রোববার, ৮ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩
জাতিসংঘের প্রতিবেদন

জলবায়ু বিপর্যয়ে বাংলাদেশের কোটি মানুষের বাস্তুচ্যুতির ঝুঁকি

* বিশ্বজুড়ে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষের জীবন অনিশ্চিত * জলবায়ু অভিযোজনে অর্থায়ন বাড়ানোর আহ্বান  
ফাইল ছবি
আপডেটেড
৭ নভেম্বর, ২০২৬ ০০:১৬
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৬ ০০:১৪

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের উপকূলীয় জনপদে ঘরবাড়ি, জীবিকা ও নিরাপদ বসবাসের সংকট ক্রমেই গভীর হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও তাপপ্রবাহের মতো দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কার মধ্যে নতুন করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির হিসাবে, বিশ্বজুড়ে জলবায়ুজনিত বিভিন্ন দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোতে প্রায় ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ বাংলাদেশ ও আফগানিস্তানের মতো মারাত্মক জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অবস্থান করছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু অভিযোজনের অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১) সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনটির বরাতে শুক্রবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনের আগে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরছে ইউএনএইচসিআর। বিশেষ করে বাংলাদেশ ও আফগানিস্তানের মতো দেশগুলোতে জলবায়ু দুর্যোগের ঝুঁকি এবং বাস্তুচ্যুত মানুষের সংকট একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

উপকূলীয় বাংলাদেশের সংকট: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দীর্ঘদিন ধরেই মানুষের জীবন ও জীবিকার ওপর চাপ তৈরি করছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে বহু পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

২০২০ সালের ঘূর্ণিঝড় আম্পানের সময় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন বহু মানুষ। দুর্যোগের পরও ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাস ও জীবিকা পুনর্গঠনের সংগ্রাম অব্যাহত থাকে।

জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বাস্তুচ্যুত মানুষের অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন শুধু নতুন করে মানুষকে বাস্তুচ্যুত করছে না, বরং ইতোমধ্যে বাস্তুচ্যুত মানুষের নিরাপদ প্রত্যাবর্তনও কঠিন করে তুলছে।

বাস্তুচ্যুতির সঙ্গে বাড়ছে দুর্যোগের ঝুঁকি: ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার (অপারেশনস) আন্তন লেইস গার্সিয়া বলেন, ‘ঝুঁকিপূর্ণ ও বাস্তুচ্যুত মানুষের টিকে থাকার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ। যাদের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তাদের কাছে জলবায়ু অর্থায়ন পৌঁছানো জরুরি।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের দুই-তৃতীয়াংশের বেশি এমন দেশগুলোতে ফিরেছেন, যেগুলো নিজেরাই মারাত্মক জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। ফলে প্রত্যাবর্তনের পরও তাদের আবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।’

সিরিয়ায় সম্প্রতি প্রায় ৪০ লাখ বাস্তুচ্যুত মানুষ ফিরে এসেছেন। কিন্তু দেশটিতে পানিসংকট ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে তাদের জীবনযাত্রা অনিশ্চিত। গত মে মাসে ইউফ্রেটিস নদীর বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হাজারো মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।

পানিসংকট ও তাপপ্রবাহে বিপন্ন জীবন: প্রতিবেদনে সুদানের এক শরণার্থীর অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের জুনে আল-ফাশিরে যুদ্ধের সময় পালিয়ে পূর্ব চাদের ফারচানা শরণার্থী শিবিরে আশ্রয় নেন তিনি।

তার বর্ণনা অনুযায়ী, প্রচণ্ড তাপপ্রবাহে আশপাশের নদী শুকিয়ে যাওয়ায় কখনো কখনো প্রায় এক সপ্তাহ বিশুদ্ধ পানি পান করা সম্ভব হয়নি। পানির বিকল্প উৎস খুঁজতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।

এই অভিজ্ঞতা জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের দৈনন্দিন সংকটের চিত্র তুলে ধরে। নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পরও পানি, খাদ্য ও অন্যান্য মৌলিক সুবিধার অভাবে তাদের জীবন ঝুঁকিতে থাকছে।

অর্থায়ন বাড়ানোর তাগিদ: ইউএনএইচসিআর সতর্ক করেছে, এল নিনোর প্রভাবে শরণার্থীদের আশ্রয় দেওয়া অনেক দেশে দুর্যোগের ঝুঁকি আরও বাড়তে পারে। চলতি বছরের শেষদিকে পূর্ব আফ্রিকায় ভয়াবহ বন্যার কারণে সোমালিয়া, কেনিয়া, দক্ষিণ সুদান ও উগান্ডায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে মোট জলবায়ু তহবিলের মাত্র ১০ শতাংশ সংঘাতপূর্ণ ও বিপদগ্রস্ত দেশগুলোতে পৌঁছায়। অথচ এসব দেশের বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আরও বেশি সহায়তা প্রয়োজন।

এ অবস্থায় কপ৩১ সম্মেলনে অংশ নেওয়া দেশ ও অর্থদাতা সংস্থাগুলোকে অভিযোজন তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। সংস্থাটির মতে, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের জন্য অর্থায়ন নিশ্চিত করা গেলে দুর্যোগের অভিঘাত মোকাবিলা, নিরাপদ বসবাস এবং পুনর্বাসনের সুযোগ বাড়ানো সম্ভব হবে। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এই সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।


