বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টগ্রামে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন

ছবি: দৈনিক বাংলা
​অষ্টগ্রাম-মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত
​অষ্টগ্রাম-মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬ ১৭:৩৩

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চা বাড়াতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক), কিশোরগঞ্জের অর্থায়নে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি, অষ্টগ্রামের সহযোগিতায় অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসব সততা স্টোর উদ্বোধন করা হয়।

​দুর্নীতি প্রতিরোধ কমিটি, অষ্টগ্রামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আতাউল গনির সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোহাম্মদ মহিবুল্লাহ।

​এ সময় আরও বক্তব্য রাখেন অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আবসার, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটি অষ্টগ্রাম শাখার সাবেক সভাপতি রেজাউল করিম সেলিম এবং অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অজিত দত্ত প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের শৈশব থেকেই সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সততা স্টোরের গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধন ও আলোচনা সভা শেষে সততা সংঘের সদস্যদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি বিগত অর্থবছরে প্রতিষ্ঠিত উপজেলার রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের সততা স্টোর পরিদর্শন করা হয়।


নির্বাচিত

অবহেলায় ধ্বংসের পথে সোনারগাঁয়ের ঐতিহাসিক ক্রোড়িবাড়ি টাঁকশাল

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সজিব হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রাচীন বাংলার মুদ্রা তৈরির ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক ক্রোড়িবাড়ি টাঁকশাল। একসময় যে স্থাপনায় তৈরি ও সংরক্ষিত হতো মুদ্রা, কালের বিবর্তনে সেই স্থাপনাই এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। অযত্ন-অবহেলা, সংস্কারের অভাব এবং জমির মালিকানা নিয়ে বিরোধে হারিয়ে যেতে বসেছে কয়েক শতাব্দীর পুরোনো এ ঐতিহাসিক নিদর্শন। স্থানীয়দের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও স্থাপনাটি রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।

সোনারগাঁ পৌরসভার আমিনপুর গ্রামে ঐতিহাসিক পানাম নগরের কাছে অবস্থিত এ স্থাপনাটি স্থানীয়ভাবে ‘ক্রোড়িবাড়ি’ নামে পরিচিত। ইতিহাসবিদদের মতে, সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক-বাণিজ্যিক কেন্দ্র থাকাকালে এখানে মুদ্রা তৈরির জন্য দুটি টাঁকশাল গড়ে উঠেছিল। একটি ছিল আমিনপুরে, অন্যটি জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায়। সময়ের ব্যবধানে মহজমপুরের টাঁকশালটি বিলীন হয়ে গেছে। অন্যদিকে আমিনপুরের ক্রোড়িবাড়ি এখনো টিকে থাকলেও সংরক্ষণের অভাবে এর অস্তিত্ব হুমকির মুখে।

স্থানীয় সূত্র ও প্রত্নতাত্ত্বিক বিবরণ অনুযায়ী, সোনারগাঁয়ে মুসলিম শাসনামলে মুদ্রা উৎপাদনের প্রচলন ঘটে। বিশেষ করে ইলিয়াস শাহী বংশের শাসনামলে এ অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়। ১৩৫৩ খ্রিষ্টাব্দে বাংলায় ইলিয়াস শাহী শাসনের সূচনা হয়। এ বংশের অন্যতম শাসক সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে সোনারগাঁয়ে নিজস্ব মুদ্রার প্রচলন ঘটে বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে।

একসময় সোনারগাঁয়ের টাঁকশাল থেকে উৎপাদিত মুদ্রা প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহৃত হতো। সেই সমৃদ্ধ ইতিহাসের স্মারক হিসেবে দাঁড়িয়ে থাকা ক্রোড়িবাড়ি এখন অবহেলার শিকার।

সরেজমিনে দেখা যায়, ক্রোড়িবাড়ির পুরোনো ভবনটির দেয়ালে জন্মেছে বটগাছ, চারপাশে ছড়িয়ে আছে আগাছা ও লতাপাতা। দেয়ালের বিভিন্ন অংশ ক্ষয়ে গেছে। ভবনের গায়ে রয়েছে লতাপাতা ও নানা ধরনের অলংকরণ, ঢেউখেলানো খিলান এবং বাজপাখি ও পদ্মফুলের খোদাই করা প্রতিকৃতি। ভেতরে রয়েছে অসংখ্য ছোট ছোট খুপরি ও কুঠুরি। ভূগর্ভস্থ কুঠুরিগুলোতে একসময় সরকারি মুদ্রা ও সোনার মোহর রাখা হতো বলে ধারণা করা হয়।

