বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান শিক্ষকের সব শূন্যপদ দ্রুত পূরণের জন্য সুপারিশ

জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৬ ২০:৩৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সকল শূন্যপদ দ্রুত পূরণের জন্য সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসাথে প্রাথমিক শিক্ষা লেভেলে নৈতিক শিক্ষা বাধ্যতামূলকভাবে চালু করার জন্য কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মাহমুদা হাবিবা, এমপির সভাপতিত্বে প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ, মো. আব্দুস সালাম, মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী ও মাহফুজা হান্নান অংশগ্রহণ করেন।

কমিটি প্রাথমিক বিদ্যালয় চলমান ফিডিং কার্যক্রমে সঠিক কোয়ালিটি ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সুপারিশ করে। একই সাথে কমিটি ফিডিং কার্যক্রমে কোয়ালিটি নিশ্চিত না হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতেও সুপারিশ করে।

বৈঠকে কমিটি বিভিন্ন খাতে বরাদ্দকৃত বাজেট যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, সে বিষয়ে সুপারিশ করে।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সভাপতি ও সদস্যদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা একাডেমি ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট-এর ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরে খাতওয়ারী বিভাজন ও ব্যয় পরিকল্পনা এবং খাতওয়ারী বাজেট ও ব্যয় বিভাজন নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে তুলে ধরা হয় বৈঠকে।

কমিটির সদস্যরা উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় অংশগ্রহণ করে দেশের সকল শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধির সুপারিশ করে। এ ছাড়া বৈঠকে কমিটির পক্ষ থেকে কমিটির সকল সদস্যকে প্রাথমিক বিদ্যালয় চালু থাকা অবস্থায় বিদ্যালয়ের কার্যক্রম সরজমিনে পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধানরা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

নদীর নাব্যতা সংকটে হুমকির মুখে লাখো মানুষের জীবন-জীবিকা

* জোয়ারে নৌকা চলে, ভাটায় হেঁটে পার হন মানুষ * জেলেরা পড়ছেন চরম বিপাকে
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কলাপাড়া ও পটুয়াখালী প্রতিনিধি

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প্রায় ভরাট হয়ে গেছে ঐতিহ্যবাহী ধুলাসার নদী। ফলে হাজারো জেলেদের নিরাপদ পোতাশ্রয় ও মৎস্যজীবীদের একমাত্র পরিবহন ও যোগাযোগব্যবস্থায় ব্যবহৃত এই নৌপথটি এখন মরা খালে পরিণত হয়েছে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের পর সাগর মোহনা থেকে প্রতিদিন ঘাটে ফিরতে এই খালের ডুবচরে আটকে যাচ্ছে অসংখ্য মৎস্যবাহী ট্রলার। এমনকি প্রাকৃতিক দুর্যোগ অথবা সাগর উত্তাল হলে ওই খালে আশ্রয় নিতে আসা ট্রলারগুলো আটকে যাচ্ছে বালু চরে।

আর ঘাটে ফিরতে বিকল্প যাতায়াতব্যবস্থা না থাকায় ট্রলারেই প্রতিদিন পচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। ফলে এ খালটির ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন-জীবিকা এখন পড়েছে চরম হুমকির মুখে।

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউপির শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজার। এ বাজারেই প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মৎস্যজীবী মানুষ। নিত্যদিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এ বাজারসহ আসপাশের এলাকা। আর এই মৎস্য বাজারকে ঘিরেই জড়িয়ে আছে লাখো মানুষের জীবন-জীবিকা। তবে সম্প্রতি সময়ে এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে স্বস্তিতে ফিরতে পারছেন না জেলেরা।

ঘাটে ফেরার একমাত্র মাধ্যম ধুলাসার নদী বেহাল দশায় প্রতিদিন ডুবচরে আটকে গিয়ে কষ্টার্জিত মাছ খোয়াচ্ছেন সমুদ্রগামীরা। কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পচন ধরে আহরণকৃত মাছে। ফলে সঠিক সময়ে মাছ পরিবহন করতে না পারায় ঘাম ঝড়িয়েও লোকসান গুণছেন জেলেরা।

