নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। উপজেলার ৮৯ হাজার ৮১২টি পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যে ১২৭ জন তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। ইলেকট্রনিক ডিভাইস ট্যাবের মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এ কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে সাংবাদিকসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচি নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন এবং তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ও বিএনপি নেত্রী মহুয়া নূর কচি। এ ছাড়া উপস্থিত ছিলেন বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেমন, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি সাইফুর রহমান, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি হযরত আলী।
রাজবাড়ীর গোয়ালন্দে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) ভোররাত সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের দৌলতদিয়া বাস টার্মিনালসংলগ্ন গোয়ালন্দঘাট থানার শাহ্ মেম্বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় এলাকার মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. আরিফ হোসেন (৩২)। পুলিশ জানিয়েছে, রমজান আলীকে মাদক চালানের মূল কারবারি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরমান ট্রাকচালক এবং আরিফ হেলপার হিসেবে কাজ করতেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবার চালান পরিবহন করা হচ্ছে এরকম জানতে পারে। এ তথ্যের ভিত্তিতে ভোররাত আনুমানিক ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনার প্রস্তুতি নেয় পুলিশ।
পরে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের একটি টাটা কার্গো ট্রাকের গতিরোধ করা হয়। ট্রাকটির চালক, হেলপার ও চালকের পেছনের বক্সে থাকা এক ব্যক্তির কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তিনজনকে আটক করেন।
পরে ট্রাকের বক্স তল্লাশি করে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি এবং রেডমি-১২-৫জি ও টেকনো কেএম৫ মডেলের দুটি স্মার্টফোন এবং উইনস্টার ডব্লিউ৫০০এমআইডি মডেলের একটি বাটন ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালানটি পরিবহন করা হচ্ছিল। এ কাজে ট্রাকচালক ও হেলপার সহযোগিতা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ্গলকোটের হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ (৪৫)। কিন্তু ধর্মীয় সফরে গিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তার মৃত্যুর খবরে শোকে স্তব্ধ পরিবার। বাবাকে হারিয়ে দিশেহারা তিন শিশুসন্তান। অন্যদিকে, একই দলের সঙ্গে ওমরাহ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই দাউদুল ইসলাম। দুই পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নাসরুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, সৌদি আরবে হামলার ঘটনায় নিহত হয়েছেন তিনি। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই চলছে শোকের মাতম। স্বজনরা একদিকে প্রিয়জনকে হারানোর শোক সামলানোর চেষ্টা করছেন, অন্যদিকে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
নিহত নাসরুল্লাহর ছোট ভাই হাফেজ মাওলানা মো. আতিকুল্লাহ বলেন, ‘ভাইয়ের এমন মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রী ও তিন শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পুরো পরিবার।’ তিনি নাসরুল্লাহর মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং তার পরিবারের দায়িত্ব নিতে সরকারের সহযোগিতা কামনা করেন।
নিহতের ছোট ভাই হাফেজ মাওলানা মো. আতিকুল্লাহ বলেন, ‘ভাইকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে ছোট ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। এ অবস্থায় সরকারের সহযোগিতা প্রয়োজন।’
চার ভাইয়ের মধ্যে নাসরুল্লাহ ছিলেন তৃতীয়। তার বাবা-মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল পরিবার। চার ভাই-ই পবিত্র কোরআনের হাফেজ। নাসরুল্লাহর বড় ছেলে জামিলের বয়স মাত্র আট বছর। সে জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। যে বয়সে বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই বাবাকে হারাল জামিল ও তার দুই ভাইবোন।
