রোববার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রাহায়ণ ১৪৩৩

বিটিআরসির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান

ছবি: মেজর জেনারেল (অব.) ওয়াহিদ-উজ-জামান।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬ ১৭:৩৬

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। একই সঙ্গে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে তাকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এ নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ নভেম্বর থেকে বাতিল।


নির্বাচিত

যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে কাজীদের লাইসেন্স বাতিল: ত্রাণমন্ত্রী

ছবি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আর নয় বাল্যবিবাহ। যদি কোন কাজী বাল্যবিবাহ করান তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে হুশিয়ারি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুধু বাল্যবিবাহ নয়, যৌতুক পাইয়ে দিতেও যদি কোনো কাজী সহযোগিতা করেন তবে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিবে সরকার। গত শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত লালমনিরহাট-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজীদের উদ্দেশে এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্ট্রার কাজীদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিক বয়স যাচাই-বাছাই করে সঠিকভাবে বিয়ে রেজিস্ট্রি করে বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে বিয়ের কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ। সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো এখন ধ্বংসের পথে। আসাদুল হাবিব দুলু বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না। অবকাঠামোর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলে প্রকৃত উন্নয়ন হবে এবং উন্নয়ন সার্থক হবে। তখনে হবে আলোকিত লালমনিরহাট। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি আমরা উন্নয়নমূলক কাজও করছি।

মন্ত্রী বলেন, সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট সারাদেশে ছড়িয়ে দিতে ইতোমধ্যে অন্য জেলার জেলা প্রশাসকরা আমাদের জেলায় এসেছেন। এর লক্ষ্য ও কার্যক্রম দেখে তারা অভিভূত হয়ে তাদের জেলায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি করি কিন্তু তার টাকার উৎস খুঁজি না। এমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ঘুষের টাকা মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। সামাজিকভাবে এসব বিশ্লেষণ করা দরকার। মাদক খাব, নামাজ পড়ব তা এক সাথে যায় না। তাই সমাজকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত করতে হবে। নিজের বিবেককে পাহারাদার বানান, তাহলে অপরাধে ধাবিত হবেন না। নিজের বিবেক সব চেয়ে বড় পাহারাদার।

আলোকিত লালমনিরহাটের আন্দোলনে দুই-একজন মাদকসেবী থাকতে পারে। যদি কেউ থেকে থাকেন তিনি যেন স্বেচ্ছায় ইস্তফা নেন। আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


নির্বাচিত

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুবি প্রতিনিধি

সারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের মূল ফটক প্রদক্ষিণ করে গোল চত্বরে গিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সদস্য সচিব ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সঞ্চালনায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. কাউছার আহম্মেদ পাটওয়ারী, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মো. হারুন, বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মহিউদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মো. জনি আলম, ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, ‘২০২৬ সালের নির্বাচনের পর দেশে সৃষ্ট গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিহত করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’ তারা দেশে আইনের শাসন, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন বলেন, ‘আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। বাংলাদেশ এখন নামে মাত্র স্বাধীন। আইনের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই বিশৃঙ্খলায় যারা কাজ করছেন, তাদের প্রতিহত করতে হবে। সচেতন নাগরিক হিসেবে আজ আমরা শিক্ষকরা দাঁড়িয়েছি।’

ইউট্যাব, কুবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘বিগত ১৭ বছরে যে জায়গায় মানুষের প্রতিবাদ ও আশঙ্কা ছিল; তা হলো ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সুশাসনের অধিকার। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের পর এ দেশে স্থিতিশীলতা এসেছে। বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক আবহ তৈরি হয়েছিল। সেই আবহকে নস্যাৎ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী যারা ’২৪-এ পরাজিত হয়ে নির্বাসিত হয়েছে, তারা অপতৎপরতা চালাচ্ছে।’


নির্বাচিত

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘খুলনার কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় রোববার ৬টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংসসহ ৮টি পা, ২টি মাথা এবং ২টি হরিণের চামড়া জব্দ করা হয়। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।’