ভবনটির উত্তর পাশে রয়েছে বিশাল একটি দিঘি। একসময় দিঘির চারপাশে শান বাঁধানো ঘাট ছিল। বর্তমানে ঘাটের অধিকাংশ চিহ্ন হারিয়ে গেছে। পুরো স্থাপনাটি সংস্কার ও সংরক্ষণের অভাবে ক্রমেই জীর্ণ হয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের কাছে ভবনটি ক্রোড়িবাড়ি নামেই পরিচিত। মোগল সম্রাট আকবরের আমলে পরগনার রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব সংগ্রাহকদের পদবি ছিল ‘ক্রোড়ি’। ১৫৭৪ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর ১৮২ জন ক্রোড়ি নিয়োগ করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। ধারণা করা হয়, তাঁদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই স্থাপনাটির নাম হয়েছে ক্রোড়িবাড়ি।

ঐতিহাসিক স্থাপনাটির জমির মালিকানা নিয়ে রয়েছে বিরোধ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ একর ৮১ শতাংশ জমির ওপর অবস্থিত ক্রোড়িবাড়ির একটি অংশ নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। স্থানীয় পৌরসভা জমিটি অধিগ্রহণ করে সেখানে পৌরভবন নির্মাণের উদ্যোগ নিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

বাড়িটির তত্ত্বাবধায়ক সুমনের ভাষ্য অনুযায়ী, জমিটির মালিক ছিলেন মৃত অমল দাস গুপ্ত। বর্তমানে তাঁর ছেলে অসীম দাস গুপ্ত উত্তরাধিকার সূত্রে সম্পত্তিটি দেখভাল করছেন।

তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন অসীম দাস গুপ্ত। তাঁর দাবি, এসএ ও আরএস রেকর্ড অনুযায়ী জমিটি তাঁর পূর্বপুরুষদের নামে রয়েছে। ১৯১২ সালের দিকে তাঁর বাবা নিজের নামে রেকর্ড করান। পরে উত্তরাধিকার সূত্রে তিনি জমিটি দেখভাল করছেন। এখানে কোনো টাঁকশাল ছিল বলে তিনি কখনো শোনেননি বলেও জানান।

অন্যদিকে স্থানীয় ইতিহাসবিদদের দাবি, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় স্থাপনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণের আওতায় আনা প্রয়োজন। তাঁদের মতে, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকলেও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন স্থাপনাটির ইতিহাস ও স্থাপত্য সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া জরুরি।

সোনারগাঁয়ের লেখক ও ইতিহাস গবেষক শামসুদ্দোহা চৌধুরী বলেন, ক্রোড়িবাড়ি টাঁকশাল সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এ ভবন দেখতে দেশি-বিদেশি ইতিহাসবিদ ও পর্যটকদের আগ্রহ রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। সরকারের উচিত দ্রুত ভবনটি সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া।

সোনারগাঁ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর বলেন, সোনারগাঁয়ের দুটি ঐতিহাসিক টাঁকশালের মধ্যে একটি ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। অন্যটিও অবহেলায় বিলীন হওয়ার পথে। ক্রোড়িবাড়ি সংস্কার করে সংরক্ষণ করা না হলে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হারিয়ে যাবে।

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক শাহেদ কায়েস বলেন, সোনারগাঁয়ের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ক্রোড়িবাড়ি টাঁকশাল সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এখনো যথাযথভাবে সংরক্ষণের আওতায় না আসা দুঃখজনক।

সোনারগাঁ পানাম নগরীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান বলেন, ক্রোড়িবাড়ি টাঁকশালটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রত্নস্থাপনার আওতাভুক্ত। তবে বর্তমানে স্থাপনাটির অবস্থা বেশ জরাজীর্ণ। এটি সংস্কারের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। আশা করছি, খুব শিগগিরই প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে।


