বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

কেইপিজেডে স্থানীয়দের চাকরির অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ

* বৈঠকে আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার
ছবি: দৈনিক বাংলা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬ ১৮:০৯

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার স্থানীয় নারী-পুরুষের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিয়োগের ক্ষেত্রে স্থানীয় যোগ্য প্রার্থীদের উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগের অভিযোগ তুলে তারা এ কর্মসূচি পালন করেন। পরে কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে আনোয়ারা উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর এলাকায় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড)-এর মূল ফটকের সামনে এ বিক্ষোভ শুরু হয়। সকাল ৯টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের যথাযথ সুযোগ দেওয়া হচ্ছে না। তাদের বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি রাঙামাটি থেকে নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানোর বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

বিক্ষোভকারীরা বলেন, ‘স্থানীয় মানুষের সহযোগিতায় গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এলাকার যোগ্য বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। কেইপিজেড প্রতিষ্ঠার সময় স্থানীয়দের কর্মসংস্থান নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি পূরণ হয়নি। যোগ্যতা থাকা সত্ত্বেও স্থানীয়রা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়বে।’

তারা আরও বলেন, ‘কেইপিজেড কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক হয়েছে। বৈঠকে কেইপিজেড ও সিপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে শুনেছেন। স্থানীয় যোগ্য প্রার্থীদের পাশাপাশি যাদের প্রাতিষ্ঠানিক যোগ্যতা রয়েছে কিন্তু অভিজ্ঞতা নেই, তাদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিশেষ করে এলাকার নারীদের চাকরিতে অগ্রাধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।’

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, ‘সকাল ৬টার দিকে শুরু হওয়া কর্মসূচি সকাল ৯টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সমাধান হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা মূল সড়কে অবস্থান নেননি, তারা কেইপিজেডের মূল ফটকের সামনে ছিলেন। ফলে যানজটের সৃষ্টি হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে কেইপিজেডের উপমহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান বলেন, ‘কর্ণফুলী সুইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারী শ্রমিক নিয়োগের জন্য রাঙামাটিতে প্রচার চালাচ্ছিল। এ নিয়ে স্থানীয়দের প্রশ্ন ছিল, স্থানীয় লোকজনকে বাদ দিয়ে কেন অন্য জেলা থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।’

উল্লেখ্য,কেইপিজেডের পক্ষ থেকে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারের ৫০তম কঠিন চীবর দান অনুষ্ঠানকে কেন্দ্র করে গত ১৯ ও ২০ নভেম্বর দুই দিনব্যাপী নারী শ্রমিক নিয়োগের প্রচার চালানো হয়। এ সময় চাকরিপ্রত্যাশীদের বিভিন্ন তথ্য জানাতে একটি স্টলও স্থাপন করা হয়।


নির্বাচিত

কুমিল্লা মেডিকেলে ইসিজি-ইকোতে ঘুষ, ওষুধের হিসাবেও গরমিল

* বাজারদরের দুই-তিন গুণে কেনাকাটা, সরকারি ওষুধ উধাও
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মাহফুজ নান্টু, কুমিল্লা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। ইসিজি পরীক্ষার নামে নেওয়া হচ্ছে টাকা, দেওয়া হচ্ছে না সরকারি রশিদ। ইকো পরীক্ষায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিলে মিলছে দ্রুত সেবা। অন্যদিকে হাসপাতালের ওষুধের মজুত ও স্টক রেজিস্টারে পাওয়া গেছে বড় ধরনের গরমিল। এমনকি সরকারি ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের সন্দেহও করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদকের অভিযান সূত্রে জানা যায়, হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রতিটি ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হলেও দেওয়া হচ্ছে না কোনো রশিদ। দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান ছোট ছোট সাদা কাগজে টাকার হিসাব রাখছিলেন। পরে নিজের সুবিধামতো মাত্র ৩০ থেকে ৫০ জন রোগীর নামে রেজিস্টারে টাকা জমার তথ্য লিখতেন। অথচ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে আসেন। ফলে বিপুলসংখ্যক রোগীর কাছ থেকে নেওয়া টাকা সরকারি হিসাবে জমা না হওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