স্থানীয়রা বলছেন, এক সময়ের স্রোতের টান বয়ে চলা এই নদীটিতে এখন জোয়ারে প্রবেশ করা গেলেও ভাটিতে বদলে যায় সব চিত্র। তাই সাগরে খাটুনির পর ফের মাথায় করে মাছ পরিবহন করে অনেক সময় ঘাটে ফেরেন জেলেরা।

আর মৎস্যজীবী ও আড়ত মালিকরা বলছেন, শুধু মৎস্য খাতেই নয়, নদীটিতে প্রবেশ বা চলাচল বন্ধ হয়ে গেলে জীবন-জীবিকা নিয়ে চরম হুমকির মুখে পড়বে লাখো মানুষ। তাই প্রয়োজন খনন প্রক্রিয়ার।

সরেজমিনে কথা হলে জেলে সোবহান সিকদার জানান, এক সময়ে এই নদীর স্রোতের ডাকে বুকে কাঁপন ধরিয়ে দিত। আর এখন ভাটির সময় এপার থেকে ওপারে পায়ে হেঁটে পারাপার হয় অনেকেই। তিনি বলেন, ‘সাগর মোহনা দিয়ে প্রতিদিন নদীটিতে হাজারো মাছ ধরা ট্রলার প্রবেশ করে। কিন্তু চড়ে আটকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন জেলেরা। ফলে ঠিক সময় ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অসংখ্য মাঝিরা তাদের মাছ কম দামে বিক্রি করে। এ ছাড়া মাছ পচে যায় অনেকের, এতে জেলেরা কষ্ট করেও লোকসানে পড়ে।’

অপর এক মাঝি বলেন, ‘সাগর খারাপ হলে এবং ঝড়, বন্যা হলে ওই নদীতে আশ্রয় নিতে আসে হাজারো ট্রলার। ডুবোচরের কারণে নদীর মধ্যে প্রবেশ করতে না পেরে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের।’

বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, ‘এ খালটা এখন লাখো মানুষের জীবন-জীবিকায় প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ হাটে কোটি টাকার মাছের কারবার চলে। কিন্তু মোহনায় বালু ভরে এমনভাবে চর জেগেছে সেখান থেকে ট্রলার যাতায়াত প্রায় অসম্ভব। ভাটিতে বা জোয়ারে ছোট ট্রলার ঢুকলেও বড়গুলো প্রতিদিন আটকে যায়।’ তিনি বলেন, ‘এই নদীটি দ্রুত খনন না করলে অনেক জেলেদের পেশা পরিবর্তন করতে হবে।’

অপর ব্যবসায়ী হাজী মাসুদ জানান, শত বছরের পুরোনো এই বাজারটি টিকে আছে এই নদীটির ওপর নির্ভর করে। এটা কাউকে বলে বোঝানো যাবে না যে একটি নদীর জন্য কী পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চায় না।

আবার মহিপুর আলীপুর ঘাটে পৌঁছাতে তাদের বেশি পরিমাণ তেল পুরতে হয়। তাই অনেকে কয়েক কিলোমিটার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরে। এই দৃশ্য দেখাটাও কষ্টদায়ক।’ তিনি আরও বলেন, ‘এই বাজারকে কেন্দ্র করে লাখো মানুষের জীবিকা।’ কিন্তু ভরসা ধুলাসার নদীটি। তাই নদীটি খননের জন্য সরকারের কাছে জোর অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে জেলেদের ঘাটে ফেরায় করুণ দশার কথা বর্ণনা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুবচরের ফলে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতোমধ্যে উপরস্থ কর্মকর্তাকে অবহিত করেছি।’

যাতে দ্রুত নদীটির খননের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী খাজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই নদীটির জন্যও যেকোনো একজন প্রতিনিধি হয়ে আবেদন করলে আমরা পরীক্ষা করে ব্যবস্থা নিতে পারব।


নির্বাচিত

কোস্ট গার্ডের অভিযানে গাঁজা-হুইস্কিসহ আটক মাদক কারবারি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভোলা প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ভোলায় ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। গত সোমবার (২৩ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোলার সদর থানাধীন ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদী হয়ে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা, হুইস্কি ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’


নির্বাচিত

সুন্দরবনে বনদস্যুদের অভয়ারণ্য, আতঙ্কে বনজীবী ও দর্শনার্থীরা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আবু সাইদ, সাতক্ষীরা

