শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

মেধাতালিকায় পঞ্চম, দাখিলে দেশসেরা লালমাইয়ের মোহাম্মদ উল্লাহ

ছবি: কুমিল্লার লালমাই উপজেলার কৃতী শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহ ইবনে আব্দুল্লাহ।
কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি
প্রকাশিত
কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬ ১৭:১০

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সারাদেশের সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছেন কুমিল্লার লালমাই উপজেলার কৃতী শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহ ইবনে আব্দুল্লাহ। তার এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

মোহাম্মদ উল্লাহ লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা মাওলানা মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন আল আমেনীর বড় ছেলে। তিনি দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার কিতাব বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা গেছে, এবারের বৃত্তির ফলাফলে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার কিতাব বিভাগ থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন। তাদের মধ্যে ৭ জন ট্যালেন্টপুল এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। দেশব্যাপী সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করে মোহাম্মদ উল্লাহ এ সাফল্যকে আরও গৌরবমণ্ডিত করেছেন।

তার এমন কৃতিত্বপূর্ণ অর্জনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। পাশাপাশি নিজ এলাকার মানুষও তার সাফল্যে গর্বিত।

এ বিষয়ে মাদরাসার শিক্ষক ও কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়ে বলেন, ‘মোহাম্মদ উল্লাহর এই অনন্য সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ তায়ালা তাকে ইলমে নাফে, নেক আমল এবং আজীবন দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।’

তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মোহাম্মদ উল্লাহ তার মেধা, অধ্যবসায় ও নৈতিক আদর্শের মাধ্যমে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের মুখ উজ্জ্বল করবেন।


নির্বাচিত

পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী

বক্তব্য দিচ্ছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের রাজপথে প্রতিরোধ করা হবে।’ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘পরাজিত শক্তি দেশে ছোট-খাটো বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তারা বোকার স্বর্গে বাস করছে। তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজনৈতিকভাবে এসব অপশক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত আছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, বিসিবির পরিচালক ইসরাফিল খসরু প্রমুখ।

অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। প্রত্যেক নেতা-কর্মীকে নিজেদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করতে হবে।’ দিনে অন্তত পাঁচটি পোস্টের মাধ্যমে সরকারের ইতিবাচক উদ্যোগ ও সাফল্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের পাশাপাশি জেলা পরিষদ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। এসব প্রতিষ্ঠানের নেতৃত্বে এখন দলের যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিরা রয়েছেন। তাদের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরলে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা সম্পর্কে মানুষ জানতে পারবে।’ ডা. শাহাদাত হোসেনের কর্মকাণ্ডের প্রশংসা করে মীর হেলাল বলেন, ‘উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে মননশীলতা যুক্ত হলে তা আরও টেকসই ও জনবান্ধব হয়ে উঠে। ডা. শাহাদাত হোসেন এ ধরনের কাজ করছেন। তিনি সবসময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন, নগরবাসীর দুঃখ-দুর্দশা বুঝেছেন এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে থেকেছেন। মেয়র হিসেবেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন।’

প্রতিমন্ত্রী জানান, তার সংসদীয় আসনের অন্তর্ভুক্ত চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে মেয়রের উদ্যোগে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। অথচ এসব কাজের যথাযথ প্রচার হয়নি। কাজ হওয়ার পরও তা জনগণকে না জানালে সরকারবিরোধী অপপ্রচারকারীরা উন্নয়ন হচ্ছে না বলে যে বক্তব্য দেয়, পরোক্ষভাবে তাদেরই সুযোগ করে দেওয়া হয়।

নগরীর সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নে কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে এককভাবে সবকিছু করা সম্ভব নয়। সিটি করপোরেশন, জেলা পরিষদ, সিডিএ, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা-কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নগরের যেকোনো সমস্যা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বসে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করা সম্ভব।’ নগরীর ফুটপাতের হকার ও যানজট সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করা জরুরি। তবে হকারদের উচ্ছেদ করে কর্মহীন করে দেওয়া সমাধান নয়। তাদের জন্য বিকল্প জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এতে হকারদের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে না, একই সঙ্গে নগরবাসী ও নগরে ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে আসা মানুষও উপকৃত হবেন।’