নির্বাচিত

ফেনীতে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

‘দক্ষ যুব গড়বে দেশ; সবার জন্য বাংলাদেশ, সংঘাত নয়; শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে দেশের ৬টি জেলার ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়কদের নিয়ে ফেনীর একটি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক তায়বুল হক।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুজনের ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নুর লুবনা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফেনীর উপপরিচালক মো. জাকির হোসেন।

দ্য হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মো. রাসেল আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।

বক্তারা বলেন, পৃথিবীতে কোনো মানুষ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য পরিবেশ, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্র ভালো থাকতে হয়। তাই সবাইকে নিয়ে ভালো থাকার আয়োজন করতে হবে। এই আয়োজনটা করার জন্য তরুণদের দায়িত্ব নিতে হবে, প্রস্তুতি নিতে হবে।

তারা বলেন, যাদের কথা আমার সাথে মেলে তার কথা আমাদের ভালো লাগে, আর যাদের কথা আমাদের সাথে মেলে না, তাদের কথায় আমরা উগ্র হয়ে যাই। এটি কোনোভাবেই হওয়া যাবে না। দেশের সকল মত ও পথের সকল মানুষের কথা শোনতে হবে। সবার কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে পারলে আমাদের সমাজ ও রাষ্ট্র আরও সুন্দর হয়ে যাবে।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে শান্তি সহায়ক তরুণদের পক্ষে বক্তব্য রাখেন, মানিকগঞ্জের জোবায়ের আহমেদ, মুন্সীগঞ্জের জারা, নরসিংদীর মাহফুজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জারিন মুনতাহা, কুমিল্লার মাহমুদুল হাসান, ফেনীর মিরাজ হোসেন ও আরিফ হোসেন শুভ।

অনুষ্ঠান শেষে সম্প্রীতি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী ১৫ তরুণকে ক্রেস্ট ও মেডেল তুলে দেন অতিথিরা।


নির্বাচিত

শিয়ালের হামলায় মারা গেল চিত্রা হরিণ বিজলী

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯-১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দ্বীপে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজারে শিয়ালের আক্রমণে গুরুত্বর আহত হয় বিজলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর দুধ খাইয়ে আদর-যত্নে তাকে বড় করে তোলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি। গত ৯-১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গড়ে উঠেছিল গভীর সখ্য। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল বিজলী। অনেকের কাছে সে ছিল পরিবারের সদস্যের মতো। তাকে ঘিরে স্থানীয়দের রয়েছে অসংখ্য স্মৃতি। আদর করে অনেকেই তাকে খাবার দিত। লোকালয়ে ঘুরে বেড়াত সে।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। বিজলীর মৃত্যুতে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


নির্বাচিত

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ৫০ কারখানায় ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি জানান, ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ৩৫টি কারখানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনাসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। পাশাপাশি সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকার সড়ক ও মহাসড়কে শ্রমিকেরা অবস্থান নিলে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা; একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


নির্বাচিত

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে; তবে এক স্থান থেকে ছত্রভঙ্গ করা হলেও শ্রমিকেরা অন্য স্থানে গিয়ে পুনরায় সড়ক অবরোধ করছেন। এর ফলে মহাসড়ক দুটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় জেলার ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, বুধবার সকালে নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে বিক্ষোভ শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়; পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকেরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়, এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় সেখানেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায় পোশাক শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকিং করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ প্রসঙ্গে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাজ করছে।


নির্বাচিত

নদীর নাব্যতা সংকটে হুমকির মুখে লাখো মানুষের জীবন-জীবিকা

* জোয়ারে নৌকা চলে, ভাটায় হেঁটে পার হন মানুষ * জেলেরা পড়ছেন চরম বিপাকে
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কলাপাড়া ও পটুয়াখালী প্রতিনিধি

