আগামীকাল শুক্রবার ভারতে শুরু হচ্ছে আঠারোতম লোকসভার নির্বাচন। সাত দফায় এবার লোকসভার ৫৪৩টি আসনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে ৪২টি আসন। কাল পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন হবে লোকসভার তিনটি আসনে। আসন তিনটি হলো-কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসন। আর বাকি ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কাল নির্বাচন হচ্ছে ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে। একই সঙ্গে কাল নির্বাচন হবে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার ৬০টি এবং সিকিমের ৩২টি আসনে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হলো পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, ত্রিপুরা, তামিলনাড়ু, সিকিম, রাজস্থান, পদুচেরি, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, লাক্ষাদ্বীপ, জম্মু ও কাশ্মীর, ছত্রিশগড়, আসাম, অরুণাচল প্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
পশ্চিমবঙ্গের কোচবিহারে তৃণমূলের হয়ে লড়ছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, বিজেপির নিশীথ প্রামাণিক, কংগ্রেসের পিয়া রায় চৌধুরী এবং বামফ্রন্টের শরিক ফরোয়ার্ড ব্লকের নীতীশ চন্দ্র রায়। রয়েছে অন্য ছোটখাটো দল ও স্বতন্ত্র প্রার্থীরাও। জলপাইগুড়ি আসনে লড়ছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়, বিজেপির জয়ন্ত কুমার রায়, বামফ্রন্টের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ। রয়েছে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও। আলিপুরদুয়ার আসনে লড়ছেন তৃণমূলের প্রকাশ চিক বরাইক, বিজেপির মনোজ টিগ্গা, বামফ্রন্টের মিলি ওঁরাওসহ অন্যান্য ছোট দল স্বতন্ত্র প্রার্থীরা।
২০১৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে এই রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২টি আসনে। বামফ্রন্ট ছিল শূন্য। আর গোটা দেশের ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৩০৩টি, কংগ্রেস ৫২টি, সমাজবাদী পার্টি ৫টি, বহুজন সমাজ পার্টি ১০, তৃণমূল ২২, ডিএমকে ২৩, ওয়াইএসআর কংগ্রেস ২২ এবং টিডিপি ২টি আসনে জিতেছিল।
গত নির্বাচনে গোটা দেশে নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিজেপির ৪০ জন, তৃণমূলের ৯ জন, কংগ্রেসের ৬ জন, ওডিশার বিজেডির ৫ জন মিলিয়ে সর্বমোট ৭৮ জন। আর এ বছর ভারতে প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন (১৮-১৯ বছর) ১ কোটি ৮০ লাখ ভোটার।
পশ্চিমবঙ্গে এবার ভোট দেবেন ৭ কোটি ৬৯ লাখ ভোটার। এর মধ্যে পুরুষ ৩ কোটি ৮৫ লাখ ৩০ হাজার ৯৮১ জন। নারী ৩ কোটি ৭৩ লাখ ৪ হাজার ৯৬০ জন। রাজ্যে ট্রান্সজেন্ডার ভোটার ১ হাজার ৮৩৭ জন। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন ভোট নির্বিঘ্ন করতে সব ভোটকেন্দ্রের জন্য ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে থাকছে কেন্দ্রীয় বাহিনী। আরও থাকছে ১১ হাজার রাজ্য পুলিশ। নির্বচন কমিশন এই রাজ্যের কোচবিহার আসনের ২ হাজার ৪৩টি কেন্দ্রের মধ্যে ১৯৬টি কেন্দ্র, আলিপুরদুয়ারের ১ হাজার ৮৬৭টি কেন্দ্রের মধ্যে ১৫৯টি এবং জলপাইগুড়ির ১ হাজার ৯০৪টি কেন্দ্রের মধ্যে ৩৯১টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে।
প্রথম দফার এই তিন আসনের নির্বাচনে ২০১৯ সালে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থীরা। কোচবিহারে নিশীথ প্রামাণিক, জলপাইগুড়িতে জয়ন্ত রায় এবং আলিপুরদুয়ারে জন বারলা। বিজেপি এবার জন বারলাকে মনোনয়ন না দিয়ে রাজ্য বিধানসভার বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গাকে মনোনয়ন দিয়েছে। গত নির্বাচনে এই তিনটি আসনে বিজেপি তৃণমূল প্রার্থীদের পরাজিত করেছিল বিপুল ভোটের ব্যবধানে। এবারও বিজেপি আশাবাদী, এই তিনটি আসনেই আবার তারা জিততে চলেছে। কারণ, এখনো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকায় বিজেপি শক্তিশালী।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান। হামলার লক্ষ্য হতে পারেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যে এই দাবি করা হয়েছে। তবে ইরান সত্যিই এমন হামলা চালাতে পারবে কি না কিংবা হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ আছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সাত কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সর্বশেষ গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, আপাতত ইরানের এই পরিকল্পনার উদ্দেশ্য হামলা চালানোর চূড়ান্ত প্রস্তুতি নয়; বরং সম্ভাব্য বিকল্প পথ খোলা রাখা। যুক্তরাষ্ট্র যে পরিকল্পনার তথ্য পেয়েছে, তাতে নির্দিষ্ট স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ আছে বলে সিএনএনকে জানিয়েছে দুটি সূত্র। এ কারণে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো জরুরি প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, ‘যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের ভেতরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের এই পরিকল্পনায় সার্বিক পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি করেছে। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধ চলছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে এসব পদক্ষেপকে ইরানের জন্য ‘বিধ্বংসী’ বলে বর্ণনা করেছেন।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে কর্মকর্তারা বলছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। তবে দেশটির নেতৃত্ব এখনো হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘হামলা চালানোর মতো লোকবল ইরানের আছে কি না, তা নিয়েও বিতর্ক আছে।’ সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চললেও তাতে তেমন অগ্রগতি নেই। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে।
নতুন এই হুমকি মোকাবিলায় মার্কিন কর্মকর্তাদের তৎপরতা বলছে, যুদ্ধের পরিস্থিতি এখনো বেশ অনিশ্চিত। গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্পের শুরু করা এই যুদ্ধের প্রভাব কেবল জ্বালানির দাম বাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, নতুন হুমকি মোকাবিলার উপায় নিয়ে গত এক সপ্তাহে কয়েক দফা বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের একজন এই প্রস্তুতিকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, অপ্রচলিত অস্ত্রের হামলার ঝুঁকিতে আছে যুক্তরাষ্ট্র। তাদের মতে, ‘ডার্টি বোমা’ তৈরি করাও বেশ সহজ। এ ধরনের বোমায় সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। এমন হামলা চালাতে ইরানকে বাইরে থেকে প্রশিক্ষিত হামলাকারী পাঠানোরও প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কাউকে রাজি করাতে পারলেই হামলা চালানো সম্ভব।
এক মার্কিন কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত করে রাখার কথা ইরানের কথোপকথনে উঠে এসেছে। তবে এই গোয়েন্দা তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ আছে।
তাদের অনেকেই আবার মনে করেন, সাধারণ বিস্ফোরকের সঙ্গে মেশানোর জন্য তেজস্ক্রিয় বা রাসায়নিক উপাদান যুক্তরাষ্ট্রে আগেই মজুত করে রাখা ইরানের জন্য খুব কঠিন নয়। এমনকি দেশটি এরই মধ্যে তা করেছে বলেও তাদের ধারণা।
গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘গত প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সীমান্তে যে ধরনের দুর্বলতা ছিল, তাতে হামলাকারীদের দেশটিতে ঢোকানো এবং বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে সেগুলো মজুত করা খুব সহজ ছিল।’
অপর কর্মকর্তার মতে, জাতীয় নিরাপত্তা বিভাগের অনেক কর্মকর্তাই মনে করেন—তেজস্ক্রিয় পদার্থ কয়েক বছর, এমনকি কয়েক দশক আগেই যুক্তরাষ্ট্রে মজুত করে রাখা থাকতে পারে। দ্বিতীয় ওই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের আগেই আছে। নতুন করে বেড়েছে হামলা চালানোর আগ্রহ।’
এ বিষয়ে জানতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন। তারা গোয়েন্দা প্রধানের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলে। কিন্তু ওই কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়।
এ প্রসঙ্গে নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশনের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে ইরান। এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তিনি বলেন, ‘ইরান এসব অভিযোগ স্পষ্টভাবে ও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।’
গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক মাধ্যম এক্সে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারগুলো নিজ দেশের জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি ইরানে হামলার প্রতি তাদের সমর্থন আদায়ের জন্য প্রচারণা চালাচ্ছে।’
তবে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্যের বিষয়ে ওই মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে জানানো হয়।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ‘ডার্টি বোমা’ পারমাণবিক বোমার মতো নয়। পারমাণবিক বোমা পরমাণুর বিভাজন প্রক্রিয়ায় বিপুল শক্তি তৈরি করে। ফলে এর ধ্বংসক্ষমতা অনেক বেশি। অন্যদিকে, ডার্টি বোমার বিস্ফোরণে আশপাশের কয়েক ব্লক, এমনকি কয়েক মাইল এলাকাজুড়ে বাতাসে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় বিস্ফোরণেই তুলনায় তেজস্ক্রিয়তায় বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয়ভাবে তদন্ত করা উচিত। একই সঙ্গে বিক্ষোভ ও প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার ওপর গুরুত্ব দিয়েছে জাতিসংঘ।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জাতিসংঘের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক বলেন, আওয়ামী লীগ-সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা চালিয়েছেন। ব্যাংকটির প্রতিষ্ঠাতা শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনাকে জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করছে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।