সন্তান হারিয়ে বাকরুদ্ধ নাসরুল্লাহর বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ। ছেলের মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। শোকের এই সময়ে ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
মাওলানা মোহাম্মদ উল্লাহ বলেন, ‘ছেলেকে হারিয়ে তিনি ভেঙে পড়েছেন।’ শেষবারের মতো ছেলের মরদেহ দেশে এনে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা চান তিনি।
এদিকে, একই দলের সঙ্গে ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন নাসরুল্লাহর পাশের বাড়ির চাচাতো ভাই দাউদুল ইসলাম। হামলায় তিনিও গুরুতর আহত হয়েছেন। সন্তানের আহত হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার বাবা মাওলানা মুহিবুল্লাহ। ছেলের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। সৌদি আরবে দাউদুলের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।
নাসরুল্লাহর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান জানান, মরদেহ দেশে ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করা হবে।
খুলনার দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী আরমানের অন্যতম সহযোগী ওসমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ এবং এসআরবি-১২ এর যৌথ আভিযানিক দল।
গ্রেপ্তার হওয়া ওসমান নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার দেওয়ান মুন্সির ছেলে।
সোমবার (১২ অক্টোবর) এসআরবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানি এবং এসআরবি-১২ এর যৌথ আভিযানিক দল আজ সোমবার রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামি ওসমান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান আরমানের অন্যতম সহযোগী।
তার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে।
গ্রেপ্তার আসামি ওসমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালীর সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত কামাল সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তার প্রাক্তন স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী মসজিদ বাড়ির আমির হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, জুয়া খেলায় আসক্তি নিয়ে কামালের সঙ্গে তানিয়ার পারিবারিক কলহ ছিল। এর জেরে পাঁচ-ছয় বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও কামাল তার স্ত্রীকে কাজে যাওয়া-আসার পথে বিরক্ত করতেন। কিছুদিন আগে কামাল সাবেক স্ত্রীর বাড়িতে আসেন। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে জায়গা দেননি। এরপর থেকে তার মেয়েকে দেখতে তিনি শ্বশুর বাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন।
পুলিশ জানায়, গত শনিবার (১০ অক্টোবর) ওই মাদ্রাসার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামাল ইট দিয়ে তার সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করে আহত করেন। এ ঘটনার জেরে পরদিন রোববার (১১ অক্টোবর) ঢাকা থেকে আসেন কামালের শ্যালক আকাশ (২০)। এরপর গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালকে তার স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ কামালের পেটের বাম পাশে, পিঠে, মাথায়, হাতে ও বাম ঊরুতে ছরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) ও সোমবার (১১ অক্টোবর) ঢাকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়ার কথা ছিল উপাচার্যের। এ জন্য গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে তার ঢাকায় যাওয়ার কথা জানানো হয়েছিল। তার অনুপস্থিতিতে গত রোববার (১১ অক্টোবর) ও সোমবারের (১২ অক্টোবর) জন্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। তবে পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী উপাচার্য ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেলেও গতকাল সোমবার সকালে হঠাৎ চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি।