তিনি আরও বলেন, ‘বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’


নির্বাচিত

আগাম সবজির আবাদে সবুজ সিরাজগঞ্জ, কমছে বাজারদর

* ২ হাজার ৯১১ হেক্টরে আগাম সবজি, আরও ৬ হাজারে প্রস্তুতি
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গোলাম মোস্তফা রুবেল, সিরাজগঞ্জ

শীতের আগমনী বার্তা পুরোপুরি শুরু না হতেই আগাম শীতকালীন সবজির আবাদে সবুজে ছেয়ে গেছে সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফসলের মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কোথাও ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, গাজর ও বেগুনের পরিচর্যা চলছে, আবার কোথাও খেত থেকে উঠছে আগাম সবজি। মৌসুম শুরুর আগেই বাজারে সবজি তুলতে পারায় শুরুতে ভালো দাম পেয়েছেন কৃষকেরা। তবে সরবরাহ বাড়তে থাকায় ইতোমধ্যে কমতে শুরু করেছে কয়েক ধরনের সবজির দাম। এতে একদিকে কৃষকের উৎপাদন নিয়ে আশার সঞ্চার হয়েছে, অন্যদিকে স্বস্তি ফিরছে ক্রেতাদের মধ্যে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সিরাজগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। ইতোমধ্যে জেলার নয়টি উপজেলায় ২ হাজার ৯১১ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের আগাম সবজি চাষ করা হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ৬ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের প্রস্তুতি চলছে। গত বছরের একই সময়ে আগাম সবজির আবাদ ছিল ২ হাজার ১৮৬ হেক্টর। সে হিসাবে এক বছরের ব্যবধানে আবাদ বেড়েছে ৭২৫ হেক্টর।

কৃষি অফিস জানায়, এবার সবচেয়ে বেশি আগাম সবজির আবাদ হয়েছে রায়গঞ্জ উপজেলায়। এ উপজেলায় ৬৮৫ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এছাড়া কাজীপুরে ৬৭০ হেক্টর, উল্লাপাড়ায় ৪৭৫ হেক্টর, কামারখন্দে ৩০৫ হেক্টর, শাহজাদপুরে ২৯৫ হেক্টর, সিরাজগঞ্জ সদরে ১৭০ হেক্টর, তাড়াশে ১৭০ হেক্টর, বেলকুচিতে ১৩০ হেক্টর এবং চৌহালীতে ১১ হেক্টর জমিতে আগাম সবজির আবাদ হয়েছে।

সরেজমিনে সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে শীতকালীন সবজির সমারোহ। কোথাও ফুলকপি ও বাঁধাকপির চারা বড় হচ্ছে, কোথাও মুলা ও শিমের খেত ভরে উঠছে। ভোরের আলো ফুটতেই কৃষকেরা নেমে পড়ছেন মাঠে। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ সেচ দিচ্ছেন, আবার কেউ ফসলের পরিচর্যায় ব্যস্ত। অনেক কৃষক ইতোমধ্যে খেত থেকে সবজি তুলে বাজারজাত করছেন। পাশাপাশি নতুন করে চারা রোপণেও ব্যস্ত সময় পার করছেন তারা।

রায়গঞ্জ উপজেলার হাসিল গ্রামের কৃষক রেজাউল করিম আগাম ফুলকপির খেতে পরিচর্যার সময় বলেন, এবার তিনি ৩৫ শতক জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই এসব সবজি বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা করছেন।

একই গ্রামের কৃষক আব্দুল আওয়াল বলেন, ৩ বিঘা জমিতে ফুলকপি ও মুলা চাষ করেছেন। কার্তিক মাসের শুরু থেকেই নিয়মিত বাজারে সবজি বিক্রি করছেন। অন্যান্য সময়ের তুলনায় এবার দামও ভালো পেয়েছেন।