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য ও হাজারো মানুষের জীবিকার অন্যতম উৎস এই বন এখন বনদস্যুদের আতঙ্কে বিপর্যস্ত। জেলে, বাওয়ালি, মৌয়াল, ট্রলারমালিক থেকে শুরু করে পর্যটক—কেউই যেন পুরোপুরি নিরাপদ নন। তিন দিনের সরেজমিন ভ্রমণ, জেলে, ট্রলারমালিক, বনজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে।

স্থানীয় বনজীবীদের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন এলাকায় একাধিক দস্যু বাহিনী সক্রিয়। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মাছ ধরা, কাঁকড়া আহরণ ও বনজ সম্পদ সংগ্রহে যাওয়া মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। কোথাও কোথাও বনে প্রবেশের জন্যও কথিত চাঁদা বা অনুমতি নিতে হচ্ছে। এসব বাহিনীর সঙ্গে স্থলভাগের সহযোগী চক্রের যোগাযোগ এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও রয়েছে। এমনকি কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে দস্যুরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যায় বলেও স্থানীয়দের অভিযোগ।

সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও দস্যুদের তৎপরতার ভয়াবহতা উঠে এসেছে। গত ১৭ মার্চ ছয় জেলে এবং ২২ মে পৃথক অভিযানে ২১ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড। গত ২৭ অক্টোবর সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন এলাকায় পাঁচ জেলেকে জিম্মিদশা থেকে উদ্ধারের খবরও প্রকাশিত হয়েছে। অর্থাৎ অভিযান চললেও দস্যুতার ঝুঁকি এখনো কাটেনি।

এ পরিস্থিতির প্রভাব পড়েছে সুন্দরবননির্ভর হাজারো পরিবারে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও আশপাশের এলাকার অনেক জেলে জীবিকার তাগিদেও বনে যেতে ভয় পাচ্ছেন। কোথাও কোথাও জেলেদের মানববন্ধন ও প্রতিবাদের মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবি জানানো হচ্ছে।

সম্প্রতি দুবলার চরের রাসমেলা ঘিরেও ছিল বাড়তি উদ্বেগ। গত সোমবার রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সীমিত সময়ের ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে কয়েকশ ট্রলার ও নৌযানে কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। কিন্তু বনদস্যুদের আতঙ্কে নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেককে চর ছাড়তে হয়েছে। প্রশাসনের নজরদারি এবার চোখে পড়ার মতো থাকলেও বনের গভীরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই গেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, বন বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়মিত তৎপরতার পাশাপাশি গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান পরিচালনার সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে দস্যু দমনে বিচ্ছিন্ন অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা।

সুন্দরবন রক্ষায় দস্যু বাহিনীর পাশাপাশি তাদের স্থলভাগের সহযোগীদের শনাক্ত, অর্থের লেনদেন অনুসন্ধান, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনা না করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে হবে। জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুন্দরবনের জীবিকা, পর্যটন ও জীববৈচিত্র্য—সবই দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়বে। সুন্দরবনকে দস্যুমুক্ত করা এখন উপকূলীয় মানুষের সময়ের দাবি।


নির্বাচিত

ফেনী ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুরু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফেনী প্রতিনিধি

ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে তিন দিনব্যাপী ‘স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার’ শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের অ্যাডভাইজার আবদুস সাত্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ও স্প্রিং-২০২৭ এডমিশন প্রমোশনাল অ্যাক্টিভিটিজ কমিটির আহবায়ক মো. মাহবুবুর রহমান (টিপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. হাসান আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সাত্তার বলেন, ফেনী ও পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত উচ্চশিক্ষা পৌঁছে দিতে ফেনী ইউনিভার্সিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ফেনী ইউনিভার্সিটি যুগোপযোগী পাঠ্যক্রম ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করছে। ফেয়ারে শিক্ষার্থীরা সরাসরি বিভাগীয় শিক্ষকদের সাথে কথা বলে নিজেদের পছন্দের বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এডমিশন ফেয়ার আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ফেয়ার চলাকালীন শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন সুবিধা, ভর্তি ফির ওপর ৫০শতাংশ বিশেষ ছাড়, টিউশন ফির ওপর এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ১০০শতাংশ পর্যন্ত স্কলারশিপ এবং সকল আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে টিউশন ফির ওপর ফ্ল্যাট ২০শতাংশ ওয়েভার থাকবে।

