শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩

পতিত স্বৈরাচার দেশে আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬ ১৯:৪৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের এই মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না।

তিনি বলেন, আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী ও পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছা পোষণ করবে, তখন সেই প্রশ্নে আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্তপ্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ ঘটনার বিচার হবে।

তিনি আরও বলেন, পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা ধৈর্যের সঙ্গে আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করব। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অহেতুক উসকানি দিয়ে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। শ্রমিকদের জন্য মজুরি বোর্ডের মাধ্যমে ন্যায্য মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারাই এসব কর্মকাণ্ডে জড়িত। আমরা তাদের চিনি।


নির্বাচিত

সোনারগাঁয়ে ফার্নিচার ব্যবসায় মন্দা, জীবিকা নিয়ে দুশ্চিন্তায় কারিগররা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস এবং আবাসন খাতে স্থবিরতার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসবাবপত্রের ব্যবসায় চরম মন্দাভাব দেখা দিয়েছে। একদিকে কাঠসহ বিভিন্ন কাঁচামালের মূল্যবৃদ্ধি, অন্যদিকে ক্রেতার অভাবে বিক্রি কমে যাওয়ায় সংকটের মুখে পড়েছেন এ খাতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে বেচাকেনা কম থাকায় অনেক প্রতিষ্ঠানের পুঁজি আটকে গেছে। ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন তারা।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও সোনারগাঁয়ের আসবাবপত্রের বাজারে ভালো বেচাকেনা ছিল। দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা থাকত নিয়মিত। কিন্তু বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। দিনের পর দিন দোকান খোলা রেখেও আশানুরূপ ক্রেতা পাওয়া যাচ্ছে না। ফলে ব্যবসায়ীদের আয় কমে গেলেও তাদের নিয়মিত ব্যয় কমছে না।

সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় তিন শতাধিক আসবাবপত্রের দোকান রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের ভাষ্য, আগে মাঝারি পর্যায়ের একজন ব্যবসায়ী মাসে পাঁচ থেকে সাত লাখ টাকার আসবাবপত্র বিক্রি করতে পারতেন। বড় প্রতিষ্ঠানগুলোর বিক্রি ছিল আরও বেশি। বর্তমানে অধিকাংশ দোকানেই বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে।

ব্যবসায়ীরা জানান, আসবাবপত্র তৈরির প্রধান উপকরণ কাঠ, বোর্ড, বিভিন্ন যন্ত্রাংশ ও পরিবহন খরচ বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দোকান ও কারখানার ভাড়া, কারিগরদের মজুরি এবং বিদ্যুৎ বিল। কিন্তু বাজারে ক্রেতা কম থাকায় উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের দাম বাড়ানো যাচ্ছে না। এতে ব্যবসায়ীদের লাভ কমে যাওয়ার পাশাপাশি লোকসানের আশঙ্কাও বাড়ছে।

সাহাপুর এলাকার কাঠ ও আসবাবপত্র ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘আগে তার দোকানে প্রতি মাসে সাত থেকে আট লাখ টাকার আসবাবপত্র বিক্রি হতো। এখন মাসে এক থেকে দেড় লাখ টাকার আসবাবপত্র বিক্রি করাও কঠিন হয়ে পড়েছে। ক্রেতা না থাকায় দিনের অধিকাংশ সময় দোকানে বসে থাকতে হয়। অথচ দোকানভাড়া ও অন্যান্য খরচ নিয়মিত পরিশোধ করতে হচ্ছে।’

নুর মোহাম্মদ নামের আরেক ব্যবসায়ী বলেন, ‘একসময় দোকানে বিক্রির জন্য পর্যাপ্ত আসবাবপত্র মজুত থাকত। এখন ক্রেতার অপেক্ষায় দীর্ঘসময় দোকান খোলা রাখতে হয়। দু-একজন ক্রেতা এলেও তারা দাম জেনে চলে যান। আবার অনেক গ্রাহক আর্থিক সংকটের কারণে অর্ডার দেওয়া আসবাবপত্রও সময়মতো সংগ্রহ করছেন না। এতে ব্যবসায়ীদের পুঁজি আটকে থাকছে।’