অভিযানকালে তার ড্রয়ার থেকে টাকা জমার রশিদ বইও উদ্ধার করা হয়। বইয়ের রশিদের গ্রাহক কপি রোগীদের না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। কয়েকজন রোগীর ইসিজি রিপোর্ট যাচাই করেও দেখা যায়, তারা ৮০ টাকা দিলেও রেজিস্টারে কোনো তথ্য নেই, কাটা হয়নি রশিদও। জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মী।

ইকো পরীক্ষাতেও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা। কিন্তু রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দিতে হচ্ছে। যারা বাড়তি টাকা দিচ্ছেন, তাদের তাৎক্ষণিক ইকো পরীক্ষা করা হচ্ছে। আর সাধারণ রোগীদের দুই থেকে চার দিন পর পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে। ইকো কক্ষে দায়িত্বরত কর্মীদের কাছে পৃথক সাদা কাগজে রোগীদের তালিকা রাখার বিষয়টিও নজরে এসেছে দুদকের।

শুধু পরীক্ষা-নিরীক্ষা নয়, হাসপাতালের ওষুধের হিসাবেও পাওয়া গেছে বড় ধরনের গরমিল। বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, নিয়মিত হিসাব হালনাগাদ করা হচ্ছে না। কয়েক দিন পরপর নিজেদের সুবিধামতো হিসাব লেখা হচ্ছে। কয়েকটি ওষুধের বাস্তব মজুত গণনা করে রেজিস্টারের সঙ্গে মিল পাওয়া যায়নি। মন্টিলুকাস্ট ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা। ঘাটতি এক হাজার পাতা।

হাসপাতালের কেন্দ্রীয় ওষুধের স্টোরেও একই চিত্র পেয়েছে দুদক। স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে ওষুধের মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বড় ধরনের গরমিল পাওয়া যায়। একটি হিসাবে ২৪ হাজার ২৬৫টি ওষুধ থাকার কথা থাকলেও ‘এস্কেপ’ ও ‘বিকন’ ব্র্যান্ডের ওষুধ মিলিয়ে পাওয়া গেছে ১৭ হাজার ৬০৯টি। বাকি ৬ হাজার ৬৫৬টি ওষুধের হিসাব দিতে পারেননি সংশ্লিষ্ট স্টোর কিপার।

এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ১৯ হাজার ১০০টি। ঘাটতি প্রায় এক হাজার ইনজেকশন। কয়েক ধরনের ইনজেকশনের প্যাকেটেও সরকারি সম্পত্তি হিসেবে চিহ্ন বা সিল পাওয়া যায়নি। ওষুধের মজুতে ঘাটতি এবং সরকারি চিহ্ন না থাকার কারণে এসব ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের সন্দেহ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক।

হাসপাতালের পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটাতেও দেখা গেছে অস্বাভাবিক দাম। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা পণ্যের চালান ও বাজারমূল্য যাচাই করে দুদক। এতে দেখা যায়, ৬০ টাকার মেরিল সাবান কেনা হয়েছে ৮৯ টাকা দরে। ১৪০ টাকার টয়লেট ক্লিনার কেনা হয়েছে ২৪৯ টাকায়। ২০০ টাকার ফিনাইলের দাম ধরা হয়েছে ৩৯৯ টাকা। ২৫ টাকার টিস্যু কেনা হয়েছে ৬৯ টাকায়। ১০০ টাকার হ্যান্ডওয়াশের দাম দেখানো হয়েছে ১৯০ টাকা।