জবাবে ফারহান হক বলেন, সহিংসতার সব ঘটনা সরকারের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে বলে জোর দেন তিনি।
এক সপ্তাহে ২২ শাখায় হামলা
এদিকে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকটির শাখায় হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ১৬ নভেম্বর দিবাগত রাতে রাজশাহী জোনের জামনগর-বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী-কলাপাড়া শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এ নিয়ে ব্যাংকটির ২২টি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ১০ শতাংশ সরকারের।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ বলেছেন, ব্যাংকটির সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম যুক্ত থাকায় একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকেরা এসব ঘটনা ঘটাতে পারেন বলে তাঁর ধারণা।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের—এমন একটি ধারণা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এ কারণে গ্রামীণ ব্যাংকে হামলা হলে তা অধ্যাপক ইউনূসের ওপর হামলা বলে মনে করা হচ্ছে। তবে এ ধারণা সম্পূর্ণ ভুল।
রাশিয়ার কুরস্ক অঞ্চলের কিছু অংশ পুনরুদ্ধারে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার সেনাদের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জো ইয়ং-ওনকে স্বাগত জানানোর সময় তিনি এই প্রশংসা করেন।
বৈঠকের শুরুতে পুতিন বলেন, ‘ইউক্রেনের দখলে থাকা পশ্চিম রাশিয়ার ওই অঞ্চলটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার অভিযানে রুশ বাহিনীর পাশাপাশি উত্তর কোরিয়ার সেনারাও লড়াই করেছেন।’ পুতিন বলেন, ‘রুশ সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা কোরীয় যোদ্ধাদের বীরত্ব আমরা কখনো ভুলব না।’
তিনি আরও জানান, এই যৌথ সামরিক অভিযানের স্মরণে চলতি বছরের শেষ নাগাদ কুরস্কে একটি স্মৃতিস্তম্ভ উন্মোচন করার পরিকল্পনা রয়েছে মস্কোর। এ ছাড়া ওই অঞ্চলের অবকাঠামো পুনর্গঠন এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে উত্তর কোরিয়ার প্রকৌশল ও নির্মাণ ইউনিটগুলোর ভূমিকারও প্রশংসা করেন তিনি।
অন্যদিকে জো ইয়ং-ওন বলেন, ‘এই প্রতিনিধিদলের সফর পুতিনের প্রতি উত্তর কোরিয়ার দল ও সরকারের দৃঢ় সমর্থনের প্রতিফলন।’ তিনি একটি বহুমেরু বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টার পাশাপাশি ‘নব্য-উপনিবেশবাদ এবং নব্য-নাৎসিবাদ পুনরুজ্জীবিত করার জন্য যুক্তরাষ্ট্র ও সম্মিলিত পশ্চিমাদের প্রচেষ্টা’ মোকাবিলায় মস্কোর উদ্যোগের প্রতি পিয়ংইয়ংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দাবি করেছেন, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে ক্রমবর্ধমান পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে, যার সরবরাহ প্রতি মাসে কয়েক ডজনে পৌঁছেছে। তিনি বলেন, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইতালিসহ ইউরোপীয় দেশগুলোর কাছে ‘সত্যিকারের কার্যকর হামলা’ চালানোর মতো ক্ষেপণাস্ত্র রয়েছে এবং রাশিয়ায় অবস্থিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করার বিষয়ে পুনরায় আলোচনার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ইউনাইটেড রাশিয়া পার্টির চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের আমন্ত্রণে একটি দলীয় ও সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে গত শনিবার মস্কোয় পৌঁছান জো ইয়ং-ওন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পর মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে গভীর হতে থাকা সামরিক ও কূটনৈতিক সম্পর্কের মধ্যেই তার এই সফর অনুষ্ঠিত হলো।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভেতরে এমন কোনো হামলার ঘটনা ঘটলে ইরানকে এমন চড়া মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশ কখনো দেয়নি।’
ইরানের কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি, কারণ তারা (ইরান) উন্মাদের মতো আচরণ করছে। আর ঠিক এ কারণেই তাদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না।’