নির্বাচিত

বিভেদ নয়, দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে ফ্যাব―এর অঙ্গীকার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি সংগঠন “ফিশারিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাব)” কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া কামনা করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফ্যাবের সম্মানিত সভাপতি, মহাসচিব, সহ সভাপতি বৃন্দ, যুহ্ম মহাসচিব বৃন্দ, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও অংশগ্রহণ করেন ফ্যাবের সম্মানিত নির্বাহী সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্ট্মেন্টের শিক্ষক মহোদয়, সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও পর্যায়ে কর্মরত জাতীয়তাবাদী ফিশারিজ পেশাজীবি ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তন্মধ্যে ফ্যাবের সম্মানিত মহাসচিব, ফ্যাবের নির্বাহী পরিষদের সদস্য ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ফ্যাবের সম্মানিত সভাপতি।

ফ্যাব সভাপতি তার মূল্যবান বক্তব্যে বলেন: সকলে মিলে দেশ, দেশের জনগণ, জাতি এবং ফিশারিজ সেক্টরের উন্নয়নের স্বার্থে এই সংহতি দিবসে সকল বিভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার সপথ করেন।


নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় দেশে ৯ জনের মৃত্যু

* জামালপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ * শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ * শীতলক্ষ্যা সেতুতে প্রাণ গেল তরুণের
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। জামালপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন এবং চট্টগ্রামে মাদরাসার শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া লালমনিরহাটে একজন, রংপুরে একজন এবং নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার (৭ নভেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।

জামালপুর: মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা বিনতে রেজা (২০), তাদের আট মাস বয়সি শিশুকন্যা ইরফা মনি এবং মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার শওকত আলী লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহের শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেল জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শওকতকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২: কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষা সফরের বাস চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে কেরানিরহাট রেলক্রসিং-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন।

জানা যায়, মাদরাসা থেকে দুটি বাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুইজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন হাজী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) ও শিক্ষক সোহানা আফরোজ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাখাওয়াত হোসেন ইসরাফিলের ভাই ইকবাল হোসেন জানান, তার ভাই একজন ভালো মানুষ ছিলেন। শুক্রবার দিনভর পরিশ্রম করে দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। রাতে স্ত্রীর সঙ্গে মাদরাসার অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পরে দুর্ঘটনার খবর পান। তার ভাই মারা গেছেন এবং ভাবি গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

শীতলক্ষ্যা সেতুতে প্রাণ গেল তরুণের: নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাতে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।

নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। তিনি অনার্সে পড়াশোনা করতেন। জাপানে যাওয়ার স্বপ্ন নিয়ে জাপানি ভাষাও শিখছিলেন।

পুলিশ জানায়, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিঝুমের মৃত্যু হয়। আহত ফারহানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট ও রংপুরে নিহত ২: লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

অন্যদিকে, রংপুর মহানগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পৃথক এ দুর্ঘটনার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বোয়ালখালীতে টেম্পো-অটোরিকশার সংঘর্ষ, আহত ৬: চট্টগ্রামের বোয়ালখালীতে টেম্পো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আরকান সড়কের আপেল আহমদের টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে যাত্রী নিয়ে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেম্পোর সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহতদের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দৈনিক বাংলার জামালপুর, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে প্রতিনিধি এবং নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।


নির্বাচিত

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার ও বাল্কহেড জব্দ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে কোস্ট গার্ডের অভিযানে ২ টি ড্রেজার ও ২ টি বাল্কহেড জব্দ করা হয়। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশালের সদর থানাধীন চরবাড়িয়া সংলগ্ন কীর্তনখোলা নদীতে আজ ৭ নভেম্বর ২০২৬ সকাল ৮ টায় কোস্ট গার্ড স্টেশন বরিশাল কর্তৃক রুটিন টহল পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি বাল্কহেড ও ২ টি ড্রেজার জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে, সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিকদের নিকট হতে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেড ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


নির্বাচিত

দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সম্মিলিত দায়িত্ববোধের প্রত্যয়ে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চেতনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে বাহিনীর সদর দপ্তরসহ সারাদেশে সকল ইউনিটে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষ্যে সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দরবার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দরবার অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জাতীয় জীবনে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বাহিনীর উন্নয়ন, সদস্যকল্যাণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সম্মিলিত আত্মজাগরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় থেকে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সম্মিলিত সংহতির প্রকাশ ঘটেছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে দৃঢ় প্রত্যয় এবং জাতীয় ঐক্যের চেতনা বিকশিত হয়েছিল, তা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। ঐতিহাসিক এ দিবসের অন্যতম শিক্ষা হলো, জাতীয় ঐক্য, পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যেকোনো সংকট ও প্রতিকূলতা মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া। ১৯৭৫ সালের ঐতিহাসিক পটপরিবর্তনে গড়ে ওঠা সেই সংহতির চেতনা এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সূচিত গণতান্ত্রিক উত্তরণ আমাদের জাতীয় জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। একই ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জনগণের অধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে নবজীবন দিয়েছে।

তিনি উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ বা গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) জনগণের অংশগ্রহণমূলক প্রতিরক্ষা ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাঠামো। এ দর্শনের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগরজীবন পর্যন্ত জাতীয় নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ফলে বাহিনীর ভূমিকা কেবল নিরাপত্তা দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান, আর্থিক স্বাবলম্বিতা ও সামাজিক রূপান্তরেও বাহিনী নিরলসভাবে কাজ করছে।

বাহিনীর উন্নয়ন ও সদস্যকল্যাণ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, প্রশিক্ষণ, দক্ষতা, প্রযুক্তির ব্যবহার ও পেশাদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ক্রমাগত এগিয়ে যাচ্ছে। দেশে-বিদেশে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সুনাম অর্জন করছে, যার মাধ্যমে সদস্যদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ভিডিপি সদস্যদের জীবনমান উন্নয়ন, আর্থিক স্বাবলম্বিতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দূরদর্শী উদ্যোগ বাস্তবায়নে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিকাশ ও কার্যক্রম এগিয়ে নেওয়ার ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। এ সময় বাহিনীর ভিত্তি সুসংহতকরণ ও ক্রমবর্ধমান অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