নির্বাচিত

পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আপত্তিকর অবস্থায় আটক জামায়াতকর্মী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগে বাবুল মিয়া নামের স্থানীয় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসী। শুক্রবার (১৩ নভেম্বর) রাত প্রায় দশটার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। আটক বাবুল মিয়া স্থানীয় পর্যায়ে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চার সন্তানের জনক বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার এক চা বিক্রেতার স্ত্রীর পরিচয় সূত্রে অনৈতিক যোগাযোগ গড়ে ওঠে। শুক্রবার রাতে তিনি গোপনে ওই নারীর বাড়িতে দেখা করতে গেলে বিষয়টি স্থানীয় প্রতিবেশীদের নজরে আসে। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা দলবদ্ধ হয়ে বাড়িটি ঘেরাও করেন এবং দুজনকে অপ্রীতিকর অবস্থায় আটক করেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরবর্তীতে সংবাদ পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উত্তেজিত জনতার হাত থেকে বাবুল মিয়াকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে থানায় পাঠায়। আটক ব্যক্তি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

নির্বাচিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি ৫ কোটি টাকা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, ঔষধ, মুদি মালের দোকান ও স্টুডিওর দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুনে দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করা হয়েছে। সকাল ৭টা পর্যন্ত আগুন জ্বলছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।’

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন কাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’


নির্বাচিত

নৌ-প্রটোকল রুট পরিদর্শনে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

নৌ-প্রটোকল রুট পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেঘনাঘাট ও দাউদকান্দি-বাউশিয়া নদী বন্দরসহ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর পর্যন্ত নৌ-প্রটোকল রুট পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম।

​শনিবার (১৪ নভেম্বর) তিনি সংস্থার সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ও যুগ্ম সচিব মো. সাজেদুর রহমানকে সঙ্গে নিয়ে এই পরিদর্শন কার্যক্রম চালান।

​পরিদর্শনকালে তাঁরা প্রথমে মেঘনাঘাট নদী বন্দর, মেঘনা লঞ্চঘাট এবং দাউদকান্দি-বাউশিয়া নদী বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এরপর মেঘনা-গোমতী সেতু থেকে গোমতী নদীপথে দাউদকান্দি পুরাতন ফেরিঘাট পর্যন্ত নৌপথের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

​এছাড়া দাউদকান্দি-সোনামুড়া নৌপথের বিবিরবাজার স্থলবন্দর পর্যন্ত নৌ-প্রটোকল রুটের আওতায় গোমতী নদীর ওপর নির্মিত কামারখারা সেতু, পালপাড়া রেলওয়ে সেতু, অরণ্যপুর ও গোলাবাড়ি এলাকায় নির্মাণাধীন সেতু এবং বিবিরবাজার স্থলবন্দর পরিদর্শন করেন তাঁরা। এ সময় সংশ্লিষ্ট নৌপথের নাব্যতা, নৌযান চলাচলের উপযোগিতা এবং নৌ-প্রটোকল রুটের অবকাঠামোগত পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

​পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন) মো. সাইফুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা) মুহম্মদ মহিউদ্দিন চৌধুরী, পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালন) ক্যাপ্টেন মো. শাহজাহান, প্রধান প্রকৌশলী (পুর) মো. ছাইদুর রহমান, মেঘনাঘাট নদী বন্দর কর্মকর্তা, নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

গাইবান্ধার যমুনায় অসময়ে ভাঙন, দুশ্চিন্তায় নদী তীরের মানুষ

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে যমুনা নদীতে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। শুকনো মৌসুমে হঠাৎ শুরু হওয়া এ ভাঙনে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম দুশ্চিন্তা। বিশেষ করে নদীঘেঁষা বসতবাড়ির পরিবারগুলো রয়েছে চরম ঝুঁকিতে। ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৪ নভেম্বর) সরেজমিনে উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর মৌজার শেষ সীমানার বানিয়াপাড়া এবং মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় গিয়ে ভাঙনের চিত্র দেখা যায়। নদীর তীর সংরক্ষণে ফেলা জিওব্যাগগুলো ধসে পড়ছে নদীগর্ভে। নদীতে পানি না থাকলেও স্রোতের গতি বেশ লক্ষণীয়। এ সময় খেয়াঘাট এলাকায় বালুভর্তি কিছু জিওব্যাগ মজুত করে রাখতেও দেখা গেছে।