ব্যবসায়ীদের অভিযোগ, বিক্রি কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানে তৈরি করা আসবাবপত্র অবিক্রীত অবস্থায় পড়ে রয়েছে। নতুন করে পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দিতে পারছেন না তারা। ফলে কেউ কেউ উৎপাদন কমিয়ে দিয়েছেন, আবার অনেকে পুরোনো কারিগর ও শ্রমিকদের কাজ থেকে অব্যাহতি দিতে বাধ্য হচ্ছেন। এতে আসবাবপত্র শিল্পের সঙ্গে জড়িত শ্রমজীবী মানুষের কর্মসংস্থানও সংকুচিত হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন এ পরিস্থিতি চলতে থাকলে অনেক ছোট প্রতিষ্ঠান ব্যবসা বন্ধ করে দিতে পারে। বাজারে ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং আবাসন খাতে নতুন নির্মাণকাজের গতি কমে যাওয়াকে তারা বর্তমান মন্দার অন্যতম কারণ হিসেবে দেখছেন।

তাদের মতে, বাজারে বেচাকেনা স্বাভাবিক করা, উৎপাদন ব্যয় সহনীয় পর্যায়ে রাখা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি সংকট মোকাবিলায় সহায়তা করা গেলে এ খাতের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।


নির্বাচিত

থমকে আছে বুড়ি নদীর ওপর সেতু নির্মাণকাজ, দুর্ভোগে লাখো মানুষ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীর ওপর নির্মাণাধীন ২৫০ মিটার দীর্ঘ সেতুর কাজ দীর্ঘদিন ধরে থমকে থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের মানুষ। বিটঘর-বটতলী সড়কের রাধানগর অংশে সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের ভাষ্য, সেতুটি নির্মিত হলে নবীনগরের প্রায় ছয় লাখ মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বুড়ি নদী ভৌগোলিকভাবে নবীনগর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছে। নদীর কারণে উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাউর-ফতেহপুর, জিনদপুর ও সাতমোড়া ইউনিয়নের সঙ্গে পূর্বাঞ্চলের বিটঘর, কাইতলা, শিবপুর, বিদ্যাকুট ও নাটঘর ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ নেই। ফলে এসব এলাকার মানুষকে জেলা সদরে যাতায়াত করতে অতিরিক্ত প্রায় ২০ কিলোমিটার পথ ঘুরতে হয়।

এ জনদুর্ভোগ কমাতে রাধানগর এলাকায় বুড়ি নদীর ওপর ২৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অনুমোদন ও দরপত্র প্রক্রিয়া শেষে শুরু হয় নির্মাণকাজ। সেতুর দুই প্রান্তে প্রায় চার কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ ও কার্পেটিংয়ের কাজও শেষ করা হয়েছে। তবে সেতুর মূল নির্মাণকাজ অসমাপ্ত থাকায় পুরো প্রকল্পের সুফল পাচ্ছেন না এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, নকশাগত জটিলতা ও সেতুর উচ্চতা নির্ধারণে ভুল পরিকল্পনার কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ আর এগোচ্ছে না। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সেতুর অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষকরা। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের নিয়ে নদী পারাপারে বিড়ম্বনায় পড়তে হয় স্বজনদের। অন্যদিকে উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও।

এলাকাবাসীর দাবি, নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান যেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। প্রশাসনিক ও কারিগরি জটিলতা দ্রুত নিরসন করে সেতুর নির্মাণকাজ পুনরায় শুরু ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে শুধু নবীনগরের দুই অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগই প্রতিষ্ঠিত হবে না, প্রতিবেশী কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা এলাকার সঙ্গেও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের যোগাযোগ আরও সহজ হবে। এতে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত দৃশ্যমান হবে বুড়ি নদীর ওপর স্বপ্নের সেতুটি।