বর্তমানে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইইই, সিএসই, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি ও বিএ (অনার্স) ইন ইংলিশ এবং পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে এমবিএ, আরএমবিএ, ইএমবিএ, এমএ ইন ইংলিশ, এমএসসি ইন ম্যাথমেটিক্স ও পিজিডি ইন এলআইএস (LIS) প্রোগ্রামে ভর্তি চলছে। ফেয়ারে সরাসরি বিভাগীয় শিক্ষকদের কাছ থেকে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুযোগও পাবেন শিক্ষার্থীরা।


নির্বাচিত

এদেশকে আরো সুন্দরভাবে গড়ে তোলতে হবে

* ঢাকা বিভাগীয় কমিশনার
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নরসিংদী প্রতিনিধি

ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জামান মিঞা বলেছেন, দীর্ঘদিন পর আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। বর্তমান সরকার এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন-তাই সরকারের পাশাপাশি আমাদেরকেও এদেশকে কিভাবে আরো সুন্দর করে গড়ে তেলা যায় সেই দিকে আমাদের লক্ষ্য এগিয়ে যেতে হবে।

তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার বিভিন্ন দপ্তর প্রধানগনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তাহের সামসুজ্জামান, নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন (উপসচিব) মো: সফিউল্লাহ, নরসিংদীর সিভিল সার্জন ডা: বুলবুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক রিন্টু, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেল সুপার মো. তারেক কামাল, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে নরসিংদী জেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং সকল উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরো বলেন, নরসিংদীর আইন শৃংখলা পূর্বে চেয়ে অনেকটা উন্নত হয়েছে। অতীত কখনও ফিরে আসে না। বর্তমানকে বুকে ধারন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে। তিনি বলেন নরসিংদীর সকল সমস্যার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নরসিংদী অফিসার্স ক্লাব উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপন করেন।


নির্বাচিত

সাগরের নোনাজলে পুণ্যস্নান, শেষ হলো রাস উৎসব

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
খুলনা ব্যুরো

দুবলার আলোরকোলে সনাতনধর্মবালম্বীদের দুই দিনের রাস উৎসব সমুদ্রের নোনাজলে পূণ্যস্লানের মধ্যে দিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে শেষ হয়েছে। পূণ্যস্লান শেষে তীর্থযাত্রীরা বাড়ীর পথে রওয়ানা হয়েছেন। এবারের রাস উৎসবে দশ সহস্রাধিক সনাতন ধর্মের তীর্থযাত্রী দুবলারচরে সমবেত হয়েছিলেন।

দুবলার আলোরকোল থেকে রাশ উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মোবাইল ফোনে জানান, দুই দিনের রাস উৎসব মঙ্গলবার ভোরে পূণ্যস্লানের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে আলোরকোলের অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে তীর্থযাত্রীরা পূজা- অর্চনা, ভজন,কীর্তন ও স্রষ্টার আরাধনা করেন। মঙ্গলবার প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারের নোনাজলে তীর্থযাত্রীরা পূণ্যস্লান সেরে তারা নিজ নিজ বাড়ির পথে নৌযানে করে রওয়ানা হয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলারচরের রাস উৎসব ব্যাপক উৎসাহ ও ধর্মীয়ভাব গাম্ভির্য্যে পালিত হয়েছে। এবারের রাস উৎসবে প্রায় দশ হাজার তীর্থযাত্রী অংশ নিয়েছেন। তীর্থযাত্রীদের যাতায়াত পথে বনরক্ষী, পুলিশ, কোষ্টগার্ড, নৌবাহিনী ও র‌্যাবসহ আইনশৃখলা বাহিনী নিরাপত্তা বিধান করেছে। উৎসবের পরিবেশ দেখতে বাগেরহাট জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা দুবলার আলোরকোলে এসেছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরের প্রথম জোয়ারে হিন্দু ধর্মের নানা বয়সি নারী, পুরুষ ও শিশু তীর্থযাত্রীরা পূণ্যস্লান সেরে তাদের নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয়ে গেছেন বলে ডিএফও জানিয়েছেন।