৭ নভেম্বরের জাতীয় ঐক্য ও সংহতির চেতনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয়কে ধারণ করার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, জাতীয় স্বার্থ, জননিরাপত্তা ও জনকল্যাণই হতে হবে সকল কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি। বর্তমান প্রেক্ষাপটে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও উসকানি প্রতিহত করে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের নিরপেক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মহাপরিচালক আনসার-ভিডিপি সদস্যদের জীবন ও কর্মপরিকল্পনাকে ‘কমপ্লিট প্যাকেজ অব লাইফ’হিসেবে উল্লেখ করে বলেন, আত্মোৎসর্গ, কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা অর্জন ও আর্থিক স্বাবলম্বিতা- এসবের সমন্বয়েই একজন সদস্যের পরিপূর্ণ জীবন গড়ে ওঠে। বাহিনীর সদস্যদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান, আর্থিক সহযোগিতা, সামাজিক নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি সমন্বিত জীবনব্যবস্থা গড়ে তোলাই এ দর্শনের মূল লক্ষ্য। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে ব্যক্তি, পরিবার, বাহিনী ও রাষ্ট্র—সকল পর্যায়েই তার ইতিবাচক সুফল প্রতিফলিত হবে।

পরিশেষে মহাপরিচালক যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় গৌরব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আধুনিক, দক্ষ, জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে শৃঙ্খলাবোধ, আনুগত্য, দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত থেকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বাহিনীর সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের সময় বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আটক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মনিরুল ইসলাম মনির (২৬) নামে এক চোরাকারবারী আহত হয়েছেন। পরে তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছেন। আহত মনিরুল ইসলামকে ভারতের কৃষ্ণনগর জেলার শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সীমান্তের ৬১/১-এস সীমান্ত পিলার হতে ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার নিকট এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলাম ওরফে নেংটের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মনিরুল ইসলামসহ ৭ জন ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে ডিঙ্গি নৌকায় করে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান। এ সময় ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে মনিরুল ইসলাম ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুল ইসলামকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান। এ সময় মনিরুল ইসলামের সাথে থাকা অন্যরা পার্শ্ববর্তী খালের পানিতে ঝাঁপ দিয়ে সাতরিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন।

মনিরুল ইসলামের সঙ্গে থাকা পালিয়ে আসা অন্যরা হলেন, একই গ্রামের কামাল উদ্দিনের ছেলে রাশেদ (৩২), তৈয়ব আলীর ছেলে আনিছ (৩৫), বগের ছেলে সোহান (২৫), কিনার উদ্দিনের ছেলে শাওন (২৬), মৃত বদরুদ্দিনের ছেলে মিন্টু (৩৮) এবং মতেহার হোসেনের ছেলে মশিয়ার (৪০)।

এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, প্রশাসনিকভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ৬১/১-এস-এর নিকট শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার সন্নিকটে গুলির শব্দ শোনা যায়। এ সময় মেদিনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে তারাও পাল্টা গুলি ছোড়ে। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।


নির্বাচিত

ভাঙা সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোর অর্ধেকের বেশি ভেঙে গেছে। এতে দুই পাড়ের অন্তত আট গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথ না থাকায় কেউ বুকসমান পানিতে হেঁটে, কেউ সাঁতরে আবার কেউ ঝুঁকি নিয়ে ভাঙা সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, দুই থেকে তিন মাস ধরে সাঁকোটি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন বাজারসদাই।

জানা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় নবিউলের ঘাট নামে পরিচিত স্থানে সাঁকোটির অবস্থান। দক্ষিণ পাশের মাঝামাঝি প্রায় ১৫০ ফুট অংশ ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, প্রায় চার দশক ধরে এ নদী পারাপারে ছোট ডিঙি ও মাঝারি নৌকা ব্যবহার করা হতো। করিমের ঘাট ও নবিউলের ঘাটে ইজারাদারের মাধ্যমে নৌকায় পারাপার হতেন দুই পাড়ের মানুষ। পরে নদীর প্রশস্ততা কমে এলে স্থানীয়দের উদ্যোগে সেখানে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। প্রায় দেড় যুগ ধরে এটি দুই পাড়ের মানুষের চলাচলের প্রধান মাধ্যম।

তারা আরও জানান, প্রতি বছর বর্ষার আগে স্থানীয়ভাবে সাঁকোটি মেরামত করা হতো। তবে এবার প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় বাঁশের পাটাতন ও কাঠামো দুর্বল হয়ে পড়ে। একপর্যায়ে দুই থেকে তিন মাস আগে বিভিন্ন স্থানে ভেঙে যায়।

সাঁকোটি ভেঙে যাওয়ায় নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা ও শিমুলবাড়ী এলাকার হকবাজার এবং লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা মিনতি রানী বলেন, ‘দুই-তিন মাস ধরে কষ্ট করে নদী পার হতে হচ্ছে। ছেলে-মেয়েদেরও ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। এত দিনেও কেউ খোঁজ নিতে আসেনি। দ্রুত সাঁকোটি মেরামত করা প্রয়োজন।’

মুদি ব্যবসায়ী আকাশ মাহমুদ ও কৃষক হাবিবুর রহমান বলেন, ‘এ পথ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে যাতায়াত করেন। দেড় থেকে দুই শতাধিক শিক্ষার্থী নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট আদর্শ স্কুল, বিভিন্ন মাদ্রাসা ও ফুলবাড়ী কলেজে পড়াশোনা করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় তাদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটবে।’

বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী সুমন মিয়া, শাকিব ও সবুজ মিয়া এবং কলেজশিক্ষার্থী সাইফুল ইসলাম, আব্দুল জব্বার ও মঈনুদ্দিন জানায়, বিকল্প রাস্তা না থাকায় কখনো সাঁতরে, কখনো ভাঙা সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। পারাপারের সময় অনেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। দ্রুত সাঁকোটি মেরামতের দাবি জানায় তারা।

নাওডাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় মৎস্য খামারি আতাউর রহমান রতন বলেন, ‘দুই পাড়ের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সাঁকো। এটি ভেঙে যাওয়ায় বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে।’

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাছেন আলী বলেন, ‘সাঁকোটি পুনর্নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এটি নির্মিত হলে দুই পাড়ের মানুষের দুর্ভোগ কমবে।’

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান বলেন, ‘সাঁকো ভেঙে স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দ্রুত সেখানে একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


নির্বাচিত

জামালগঞ্জে থানার সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন। শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুই পক্ষ। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে রাস্তা ছেড়ে দিতে রাজি হয়নি। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ এসে থামানোর চেষ্টা করে। এর মধ্যেই দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পড়ে লাঠিসোটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০জন আহত হন। এর মধ্যে পাচঁজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির এক পক্ষে আছেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান, জুলফিকার চৌধুরীসহ অন্য স্থানীয় নেতাকর্মীরা। অন্য পক্ষে আছেন যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার, যুগ্ম আহবায়ক আবদুল মালিকসহ অন্যরা।

মাসুম মাহমুদ তালুকদার বলেন, আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। চারজন যুগ্ম আহবায়কসহ বিএনপি, ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতাকর্মী ছিলেন। তারা আমাদের মিছিলের পথরোধ করে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে। এতে আমাদের তিন-চারজন গুরুতর আহত হয়েছেন।

অপর পক্ষের উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, তারা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন এসে সেখানে মিছিল-স্লোগান দিতে শুরু করে। এতে উত্তেজনা এবং পরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়েছেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, মূলত দুটি মিটিল মুখোমুখি হওয়ার পরই পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি হয়েছে। এখনো দুই পক্ষ দুই জায়গায় অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে আছে।


নির্বাচিত

কালিহাতীতে রেললাইনে ট্রাক বিকল, অল্পের জন্য রক্ষা পেল হাজারো প্রাণ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে আটকে পড়া বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। পরে স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন রেলওয়ের গেটম্যান। এতে প্রাণে বেঁচে যান ট্রেনের হাজারো যাত্রী।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যমুনা সেতু পার হয়ে আসা বালুবাহী ট্রাকটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি ক্রসিংয়ের ওপর আটকে পড়ে।

ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই পথে আসছিল। বিষয়টি দেখে মুহূর্ত দেরি না করে স্থানীয়দের সহযোগিতায় সামনে এগিয়ে গিয়ে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামান গেটম্যান মিজান। তার এই তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

এরপর অন্য একটি ট্রাক দিয়ে টেনে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে কাছেই মাটি কাটার কাজে থাকা একটি ভেকু (খননযন্ত্র) এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়।

এ বিষয়ে সল্লা বাসস্ট্যান্ডের গেটম্যান মিজান জানান, দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি।


নির্বাচিত

নওগাঁয় নকল সার-কীটনাশক কারখানা, মালিক পলাতক

# ভাইয়ের কারাদণ্ড, জরিমানা ২ লাখ, কারখানা সিলগালা
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নওগাঁ প্রতিনিধি

বাইরে থেকে দেখলে সাধারণ একটি বাড়ি। কিন্তু সেই বাড়ির আড়ালেই দীর্ঘদিন ধরে চলছিল নকল সার ও ভেজাল কীটনাশক তৈরির কারবার। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব নিম্নমানের কৃষি উপকরণ বাজারজাত করে প্রতারণার শিকার হচ্ছিলেন স্থানীয় কৃষকরা। অবশেষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধান মিলেছে এমনই একটি অবৈধ কারখানার।

নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ দরিয়াপাড়া গ্রামের ‘এসডি এগ্রোভেট’ নামের কারখানাটিতে অভিযান চালিয়ে মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং তার ছোট ভাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে কয়েক টন নকল সার, কীটনাশক ও ভেজাল পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সাড়ে ১০টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অভিযানে এনএসআই, এসআরবি ও পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে গ্রামের ভেতরে অবস্থিত একটি বিশাল বাড়িতে পরিচালিত হচ্ছিল এই অবৈধ কারবার। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হতো নিম্নমানের ও ভেজাল জৈবসার এবং নকল কীটনাশক। কৃষিকাজে ব্যবহারের জন্য এসব পণ্য বাজারজাত করা হলেও সেগুলোর মান ও কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। প্রয়োজনীয় মান নিয়ন্ত্রণ ও নিরাপদ উৎপাদনব্যবস্থার তোয়াক্কা না করেই কারখানাটিতে এসব পণ্য তৈরি করা হচ্ছিল বলে অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