উল্লেখ্য, এর আগে গত সোমবার সিএনএন এক প্রতিবেদনে জানায় যে, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সম্ভবত যুক্তরাষ্ট্রের রাজধানীতে একটি ‘ডার্টি বোমা’ (তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত বিস্ফোরক) বিস্ফোরণের পরিকল্পনা করছে। ওই প্রতিবেদনের পরপরই মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন কঠোর প্রতিক্রিয়া এলো।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীতে একাধিক তেলবাহী ট্যাংকারে হামলা ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ইরাকের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ায় সতর্কসংকেত বাজানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও উত্তেজনা কমছে না। এর মধ্যেই নতুন এসব ঘটনায় পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালীর দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়। তেহরানের দাবি, জাহাজ দুটি এমন একটি পথ ব্যবহার করছিল, যেটিকে ইরান অনুমোদনহীন বলে মনে করে।
এদিকে ইরানের নৌবাহিনী জানিয়েছে, প্রণালীর পূর্ব দিকে নিষিদ্ধ জলসীমায় একটি মাইনে আঘাত লেগে আরও একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। এতে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দেশটির কর্তৃপক্ষ জাহাজগুলোর নাম বা পরিচয়ও প্রকাশ করেনি। অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) গত সোমবার হরমুজ প্রণালীতে দুটি ট্যাংকারে হামলার খবর জানিয়েছে।
সর্বশেষ ঘটনায় ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ৭ নটিক্যাল মাইল বা ১৩ কিলোমিটার উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষ অচল হয়ে পড়ে এবং সেখানে আগুন লাগে।
এর আগে সংস্থাটি জানিয়েছিল, প্রণালী থেকে বের হওয়ার পথে আরেকটি ট্যাংকারে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউকেএমটিওর জানানো হামলা দুটি ইরানের দাবি করা মাইন বিস্ফোরণের ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো স্পষ্ট নয়।
ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন আতঙ্ক
হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহণে নিরাপত্তাঝুঁকির মধ্যেই ইরাকের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ার ঘটনায় সতর্কতা জারি করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রের ওপর দিয়ে একটি ড্রোন উড়ে যায়। এ সময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। নিরাপত্তা-সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। তবে সর্বশেষ ঘটনায় কোনো হামলা বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে সন্দেহভাজন ড্রোন হামলার পর খোর মোর গ্যাসক্ষেত্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ওই হামলায় আগুন ধরে যায় এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। গ্যাসক্ষেত্রটির অন্যতম পরিচালনাকারী সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডানা গ্যাস জানিয়েছে, ওই ঘটনার কারণে ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছিল।
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও সমুদ্রপথে একের পর এক হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
দক্ষিণ আফ্রিকার পৃথক দুটি স্থানে সংঘটিত গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর প্রকাশ করেছে। দেশটির পুলিশের তথ্যানুযায়ী, রোববার গভীর রাতে পিটারমারিৎসবার্গ শহরের বাইরের সুইটওয়াটারস এলাকায় ‘গুলিবিদ্ধ’ একটি গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাজধানী প্রিটোরিয়ার নিকটবর্তী অনানুষ্ঠানিক বসতি জেফসভিলের একটি ঝুপড়ি ঘর থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরও ছয়জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার দেশটির জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা জানান, ৫৩০ কিলোমিটার (৩৩০ মাইল) দূরত্বের ব্যবধানে ঘটা এই অপরাধগুলোর উদ্দেশ্য এখনো উদ্ঘাটন করতে পারেননি তদন্তকারীরা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা যে চলমান গণগুলিবর্ষণের মুখোমুখি হচ্ছি তা অগ্রহণযোগ্য। অবশ্যই আমাদের এই অপরাধীদের খুঁজে বের করতে হবে। আমরা তাদের সম্প্রদায়গুলোকে আতঙ্কিত করতে বা মানুষ কীভাবে জীবনযাপন করবে তা নির্ধারণ করতে দিতে পারি না।’
দীর্ঘকাল ধরেই দক্ষিণ আফ্রিকায় উচ্চমাত্রার সহিংস অপরাধের মোকাবিলা করতে হচ্ছে, তবে ইদানীং দেশটিতে অধিক প্রাণহানিসহ গণগুলিবর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রিটোরিয়া থেকে আল জাজিরার প্রতিনিধি ক্লেমেন্ট মানিয়াথেলা জানিয়েছেন, গুলিবর্ষণের বিষয়ে উত্তরের অপেক্ষায় থাকা স্থানীয় বাসিন্দারা ‘আতঙ্কে জমে আছেন’। তিনি আরও উল্লেখ করেন, মধ্যরাতের ঠিক আগে চার কক্ষের একটি ঝুপড়ি ঘরে এই হত্যাকাণ্ড ঘটে এবং এক আত্মীয়ের খোঁজে ওই ঘরে যাওয়া একটি ছোট শিশু প্রথম মরদেহগুলো দেখতে পায়।