নির্বাচিত

কয়রায় ৪টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ২

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
খুলনা ব্যুরো

খুলনার কয়রা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের জলদস্যু বাহিনীর দুই সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় জলদস্যু দলপতির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে কয়রা থানাধীন ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হলেন কয়রা উপজেলার বাসিন্দা কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং একই এলাকার জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ৫ নম্বর কয়রা পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে জলদস্যুদের এই দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জলদস্যু দলপতি ইয়াদ আলী পাড়ের (পিতা: মহরালী পাড়) বসতবাড়িতে বিশেষ তল্লাশি চালানো হয়। সেখান থেকে জলদস্যুদের ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের তাজা গুলি এবং ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করে আভিযানিক দলটি।

এসআরবি কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী, গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করতেন। অপরদিকে আব্দুর রহিম দস্যুদের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও রসদ সরবরাহ করার পাশাপাশি এলাকায় সোর্স হিসেবে কাজ করতেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে জলদস্যুদের আগাম তথ্য দিয়ে সহায়তা করতেন।

অভিযান শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত দুই আসামি এবং পলাতক জলদস্যু দলপতির বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।


নির্বাচিত

বেলকুচিতে সরকারি প্রজনন কেন্দ্রের হাঁসসহ ট্রাক আটক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
​সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে অবৈধভাবে পাচারের সময় হাঁসবাহী একটি মিনি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের শাহপুর এলাকায় অবস্থিত হাঁস প্রজনন কেন্দ্রের পাশে থেকে হাঁস ভর্তি ট্রাকটি আটক করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক শায়লা শারমিন।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে হাঁস খামার থেকে কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে হাঁসের ডিম ও হাঁস বিক্রি করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে শাহপুর হাঁস প্রজনন কেন্দ্রের ভেতর থেকে গোপনে একটি মিনি ট্রাকে করে বিপুল পরিমাণ হাঁস বাইরে পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে হাঁসবাহী ট্রাকটি আটকে দেন।

​সরকারি খামার থেকে রাতের আঁধারে এভাবে হাঁস পাচারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল জানান, কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে ট্রাকে করে এই খামার থেকে হাঁস ও হাঁসের ডিম বিক্রি করে আসছে। গতকালও তাই করেছে। ট্রাক বোঝাই হাঁস দেখে স্থানীয় সন্দেহ হলে তারা ট্রাকটি আটকে দেয়। এসময় তারা ট্রাক ড্রাইভারের কাছে হাঁসের চালান চাইলে তারা তা দিতে পারেনি। পরবর্তীতে আমরা স্থানীয় সাংবাদিকদের খবর দেই।

এদিকে এবিষয়ে বেলকুচি হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক শায়লা শারমিনের জানতে চাইলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে তিনি তার ভুল হয়েছে বলে স্বীকার করেন।

তিনি বলেন, আমি চালান ছাড়া রাত করে হাঁস বিক্রি করেছি এটি আমার আইন বহি ভূত কাজ হয়েছে।

অপরদিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালক ডা. মাহাফুজার রহমান জানান, অভিযোগের বিষয়টি ক্ষতি দেখে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নির্বাচিত

শেরপুরে ৫ শতাধিক নারীর অংশগ্রহণে মিনি ম্যারাথন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
শেরপুর প্রতিনিধি

শেরপুরে প্রথমবারের মতো ৫ শতাধিক নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ দৌড়ে কিশোরী, তরুণীসহ বিভিন্ন বয়স ও শ্রেণিপেশার পাঁচ শতাধিক নারী অংশ নেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠান ঘিরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

সকাল সাড়ে ৬টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়। পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় দৌড়। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা, স্বাস্থ্য সচেতনতা এবং আত্মবিশ্বাস বাড়াতে এ আয়োজন করে জেলা প্রশাসন।

ম্যারাথনে অংশ নেওয়া নারীরা জানান, প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। নিয়মিত শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, নারীদের শরীর সুস্থ রাখার পাশাপাশি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজনে অংশগ্রহণকারী নারীদের জন্য জার্সি ও খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া দৌড়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় বাইসাইকেল।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এ আয়োজনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। প্রথমবারের মতো আয়োজিত নারীদের এ মিনি ম্যারাথন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।


নির্বাচিত

জমে উঠেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জলপাই বাজার, দৈনিক বেচাকেনা অর্ধকোটি টাকা