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প্রায় ভরাট হয়ে গেছে ঐতিহ্যবাহী ধুলাসার নদী। ফলে হাজারো জেলেদের নিরাপদ পোতাশ্রয় ও মৎস্যজীবীদের একমাত্র পরিবহন ও যোগাযোগব্যবস্থায় ব্যবহৃত এই নৌপথটি এখন মরা খালে পরিণত হয়েছে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের পর সাগর মোহনা থেকে প্রতিদিন ঘাটে ফিরতে এই খালের ডুবচরে আটকে যাচ্ছে অসংখ্য মৎস্যবাহী ট্রলার। এমনকি প্রাকৃতিক দুর্যোগ অথবা সাগর উত্তাল হলে ওই খালে আশ্রয় নিতে আসা ট্রলারগুলো আটকে যাচ্ছে বালু চরে।

আর ঘাটে ফিরতে বিকল্প যাতায়াতব্যবস্থা না থাকায় ট্রলারেই প্রতিদিন পচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। ফলে এ খালটির ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন-জীবিকা এখন পড়েছে চরম হুমকির মুখে।

কলাপাড়া উপজেলার ধুলাসার ইউপির শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজার। এ বাজারেই প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মৎস্যজীবী মানুষ। নিত্যদিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এ বাজারসহ আসপাশের এলাকা। আর এই মৎস্য বাজারকে ঘিরেই জড়িয়ে আছে লাখো মানুষের জীবন-জীবিকা। তবে সম্প্রতি সময়ে এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে স্বস্তিতে ফিরতে পারছেন না জেলেরা।

ঘাটে ফেরার একমাত্র মাধ্যম ধুলাসার নদী বেহাল দশায় প্রতিদিন ডুবচরে আটকে গিয়ে কষ্টার্জিত মাছ খোয়াচ্ছেন সমুদ্রগামীরা। কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পচন ধরে আহরণকৃত মাছে। ফলে সঠিক সময়ে মাছ পরিবহন করতে না পারায় ঘাম ঝড়িয়েও লোকসান গুণছেন জেলেরা।

স্থানীয়রা বলছেন, এক সময়ের স্রোতের টান বয়ে চলা এই নদীটিতে এখন জোয়ারে প্রবেশ করা গেলেও ভাটিতে বদলে যায় সব চিত্র। তাই সাগরে খাটুনির পর ফের মাথায় করে মাছ পরিবহন করে অনেক সময় ঘাটে ফেরেন জেলেরা।

আর মৎস্যজীবী ও আড়ত মালিকরা বলছেন, শুধু মৎস্য খাতেই নয়, নদীটিতে প্রবেশ বা চলাচল বন্ধ হয়ে গেলে জীবন-জীবিকা নিয়ে চরম হুমকির মুখে পড়বে লাখো মানুষ। তাই প্রয়োজন খনন প্রক্রিয়ার।

সরেজমিনে কথা হলে জেলে সোবহান সিকদার জানান, এক সময়ে এই নদীর স্রোতের ডাকে বুকে কাঁপন ধরিয়ে দিত। আর এখন ভাটির সময় এপার থেকে ওপারে পায়ে হেঁটে পারাপার হয় অনেকেই। তিনি বলেন, ‘সাগর মোহনা দিয়ে প্রতিদিন নদীটিতে হাজারো মাছ ধরা ট্রলার প্রবেশ করে। কিন্তু চড়ে আটকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন জেলেরা। ফলে ঠিক সময় ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অসংখ্য মাঝিরা তাদের মাছ কম দামে বিক্রি করে। এ ছাড়া মাছ পচে যায় অনেকের, এতে জেলেরা কষ্ট করেও লোকসানে পড়ে।’

অপর এক মাঝি বলেন, ‘সাগর খারাপ হলে এবং ঝড়, বন্যা হলে ওই নদীতে আশ্রয় নিতে আসে হাজারো ট্রলার। ডুবোচরের কারণে নদীর মধ্যে প্রবেশ করতে না পেরে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের।’

বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, ‘এ খালটা এখন লাখো মানুষের জীবন-জীবিকায় প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ হাটে কোটি টাকার মাছের কারবার চলে। কিন্তু মোহনায় বালু ভরে এমনভাবে চর জেগেছে সেখান থেকে ট্রলার যাতায়াত প্রায় অসম্ভব। ভাটিতে বা জোয়ারে ছোট ট্রলার ঢুকলেও বড়গুলো প্রতিদিন আটকে যায়।’ তিনি বলেন, ‘এই নদীটি দ্রুত খনন না করলে অনেক জেলেদের পেশা পরিবর্তন করতে হবে।’