প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ঘটনাস্থলে কাজ করছেন প্যাথলজিস্ট, তদন্তকারী ও পুলিশ কর্মকর্তারা। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, গাউটেং পুলিশ কমিশনার টমি এমথমবেনি জানিয়েছেন যে নিহতদের মধ্যে একজন গত বছর পাশের অনানুষ্ঠানিক বসতি সলসভিলে ১২ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার একটি গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন ব্যক্তি’ ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এগুলোর মধ্যে যোগসূত্র থাকতে পারে এবং এটি সম্ভবত একটি প্রতিশোধমূলক হামলা ছিল—তা আমরা উড়িয়ে দিতে পারি না।’
অন্যদিকে, পিটারমারিৎসবার্গের গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে পুলিশের মুখপাত্র রবার্ট নেটশিউন্দা জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তে সহায়তা করার জন্য কয়েকটি পরিবার এগিয়ে এসেছে। তবে তিনি বলেন, ‘এর উদ্দেশ্য কী হতে পারে এবং এই গুলিবর্ষণের পেছনে কারা থাকতে পারে তা বলার সময় এখনো আসেনি, কারণ আমরা এখনো নিহতদের শনাক্ত করতে পারিনি।’
সূত্র: আল জাজিরা
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন পাকাতান হারাপান (পিএইচ) জোটকে বড় ধরনের পরাজয়ের মুখে ফেলে ব্যাপক বিজয় অর্জন করেছে বারিসান ন্যাশনাল (বিএন) ও পেরিকাতান ন্যাশনাল (পিএন) জোট। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে রাজ্যের ২৮টি আসনের মধ্যে বিএন ২১টি এবং পিএন তিনটি আসনে জয় পেয়েছে। বিপরীতে আনোয়ারের পাকাতান হারাপান মাত্র চারটি আসনে জয়ী হয়েছে, যার সবকটিই পেয়েছে ডেমোক্র্যাটিক অ্যাকশন পার্টি (ডিএপি)। এই ফলাফল আগামী সাধারণ নির্বাচনের আগে আনোয়ার সরকারের রাজনৈতিক অবস্থানকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার (সিএনএ) ১৫ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, বিএন-পিএন জোটের এই বিজয় মালয় ভোটারদের মধ্যে তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন। বিশেষ করে উম্নো ও পাসের প্রচারিত মালয়-মুসলিম ঐক্যের রাজনৈতিক বার্তা ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচনী প্রবণতা মালয়েশিয়ার রাজনীতিতে জাতিগত বিভাজন আরও বাড়াতে পারে। একই সঙ্গে মালয় ভোটারদের সমর্থন হারানোর কারণে আনোয়ারের পিকেআর ও আমানাহ জোট আগামী সাধারণ নির্বাচনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মালাক্কা রাজ্য নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭১ দশমিক ৭৭ শতাংশ। মালয় ভোটারদের মধ্যে ৭৮ দশমিক ১ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করলেও চীনা ভোটারদের উপস্থিতি ছিল ৫৮ দশমিক ৮ শতাংশ এবং ভারতীয় ভোটারদের ৫৮ শতাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মালয় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ বিএন-পিএন জোটের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে, আনোয়ার ইব্রাহিমের জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ও সাবেক মালাক্কা মুখ্যমন্ত্রী আদলি জাহারি বুকিত কাতিল আসনে পাসের প্রার্থীর কাছে ৬ হাজার ৬০৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মালাক্কার এই ফলাফল আগামী ১৬তম সাধারণ নির্বাচনে (জিই১৬) বিএন-পিএন জোটের সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। সিএনএ কে বিশ্লেষক জেমস চিন জানিয়েছে, তার পূর্বাভাস অনুযায়ী, উপদ্বীপ মালয়েশিয়ার মালয়-অধ্যুষিত আসনগুলোতে জোটটি ১০০ থেকে ১০৫টি সংসদীয় আসন পেতে পারে। দেশটির সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১২টি আসন। সে ক্ষেত্রে সাবাহ ও সারাওয়াকের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সমর্থন পেলে বিএন-পিএন জোটের কেন্দ্রীয় সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে। তবে উম্নো ও পাসের মধ্যে আসন বণ্টন নিয়ে মতবিরোধ জোটটির জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
এদিকে, মালাক্কা নির্বাচনের পর আগাম সাধারণ নির্বাচন আয়োজনের দাবি জোরালো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এ তথ্য জানিয়েছে সিএনএ। বিএন-পিএন জোট তাদের নির্বাচনী সাফল্যের ধারাবাহিকতা কাজে লাগাতে চাইবে। তবে রাজনৈতিকভাবে চাপে থাকা আনোয়ার ইব্রাহিমের জন্য এখনই সংসদ ভেঙে আগাম নির্বাচন দেওয়ার আগ্রহ কম থাকতে পারে। মালয়েশিয়ার পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। ফলে আগামী কয়েক মাসে রাজনৈতিক জোটগুলোর অবস্থান, আসন সমঝোতা এবং ভোটারদের সমর্থন ধরে রাখার সক্ষমতাই দেশটির পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে দেশটির মিডিয়াগুলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের পরমাণু প্রকল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিয়েছেন তিনি। তবে তার এই দাবির পুরোপুরি বিপরীত চিত্র তুলে ধরেছে ওয়াশিংটন। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইরানের অস্ত্রভাণ্ডারে এখনো আড়াই হাজারের মতো ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, আবারও সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর উল্লেখযোগ্য সক্ষমতা তেহরানের এখনো রয়েছে। বিষয়টি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কর্মকর্তাদের মতে, ইরানের কাছে উৎক্ষেপণের জন্য প্রস্তুত কিংবা মজুত অবস্থায় ঠিক কতটি ক্ষেপণাস্ত্র রয়েছে, তা শনাক্ত করা কঠিন। তা সত্ত্বেও ইরানের হাতে যে এখনো বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে, সেটা স্পষ্ট জানিয়েছেন তারা।
কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হলেও দেশটি নিজেদের অস্ত্রভাণ্ডার নতুন করে গড়ে তোলার কাজ অব্যাহত রেখেছে। এ ছাড়া দেশটির হাতে প্রচুর ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে।
ইরানের অস্ত্রভাণ্ডারের এই চিত্র ট্রাম্পসহ মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের আগের বক্তব্যের বিপরীত। তারা জোর দিয়ে বলেছিলেন, ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে আবার হামলা শুরু করা হবে কি না, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনাতেও ইরানের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের মূল্যায়ন, ইরানের হাতে দেড় হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্যবিষয়ক উপসহকারী প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা কর্মকর্তা সিমোন লিডিন বলেন, ‘ইরানের হাতে খুব কম করে হলেও ১ হাজার ৫০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকার অর্থ হলো, যুদ্ধের আগে দেশটির কাছে থাকা আনুমানিক ক্ষেপণাস্ত্রের অর্ধেকের বেশি তারা আবার মজুত করতে পেরেছে।’
তিনি বলেন, ‘২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সংঘাত শুরুর মধ্যবর্তী সময়ে ইরান তাদের অস্ত্রভাণ্ডার পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিল।’
এপ্রিলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানা যায়, ইরানের হাতে ভূগর্ভস্থ স্থাপনায় রাখা হাজারো স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনো অক্ষত রয়েছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় এসব স্থাপনার প্রবেশপথ ধসে পড়লেও অস্ত্র অকেজো হয়নি।
গত মাসের নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর জন্য চাপ অব্যাহত রেখেছেন। কিন্তু ট্রাম্প সাফ জানিয়েছেন, বড় হামলার বদলে অবরোধ ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখতে চান তিনি।
হরমুজে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
হরমুজ প্রণালী ও এর আশপাশে পৃথক ঘটনায় তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনে আঘাতের পর আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের নৌবাহিনী। একই দিনে প্রণালী দিয়ে বের হওয়ার সময় অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে আরও একটি তেলবাহী জাহাজের ইঞ্জিনকক্ষে আগুন লাগার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রচারিত বিবৃতির বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ইরানের সেনাবাহিনীর নৌবিভাগ জানিয়েছে, সোমবার (১৬ নভেম্বর) ভোরে হরমুজ প্রণালীর পূর্বদিকে তাদের ঘোষিত নিষিদ্ধ এলাকায় একটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনে আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের সক্ষমতা হারিয়ে ফেলে।
বাহিনীটি জানায়, প্রণালীর পূর্বাঞ্চলে জাহাজ চলাচলের ওপর তারা সার্বক্ষণিক নজরদারি করছে। কোনো জাহাজের অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে নিষিদ্ধ জলসীমায় প্রবেশ করা গুরুতর ঝুঁকির কারণ হতে পারে বলে সতর্ক করেছে তারা। নৌ-চলাচলসংক্রান্ত সতর্কবার্তা অমান্য করলে এর পরিণতির দায় সংশ্লিষ্ট জাহাজের মালিকদের নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।
পৃথক এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চল দিয়ে চলাচলের সময় আরও দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনে আঘাত হানে।
আইআরজিসির জনসংযোগ বিভাগ অভিযোগ করেছে, জাহাজ দুটি মার্কিন কর্মকর্তাদের সরাসরি নির্দেশনায় এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের সহায়তায় চলাচল করছিল। বিবৃতিতে বলা হয়, মাইনে আঘাতের পর ট্যাংকার দুটিতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আলোয় কয়েক ঘণ্টা ধরে প্রণালীর আকাশ আলোকিত হয়ে ছিল।
আইআরজিসির দাবি, এর আগে একই এলাকায় দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছিল। গত রোববার থেকে এ পর্যন্ত মোট ছয়টি ট্যাংকারে আগুন ধরে সেগুলো ডুবে যাচ্ছে বলে দাবি করেছে বাহিনীটি। তবে এই ছয়টি জাহাজের মধ্যে সোমবার ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর উল্লেখ করা ট্যাংকারটি অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট নয়।