স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন আগে থেকেই এলাকায় ভাঙন শুরু হয়েছে। তবে গত ৭ নভেম্বর ভোরে মধ্য উড়িয়ার কাটাদ্বারা খেয়াঘাট এলাকায় হঠাৎ ভাঙনের তীব্রতা বেড়ে যায়। মাত্র এক ঘণ্টার ভাঙনে তীর রক্ষায় ফেলা জিওব্যাগসহ অন্তত ২০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। একইভাবে কাটাদ্বারা থেকে কিছুটা দক্ষিণে বানিয়াপাড়ায়ও গত এক সপ্তাহ ধরে ভাঙন অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, পানি কমার সঙ্গে সঙ্গে হাজিরহাট থেকে কেতকিরহাট পর্যন্ত কয়েকটি পয়েন্টে যমুনার ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তাদের দাবি, কাটাদ্বারা খেয়াঘাটে ভাঙনের তীব্রতা দেখা দেওয়ার দিন কিছু জিওব্যাগ ফেলা হলেও পরবর্তী সময়ে আর কোনো তৎপরতা চোখে পড়েনি। এতে নদী তীরবর্তী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বাড়ছে।

স্থানীয় সচেতন নাগরিকদের আশঙ্কা, এই ভাঙন অব্যাহত থাকলে, এখনই হয়তো দুই-চারটি পরিবারের বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে আগামীতে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে এলাকার কয়েকশ পরিবার।

উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের কাটাদ্বারা এলাকার বাসিন্দা ও খেয়াঘাটের মনিহারি দোকানি জাকির হোসেন বলেন, ‘একসময় খেয়াঘাটটি নদীর আরও ভেতরে ছিল। গত দুই বছরে ভাঙতে ভাঙতে সেটি বর্তমান জায়গায় এসেছে। তবে গত ৭ নভেম্বর ভোরে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়। ভাঙনের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে জিওব্যাগসহ অন্তত ২০ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যায়। ওই দিন যেভাবে ভাঙন চলছিল, তা অব্যাহত থাকলে আজ (গতকাল) এখানে ব্যবসা করা সম্ভব হতো না।’

যমুনার তীরবর্তী রতনপুরের বাসিন্দা আবুল আজাদ বলেন, ‘এক সপ্তাহ ধরে আমার বাড়ির পাশেই ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসে দেখে গেলেও কোনো কাজ করেননি। এভাবে ভাঙন চলতে থাকলে আমাদের বাড়ি-ঘর নদীতে চলে যাবে। জরুরি ভিত্তিতে জিওব্যাগ না ফেললে আমাদের রক্ষা করা কঠিন হবে।’

নদীর একেবারে কাছাকাছি ঝুপড়িঘরে বসবাস করেন ছাইদুর রহমান। তিনি বলেন, ‘নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে আমার বসবাস। তীর রক্ষায় ফেলা জিওব্যাগগুলো ধসে পড়লেই আমার ঘরটিও নদীতে চলে যাবে। সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।’

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘কয়েক দিন ধরে ভাঙন চলছে। আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে এই এলাকার কয়েকশ পরিবার আশ্রয়হীন হয়ে পড়তে পারে। তাই জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিংয়ের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু সায়েম শাফিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘ওই এলাকার রতনপুরের কাটাদ্বারা ঘাট থেকে ঘুনভরি পর্যন্ত ২৩৪ কোটি টাকার বিশ্বব্যাংকের একটি প্রকল্প অনুমোদিত রয়েছে। সেখানে নতুন করে অন্য কোনো কাজের সুযোগ নেই। ওই প্রকল্পের কিছু বস্তা রয়েছে, সেগুলো দিয়ে ভাঙনকবলিত এলাকায় যতটা সম্ভব ভাঙন রোধের চেষ্টা করা হবে।’

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাঙন এলাকায় কিছু জিওব্যাগ টাস্কফোর্সের গণনার অপেক্ষায় রয়েছে। গণনা শেষ হলে সেগুলো ফেলা হবে।’