জমে উঠেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জলপাই বাজার। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দেবীগঞ্জ ও পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলা জলপাইয়ের হাট এখন ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর। মৌসুমের শুরুতেই জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই পাইকারি বাজার। প্রতিদিন এখানে ১৪০ থেকে ২০০ টন পর্যন্ত জলপাই কেনাবেচা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা।

সরেজমিনে দেখা যায়, হাটজুড়ে ছোট-বড় স্তূপ করে রাখা হয়েছে জলপাই। কোথাও চলছে ওজন, কোথাও আকার অনুযায়ী বাছাই। পরে জলপাই পরিষ্কার করে বস্তাবন্দি করা হচ্ছে। এ কাজে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকেরাও অংশ নিচ্ছেন।

মৌসুমজুড়ে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা থেকে জলপাই নিয়ে আসেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক, নছিমনসহ বিভিন্ন যানবাহনে এসব জলপাই আনা হয় হাটে। কারও কাছে এই হাট নিজের গাছের ফল বিক্রির জায়গা, আবার কারও কাছে বছরের পর বছর ধরে জীবিকার উৎস।

দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা এলাকার কৃষক নজরুল ইসলাম এবার প্রথমবারের মতো নিজের গাছের জলপাই নিয়ে হাটে এসেছেন। তিনি বলেন, ‘একটি গাছে এবার প্রথম জলপাই ধরেছে। ১৬ টাকা কেজি দরে ৫৩ কেজি জলপাই বিক্রি করেছি। যে দাম পেয়েছি, তাতে আমি খুশি।’

পঞ্চগড় থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ী মতিউর রহমান বলেন, ‘৭ থেকে ৮ বছর ধরে আমরা তিনজন মিলে বিভিন্ন গ্রাম থেকে জলপাই কিনে এই হাটে এনে বিক্রি করি। দিনশেষে জনপ্রতি এক হাজার থেকে বারো শ টাকা পর্যন্ত লাভ থাকে।’

দীর্ঘদিন ধরে জলপাইয়ের ব্যবসা করছেন স্থানীয় পাইকার মো. বেলাল হোসেন। তিনি বলেন, ‘প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ টন জলপাই কেনাবেচা করি। এর কিছু প্রাণ কোম্পানিতে যায়। বাকিগুলো ঢাকা, বরিশাল, যশোরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠানো হয়। এ ছাড়া দেবীগঞ্জের জলপাই দেশের বাইরেও যায়।’

চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, ‘এই বাজার থেকে প্রতিদিন ৮ থেকে ১০ টন জলপাই কিনি। আমার মতো চট্টগ্রামের আরও পাইকার আছেন, যারা ১০ থেকে ১৫ টন করে জলপাই কেনেন। এসব জলপাই বিভিন্ন কোম্পানিতে সরবরাহের পাশাপাশি দেশের অন্যান্য জেলাতেও পাঠানো হয়।’

জলপাইয়ের এই হাট ঘিরে মৌসুমে কর্মসংস্থান হয়েছে কয়েক শ মানুষের। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক বিভিন্ন পাইকারের হয়ে জলপাই কেনা, বাছাই, পরিষ্কার ও ট্রাকে বোঝাইয়ের কাজ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী শ্রমিকও রয়েছেন।

মৌসুমি শ্রমিক সাব্বির ইসলাম বলেন, ‘এবার নতুন করে কাজ করছি। আমার মহাজন প্রতিদিন ২০ থেকে ২৫ টন জলপাই কেনেন। আমি জলপাই বাছাইয়ের কাজ করি।’

হাটে ৩০ সদস্যের একটি নারী শ্রমিক দলকে জলপাই বাছাই ও বোঁটা ছাড়ানোর কাজ করতে দেখা গেছে। তাদের একজন সাবিত্রী দাস বলেন, ‘সকাল ৮টায় আসি, বিকেল ৫টায় যাই। আমাদের কাজ জলপাই বাছাই করা ও বোঁটা ছাড়ানো। সারাদিন কাজ করে ৩০০ টাকা পাই।’