অপর ব্যবসায়ী হাজী মাসুদ জানান, শত বছরের পুরোনো এই বাজারটি টিকে আছে এই নদীটির ওপর নির্ভর করে। এটা কাউকে বলে বোঝানো যাবে না যে একটি নদীর জন্য কী পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চায় না।

আবার মহিপুর আলীপুর ঘাটে পৌঁছাতে তাদের বেশি পরিমাণ তেল পুরতে হয়। তাই অনেকে কয়েক কিলোমিটার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরে। এই দৃশ্য দেখাটাও কষ্টদায়ক।’ তিনি আরও বলেন, ‘এই বাজারকে কেন্দ্র করে লাখো মানুষের জীবিকা।’ কিন্তু ভরসা ধুলাসার নদীটি। তাই নদীটি খননের জন্য সরকারের কাছে জোর অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে জেলেদের ঘাটে ফেরায় করুণ দশার কথা বর্ণনা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুবচরের ফলে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতোমধ্যে উপরস্থ কর্মকর্তাকে অবহিত করেছি।’

যাতে দ্রুত নদীটির খননের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী খাজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই নদীটির জন্যও যেকোনো একজন প্রতিনিধি হয়ে আবেদন করলে আমরা পরীক্ষা করে ব্যবস্থা নিতে পারব।


নির্বাচিত

কোস্ট গার্ডের অভিযানে গাঁজা-হুইস্কিসহ আটক মাদক কারবারি

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভোলা প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে ভোলায় ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। গত সোমবার (২৩ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোলার সদর থানাধীন ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদী হয়ে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে, গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা, হুইস্কি ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ‘ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’


নির্বাচিত

সুন্দরবনে বনদস্যুদের অভয়ারণ্য, আতঙ্কে বনজীবী ও দর্শনার্থীরা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আবু সাইদ, সাতক্ষীরা

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। জীববৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য ও হাজারো মানুষের জীবিকার অন্যতম উৎস এই বন এখন বনদস্যুদের আতঙ্কে বিপর্যস্ত। জেলে, বাওয়ালি, মৌয়াল, ট্রলারমালিক থেকে শুরু করে পর্যটক—কেউই যেন পুরোপুরি নিরাপদ নন। তিন দিনের সরেজমিন ভ্রমণ, জেলে, ট্রলারমালিক, বনজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সুন্দরবনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে।

স্থানীয় বনজীবীদের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন এলাকায় একাধিক দস্যু বাহিনী সক্রিয়। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মাছ ধরা, কাঁকড়া আহরণ ও বনজ সম্পদ সংগ্রহে যাওয়া মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। কোথাও কোথাও বনে প্রবেশের জন্যও কথিত চাঁদা বা অনুমতি নিতে হচ্ছে। এসব বাহিনীর সঙ্গে স্থলভাগের সহযোগী চক্রের যোগাযোগ এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগও রয়েছে। এমনকি কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে দস্যুরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যায় বলেও স্থানীয়দের অভিযোগ।

সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও দস্যুদের তৎপরতার ভয়াবহতা উঠে এসেছে। গত ১৭ মার্চ ছয় জেলে এবং ২২ মে পৃথক অভিযানে ২১ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড। গত ২৭ অক্টোবর সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন এলাকায় পাঁচ জেলেকে জিম্মিদশা থেকে উদ্ধারের খবরও প্রকাশিত হয়েছে। অর্থাৎ অভিযান চললেও দস্যুতার ঝুঁকি এখনো কাটেনি।

এ পরিস্থিতির প্রভাব পড়েছে সুন্দরবননির্ভর হাজারো পরিবারে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও আশপাশের এলাকার অনেক জেলে জীবিকার তাগিদেও বনে যেতে ভয় পাচ্ছেন। কোথাও কোথাও জেলেদের মানববন্ধন ও প্রতিবাদের মাধ্যমে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবি জানানো হচ্ছে।