নির্বাচিত

ঝিনাইদহে ১৭ স্টলে সাড়ে ৩০০ শিল্পকর্মের ব্যতিক্রমী প্রদর্শনী

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ঝিনাইদহ প্রতিনিধি

ক্লে ও ক্রাফটের নিপুণ ছোঁয়ায় শিক্ষার্থীদের হাতে জীবন্ত হয়ে উঠেছে ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও নানা নিদর্শন। কোথাও পবিত্র কাবা শরিফ, কোথাও মসজিদুল আকসা, আবার কোথাও বাইতুল মুকাদ্দাসের প্রতিরূপ। শুধু ধর্মীয় স্থাপনা নয়, ইসলামের নানা শিক্ষা, ধর্মীয় অনুষঙ্গ, বিজ্ঞান ও শিক্ষামূলক বিষয়ও স্থান পেয়েছে তাদের শিল্পকর্মে। শিক্ষার্থীদের এমন সৃজনশীল আয়োজন অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদ্রাসায়।

দিনব্যাপী এ আয়োজনে ১৭টি স্টলে শিক্ষার্থীরা প্রদর্শন করে সাড়ে ৩৫০টি শিল্পকর্ম। ক্লে, কাগজ, ফোমসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তৈরি এসব শিল্পকর্মে ফুটে উঠেছে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা। রঙিন মাটির তৈরি মসজিদ, সুউচ্চ মিনার, গম্বুজ ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ দর্শনার্থীদের নজর কাড়ে।

এ ছাড়া মৃত্যুর পর গোসল, কাফন-দাফন ও জানাজার মতো ধর্মীয় বিধিবিধানও তুলে ধরা হয় বিভিন্ন মডেলের মাধ্যমে। পাশাপাশি সৌরজগৎ, বিজ্ঞান ও শিক্ষামূলক নানা বিষয় নিয়ে তৈরি করা হয় আকর্ষণীয় সব প্রদর্শনী। শিক্ষার্থীদের হাতে তৈরি এসব শিল্পকর্ম দেখতে মাদ্রাসায় ভিড় করেন অভিভাবক ও দর্শনার্থীরা। ব্যতিক্রমী এ আয়োজন দেখে আনন্দ প্রকাশ করেন আগতরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আল-কলম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ সাঈদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সৃজনশীল কাজে উৎসাহিত করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তারা ইসলামের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে।’


নির্বাচিত

প্রযুক্তিতে বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি: কেসিসি প্রশাসক

ছবি: খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
খুলনা ব্যুরো

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনের মধ্য দিয়ে একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন বলে মন্তব্য করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর জলিল টাওয়ার চত্বরে আয়োজিত খুলনা ডিজিটাল কম্পিউটার ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি এ মেলার আয়োজন করেছে।

প্রশাসক আরও বলেন, ‘প্রযুক্তিতে বিশ্বের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। যদি দ্রুত অগ্রগতি করতে না পারি তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারব না। সেদিক থেকে প্রযুক্তিগত এই মেলার আয়োজন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলা আমাদের নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিতি এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় শক্তি জোগাতে সহযোগিতা করবে।’ খুলনায় একটি বিভাগীয় ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সেই ট্রেড সেন্টারের মধ্য দিয়ে এতদাঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটবে এবং সকল অন্ধকার দূর করে সম্মিলিতভাবে একটি নিরাপদ খুলনা গড়ে তুলতে হবে।’

প্রশাসক বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন এবং মেলায় স্থাপিত স্টলগুলো পরিদর্শন করেন এবং স্টলগুলোর স্থান পাওয়া নতুন নতুন প্রযুক্তিগুলোর সাথে পরিচিত হন।

সমিতির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসির ডিএমডি মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার, কম্পিউটার সলিউশন ইন্সের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ আবুল হাসান ও খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম।

স্বাগত বক্তৃতা দেন জলিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ কামরুল ইসলাম, সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আজিজ হোসেন সুমন এবং শুভেচ্ছা বক্তৃতা করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক এইচ এম মোস্তাফিজুর রহমান রিহিন।


নির্বাচিত

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গাজীপুর প্রতিনিধি

পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই অবরোধকালে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে এবং মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল সচল করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সড়ক থেকে ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ ও সংলগ্ন এলাকার ছয়-সাতটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে ফটকের সামনে জমায়েত হতে থাকেন। একপর্যায়ে সকাল দশটার দিকে তারা দলবদ্ধভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে এসে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। অবরোধ চলাকালে দায়িত্ব পালনরত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালান বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় প্রান্তে দীর্ঘ সারিতে যানবাহন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ তুলে ধরে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় একাধিক কারখানার শ্রমিকেরা একযোগে মহাসড়কে অবস্থান নিয়ে অচলাবস্থা তৈরি করেন। দীর্ঘক্ষণ সড়ক অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের হটিয়ে দেয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এলাকায় যেকোনো ধরনের নতুন বিশৃঙ্খলা রোধে শিল্প পুলিশ ও জেলা পুলিশের সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও আনসার সদস্যরা।