বিস্ফোরণের ফলে সৃষ্ট দূষণ প্রণালীর পানির পাশাপাশি আশপাশের উপকূলীয় এলাকাতেও ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে দূষণের মাত্রা বা পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীন কোনো তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নৌঅবরোধ এবং ইরানের নৌচলাচলসংক্রান্ত নির্দেশনা লঙ্ঘনের জবাব হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছে আইআরজিসি। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করা থেকে বিরত থাকতে জাহাজ মালিকদের সতর্ক করেছে তারা।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের তৈরি দক্ষিণাঞ্চলীয় পথটি আগুনের দেয়াল দিয়ে মাইন পেতে বন্ধ করে দেওয়া হয়েছে।’
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক শপহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার (১৬ নভেম্বর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেশটির কর্তৃপক্ষের তথ্যমতে, সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা পরিচালিত হতো এমন একটি ভবনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেই আগুন পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাই নাগরিক এবং অপরজন মিয়ানমারের নাগরিক। তবে এই দুর্ঘটনায় হতাহতদের মধ্যে কোনো পর্যটক ছিলেন না। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
ক্ষতিগ্রস্ত ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলের প্রসিদ্ধ পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি একটি শহরে অবস্থিত। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডের মাত্র চার মাস আগেই ব্যাংককের একটি বারে লাগা আগুনে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র: রয়টার্স
ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২-এর সাংবাদিক বারাক রেভিড এ তথ্য জানিয়েছেন।
একজন মার্কিন কর্মকর্তার সূত্রে সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, রবিবার (১৫ নভেম্বর) রণতরীটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন অঞ্চলে প্রবেশ করে। শুরুতে রুজভেল্টের মাধ্যমে ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরীটিকে প্রতিস্থাপনের পরিকল্পনা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে জর্জ ওয়াশিংটনকেও আপাতত ওই অঞ্চলে রেখে দেওয়া হচ্ছে।
নতুন এই রণতরী পৌঁছানোর মধ্য দিয়ে সেন্টকমের অধীনস্থ মধ্যপ্রাচ্য এলাকায় এখন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী, কয়েকশ যুদ্ধবিমান এবং ২০ হাজার নাবিক ও মেরিন সেনা অবস্থান করছেন, যা সামরিক দিক থেকে অত্যন্ত অস্বাভাবিক। এর আগে গত এপ্রিলে ওই অঞ্চলে একসঙ্গে যুক্তরাষ্ট্রের তিনটি রণতরী অবস্থান করছিল, যা ছিল ২০০৩ সালের পর প্রথম ঘটনা।
যুক্তরাষ্ট্রের এই রণতরী মোতায়েনের দিনেই বাহরাইনে অবস্থিত একটি মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের বিরতির পর পারস্য উপসাগরীয় কোনো দেশে এটিই ইরানের প্রথম হামলা, যার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস করার দাবি করেছিল আইআরজিসি; তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের পাঠানো দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি প্রতিহত করতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে মাস্কাট সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সপ্তাহে এশিয়া সফরে রাশিয়া ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সূত্র: এপি, দ্য ন্যাশনাল
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানকে ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাঁর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রতিটি প্রশাসনই ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণকে সর্বশেষ বিকল্প হিসেবে গণ্য করত; কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পথ অবলম্বন করে ভুল করেছেন।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি ভিডিওতে ব্লিঙ্কেনকে এমন মন্তব্য করতে দেখা যায়। একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি অভিমত ব্যক্ত করেন, ট্রাম্প সামরিক পদক্ষেপ গ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ভুল ছিল।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, পূর্ববর্তী প্রতিটি মার্কিন প্রশাসনই বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে সামরিক অভিযান হবে একেবারেই চূড়ান্ত বিকল্প। এর কারণ হিসেবে তিনি জানান, এ ধরনের অভিযানের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি সাময়িকভাবে কয়েক বছরের জন্য বিলম্বিত করা সম্ভব হলেও তা স্থায়ীভাবে থামানো যেত না।