এ ছাড়া ১৮০ টাকার ওয়াশিং পাউডারের দাম ধরা হয়েছে ৩৮০ টাকা। ৮০ টাকার প্লাস্টিকের বদনা কেনা হয়েছে ১৪৯ টাকায়। ১৩০ টাকার পানির জগের দাম দেখানো হয়েছে ৩৭০ টাকা। এভাবে বাজারদরের চেয়ে দেড় থেকে তিন গুণ বেশি দামে বিভিন্ন পণ্য কেনার প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এতে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দলের অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।

অভিযান শেষে দুদক জানিয়েছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু নথিপত্র চাওয়া হয়েছে। সংশ্লিষ্টরা সেগুলো জমা দিতে সময় চেয়েছেন। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।


নির্বাচিত

প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বরেন্দ্র উন্নয়নে নতুন উদ্যোগ

* বিএমডিএর ৮৭তম বোর্ড সভা অনুষ্ঠিত
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাজশাহী ব্যুরো

বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে চলমান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৭তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহীতে বিএমডিএর বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিসহ পরিচালনা বোর্ডের সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) মো. জসিম উদ্দিন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. নজরুল ইসলাম, রাজশাহী ও দিনাজপুরের পুলিশ সুপারের প্রতিনিধিরা এবং বোর্ড সদস্য ফাজুরুল্লাহ, মো. শফিকুল আলম, মাসউদা আফরোজ হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জ্যেষ্ঠতম কর্মকর্তা মো. নাজিরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম খান।

সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।

সভায় বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বলে সভায় উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএর নেতৃত্ব ও চলমান কার্যক্রমের প্রতি আস্থা প্রকাশ করেন।

তাঁরা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হলে উত্তরবঙ্গের কৃষি ও কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন সভায় অংশগ্রহণের জন্য সব বোর্ড সদস্যকে ধন্যবাদ জানান। পরে সভার সমাপ্তি ঘোষণা করেন।


নির্বাচিত

নীলফামারীতে ক্যাশলেস লেনদেন করতে রূপালী ব্যাংকের প্রচারণা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নীলফামারী প্রতিনিধি

দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসার এবং বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ পেমেন্ট পদ্ধতি জনপ্রিয় করতে নীলফামারীতে প্রচারণা ক্যাম্পেইন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রূপালী ব্যাংকের নীলফামারী শাখা কার্যালয়ের সামনে ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি প্রচারণা র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা তুলে ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক এ কে এম কামরুজ্জামান। রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মোতালেব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক এস এম আব্দুল বারী এবং রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কামরুল হাসান। স্বাগত বক্তব্য দেন রূপালী ব্যাংক পিএলসি নীলফামারী করপোরেট শাখার ব্যবস্থাপক প্রদীপ কুমার পোদ্দার।

বক্তারা বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। একটি কিউআর কোড স্ক্যান করেই সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা সম্ভব। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। এ পদ্ধতির ব্যবহার বাড়লে দেশে ক্যাশলেস অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।

তাঁরা আরও বলেন, ডিজিটাল আর্থিক সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ব্যবসায়ী-গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের হাতে বাংলা কিউআর কোড তুলে দেন অতিথিরা। ব্যাংক কর্মকর্তারা জানান, ক্যাশলেস লেনদেনে মানুষকে অভ্যস্ত করতে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


নির্বাচিত

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী ও সতীনের ভাইয়ের ফাঁসি

ছবি: শওকত আলী ও শফিকুল ইসলাম
আপডেটেড ২৬ নভেম্বর, ২০২৬ ১৭:১৭
আবু সাঈদ, সাতক্ষীরা

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সাথে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরই মধ্যে শওকত আলী তার স্ত্রীকে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেয়। এরপরও তার উপর নির্যাতন থামেনি। এক পর্যায়ে শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এসময় নাছিমা খাতুন ও তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তবে শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। এর একদিন আগে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাড়িয়ে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তার চিৎকারে এগিয়ে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন।

এ ঘটনায় আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ এবং শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরন খাতুনকে খালাসের আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