নির্বাচিত

আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক অসন্তোষে আশুলিয়ার ৪০ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি
ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৩০
আশুলিয়া প্রতিনিধি

ন্যূনতম মাসিক পারিশ্রমিক ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট কারখানাগুলোর মূল ফটকে বন্ধের আনুষ্ঠানিক নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। তবে এই কারখানাগুলো ব্যতীত আশপাশের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা যথাসময়ে কাজে যোগ দেওয়ায় সার্বিক উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবেই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করে কাজ শুরু করেন এবং কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে ৪০টি কারখানায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দেওয়ায় সংশ্লিষ্ট শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ফিরে গেছেন। এছাড়া কারখানায় প্রবেশের পর অভ্যন্তরীণ কর্মবিরতি পালন করায় আরও ছয়টি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি মঞ্জুর করেছে কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা বজায় রাখতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান এবং বন্ধ কারখানাগুলোর সামনে শিল্পপুলিশের পাশাপাশি ঢাকা জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়া অঞ্চলে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন মারাত্মক আকার ধারণ করে। বিক্ষোভের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘাতের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘাত ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় এ পর্যন্ত অন্তত ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে অসন্তোষ প্রশমিত না হলে বন্ধ ঘোষিত কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন খাত-সংশ্লিষ্টরা।


নির্বাচিত

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান
ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ নভেম্বর, ২০২৬ ১০:২১
অনলাইন ডেস্ক

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান কঠোর নিরাপত্তাবলয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নিরাপত্তায় তিনটি বিশেষ লরিতে করে এই জ্বালানিবাহী বহরটি রূপপুর প্রকল্পে প্রবেশ করে। নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক হয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সংযোগস্থল দাশুড়িয়া ট্রাফিক মোড় পার হয়ে গাড়িগুলো প্রকল্প এলাকায় পৌঁছালে সেখানে কর্মরত রুশ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বহরটিকে স্বাগত জানান।

এর আগে শুক্রবার দিবাগত রাত একটার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানী ঢাকা থেকে রূপপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল গাড়িবহরটি। সেনাবাহিনীর পাশাপাশি বিশেষায়িত বাহিনী এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পথজুড়ে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করেন। স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি পরিবহন নির্বিঘ্ন রাখতে ভোর ৪টা ৪৫ মিনিট থেকে সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, কনভয়টি যাতে যানজট ছাড়াই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য সড়কে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছিল এবং ইউরেনিয়াম কেন্দ্রে পৌঁছানোর পরপরই যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

নতুন এই চালান যুক্ত হওয়ার ফলে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ সর্বমোট ছয়টি জ্বালানির চালান প্রকল্প এলাকায় পৌঁছাল। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের রূপরেখা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের উদ্দেশ্যে দুটি বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলিসহ মোট নয়টি চালানে জ্বালানি সরবরাহের কথা রয়েছে। বর্তমানে ভিভিইআর-১২০০ প্রযুক্তির প্রথম ইউনিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার অনুমোদন গত ২৯ অক্টোবর দিয়েছিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এ ধাপে পর্যায়ক্রমে রিঅ্যাক্টরের শক্তি বৃদ্ধি করে যন্ত্রপাতি ও নিরাপত্তাব্যবস্থা পরীক্ষার পর কেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে, যাকে প্রকৌশল ভাষায় ‘সিনক্রোনাইজেশন’ বলা হয়। সবকিছু অনুকূলে থাকলে চলতি মাসেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি রয়েছে।

বিষয়:

নির্বাচিত

বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে

ছবি: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, যারা মনে করছেন বোমা-সন্ত্রাস করে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করবেন, তারা বাংলাদেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না। শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এদিকে বিবিসি বাংলায় বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দিল্লিতে সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে—তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিক্যাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।

দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

জাতীয় প্রেসক্লাবে সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক খাইরুল আলম বকুল। এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি মো. কবির হোসেন, সিনিয়র সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা করছেন, তাদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও মানুষ দেখছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পাচ্ছে না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান, মর্যাদা এবং পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের সামনে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

আসাদুজ্জামান বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে। একইভাবে সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে। সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি সেই সমালোচনা সরকারের বা তার নিজের বিরুদ্ধে গেলেও সমস্যা নেই।

তিনি বলেন, গত প্রায় নয় মাসে বাংলাদেশে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক একটি মানবাধিকার সংস্থার প্রতিনিধির সঙ্গেও এসব বিষয়ে কথা হয়েছে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা যেমন তুলে ধরতে হবে, তেমনি সরকারের কোনো ভুল থাকলে সেটিও সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে।

মন্ত্রী বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সেই পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।

ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মত, পথ ও আদর্শের পার্থক্য থাকলেও নিজেদের শেকড়ের টানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। নেতৃত্ব বা কর্তৃত্বের প্রশ্নে কোনো সংগঠনের কর্মসূচিতে প্রতিবন্ধকতা তৈরি করা আত্মঘাতী সিদ্ধান্ত। মতভেদ ভুলে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে। স্থানীয় সাংবাদিক ও নতুন প্রজন্মও অনুপ্রাণিত হবে। তারা বুঝতে পারবেন, ঝিনাইদহের উন্নয়ন ও মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বলেন, যে সময় নাহিদ এবং আসিফরা ডিবি কার্যালয়ে মার খাচ্ছিল, হাসনাত এবং সারজিস সেখানে জুস খাচ্ছিল? আমার কাছে সমস্ত কিছুর প্রমাণ আছে, রেকর্ড আছে। যারা সেখানে ছিল, আমি সবার সঙ্গে কথা বলেছি। গণঅভ্যুত্থান নিয়ে আমি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি এবং সেখানে আমি সমস্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমি এই ফাইন্ডিংস পেয়েছি। আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন, নাহিদ ইসলামকে জিজ্ঞেস করবেন যে পুকুরপাড়ে বসে হাসনাত এবং সারজিস জুস খাইত কি না?


নির্বাচিত

রনজিতকাণ্ডে দেশজুড়ে সাঁড়াশি অভিযান

* ১৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা * সীমান্ত নিরাপত্তা ও রাজনৈতিক নেটওয়ার্ক খতিয়ে দেখছে গোয়েন্দারা
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আত্মগোপনে থাকা একজন সাবেক সংসদ সদস্য কীভাবে দেশে ফিরে রাজনৈতিক বৈঠক করে আবার অদৃশ্য হয়ে গেলেন—এই প্রশ্ন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। সিলেটের রাতারগুলে একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের উপস্থিতিতে গোপন রাজনৈতিক সভার ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সভার আয়োজক, অর্থের জোগানদাতা, অংশগ্রহণকারী এবং কথিত সহযোগী নেটওয়ার্কের সন্ধানে চলছে তদন্ত ও গ্রেপ্তার অভিযান।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে আসামির সংখ্যা ১৯৫। শুক্রবার (১৩ নভেম্বর) পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শিক্ষা সফরের আড়ালে রাজনৈতিক বৈঠক: তদন্ত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ বৈঠকটি অনুষ্ঠিত হয়। শিক্ষা সফর ও পিকনিকের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়েছিল। রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের আয়োজনের কথা বলে রিসোর্টটি ভাড়া নেন বলে পুলিশের ভাষ্য।

প্রথমে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন। একপর্যায়ে রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে দলীয় ব্যানারের সামনে বক্তব্য দেন। পুলিশি তদন্তে বলা হয়েছে, বৈঠকে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, সুনামগঞ্জের তাহিরপুর ও যাদুকাটা এলাকা থেকে চারটি বাসে করে প্রায় দেড়শ মানুষকে সেখানে নেওয়া হয়েছিল। ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণীর আয়োজনের আড়ালে রাজনৈতিক কর্মসূচি পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।

ভিডিও প্রকাশের পর সামনে আসে ঘটনা: বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে রনজিত সরকারের নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও প্রকাশের পর। ৯ নভেম্বর বিকাল ৪টা ৪৯ মিনিটে তিনি ওই সভার ৫ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়।