এ সময় ছাত্রদলপন্থি বর্তমান ও সাবেক আট থেকে দশজন শিক্ষার্থীও তার সঙ্গে প্রশাসনিক ভবনে প্রবেশ করেন। পরে তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদ থেকে অপসারণ করা হয়। একই দিন নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। পাশাপাশি সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘International Seminar on Mycology, Biotechnology and Sustainable Environment (ISMBSE)’-এর অংশ হিসেবে প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এই প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। এতে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ গবেষণাভিত্তিক প্রজেক্টের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য ও প্রাপ্ত ফলাফল পোস্টারের মাধ্যমে তুলে ধরেন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক (Keynote Speaker) হিসেবে বক্তব্য দেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির ‘স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশন’-এর অধ্যাপক ড. হে শুয়াংহুই (Dr. He Shuanghui)। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (CAS) ‘ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজি’র সহযোগী অধ্যাপক ড. লিউ শি-লিয়াং (Dr. Liu Shi-Liang)।
অনুষ্ঠানে চীনা আমন্ত্রিত গবেষকরা তাদের দীর্ঘ গবেষণার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনায় আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা চীনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ অন্বেষণে অনুপ্রাণিত করবে।
আয়োজকরা জানান, এই প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক গবেষণাকর্ম উপস্থাপন ও বৈজ্ঞানিক উপস্থাপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছেন। মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, বৈশ্বিক গবেষণা নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ জোরদারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টাঙ্গাইলের মেধাবী শিক্ষার্থী আসিফ হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য এবং কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ আগস্ট আসিফ নিখোঁজ হওয়ার পরদিন ১৫ আগস্ট সকাল ৮টার দিকে টাঙ্গাইলের গাড়াইল আন্ডারপাসের পাশে তার মরদেহ পাওয়া যায়।
মানববন্ধন থেকে আসিফের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ প্রক্রিয়ায় তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন অনুযায়ী শনাক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ সময় বাবা, মা, বোন ও কলেজের শিক্ষার্থীরা বলেন, তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কোনো ব্যক্তি বা পক্ষকে অপরাধী হিসেবে গণ্য করা উচিত নয়। তারা আসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
একসময় মনের গভীরে জমে থাকা ভালোবাসা, অভিমান, অপেক্ষা কিংবা না-বলা কথাগুলো প্রিয়জনের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের হাতে আসা একটি খাম ঘিরে অপেক্ষার প্রহর গোনা, চিঠির পাতায় প্রিয় মানুষের হাতের লেখা ছুঁয়ে দেখার আনন্দ কিংবা বহুদিন পর পুরোনো চিঠি খুলে স্মৃতির জগতে হারিয়ে যাওয়া। সবই ছিল জীবনের এক অনন্য অনুভূতি। সময়ের পরিবর্তনে সেই চিরচেনা আবেগ অনেকটাই আড়ালে চলে গেছে। জায়গা করে নিয়েছে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর মুহূর্তেই বার্তা পাঠানোর নানা ডিজিটাল মাধ্যম। তবে প্রযুক্তির দ্রুতগতির পৃথিবীতেও চিঠির আবেদন যে ফুরিয়ে যায়নি, তারই প্রমাণ মিলেছে নওগাঁয় আয়োজিত ব্যতিক্রমী ‘চিঠি উৎসবে’।
চিঠির পাতায় লেখা সত্যিকারের অনুভূতি কখনো মুছে ফেলা যায় না, মানুষ ভুলে গেলেও শব্দগুলো হৃদয়ে নিজের জায়গা রেখে যায়। এমন আবেগঘন প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় নওগাঁ সরকারি কলেজ চত্বরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ ডাক বিভাগ।
হারিয়ে যেতে বসা চিঠি লেখার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং ডাকসেবার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবে কয়েক শ শিক্ষার্থী অংশ নিয়ে কাগজ-কলমে লিখেছেন প্রিয়জনের প্রতি মনের কথা, স্মৃতি আর ভালোবাসার বার্তা।
সকাল থেকেই নওগাঁ সরকারি কলেজ চত্বরে উৎসবকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তরুণ-তরুণীদের হাতে কাগজ, কলম ও খাম; কেউ লিখছেন মা-বাবার উদ্দেশে ভালোবাসার কথা, কেউ ভাই-বোনের জন্য স্নেহের বার্তা, আবার কেউ স্মরণ করছেন ফেলে আসা শৈশবের বন্ধু কিংবা প্রিয় কোনো মানুষকে। কারও লেখায় ছিল মনের গভীরে জমে থাকা অনুভূতি, কারও চিঠিতে ফুটে উঠেছে স্মৃতিমাখা দিনগুলোর কথা। ডিজিটাল যোগাযোগের অভ্যস্ত সময়ে কাগজের পাতায় নিজের হাতে অনুভূতি প্রকাশের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা।
উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বিনামূল্যে চিঠি পাঠানোর সুযোগ। অংশগ্রহণকারীরা উৎসবস্থলে বসেই নিজেদের পছন্দের মানুষদের উদ্দেশে চিঠি লেখেন। এরপর সেই চিঠি খামে ভরে কলেজ চত্বরে স্থাপিত অস্থায়ী লাল ডাকবাক্সে জমা দেন। অনেকের কাছে এটি ছিল জীবনে প্রথম চিঠি লেখার অভিজ্ঞতা। আবার কেউ দীর্ঘ বিরতির পর ফিরে পান কাগজে কলম ছোঁয়ানোর পুরোনো স্মৃতি। চিঠির খাম, ডাকটিকিট ও ডাকবাক্সের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে ডাক বিভাগের ঐতিহ্যবাহী সেবাও যেন নতুন করে ধরা দেয়।
উৎসবের উদ্বোধন করেন ডাক বিভাগ রাজশাহী অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. রাকিব বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ উপ ডাক বিভাগের পরিদর্শক মো. সানোয়ার হোসেন, নওগাঁ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মু. হযরত আলী, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতির যুগ্ম মহাসচিব মো. ইদ্রিস আলী শেখ, শহর পরিদর্শক মো. সাদ্দাম হোসেনসহ ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উৎসবে অংশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নওগাঁ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিয়ান শারমিন। তিনি বলেন, আমি কোনো দিন কাগজে-কলমে চিঠি লিখে কোথাও পাঠাইনি। এটিই প্রথম। আমরা তো সব সময় মেসেঞ্জারে বা ফোনে কথা বলি। কিন্তু আজ প্রথম নিজের হাতে একটি চিঠি লিখলাম। কাগজের পাতায় নিজের হাতে অনুভূতি লিখে পাঠানোর আনন্দ যে এত বেশি হতে পারে, তা আজ চিঠি না লিখলে বুঝতেই পারতাম না।
শিক্ষার্থী জিয়ান শারমিনের কথায় ফুটে ওঠে নতুন প্রজন্মের কাছে চিঠি লেখার অভিজ্ঞতার ভিন্ন এক আবেদন। তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অভ্যাসের বাইরে এসে নিজের হাতে শব্দ সাজানো, প্রিয় মানুষের কথা ভাবতে ভাবতে চিঠি লেখা এবং সেই চিঠি ডাকবাক্সে জমা দেওয়ার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন অন্য রকম আনন্দ।
গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহিম ফয়সাল বলেন, আমি সবশেষ ২০১১ সালে একটি চিঠি লিখেছিলাম। সেটি ছিল প্রথম। আর আজ জীবনে দ্বিতীয়বারের মতো কাগজে চিঠি লিখলাম। চিঠি লেখার সুযোগ পেয়ে এবং বিনামূল্যে চিঠি পাঠাতে পেরে খুব ভালো লেগেছে। ডাক বিভাগের এমন আয়োজনে আমরা খুশি।
দুই শিক্ষার্থীর অভিজ্ঞতা থেকে স্পষ্ট, চিঠি লেখার অভ্যাস কমে গেলেও হাতে লেখা বার্তার প্রতি মানুষের আবেগ এখনো অটুট। প্রযুক্তির পর্দায় কয়েকটি শব্দ লিখে পাঠানোর সঙ্গে কাগজে নিজের হাতের লেখা, অনুভূতি ও স্মৃতি জড়িয়ে দেওয়ার অভিজ্ঞতার রয়েছে আলাদা আবেদন। একটি চিঠি তাই কেবল কিছু শব্দের সমষ্টি নয়; কখনো তা ভালোবাসার প্রকাশ, কখনো দূরত্ব কমানোর সেতু, আবার কখনো ভবিষ্যতের জন্য রেখে যাওয়া এক টুকরো স্মৃতি।
ডাক বিভাগের কর্মকর্তারা জানান, উৎসবে শিক্ষার্থীদের কাছ থেকে জমা নেওয়া চিঠিগুলো আয়োজন শেষে সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। তাদের মতে, আধুনিক প্রযুক্তির কল্যাণে যোগাযোগের মাধ্যম দ্রুত ও সহজ হয়েছে। কিন্তু চিঠির গভীরতা, আন্তরিকতা এবং দীর্ঘদিন স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখার যে সুযোগ রয়েছে, তা অন্য মাধ্যমে একইভাবে পাওয়া কঠিন। নতুন প্রজন্মের মধ্যে চিঠি লেখার সুপ্ত অভ্যাস জাগিয়ে তোলা এবং ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের সীমানা আলাদা, পরিচয়ের মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুকে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাইয়ে এসেছেন দুই সহোদর যুবক। তাদের এই আগমন ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। এখন দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার অপেক্ষা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে অবস্থান করছেন ভারতের দুই যুবক ফারুক চাপরাশি ও তার ভাই মুর্শিদ চাপরাশি। তাদের পাসপোর্ট ও ভিসার তথ্য অনুযায়ী, তারা ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফারুক চাপরাশির। সেই পরিচয় একপর্যায়ে প্রেমের সম্পর্কে গড়ায়। পরে সম্পর্কটিকে বিয়েতে রূপ দেওয়ার উদ্দেশ্যে গত ৮ অক্টোবর ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তার ভাই মুর্শিদ। এরপর থেকে তারা পূর্ণিমার বাড়িতে অবস্থান করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া সম্পর্ক যে দুই দেশের সীমান্ত পেরিয়ে বাস্তবের আঙিনায় পৌঁছাতে পারে, কালাইয়ের জমিনপুর গ্রামের এই ঘটনা তারই একটি উদাহরণ। দুই যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে তাদের দেখতে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়। তবে তাদের বিয়ে কবে এবং কীভাবে সম্পন্ন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, এখন ছেলে-মেয়েরা মোবাইল ফোনে প্রেম-ভালোবাসা করে। ওই ছেলে ও তার বড় ভাই পাসপোর্ট-ভিসা নিয়ে গত বৃহস্পতিবার বেনাপোল হয়ে আমার বাড়িতে এসেছেন। আমরাও পাসপোর্ট-ভিসা করার ব্যবস্থা করেছি। ভিসা পেলে ভারতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ের অনুষ্ঠানের তারিখ ঠিক করা হবে। তখন আপনাদেরও জানানো হবে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।
বরিশালের বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে ঐশী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সোহেল খান (২৮) ও স্বামীর ছোট ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, কয়েক দিন আগে স্বামীর মারধরের কারণে গুরুতর আহত হয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জেরে ঘটনার চার দিন আগে সোহেল খান তার স্ত্রী ঐশীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় তাকে মারধর করা হলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে ঐশীর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি স্বামীর বাড়িতে অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্নও পাওয়া গেছে।
নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। তার স্বামী সোহেল খান একই উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদের খানের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।
বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খান ও তার ছোট ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ওসি আরও জানান, নিহতের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত প্রয়োজন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি দিয়েছে রাজশাহী জেলা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, মেধাবৃত্তি ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ পিপিএম। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পরিবার ও বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। মেধার বিকাশে জেলা পুলিশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা এ স্বীকৃতিকে ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন ও লক্ষ্য পূরণে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অভিভাবকরাও শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৪৫টি পূজা মণ্ডপের প্রতিটির অনুকূলে ৬০০ কেজি করে চালের বরাদ্দপত্র (ডিও) পূজা কমিটির সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে এই চাল বিতরণ করা হয়।
এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে এ সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, পূজা উদযাপন কমিটির আহবায়ক দেবেশ চন্দ্র দাস, সদস্য সচিব জীবন ময় শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অষ্টগ্রাম উপজেলার সাবেক সভাপতি সন্তোষ কুমার দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সভাপতি সুলেখা দাস, সম্পাদক অসীম বনিক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কৃষ্ণ দাস ও সাধারণ সম্পাদক অজিত দত্ত প্রমুখ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও পূজা মণ্ডপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চলতি বছর অষ্টগ্রাম উপজেলার মোট ৪৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভক্তদের নির্বিঘ্নে পূজা দর্শনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।