নির্বাচিত

মাদক নয়, স্বর্ণালংকার ও টাকার লোভে গণপতি পরিবারে চার খুন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
হামিদুর রহমান হামিদ, রংপুর

রংপুরের আলোচিত মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তী পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে নতুন তথ্য সামনে এনেছে পুলিশ। মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নয়, বরং অর্থ ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে বাধার মুখে পড়ে পরিকল্পিতভাবে চারজনকে হত্যা করে দুই আসামি। দীর্ঘ তদন্ত শেষে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মাহবুব রশিদ।

পুলিশের তদন্ত অনুযায়ী, গত ২১ আগস্ট রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং শিশু ছেলে আয়াশ চক্রবর্তীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করে একে একে চারজনের প্রাণ কেড়ে নেয় আসামিরা।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের আগে দুই আসামি চুরি করার উদ্দেশ্যে ওই বাড়ির ছাদে অপেক্ষা করছিল। সময় কাটাতে তারা ইয়াবা সেবন করে। পরে সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে চুরির চেষ্টা চালায়। এ সময় বাধার মুখে পড়ে তারা পরিবারের চার সদস্যকে হত্যা করে। হত্যার পর বাড়ি থেকে নগদ ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

তদন্তে আরও উঠে এসেছে, অবসর গ্রহণের পর গণপতি চক্রবর্তী প্রায় ৬০ লাখ টাকা অবসরভাতা পেয়েছিলেন। পাশাপাশি তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী দামি স্বর্ণালংকার ব্যবহার করতেন। এসব বিষয় আগে থেকেই লক্ষ্য করেছিল আসামিরা। বিপুল অর্থ ও গহনার লোভেই তারা ওই বাড়িকে চুরির লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্তে হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা ও রশি, আসামিদের খাওয়া শসার অংশবিশেষসহ ৬৩টি আলামত জব্দ করা হয়। এসব আলামত সিআইডি পরীক্ষা করেছে। পাশাপাশি আসামিদের ডিএনএ পরীক্ষায় হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের।

এ মামলায় মোট ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের পর দ্রুত আসামি শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়টিও সংবাদ সম্মেলনে উঠে আসে। নিহতের স্বজন ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ঘটনার ছয় ঘণ্টার মধ্যেই তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ সরাসরি হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরবর্তী তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় সাবেক পুলিশ কমিশনার এবং বর্তমানে রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে মামলার তদারকি কর্মকর্তা ডিবি পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী, যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ, তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জিন্নাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চার সদস্যের একটি পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে যে প্রশ্ন ও নানা আলোচনা ছিল, পুলিশের অভিযোগপত্রে তার তদন্তভিত্তিক ব্যাখ্যা উঠে এসেছে। এখন আদালতে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অভিযোগগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে।


নির্বাচিত

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সুনামগঞ্জ প্রতিনিধি

আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফর উপলক্ষে দেশীয় খেলাধুলা বা ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে প্রস্তুতিমূলক সভা হয়েছে। এতে কুস্তিসহ দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি নানা আয়োজনের বিষয়ে আলোচনা হয়। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ড. মোহাম্মদ শাহানুর আলম বলেন, ‘এবার জাতীয় পর্যায়ের একটি আয়োজন সুনামগঞ্জে করার সুযোগ এসেছে। কুস্তি খেলার পাশাপাশি আরও কিছু আয়োজন থাকবে। এটি সুনামগঞ্জের জন্য বিশাল পাওয়া। জেলা প্রশাসকের নেতৃত্বে আয়োজনটি সুন্দর ও সফল হবে বলেই আমরা বিশ্বাস করি।’

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জে আসবেন, তা আমরা সবাই জানি। কান্ট্রিগেমস অর্থাৎ আমাদের দেশীয় খেলাধুলাগুলো ফিরিয়ে আনতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। আমরা সেই উদ্যোগ সফল করতে এবং ওইদিন দেশীয় খেলাধুলা উপভোগ করতে সবার সহযোগিতা কামনা করছি।’