ভিডিও প্রকাশের পরপরই পুলিশ বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে প্রায় ৬০ জনকে শনাক্ত করার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে এসেছে।

রিসোর্টে অভিযান, উদ্ধার আলামত: ১১ নভেম্বর গভীর রাতে গোয়াইনঘাট থানা পুলিশ রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে অভিযান চালায়। পুলিশের অভিযান ও পরবর্তী কার্যক্রমের পর রিসোর্টটি তালাবদ্ধ করা হয়। এ সময় রিসোর্টের দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, রিসোর্ট থেকে বৈঠকের একটি ব্যানার, সাতটি খালি মদের বোতল এবং এয়ারগানের গুলির মতো দেখতে ৪০টি ধাতব বস্তু জব্দ করা হয়েছে। ব্যানারে প্রধান অতিথি হিসেবে রনজিত সরকারের নাম উল্লেখ ছিল।

পুলিশের দাবি, উদ্ধার করা আলামত এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৈঠকের আয়োজক ও অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।

মামলায় রনজিত সরকারকে পাঁচ নম্বর আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়া, গোয়াইনঘাটের পূর্ব আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ এবং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য আলী হোসেন।

গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ফারুক আহমদ এবং উপজেলা তাঁতি লীগের সহসভাপতি মস্তাক আহমদের নাম রয়েছে।

এ ছাড়া ১২ নভেম্বর রাতে সিলেটের বটেশ্বর এলাকা থেকে ছাত্রলীগের খাদিমপাড়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক প্রণয় সরকার জয় গ্রেপ্তার হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন: ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রনজিত সরকারের দেশে প্রবেশ ও ফিরে যাওয়ার বিষয়টি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে মামলার তথ্য ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি তিনি কীভাবে দেশে প্রবেশ করলেন, কোথায় অবস্থান করলেন এবং কীভাবে আবার দেশত্যাগ করলেন, তা নিয়ে তদন্ত চলছে।

গোয়েন্দা সূত্রের দাবি, সীমান্তবর্তী এলাকার একটি পথ ব্যবহার করে তিনি দেশে প্রবেশ করেছিলেন। তবে তার প্রবেশ ও ফিরে যাওয়ার পুরো প্রক্রিয়া এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) আহসান হাবীব পলাশ বলেছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ অনুপ্রবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চক্রান্ত প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নির্বাচিত

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সাঘাটায় মজলিসের খাবার খেয়ে পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আক্রান্তদের মধ্যে ১১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া অনেকে গাইবান্ধা সদর হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৬ নভেম্বর রাত ১১টার দিকে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বোনারপাড়া ইউনিয়নের কালপানি এলাকার আব্দুল বাবলু ব্যাপারীর ছেলে জাহিদুল ইসলাম। তাঁর মৃত্যুতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কালপানি নয়াপাড়া গ্রামে মজলিসের আয়োজন করা হয়।

স্থানীয়দের ভাষ্য, মজলিসে খাবার খাওয়ার পর থেকেই একে একে অতিথিরা অসুস্থ হতে শুরু করেন। প্রথমে তাঁদের পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা দেখা দেয়। পরে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকলে অনেককে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

মজলিসে অংশ নেওয়া আশিক মিয়া বলেন, মজলিস থেকে বাড়ি ফেরার পর তাঁর পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। তাঁর ধারণা, খাবারের সমস্যার কারণেই এমনটি হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আফতাব আলী জানান, ওই আয়োজনে অংশ নেওয়ার পর তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় এক হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। অনেকের খোঁজখবর নিয়ে তাঁর ধারণা, ৫০০ থেকে ৬০০ মানুষ অসুস্থ হয়ে থাকতে পারেন। তাঁদের অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আবার অনেকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এত মানুষের আয়োজন করতে গিয়ে কী থেকে কী হয়ে গেল! অবশ্যই তাঁদের আরও সতর্কতার সঙ্গে আয়োজন করা উচিত ছিল।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিতরণের জন্য ২০০টি স্যালাইন দেওয়া হয়েছে। রোগীদের সুস্থতার জন্য প্রয়োজনীয় ট্যাবলেটসহ যাবতীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। তাঁর জানামতে, গত পাঁচ বছরের মধ্যে এত রোগী একসঙ্গে ভর্তি হয়ে চিকিৎসা নেননি।


নির্বাচিত

banner close