কৃষিনির্ভর এ অঞ্চলে সার ও কীটনাশক ফসল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। কৃষকরা জমিতে ভালো ফলনের আশায় কষ্টার্জিত অর্থ ব্যয় করে এসব উপকরণ কেনেন। কিন্তু সেই সার বা কীটনাশক যদি হয় ভেজাল কিংবা নিম্নমানের, তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া তো দূরের কথা, উল্টো ফসলের ক্ষতি ও আর্থিক লোকসানের আশঙ্কা তৈরি হয়। এমনকি ক্ষতিকর রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার মাটি ও পরিবেশের জন্যও ঝুঁকির কারণ হতে পারে। ফলে কারখানাটির অবৈধ কর্মকাণ্ড নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগের বিষয়টি সামনে এসেছে।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মূল মালিক শাহীনূর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে তার অনুপস্থিতিতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তার ছোট ভাই দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযান শেষে কারখানাটির সব কার্যক্রম বন্ধ করে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়। এ সময় সেখান থেকে কয়েক টন নকল সার ও কীটনাশক ছাড়াও ভেজাল পণ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও ক্ষতিকর রাসায়নিক জব্দ করা হয়।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, ‘কৃষি উপকরণের নামে ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন শুধু একজন কৃষকের আর্থিক ক্ষতির কারণ নয়। এটি সামগ্রিক কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা এবং পরিবেশের জন্যও উদ্বেগজনক। তাই কৃষকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে অবৈধ সার ও কীটনাশক উৎপাদন, মজুত এবং বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত নজরদারি করা হবে।’


নির্বাচিত

পিরোজপুর পলিটেকনিকে ৪৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
​পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর) পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

‎​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জহিরুল ইসলাম জানান, সারা দেশের ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউট উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে এই কাজগুলো বাস্তবায়িত হচ্ছে। গত ৫ আগস্টের পর থেকে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ও মালামাল সংগ্রহের কাজ শুরু হয়েছে এবং ঠিকাদাররা ইতোমধ্যে প্রয়োজনীয় মালামাল মজুত করেছেন। এখন থেকে পুরোদমে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।

‎​ইনস্টিটিউটে ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে সিঙ্গেল পাইল ফাউন্ডেশনসহ ৬ তলা ভিত বিশিষ্ট ৬ তলা ওয়ার্কশপ ভবন, ১১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ৬ তলা প্রশাসনিক ভবন এবং ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ৬ তলা একাডেমিক ভবন নির্মিত হবে। এছাড়া ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের রিটেইনিং ওয়াল, বাউন্ডারি ওয়াল ও মূল গেট নির্মাণ করা হবে।

‎​নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম আরও জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তদারকি ও প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে কাজগুলো সম্পন্ন করা হবে।

‎​ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানী, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের ঠিকাদারগণ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।


নির্বাচিত

পঞ্চগড় হাসপাতালে মহিলা ওয়ার্ডে পুরুষদের অবাধ যাতায়াত

* মহিলা ওয়ার্ডে পুরুষদের রাত্রিযাপন, বিব্রত রোগী ও নার্স
মহিলা সার্জারি রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে পুরুষদের অবাধ যাতায়াত ও রাত্রিযাপন। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মিজানুর রহমান, পঞ্চগড়

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দ্বিতীয় তলায় মহিলা সার্জারি রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে পুরুষদের অবাধ যাতায়াত ও রাত্রিযাপনের অভিযোগ উঠেছে। এতে নারী রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা, নিরাপত্তা ও চিকিৎসার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় মহিলা সার্জারি রোগীদের থাকার কথা থাকলেও সেখানে উল্লেখযোগ্যসংখ্যক পুরুষের সমাগম ঘটছে। রোগীদের আত্মীয়স্বজন বা নিকটজন হিসেবে অনেক পুরুষ তাঁদের রোগীদের দেখতে এসে চলে যাওয়ার পরিবর্তে দীর্ঘসময় অবস্থান করছেন। এমনকি তাঁদের মধ্যে কেউ কেউ রাতেও মহিলা ওয়ার্ডে রোগীদের সঙ্গে অবস্থান করছেন বলে জানা গেছে।

হাসপাতালের মহিলা ওয়ার্ডে নারী রোগীদের চিকিৎসা, বিশ্রাম ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সার্জারি রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় তাঁদের জন্য নিরিবিলি ও নিরাপদ পরিবেশ প্রয়োজন। সেখানে পুরুষদের অবাধ প্রবেশ ও রাত্রিযাপনের কারণে নারী রোগীরা অস্বস্তিতে পড়তে পারেন। পাশাপাশি নারী রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টিও প্রশ্নের মুখে পড়ছে।

সচেতন মহলের দাবি, হাসপাতালে রোগীর সঙ্গে স্বজনের থাকা প্রয়োজন হতে পারে। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও নিয়ন্ত্রণ থাকা জরুরি। বিশেষ করে মহিলা ওয়ার্ডে কারা প্রবেশ করবেন, কতক্ষণ অবস্থান করবেন এবং রাতে কারা রোগীর সঙ্গে থাকতে পারবেন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন।

সচেতন মহলের মতে, মহিলা ওয়ার্ডে পুরুষদের অবাধ যাতায়াত ও রাত্রিযাপন নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। প্রয়োজনে নারী রোগীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে নারী অ্যাটেনডেন্টের ব্যবস্থা, প্রবেশপথে নজরদারি এবং নির্দিষ্ট পরিচয়পত্র বা অনুমতিপত্রের মাধ্যমে স্বজনদের প্রবেশ নিয়ন্ত্রণ করা যেতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স জানান, আমরা যখন কেনুলা করি তখন মহিলা সার্জারি ওয়ার্ডে রোগীর পুরুষ স্বজনরা অবস্থান করেন সেসব পুরুষরা মহিলা রোগীদের ইনজেকশন দেওয়ার সময় তাকিয়ে থাকে। আমরা ও দায়িত্বরত আনসারগণ উপস্থিত থাকলেও তারা বের হয়না ফলে রোগীরা যেমন বিব্রতকর অবস্থায় পড়ে আমরাও বিব্রত হই

আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড় সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মিজানুর রহমান জানান দীর্ঘদিনের সমস্যা সমাধান হচ্ছেনা, আমাদের দিক থেকে বিভিন্নভাবে বোঝানোর পরও রোগীর স্বজনরা মহিলা সার্জারি ওয়ার্ডে দীর্ঘসময় অবস্থান করেন এবং রাত্রিযাপন করেন।


নির্বাচিত

কাস্টমস কর্মকর্তা আহাদের বিরুদ্ধে অভিযোগের স্তুপ, খুঁটির জোর কোথায়?