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেবীগঞ্জ উপজেলায় ৩ হেক্টর জমিতে জলপাই চাষ হয়। স্থানীয় উৎপাদন কম হলেও পঞ্চগড় ছাড়াও পার্শ্ববর্তী দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা জলপাই নিয়ে আসেন এই হাটে।

দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলা উত্তরবঙ্গের বৃহত্তম জলপাইয়ের হাট। প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এখানে জলপাই কেনাবেচা চলে। এখানকার যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারেরা এই হাটে জলপাই কিনতে আসেন। দেবীগঞ্জ তথা পঞ্চগড়ের অর্থনীতিতে হাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে এত বড় বাজার হলেও এখানে জলপাই সংরক্ষণের জন্য নেই কোনো হিমাগার। ফলে কেনাবেচার পর দ্রুত জলপাই পাঠিয়ে দিতে হয় বিভিন্ন গন্তব্যে। হাটের পরিধি বাড়ানো ও সংরক্ষণব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাটের ইজারাদার কাদেরী কিবরিয়া রানা বলেন, ‘এই হাটে প্রতিদিন ১৪০ থেকে ২০০ টন জলপাই কেনাবেচা হয়। সংরক্ষণাগার বা হিমাগার না থাকায় প্রতিদিনের জলপাই সেদিনই দেশের বিভিন্ন স্থানে পাঠাতে হয়। সরকারিভাবে হিমাগার স্থাপন এবং আশপাশের অবৈধ স্থাপনা সরানো হলে হাটটির পরিসর বাড়বে এবং এটি আরও পরিচিতি পাবে।’

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, ‘উত্তরবঙ্গের সর্ববৃহৎ জলপাইয়ের এই হাট সম্প্রসারণের জন্য এখানে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া এখানে জলপাই উৎপাদন হয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে একটি হিমাগার স্থাপনের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ে চিঠি পাঠাব।’

সংশ্লিষ্টদের মতে, হাটের পরিধি সম্প্রসারণ ও আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা গেলে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, পাইকার ও শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে। এতে দেবীগঞ্জের জলপাই বাজারের পরিচিতি আরও বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে।


নির্বাচিত

মৌলভীবাজারে ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ১৮৪৯/১৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৫২০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


নির্বাচিত

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
পাবনা প্রতিনিধি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শুক্রবার ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধান এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের জন্য নির্ধারিত মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনার সম্পূর্ণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলো।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য ও রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল, যা এই সর্বশেষ চালানের মাধ্যমে শতভাগ বাস্তবায়িত হলো। রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে এই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

জ্বালানি আমদানির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমও সমানতালে এগিয়ে চলছে। প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে, যেখানে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চালানো হচ্ছে। এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল প্রথম ইউনিট, যা টানা সাড়ে আট ঘণ্টার বেশি চলার পর সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই অর্জনকে পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হিসেবে আখ্যায়িত করে জানিয়েছেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল বা পরীক্ষামূলক অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। তখন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে প্রভিশনাল টেকওভারের মাধ্যমে এর দায়িত্ব গ্রহণ করবে এবং সরকারি প্রজ্ঞাপনের পর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) অপারেটিং অর্গানাইজেশন হিসেবে এর মূল কার্যক্রম পরিচালনা করবে।


নির্বাচিত

চকরিয়ায় ডাকাতি ও হত্যাসহ ১৯ মামলার আসামি তৌহিদ গ্রেপ্তার

ছবি: চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় দক্ষিণ চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঞ্চল্যকর গিয়াস উদ্দিন হত্যা ও অপহরণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি। তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, ছিনতাই, চুরি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, পিপিএম-সেবার দিকনির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, গত ১২ নভেম্বর চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় ডাকাতির ঘটনায় ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ রয়েছে তৌহিদের বিরুদ্ধে। এ ঘটনায় ২৫ নভেম্বর মামলা হয়। একই দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি ডাকাতির ঘটনায় নগদ ৩ লাখ ৫ হাজার টাকা, প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ নভেম্বর মামলা দায়ের করা হয়।

