রতিরোধী র্যাবিক্স-ভিসি ও র্যাভিক্স-আইজি ভ্যাকসিন দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ওআরটিসি বিভাগের ইনচার্জ ফেরদৌসী বেগম বলেন, ঘটনার খবর পাওয়ার পর জরুরি ভিত্তিতে বিভাগ খোলা হয় এবং আহতদের ভ্যাকসিন দেওয়া শুরু করা হয়। অন্য আক্রান্তরা হাসপাতালে এলে তাদেরও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।
হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুল হাসান জানান, সাদেকপুর থেকে ফোনে একসঙ্গে ২০ থেকে ৩০ জনকে কুকুরে কামড়ানোর খবর পেয়ে দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তাৎক্ষণিকভাবে ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন মজুত রয়েছে। কুকুরে কামড়ালে বা আঁচড় দিলে আতঙ্কিত না হয়ে ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।
ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাফা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ও মোটরসাইকেলের চালক মো. সোহেল (৪০)। তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট সংলগ্ন বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমোহন উপজেলা শহরের ব্যবসায়ী মো. সোহেল তার শিশু কন্যা রাফাকে মোটরসাইকেলে নিয়ে বোরহানউদ্দিন থেকে লালমোহনের দিকে যাচ্ছিলেন। পথে বৈদ্যেরপুল এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে এবং বাবা-মেয়ে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাফাকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁর দুই সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলার পত্নীতলা উপজেলার কড়িয়া এবং সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় পৃথকভাবে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, সকালে পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিজিবির একটি টহল দল। বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা প্রতিহত হয়। পরে ওই তিনজনকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা যায়।
একই সময়ে সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকাতেও চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়। বিজিবি বিষয়টি জানতে পেরে সীমান্তে সতর্ক অবস্থান নেয়। প্রাথমিকভাবে বিজিবি জানতে পেরেছে, ওই চারজন একই পরিবারের সদস্য।
দুই সীমান্তে সাতজন অবস্থান নেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। তাদের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছে বিজিবি।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পত্নীতলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে তা প্রতিহত করে। একইভাবে সাপাহারের সোনাডাঙা সীমান্তে আরও চারজনকে পুশইনের চেষ্টা করা হয়। ওই চারজন একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, বর্তমানে সাতজনই সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।
এদিকে একই দিনে জেলার দুই সীমান্তে একসঙ্গে সাতজনকে পুশইনের চেষ্টার ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।
গ্যাস সংকটে প্রায় আট মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সার কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোররাত ৩টার দিকে সার উৎপাদন শুরু হয়েছে।
এর আগে গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ২৩ মাস কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এরপর চালু হলেও চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সংকটে আবারও কারখানাটি বন্ধ হয়ে যায়। গত ২০ সেপ্টেম্বর গ্যাস সরবরাহ শুরু হলেও পর্যাপ্ত চাপ না থাকায় উৎপাদন শুরু করা সম্ভব হয়নি, বলেন ফজলুল হক।
কারখানার ডিজিএম (অ্যাডমিন) দেলোয়ার হোসেন জানান, নিরবচ্ছিন্ন ইউরিয়া উৎপাদনে গ্যাসের আদর্শ চাপ প্রয়োজন ৪৬ এমএমসিএফ। তবে ৪২ থেকে ৪৩ এমএমসিএফ থাকলেও উৎপাদন চালানো যায়।
‘এতদিন তিতাস কর্তৃপক্ষ ২৭ থেকে ২৮ এমএমসিএফ চাপে গ্যাস সরবরাহ করছিল। চাপ কম থাকায় প্রস্তুতি নিয়েও কারখানা চালু করা যায়নি,’ যোগ করেন তিনি।
দীর্ঘদিন পর সচল হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে কারখানার আশপাশের এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বলেন, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছিলেন।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত এক হাজার ৯০০ ডিলারের মাধ্যমে যমুনা সার কারখানা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে থাকে।
দেলোয়ার হোসেন জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে প্রতি মাসে কারখানাটিতে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদিত হয়। মুনাফা হয় প্রায় ৬০ কোটি টাকা। অন্যদিকে উৎপাদন বন্ধ থাকলেও যন্ত্রপাতি সচল রাখতে প্রতি মাসে প্রায় ৬ কোটি টাকার গ্যাস বিল পরিশোধ করতে হয়।
যমুনা সার কারখানার অ্যামোনিয়া অ্যান্ড ইউটিলিটি বিভাগের প্রধান ফজলুল হক বলেন, ‘বর্তমানে কারখানার সব কিছু সচল রয়েছে। আশা করছি, প্রতিদিন এক হাজার ২০০ থেকে ৪০০ টন সার উৎপাদন করা সম্ভব হবে।’