নির্বাচিত

অশান্ত গোপালগঞ্জকে ঠাণ্ডা করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইতিহাসে কোথাও নেই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী আবার ফিরে আসে তাই শেষ হাসিনার আর ফেরার সম্ভাবনা নেই- কথাগুলো বলেছেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তবে সম্প্রতি গোপালগঞ্জের মানুষ যে দাঙ্গা হাঙ্গামা করেছে সেই প্রসংগে তিনি বলেছেন, শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠাণ্ডা করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটা গুলিও করেনি। এতে সহনশীলতার পরিচয় দিয়েছে।

তবে সম্প্রতি গোপালগঞ্জের সহিংসতা ও উসকানিমূলক কার্যক্রম বন্ধ করা হবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই অশান্ত গোপালগঞ্জ ঠাণ্ডা করা হবে। এজন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে। সেটা আইনের মাধ্যমে করা হবে, অন্যায়ভাবে না। সহনশীলতাকে কেউ দুর্বলতা ভাববেন না।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা যে সংবাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটাকে কম গুরুত্ব দিচ্ছেন। আর যেটা কম গুরুত্বপূর্ণ বিষয় সেটা বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি আরও বলেন, ভোলার মানুষ ভাগ্যবান, বাংলাদেশের মানুষও ভাগ্যবান। একের পর এক গ্যাস কূপ পাওয়া যাচ্ছে। ভোলা সেতু ও বাস্তাঘাট উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ভোলার সেতুর বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত হবে।


নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ করা হয়। ফলে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় মহানগর প্রভাতী ও কালনি এক্সপ্রেস ট্রেন আটকা পড়ায় যাত্রা বিলম্বিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামটি বাসুদেব ইউনিয়ন থেকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়েছে। এবার এই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাছিহাতাসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নকে বরিশলে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করে ইউনিয়নের বাসিন্দারা। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির নেতারারা। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে। ফলে সিলেট থেকে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার, মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পারিপ্রেক্ষিতে সদর উপজেলা থেকে মাছিহাতা, বাসুদেব এবং সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি নিরীক্ষণের জন্য জেলা প্রশাসনের কাছে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়। কিন্তু তা কোনোভাবেই মানা হবে না। কোনো অবস্থাতেই মাছিহাতা ইউনিয়নবাসী বরিশলে যুক্ত হবে না। আমাদের দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


নির্বাচিত

ওসমান ফারুকের শূন্যস্থান পূরণে মানবিক নেতৃত্ব চান বিএনপি নেতা লিটন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাকিবুল হাসান রোকেল, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ঘিরে তৎপরতা বাড়ছে। এরই মধ্যে নিজের প্রার্থিতার জানান দিয়েছেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন। তিনি বলেছেন, ড. ওসমান ফারুকের শূন্যস্থান পূরণে এমন একজন যোগ্য ও মানবিক নেতৃত্ব প্রয়োজন, যিনি সাধারণ মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। তবে সন্ত্রাসবিরোধী কর্মসূচি হলেও এতে লিটনের মনোনয়নপ্রত্যাশার বিষয়টি বিশেষভাবে সামনে আসে। তার সমর্থনে হাজারো নেতাকর্মী মিছিলে অংশ নেন। এ সময় ‘এমপি পদে লিটন ভাই’ স্লোগানও দেওয়া হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সারোয়ার হোসেন লিটন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে বাঁচাতে হবে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

তিনি বলেন, তাদের প্রত্যাশা ছিল, নেতা ও অভিভাবক ড. ওসমান ফারুকের নেতৃত্বে তাড়াইল ও করিমগঞ্জকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন। কিন্তু অসুস্থতার কারণে তিনি সংসদ থেকে পদত্যাগ করেছেন। ফলে তার অসমাপ্ত কাজ এবং রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে এখন একজন যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

লিটন বলেন, আগামী দিনে তাড়াইল-করিমগঞ্জের নেতৃত্বে এমন একজন মানুষ প্রয়োজন, যিনি সাধারণ মানুষের পাশে থাকেন, এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন এবং সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস রাখেন। তিনি আরও বলেন, বিএনপির বর্তমান কাণ্ডারি ও প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। আগামী দিনে এ এলাকার যিনি নেতৃত্ব দেবেন, তার মধ্যেও সেই মানবিক গুণাবলি থাকা প্রয়োজন। করিমগঞ্জ-তাড়াইলের সাধারণ মানুষ আগামী নির্বাচনে একজন মানবিক নেতাকে নির্বাচিত করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