সদর উপজেলার বহুলী এলাকার কৃষক জহুরুল ইসলাম বলেন, এবার আগাম সবজির ফলন বেশ ভালো হচ্ছে। বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে। কিন্তু সার, কীটনাশক ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে। কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে রাখা গেলে কৃষকেরা আরও বেশি লাভবান হতে পারবেন।

এদিকে, আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় জেলার কাঁচাবাজারেও পড়েছে এর প্রভাব। সপ্তাহের ব্যবধানে ফুলকপি, কাঁচামরিচ ও লাউয়ের দাম কমেছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে ফুলকপি প্রতি কেজি ৬০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা যথাক্রমে ৪০ ও ৫০ টাকায় নেমেছে। লাউয়ের দামও ৩০ থেকে ৪০ টাকা থেকে কমে প্রতিটি ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচাবাজার ব্যবসায়ী হাতেম আলী জানান, বর্তমানে হল্যান্ডের আলু প্রতি কেজি ২০ টাকা, দেশি আলু ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, ফুলকপি ৪০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা, শসা ৪০ টাকা, মুলা ২০ টাকা ও পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এছাড়া পালংশাক তিন আঁটি ২০ টাকা।

ব্যবসায়ী মজিবর শেখ বলেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এক মাস আগে ফুলকপি প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি হলেও এখন ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দুই মাস আগে কাঁচামরিচের কেজি ছিল ১২০ টাকা, বর্তমানে তা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গাজর ১৬০ টাকা ও টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা (উপ-সহকারী) কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত ৬৮৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। চাষিরা এখন কোমর বেঁধে মাঠে নেমেছেন। কে কত ভালো ফলন ফলাতে পারেন, তা নিয়ে কৃষকদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে। এখন পর্যন্ত আবহাওয়া সবজি চাষের জন্য বেশ উপযোগী রয়েছে। কৃষকদের নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (উপ-পরিচালক) একেএম মনজুরে মাওলা বলেন, সিরাজগঞ্জের মাটি ও উঁচু জমি সবজি চাষের জন্য বেশ উপযোগী। এ অঞ্চলে সবজি উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কৃষকেরা যাতে আগাম সবজি চাষ করে ভালো ফলন ও ন্যায্যমূল্য পান, সে লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।


নির্বাচিত

বাবার হত্যার বিচার চান কুবি শিক্ষার্থী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সাজিদুর রহমান, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিয়া আক্তারের বাবা মো. হাবিবুর রহমান হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো বিচার না পাওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করলেও এখন পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট এবং আসামি গ্রেপ্তার হয়নি বলে দাবি পরিবারের। এ অবস্থায় বাবার হত্যার বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন তানিয়া।
নিহত মো. হাবিবুর রহমান (৬৯) জামালপুর সদর উপজেলার রায়েরচর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জামালপুর পৌরসভায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ২৩ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে জামালপুর সদর উপজেলার নারান্দি ইউনিয়নের নামা কোচনবাড়ী এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ে ছাতিয়ানতলা গ্রামের নদীর বালুচরসংলগ্ন পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।
পরিবারের দাবি, মরদেহ উদ্ধারের পর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, জিভ কাটা, চোখ উপড়ে ফেলা এবং মুখে অ্যাসিড নিক্ষেপের মতো নৃশংসতার চিহ্ন দেখতে পান তাঁরা। তাঁদের ধারণা, হাবিবুর রহমানকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ রাশেদা বেগম (৫৫) বাদী হয়ে জামালপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্বামী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে নদীতে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে শনাক্ত করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ২৪ অক্টোবর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তবে পরিবারের অভিযোগ, ঘটনার এত দিন পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সন্দেহভাজনদের বিষয়ে তথ্য দেওয়া হলেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা নেওয়া হয়নি। বরং অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি ময়নাতদন্তের প্রতিবেদনও পরিবারের হাতে পৌঁছায়নি। প্রতিবেদন সংগ্রহ করতে চার লাখ টাকা চাওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। পরিবারের দাবি, আর্থিক অসচ্ছলতার কারণে এত টাকা দিয়ে প্রতিবেদন সংগ্রহ করা তাঁদের পক্ষে সম্ভব নয়।
বাবা হত্যার বিচার চেয়ে তানিয়া আক্তার বলেন, ‘আমার বাবাকে তো আর ফিরে পাব না। কিন্তু যারা আমার বাবাকে এভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই। ঘটনার এত দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার পাশে দাঁড়ান। আমি আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই।’
তিনি আরও বলেন, বাবার হত্যাকাণ্ডের পর থেকে তাঁর পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব বলেন, ‘মামলার কার্যক্রম এখনো চলমান রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে।’
পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহে চার লাখ টাকা দাবির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমাদের কাজ নয়, ফরেনসিক বিভাগের কাজ। এ বিষয়ে তারাই বলতে পারবেন। আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ করছি। তদন্তের কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।’