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন তার বক্তব্যে দেশীয় সংস্কৃতি ও সংগীতের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করার প্রস্তাব দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, এডিএম সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, এসআরবি-৯ এর এএসপি মো. রোকনুজ্জামান, সিলেট বিভাগের বিকেএসপির উপপরিচালক মো. শহিনুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের প্রতিনিধি আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালা, বিএনপি নেতা নজরুল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা।

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে হোটেল থেকে ডেকে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি জয়নাল।

পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা এলাকার মাঝখান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধের জেরে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন নিহত জয়নালের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলাটির তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) যাওয়ার পর হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য উঠে আসে।

তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি।

দীর্ঘ বিচারিকপ্রক্রিয়া শেষে গতকাল বুধবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।


নির্বাচিত

সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই: সংস্কৃতিমন্ত্রী

ছবি: কথা বলছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মৌলভীবাজার প্রতিনিধি

সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, ‘মহান বিজয় দিবসসহ দেশের সকল রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন থেকে মণিপুরী নৃত্য ও সংস্কৃতিকে বিশেষ গুরুত্বের সাথে স্থান দেওয়া হবে।’ গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জোড়া মণ্ডপে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে আয়োজিত ‘১৮৪তম মহারাস উৎসব’-এর আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মণিপুরী সংস্কৃতির ঐতিহ্যের কথা স্মরণ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘মণিপুরী ললিতকলা একাডেমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া এর প্রতি বিশেষ নজরদারি রেখেছিলেন। মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়নের মূল ভিত্তি রচনা করেছিলেন, যেন আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সব খানে ছড়িয়ে পড়ে।

সারা দেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা শিল্পকলা একাডেমি ও লাইব্রেরিগুলোর মাধ্যমে সব সংস্কৃতির বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘এখানে এসে ঐতিহ্যবাহী রাখাল নৃত্য দেখে আমি অভিভূত। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরেও মণিপুরী নৃত্য পরিবেশন করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসেও মণিপুরী নৃত্য পরিবেশিত হবে।’

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বক্তব্যে তিনি সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের এই অঞ্চলে সব ধর্মের মানুষের মধ্যে চমৎকার সম্প্রীতি রয়েছে। জনগণ ভালো করেই জানে কারা এই সম্প্রীতি নষ্ট করতে চায়। আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করব না। তবে শুধু পুলিশ বা প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, নিজ এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় জনগণকেও সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে অন্যায় প্রতিরোধ করতে হবে।’

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


নির্বাচিত

‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ' নেতাকে ধরার জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৫ নভেম্বর, ২০২৬ ২০:৪২
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, নগরের রাজপাড়া থানা এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া নিয়ে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতা-কর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হকের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তারা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। তারা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানান ইমদাদুল।

তবে ইমদাদুল হকের অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন বলেন, ‘এই ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে, এটা বানোয়াট। সেখানে আমি ছিলাম না।’

সাফায়েত আরও বলেন, ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রের ঘটনায় ইমদাদুল হকের লোকজন জড়িত ছিলেন। তার ভাষ্য, সংঘর্ষের ঘটনায় সেই অস্ত্রের একটি নমুনা দেখা গেছে।

ইমদাদুলের পারিবারিক রাজনৈতিক পরিচয় ও ব্যবহৃত গাড়ি নিয়েও প্রশ্ন তোলেন সাফায়েত। তার দাবি, ইমদাদুলের চাচা রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া ৫ আগস্টের পর ছাত্রদলের যে নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে, তিনি ইমদাদুল হক বলেও দাবি করেন সাফায়েত।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মাছুমা মুস্তারি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে। অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।’


নির্বাচিত

সিংগাইরে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষায় কর্মশালা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বিদেশগমন, বিদেশে অবস্থান এবং বিদেশ থেকে দেশে ফেরার প্রতিটি পর্যায়ে নারী অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষায় সচেতনতা বাড়াতে মানিকগঞ্জের সিংগাইরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) আয়োজিত এবং কানাডার ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভ (সিএফএলআই)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