ছবি: মতিঝিল ডিভিশনের উপকমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, মতিঝিল ডিভিশনের উপকমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ-এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ ওঠার পরও তিনি স্বপদে বহাল থাকায় তীব্র সমালোচনা ও তোলপাড় শুরু হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে শুরু করে রাজধানীর পোস্তগোলার আইরিশ পাব এন্ড রেস্টুরেন্ট, আখাউড়া স্থলবন্দর এবং সর্বশেষ ঢাকা ভ্যাট জোন—যেখানেই এই কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন, সেখানেই সৃষ্টি হয়েছে নানা নজিরবিহীন সব বিতর্ক।

এনবিআর―এর এই কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর কর্মস্থল ছেড়ে বিদেশ পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হওয়া বিভাগীয় মামলা থেকে রহস্যজনকভাবে অব্যাহতি পাওয়াকে ঘিরেও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল ও কাস্টমসের সাধারণ অংশীজনদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

চট্টগ্রাম কাস্টমসে শুরু ও সিঅ্যান্ডএফ কর্মীদের তোপ

আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ ২০১৭ সালে চট্টগ্রাম কাস্টমস হাউসে সহকারী কমিশনার হিসেবে কর্মরত থাকাকালীন প্রথম বড় ধরনের বিতর্কে জড়ান। সেখানে কাস্টমস ক্লিয়ারেন্স ও নথি যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে সাধারণ সিঅ্যান্ডএফ কর্মীদের সঙ্গে তার তীব্র বিরোধের সৃষ্টি হয়। তার বিরুদ্ধে হয়রানি ও অনৈতিক সুবিধা দাবির অভিযোগ এনে ক্ষুব্ধ সিঅ্যান্ডএফ কর্মীরা তাকে কার্যালয়ে অবরুদ্ধ করেন এবং তার নামফলক ভাঙচুর করেন। পরবর্তীতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট ও কর্মীদের তীব্র দাবির মুখে ও পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম থেকে বদলি করতে বাধ্য হয়।

রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে দেওয়া বদলির আদেশে বলা হয়, ‘সার্বিক কাজকর্ম সন্তোষজনক মর্মে পরিলক্ষিত না হওয়ায় সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর জিরো টলারেন্স নীতির আওতায়’ তাঁকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে পদায়ন করা হয়েছে। ওই আদেশে ‘বদলি কর্মকর্তার দাপ্তরিক আচার-আচরণ ও নৈতিকতা, সেবাধর্মী মানসিকতা গঠন এবং ব্যক্তিত্বের বিকাশের বিষয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সামগ্রিক উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনের পদক্ষেপ গ্রহণের’ জন্য একাডেমির মহাপরিচালককে বলা হয়।

আইরিস বার অভিযান ও নৈতিকতা স্খলন

রাজধানীর পোস্তগোলা এলাকার একটি বারে ২০২১ সালের ২৩ মার্চ অভিযানে যায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। সেখানেই তাদের মদপানের দৃশ্য ধরা পড়ে প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজে। বারটিতে অভিযানে প্রায় ৩০ জনের দলকে নেতৃত্বে দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তখনকার সহকারি পরিচালক আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ। ঘটনাস্থলে এসময় বারটির দেশি-বিদেশি মদ উদ্ধারে যেমন ব্যস্ত ছিলেন দলটির সদস্যরা অন্যদিকে মদপানেও ব্যস্ত ছিলেন অনেকে।

সিসি টিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষনে দেখা যায়, অভিযান পরিচালনাকারী দলের একজন আনসার সদস্য নিজে মদপান করেন। পরে তার কাছ থেকে নিয়ে শুল্ক গোয়েন্দার সদস্যরাও মদপান করতে দেখা য়ায়। ঐ অভিযানে বারটিতে কর্মরতর্ম কয়েকজন স্টাপকেও মারধর করে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযানে গিয়ে মদ্যপান কতোটুকু যৌক্তিক এমন প্রশ্নের বিষয়টি এড়িয়ে গিয়ে আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, “আমার কাছে মনে হয়েছে তারা কিছু একটা খেয়েছে। আমি একদিকে বসে ছিলাম। তবে সেরকম যদি কিছু ঘটে থাকে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই উদ্দেশ্যপ্রণোদিত অভিযান এবং বৈধ মালামাল জব্দের ভিডিও চিত্র পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল।

আখাউড়া স্থলবন্দর: কোটি টাকার মালামাল জব্দ ও চাঁদার মামলা

আইরিস রেস্টুরেন্টের ঘটনার পর আহাদকে আখাউড়া স্থলবন্দরে বদলি করা হয়। সেখানে দায়িত্ব পালনকালেও তার বিরুদ্ধে কাস্টমসের ক্ষমতা অপব্যবহারের চরম নজির দেখা যায়। অভিযোগ রয়েছে, বন্দর থেকে নিলামে কেনা ব্যবসায়ীদের কোটি টাকার বৈধ মালামাল সম্পূর্ণ বেআইনিভাবে জব্দ করে নিয়ে যান এই কর্মকর্তা। শুধু তাই নয়, গত ২০২৪ সালের জুনে তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির সুনির্দিষ্ট অভিযোগে এক ব্যবসায়ী মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, রেস্টুরেন্ট ব্যবসায়ী রাশেদুল হককে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন আহাদ। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ এবং মামলা দেওয়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনা স্থলবন্দরের ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