এ প্রসঙ্গে ব্লিঙ্কেন আরও বলেন, ‘এ ধরনের হামলায় ইরানের কর্মসূচি হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া যেত। কিন্তু বড়জোর কয়েক বছরের জন্য। এরপর কর্মসূচিটি আরও গভীরে মাটির নিচে সরিয়ে নেওয়া হতো এবং তারা আরও বড় পরিসরে কাজ শুরু করত।’
ব্লিঙ্কেন মনে করেন, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হতো না; উল্টো এর ফলে কর্মসূচিটি আরও গোপন ও সুরক্ষিত স্থানে স্থানান্তর করার সুযোগ সৃষ্টি হতো।
তথ্যসূত্র: দ্য ডন
কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর দক্ষিণাংশে পানিতে ভাসমান মাইনের সাথে সংঘর্ষের পর দুটি জ্বালানিবাহী তেল ট্যাংকারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) ভোরের দিকে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইরানি সামরিক বাহিনীর এই বিবৃতির কথা জানানো হয়েছে।
আইআরজিসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি নিজেদের নেভিগেশন ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় পরিচিতি নির্দেশক অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সম্পূর্ণ বন্ধ রেখে একটি নিষিদ্ধ পথ দিয়ে গোপনে সমুদ্রসীমা পার হওয়ার চেষ্টা করছিল। জলসীমায় সংরক্ষিত মাইনের সঙ্গে স্পর্শ লাগার সাথে সাথেই ট্যাংকারগুলোতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং বিশাল এলাকাজুড়ে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। তবে ক্ষতিগ্রস্ত ওই জলযানগুলোর প্রকৃত পরিচয়, পতাকাবাহী দেশ কিংবা সম্ভাব্য হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য ইরানের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
এর আগে গত শুক্রবারও রেভোলিউশনারি গার্ডের নৌ উইংয়ের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, প্রণালীর দক্ষিণ সীমানা দিয়ে একটি ‘অননুমোদিত রুট’ ব্যবহার করার সময় একই ধরনের বিস্ফোরণে দুটি তেল ট্যাংকার সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি স্থানীয় মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সঙ্গে আগাম সমন্বয় ও ছাড়পত্র ছাড়া সংবেদনশীল এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা না করার জন্য বৈশ্বিক নৌপরিবহন সংস্থাগুলোকে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিল তেহরান।
বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহনের অন্যতম প্রধান ধমনি হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র দ্বন্দ্বের মধ্যেই এসব ঘটনা ঘটছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। পরবর্তীতে এপ্রিলে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও জুনে প্রস্তাবিত সমঝোতা ভেস্তে যাওয়ার পর উভয় পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়, যার উত্তাপ এখন আন্তর্জাতিক এই সমুদ্র করিডোরে মারাত্মক প্রভাব ফেলছে।
কলকাতার নিউ মার্কেট এলাকার আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হোটেলের মালিক বীরেশ্বর মিত্র, ইজারাদার আবু জাফর এবং তার স্ত্রী সাবা জাফরের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেন লালবাজারের গোয়েন্দারা।
গত ১৯ আগস্ট ভোররাতে নিউ মার্কেট এলাকার ১৯এইচ, মির্জা গালিব স্ট্রিটের হোটেলটির তৃতীয় তলায় আগুন লাগে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ মোট নয়জন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও ছিল। ঘটনার ৯০ দিনের মধ্যেই আদালতে চার্জশিট জমা দিল পুলিশ।
প্রায় ৩৫০ পৃষ্ঠার চার্জশিটে ৯০ জনের সাক্ষ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, অনিচ্ছাকৃত হত্যাচেষ্টা, মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া এবং ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি জমা দেওয়া হয়েছে ফরেনসিক প্রতিবেদনও।
লালবাজার সূত্রে জানা গেছে, চার্জশিটে হোটেলের কক্ষগুলোর বেহাল অবস্থার কথা তুলে ধরা হয়েছে। অভিযোগ, মূল কক্ষগুলো ভেঙে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছিল। নিয়ম না মেনে প্রতিটি ঘরে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বসানোয় বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এর ফলে বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা হোটেলের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
চার্জশিটে আরও বলা হয়েছে, আবাসিক ভবনটিকে বেআইনিভাবে হোটেলে রূপান্তর করা হয়েছিল। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে হোটেলটি পরিচালিত হচ্ছিল। পুলিশের ধারণা, এসব অনিয়মই ভয়াবহ অগ্নিকাণ্ডের অন্যতম কারণ।
ঘটনার পর কলকাতা পুলিশ, দমকল বিভাগ ও কলকাতা পৌরসভা যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসে। এরপর নিয়ম ভঙ্গের অভিযোগে নিউ মার্কেট এলাকার একাধিক আবাসিক হোটেল ও অতিথিশালা বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা। পরে নিয়ম মেনে চলার শর্তে কয়েকটি হোটেল আবার খুলে দেওয়া হয়।