বিগত ১৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ড. ওসমান ফারুকের পর যিনি এ এলাকার নেতৃত্বে আসবেন, তাকে মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে এবং এলাকার ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তাড়াইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি করিমগঞ্জ থেকে আসা নেতাকর্মীদের উদ্দেশে লিটন বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তাড়াইল ও করিমগঞ্জকে একটি সুন্দর ও উন্নত এলাকায় পরিণত করতে চান তিনি। কিশোরগঞ্জকে বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন লিটন।

দলের গণতান্ত্রিক রীতিনীতি ও আদর্শের প্রতি নিজেদের আস্থার কথা জানিয়ে লিটন বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, তাড়াইল-করিমগঞ্জে একজন যোগ্য ও মানবিক নেতৃত্ব প্রয়োজন, তাহলে সেই প্রত্যাশা পূরণে তারা কাজ করবেন।

তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, সাধারণ সম্পাদক সারোয়ার আলমসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে লিটনের ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়।

ড. ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ঘিরে দলটির স্থানীয় নেতাদের মধ্যে তৎপরতা বাড়ার পাশাপাশি ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।


নির্বাচিত

আর্তমানবতার সেবায় বরগুনা জেলা প্রশাসন

* স্বামীহারা সীমা চক্রবর্তীর পাশে ডিসি তাছলিমা আক্তার
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বরগুনা প্রতিনিধি

মানবিকতা, সহমর্মিতা ও মানবকল্যাণের অঙ্গীকার নিয়ে বরগুনার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় এক অসহায় নারীর দুর্দশার খবর পেয়ে দ্রুত তার পাশে এসে দাঁড়িয়েছেন বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মিজ তাছলিমা আক্তার।

​জানা গেছে, বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা সীমা চক্রবর্তী সম্প্রতি স্বামীকে হারিয়ে চরম অসহায় ও মানবেতর জীবনযাপন করছিলেন। তার এই করুণ অবস্থার কথা জানতে পেরে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।

​জেলা প্রশাসকের নির্দেশনায় ও উদ্যোগে সীমা চক্রবর্তীর হাতে নগদ অর্থ সহায়তা, শুকনা খাবার এবং শীত নিবারণের জন্য কম্বল তুলে দেওয়া হয়। আকস্মিক এই সহায়তা পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন ওই অসহায় নারী।

​জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের দুঃসময়ে পাশে থাকা এবং তাদের মুখে হাসি ফোটানোই বরগুনা জেলা প্রশাসনের অন্যতম প্রধান অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


নির্বাচিত

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তদের অতর্কিত গুলির ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ওই মিছিলটি বের করেছিলেন। মিছিলটি চলাকালেই আকস্মিকভাবে এই হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

এই ঘটনায় গুলিবিদ্ধ পাঁচজন হলেন— সাঁড়া ইউনিয়নের পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল এবং মহিদুল ইসলাম। ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মিছিলে এমন সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাবনা জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সাদ্দাম হোসেন। তিনি গণমাধ্যমের কাছে এই ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেন। হামলার সুষ্ঠু বিচার চেয়ে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে।

ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান নিশ্চিত করেছেন যে, মিছিলে হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঠিক কারা এই হামলার সঙ্গে জড়িত বা কাদের নির্দেশে গুলি চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। বর্তমানে ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে এবং প্রকৃত তথ্য উদ্‌ঘাটনের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


নির্বাচিত

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির আওতায় আনার আহ্বান ড. ইউনূসের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিকভাবে চলমান অগ্নিসংযোগ বন্ধ করে জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, এটি দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা ও কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী যে সম্মিলিত প্রচেষ্টা চলছে, তার ওপর সরাসরি আঘাত। যাঁরা এই কাজের মূল্য বোঝেন, তাঁদের সবার প্রতি আহ্বান, অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হোন। আমাদের অবশ্যই দরিদ্র নারীদের ব্যাংক, গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে।