নির্বাচিত

শ্রমিক আন্দোলনে গাজীপুরে নতুন করে ২৯ পোশাক কারখানা বন্ধ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৫ নভেম্বর, ২০২৬ ১৩:৩৫
অনলাইন ডেস্ক

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ নানা দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৩টি কারখানায় শনিবার রাতে এবং অবশিষ্ট ১৬টি কারখানায় রোববার সকালে বন্ধের নোটিশ দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার (১৫ নভেম্বর) সকালে কয়েকটি স্থানে শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন। শনিবার রাতেই ১৩টি কারখানার শ্রমিকদের জানিয়ে দেওয়া হয়েছিল যে রোববার থেকে কারখানা বন্ধ থাকবে; এরপর সকালে আরও ১৬টি কারখানা বন্ধের ঘোষণা আসে। সকালে কর্মস্থলে যোগ দিতে এসে শ্রমিকেরা কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান এবং ভেতরে প্রবেশ না করেই ফিরে যেতে বাধ্য হন। কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কারখানা পুনরায় চালু হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত মাসের শেষ দিকে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। রাজধানীর মিরপুরসহ গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়া এই আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নেয় এবং এতে একজন শ্রমিক নিহত হন। বিগত কয়েক দিন ধরেই গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। এর অংশ হিসেবে শনিবারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। একই দিন এর আগে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ এবং আরও সাতটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলগুলোতে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

চলমান অস্থিরতার পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, শিল্পের নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না; এ কারণে শ্রম অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা কিংবা পুরো প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে পারবেন এবং এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

এদিকে শ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন এবং সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নির্বাচিত

রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিয়ে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রাণ হারানো ওই দুই যাত্রী হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

নিহত শাকিব বসুনিয়ার বড় ভাই শাকিল বসুনিয়া জানান, তাঁর ছোট ভাইসহ এলাকার মোট ছয়জন কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়িতে ফিরছিলেন। তাঁদের চাচা আতিকের কাছে তিন লাখ টাকা ছিল। বাসটি তারাগঞ্জ পার হওয়ার পর অন্য সব যাত্রীকে নামিয়ে দিয়ে আতিককে জিম্মি করা হয়। এ সময় মুকুল ও শাকিব তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে দুজনকেই লাথি ও ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে চিকলী এলাকায় স্থানীয় বাসিন্দা এবং পথে থাকা একটি মাইক্রোবাসের যাত্রীরা মিলে বাসটিকে আটকে দেন।

ঘটনার বিবরণ দিয়ে বাসের যাত্রী আতিক ইসলাম বলেন, ‘আমার কাছে টাকা থাকায় বাস থেকে আমাকে নামানো হয়নি। তবে বাসের হেলপার ও সুপারভাইজার আমাকে জিম্মি করেন এবং গলায় গামছা পেঁচিয়ে ধরেন। এ সময় মুকুল ও শাকিব আমাকে বাঁচাতে এগিয়ে এলে চলন্ত বাস থেকে লাথি মেরে তাদের ফেলে দেওয়া হয়। পরে আমি চিৎকার করলে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন বাসটি আটক করেন। বাসটি আটকানো না হলে আমাকেও ফেলে দেওয়া হতো।’