বমসার চেয়ারম্যান লিলি জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বমসার সাধারণ সম্পাদক শেখ রোমানা।

কর্মশালায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ২৫ জন নারী অভিবাসী শ্রমিক অংশ নেন। প্রশিক্ষণ পরিচালনা করেন বমসার ডেপুটি ডিরেক্টর প্রবীর কুমার বিশ্বাস, ট্রেনিং অফিসার মো. রাইয়ান এবং কো-অর্ডিনেটর (অ্যাকসেস টু জাস্টিস) খালেদা সরকার।

এ সময় নারী অভিবাসী শ্রমিকদের সরকারি বিভিন্ন দপ্তরের সুযোগ-সুবিধা ও সেবা সম্পর্কে অবহিত করে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মণ্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমবায় কর্মকর্তা লিপিকা রানী, প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যবস্থাপক তাসনীম মাফিন এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আল-আমীনসহ অন্যরা।

কর্মশালায় বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা, দেশে ফেরার পর পুনর্বাসন ও সরকারি সেবা গ্রহণসহ নারী অভিবাসী শ্রমিকদের বিভিন্ন অধিকার ও সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় অংশ নেওয়া নারীরা বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তারা বমসার প্রতি কৃতজ্ঞতা জানান।


নির্বাচিত

আটোয়ারীতে বিদেশি মাল্টা-কমলার বাগান পরিদর্শনে জেলা প্রশাসক

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মিজানুর রহমান, পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় প্রায় ৫০ জাতের বিদেশি মাল্টা ও কমলার সমন্বয়ে গড়ে ওঠা ব্যতিক্রমী একটি ফলের বাগান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় উদ্যোক্তা হামিমের গড়ে তোলা এই বাগানটি এলাকায় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।

সম্প্রতি উপজেলার হামিমের প্রতিষ্ঠিত এ বাগান পরিদর্শনকালে কর্মকর্তারা বিভিন্ন জাতের মাল্টা ও কমলার গাছ ঘুরে দেখেন। এ সময় তারা ফলের জাত, চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা এবং বাণিজ্যিকভাবে উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

বাগানটিতে দেশি জাতের পাশাপাশি বিভিন্ন দেশের প্রায় ৫০ জাতের মাল্টা ও কমলার গাছ রয়েছে। বৈচিত্র্যময় এসব ফলের গাছ, ফলন এবং বাগানের পরিকল্পিত পরিবেশ পরিদর্শনকারী কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। স্থানীয় পর্যায়ে এমন ব্যতিক্রমী উদ্যোগ কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষিতে বৈচিত্র্য আনা, প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ফল চাষ সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পঞ্চগড়ের মাটি ও আবহাওয়াকে কাজে লাগিয়ে বিদেশি জাতের মাল্টা ও কমলা চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয় কৃষকদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক কৃষিপ্রযুক্তি, উন্নত জাতের চারা, সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে এ ধরনের বাগান পঞ্চগড়ের কৃষি অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে। একই সঙ্গে তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতেও অনুপ্রেরণা জোগাবে হামিমের এই উদ্যোগ।


নির্বাচিত

রায়পুরে নারিকেলের ছোবায় বদলে যাচ্ছে জীবন-জীবিকা

নারিকেল থেকে ছোবা ছাড়িয়ে মেশিনে মাড়াই করছেন একজন শ্রমিক।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

একসময় ফেলে দেওয়া হতো নারিকেলের ছোবা। সেই অবহেলিত ছোবাই এখন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকার অন্তত ৮ থেকে ১০টি পরিবারের জীবিকার অবলম্বন। সরকারি সহায়তা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এ শ্রমনির্ভর ক্ষুদ্র শিল্পে রয়েছে কর্মসংস্থান ও বাজার সম্প্রসারণের সম্ভাবনা। তবে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের অভাবে শিল্পটি এখনো সীমিত পরিসরে চলছে।

দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা নারিকেল থেকে ছোবা ছাড়িয়ে মেশিনে মাড়াই করা হয়। পরে রোদে শুকিয়ে ২০ ও ৫০ কেজি ওজনের বেল্ট আকারে তৈরি করে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। এসব ছোবা জাজিম, সোফা ও চেয়ারের গদি তৈরিতে ব্যবহৃত হয়। পাশাপাশি প্রক্রিয়াজাত ছোবাজাতপণ্য কোকোপিট ব্যবহৃত হচ্ছে ছাদবাগান ও চারা উৎপাদনে।

প্রায় ১৮ বছর ধরে এ পেশায় যুক্ত শ্রমিক আবুল কালাম। ছোবা ছাড়ানো ও প্রক্রিয়াজাতকরণের কাজ করেই চলে তার সংসার। নারী শ্রমিক নাজমা বেগম জানান, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজ করে দৈনিক হাজিরা পান ৩৫০ টাকা।

হায়দারগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ নুর ইসলাম প্রায় ১৯ বছর ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত। তার প্রতিষ্ঠানে নিয়মিত সাত থেকে আটজন শ্রমিক কাজ করেন। তিনি বলেন, ‘সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা আরও সম্প্রসারণ করা সম্ভব।’

অন্যদিকে আমির ট্রেডার্সের মালিক আমির হোসেন জানান, ছাদবাগান ও চারা উৎপাদনে কোকোপিটের ব্যবহার বাড়ছে। সরকারি প্রশিক্ষণ ও বিদেশে পণ্য পাঠানোর সুযোগ পেলে এ খাতে আরও লাভবান হওয়া সম্ভব।

স্থানীয় উদ্যোক্তাদের মতে, আধুনিক যন্ত্রপাতি, কারিগরি প্রশিক্ষণ, সহজ ঋণ ও বাজারজাতকরণে সহায়তা পেলে এ শিল্পে আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। একই সঙ্গে উৎপাদিত পণ্যের মান উন্নয়ন ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

পরিত্যক্ত নারিকেলের ছোবাকে কেন্দ্র করে গড়ে ওঠা এ শিল্প এখন কয়েকটি পরিবারের জীবিকার উৎস। পরিকল্পিত উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি স্থানীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই অবহেলিত এ শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান উদ্যোক্তারা।


নির্বাচিত

শিশু, বৃদ্ধ ও গর্ভবতীদের ভোগান্তি, ভর্ণাপাড়ায় স্বাস্থ্যকেন্দ্রের দাবি

* ১০ কিলোমিটার দূরে গিয়ে নিতে হয় চিকিৎসা
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ ভর্ণাপাড়া বাজার। প্রতিদিন এ বাজারে আসেন আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ। রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন নানা কর্মকাণ্ড। তবে জনবহুল এ বাজার ও আশপাশের গ্রামগুলোতে নেই কোনো আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্র। ফলে অসুস্থ হলে চিকিৎসা নিতে প্রায় ১০ কিলোমিটার দূরে উপজেলা সদর হাসপাতাল কিংবা রানীগঞ্জের চিকিৎসাকেন্দ্রে ছুটতে হয় স্থানীয়দের।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী ও দরিদ্র পরিবারের রোগীরা। বিশেষ করে রাতের বেলা হঠাৎ অসুস্থতা, দুর্ঘটনা কিংবা জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর। এ পরিস্থিতিতে ভর্ণাপাড়া বাজারে একটি আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সাধারণ জ্বর, সর্দি, ব্যথা কিংবা অন্যান্য প্রাথমিক চিকিৎসার জন্যও দূরে যেতে হয়। যানবাহনসংকট, যাতায়াত খরচ ও সময়ের অপচয় চিকিৎসা নিতে গিয়ে বাড়তি দুর্ভোগ তৈরি করে। অনেক সময় রাতের বেলা রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য যানবাহন জোগাড় করাও কঠিন হয়ে পড়ে।