সম্প্রতি দুবলার চরের রাসমেলা ঘিরেও ছিল বাড়তি উদ্বেগ। গত সোমবার রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সীমিত সময়ের ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে কয়েকশ ট্রলার ও নৌযানে কয়েক হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। কিন্তু বনদস্যুদের আতঙ্কে নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেককে চর ছাড়তে হয়েছে। প্রশাসনের নজরদারি এবার চোখে পড়ার মতো থাকলেও বনের গভীরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই গেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, বন বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়মিত তৎপরতার পাশাপাশি গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান পরিচালনার সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে দস্যু দমনে বিচ্ছিন্ন অভিযান যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা।

সুন্দরবন রক্ষায় দস্যু বাহিনীর পাশাপাশি তাদের স্থলভাগের সহযোগীদের শনাক্ত, অর্থের লেনদেন অনুসন্ধান, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনা না করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে হবে। জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুন্দরবনের জীবিকা, পর্যটন ও জীববৈচিত্র্য—সবই দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়বে। সুন্দরবনকে দস্যুমুক্ত করা এখন উপকূলীয় মানুষের সময়ের দাবি।


নির্বাচিত

ফেনী ইউনিভার্সিটিতে স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার শুরু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ফেনী প্রতিনিধি

ফেনী ইউনিভার্সিটির উদ্যোগে তিন দিনব্যাপী ‘স্প্রিং-২০২৭ এডমিশন ফেয়ার’ শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের অ্যাডভাইজার আবদুস সাত্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ও স্প্রিং-২০২৭ এডমিশন প্রমোশনাল অ্যাক্টিভিটিজ কমিটির আহবায়ক মো. মাহবুবুর রহমান (টিপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. হাসান আহমেদ এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সাত্তার বলেন, ফেনী ও পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত উচ্চশিক্ষা পৌঁছে দিতে ফেনী ইউনিভার্সিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ফেনী ইউনিভার্সিটি যুগোপযোগী পাঠ্যক্রম ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করছে। ফেয়ারে শিক্ষার্থীরা সরাসরি বিভাগীয় শিক্ষকদের সাথে কথা বলে নিজেদের পছন্দের বিষয় বেছে নেওয়ার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এডমিশন ফেয়ার আগামী ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ফেয়ার চলাকালীন শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন সুবিধা, ভর্তি ফির ওপর ৫০শতাংশ বিশেষ ছাড়, টিউশন ফির ওপর এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ১০০শতাংশ পর্যন্ত স্কলারশিপ এবং সকল আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে টিউশন ফির ওপর ফ্ল্যাট ২০শতাংশ ওয়েভার থাকবে।

বর্তমানে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ইইই, সিএসই, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, এলএলবি ও বিএ (অনার্স) ইন ইংলিশ এবং পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ে এমবিএ, আরএমবিএ, ইএমবিএ, এমএ ইন ইংলিশ, এমএসসি ইন ম্যাথমেটিক্স ও পিজিডি ইন এলআইএস (LIS) প্রোগ্রামে ভর্তি চলছে। ফেয়ারে সরাসরি বিভাগীয় শিক্ষকদের কাছ থেকে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুযোগও পাবেন শিক্ষার্থীরা।


নির্বাচিত

এদেশকে আরো সুন্দরভাবে গড়ে তোলতে হবে

* ঢাকা বিভাগীয় কমিশনার
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নরসিংদী প্রতিনিধি

ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জামান মিঞা বলেছেন, দীর্ঘদিন পর আমরা একটি গণতান্ত্রিক সরকার পেয়েছি। বর্তমান সরকার এদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন-তাই সরকারের পাশাপাশি আমাদেরকেও এদেশকে কিভাবে আরো সুন্দর করে গড়ে তেলা যায় সেই দিকে আমাদের লক্ষ্য এগিয়ে যেতে হবে।

তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নরসিংদী জেলার বিভিন্ন দপ্তর প্রধানগনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তাহের সামসুজ্জামান, নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন (উপসচিব) মো: সফিউল্লাহ, নরসিংদীর সিভিল সার্জন ডা: বুলবুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কলিমুল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মো. রাশেদুল হক রিন্টু, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী জেল সুপার মো. তারেক কামাল, এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে নরসিংদী জেলার সকল দপ্তরের কর্মকর্তা এবং সকল উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরো বলেন, নরসিংদীর আইন শৃংখলা পূর্বে চেয়ে অনেকটা উন্নত হয়েছে। অতীত কখনও ফিরে আসে না। বর্তমানকে বুকে ধারন করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে। তিনি বলেন নরসিংদীর সকল সমস্যার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নরসিংদী অফিসার্স ক্লাব উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপন করেন।