৫ আগস্টের পর পলায়ন ও বিতর্কিত পুনর্বাসন

সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, পতিত আওয়ামী আমলজুড়ে ডিসি আহাদ ঢাকা-৪ আসনের সাবেক এমপি সানজিদা খানমকে ‘বড় বোন’ ডেকে প্রভাব বিস্তার করতেন। পাশাপাশি সাবেক মন্ত্রী প্রয়াত তোফায়েল আহমেদ এবং সাবেক আইন মন্ত্রী আনিসুল হকের সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে একের পর এক অপকর্ম করেও পার পেয়ে গেছেন এই আহাদ।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের ঘনিষ্ঠ ও আজ্ঞাবহ হিসেবে পরিচিত এই কর্মকর্তা আইনি ঝামেলা এড়াতে অবৈধভাবে কর্মস্থল ত্যাগ করে বিদেশে পালিয়ে যান। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হলেও চলতি বছরের ৫ মার্চ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে রহস্যজনকভাবে 'অসদাচরণ ও কর্মস্থল থেকে পলায়ন'-এর গুরুতর অভিযোগ থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়ে পুনরায় স্বপদে বহাল করা হয়।

জানা গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি অংশকে বড় উৎকোচ দিয়ে স্বপদে ফিরেন এই আহাদ। কেউ কেউ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে জামায়াত নেতাদের সঙ্গে তদবির করে এই আহাদ পলায়নের পর কর্মস্থলে ফেরেন। কিন্তু কর্মস্থলে ফিরে বিএনপি ক্ষমতায় আসার পর রাতারাতি রং বদলে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রেখে নিজেকে ‘এক্সট্রিম বিএনপি-পন্থী’ সাজার কুট কৌশল অবলম্বন করেছেন।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সাবেক শিক্ষার্থী হওয়ার সুযোগ কাজে লাগিয়ে এনবিআরের অধীনস্থ ভ্যাট, ট্যাক্স, কাস্টমস গোয়েন্দা, সিআইসি ও শুল্ক গোয়েন্দার কর্মকর্তাদের মধ্যে ওই উপদেষ্টার ঘনিষ্টজন পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে চলেছেন। এমনকি আহাদ ওই উপদেষ্টার এপিএস হচ্ছেন বলে এনবিআর’র গুঞ্জন ছড়ানো হচ্ছে।

আহাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি পর্যালোচনা করে স্পষ্ট ধারনা পাওয়া যায় যে, নিজের অতীত অপকর্ম ধামাচাপা দিতে তিনি রাতারাতি বিএনপিপন্থী কর্মকর্তা সেজে কাজ করছেন।

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এই ধরণের একজন বিতর্কিত কর্মকর্তার পুনর্বাসন সাধারণ কাস্টমস কর্মকর্তাদের মাঝে ক্ষোভ এবং ভুক্তভোগী ব্যবসায়ীদের মাঝে নতুন করে প্রতিশোধের আতঙ্ক তৈরি করেছে।

ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন ও দুদকের দ্বারস্থ সংক্ষুব্ধরা

আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদের এই বিতর্কিত পদায়ন এবং অতীতের সব দুর্নীতির বিচারের দাবিতে গত ১৩ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তাকে অনতিবিলম্বে বরখাস্ত করে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব ও দুর্নীতির তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি জোর দাবি জানান।

ইতিমধ্যেই ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা মো. করিম আব্দুল হাইসহ বেশ কয়েকজন ভুক্তভোগী এই কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যবসায়ী হয়রানির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সার্বিক অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আর আগের বিষয় নিয়ে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।


নির্বাচিত

শীতের সবজিতে বাজার চাঙা, সরবরাহ বাড়ায় কমেছে দাম

* সরবরাহ বাড়ায় কমেছে কিছু সবজির দাম * মাছ-মাংস ও পেঁয়াজে বাড়তি ব্যয় *  সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম নিম্ন ও মধ্যবিত্ত
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক  

শীতের আগমনী বার্তা নিয়ে বাজারে আসতে শুরু করেছে নতুন মৌসুমের সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম ও বিভিন্ন ধরনের শাকের সরবরাহ বাড়ায় কিছু পণ্যের দাম কমেছে। ব্রয়লার মুরগি ও ডিমের বাজারেও রয়েছে মোটামুটি স্থিতিশীলতা। তবে এই স্বস্তি পুরো বাজারে ছড়িয়ে পড়েনি। মাছ-মাংসের উচ্চমূল্য, পেঁয়াজের দামের ওঠানামা এবং চাল, তেল ও ডালের ব্যয় মিলিয়ে নিত্যপণ্যের বাজারে এখনো চাপের মুখে সাধারণ ক্রেতা। শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারের পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সব পণ্যের দাম সমানভাবে কমেনি। বিশেষ করে মাছ ও মাংস কিনতে গিয়ে ক্রেতাদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে বাজারে পণ্যের প্রাপ্যতা থাকলেও স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন না অনেক পরিবার।

সবজিতে মৌসুমি স্বস্তি, দাম এখনো চড়া: যাত্রাবাড়ী ও কাপ্তানবাজারের পাইকারি ও খুচরা বাজারে শুক্রবার (৬ নভেম্বর) শিম বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা। ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে।