ভর্ণাপাড়া বাজার ও আশপাশের গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। অসুস্থ হলে উপজেলা সদর হাসপাতাল কিংবা রানীগঞ্জ এলাকার চিকিৎসাকেন্দ্রের ওপর নির্ভর করতে হয় তাদের। দূরত্বের কারণে জরুরি মুহূর্তে চিকিৎসা পেতে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে।

স্থানীয়দের মতে, বিশেষ করে প্রসববেদনা, শিশুদের জ্বর, শ্বাসকষ্ট, দুর্ঘটনা কিংবা বয়স্কদের হঠাৎ অসুস্থতার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা পাওয়া অত্যন্ত জরুরি। কিন্তু প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার সীমাবদ্ধতা থাকায় অনেক সময় রোগীকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়।

তাদের দাবি, ভর্ণাপাড়া বাজারে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্র প্রতিষ্ঠিত হলে আশপাশের গ্রামের মানুষ সহজেই চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি স্বাস্থ্যসেবা পেতে পারবেন।

বাজারকেন্দ্রিক জনপদ, নেই স্বাস্থ্যসেবার অবকাঠামো:

ভর্ণাপাড়া বাজার শুধু কেনাবেচার স্থান নয়; এটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাজার এলাকায় রয়েছে একটি উচ্চবিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন বাজারে কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে।

এত গুরুত্বপূর্ণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা না থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত এমন একটি বাজারে কেন চিকিৎসাসেবার ন্যূনতম অবকাঠামো থাকবে না?

স্থানীয়দের মতে, স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রে শুধু ভবন নির্মাণই যথেষ্ট নয়। সেখানে নিয়মিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং জরুরি রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

স্বাস্থ্যকেন্দ্র স্থাপনে উদ্যোগ চান জনপ্রতিনিধিরা:

৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ‘ভর্ণাপাড়া বাজারটি ঘোড়াঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এ বাজারকে ঘিরে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা গড়ে উঠেছে। কিন্তু পর্যাপ্ত চিকিৎসাসেবা না থাকায় অসুস্থ রোগীদের দূরে হাসপাতালে যেতে হয়। এতে দরিদ্র পরিবার, গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের বেশি কষ্ট হয়।’

তিনি বলেন, ‘ভর্ণাপাড়া বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। বিষয়টি জনস্বার্থসংশ্লিষ্ট। স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমি, জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উপস্থাপন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।’ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও এ দাবির বাস্তবায়নে সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানান তিনি।

স্থানীয় ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রব্বানী বলেন, ‘ভর্ণাপাড়া বাজার ও আশপাশের প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসাসেবা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি রয়েছে। এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন হলে বহু গ্রামের মানুষ উপকৃত হবেন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় আমরা স্থানীয়ভাবে দাবি জানিয়ে আসছি।’

ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপনের দাবি এখন স্থানীয় মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্নে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। অসুস্থ হলে চিকিৎসা নিতে দূরে যেতে হয়। বিশেষ করে রাতের বেলা কেউ গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া খুবই কষ্টকর হয়ে পড়ে। ভর্ণাপাড়া বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হলে এলাকার সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।’

আরেক বাসিন্দার ভাষ্য, গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। সামান্য অসুস্থতার জন্যও দূরে যেতে হয়। দরিদ্র মানুষের পক্ষে বারবার যাতায়াতের খরচ ও চিকিৎসা ব্যয় বহন করা কঠিন। বাজারে একটি স্বাস্থ্যকেন্দ্র হলে অন্তত প্রাথমিক চিকিৎসা এলাকাতেই পাওয়া যাবে।

একজন শিক্ষক বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দূরত্ব ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া কাম্য নয়। ভর্ণাপাড়া বাজারে স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ আশপাশের গ্রামের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা পাবেন।’


নির্বাচিত

banner close