নির্বাচিত

সাগরের নোনাজলে পুণ্যস্নান, শেষ হলো রাস উৎসব

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
খুলনা ব্যুরো

দুবলার আলোরকোলে সনাতনধর্মবালম্বীদের দুই দিনের রাস উৎসব সমুদ্রের নোনাজলে পূণ্যস্লানের মধ্যে দিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে শেষ হয়েছে। পূণ্যস্লান শেষে তীর্থযাত্রীরা বাড়ীর পথে রওয়ানা হয়েছেন। এবারের রাস উৎসবে দশ সহস্রাধিক সনাতন ধর্মের তীর্থযাত্রী দুবলারচরে সমবেত হয়েছিলেন।

দুবলার আলোরকোল থেকে রাশ উৎসব উদ্যাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মোবাইল ফোনে জানান, দুই দিনের রাস উৎসব মঙ্গলবার ভোরে পূণ্যস্লানের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে আলোরকোলের অস্থায়ী রাধাকৃষ্ণ মন্দিরে তীর্থযাত্রীরা পূজা- অর্চনা, ভজন,কীর্তন ও স্রষ্টার আরাধনা করেন। মঙ্গলবার প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারের নোনাজলে তীর্থযাত্রীরা পূণ্যস্লান সেরে তারা নিজ নিজ বাড়ির পথে নৌযানে করে রওয়ানা হয়ে গেছেন বলে তিনি জানিয়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলারচরের রাস উৎসব ব্যাপক উৎসাহ ও ধর্মীয়ভাব গাম্ভির্য্যে পালিত হয়েছে। এবারের রাস উৎসবে প্রায় দশ হাজার তীর্থযাত্রী অংশ নিয়েছেন। তীর্থযাত্রীদের যাতায়াত পথে বনরক্ষী, পুলিশ, কোষ্টগার্ড, নৌবাহিনী ও র‌্যাবসহ আইনশৃখলা বাহিনী নিরাপত্তা বিধান করেছে। উৎসবের পরিবেশ দেখতে বাগেরহাট জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা দুবলার আলোরকোলে এসেছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে সাগরের প্রথম জোয়ারে হিন্দু ধর্মের নানা বয়সি নারী, পুরুষ ও শিশু তীর্থযাত্রীরা পূণ্যস্লান সেরে তাদের নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয়ে গেছেন বলে ডিএফও জানিয়েছেন।


নির্বাচিত

অশান্ত গোপালগঞ্জকে ঠাণ্ডা করা হবে: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইতিহাসে কোথাও নেই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী আবার ফিরে আসে তাই শেষ হাসিনার আর ফেরার সম্ভাবনা নেই- কথাগুলো বলেছেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তবে সম্প্রতি গোপালগঞ্জের মানুষ যে দাঙ্গা হাঙ্গামা করেছে সেই প্রসংগে তিনি বলেছেন, শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠাণ্ডা করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একটা গুলিও করেনি। এতে সহনশীলতার পরিচয় দিয়েছে।

তবে সম্প্রতি গোপালগঞ্জের সহিংসতা ও উসকানিমূলক কার্যক্রম বন্ধ করা হবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই অশান্ত গোপালগঞ্জ ঠাণ্ডা করা হবে। এজন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে। সেটা আইনের মাধ্যমে করা হবে, অন্যায়ভাবে না। সহনশীলতাকে কেউ দুর্বলতা ভাববেন না।

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকরা যে সংবাদের বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটাকে কম গুরুত্ব দিচ্ছেন। আর যেটা কম গুরুত্বপূর্ণ বিষয় সেটা বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি আরও বলেন, ভোলার মানুষ ভাগ্যবান, বাংলাদেশের মানুষও ভাগ্যবান। একের পর এক গ্যাস কূপ পাওয়া যাচ্ছে। ভোলা সেতু ও বাস্তাঘাট উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। ভোলার সেতুর বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত হবে।


নির্বাচিত

banner close