এ ছাড়া ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর মাতামুহুরী সেতু এলাকায় গিয়াস উদ্দিনকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি তৌহিদ।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেল, লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস-এফআই ভি৩ মোটরসাইকেল এবং বিদেশি ইমিটেশনের গোল্ডেন রঙের তিনটি চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি আন্তঃজেলা ডাকাত বাহিনী সক্রিয় ছিল। চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও মুলতবি ছিল।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তৌহিদ কে মোট ৩৩ টি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


নির্বাচিত

চট্টগ্রামে কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ ‘গার্ডিয়ান শার্ক-১’ সম্পন্ন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
​নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রামে ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ (Exercise Guardian Shark-1) শীর্ষক যৌথ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকার ইউএস ডিফেন্স অ্যাটাশে অফিসের (U.S. Defense Attaché Office, Dhaka) উদ্যোগে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ আয়োজিত হয়।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্ট গার্ড বেইস চট্টগ্রামে গত ২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলা এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন (Acting Deputy Chief of Mission) মিস ত্রিশিতা মাওলা (Ms. Trishita Maula)। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

​লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এটি পারস্পরিক আস্থা, পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের যৌথ প্রশিক্ষণ কোর্স আয়োজনের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


নির্বাচিত

আগুন সন্ত্রাস শুরু করেছে পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী শরীফুল আলম

ভৈরব পৌরসভার জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চব্বিশের সেই পরাজিত শক্তি যারা গত ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, জুলুম ও নির্যাতন চালিয়ে দেশটাকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে। তেমনিভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিও ভংগুর করে দিয়েছে সেই শক্তি আবার দেশের উন্নয়নকে ব্যাহৃত করার জন্য তারা আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ভৈরব পৌরসভার জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এদেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোন নিশ্চিত ছিল না। কথা বলার স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না শুধু এক দলীয় বাঘশাল কায়েমের একটি অলিখিত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই পরাজিত শক্তি শুধু চব্বিশে আন্দোলনে ১৪শত ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করেছে। কিন্তু সেই পরাজিত শক্তি নয় মাসের মাথায় একবারও শুনেনি তারা অনুতপ্ত অনুশোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে দেশের চলমান উন্নয়নকে ব্যহৃত ও নসাৎ করতেই চাই। তারা আবার দেশটাকে অন্ধকার যুগে নিয়ে যেতে চাই। তাই যেভাবে চব্বিশের আন্দোলনে দেশের ছাত্র, আলেম সমাজসহ সকল রাজনৈতিক নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছি তেমনিভাবে আবার দেশের উন্নয়নকে তুরান্বিত করতেই পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।

ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শরীফুল আলম। এছাড়াও,ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।


নির্বাচিত

কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২ জন

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পৌঁনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় এক অটোরিকশাচালকও আহত হয়েছেন। বিস্ফোরণের পর আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাঁকে দেখতে মেডিকেল সেন্টারে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনার বর্ণনা দিয়ে আহত শিক্ষার্থী সানজিদা হামীম বলেন, ‘গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমি ভয় পেয়ে যাই। ককটেলটি বিস্ফোরিত হয়ে আমার পায়ে এসে লাগে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল।’

আহত অটোরিকশাচালক বলেন, ‘আমি রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়ে আমার ঘাড়ে এসে লাগে। এতে আমার ঘাড় ছিলে যায়।’

কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কাউকে দেখিনি।’

মেইন গেটে দায়িত্বরত আনসার সদস্য প্রসত্তম বলেন, ‘আমরা তিনজন আনসার সদস্য গেটে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তবে ধোঁয়ার কারণে কিছু শনাক্ত করা যাচ্ছিল না। একপর্যায়ে দেখি, একজন মেয়ে চিৎকার করে পড়ে যান।’

ককটেল কারা রেখে গেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘কারা এখানে ককটেল রেখে গেছে, তা আমরা দেখিনি। এ ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়েনি।’

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন বলেন, ‘আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় তাঁরা কাউকে শনাক্ত করতে পারেননি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিষয়টি কোতোয়ালি, সদর দক্ষিণ ও কোটবাড়ি থানাকে অবহিত করা হবে।’


নির্বাচিত

banner close