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে সড়কের পাশে পড়ে থাকা দুইজনের মধ্যে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জানান, এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

বিষয়:

নির্বাচিত

হিলি স্টেশনে স্বাধীনতার পর প্রথম ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি

আনন্দঘন মুহূর্তে যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দিনাজপুর প্রতিনিধি

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার পর প্রথমবারের মতো দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি আরম্ভ হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজধানীমুখী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি থামার মধ্য দিয়ে ঐতিহাসিক এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটে।

স্টেশনে প্রথমবার আন্তঃনগর ট্রেন থামার এমন আনন্দঘন মুহূর্তে যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা।

হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবং রেলওয়ের রাজস্ব আয়ের দিকটি বিবেচনায় রেখে গত ২৮ অক্টোবর স্টেশনটিতে ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেয় কর্তৃপক্ষ। আজ থেকে ট্রেন দুটির আনুষ্ঠানিক যাত্রাবিরতি কার্যকর হওয়ায় হিলিসহ আশপাশের অঞ্চলের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের ভাষ্যমতে, ব্রিটিশ আমলে নির্মিত গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢাকাগামী কোনো আন্তঃনগর ট্রেন থামত না। এর ফলে হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহারকারী যাত্রী, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঢাকায় যাতায়াতের জন্য পার্শ্ববর্তী বিরামপুর কিংবা জয়পুরহাটের পাঁচবিবি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হতো। এতে তাদের বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি তীব্র ভোগান্তি পোহাতে হতো।

নতুন এই যাত্রাবিরতি চালুর মাধ্যমে রাজধানীর সঙ্গে হিলির সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হলো বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

নির্বাচিত

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৬ কারখানা বন্ধ ঘোষণা, বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গাজীপুর প্রতিনিধি

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ছয়টি শিল্প-কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলায় ২১ জন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে ছয়টি কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি জানান, বন্ধ ঘোষিত ছয়টি কারখানার তালিকা তাঁদের হাতে রয়েছে। ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির আওতায় শুধু আজকের দিনের জন্য কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে এবং পরিবেশ অনুকূলে এলে কর্তৃপক্ষ সেগুলো পুনরায় চালু করবে।

তবে এখন অবধি কোনো কারখানায় শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়নি; সার্বিক অবস্থা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শিল্প পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রবিবারও বেশ কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে অসন্তোষ প্রকাশ করছেন এবং কোথাও কোথাও কাজ থেকে বিরত থেকে বসে রয়েছেন।

পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে শিল্প পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কারখানা বন্ধের আনুষ্ঠানিক নোটিশ না পাওয়া পর্যন্ত সেগুলোকে বন্ধ হিসেবে বিবেচনা করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন নিশ্চিত করেছেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


নির্বাচিত

মুন্সীগঞ্জে 'বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬' উদযাপন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১৫ নভেম্বর, ২০২৬ ১১:০৩
আনোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার ১৪ই নভেম্বর ২০২৬ ইং সকাল আটটা ত্রিশ থেকে দুপুর একটা পর্যন্ত রোগীদের বিনা মূল্যে রক্ত পরীক্ষা সহ ডায়বেটিস রোগীদের পরীক্ষা চলছে।ডায়াবেটিকসে স্লোগান দেরি নয় ব্যবস্থা নিন এখনই,ডায়াবেটিস একটি মরণ রোগ। এই ডায়াবেটিস প্রথম থেকে যদি সতর্ক না হয়ে ডায়াবেটিস চিকিৎসা না করে তাহলে মানুষের জীবনের একটি বড় অংশ ক্ষতি হতে থাকে, সাধারণ জনগণকে র‍্যালির মাধ্যমে সচেতন করা হয়।