বিবৃতিতে সাম্প্রতিক ঘটনার বিবরণ তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটে চলেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে আমার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই বাড়ি থেকেই আমার কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। আমার দুই ছোট ভাই তাঁদের পরিবার নিয়ে সেখানে বসবাস করেন।’

সাবেক প্রধান উপদেষ্টার বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চলতি নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা ব্যবহার করে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে এবং কেবল নভেম্বরেই সারা দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় আক্রমণ হয়েছে। হামলার ধরন দেখে ওপরের মহল থেকে কেউ প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশ দিয়েছে বলে মনে করেন তিনি; পাশাপাশি নিজেদের ব্যবসা পরিচালনার জন্য ঋণ নেওয়া এবং ব্যাংকের মুনাফা থেকে লভ্যাংশ পাওয়া দরিদ্র নারী প্রতিবেশীদের সবচেয়ে মূল্যবান সম্পদ ধ্বংসে কিছু মানুষকে ব্যবহারের ঘটনা বিশ্ববাসী হতবাক হয়ে দেখছে বলে তিনি উল্লেখ করেন। বেশ কয়েকটি ঘটনায় ব্যাংকের নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন এবং এসব ঘটনা পরিবারের ভরণপোষণ, সন্তানের শিক্ষা ও জীবনযাত্রার অপরিহার্য অবলম্বন হিসেবে গ্রামীণ ব্যাংকের ওপর নির্ভরশীল লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে বলে জানান তিনি। ড. ইউনূস আরও উল্লেখ করেন, এই সহিংসতা কেবল গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই; একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব প্রদানকারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের ওপর এ পরিকল্পিত ও ধারাবাহিক হামলাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক আখ্যা দিয়ে ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. ইউনূস জানান, ২০ বছর আগে নোবেল কমিটির শান্তি পুরস্কারে ভূষিত এবং দরিদ্র মানুষ বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন বিশ্বব্যাপী স্বীকৃত এ প্রতিষ্ঠানটি এ বছর দেশজুড়ে প্রতিষ্ঠার ৫০ বছর ও নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদ্‌যাপন করছে। দারিদ্র্য থেকে উত্তরণের পথ তৈরিতে ব্যাংকটির ক্ষুদ্রঋণ মডেল ও পদ্ধতি আন্তর্জাতিকভাবে সমাদৃত ও বিশ্বের নানা দেশে অনুসৃত হয়েছে উল্লেখ করে তিনি জানান, এটি নারীদের বঞ্চনা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সামর্থ্য প্রদান করে। বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি বলে তথ্য দিয়ে তিনি উল্লেখ করেন, যেহেতু এ দরিদ্র নারী ঋণগ্রহীতারাই ব্যাংকের মালিক, তাই ব্যাংকটির ওপর হামলা মানেই তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা এবং সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে অপপ্রচারের জবাব দিয়ে ড. ইউনূস বলেন, ‘হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে তাদের হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক আমি এবং ব্যাংকটি আমিই পরিচালনা করি। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার।’ অধ্যাপক ইউনূস বলেন, ‘২০১১ সালে আওয়ামী লীগ সরকার আমাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক আমি নই, কখনো ছিলামও না। গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে, যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা কোনো বাধা ছাড়াই অব্যাহত রাখা যায়।’

হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে আহ্বান জানাই, প্রতিটি অপরাধীকে যেন দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হয়। পাশাপাশি ড. ইউনূস বলেন, ‘আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানাই, সর্বোচ্চ পর্যায়ে যারা এসব হামলার পরিকল্পনা করছে এবং বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখুন।’


নির্বাচিত

নেত্রকোণায় মারামারি থামাতে গিয়ে প্রবীণ জুলাই যোদ্ধা নিহত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যকার মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামের এক প্রবীণ জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন আব্দুল বারেক। সেখান থেকে সোমবার সকালে সিএনজিতে করে মদন উপজেলায় নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। দুপুরের দিকে পৌর এলাকায় পৌঁছালে পৌর টোল আদায় নিয়ে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে সিএনজিচালক রায়হানের বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। ওই সময় সিএনজিতে থাকা আব্দুল বারেক মারামারি থামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, ইতোমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নির্বাচিত

banner close