নতুন আলু কেজিপ্রতি ৭০ থেকে ৯০ টাকা হলেও পুরোনো আলুর দাম ছিল ২০ থেকে ৩০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা এবং কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা কেজি।

লালশাকের আঁটি ১৫ টাকা এবং লাউ ৪০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সব পণ্যের দাম এখনো ক্রেতাদের প্রত্যাশার তুলনায় বেশি।

ব্যবসায়ীদের মতে, শীতের সবজির সরবরাহ আরও বাড়লে বাজারে দাম কমার সুযোগ তৈরি হবে। তবে উৎপাদন এলাকা থেকে সরবরাহ, পরিবহন ব্যয় এবং চাহিদার ওপর নির্ভর করে প্রতিদিন দামের পরিবর্তন হচ্ছে।

পেঁয়াজে বাড়তি চাপ, চালের বাজারে মিশ্র পরিস্থিতি: নিত্যপণ্যের বাজারে পেঁয়াজের দাম নিয়ে ক্রেতাদের উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক বাজার প্রতিবেদনে রাজধানীতে পেঁয়াজের দাম দুই সপ্তাহে কেজিপ্রতি প্রায় ৩০ টাকা বেড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রির তথ্য উঠে এসেছে। স্থানীয় পেঁয়াজের মজুত কমে আসা এবং আমদানি সরবরাহ সীমিত থাকাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা।

তবে বাজারভেদে পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে আলাদা। শুক্রবার (৬ নভেম্বর) যাত্রাবাড়ীর বাজারে দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রির তথ্য পাওয়া গেছে। ফলে একই দিনে বিভিন্ন বাজারে দামের ব্যবধান থাকায় ক্রেতাদের একাধিক দোকানে খোঁজ নিতে হচ্ছে।

চালের বাজারে মোটা চাল কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা, মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকায় বিক্রির তথ্য পাওয়া গেছে। গত সপ্তাহের তুলনায় এসব চালের দামে বড় পরিবর্তন নেই। তবে সুগন্ধি চালের খোলা বাজারে কিছুটা দরপতন দেখা গেছে।

মসুর ডাল, মুগ ডাল ও অন্যান্য ডালের দামও বেশির ভাগ ক্ষেত্রে স্থিতিশীল রয়েছে। ফলে চাল-ডালের বাজারে বড় ধরনের স্বস্তি না থাকলেও সাম্প্রতিক সময়ে ব্যাপক মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে না।

মুরগি ও ডিমে স্থিতিশীলতা, মাছ-মাংসে বাড়তি ব্যয়: প্রাণিজ আমিষের বাজারে মুরগি ও ডিমের দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও মাছ-মাংসের বাজারে ক্রেতাদের বাড়তি ব্যয় করতে হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) কাপ্তানবাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হয়েছে। যাত্রাবাড়ীতে ব্রয়লারের দাম ছিল ১৮০ থেকে ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকা।

কাপ্তানবাজারে লাল ডিমের ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। হাঁসের ডিমের ডজন ছিল ১৮০ থেকে ১৮৫ টাকা।

অন্যদিকে মাছের বাজারে রুই কেজিপ্রতি ৩৫০ থেকে ৪৫০ টাকা, কাতলা ৩০০ থেকে ৫৫০ টাকা এবং তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়েছে। পাবদা ও শিং মাছের দাম ছিল ৪০০ থেকে ৬০০ টাকা।

গরুর মাংস কেজিপ্রতি ৭৮০ থেকে ৮১০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। ফলে মাছ-মাংসের বাজারে পরিবারের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করতে গিয়ে ক্রেতাদের হিসাব কষতে হচ্ছে।

আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম পরিবার: বাজারে কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও সামগ্রিক ব্যয়ের চাপ কমছে না। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় ক্রেতারা কিছুটা সুবিধা পাচ্ছেন। কিন্তু মাছ, মাংস, পেঁয়াজ ও অন্য প্রয়োজনীয় পণ্যের ব্যয় সেই সুবিধার বড় অংশ কমিয়ে দিচ্ছে।

নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য প্রতিদিনের বাজার এখন শুধু পণ্য কেনার বিষয় নয়, বরং কোন পণ্য কতটুকু কেনা যাবে, তা নির্ধারণের হিসাব। মাছ-মাংসের পরিমাণ কমিয়ে সবজি দিয়ে খাবারের ব্যবস্থা করছেন অনেকে। আবার প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে অন্য খাতে ব্যয় কমাতে হচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বাড়লে আগামী দিনগুলোতে কিছু পণ্যের দাম আরও কমতে পারে। তবে পেঁয়াজের ক্ষেত্রে নতুন উৎপাদন বাজারে আসা এবং আমদানি সরবরাহের পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একইভাবে মাছ-মাংসের বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য না ফিরলে ক্রেতাদের ব্যয় কমার সম্ভাবনা সীমিত থাকবে।

সব মিলিয়ে শুক্রবারের বাজারে স্বস্তি ও চাপ—দুই পরিস্থিতিই পাশাপাশি দেখা গেছে। সবজি, মুরগি ও ডিমের বাজারে কিছুটা স্থিতিশীলতা থাকলেও মাছ-মাংস এবং পেঁয়াজের উচ্চমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে চাপে রাখছে।

মৌসুমি সবজির সরবরাহ বাড়ার ইতিবাচক প্রভাব পুরো বাজারে ছড়িয়ে পড়লে এবং প্রয়োজনীয় পণ্যের দাম আরও স্থিতিশীল হলে তবেই সাধারণ ক্রেতারা প্রকৃত স্বস্তি পাবেন।


নির্বাচিত

banner close