র‍্যালিতে অংশ নেন অ্যাডভোকেট তোতামিয়া সাধারণ সম্পাদক ডায়াবেটিক সমিতি মুন্সীগঞ্জ। মামুনুর রশিদ সিনিয়র সহ-সভাপতি ডায়াবেটিস সমিতি মুন্সিগঞ্জ। আনোয়ার হোসেন সহ-সভাপতি ডায়াবেটিস সমিতি মুন্সিগঞ্জ। ডাক্তার একে এম হাসান হাফিজুল রহমান সিনিয়র মেডিকেল অফিসার। ডাক্তার ফারজানা হক সিনিয়র মেডিকেল অফিসার। ডাক্তার মোঃ আব্দুল হালিম মেডিকেল অফিসার। ডাক্তার এ কে এম মফিজুল ইসলাম তত্ত্বাবধায়ক। এডভোকেট হাবিবুর রহমান সিনিয়র আইজিবি সিলমন্দির আলোক সংঘ মুন্সিগঞ্জ। অ্যাডভোকেট আশরাফুল ইসলাম অর্থ ‌সম্পাদক ডায়াবেটি সমিতি মুন্সিগঞ্জ। অ্যাডভোকেট আজিজুল হক হক রাজিব সদস্য ডায়াবেটিক সমিতি মুন্সিগঞ্জ। হেলাল উদ্দিন সদস্য ডায়াবেটি সমিত মুন্সীগঞ্জ। এডভোকেট আবুল হোসেন সাধারণ সম্পাদক প্রবীণ হে দেশী মুন্সিগঞ্জ জেলা। সারওয়ার জাহান কামাল সভাপতি মুন্সিগঞ্জ শহর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। মঞ্জুর মোর্শেদ প্রশাসনিক কর্মকার ডায়াবেটিক সমিতি মুন্সিগঞ্জ। মোহাম্মদ শাজাহান সাধারণ সম্পাদক সতাযৃ সংঘ মুন্সীগঞ্জ। আরো উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।


নির্বাচিত

আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামের পুলিশ সুপার গ্রেপ্তার

রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের পুলিশ সুপার জাহাঙ্গীর গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চট্টগ্রাম ব্যুরো

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়েরের পর শনিবার দিবাগত গভীর রাতে নগরীর অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এবং পাঁচলাইশ থানা পুলিশের একটি যৌথ দল।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন সাপেক্ষে শনিবার রাত সাড়ে দশটার দিকে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় এই রাষ্ট্রদ্রোহ মামলাটি নথিভুক্ত করেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবারই পেয়েছি। মামলার পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেছে।’

এর আগে গত মঙ্গলবার স্পর্শকাতর তথ্য ফাঁসের প্রাথমিক অভিযোগ পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিনই তাঁর ব্যক্তিগত ও সরকারি কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করে বিস্তারিত ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পাশাপাশি এই কর্মকর্তার সামগ্রিক কর্মকাণ্ডের বিষয়ে বিভাগীয় তদন্ত পরিচালনা করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন জাহাঙ্গীর আলম। নতুন এই মামলার তদন্তভার পুলিশের বিশেষায়িত দল এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিটের ওপর ন্যস্ত করা হতে পারে। উল্লেখ্য, এর আগে একই ধরনের রাষ্ট্রবিরোধী তথ্য ফাঁসের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছিল এবং তিনিও বর্তমানে কারাবন্দী রয়েছেন।

বিষয়:

নির্বাচিত

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও তার বাবা আবদুল হালিম। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় শনিবার (১৪ নভেম্বর) এ মামলা দায়ের করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)।

মামলায় আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।

ইদ্রিস আলী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করে নিয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।

এজাহারে আরও বলা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। নিরাপত্তাহীনতা ও ভয়ের কারণে এত দিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি।

বাদী ইদ্রিস আলী বলেন, ‘আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার জন্যই থানায় মামলা করেছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হালিম বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেকের সঙ্গেই বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে জানি।’

আবদুল হালিম আরও বলেন, ‘ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী। এ ব্যাপারে আমি এখনো বিস্তারিত কিছু জানি না।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে মামলাটি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী বলেন, তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নির্বাচিত

banner close